Home Blog Page 2643

হাসপাতাল থেকে বেরিয়ে ‘চমকে’ দিলেন ট্রাম্প

0

সাংবাদিকেরা জানতেন না। জানতেন না তার কোনো সমর্থক। স্থানীয় সময় রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাউকে কিছু না বলে এভাবে হঠাৎ ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে বেরিয়ে সমর্থকদের চমকে দিয়েছেন।

একটি ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরা ট্রাম্প বিলাসবহুল গাড়িতে হাসপাতাল থেকে বেরিয়ে সমর্থকদের হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন। গাড়ির সামনের সিটে যে দুজন বসে আছেন, তারাও মাস্ক পরা।

এরপর হোয়াইট হাউজ থেকে বিবৃতিতে জানানো হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শেষ দিকে তার সমর্থকদের সঙ্গে দেখা করতে বেরিয়ে আসেন। এখন তিনি সামরিক হাসপাতালের প্রেসিডেন্ট বক্সে আছেন।’

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়।

ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল থেকে কিছু সময়ের জন্য বের হওয়ার আগে ট্রাম্প বলেন, ‘আমরা চিকিৎসকদের থেকে ভালো ভালো রিপোর্ট পাচ্ছি। এটা দারুণ হাসপাতাল। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সমর্থকেরা এদিন হাসপাতালের সামনে জড়ো হয়ে প্রার্থনা করেন। তাদের দেখা দিতেই শরীরে করোনা নিয়ে বের হয়ে যান।

শুক্রবার হাসপাতালে আসার পর থেকে এখন পর্যন্ত এই চিকিৎসাকেন্দ্রকে তার কাছে স্কুল মনে হচ্ছে, ‘দারুণ অভিজ্ঞতা। আমি কভিড সম্পর্কে অনেক কিছু শিখেছি। সত্যিকারের স্কুলে এসে আমি এসব শিখলাম।’

বাংলাদেশে এসেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী

0

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশে এসেছেন। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সোমবার সকালে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। ভারতীয় সময় সকাল ৯টা ৪১মিনিটে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এখন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় তিনি আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এলেন। দুপুর নাগাদ ঢাকায় পৌঁছাবেন তিনি।

তাকে আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে ত্রিপুরা রাজ্যের প্রটোকল অফিসাররা বিদায় জানান। অপরদিকে, আখাউড়া সীমান্তের বাংলাদেশের দিকে উপস্থিত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।

সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে বিক্রম বলেন, বাংলাদেশ ও ভারত অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র, সেখানে কাজ করতে পারার সুযোগ পেয়ে আমি খুশি।

এর আগে গত শনিবার (৩ অক্টোবর) তিনি দিল্লী থেকে আগরতলায় আসেন। এর পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যপাল রমেশ বৈশ্যর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের ত্রিপুরা চ্যাপ্টার এবং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হয়। ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের ত্রিপুরা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুজিত রায়ের নেতৃত্বে প্রতিনিধীদল রাজ্য অতিথিশালায় গিয়ে তাকে সংবর্ধনা দেন।

তিনি দক্ষিণ জেলার সাব্রুন ল্যান্ড কাস্টম স্টেশন, মুহুরীঘাট এলাকা, সিপাহীজলা জেলার শ্রীমন্তপুরের ল্যান্ডপোর্ট, আগরতলা আখাউড়া নির্মীয়মান রেলপথ, গোমতী নদীতে নির্মিত নৌ প্রটোকল রুটের জেটি পরিদর্শন করেন।

আগামী ৮ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন তিনি।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

এদিকে বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন।

এর আগে বেনাপোল সীমান্ত দিয়ে গত ২ অক্টোবর ঢাকা ছেড়েছেন বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। গত বছর ১ মার্চ ঢাকায় আসেন তিনি। রীভার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

গৃহবধূকে শ্লীলতাহানির ভিডিও শেয়ার করলে ব্যবস্থা : পুলিশ

0

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভাইরাল হয়ে পড়া ভিডিওটি শেয়ার না করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

আজ সোমবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বিবিসি বাংলা।

এতে বলা হয়, ভিডিওটি শেয়ার না করতে অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে এই ভিডিও শেয়ার করতে দেখা গেলে বা এই ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওইসব কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।

ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা জানাজানি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রায় দেড় মিনিটের ওই ভিডিও চিত্রে দেখা যায়, ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু নির্যাতনকারীরা তার পোশাক কেড়ে নিয়ে কিছু একটা বলতে থাকে। তিনি প্রাণপণে সম্ভ্রম রক্ষার চেষ্টা করেন, হামলাকারীদের ‘বাবা’ ডাকেন এবং তাদের পায়ে ধরেন। কিন্তু তারা ভিডিও ধারণ বন্ধ করেনি। বরং এক যুবক কয়েকবার ওই নারীর মুখে লাথি মারে ও পা দিয়ে মুখসহ শরীর মাড়িয়ে দেয়। এরপর তার শরীরে একটা লাঠি দিয়ে মাঝে মাঝেই আঘাত করতে থাকে। সে তার নগ্ন ছবি ধারণ করে। একজন হাত উঁচিয়ে তাকে ইন্ধন জোগায়। এ সময় ঘটনাটি ফেইসবুকে ছড়িয়ে দেবে বলে উল্লাস প্রকাশ করে ‘ফেইসবুক’ ‘ফেইসবুক’ বলে চেঁচায় আরেকজন।

সোমবার সকাল পর্যন্ত ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ চারজনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ।

নির্যাতিতার বাবা সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি তারা। ওই যুবকদের ভয়ে ঘটনার পর তার মেয়ে বাড়ি ছেড়ে চলে যায়।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ করে লেখালেখি হয়। বেগমগঞ্জের ঘটনায়ও রবিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদ।

প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা নয় : স্বরাষ্টমন্ত্র্রী

0

আসন্ন দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সীমিত রাখা হতে পারে পূজামণ্ডপের সংখ্যাও।

আজ রবিবার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত এক সভায় (ভার্চুয়াল) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত সময়ের মধ্যে রয়েছে- পূজামণ্ডপে প্রবেশের সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে; হাত ধোয়া ও স্যানিটাইজার এবং মাস্ক বাধ্যতামূলক করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে মোবাইল ডিউটিতে থাকবে; পূজামণ্ডপে জনসমাগম কমানোর জন্য অঞ্জলি প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেলে প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন; ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে; জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশাবলী মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে।

আরও গৃহীত সিদ্ধান্তগুলো হলো- করোনার সেকেন্ড ওয়েব সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে; পূজামণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। জরুরি প্রয়োজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবেন।

সভায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন- সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, মহাপরিচালক কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, বিজিবি, র‌্যাব, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে তামান্না ভাটিয়া

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বাহুবলী’খ্যাত এই তারকাকে।

কয়েক মাস আগে তার বাবা-মাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।

সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে গিয়েছেন তামান্না। সেখানে যাওয়ার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

তামান্নার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে, অভিনেত্রীর ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে।

এর আগে গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তখন বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানান। তখন তামান্নাসহ তার পরিবারের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন লাস্যময়ী এই নায়িকা।

ফের বাজিমাত রকস্টার টাইগারের!

0

তুখোর নাচ, অসাধারণ বডি এবং বহুমুখী প্রতিভার কারণেই ইন্ডাস্ট্রিতে একটা আলাদা জায়গা তৈরি করেছেন টাইগার শ্রফ। একের পর এক হিট ছবিতে শুধু অভিনয় দক্ষতাই নয়, সম্প্রতি নিজের প্রথম গানের সিঙ্গল অ্যালবাম প্রকাশ করেছেন টাইগার। আর গান মুক্তি পেতেই চার্টবাস্টারে বেশ ভালো জায়গা করে নিয়েছে ‘আনবিলিভেবল’ গানটি। লকডাউনের এমন কালবেলাতেও দারুণ সময় কাটছে অভিনেতার। নিজের গানের জাদুতে ভর করে ফের একবার দর্শকের মন জয় করে ফেলেছেন তিনি।

সেপ্টেম্বর ও অক্টোবরের এই সময়টা দারুণ কাটছে টাইগারের। ফ্যানেদের ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। হৃত্বিকের সঙ্গে ‘ওয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ। ২০১৯ সালে ব্লকবাস্টার হিট হয়েছিল ছবি, বক্স অফিসে ব্যবসা করেছিল প্রায় ৫২ কোটি টাকা। গত বছরের সবচেয়ে ভালো ব্যবসা করা ছবির মধ্যে নাম রয়েছে ওয়ারের। এবার গানের সঙ্গে তাঁর চমকপ্রদ ডান্স মুভসের যুগলবন্দি। ফের একবার বাজিমাত করেছেন টাইগার।

