Home Blog Page 2637

সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

0

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে জানান সেনাবাহিনী প্রধান।

আজ বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ছয়টি ইউনিটের ‘রেজিমেন্টাল কালার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেনারেল আজিজ আহমেদ। কুমিল্লা সেনানিবাসে ৩৩ পদাতিক ডিভিশনে এ অনুষ্ঠান হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী প্রধান উপস্থিত হলে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী তাঁকে অভ্যর্থনা জানান। প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আসিফ আজমিনের নেতৃত্বে ৩৩ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে জেনারেল সালাম প্রদান করে।

মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে ‘রেজিমেন্টাল কালার’ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, ২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ১০ আর ই ব্যাটালিয়ন এবং ৫ সিগন্যাল ব্যাটালিয়ন আজকের কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা ও বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটসমূহকে অভিনন্দন জানিয়ে বলেন, রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত। তিনি কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্য নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন।

সেনবাহিনী প্রধান কালার প্যারেডে উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একই ধারায় ভবিষ্যতেও মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদাপ্রস্তুত থাকতে হবে।’

জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনীর সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে এগিয়ে আসতে নির্দেশনা প্রদান করেন।

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো সৌদি সরকার

0

বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব সরকার।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমরা খুব আনন্দিত যে সৌদি সরকার আমাদের জানিয়েছে অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত ভিসা এক্সটেন্ড (বর্ধিত) করেছে।’

এর আগে, ছুটিতে এসে করোনার কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের আকামা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ ২৪ দিন বাড়িয়েছিলো দেশটির সরকার। গত, ২৩ সেপ্টেম্বর (বুধবার) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে, বুধবার (৭ অক্টোবর) সৌদি প্রবাসী ১১৫১ থেকে ১২৫০ টোকেনধারীদের টিকিট দিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স। ভিসার মেয়াদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেয়া হচ্ছে। ২০ অক্টোবর পর্যন্ত যাদের ভিসার মেয়াদ তাদের আজ পর্যায়ক্রমে টিকিট দেয়া হচ্ছে। তবে অনেকের ভিসার মেয়াদ থাকলেও সৌদিতে গিয়ে কাজ হারানোর শঙ্কায় আছেন অনেকেই। সকাল থেকেই কারওয়ান বাজারে সৌদিয়া এয়ারলাইন্সের সামনে ভীড় করছেন সৌদি প্রবাসীরা। ভিসার মেয়াদ ও ফোন নম্বর দিয়ে সৌদি প্রবাসীরা নিবন্ধন করেছেন। মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের টিকেট সংগ্রহের দিন ও সময় জানিয়ে দিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স।

করোনার কারণে মার্চ থেকে বিশ্বের বিভিন্ন দেশের মতো সৌদির সঙ্গেও সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়। অক্টোবর থেকে বিমান চলাচল পুনরায় শুরুর প্রস্তুতির মধ্যে সম্প্রতি ঢাকা কার্যালয় থেকে বিমানের টিকিট দেয়া স্থগিত করে সৌদিয়া এয়ারলাইন্স। এতে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসী কর্মীরা ঠিক সময়ে আর ফিরতে পারেননি।

রোহিঙ্গা সংকট নিরসনে বড় দেশগুলোর সমর্থন চায় ঢাকা

0

দক্ষিণ এশীয় অঞ্চলের সম্ভাব্য অনিশ্চয়তার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে এ সংকটের একটি টেকসই সমাধানের জন্য বড় দেশগুলোর সমর্থন চেয়েছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক (রোহিঙ্গা শিবিরে খুনের ঘটনা)। আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে রোহিঙ্গা সংকট সমাধান না হলে এ অঞ্চলে অনিশ্চয়তা তৈরি হতে পারে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান, চীন, ভারত ও কোরিয়ার মতো দেশগুলো যারা মিয়ানমারে বিনিয়োগ করছে, রোহিঙ্গা সংকট সমাধান না হওয়ার ফলে যদি পুরো অঞ্চলে অনিশ্চয়তা দেখা দেয় তাহলে তারা তাদের বিনিয়োগের ফলাফল নাও পেতে পারে।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের আহ্বানে কোনো দেশই দ্বিমত পোষণ করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন, আপনি মিয়ানমারে বিনিয়োগ করছেন। এটি ভালো। তবে যদি অনিশ্চয়তা দেখা দেয় তবে সেখান থেকে আপনি প্রত্যাশিত ফলাফল পাবেন না। সুতরাং, আসুন একসাথে কাজ করি (টেকসই সমাধান খুঁজতে)।’

