Home Blog Page 2638

ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের কথা ভাবছে সরকার : আইনমন্ত্রী

0

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় একটি বেসরকারি টেলিভশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণের শাস্তি বাড়ানোর দাবি উঠেছে। ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে রাজধানী ঢাকাসহ জেলায় জেলায়।

নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন: আরও ২ জন গ্রেফতার

0

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সোহাগ ও নুর হোসেন রাসেল নামে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার একলাশপুর ইউনিয়নের পোড়া মুনসির ছেলে মো. সোহাগ, সোলেমানের ছেলে নুর হোসেন রাসেল।

এ ঘটনায় এ পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথক পৃথকভাবে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার রাত ১টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, রবিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এর পর বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসতবাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে।

তিন্নির মৃত্যু : প্রধান অভিযুক্ত জামিরুল গ্রেফতার

0

ঝিনাইদহের শৈলকূপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত জামিরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, তিন্নির ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার।

মঙ্গলবার তিনি বলেন, তিন্নির ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আর এটি ছিল আত্মহত্যা। চিকিৎসকরা ময়নাতদন্ত রিপোর্ট থানায় হস্তান্তর করেছেন।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাতে বড় বোন মিন্নির সাবেক স্বামী একই গ্রামের কনুরুদ্দীনের ছেলে জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফা প্রবেশ করে হামলা-ভাঙচুর ও তিন্নির ওপর নির্যাতন চালায়। পরে রাত ১২টার দিকে শোয়ার ঘর থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তিন্নির মরদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।

তিন্নী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর মেয়ে।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের আগে ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকদের কথা বিবেচনা করে ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ব্রেইল সংস্করণ প্রকাশে উদ্যোগ নেয়। প্রথম ধাপে ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১০০ সেট (প্রতিটি ৬ খণ্ড) ব্রেইল সংস্করণ মুদ্রণ সম্পন্ন হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস এমনকি বাহান্নতে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছিল, তার নাম যেসব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল এই বইটি প্রকাশ হওয়ার পর সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা রক্ষা করতে পারি।

১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাকালে বঙ্গেবন্ধু শেখ মুজিবুর রহমান এটি লেখা শুরু করেছিলেন। ২০১২ সালের ১২ জুন বইটি প্রকাশিত হয়।

এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে জানা যাবে আজ

0

এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার রুটিন ও আয়োজনের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে তুলে ধরবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর চিন্তা আছে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে।

তবে বিষয় না কমানো হলেও কমতে পারে পরীক্ষার নম্বর। পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে ৫০ শতাংশের মধ্যে প্রতিটি বিষয়ের পরীক্ষা নেয়া হতে পারে।

সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজনে প্রশ্নপত্র ও উত্তরপত্র মুদ্রণসহ সব প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, শিক্ষা বোর্ডগুলোও প্রস্তুত। ১৫ দিন সময় পেলেই পরীক্ষার আয়োজন শুরু করতে পারবে তারা।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও জানান, রুটিন তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে নতুনত্ব আনার চিন্তা রয়েছে। সেটি হচ্ছে- দৈনিক একটির বেশি পরীক্ষা না রাখা এবং প্রত্যেক দিনই পরীক্ষা নেয়া। স্বাভাবিক সময়ে মূল বিষয়গুলোর পরীক্ষার পরে বিভাগভিত্তিক সকালে ও বিকেলে দুটি করে পরীক্ষা রাখা হতো। ফলে সকালে বিজ্ঞানের পরীক্ষা হলে বিকেলে মানবিক বা ব্যবসায় শিক্ষার পরীক্ষা নেয়া হতো। একটি পরীক্ষার পরে কেন্দ্র পরিষ্কারের বিষয়টি সামনে রেখে দৈনিক একটি রাখার চিন্তা করা হচ্ছে। তবে ধর্মীয় ও সাপ্তাহিক ছুটি বাদে অন্যসব দিন পরীক্ষা নেয়া হবে।

করোনার ভ্যাকসিন আসতে পারে বছরের শেষেই : ডব্লিউএইচও

0

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন এ বছর শেষ নাগাদই প্রস্তুত হয়ে যেতে পারে বলে আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান দেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