অভিনয়, অসাধারণ নাচের দক্ষতা, অ্যাকশন হিরোর তকমাতো বলিউডে পা রাখার পর পরই মিলেছে। এবার একেবারে নয়া অবতারে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। গান গেয়েছেন টাইগার। ‘আনবিলিভেবল’ নামের গানটি কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। টাইগার শেয়ারও করেছিলেন নতুন গান। পুনিত মালহোত্রার সহযোগিতায় এই মিউজিক ভিডিয়ো করেছেন অভিনেতা। শুধু গানই, নয় গানের ভিডিয়োতেও দেখা গিয়েছে একেবারে ছক ভাঙা রকস্টার টাইগারকে।

সোশ্যাল মিডিয়ায় এই গানটি শেয়ার করে টাইগার লিখেছেন, ‘যখন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঝাঁপ দেব ভেবেছিলাম সেটা কঠিন ছিল। তবে এটা আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং এবং দারুণ অভিজ্ঞতা ছিল। গোটা বিশ্বের সমস্ত সঙ্গীতশিল্পীকে আমার শ্রদ্ধা। কত কিছু শেখার আছে… তার আগে আমাদের একটা ছোট্ট উদ্যোগ।’ হ্যাশট্যাগে রয়েছে #YouAreUnbelievable।

মুশফিক এখন ইউনিসেফের শুভেচ্ছাদূত

0

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হয়েছেন ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। এই দায়িত্বের অংশ হিসেবে ইউনিসেফের হয়ে দেশজুড়ে শিশুদের অধিকার নিয়ে প্রচার-প্রচারণা চালাবেন তিনি।

রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। এতে সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি টামু হজুমির বরাত দিয়ে বলা হয়েছে, জাতিসংঘের শুভেচ্ছদূত হিসেবে আমরা মুশফিকুর রহিমকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি তিনি তার মেধা ও মর্যাদার মাধ্যমে এদেশের মানুষের কাছে পৌঁছে যাবেন।

শুভেচ্ছাদূত মনোনীত হওয়ার পর ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেজে ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিক।

ভিডিও বার্তায় মুশফিক বলেছেন, বাংলাদেশের নানান সফলতায় নানানভাবে দায়িত্ব পালন করেছি আমি। বাংলাদেশ জাতীয় দলকে আমি নেতৃত্ব দিয়েছি এবং দেশের জন্য সফলতা নিয়ে আসার চেষ্টা করছি। বাংলাদেশের শিশুদের অধিকারে উন্নতি আনতে ইউনিসেফের সঙ্গে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। আমি শিশুদের অধিকার নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত।

এদিকে, ইউনিসেফ পরিবারের সঙ্গে মুশফিক যোগ দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন সংস্থাটির বাংলাদেশ উপ-প্রতিনিধি ভিরা মেনডোনকা। তিনি বলেন, আজ আমরা গর্বিত মুশফিকুর রহিকে ইউনিসেফ পরিবারের নতুন শুভেচ্ছাদূত হিসেবে স্বাগত জানাতে পেরে। আমরা বিশ্বাস করি মুশফিক তার নেতৃত্ব গুণ সম্মান এবং প্রতিভা দিয়ে ইউনিসেফকে সাহায্য করবে যাতে পুরো বাংলাদেশের মানুষের মাঝে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে পারি আমরা। এবং আমরা বিশ্বাস করি সকল শিশুকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করবেন মুশফিক।

এর আগে, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান ইউনিসেফ’র শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন।

মাঠে নামছেন তামিম

0

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রস্তুতিতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে সে সফর স্থগিত হয়ে গেছে। সফর না হলেও অনুশীলন থামায়নি টাইগাররা। অনুশীলনের অংশ হিসেবে প্রস্তুতি ম্যাচেও মাঠে নামে মুশফিক-মুমিনুলরা।

দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি দলের ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। কেন খেলেননি তা অবশ্য জানা যায়নি। বলা হয়েছে, উল্লেখ করার মত কোন শারীরিক সমস্যা ছিল না, ছোটখাট কিছু ইনজুরি আছে, এ কারণে প্রথম দু’দিনের ম্যাচ না খেলে বিশ্রামে ছিলেন তামিম।

তবে শেষ খবর, আগামীকাল ৫ অক্টোবর থেকে শেরে ই বাংলা স্টেডিয়ামে যে দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে, তাতে অংশ নেবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

রবিবার বিকালে বিসিবি থেকে যে খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে রাায়ান কুক একাদশে নাম আছে তামিমের। জানা গেছে, তামিম কাল সোমবার শেষ দুই দিনের গা গরমের ম্যাচটি খেলবেন।

উল্লেখ্য, প্রথম দুই দিনের ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হয়েছে। পেস বোলিং কোচ ওটিস গিবসনের নামের একাদশ প্রথম ব্যাট করতে নেমে ২৩০ রানে অলআউট হয়ে গিয়েছিল। সর্বাধিক ৬২ রান আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে।

দ্বিতীয় সর্বাধিক ৫১ রান করেন সৌম্য সরকার। জবাবে মুমিনুল হকের সেঞ্চুরি আর মিঠুনের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ২৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় রায়ান কুকের দল। ইমরুল কায়েস (৭) ও লিটন দাস (৭) ভালো কোনো স্কোর করতে পারেননি। একই ভাবে প্রথম ম্যাচে ব্যাট কথা বলেনি মুশফিকুর রহীমেরও। মুশফিক মাত্র ৩ রানে বোল্ড হয়েছেন।

বিসিবির প্রস্তাবিত ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন না মাশরাফি

0

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলে জাতীয় দলের নেতৃত্বভার ছেড়ে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে আন্তর্জাতিক ক্রিকেটসহ ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন দেশসেরা অধিনায়ক। তবে করোনা পরবর্তী বিসিবির প্রস্তাবিত ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন না মাশরাফি।

তিন দল নিয়ে বিসিবি একটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে। আগামী ১১ অক্টোবর মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। বাংলাদেশ টেস্ট দলের পুলে থাকা ক্রিকেটাররা একটি দুই দিনের ম্যাচ শেষ করেছেন। এরপর আরও একটি দুই দিনের ম্যাচ খেলবেন তারা। এরপর বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল ও হাই পারফরম্যান্স দল নিয়ে হতে পারে ওয়ানডে টুর্নামেন্টটি।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানতে পেরেছে, বিসিবির নির্বাচকরা মাশরাফিকে জিজ্ঞেস করেছেন খেলতে পারবেন কিনা। কিন্তু করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠা মাশরাফি জানিয়েছেন তার ফিটনেস খেলার পর্যায়ে নেই। ফিটনেস ফিরে পেতে সময় লাগবে দুই সপ্তাহ। কারণ তিনি বিসিবি আয়োজিত স্বতন্ত্র অনুশীলন করেননি। কিন্তু বিসিবির টুর্নামেন্টটি হবে এক সপ্তাহ পরে। মাশরাফি তাই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছেন।

সমবেদনা জানিয়ে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর চিঠি

0

মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সহানুভূতির বার্তা জানিয়ে রবিবার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে তিনি লেখেন, ‘দুঃখজনকভাবে আপনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং একটি হাসপাতালে আপনার চিকিৎসা শুরু হয়েছে শুনে আমি দুঃখ বোধ করছি।’

করোনাভাইরাস থেকে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি চিঠিতে আরও লেখেন, ‘আশা করি আপনি আগামীদিনে আরও শক্তিশালী ও প্রাণবন্ত মনোভাব নিয়ে আপনার অফিসে ফিরে আসবেন এবং করোনাভাইরাস ও এই সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আপনার দেশকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণকে করোনাভাইরাস এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক উদ্যোগ ও বিস্তৃত কর্মসূচি গ্রহণের জন্য আমি আপনার গতিশীল নেতৃত্ব এবং চরম আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করি।’

যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের হুমকি রোধে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে রয়েছে। এই অপ্রত্যাশিত প্রতিকূল সময়ে আমার চিন্তাভাবনা আপনার এবং আপনার পরিবারের সাথে রয়েছে।’