ড. মোমেন বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায় বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার রোহিঙ্গা শিবিরের চারপাশে কাঁটাতারের বেড়া স্থাপন করতে চেয়েছিল এবং শিবিরগুলোকে নিরাপদ রাখার প্রয়াসে সেখানে ইন্টারনেটের ফোরজি নেটওয়ার্ক প্রত্যাহার করে নিয়েছিল।

তিনি আরও বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে যে শিবিরগুলো থেকে মেয়ে ও শিশু পাচার হচ্ছে এবং পাচারের অংশ হিসেবে পাচারকারীরা উচ্চ-গতির ইন্টারনেট ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে মেয়ে ও শিশুদের ছবি শেয়ার করছে।

ড. মোমেন বলেন, আন্তর্জাতিক এনজিওগুলো ইন্টারনেট বন্ধের বিরোধিতা করেছে এবং এটিকে তাদের মূল ইস্যু বানিয়েছে।

সম্প্রতি তার কুয়েত সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের জন্য প্রথম থেকেই কুয়েত বাংলাদেশকে সমর্থন করে আসছে এবং ‘তারা আমাদের সমর্থন করবে’।

রোহিঙ্গা শিবিরে খুন:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গত পাঁচ দিনে সাত রোহিঙ্গা নিহত হয়েছেন। রোহিঙ্গারা কীভাবে আগ্নেয়াস্ত্র পাচ্ছেন সেটি স্পষ্ট নয়। তবে শিবিরগুলোতে কিছু রোহিঙ্গার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়ার একটি শিবিরে সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত ও ২০ জন আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, চৌমোহনি তাবলীগ জামাত মার্কাজ এলাকায় রাত ৮টার দিকে সংঘর্ষের পরে তারা চারজনের লাশ উদ্ধার করেন।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সেখানে মঙ্গলবার পর্যন্ত চারটি মামলা হয়েছে। জিয়াউর রহমান নামে কুতুপালং ক্যাম্পের ব্লক ডির ২০ বছর বয়সী এক অভিযুক্ত যুবককে তারা গ্রেপ্তার করেছেন। মোহাম্মাদ ইব্রাহিমের ছেলে জিয়াউর।

এছাড়া, অস্ত্রসহ ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার পর শিবিরগুলোতে সশস্ত্র বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ উপকূলীয় জেলা কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। প্রায়ই রোহিঙ্গা শিবিরগুলোতে সংঘর্ষের ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে সেনা অভিযান এবং রাখাইন প্রদেশে গণহত্যার পরিপ্রেক্ষিতে লাখ লাখ রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর ২০১৮ সালের ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম সময়সীমা ঠিক হলেও, আন্তর্জাতিক সম্প্রদায় রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি বলে ঘোষণা দেয়ায় সেই উদ্যোগ ব্যর্থ হয়। ২০১৯ সালের ২২ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো উদ্যোগ নিলেও, এ বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা কেবল বাংলাদেশের নয়, এ অঞ্চলেরও সুরক্ষার জন্যও হুমকি। এ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চিন্তা সরকারের

0

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এইচএসসি, দাখিল ও সমমান পরীক্ষার আয়োজন থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন হবে। ডিসেম্বরেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে এবছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে সরকারের। আজ বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আমরা আশা করছি সমন্বিত পদ্ধতিতেই আমরা সব ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে পারব। কারণ এখনও তিন মাস বাকি আছে। তিন মাস পরে সেই মূল্যায়নের জন্য কী পরিস্থিতি হয় তার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষায় গিয়ে মেধা পুরোপুরি যাচাই হবে সে কথা যদি এখন আমি বলি, আমি কি এখন নিশ্চয়তা দিতে পারি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও সশরীরে দেওয়ার মত পরিস্থিতি হবে? আমরা আশা করছি পরিস্থিতির আরো উন্নতি হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো কী পদ্ধতিতে নেওয়া হবে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে।

বর্তমানে দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। এর মধ্যে ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৬০ হাজার আসনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পান উচ্চ মাধ্যমিক পার হওয়া শিক্ষার্থীরা

ধর্ষণকারীর জন্য রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণকারীর জন্য কোন রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়। আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আরও বলতে চাই , যে সকল অপরাধী বা ধর্ষক এ সকল ঘৃণিত কাজ করছে তাদের জন্য শাস্তিই শেষ কথা নয়। তারা যদি কোন রাজনৈতিক ছায়ায় থাকে তাহলে তাদেরকে চিরতরে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। ধর্ষণকারীর জন্য কোন রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়। এ সকল সমাজ বিরোধী অপরাধীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপোষহীন থাকতে হবে।’

