Home Blog Page 2639

পেঁয়াজের মজুত পর্যাপ্ত : শীঘ্রই দেশের বাজারে মূল্য কমে আসবে

0

সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানি করা পেঁয়াজ দেশে পৌঁছাতে শুরু করেছে। দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে। উৎপাদনকারী কৃষকরা এ সকল পেঁয়াজ বাজারে বিক্রয় বৃদ্ধি করেছেন। ফলে পেঁয়াজের আমদানি ও সরবরাহ বেড়েছে। দেশে পেঁয়াজের কোন ঘাটতি নেই। আমদানিকৃত পেঁয়াজ পুরোপুরি বাজারে আসলে মূল্য আরো কমে আসবে।

ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ সরবরাহের উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অভ্ বাংলাদেশ(টিসিবি) দেশব্যাপী ট্রাক সেলের পাশাপাশি ই-কমার্সের মাধ্যমেও পেঁয়াজ বিক্রয় করছে। এতে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ক্রেতাদের চাহিদা পূরণে প্রতি কেজি ৩০ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রয়ের পরিধি আরো বৃদ্ধি করা হচ্ছে।

চাহিদা মোতাবেক বাজারে পেঁয়াজের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ দেশব্যাপী স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বাজার অভিযান জোরদার করা হয়েছে। সরকার পেঁয়াজ আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করেছে। অভ্যন্তরীণ আমদানিকারকদের চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ, পরিবহন-সহ সকল ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পেঁয়াজ দেশে পৌঁছাবে।

পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হবার কারণ নেই। পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলে সরকার প্রচলিত আইনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

নোয়াখালীতে নারী নির্যাতন: ২ দিনের রিমান্ডে বাদল ও সোহাগ

0

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আজ মামলার প্রধান আসামি বাদলকে ৭ দিনের ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বেগমগঞ্জ ৩নং আমলী আদালতের বিচারক মাসফিকুল হকের আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে গত ৪ অক্টোবর রাতে ৯ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারে নির্যাতনের শিকার ওই নারী উল্লেখ করেন- দীর্ঘদিন পর গত ২ সেপ্টেম্বর বাপের বাড়িতে তার স্বামী তার সাথে দেখা করতে যান। রাত ৯টার দিকে শয়নকক্ষের ফ্লোরে স্বামী-স্ত্রী একসঙ্গে অবস্থান করছিলেন। এ সময় বাদল, রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমতউল্যাসহ অজ্ঞাত আসামিরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর স্বামীকে মারধর করে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে। এক পর্যায়ে তারা ওই নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এতে রাজি না হলে আসামিরা তার ওপর নির্মম পাশবিক নির্যাতন চালায় এবং মুঠোফোনে ভিডিও ধারণ করে রাখে। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা কাউকে কিছু জানালে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। আসামিরা চলে যাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতা নারী জেলা শহর মাইজদীতে বোনের বাড়িতে আশ্রয় নেন। সেখানে থাকা অবস্থায় আসামিরা মুঠোফোনে তাদের প্রস্তাবে রাজি না হলে অশ্লিল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে গত ৪ অক্টোবর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুঠোফোনে ধারণকৃত ভিডিওটি ছড়িয়ে পড়ে।

নির্ধারিত সময়ের পূর্বেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্ধারিত সময়ের পূর্বেই দ্রুততার সাথে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে সমান্তরালভাবে অনেক কাজ একসাথে করতে হবে।

প্রতিমন্ত্রী আজ অনলাইনে বিপিসি’র আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ইনস্টলেশন অভ সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন, চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ, ইআরএল ইউনিট-২ এর অগ্রগতি সন্তোষজনক নয়। প্রকল্প পরিচালকদের ব্যর্থতা বা অযোগ্যতার জন্য অনেক সময় প্রকল্প ব্যয় বেড়ে যায়। এর দায় মন্ত্রণালয় কেন নিবে? তিনি প্রকল্পসমূহের তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগের নির্দেশ প্রদান করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চলতি অর্থবছরের এডিপি বরাদ্দ ২৯৬০ দশমিক ৪৮ কোটি টাকা। বরাদ্দের বিপরীতে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় ৬৬৪ দশমিক ৮৯ কোটি টাকা। বর্তমান অর্থবছরে বিপিসি’র আওতাধীন কোম্পানির এডিপি বরাদ্দ ১৬৩৯ দশমিক ৪১ কোটি টাকা এবং প্রকল্প সংখ্যা ১০টি।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো: আনিছুর রহমান ও বিপিসি’র চেয়ারম্যান মোঃ শামসুর রহমান উপস্থিত ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়

0

করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ মঙ্গলবার সকালে তাঁকে কলকাতার বেলেভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

কলকাতার গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েকদিন ধরে প্রবীণ এই অভিনেতা অসুস্থ ছিলেন। গতকাল রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফোন করা হয় হাসপাতালে। তখন তাঁর বেডের ব্যবস্থা করা হয়। আজ ভারতীয় সময় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জি ২৪ ঘণ্টার খবর, করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর জন্য একটি মেডিকেল টিম গঠন করা হচ্ছে।

সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৫৯ সালে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর তিনি সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন। কবি ও আবৃত্তিশিল্পী হিসেবেও তিনি বেশ পরিচিত।

৩০ অক্টোবর কাজলের বিয়ে

0

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল বলেছেন, খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছি।

এবার জানা গেলো অভিনেত্রীর বিয়ের তারিখ। ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। মুম্বাইয়ে বসবে বিয়ের আসর। তবে করোনা পরিস্থিতিতে দুই পরিবারের ঘনিষ্ঠরাই শুধু উপস্থিত থাকবেন। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার এ ঘোষণা নিজেই দিলেন।

গৌতমের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাই তিনি উচ্ছ্বসিত। জীবনে চলার পথে ভক্তরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, ভালোবেসেছেন, ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। বিয়ের পরও অভিনয় করবেন বলে জানান অভিনেত্রী।

২০০৪ সালে হিন্দি ছবি ‘কিঁউ- হো গ্যায়া না’ দিয়ে বলিউডে পা রাখেন কাজল আগারওয়াল। এরপর ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যানম’ নামে একটি জনপ্রিয় তামিল সিনেমা দিয়ে রূপালি জগতে ফের নিজেকে জানান দেন।

‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির ‘মাগধিরা’তেও দেখা যায় কাজলকে। পাশাপাশি মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিস-সহ দক্ষিণের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।

বাগদান সেরে ফেললেন কাজল

0

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন।

এরই মধ্যে তাদের বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কাজলের হবু বর গৌতম একজন সফল উদ্যোক্তা। তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে।

বড় আয়োজনে তারা কাজটিও সেরে ফেলতে চলেছেন। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে কাজলই নাকি প্রথম বিয়ের বড় অনুষ্ঠান করতে যাচ্ছেন। তিনি দুই দিনের বিয়ের আয়োজন করবেন মুম্বইয়ের একটি ফাইভ স্টার হোটেলে। যেখানে বন্ধুসহ ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানাবেন এই তারকা।

তবে বিয়ের বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কাজল আগরওয়াল। এদিকে করোনার কারণে মুক্তি আটকে কাজল অভিনীত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার।

এবার চলন্ত ট্রেনে টম ক্রুজের ফাইটিং দৃশ্যের শুটিং

0

জনপ্রিয় হলিউড অভিনেতা টম ক্রুজ। রুপালি পর্দায় নানা অ্যাকশন দৃশ্যে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে ‘মিশন ইম্পসিবল’ সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত তিনি।

সাধারণত সিনেমায় ঝুঁকিপূর্ণ স্টান্টগুলো নিজেই করে থাকেন টম ক্রুজ। এজন্য অনেকবার গুরুতর চোটও পেয়েছেন।

বর্তমানে ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমার শুটিং করছেন এই অভিনেতা। সম্প্রতি নরওয়েতে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। এই সময় চলন্ত ট্রেনে একটি ফাইটিং দৃশ্যের শুটিং করেন টম।

‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমাটি পরিচালনা করছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। ফটো শেয়ারিং সাইট টুইটারে ট্রেনের ওপর ফাইটিং দৃশ্যের শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন তিনি। এছাড়া শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন একজন প্রত্যক্ষদর্শী। এতে দেখা যায়, চলন্ত ট্রেনের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন টম ক্রুজ ও সিনেমার টিম। শুটিংয়ের আগে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করেন এই অভিনেতা। ইতালিতে সিনেমাটির পরবর্তী শিডিউলের শুটিং হবে।

টম ক্রুজ সিনেমাটিতে আরো অভিনয় করছেন রেবেকা ফার্গুসন, ভিং রামেস, সিমন পেগ, হেইলি অ্যাটওয়েল প্রমুখ। আগামী বছর ১৯ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

তদন্ত প্রক্রিয়া থেকে বাদ পড়বেন না সুশান্তের বোন: মুম্বাই পুলিশ

0

সুশান্ত সিং রাজপুতের বড় বোন প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন রিয়া চক্রবর্তী। সেই অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে।

চিকিৎসকের অনুমতি ছাড়া সুশান্তকে ওষুধ দেওয়ার অভিযোগেই প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন রিয়া।

গত ৭ সেপ্টেম্বর সুশান্তের বড় বোন প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী। সেই অনুযায়ী এবার সুশান্তের দিদির বিরুদ্ধে শুরু করা হয়েছে তদন্ত। মুম্বাইয়ের পুলিশ কিশনার পরমবীর সিং সম্প্রতি এমনই জানান তদন্ত প্রক্রিয়া সম্পর্কে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতকে বিনা প্রেসক্রিপশনে ওষুধ দিতে শুরু করেন প্রিয়াঙ্কা সিং। ওঠে এমন অভিযোগ। দিল্লির এক হাসপাতালের বন্ধু চিকিৎসকের কথা অনুযায়ী, নেক্সিটো, লিব্রিয়াম-সহ বেশ কিছু ওষুধ সুশান্তকে দেওয়া শুরু করেন প্রিয়াঙ্কা। অভিনেতার মৃত্যুর পর বড় বোন প্রিয়াঙ্কার সঙ্গে সুশান্তের সেই হোয়াটস অ্যাপের চ্যাট প্রকাশ্যে আসে। তারপর থেকেই শুরু হয় শোরগোল। সুশান্ত অসুস্থ জেনেও কীভাবে তার বড় বোন বিনা প্রেসক্রিপশনে তাকে ওষুধ দিতে শুরু করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এদিকে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে জানান এইমসের চিকিৎসক সুধীর গুপ্তা। এইমসের ফরেন্সিক দলের চিকিৎসকের ওই দাবির পর থেকেই শোরগোল শুরু হয়েছে। গত ২২ অগাস্ট সুধীর গুপ্তা দাবি করেন, অভিনেতাকে খুন করা হয়েছে। তদন্ত শুরুর পর তিনি কীভাবে পুরো ঘুরে গিয়ে সুশান্তের মৃত্য়ুকে আত্মহত্যা বলে দাবি করেন, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

এটাই প্রথম, এটাই শেষ হুঁশিয়ারি

0

রবিচন্দন অশ্বিন ও মানকাড আউট যেন একে অপরের সমার্থক শব্দ হয়ে উঠেছে। মাঠে এই আউট করার সুযোগ হাতছাড়া না করার পাশাপাশি মাঠের বাইরেও এর পক্ষে দারুণ সোচ্চার তিনি। সেই তিনিই সোমবার রাতে মানকাড না করে ছেড়ে দিয়েছেন অ্যারন ফিঞ্চকে। তবে ভবিষ্যতে কাউকে ছাড় দেবেন না বলে এই অফস্পিনার বলেছেন, এটিই তার এ বছরের প্রথম ও শেষ সতর্কবার্তা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের তৃতীয় ওভারে অশ্বিন বল করার আগেই নন-স্ট্রাইক প্রান্তের ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ফিঞ্চ। ফলে অশ্বিনের সামনে তাকে রান আউট করার সুযোগ ছিল। সাধারণত এই সুযোগ ছাড়েন না তিনি। কিন্তু এবার দেখা যায় উল্টো চিত্র। ফিঞ্চকে আউট না করে আবার বোলিং মার্কে ফিরে যান এই বোলার।

এই ঘটনা তুমুল আলোচনায় জন্ম দেয়। এর আগে একাধিকবার এই আউট করেছেন অশ্বিন, শিকার হয়েছেন সমালোচনার। কিন্তু প্রতিবারই এই আউটের পক্ষে নিয়ম ও যুক্তি দিয়ে তিনি নিজের অবস্থানে উচ্চকিত থেকেছেন। এই ম্যাচের ঘটনায় তাই অনেকেরই কৌতূহল জাগে, তবে কি অশ্বিনের অবস্থান বদলেছে?

