Home Blog Page 2646

করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৮২

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৩২৫ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৮২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮০ হাজার ৬৯ জনে।

আজ শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১২১ (৭৭ দশমিক ৩৯ শতাংশ) ও নারী এক হাজার ২০৪ জন (২২ দশমিক ৬১ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০ জনের ম‌ধ্যে শূন্য থে‌কে ১০ বছ‌রের একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১০ জন।

বিভাগ অনুযায়ী, ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে তিনজন, সি‌লেট একজন, রংপুর বিভাগে তিনজন এবং ময়মন‌সিং‌হে একজন র‌য়ে‌ছেন।

এমসি কলেজে গণধর্ষণ: তারেক ও মাহফুজের ডিএনএ সংগ্রহ

0

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যে আরও দুইজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় পুলিশি পাহারায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তারিকুল ইসলাম তারেক ও শাহ মাহবুবুর রহমান মাছুমকে।

বর্তমানে তারা পুলিশের কাছে ৫ দিনের রিমান্ডে রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার ধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া এবং আইনুদ্দিনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে ধর্ষণের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তিন আসামি শাহ মাহবুবুর রহমান রনি, মিসবাউর রহমান রাজন ও আইনুদ্দিন। আজ শনিবার পাঁচদিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে নেয়া হলে তারা এ জবানবন্দি দেন।

এদিন দুপুর ১টায় কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে তাদেরকে আদালত প্রাঙ্গণে হাজির করে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশ। পরে তাদেরকে সিলেট এমএম-১ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়।

পরে বেলা আড়াইটার দিকে রাজনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আর রনি ও আইনুদ্দিনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও শারমিন খানম নীলার আদালতে নেয়া হয়। সেখানে পৃথকভাবেই তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে গণধর্ষণ মামলায় এ তিন আসামিকে গত ২৯ সেপ্টেম্বর পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা গৃহবধূর স্বামীকে আটকে রেখে রাত সাড়ে ৯টার দিকে কলেজ ছাত্রাবাসে নববধূকে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীর নামোল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই নির্যাতিতার স্বামী।

এ পর্যন্ত মামলায় এজহারনামীয় ছয়জনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত বলে জানান শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী। ওপর একজন আসামি পলাতক রয়েছেন।

ধর্ষন কি মহামারী হয়ে এলো বাংলাদেশে?

0

ধর্ষন এমন এক জঘন্য অপরাধ যা একজন নারীর সতীত্ব কেড়ে নেয়, সে তার সম্ভ্রম হারায়,সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়, পারিবারিক মর্যাদা হানী হয়, তার স্বপ্ন, ভবিষ্যত কে দলে মুচড়ে চুরমার করে দিয়ে চিরকালের জন্য সে পঙ্গুত্ব বরণ করে এক কথায় সে জীবিত থেকেও মৃত যাকে বলে জীবনান্মৃত।

ধর্ষনকারীদের চোখে নারীর বয়স কোন বিষয় না দুবছরের মাসুম সন্তান থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধার উপর পৈশাচিক নির্যাতন তাদের বিবেককে নাড়া দেয়না,পাষন্ড হৃদয় স্পর্শ করেনা তারা জগতের নিকৃষ্টতম কীটে হয় পরিনত।

এখন সময় এসেছে জেগে উঠার প্রতিবাদী হওয়ার।আর ঘরে বসে থাকা সমিচিন নয়।। আজকে সব আক্রান্ত নারীদের সমব্যাথী হিসেবে নিজকে তাদেরই একজন মনে করে মাননীয় প্রধানমন্ত্রী,মাননীয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আপনাদের কাছে নারী সমাজের আবেদন,নিবেদন সময়ের দাবী এই যে,

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অসংখ্য কন্যা সন্তানের জননী, আমাদের বোন,মানবতার মা, আপনি নারীর ক্ষমতায়ন,নারীনির্যাতন প্রতিরোধে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন। আপনি আপনার কন্যা সন্তানের প্রতি,আপনার বোনের প্রতি আপনার বজ্রকঠোর, হাতটি বাড়িয়ে দিন।।বাংলাদেশের নারীদের দাবী, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধন ২০০৩)টির বিভিন্ন ধারার আমূল পরিবর্তন ও সংশোধন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন২০০০ ( সংশোধন ২০০৩)ধর্ষনের নিম্নরূপ শাস্তির বিধান রয়েছে।
ধারা ৯ঃ ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, ইত্যাদির শাস্তি