‘দেশে গণতন্ত্র নেই’ বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বলতে চাই, প্রতিদিন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ফ্রি-স্টাইলে তারা বিষোদগার করছে। গণতন্ত্র না থাকলে মির্জা ফখরুল সাহেবরা এভাবে অবিরাম মিথ্যাচার করতে পারতেন? তাদের দলের কাউকে কী এজন্য জেলে যেতে হচ্ছে? গণতন্ত্র আছে বলেই তারা সরকারের সমালোচনা করতে পারছে। মিথ্যাচারের পুরোনা ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও সরকারের অন্ধ সমালোচনাই বিএনপির রোজনামচা।

তিনি বলেন, করোনা একটি বৈশ্বিক সংকট। এ সংকট মোকাবেলার পাশাপাশি বন্যাদুর্গত ও সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্থ মানুষের সুরক্ষায় শেখ হাসিনা সরকার সফলতার সাথে কাজ করেছে এবং করে যাচ্ছে। কূটনীতিকরা প্রতিলকূতার স্রোত মাড়িয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার ধারা প্রশংসার সাথে স্বীকৃতি দিচ্ছেন। অপরাদিকে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক দল হিসাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

৭ মার্চকে ঐতিহাসিক দিবস ঘোষণা

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোযারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তবে এদিন কোনো ছুটি থাকবে না। মন্ত্রিপরিষদ বিভাগের ‘ক’ ক্রমিকের অন্তর্ভুক্ত হবে। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এই দিবসটি তাদের নিজস্ব কর্মসূচির মাধ্যমে উদযাপন ও বাস্তবায়ন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/ পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব। এদিনটি ঐতিহাসিক দিন সবাই জানেন। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দৃঢ় বলিষ্ঠ নেতৃত্বের নির্দেশনা ও জাতীয় জাগরণের বহিপ্রকাশ ঘটেছে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া ভাষণে। বঙ্গবন্ধুর দেওয়া ৭ মার্চ ভাষণ এই দেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল প্রেরণা। এই ভাষণকে কেন্দ্র করে স্বাধীনতার চূড়ান্ত মঞ্চ গড়ে উঠে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৭ মার্চ ভাষণের নির্দেশনার আলোকে এদেশের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। এটার আন্তর্জাতিক গুরুত্বও আছে। ইউনেস্কো এই ভাষণটিকে মেমরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে বিবেচনায় জাতীয় জাগরণ ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রেরণার উৎস হিসেবে দিবসটি উদযাপন করার বিষয়টি খুবই প্রাসঙ্গিক। তাই মন্ত্রিপরিষদে প্রস্তাব হিসেবে নিয়ে আসা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় এ প্রস্তাবটা দিয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ প্রস্তাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। যেমন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন ও তাৎপর্য তুলে ধরা দিবসটি পালনের যুক্তিকতা। দিবসটি উদযাপনের মাধ্যমে দেশের জনগণের কাছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বিকাশ লালন পালন ও যথাযথ চর্চা করা সম্ভব হবে। সকল শিক্ষার্থী ও মানুষকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিপূর্ণ সংস্থাপন করার প্রয়াস বাস্তবায়ন করা সম্ভব হবে। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এই দিবসটি তাদের নিজস্ব কর্মসূচির মাধ্যমে উদযাপন ও বাস্তবায়ন করবে। এদিন কোনো ছুটি থাকবে না। মন্ত্রিপরিষদ বিভাগের ‘ক’ ক্রমিকের অন্তর্ভুক্ত হবে।

এসডিজি’র লক্ষ্য অর্জনে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের সুপারিশ

0

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় করোনা পরিস্থিতি মোকাবিলায় এসডিজির লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা মন্ত্রণালয় গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান সভায় অংশগ্রহণ করেন।

সভায় কমিটির ৯ম বৈঠকের সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করে কার্যবিবরণী গ্রহণ করা হয়। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় এসডিজির লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপসমূহের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সভায় প্রতিরক্ষা সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী, আবহাওয়া অধিদপ্তর ও জরিপ অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভ্যাকসিনের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ

0

করোনা ভ্যাকসিন কেনার জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ বুধবার (০৭ অক্টোবর) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা মহামারি প্রতিরোধে ভ্যাকসিন কেনার বিষয়ে আলোচনা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন কিনবে না সরকার। সাধারণ মানুষের প্রাপ্তি নিশ্চিতেও নেয়া হবে ব্যবস্থা। এ ছাড়া এখন থেকে ৭ মার্চ ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে পালন করা হবে বলেও অনুমোদন হয় মন্ত্রিসভায়।

চূড়ান্ত অনুমোদন হয়েছে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২০-এর খসড়ার। দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। মন্ত্রিসভার বিশেষ এ বৈঠকটি প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, করোনা ভ্যাকসিনের প্রাপ্তির পথপরিকল্পনা চূড়ান্ত করতেই এ বৈঠক ডাকা হয়। এ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য বিভাগের সচিব মো. আবদুল মান্নান একটি উপস্থাপনা দেন।

আগামী বছরে কালুরঘাট সেতুর কাজ শুরু হবে: রেলমন্ত্রী

0

আগামী বছরের শুরুতে চট্টগ্রামে বহুল প্রতিক্ষিত কর্ণফূলী নদীতে কালুরঘাট রেলসড়ক সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (০৭ অক্টোবর) সকালে জরাজীর্ণ কালুরঘাট সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক রেল কাম সড়কসেতু করার উদ্যোগ নিয়েছি। সে লক্ষ্যে পুরনো সেতুটি পরিদর্শনে আসা। আশা করছি ২০২২ সালের মধ্যে নতুন কালুরঘাট সেতু বাস্তবায়ন করতে পারব। এত দিনও সেতুর কাজ না হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, সেতুর ওপর হবে দুই লাইনের সড়ক। রেললাইনটি হবে ডুয়েলগেজের। সেতুটি হলে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।

রসায়নে নোবেল পেলেন দুই নারী

0

রসায়নে বিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল জিতে নিয়েছেন যৌথভাবে ফরাসী বিজ্ঞানী ইমানুয়েল সারপেন্টিয়ের এবং মার্কিন বিজ্ঞানী জেনিফার এ. ডাউডনা।

সুইডেনের স্টকহোমে স্থানীয় সময় সকাল ১১.৪৫ টার পরে রসায়েন নোবেল বিজয়ী হিসেবে এ দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের একটি প্যানেল।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় নোবেল কমিটি। এক টুইটবার্তায়ও ছবিসহ এ দুইজনের নাম প্রকাশ করা হয়।

জিনোম গবেষণায় নতুন পদ্ধতি আবিষ্কার করে এ বছরের নোবেল জিতে নেন ইমানুয়েল এবং জেনিফার।

‘ফ্রাঞ্চ প্রফেসর’ নামে পরিচিত ৫১ বছর বয়সী ইমানুয়েল কাজ করছেন জার্মানির বার্লিনের ম্যাক্স প্লাঙ্ক ইউনিট ফর দ্য সায়েন্স অব প্যাথোজেন্সে। তিনি বার্লিনের ম্যাক্স প্লাঙ্কের ইনস্টিটিউট ফর ইনফেকশন বায়োলজির ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। মাইক্রোবায়োলজি, জেনেটিক্স এবং বায়োকেমিস্ট্রিতে তার গবেষণা বহুল স্বীকৃত।

অন্যদিকে ৫৬ বছর বয়সী মার্কিন প্রাণরসায়নবিদ জেনিফার যুক্তরাষ্ট্রের বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একাধারে আণবিক জীববিজ্ঞান, কোষ জীববিজ্ঞান ও রসায়ন বিভাগের অধ্যাপক।

২০১২ সালে ইমানুয়েল এবং জেনিফার সর্বপ্রথম ব্যাক্টেরিয়ার ব্যবহৃত এনজাইম ক্রিসপার/ক্যাস৯ যে মনুষ্য নকশাকৃত জিন সম্পাদনায় ব্যবহার করা যেতে পারে, সে ব্যাপারে প্রস্তাবনা রাখেন। এই আবিষ্কার জীববিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৈপ্লবিক আবিষ্কার হিসেবে স্বীকৃত।

আগের দিন পদার্থ বিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল জিতে নিয়েছেন তিন জোতির্বিজ্ঞানী স্যার রজার পেনরোজ, রেইনহার্ড জেঞ্জেল এবং আন্দ্রেয়া এম. গেজ। ছায়াপথ (গ্যালাক্সি) এবং কৃষ্ণগহবর (ব্ল্যাকহোল) গবেষণায় ভূমিকা রাখেন তারা।

সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয় তিন বিজ্ঞানীকে। হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে অসামান্য ভূমিকার জন্য যৌথভাবে নোবেল জিতে নেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন।