Home Blog Page 2641

হাসপাতাল ছাড়লেন ট্রাম্প

0

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল ছেড়েছেন। তিনদিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউজে ফেরেন তিনি।

 

কোভিড নেগেটিভ না হলেও তার শারীরিক অবস্থা ভালো রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টার থেকে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউজে পৌঁছান ট্রাম্প।

 

জানা গেছে, বাড়িতে বসেই বাকি চিকিৎসা নেবেন তিনি। হাসপাতাল ছাড়ার আগে টুইট বার্তায় শিগগিরই নির্বাচনী প্রচারণায় ফেরারও কথাও জানান তিনি।

 

গত ১ অক্টোবর নিয়মিত পরীক্ষায় সংক্রামক কোভিড-১৯ শনাক্ত হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়ার শরীরে। এরপর গেলো কয়েকদিনে ট্রাম্পের প্রেস সচিবসহ হোয়াইট হাউজের ১২ শীর্ষ কর্মকর্তা এবং আরও বেশ কয়েকজন কর্মী কোভিড পজেটিভ হন।

 

ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউজের রোজ গার্ডেনে হওয়া বৈঠক থেকে সংক্রমিত হয়েছেন বেশিরভাগ কর্মকর্তা।

ঢাবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট ও নকল সিল প্রস্তুতকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

0

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট ও বিভিন্ন প্রতিষ্ঠানের নকল সিল প্রস্তুত করা জালিয়াত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের গ্রেফতার কথা জানায় সিআইডি।

 

সিআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ অক্টোবর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে কামরুজ্জামান মোঃ সালাম, রুমিনা আক্তার ও মোঃ মাহমুদুল হাসান সোহগকে গ্রেফতার করে সিআইডির ঢাকা পূর্ব এর ৭ নং টিম।

 

সিআইডি জানায় কামরুজ্জামান মোঃ সালাম ও তার স্ত্রী রুমিনা আক্তার রাজধানীর ইন্দিরা রোডে হোমোসেপিয়েন্স নামক এক কোচিং সেন্টারের আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট তৈরিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সিল তৈরি করে প্রতারণা করে আসছিল। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬টি জাল সনদ ও ০৬ টি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সিল উদ্ধার করা হয়।

 

কামরুজ্জামান ও রুবিনার দেয়া তথ্যমতে ডেমরার সাকসেস কোচিং সেন্টার থেকে মাহমুদুল হাসান সোহাগকে আটক করা হয়। এসময় সোহাগের নিকট হতে ২১টি বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সনদ ও ০৩টি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সিল উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে রাজধানীর শেরে বাংলা থানায় ৪ অক্টোবর (রোববার) একটি মামলা দায়ের করা হয়। সেইসাথে তাদের দেয়া তথ্যমতে অন্যান্য আসামিদেরও গ্রেফতার করার চেষ্টা অব্যহত আছে বলে জানায় সিআইডি।

আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

0

বুয়েটের শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত বছরের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

 

আবরার ফাহাদ হত্যা মামলায় সব মিলিয়ে ২৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ১৩ নভেম্বর চার্জশিট তৈরি করে ঢাকার গোয়েন্দা পুলিশ। মামলার আসামিরাও সবাই ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

 

আজ আবরার হত্যার এক বছর পূর্ণ হলেও এখনো শেষ হয়নি মামলার রায়ের কাজ। দ্রুত সময়ে সব আসামিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি পরিবারের।

 

১৩ ই মে ১৯৯৮ সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবরার ফাহাদ। আবরার প্রথমে কুষ্টিয়া মিশন স্কুল ও জেলা স্কুলে লেখাপড়া শেষ করে ২০১৮ সালে ৩১ মার্চ তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হন।

 

তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের লেখাপড়াকালীন ২০১৯ সালে ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় আবরারকে। আলোচিত এই হত্যাকাণ্ডের মামলার এজাহারে বাংলাদেশ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাসহ প্রথমে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তবে তদন্তের পরে আসামির সংখ্যা ২৫ জন করা হয়। তবে তার বিচারকার্য শেষ হয়নি এখনো।

 

আবরার ফাহাদ হত্যা মামলায় সব মিলিয়ে ২৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ১৩ নভেম্বর চার্জশিট তৈরি করে ঢাকার গোয়েন্দা পুলিশ। এক বছর পূর্ণ হলেও আবরার হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ হয়নি এখনো।

 

আবরারের মা রোকেয়া খাতুন বলেন, ন্যক্কারজনক এই হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত বিচার কাজ শেষ হয়নি। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

 

প্রতিবেশীরা জানান, মেধাবী শির্ক্ষার্থী আবরার ফাহাদ দেশের সম্পদ ছিল। নির্মমভাবে তাকে হত্যা করা হলেও আসামিরা এখনো শাস্তির আওতায় আসেনি। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

