Home Blog Page 2645

মিন্নিসহ ৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে

0

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামির ডেথরেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে।

আজ রবিবার (৪ অক্টোবর) সকালে বরগুনা কোর্টের কর্মকর্তা জাহাঙ্গীর পিকু রিফাত হত্যা মামলার বিভিন্ন নথিসহ ডেথরেফারেন্স নিয়ে আসেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাস দেন আদালত। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

এ ছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

রিফাত হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

মিশরের মরুভূমিতে পাওয়া গেলো কয়েক ডজন মমি

0

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারার প্রাচীন সমাধিভূমি থেকে আরো কয়েক ডজন নতুন মমির সন্ধান পেয়েছে দেশটির প্রত্নতাত্ত্বিকরা। এছাড়া ৫৯টি সারকোফ্যাগাসও পাওয়া গেছে সেখানে। চলতি বছর এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।

জানা গেছে, সাক্কারার প্রাচীন সমাধিভূমি খনন করে এসব মমি খুঁজে পাওয়া যায়। শনিবার এক আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালিদ আল-আনানি কয়েক ডজন দেশের রাষ্ট্রদূতদের সামনে একটি সারকোফ্যাগাস খোলেন। সারকোফ্যাগাস হচ্ছে কফিন যেখানে মমি রাখা হয়।

তিনি জানান, প্রাচীন মিশরের বিস্ময় এখনো ফুরিয়ে যায়নি। কারণ শুক্রবার রাতেই তারা ২৭টি সারকোফ্যাগাস আবিষ্কার করেছেন। এই ৫৯টি কফিনের গঠন দুই হাজার ৬০০ বছর পরও মজবুত রয়েছে। এছাড়া ভেতরের মমির অবস্থাও ভাল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মিশর সরকার জানিয়েছে, গিজার পিরামিডের কাছে নবনির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান যাদুঘরে এসব মমি দর্শনার্থীদের জন্য সাজিয়ে রাখা হবে।

দুই শিশুকে পৈতৃক বাড়িতে ফেরাতে রাতে বসল হাইকোর্ট

0

বাপ ও চাচার দ্বন্দ্বের কারণে বাবা মারা যাওয়ার পর নিজের পৈতৃক বাড়িতে তার দুই সন্তানকে ফিরিয়ে নিতে এবং তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বারবার চেষ্টা সত্ত্বেও পৈতৃক নিবাসে ঢুকতে না দেওয়ার ঘটনায় আদালত এমন আদেশ দেন।

আদেশে ওই দুই শিশুকে তাদের বাসায় নিরাপদে রেখে আসতে ধানমন্ডি থানার ওসিকে নির্দেশ দেন হােইকোর্ট। এ ছাড়া আজ রবিবার (৪ অক্টোবর) সকালে আদালতে এ বিষয়ে প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে ধানমন্ডি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসিকে।

শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে একটি বেসরকারি টিলিভিশনে এ সংক্রান্ত টকশো শুরু হয়। যা রাত ১২টা ৩০ মিনিটে শেষ হয়। টকশোটি নজরে নিয়ে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেন এ আদেশ দেন।

জানা গেছে, এর আগে রাতে আপিল বিভাগের চেম্বার আদালত বসে কয়েকটি আদেশ দেওয়ার ঘটনা আছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিত হওয়ার নজিরও আছে। যদিও পর তা কার্যকর হয়। কিন্তু মধ্যরাতে হাইকোর্ট বসিয়ে আদেশ দেওয়ার ঘটনা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, একটি বেসরকারি টেলিভিশনে আলোচনা হচ্ছিল দুই শিশু নিয়ে। ওই দুটি বাচ্চা সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর নাতি। যাদের তাদের চাচা বাসায় ঢুকতে দিচ্ছিলেন না। কিছুদিন আগে এই দুই শিশু বাবাকে হারিয়েছেন। এই টশোতে আমি যুক্ত ছিলাম। টকশোটি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের নজরে আসায় হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে তাৎক্ষণিক আদেশ দেন।

মনজিল মোরসেদ আরও জানান, আদালতের নির্দেশে ধানমন্ডি থানার ওসি রাতেই ওই দুই শিশুকে তাদের পৈতৃক বাড়িতে উঠিয়ে দিয়েছে।

জানা গেছে, রাজধানী ধানমন্ডির একটি চারতলা বাড়ির মালিক সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবী। উত্তরাধিকার সূত্রে ওই বাড়িতে ঢুকতে চাইলেও গত কয়েকদিন ধরে ঢুকতে পারছে না কেএস নবীর ছোট ছেলে সিরাতুন নবীর দুই ছেলে।

গত ১০ আগস্ট সিরাতুন নবীর মৃত্যুর পর তার দুই ছেলেকে গত কয়েকদিন আগে বাসা থেকে বের করে দেন ওই শিশুদের আপন চাচা কাজী রেহান নবী। আগেই শিশু দু’টির বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। বাবার মৃত্যুর পর শিশু দুটি কিছুদিনের জন্য তার মায়ের আশ্রয়ে থেকে যায়। এর পর মায়ের কাছ থেকে নিজের বাবার বাসায় ফেরার চেষ্টা করে ওই দুই শিশু। কিন্তু তাদেরকে আর বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না। কয়েকবারের চেষ্টা করেও শিশু দু’টি ওই বাসায় প্রবেশ করতে পারেনি। বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হলে পুলিশের কথাও আমলে নেননি শিশুদের চাচা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেহান নবী।

দুই শিশুর ফুফু (কেএস নবীর বোনের মেয়ে) মেহরীন আহমেদ জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের জন্য ওদের বাবা-মা আলাদা থাকতেন। ওরা ওদের বাবার সঙ্গেই দাদার বাড়িতে থাকত। কিন্তু বাবার মৃত্যুর পর শিশু দুটি খুব বেশি বিষণ্ন হয়ে পড়ে এবং ওদের মায়ের কাছে কিছুদিন থেকে আবার গতকাল বাড়িতে ফেরে। কিন্তু তারা বাসার গেট খোলেনি। আমরা পরিবার থেকে যোগাযোগ করি। শিশুদের বড় চাচা কাজী রেহান নবীকে ফোন করি। কিন্তু তিনি শরীর অসুস্থতার অযুহাতে পরে বাড়িতে আসতে বলেন। এরপর আমরা ধানমন্ডি থানায় বিষয়টি অবহিত করি।

তিনি আরও জানান, বাড়িটি এখনো কেএস নবীর নামে। সেদিক থেকে দেখলে এই শিশু দুটিও ওই বাড়ির উত্তরাধিকারী। আর শিশুদের বাবার মৃত্যুর পর তার ব্যাংক-ব্যালেন্স দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই বড় ভাই রেহান নবী।

ঘটনাটি নিয়ে শনিবার দিবাগত রাতে একাত্তর টিভির একাত্তর জার্নালে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এসময় একাত্তর জার্নালে শিশু দুটির সঙ্গে তাদের ফুফু, সাংবাদিক রেজওয়ানুল হক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আলোচনায় যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি প্রচার চলাকালীন বিষয়টি নজরে আসে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের। এর পর স্বপ্রণোদিত হয়ে মাঝরাতে হাইকোর্টের বেঞ্চ বসিয়ে আদেশ দেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ।

তারুণ্যে ভরপুর একজন মানুষ হঠাৎ করে কখনওই আত্মহত্যার কথা ভাবে না : কঙ্গনা

0

”তারুণ্যে ভরা, আসমান্য এক মানুষ আচমকা একদিন সকালে নিজেকে শেষ করে দিতে পারে না”। শনিবার সুশান্তের মৃত্যুতে এআইআইএমএস-এর রিপোর্ট নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত।

