Home Blog Page 2642

সৌদি প্রবাসীদের জন্য ফ্লাইটের আসন বৃদ্ধি

0

করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে আটকেপড়া সৌদি প্রবাসীদের জন্য সেদেশে যাওয়ার সুবিধার্থে ফ্লাইটের আসন সংখ্যা বাড়ানো হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড়োজাহাজে আসন সংখ্যা বেশি থাকলেও কোভিড-১৯ এর কারণে ঢাকা থেকে সৌদি আরবে গমনকারী উড়োজাহাজের ক্ষেত্রে প্রশস্ত উড়োজাহাজে ২৬০ জন এবং অপ্রশস্ত উড়োজাহাজে ১৪০ জন যাত্রী পরিবহন করার বাধ্যবাধকতা ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদিগামী যাত্রীদের ঢাকা থেকে দ্রুত ফেরত যাওয়ার স্বার্থে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার জারিকৃত আদেশে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ নিয়ম শিথিল করেছে। এখন সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের একটি আসন ব্যতিত সব আসনে যাত্রী পরিবহন করা যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনোরকম চার্জ ব্যতিত আসন বরাদ্দ করছে।

যাত্রী ব্যতিত অন্য সবাইকে এয়ারলাইন্স অফিসে না যাওয়ার/ভিড় না করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, বিপুল সংখ্যক সৌদি প্রবাসীদের সেদেশ ফেরত যাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স। তবে এয়ারলাইন্স দুটির অফিসে প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। রোববার ‘বিশৃঙ্খল’ পরিস্থিতির কারণে টিকিট বিক্রি ও টোকেন দেওয়া সাময়িক বন্ধ করে দেয় ঢাকার সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সকালে ভিড় নিয়ন্ত্রণে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে প্রবাসীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

আবারো ছেলে হত্যার বিচার চেয়ে কাঁদলেন আবরারের বাবা

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার ঘটনার আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আজ সোমবার (৫ অক্টোবর) জবানবন্দি দেন হত্যা মামলার বাদী ও আবরারের বাবা বরকত উল্লাহ।

পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এসময় এজাহারের বক্তব্য সমর্থন করে তিনি জবানবন্দি প্রদান করে ছেলে হত্যার ন্যায়বিচার প্রত্যাশা করেন। একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বরকত উল্লাহ বলেন, ‘আসামিরা আমার ছেলেকে ছয় ঘণ্টা ধরে অমানবিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আদালতে হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।’

গত ২০ সেপ্টেম্বর আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে ওইদিন আবরারের বাবা জন্ডিসে আক্রান্ত থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ৫ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আবরার ফাহাদকে রুম থেকে ডেকে নেন। পরে রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। থাকতেন হলের ১০১১ নম্বর কক্ষে।

ওই ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। ২৫ জনের মধ্যে এজাহারনামীয় ১৯ জন ও এজাহারবহির্ভূত ছয়জন রয়েছেন।

ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধি কেন অবৈধ না: হাইকোর্টের রুল

0

ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধি কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পহেলা এপ্রিল এই দাম বাড়ানো হয়েছিলো। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এই রুল জারি করে করেন।

নিয়ম অনুযায়ী, বছরে একবার ওয়াসা পানির দাম বাড়াতে পারবে। কিন্তু ওয়াসা চলতি অর্থ বছরে দুই দফায় পানির দাম ৩০ শতাংশ বাড়ায়। প্রথম দফায় পাঁচ শতাংশ দাম বাড়ানো আইনগতভাবে সঠিক হলেও, দ্বিতীয় দফায় ২৫ শতাংশ বাড়ানো বেআইনি হওয়ায় এই রুল জারি করেন হাইকোর্ট। ওয়াসার এমডিসহ ৬ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সঞ্জয় দত্তের ছবি ভাইরাল

0

ফুসফুস ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। প্রিয় তারকার এই দুঃসংবাদ জানার পর ভেঙে পড়েন তার ভক্ত ও অনুরাগীরা। এরই মধ্যে সঞ্জয়ের কেমো থেরাপি শুরু হয়েছে।

সঞ্জয় দত্তের শারীরিক উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। বয়স ৬১ বছর হলেও তার সুঠাম দেহে বার্ধক্য বাসা বাঁধতে পারেনি। এদিকে সঞ্জয় দত্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যে ছবিতে অচেনা এক সঞ্জয় ক্যামেরাবন্দি হয়েছেন। এতে দেখা যায়—সঞ্জয়ের পরনে আকাশী রঙের টি-শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের কার্গো প্যান্ট। সুঠাম দেহের সঞ্জয়ের স্বাস্থ্য অনেকটা ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি দেখে তার ভক্তরা প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন। অন্যদিকে মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, সঞ্জয় দত্তের বর্তমান শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।

গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মুম্বাই এয়ারপোর্ট স্ত্রী মান্যতার সঙ্গে দেখা যায় সঞ্জয়কে। এরপর গুঞ্জন ওঠে, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই ‘খলনায়ক’। কিন্তু পরে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্টে নয়, দুবাইতে ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি দুবাই থেকে মুম্বাই ফিরেছেন সঞ্জয় দত্ত। মুম্বাই এয়ারপোর্টে পৌঁছানোর পর এক ভক্তের অনুরোধে ভাইরাল হওয়া ছবিটি তোলা হয়।

করোনার কারণে স্কুল খুলতে পারছি না : প্রধানমন্ত্রী

0

করোনার কারণে স্কুল খুলতে পারছি না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে স্কুল খুলতে পারছি না। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এটা বাচ্চাদের জন্য সত্যিই খুব কষ্টের। কারণ ঘরের মধ্যে বসে থেকে কী করবে তারা?’

আজ সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব শিশু অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের প্রতিটি উপজেলায় শিশুদের জন্য মিনি স্টেডিয়াম করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, একটা সমস্যা এখন দেখা দিয়েছে করোনাভাইরাসের কারণে স্কুল খুলতে পারছি না। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এটা বাচ্চাদের জন্য সত্যিই খুব কষ্টের। কারণ ঘরের মধ্যে বসে থেকে কী করবে তারা?

প্রধানমন্ত্রী বলেন, কিছু কিছু ক্ষেত্রে যৌথ পরিবার আছে। যৌথ পরিবারের শিশুদের খুব একটা কষ্ট হয় না। কারণ নিজের আত্মীয়-স্বজন সকলের সঙ্গে সমবয়সী অনেক পাওয়া যায়। তাদের সঙ্গে মিলেমিশে খেলাধুলা করে খুনসুটি করে ঝগড়া করে আবার একসঙ্গে মিলে খেলাধুলা করে তাদের একটা সুন্দর পরিবেশ থাকে কথা বলার একটা সুযোগ পায়।

এ সময় করোনাকালে শিশুদের আশপাশে পার্কে অন্তত এক ঘণ্টার জন্য ঘুরতে নিয়ে যেতে বাবা-মায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শ্লীলতাহানির ভিডিও সরানো হয়েছে কি-না জানতে চান হাইকোর্ট

0

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সরিয়ে নেয়া হয়েছে ‍কি-না তা জানতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে এ বিষয়ে মূল আদেশ দেয়ার জন্য বেলা ২টার পর সময় নির্ধারণ করেছেন আদালত।

এ-সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করা হলে তা আমলে নিয়ে আজ সোমবার (৫ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শমীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আদালতে বিষয়টি নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ও জেড আই খান পান্না। ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।

শুনানিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। আদালত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ না পেলে এমন জঘন্য ঘটনা আড়ালেই থেকে যেত।

অন্য এক মামলায় সংযুক্ত থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন শুনানিতে বলেন, মাই লর্ড গতকাল রাতে আমি ফেসবুকে এ জঘন্য ঘটনার ভিডিও দেখেছি। এটি অত্যন্ত জঘন্য একটি ঘটনা। এ রূপ ঘটনা আগে কখনো দেখেনি। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তারা।

এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করেন। নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর ৯ জনকে আসামি করে রোববার দিবাগত রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা গৃহবধূ (৩৫)।

এ ঘটনায় মামলার প্রধান আসামি বাদল এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত র‌্যাব-১১-এর নিরবচ্ছিন্ন সাঁড়াশি অভিযানে বাদলকে ঢাকা হাইওয়ে এবং দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার বিকেল ৪টা এবং রাত ১১টায় অভিযান চালিয়ে একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে মো. আব্দুর রহিম (২০) ও মো. রহমত উল্যাহ (৪১) নামের দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ

0

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সম্মিলিত ছাত্র-জনতা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে জাদুঘরের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেন তারা।

এই গণঅবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।

এদিকে, একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে।

টোকেনের আশায় আজও সোনারগাঁওয়ে প্রবাসীদের ভিড়

0

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় সোমবারও (৫ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ের গেটে অপেক্ষা করছেন বহু প্রবাসী।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন শতাধিক প্রবাসী। তবে অন্য দিনের তুলনায় লোকজন অনেক কম হওয়ায় বিশৃঙ্খলা নেই।

যারা টোকেনের আশায় এসেছেন, তাদের একটি ফরম দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। সেই ফরমে ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখতে বলা হয়েছে। একটি ফরমে ২০ জন প্রবাসী তথ্য লিখে দিতে পারছেন।

টোকেন প্রত্যাশী সাইদুর রহমান বলেন, টোকেনের জন্য এসেছি, এখানে একটা ফরম দেওয়া হচ্ছে, সেটা পূরণ করে জমা দিতে বলা হয়েছে, সেটা পূরণ করে জমা দিয়েছি।