মহামারী নিয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের দুই দিনের বৈঠকের সমাপণী ভাষণে মঙ্গলবার গেব্রিয়েসুস বলেন, ‘আমাদের ভ্যাকসিনের প্রয়োজন পড়বে। এ বছর শেষের মধ্যেই আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি, সেই আশা আছে।’

ভ্যাকসিন সহজলভ্য হওয়ার পর সমানভাবে এর বিতরণ নিশ্চিত করতে গেব্রিয়েসুস সব দেশের নেতাদের একতাবদ্ধ হওয়া এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরীক্ষা চলছে এমন ৯টি ভ্যাকসিন ডব্লিউএইচও পরিচালিত ‘কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস’ (সিওভিএএক্স) ফ্যাসিলিটির আওতায় আসার পথে আছে। সিওভিএএক্স এর লক্ষ্য ২০২১ সালের শেষ নাগাদ ২০০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণ করা।

এ পর্যন্ত ‘কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস’ উদ্যোগে সামিল হয়েছে মোটামুটি ১৬৮টি দেশ। তবে চীন এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বলেছে, তারা ভ্যাকসিন প্রস্তুতকারকদের কাছ থেকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে বরং দ্বিপক্ষীয় চুক্তির ওপরই নির্ভর করছে।

গেব্রিয়েসুস বলেন, ‘আগমনের পথে থাকা ভ্যাকসিন এবং অন্যান্য পণ্যের জন্য বিশেষত বিশ্বের নেতাদের কাছ থেকে রাজনৈতিক প্রতিশ্রুতি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ; বিশেষ করে ভ্যাকসিন সমানভাবে বিতরণের ক্ষেত্রে। আমাদের প্রত্যেকেরই একে অপরকে প্রয়োজন, আমাদের একতা প্রয়োজন এবং ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সর্বশক্তিকে কাজে লাগানো প্রয়োজন।

হোয়াইট হাউসের আরেক উপদেষ্টা করোনায় আক্রান্ত

0

মার্নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) আরও বিস্তৃত হয়েছে। হোয়াইট হাউসের উপদেষ্টা স্টেফেন মিলার ও একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন।

গত পাঁচ দিন ধরে স্বেচ্ছায় আইসোলেশনে থাকা মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন।

পরীক্ষায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রে-র করোনাভাইরাস পজিটিভ আসার পর দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি ও অন্যান্য সামরিক নেতারা কোয়ারেন্টিনে থাকা শুরু করেছেন।

বিবিসি জানিয়েছে, ‘অতিরিক্ত সতর্কতা’ হিসেবে অন্য কর্মকর্তারাও স্বেচ্ছায় আইসোলেশনে থাকছেন।

কোস্টগার্ডের ভাইস কমাড্যান্ট অ্যাডমিরাল রে-র রোগ লক্ষণ মৃদু বলে জানা গেছে।

গত সপ্তাহে অ্যাডমিরাল রে-র সঙ্গে বৈঠকে যে সব কর্মকর্তা উপস্থিত ছিলেন তারা সবাই এখন কোয়ারেন্টিনে আছেন, তবে পরীক্ষায় এখনো তাদের কারও করোনাভাইরাস পজিটিভ আসেনি বা কারও মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়নি বলে জানিয়েছে পেন্টাগন।

অ্যাডমিরাল রে কীভাবে ভাইরাসটির সংস্পর্শে এসেছিলেন তা জানা যায়নি। প্রায় ১০ দিন আগে তিনি হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে সেখান থেকে না অন্য কোথাও থেকে তিনি ভাইরাসটির সংস্পর্শে এসেছেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউসের আরও অনেক কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শেখ হাসিনার নেতৃত্বে আজ সন্ধ্যায় সিভিএফ’র ভার্চুয়াল সম্মেলন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ইস্যুতে আজ বুধবার ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে বৈশ্বিক নেতাদের ভার্চ্যুয়াল একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান, কপ-২৬-এর আয়োজক ও সহ-আয়োজক যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি ও নেদারল্যান্ডস; সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডররা ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারেরা এতে উপস্থিত থাকবেন।