শনিবার (৩ অক্টোবর) এআইআইএমএস-এর তরফে সুধীর গুপ্তা জানান ”সুশান্তের মৃত্যু আত্মহত্যা, খুনের তত্ত্ব এখানে কোনও ভাবেই খাটছে না।”

সুশান্তের দেহে কোনও রকম আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক সুধীর গুপ্তা। এআইআইএমএস-এর রিপোর্টের পরই ফের টুইটারে মুখ খোলেন বলিউডের ‘কুইন’।

কঙ্গনা লেখেন, ”তারুণ্যে ভরপুর, আসমান্য এক মানুষ আচমকা একদিন সকালে উঠে নিজেকে শেষ করে দিতে পারেন না। সুশান্ত বলেছিলেন তিনি নিগ্রহের শিকার। ওঁর অভিযোগ ছিল মুভি মাফিয়ারা তাঁকে নিষিদ্ধ করেছে। জীবনের আশঙ্কা করেছিলেন। বলেছিলেন, মুভি মাফিয়ার হেনস্তা আর নিষিদ্ধ ঘোষণা করার কথা। ওঁর বিরুদ্ধে ভুয়ো ধর্ষণের অভিযোগের কারণে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি।”

এখানেই শেষ নয়, বেশকিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা।

১) সুশান্ত বারবার বলেছিলেন বড় প্রযোজনা সংস্থা তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ওঁর বিরুদ্ধে ষড়যন্ত্র যাঁরা করেছিলেন তাঁরা কারা?

২) কেন সংবাদমাধ্যম তাঁকে ভুয়ো ‘ধর্ষণকারী’র তকমা দিয়েছিল?

৩) কেন মহেশ ভাট সুশান্তের সাইকো-অ্যানালিসিস করেছিলেন?

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বরই এআইআইএমএস-এর তরফে সিবিআই-এর হাতে সুশান্তের ভিসেরা রিপোর্ট তুলে দেওয়া হয়। এআইআইএমএস-এর তরফে জানানো হয়েছেন, সুশান্তের সংরক্ষিত ভিসেরার মাত্র ২০ শতাংশ নমুনা নিয়ে তাঁরা পুনর্মূল্যায়ন করতে পেরেছেন। বাকি ৮০ শতাংশ মুম্বাই পুলিশ ব্যবহার করেছিল। পাশাপাশি এআইআইএমএস-এর ফরেনসিক টিম অভিনেতার একটি ল্যাপটপ, দুটি হার্ড ডিস্ক, একটি ক্যামেরা ও দুটি মোবাইল ফোনেরও পরীক্ষা করেছেন।

‘কেজিএফ’ সিনেমার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন ইয়াশ

0

‘রকিং স্টার’খ্যাত কন্নড় সিনেমার অভিনেতা ইয়াশ। ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ সিনেমা মুক্তির পর প্রশংসিত হয়েছেন। বক্স অফিসে বাজিমাত করেছে সিনেমাটি।

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কেজিএফ: চ্যাপটার টু’। বহুল আলোচিত সিনেমাটির জন্য অধির অপেক্ষায় রয়েছেন দর্শক। এদিকে টলিউড ডটনেট জানিয়েছে, সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন ইয়াশ।

‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ সিনেমার জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন ইয়াশ। কিন্তু সিক্যুয়েলের জন্য পারিশ্রমিকের পাশাপাশি মোটা অঙ্কের লভ্যাংশ দাবি করেছেন এই অভিনেতা। নির্মাতারাও অমত করেননি।

‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমাটিতে প্রধান খল চরিত্র আধীরার ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও কিছুদিন আগে তার ক্যানসার ধরা পড়ায় আপাতত বিরতি নিয়েছেন তিনি। যদিও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই অভিনেতা তার অংশের বেশিরভাগ শুটিং শেষ করেছেন। মাত্র তিনদিনের শুটিং বাকি আছে।

প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটিতে ইয়াশ-সঞ্জয় ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। আগামী ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

শাহরুখকে ‘ভীতু’ বলে অভিযোগ অভিনেত্রীর

0

সহজ-সরল কথাই বলেছিলেন শাহরুখ খান। কিন্তু সায়নি গুপ্তর তা পছন্দ হয়নি। বরং কিং খানকে ‘ভীতু’ বলে অভিযোগ করলেন অভিনেত্রী।

সায়নির কথায়, শাহরুখ অন্যায়ের বিরুদ্ধে গলা ওঠানোর সাহস রাখেন না। তিনি নীরব দর্শক!