এদিকে রোববারের (৪ অক্টোবর) মতো লোকসমাগম না হলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। হোটেল সোনারগাঁও ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, যারা ফরম পূরণ করবেন, ভিসার মেয়াদ অনুযায়ী তাদের টিকিট দেওয়া হবে, অর্থাৎ যার ভিসার মেয়াদ কম, তিনি আগে সৌদি যাওয়ার টিকিট পাবেন।

যদিও সৌদি এয়ারলাইন্স রোববারের পূর্ব পর্যন্ত রিটার্ন টিকিটের তারিখ ধরে টিকিট রি-ইস্যু করেছে। কিন্তু রোববার অন্তত ১৫ সহস্রাধিক প্রবাসীর বিক্ষোভ ও আন্দোলনে ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দেওয়ার ঘোষণা দেয়।

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

0

কিশোরগঞ্জের করিমগঞ্জের আব্দুর রহমান আমিন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও অপর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জ জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কাশেম, নজরুল, লিটন ও সাত্তার। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন, খোকন, সিরাজ উদ্দিন ওরফে সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ।

মামলার বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের সাবেক তদারক সহকারী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কালোপানি বজরা গ্রামের আ. রহমান আমিন চাকরি থেকে অবসর নেয়ার পর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের শিংগুয়া গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। শিংগুয়া গ্রামের মৃত আ. কাদিরের ছেলে কাশেম, সিরাজ ও নজরুলের সঙ্গে তার বিরোধ ছিল।

২০০৬ সালের ২৩ এপ্রিল ভোরে আসামিরা আ. রহমানের বসতঘরে হামলা করেন। তারা তাকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করেন। হামলায় আহত হন নিহতের স্ত্রী মোছা. নূরুন্নাহার। এ সময় ঘরের টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যান হামলাকারীরা।

এ ঘটনায় ওই দিনই নিহতের স্ত্রী নূরুন্নাহার ওরফে রাবেয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

২০০৮ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ৮ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ২২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট। এতে করে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।

অপরদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অশোক সরকার।

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: প্রধান আসামি বাদল গ্রেফতার

0

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার মামলার প্রধান আসামি বাদল এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার মধ্যরাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত র‌্যাব-১১-এর নিরবচ্ছিন্ন সাঁড়াশি অভিযানে বাদলকে ঢাকা হাইওয়ে এবং দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

তিনি জানান, দেশব্যাপী চাঞ্চল্যকর ওই ঘটনায় মামলা দায়েরের পর আমাদের কাছে খবর আসে, জড়িত কয়েকজন গা ঢাকা দেয়ার উদ্দেশ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন। ওই খবরে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মধ্যরাতে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা হাইওয়ে এলাকা থেকে এবং ভোরে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, দুপুরে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এরপর আসামিদের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন।

নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর ৯ জনকে আসামি করে রোববার দিবাগত রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা গৃহবধূ (৩৫)। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এক আসামিকে রোববার বিকেল ৪টায় এবং অপর আসামিকে রাত ১১টায় একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন- একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়া বাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. আব্দুর রহিম (২০) ও একই এলাকার মোহর আলী মুন্সি বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহ (৪১)।

জানা গেছে, গত তিন বছর আগে ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে তার স্বামী আরেকটি বিয়ে করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার ঘরে প্রবেশ করেন। বিষয়টি দেখতে পান স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার।

গতকাল রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করেন এবং পর পুরুষের সাথে অনৈতিক কাজ করেছে বলে অভিযোগ এনে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারন করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, নির্যাতনকারীদের মধ্যে এক যুবক নারীর পরনে থাকা জামা কাপড় টেনে-হিঁচড়ে সম্পূর্ণ খুলে ফেলে। এ সময় ওই নারী বিছানার চাদর, তোষক, খাটের ওপর থাকা বিভিন্ন কাপড় দিয়ে নিজের দেহ ঢেকে দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু নির্যাতনকারীদের মধ্যে কয়েকজন চারদিক থেকে কাপড়গুলো টেনে সরিয়ে দেয়। এক যুবক নারীর মুখে বারবার লাথি মারে। একজন তার মুখ ও বুকের বিভিন্ন স্থানে কামড় দেয়। এক যুবক নারীর গোপনাঙ্গে বারবার হাত দেয় ও আঘাত করে। আরেক যুবক তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। নির্যাতনকারীদের বারবার বাবা ডেকেও রক্ষা পাননি ওই নারী।
ভিডিওটি দেখে একাধিক ব্যক্তি জানান, স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও তার সেকেন্ড ইন কমান্ড বাদল, কালাম, সাইফুদ্দিন, রহিম ও সুমনসহ ৬-৭ ওই নারীর ওপর এ নির্যাতন চালিয়েছে। নির্যাতনকারী দেলোয়ার ও তার বাহিনীর লোকজনের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।