জিসিএর সঙ্গে ঢাকা ‘সিভিএফ নেতাদের’ ইভেন্টের আয়োজন করবে আজ বুধবার সন্ধ্যা ৭টায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতে বাংলাদেশের পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীরাও যোগ দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিভিএফ নেতারা এবং অন্য বক্তারা এই অনুষ্ঠানে ২০২০ সালে প্যারিস অ্যাগ্রিমেন্ট ন্যাশনাল কন্ট্রিবিউশন (এনডিসি) জোরদারের মাধ্যমে সব দেশের জলবায়ু কার্যক্রম এবং অভিযোজন প্রচেষ্টা শক্তিশালী করার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করবেন।

২০১১-১৩ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে সফল হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ২০২০-২২ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে দায়িত্বপালন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন। এটি জিসিএ ও সিভিএফ সচিবালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী সিভিএফ সচিবালয় হিসেবেও কাজ করবে। সিভিএফ হচ্ছে উষ্ণ গ্রহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি আন্তর্জাতিক অংশীদারত্ব।

২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ফোরাম বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করার লক্ষ্যে অংশগ্রহণকারী সরকারগুলোর জন্য একটি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

দায় অনুযায়ী ইউপি সদস্য সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: এজিআরডি মন্ত্রী

0

জনপ্রতিনিধি হিসেবে জনগণের সমস্যা এড়িয়ে যাবার সুযোগ নেই, ধর্ষণের ঘটনায় ইউপি সদস্যের দায় পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

মামলা করার মতো আর্থিক সামর্থ্য নেই। সঙ্গে লোকলজ্জার ভয় তো আছেই। তাই ইউপি সদস্যের কাছে যৌন নির্যাতন ও লাঞ্ছনার ন্যায্য বিচার চেয়েছিলেন নোয়াখালীতে নির্যাতনের শিকার নারী। কিন্তু ওই জনপ্রতিনিধি তাতে কান দেননি। দেশজুড়ে আন্দোলন আর তোলপাড় সৃষ্টি করা ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, দোষ পেলে ইউপি সদস্য সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যৌন সন্ত্রাসের পাশাপাশি শারীরিক নির্যাতন সেদিন এতটাই বর্বরোচিত ছিলো যে, নিজে হেঁটে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছে নালিশ করতে যাবার মতো অবস্থা ছিল না। নালিশ জানানো সম্ভব হয় ৩ দিন পর। নির্যাতনের শিকার নারীর অভিযোগ আমলে নেননি ইউপি সদস্য সোহাগ। অথচ, জনগনের সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ জনপ্রতিনিধিরা।

মামলার তালিকায় না থাকলেও সোহাগকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনা ও আগের সব ঘটনায় প্রশ্ন উঠেছে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে। স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, কোনও জনপ্রতিনিধি তার দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জনপ্রতিনিধি হিসেবে জনগণের সমস্যা সমাধানের দায়িত্ব এড়ানোর সুযোগ কোনভাবেই নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী তাজুল ইসলাম।

সিদ্ধ ও আতপ চালের নমুনা পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে সারা দেশের CSD ও LSD হতে সংগৃহীত বোরো এবং আমন মৌসুমে বাংলাদেশে উৎপাদিত সিদ্ধ ও আতপ চালের নমুনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সরকারি গুদামে সংরক্ষিত চালের গণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী প্রতি বছর ভাদ্র মাসে গুদামগুলোতে সংগৃহীত নিচের দিকে রক্ষিত চাল উপরে এবং উপরের চাল নিচে রাখার নির্দেশনা দেন; যাতে করে অপেক্ষাকৃত পূর্বে ক্রয়কৃত চাল প্রথমে বিতরণ করা যায়। তিনি ২০১৯ সালে সংগ্রহ করা চাল অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের জন্য নির্দেশ দেন। এছাড়া, বগুড়ার সান্তাহারে স্থাপিত ওয়্যারহাউসের ন্যায় দেশের অন্যান্য প্রান্তেও খাদ্যশস্য সংরক্ষণের জন্য এ ধরনের আধুনিক গুদাম নির্মাণের নির্দেশ দেন। এতে দীর্ঘ সময় পর্যন্ত অধিক পরিমাণে খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব হবে। তিনি দেশের সকল গুদামে সংগৃহীত চালের তথ্য একটি ডাটাবেজের মাধ্যমে ব্যবস্থাপনার নির্দেশনাও দেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।