শাহরুখের এক টুইট থেকে এর সূত্রপাত। মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিনে অভিনেতা তাকে শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করেন।

সেখানে লেখেন, “এই গান্ধী জয়ন্তীতে আমরা আমাদের সন্তানদের খারাপ কিছু না শোনার, দেখার ও বলার শিক্ষা দেবো।”

ভারতের ‘জাতির জনক’-এর আদর্শে নিজের অনুরাগীদের অনুপ্রাণিত করতে চেয়েছিলেন অভিনেতা। তিনি কি স্বপ্নেও ভেবেছিলেন এই টুইট জন্ম দিতে পারে বিতর্ক!

সায়নি লেখেন, “আপনি মুখ খুলুন। ঠিক কথাটা বলুন। গান্ধীজি আমাদের শিখিয়েছিলেন, নিপীড়িত, শোষিত ও আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে।”

অভিনেত্রী শাহরুখের উদ্দেশ্যে বলেন, “নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।”

সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় ভারত। তার পরেও একের পর এক ধর্ষণ। স্বরা ভাস্কর, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা ধিক্কার জানিয়েছেন এই ঘটনায়। কিন্তু শাহরুখ বরাবরের মতোই চুপ।

অনেকের অভিযোগ, শাসক দলের মন পেতেই হয়তো এ সব বিষয় থেকে দূরত্ব বজায় রাখেন অভিনেতা।

সায়নির সঙ্গে ২০১৬ সালে ‘ফ্যান’ ছবিতে অভিনয় করেন শাহরুখ। বলিউডের রাঘব বোয়ালরাও এ নায়ককে চটানোর সাহস রাখেন না। সায়নির এই মন্তব্য যেন সেই নিয়মেই কিছুটা ফাটল ধরিয়েছে। অবশ্য টুইটের কোনো জবাব দেননি শাহরুখ। তবে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে টুইটার ব্যবহারকারীদের তরফে।

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত, জানাল ফরেনসিক টিম

0

সুশান্তের মৃত্যুতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত। আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর দেহের ময়নাদতদন্ত করেছিলেন মুম্বইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকরা। পরে সিবিআই সুশান্ত মামলার তদন্তভার নেয়। প্রাথমিক ময়নাতদন্তের পর সুশান্তের ভিসেরা রিপোর্টের দায়িত্ব বর্তায় এআইআইএমএস-এর ফরেনসিক টিমের উপর। সুধীর গুপ্তর নেতৃত্বে সেই টিম কাজ শুরু করে। জানানো হয়, সুশান্তের দেহের ভিসেরা নমুনার মাত্র ২০ শতাংশ এআইআইএমএস টিম পেয়েছে। তার উপরে ভিত্তি করেই নতুন করে শুরু হয় পরীক্ষা। ২৯ সেপ্টেম্বর এআইআইএমএস টিমের পক্ষ থেকে চূড়ান্ত ভিসেরা রিপোর্ট সিবিআই-এর তদন্তকারী দলের হাতে তুলে দেওয়া হয়। তারপরই বেসরকারি সংবাদমাধ্যমের দাবি, রিপোর্টে খুনের তত্ত্ব খারিজ করে দেওয়া হয়েছে। ডা. সুধীর গুপ্ত এবং তাঁর টিম সুশান্তের মৃত্যুতে আত্মহত্যা বলেই মত দিয়েছেন।

শোনা গেছে, রিপোর্টের উপর ভিত্তি করে আত্মহত্যা হিসেবেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দেড় মাসেরও বেশি সময় ধরে এই মামলায় তদন্ত করছে সিবিআই।