অবশ্য ম্যাচ শেষে টুইটারে এই অফ স্পিনার নিজেই সবার কৌতূহল মিটিয়েছেন। তিনি লেখেন, স্পষ্ট করে দিতে চাই, এটাই ২০২০ সালের প্রথম ও শেষ হুঁশিয়ারি! আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম, এরপর যেন আমাকে আবার দোষ দেয়া না হয়! আরেকটা কথা, আমি ও অ্যারন ফিঞ্চ বেশ ভালো বন্ধু।

টুইটে অশ্বিন তার আইপিএল দলের কোচ রিকি পন্টিংকেও ট্যাগ করেছেন। এবারের আসর শুরুর আগে পন্টিং বলেছিলেন, তিনি আর মানকাড আউট দেখতে চান না। পরে অবশ্য অশ্বিনের ইউটিউব শোতে এটি নিয়ে দুজনের মাঝে আলোচনা হয়। সেখানে অশ্বিনের যুক্তি উপলব্ধি করে পন্টিং তার পক্ষেই কথা বলেছিলেন।

গতকালের ম্যাচে অশ্বিন যখন ফিঞ্চকে আউট না করে ছেড়ে দেন, তখন পন্টিংকে ডাগ আউটে বেশ কিছুক্ষণ ধরে হাসতে দেখা যায়।

মানকাড আউটের নিয়ম আছে ক্রিকেটের আইনেই। তবে অনেকেই এটিকে অন্যায় বা ক্রিকেটের স্পিরিটের বাইরের হিসেবে দেখেন। আবার অনেকেই এটির পক্ষে। ফলে এই নিয়ে বছরের পর বছর ধরে বিতর্ক চলে আসছে।

২০২২ শীতকালীন অলিম্পিক: স্টেডিয়াম বানাচ্ছে চীন

0

বিশ্বজুড়ে চলছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। এরমধ্যেও ২০২২ শীতকালীন অলিম্পিককে সামনে রেখে অত্যাধুনিক স্কেটিং স্টেডিয়াম বানাচ্ছে চীন। এ পরিস্থিতিতে স্টেডিয়াম বানানোর কাজের অগ্রগতি দৃষ্টি কেড়েছে পুরো বিশ্বের। ‘আইস রিবন’ নামের এই স্টেডিয়াম বানাতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হবে আগামী বছরের জানুয়ারীতে।

চীনের বেইজিংয়ে বসছে ২০২২ শীতকালীন অলিম্পিক। সেজন্য অত্যাধুনিক এক স্কেটিং স্টেডিয়াম বানাচ্ছে চীন সরকার। করোনার মাঝেও দৃষ্টি নন্দন এই স্টেডিয়াম বানানোর কাজ এগোনো নজর কেড়েছে পুরো বিশ্ব।

পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার মত অত্যাধুনিক স্টেডিয়ামও বটে। চারপাশে লাগানো হচ্ছে আধুনিক সব সরঞ্জাম। পুরো স্টেডিয়ামই করা হবে শীততাপ নিয়ন্ত্রিত। দুর্ঘটনা এড়াতে লাগানো হচ্ছে বিশেষ টার্ফ। গ্যালারিতে বসানো হবে নজরকাড়া সব এলইডি লাইট।

৮০ হাজার বর্গফুট এই স্টেডিয়াম বানানো সম্পন্ন হতে এ বছর পুরোটা লাগবে। যদিও ৩১ অক্টোবরের মধ্যে পূর্নাঙ্গ স্টেডিয়াম নির্মানের ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু, এখনো বাকি প্রায় ২০ ভাগ কাজ। সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ।

২০২২ শীতকালীন অলিম্পিকের আগে ২০২১ ওয়ার্ল্ড স্কেটিং চ্যাম্পিয়নশীপ বসবে এখানেই। সেজন্য আগে ভাগেই সারতে হচ্ছে কাজ।

দর্শক বসার সংখ্যার দিক থেকেও এটি অনন্য। ১২ হাজার দর্শক এখানে একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন। স্টাফ ও খেলোয়াড়দের থাকার জন্যেও আছে আলাদা ব্যবস্থা। আগুন লাগলে দ্রুত তা নেবার প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে স্কেটিং এই স্টেডিয়ামটিতে।

১ জানুয়ারী ২০২১। সেই দিনটায় এই দৃষ্টিনন্দন স্টেডিয়াম উদ্বোধন দেখার অপেক্ষায় আছে বেইজিংবাসী।