১) যদি কোন পুরুষ কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷

ব্যাখ্যা৷- যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত [ষোল বৎসরের] অধিক বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া, অথবা [ষোল বৎসরের] কম বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন৷

(২) যদি কোন ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু ঘটে, তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অন্যুন এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷

(৩) যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোন নারী বা শিশুকে ধর্ষন করেন এবং ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন, তাহা হইলে ঐ দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অন্যুন এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷

(৪) যদি কোন ব্যক্তি কোন নারী বা শিশুকে-

(ক) ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন;

(খ) ধর্ষণের চেষ্টা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক দশ বৎসর কিন্তু অন্যুন পাঁচ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷

(৫) যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোন নারী ধর্ষিতা হন, তাহা হইলে যাহাদের হেফাজতে থাকাকালীন উক্তরূপ ধর্ষণ সংঘটিত হইয়াছে, সেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধর্ষিতা নারীর হেফাজতের জন্য সরাসরিভাবে দায়ী ছিলেন, তিনি বা তাহারা প্রত্যেকে, ভিন্নরূপ প্রমাণিত না হইলে, হেফাজতের ব্যর্থতার জন্য, অনধিক দশ বৎসর কিন্তু অন্যুন পাঁচ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অন্যুন দশ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷

” নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধন ২০০৩)

৯( ১) ধারার শাস্তির বিধান পরিবর্তিত করে
মৃত্যুদন্ডের বিধান, করা জরুরী, কেননা সে ৯( ২) ধারার শাস্তির বিধান মতো সে ও মৃত।।”

এখানে উল্লেখ্য ধর্ষনের মত কোন ঘটনা ঘটার২৪ ঘন্টার মধ্যেই মেডিকেল পরীক্ষা, ২২ ধারায় ভিকটিমের জবানবন্দী গ্রহন,ডি,এন,এ টেষ্টের নমুনা সংরক্ষন, অনিরাপদ সাক্ষী দের ২২ধারায় সাক্ষ্য গ্রহন ও সাক্ষীদের নিরাপত্তা দেয়া হলেই আইনের ফাক ফোঁকরে আসামী বেরিয়ে যেতে পারেনা।

নারী ও শিশু নির্যাতন আইনের ধারা ১৮ তে তদন্তের সময় নির্ধারন করে দেয়া আছে কিন্তু নির্দিষ্ট সময়ের মাঝে টাকা পয়সা খেয়ে রিপোর্ট না দিতে পারলে তা তদন্তকারী কর্মকর্তার অদক্ষতা,অসদাচরন বলে বিবেচিত হবে,পরে অন্য একজন তদন্ত করবেন এ বিধান এতে ক্ষতিগ্রস্হের লাভ?

দীর্ঘ সময় ধরে মামলার চার্জ সীট না হওয়ার ফলে লাভবান ধর্ষনকারী আসামী।এখানেও ১৮( ক) বলবৎ থাকলেই দ্রুত কার্যকর ব্যবস্হা গ্রহন সম্ভব।।
ভিকটিমদের ডাক্তারী পরীক্ষাটি দ্রুত করা হয়না ফলে গোসল করে,কাপড়ে থাকা আলামত সমূহ নষ্টকরে অনেক সময় কিছু পাওয়া যায়নি বলে মতামত পাওয়া যায়।

বাংলাদেশের প্রতিটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একজন নারী বিচারক ও নারী পাবলিক প্রসিকিউটর থাকা উচিৎ যেখানে সাক্ষী দেয়ার সময় ভিকটিম আইনজীবীদের জেরায় দ্বিতীয় মেয়াদে ধর্ষিত না হয়ে মন খুলে স্বাক্ষ্য প্রদান কারতে পারবে।

নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে চান্চল্যকর মামলা সমূহ দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচারের ব্যবস্হা করে শাস্তি দেয়া গেলে অপরাধ প্রবনতা হ্রাস পাবে, মানুষ ও ভীত হবে।।

বিচারের দীর্ঘসূত্রিতা মানুষের মনের ভয় দূর করে দেয়। বিচারিক দীর্ঘসূত্রিতার কারনেই মানুষ আজ ব্যাভিচারী, মৌলবী,মাষ্টার,ধর্মযাজক,শিক্ষক,রাজনৈতিক ক্ষমতাধিকারী, সাধারন জনগন কেউ আইনের তোয়াক্কা করেনা ভয় পায়না, চালিয়ে যাচ্ছে একের পর এক মহামারীর মতো ধর্ষনের মতো ন্যক্কারজনক কাজ। দেশকে,দেশের মানুষকে করছে অস্হির ও আতংকগ্রস্হ।
বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আবেদন করে নারী শিশু নির্যাতন আইনের আওতাধীন মামলা সমূহও,এসিড অপরাধ দমন আইনের মামলা সমূহের জন্য আলাদা হাইকোর্টে বেঞ্চ গঠন করা যায় কিনা যেখানে মামলা সমূহ দূর্নীতি দমন আইনের মামলা সমূহের মতো নির্দিষ্ট নারী বান্ধব কোর্টে হবে এবং প্রসিকিউশনে নারী সরকারী আইনজীবী রা থাকবেন।।

প্রসংগত উল্লেখ্য যে বিগত ২০০২ সনের আগে থেকে এসিড নিক্ষেপ ও মহামারী হিসেবে এসেছিল।এসিড অপরাধ দমন আইন,
( ২০০২ সনের ২ নং আইন ) মাইল ফলক হিসেবে কাজ করেছে,মানুষ ভয় পেয়েছে তাই এসিড নিক্ষেপের মতো ঘটনা অনেক কমেছে।

ধারা ৪- এসিড দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি

যদি কোন ব্যক্তি এসিড দ্বারা অন্য কোন ব্যক্তির মৃত্যু ঘটান তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷ মৃত্যুদন্ড রাখার ফলে এবং কিছু ফাঁসি কার্যকর হওয়ার ফলে অপরাধ প্রবনতা বেশ কমেছে সাথে এসিড বিক্রয় নিয়ন্ত্রন আইনেরও কার্যকর ভূমিকা রয়েছে।

হে ভগ্নি,কন্যা,মা, আপনারা জেগে উঠুন।

আপনার সন্তান,আপনার ভাই,আপনারই মতো কোন নারীর সর্বনাশ করে তার সাময়িক যৌনাকাঙ্খা মিটিয়ে আপনারই ঘরে স্বস্তিতে ঘুমিয়ে আছে। আপনি আপনার সন্তানকে,ভাইকে আইনের হাতে সোপর্দ করুন,দৃষ্টান্ত স্হাপন করুন।কোন মায়ের সন্তান যেন এ পৈশাচিক,ঘৃন্য,নেক্কারজনক অপকর্মে লিপ্ত না হয়।আমার ছেলে সৎ,আমার ভাই নিরপরাধ,আমার ছেলেকে শত্রুতা করে জড়িয়ে দিয়েছে, তার পক্ষালম্বন করবেন না।
পরিবার হলো একটি সন্তান গড়ার পীঠ স্হান।একজন সন্তানের বেড়ে ওঠে তার মা বাবা কে ধারন করে,অনুসরন ও অনুকরন করেই।।আমার সন্তান কি করছে,কাদের সাথে মিশছে, কাদের সাথে তার জীবনের অধিকাংশ সময় কাটাচ্ছে, কার সাথে তার সখ্যতা মা -ই তা ভাল জানেন।। সুতরাং সন্তানের চলা ফিরা গতিবিধির উপর তীব্র নজর রাখা জরুরী।

এ করোনা সময়ে আমাদের মনে একটা মৃত্যু ভয় এসেছে আমরা আল্লাহকে বেশী বেশী স্মরন করছি ঠিকই কিন্ত কমেনি অপরাধ প্রবনতা।
বর্তমানে একমহাদূর্যোগ কাল অতিক্রম করছি।একদিকে করোনায় কেড়ে নিচ্ছে প্রিয় মুখ, আরেক দিকে চলছে ধর্ষনের হোলিখেলা।
সরকারের একার পক্ষে এ খেলা বন্ধ করা সম্ভব নয়।সবাই মিলে সামাজিক ভাবে এ অপরাধকে প্রতিরোধ করতে হবে,ধর্ষনকারীর পরিবার কেও সামাজিক ভাবে বয়কট করতে হবে,ধর্ষনকারী শাস্তি মৃত্যুদন্ডের বিধান হলেই হয়তো বা অস্হিরতা কাটিয়ে উঠতে পারবে দেশ।সবাইপাবে নারী নির্যাতন মুক্ত,ধর্ষন মুক্ত,নারীর জন্য নিরাপদ সুন্দর ঝলমলে সোনার বাংলাদেশ।