 

২০১৯ সালের ৭ই অক্টোবর ভোররাতে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় বুয়েটের শেরে বাংলা হল থেকে। দেশের অন্যতম এই বিদ্যাপিঠে একজন শির্ক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনাটি ব্যপকভাবে সমালোচিত হয়। এরপর এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের শাস্তির দাবিতে মাঠে নামে সারা দেশের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

সত্য ঘটনা অবলম্বনে আসছে অক্ষয়ের ‘বেল বটম’

0

তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আর সকালে সূর্য ওঠার আগেই উঠে পড়েন তিনি। সিনেমাও তেমন নিয়ম করেই রিলিজ করেন। অ্যকশন থেকে কমেডি- সবখানেই সমান পদচারণা। বি-টাউনে সবাই বলেন, অক্ষয় কুমারের থেকে নাকি এই প্রজন্মের নিয়মানুবর্তিতা শেখা উচিত।

 

গত বছরে অক্ষয়ের পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। করোনাকালে কাজ একটু থমকে ছিল। তবে বলিউডের খিলাড়ি বাড়িতে বসে থাকার পাত্র নন। লকডাউনের মধ্যে তিনিই প্রথম সুরক্ষাবিধি মেনে বিজ্ঞাপনের শুটিং করেছিলেন এই অভিনেতা।

 

বলিউডে তিনিই একমাত্র অভিনেতা যিনি প্রথম করোনা পরিস্থিতিতে বিদেশে শুটিং করতে যান। সেপ্টেম্বরের ৩০ তারিখ স্কটল্যান্ডে ‘বেল বটম’-এর শুটিং শেষ করেন অক্ষয়। সঙ্গে ছিলেন বাণী কাপুর ও হুমা কুরেশি।

 

শুটিং শেষে ৫ অক্টোবর প্রকাশ্যে এল ছবির টিজার। টিজারে রেট্রো মেজাজে দেখা যাচ্ছে অক্ষয়কে। অ্যাকশনের ভরপুর আভাসও রয়েছে। আটের দশকের সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক রঞ্জিৎ এম তিওয়ারি।

 

যদিও ২০১৯ সালে ছবি তৈরির করার কথা ঘোষণা করেছিলেন তিনি। আর যশরাজ ফিল্মসের ব্যানারের বাইরে এটিই বাণী কাপুরের প্রথম সিনেমা। হুমা এর আগেই অক্ষয় সঙ্গে ‘জলি এল এল বি ২’ ছবিতে অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লারা দত্তা। সব ঠিক থাকলে আগামী বছরের ২ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারালো দিল্লি ক্যাপিটালস

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৯তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৫৯ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির দেয়া ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৭ রানে থামে ব্যাঙ্গালুরুর ইনিংস।

 

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার শ ও ধাওয়ানের ব্যাটে দারুন সূচনা পায় দিল্লি। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে ৬৮ রান। মাঝে, শ্রেয়াস দ্রুত ফিরলেও, পান্টের ৩৭ ও স্টোইনিসের ৫৩ রানে ভর করে নির্ধারিত ওভারে ১৯৬ রানের বড় স্কোর দাঁড় করায় দিল্লি।

 

জবাবে ব্যাট করতে নেমে রাবাদা, পাটেলদের বোলিং তোপে মুখ থুবরে পরে ব্যাঙ্গালুরুর লম্বা ব্যাটিং লাইনআপ। অধিনায়ক কোহলি ৪৩ রান করলেও ইনিংস বড় করতে পারেননি ফিঞ্চ, ডি ভিলিয়ার্সরা। ফলে, নির্ধারিত ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৩৭ রান। কাগিসো রাবাদা নেন ৪ উইকেট।

নোয়াখলীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন দুই আসামি ৬ দিনের রিমান্ডে

0

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার আব্দুর রহিম ও রহমত উল্লাহর তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার নোয়াখালী থেকে আব্দুর রহিম ও রহমত উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনার ৩২ দিন পর রবিবার রাতে, ৯ জনের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে পৃথক দু’টি মামলা করেন নির্যাতিতা গৃহবধূ।

এর আগে, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদল এবং সন্দেহভাজন আসামি দেলোয়ারকে রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দুইজনই অপরাধের কথা স্বীকার করেছেন।

২রা সেপ্টেম্বর স্বামীকে পাশের ঘরে বেঁধে ওই নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় স্থানীয় বখাটেরা। এ সময় মারধরের ভিডিও মোবাইলে ধারণ করেন তারা।