শোনা গিয়েছিল, এবার সুশান্তের বন্ধু তথা ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি এবং তাঁর রাঁধুনি নীরজ সিংকে রাজসাক্ষী করার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। ভবিষ্যতে যদি এই মামলার অন্য কোনও সূত্র মেলে। তখন সুশান্তের মৃত্যুতে ৩০২ ধারা যুক্ত করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী দলটি। তার আগে পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলেই গণ্য করা হবে বলে বেসরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলেই দেশের মানুষ স্বস্তিতে আছে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলেই নভেল করোনাভাইরাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষ স্বস্তিতে আছে। আওয়ামী লীগ যে জনগণের সংগঠন, চলমান দুর্যোগের সময় তা আবারও প্রমাণিত।

আজ শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, এ দেশে গরিব মানুষের সেবা করা জন্য অনেক লোক, আনেক প্রতিষ্ঠান; কিন্তু করোনাকালীন দেশের এই খেটে খাওয়া মানুষের পাশে সরকার এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন অনেক ভালো ভালো মিডিয়া আছে। যে যার মতো আপন মনের মাধুরি মিশিয়ে বলেই যাচ্ছে, কিন্তু তাদের মাঠে মানুষের পাশে দেখা যায়নি। তারা কেউ আবার বিচার করে; আওয়ামী লীগ কতটুকু করল, কতটুকু করল না, কিন্তু তারা আয়নাতে নিজেদের চেহারা দেখে না। এই দেশে গরিব মানুষের সেবা করার অনেক লোক, অনেক রকমের প্রতিষ্ঠান, অনেক কার্যক্রম আমরা দেখি। কিন্তু করোনাকালীন তো তাদের কোনো কার্যক্রম আমরা দেখিনি। তখন সবাই ঘরে, তখন মানুষের পাশে আর কেউ নেই। মানুষের পাশে আওয়ামী লীগ আছে। কারণ আওয়ামী লীগ জনগণের সংগঠন, আওয়ামী লীগ জনগণের জন্য সব থেকে বেশি কাজ করে। এই বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির জন্যই জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফলটা যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছায়। আমরা যেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারি, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমরা মানুষের পাশে আছি, থাকবো। আমি দেশবাসীকে এইটুকু বলতে চাই যে, জনগণের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং সেটা এবারও এই দুর্যোগ করোনা মহামারির সময় প্রমাণ হয়েছে। এই অবস্থায় যেখানে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমেছে, অনেকে তো মাইনাসে চলে গেছে, তার পরও আমরা কিন্তু ৫ দশমিক ৬ এর কাছাকাছি অর্জন করতে পেরেছি। হয়তো আমরা আরও বেশি করতে পারবো। অর্থ্যাৎ একদিকে দুর্যোগ মোকাবিলা, অপরদিকে আমাদের দেশের অর্থনীতি সচল করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদের উন্নত জীবন দেওয়া—এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

সরকারপ্রধান বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এবং ভূমিহীন, যারা নিঃস্ব হয়ে গেছে তাদের সাহায্য করার জন্য আমরা বাজেটে আলাদা বরাদ্দ রেখেছি। মুজিববর্ষে আমাদের ঘোষণা, গৃহহীন-ভূমিহীন মানুষের আমরা ঘরবাড়ি তৈরি করে দেব। বৃক্ষরোপণ কর্মসূচি ব্যাপকভাবে চলছে। সরকারের পক্ষ থেকেও আমরা একই কর্মসূচি নিয়েছি। বৃক্ষরোপণ করা, সুবজ বেষ্টনি করা, প্রকৃতি রক্ষা করা—সেটাও আমরা করে যাচ্ছি।

উপস্থিত নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মাঠ পর্যায়ের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবেন। জনগণের জন্যই আওয়ামী লীগ সব সময় কাজ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এই জনগণকে একটা উন্নত জীবন দিতে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মুজিববর্ষে সেটাই আমাদের বড় অঙ্গীকার।