জেসমিন সুলতানা
আইনজীবী,
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ।

‘ আমি মনে করি অনেক সুস্থ রয়েছি’ : ভিডিও বার্তায় ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি বিশ্বাস করেন তিনি অনেক সুস্থ রয়েছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন- জানানোর পর তার প্রথম প্রকাশ্য মন্তব্যে তিনি এমন কথা বললেন।

কোভিড-১৯ চিকিৎসার জন্য ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে হেলিকপ্টারযোগে পৌঁছানোর পরপরই ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি অসাধারণ সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।’

ট্রাম্প বলেন, ‘আমি ওয়ালটার রিড হাসপাতালে যাচ্ছি। আমি মনে করি আমি অনেক সুস্থ রয়েছি।’

তিনি আরও বলেন, ‘ফার্স্ট লেডি অনেক সুস্থ রয়েছেন।’

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালিসা ফারাহ বলেছেন, রাষ্ট্রপতি তার ক্ষমতা উপ-রাষ্ট্রপতি মাইক পেন্সের কাছে স্থানান্তর করেননি। তিনিই দায়িত্বে আছেন বলে জানিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক এক মাস আগে করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প। যেখানে তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মুখোমুখি হবেন।

পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

0

টেকসই উন্নয়নের লক্ষ্যে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘের একটি প্লেনারি অধিবেশনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

শনিবার (০৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এ অধিবেশনে বক্তব্য রাখেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র নিরোধ করতে হবে।

পরমাণু অস্ত্র নিরোধে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন ড. মোমেন। এসব সুপারিশের মধ্যে রয়েছে- পরমাণু অস্ত্র ফ্রি জোন প্রতিষ্ঠা, মানব কল্যাণে পরমাণু প্রযুক্তি ব্যবহার, সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে পরমাণু অস্ত্র যেন কোনোভাবেই না যায়- সেই পদক্ষেপ গ্রহণ ও পরমাণু অস্ত্র নিরোধে জনসচেতনতা গড়ে তোলা।

২০১৯ সালে বাংলাদেশ জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে সই করে।

তিন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা : গ্রেফতার ৪

0

ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর শেষ করা উলফাত আরা তিন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে নিহত তিন্নির মা হালিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত উলফাত আরা তিন্নি উপজেলার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বড় বোন মিন্নির সাবেক স্বামী একই গ্রামের কনুর উদ্দিনের ছেলে জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফা প্রবেশ করে হামলা-ভাঙচুর ও তিন্নির ওপর পাশবিক নির্যাতন চালায়। এর পর রাত ১২টার দিকে শোয়ার ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তিন্নির মরদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।

পরিবারের দাবি, তিন্নি ধর্ষণের শিকার হয়ে লজ্জা ও ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শৈলকুপা থানা পুলিশের ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পড়ালেখা শেষ করা মেধাবী ছাত্রী তিন্নির মৃত্যুতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের নামে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। তিন্নির মা হালিমা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শেখপাড়া গ্রামের কনুর উদ্দিনের ছেলে আমিরুল, খলিল শেখের ছেলে নাইম ও লাবিবসহ চারজনকে গ্রেফতার করেছে। তবে মামলার প্রধান আসামি জামিরুল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল

0

ভারতে করোনাভাইরাসে (কোভিড১৯) মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। সে সঙ্গে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যাও ৬৪ লাখ অতিক্রম করেছে। এ ছাড়া দেশটিতে ৫৪ লাখের ওপর বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৮৭৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৫ হাজার ৭৭ জন।

ভারতের মধ্যে এখনো করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, এর পর কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি। আর দিল্লির ঠিক পরেই সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। এই সাতটি রাজ্যেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে।

মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯২২ জন। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬ হাজার ৭৯০ জন, কর্নাটকে মোট আক্রান্ত ৬ লাখ ২০ হাজার ৬৩০, তামিলনাড়ুতে ৬ লাখ ৮ হাজার ৮৮৫, উত্তরপ্রদেশ ৪ লাখ ৬ হাজার ৯৯৫, দিল্লিতে আক্রান্ত ২ লাখ ৮৫ হাজার ৬৭২ ও পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ২ লাখ ৬৩ হাজার ৩৬৪ জন।
খবর টাইমস অব ইন্ডিয়া

ট্রাম্প হাসপাতালে

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

এর আগে স্থানীয় সময় বিকেলে হাসপাতালের উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগ করেন তিনি।

হোয়াইট হাউস ত্যাগ করার আগে স্যুট ও মাস্ক পরে প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান-এ উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়লেও কারও সঙ্গে কথা বলেননি।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে। শরীরে হালকা জ্বর রয়েছে। তবে তিনি বেশ চাঙা রয়েছেন। তাকে কিছু ওষুধও দেয়া হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর আলিসা ফারাহ।

তিনি বলেছেন, ট্রাম্প এখনো প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত সতকর্তার অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার থেকে দায়িত্ব পালন করে যাবেন তিনি।

এর আগে শুক্রবার সকালে টুইট করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আজ রাতে মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টিন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করব।’

পরে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) মৃদু উপসর্গ দেখা দিয়েছে।

বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ।

চিকিৎসকদের মতে, বয়স এবং অতিরিক্ত ওজনের কারণে কোভিড-১৯ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকি তৈরি করতে পারে।

বিশ্বব্যাপী করোনায় আরও সাড়ে ৫ হাজার মৃত্যু

0

দাপট কমছেই না বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের। যেখানে গত একদিনে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ১০ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি মানবদেহে। ফলে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৬ হাজার ২৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে করোনাক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ৫ হাজার ৬০৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৩২ হাজার ৭৪১ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন প্রায় সোয়া দুই লাখ রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৯৮২ জনে পৌঁছেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৩ হাজার ৫২৪ জন।

সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও প্রায় ৮০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জনে পৌঁছেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৮৭৫ জনের।

প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৪৮ লাখ ৮২ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪৫ হাজার ৪৩১ জনে ঠেকেছে।

পৃথিবী বৃহত্তম দেশ রাশিয়ায় সংক্রমণের হার আগের মতোই। যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৯৪ হাজার ৬৪৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৭৭ জনে।

কলম্বিয়ায় শনাক্ত ৮ লাখ ৪১ হাজার ৫৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৯৭ জনের।

পেরুতে আক্রান্ত ৮ লাখ ২১ হাজার ৫৬৪ জনে দাঁড়িয়েছে। যেখানে মৃতের সংখ্যা ৩২ হাজার ৬০৯ জনে ঠেকেছে।

স্পেনে আক্রান্ত ৮ লাখ ১১ হাজারের কাছাকাছি। প্রাণ গেছে ৩২ হাজার ৮৬ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ২০ হাজার ৫৯৯ জনের।

মেক্সিকোয় আক্রান্ত ৭ লাখ ৪৮ হাজারের বেশি। সেখানে প্রাণ গেছে ৭৮ হাজার ৭৮ জন মানুষের।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯০৯ জনের।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৫ লাখ ৮৯ হাজার ৬৫৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ১৫৫ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণ ঝরেছে ৪২ হাজার ২৬৮ জন ভুক্তভোগীর।

চিলিতে করোনা হানা দিয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৫৯০ জন মানুষের দেহে। এর মধ্যে ১২ হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে।

ইরানে করোনার শিকার ৪ লাখ ৬৪ হাজার ৫৯৬ জন মানুষ। প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৫৬৭ জনের।

ইরাকে করোনার ভুক্তভোগী ৩ লাখ ৭২ হাজার ২৫৯ জন মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯ হাজার ২৯৮ জনের।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩০৫ জনের।

করোনায় আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা নমুনা পরীক্ষায় স্যারের করোনা শনাক্ত হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে বর্তমানে তিনি শারীরিকভাবে ভাল আছেন।

বিপ্লব জানান, করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য দুই দফায় অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের করোনা টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসায় অংশ নিতে পারছেন না তিনি।