চিকিৎসায় নোবেল পেলেন হেপাটাইটিস সি ভাইরাসের তিন গবেষক

0

হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে এ বছর চিকিৎসায় নোবেল পেয়েছেন তিন গবেষক হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস।

চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে সোমবার সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটে এ তিনজনের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নোবেল কমিটি।

সোমবার (০৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে চিকিৎসায় পুরস্কারজয়ী ওই তিনজনের নাম ঘোষণা করে। চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হলো।

এর আগে ২০১৯ সালে চিকিৎসায় নোবেল পান তিনজন। তারা হলেন- উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।

আগামীকাল মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

এর আগে নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

নোয়াখালীর সেই নির্যাতিত নারীর পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ

0

নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অনলাইন মাধ্যম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে বলা হয়েছে একটি ভিডির কপি সংরক্ষণে রাখতে। ২৮ অক্টোবর এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

একই সঙ্গে ভিকটিমের পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে স্থানীয় পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেয়া হয়েছে। ঘটনা তদন্তের জন্য সেখানকার স্থানীয় সরকারি কলেজের প্রিন্সিপাল, সমাজসেবা অফিসারসহ তিনজনের নেতৃত্বে কমিটি গঠন করতে বলা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) এ বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ সংক্রান্ত বিষয়ে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (৫ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ (ভার্চুয়াল) এই আদেশ দেন।

আদালতে আজ শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট জেডআই খান পান্না, ইয়াদিয়া জামান, তানজিম আল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও এ এম জামিউল হক ফয়সাল।

গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার ৩২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর রোববার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় মামলা করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে তারা মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।

করোনায় আরও ২৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৪২

0

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৩৭৫ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন।

আজ সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।

মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১০ জন নারী। এরমধ‌্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে মারা গেছে ২ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৩ জন, বরিশালে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের মধ‌্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬০ বছরের ওপরে ১৪ জন রয়েছেন।

ধর্ষণে প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে : কাদের

0

ধর্ষণে প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং দফতর প্রধানের সঙ্গে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। ধর্ষণ নিঃসন্দেহে একটি নিন্দনীয় অপরাধ এবং সামাজিক ব্যাধি। এসব চরম ঘৃণিত কাজের সাথে যারা জড়িত, তারা বিকৃত রুচির অপরাধী। সরকার এ ধরনের প্রতিটি অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করছে।’

মন্ত্রী বলেন, ‘তবু কোথাও না কোথাও এ অপরাধ ঘটছে। সম্প্রতি পার্শ্ববর্তী দেশে ধর্ষণের মতো ঘটনা তীব্র আকার ধারণ করেছে। এ ধরনের সামাজিক ব্যাধির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

‘সব ইস্যু নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। অন্তত এই ধরনের একটি ইস্যু নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। দেশের সকল নাগরিকের জন্য নিরাপদ চলাচল এবং নারীর প্রতি সহিংসতা ও নিন্দনীয় অপকর্ম রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। অপরাধীদের প্রশ্রয় না দিয়ে আইনের আওতায় আনতে সহযোগিতা করুন। প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনব।’

ধর্ষণের সঙ্গে সরকারি দল সমর্থিত ছাত্র সংগঠনের নাম আসছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘যেই হোক। এটার দায় কেউ এড়াতে পারবে না। সরকার ক্ষমতায়, সরকার কীভাবে দায় এড়াবে? সরকার এটাকে আবার প্রশ্রয়ও দিচ্ছে না। প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়ে এসব ঘটনায় যারাই জড়িত থাক, আমাদের দলীয় পরিচয়েও কেউ যদি থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় শাস্তির আওতায় আনতে হবে। সেটা শুধু মুখে বলা হচ্ছে না, বাস্তবেও কার্যকর করা হচ্ছে।’

দৃশ্যমান কোনো শাস্তি কিন্তু দেখা যাচ্ছে না—এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনটা হয়নি? রিফাত হত্যার রায় সেদিন তো হয়ে গেল। ফেনীর নুসরাত হত্যাকাণ্ড, সেটিরও তো রায় হল। এগুলো তো হচ্ছে। সব ব্যাপারেই শাস্তি হবে। ইউএনও ওয়াহিদার ওপর যে হামলা হয়েছে, সেই ব্যাপারেও তো ব্যবস্থা নেয়া হয়েছে। দলীয় পরিচয়ের নামও শোনা গেছে, কিন্তু কাউকে ছাড় দেয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘আবরার হত্যাকাণ্ডে যারা আসামি, তাদের প্রত্যেকেই ছাত্রলীগ পরিচয়ের, তাদের কি শাস্তি থেকে অব্যাহতি দেয়া হয়েছে? নাকি চার্জশিট থেকে বাইরে রাখা হয়েছে?’