তিনি বলেন, ‘করোনার কারণে সাংগঠনিক কাযর্ক্রম খুব বেশি চালাতে না পারলেও সাংগঠনিক কার্যক্রমগুলো অব্যাহত রাখতে হবে। যেসব জায়গায় সম্মেলন হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সাংগঠনিক শক্তিটা হচ্ছে সবচেয়ে বড়। আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবিলার সময় তারা যখন মাঠে নেমেছে, তখনি সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমাদের প্রায় ৫২২ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। এই যে এতো বড় স্যাক্রিফাইস, বোধ হয় আর কোনও দল করেনি।’

এ সময় বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস এবং আন্দোলনের নামে মানুষ হত্যা ও নির্বাচন প্রতিহতের নামে সরকারি সম্পত্তি ধ্বংসের কথা পুনরুল্লেখ করেন সরকার প্রধান। তিনি বলেন, ‘একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ সামলাতে হয়, অন্যদিকে আন্দোলনের নামে যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদেরও সামলাতে হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হয়েছে।’ সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয় দেওয়া চলবে না: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো অবস্থাতেই দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না। শনিবার (৩ অক্টোবর) বিকেলে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

শনিবার সকালে গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দেশের ৮টি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সমন্বয় টিম গঠন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরে বলেন, ‘দলীয় সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সে দিকে সবাইকে লক্ষ রাখতে নির্দেশ দেন।’

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন, সে লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে লক্ষ্য অর্জনে বিরামহীন কাজ করে যাচ্ছে সরকার।

কমিটিগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে মাই ম্যান (নিজস্ব বলয় সৃষ্টির জন্য) কমিটি গঠন করা যাবে না, কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে যোগ্যতাসম্পন্ন ও পরীক্ষিত নেতাদের কমিটিতে রাখতে হবে বলে জানান ওবায়দুল কাদের।

তৃণমূলের সকল কমিটি সম্মেলনের মধ্য দিয়ে গঠন করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হলে মাঠের লোকজনই নেতা হবেন আর সম্মেলন ছাড়া হলে লবিংয়ে বা তদবিরের লোক নেতা হয়।

রবিবার থেকে মক্কা এবং মদীনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করা হচ্ছে

0

পবিত্র ওমরা পালনের জন্য রবিবার থেকে মক্কা এবং মদীনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেবে সৌদি আরব।
প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে সাত মাস বন্ধ থাকার পর সৌদি সরকার এসব পবিত্র স্থান উন্মুক্ত করে দিচ্ছে।

ওমরা পালনের বিষয়টি তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে থাকবে শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত নাগরিকেদর ওমরা পালনের সুযোগ। এ সময় প্রতিদিন ছয় হাজার মানুষ ওমরা পালনের সুযোগ পাবেন।

সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, প্রথম পর্যায়ে খুবই সতর্কতার সাথে এবং সুনির্দিষ্ট সময়ের ভেতরে ওমরা পালন করা হবে। তিনি জানান, ওমরা পালনকারীদেরকে কয়েকটি গ্রুপে বিভক্ত করা হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই ওমরা পালনকারীদেরকে পবিত্র কাবা তাওয়াফ করতে হবে।

আগামী ১৮ই অক্টোবর থেকে প্রতিদিন ওমরা পালনকারীর সংখ্যা ১৫ হাজারে বাড়ানো হবে এবং সর্বোচ্চ ৪০ হাজার মানুষকে কাবা শরীফে নামাজ আদায় করতে দেয়া হবে।

এরপরে ১ নভেম্বর থেকে বিদেশি নাগরিকদের ওমরা পালনের সুযোগ দেয়া হবে। এ সময় থেকে প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরা পালন করতে পারবেন এবং মসজিদের ভিতরে ৬০ হাজার মানুষকে নামাজ পড়ার অনুমতি দেয়া হবে।