Home Blog Page 2647

আওয়ামীলীগের কার্যনিবাহী কমিটির বৈঠক আজ

0

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শুক্রবার আওয়ামীলীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, করোনার কারণে আটকে থাকা সাংগঠনিক কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহীর এই বৈঠকে থেকে।

আওয়ামীলীগের নীতিনির্ধারক নেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সহযোগী সংগঠন ও সম্মেলন হওয়া জেলা কমিটিগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন, বিভাগীয় উপ-কমিটিগুলো চূড়ান্ত করা, দীর্ঘদিন সম্মেলন না হওয়া জেলা-মহানগর-উপজেলা কমিটির দ্রুত সম্মেলনের মাধ্যমে দলকে তৃণমূল পর্যন্ত শক্তিশালীকরণ, সভাপতিমণ্ডলীর সদস্যদের সমন্বয়ে প্রস্তাবিত বিভাগভিত্তিক সাংগঠনিক কমিটি চূড়ান্তসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে।

বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দলটির কার্যনিবাহী সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইউরোপকে পাল্টা হুঁশিয়ারি তুরস্কের

0

বিরোধপূর্ণ পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রমের কারণে আঙ্কারার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার হুমকি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। শুক্রবার (২ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলছে, নিষেধাজ্ঞার ভাষা প্রয়োগ চালিয়ে যাওয়া গঠনমূলক নয়। যদিও ইইউর বিবৃতিতে থাকা ইতিবাচক উপাদানকেও স্বাগত জানানো হয়েছে তুরস্কের বিবৃতিতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক গত মাসে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম শুরু করলে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে বিরোধ শুরু হয়। তুরস্কের ওই অনুসন্ধান কার্যক্রমকে অবৈধ বিবেচনা করে ইইউ জোটের সদস্য দেশ দুটি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ইইউর এক বৈঠক শেষে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এক বিবৃতিতে তুরস্ককে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবৈধ কার্যক্রম বন্ধ না করলে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওই হুমকির প্রতিক্রিয়ায় শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইইউকে অবশ্যই এখন বুঝতে হবে যে এই ধরনের ভাষা ব্যবহারে কোনও লাভ হবে না।

ইইউর বিবৃতিতে আরও বলা হয়, তুরস্ক যদি সরল মনে আলোচনা চালিয়ে যাওয়ার এবং এক পাক্ষিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেয় তাহলে আঙ্কারাকে জোটের আরও ঘনিষ্ঠ যোগাযোগ এবং উন্নত বাণিজ্যের সুযোগ দেওয়া হবে।

ইইউর বিবৃতিতে থাকা এসব ‘ইতিবাচক উপাদান’কে স্বাগত জানানো হয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে কোনও কোনও অংশ বাস্তবতা বিবর্জিত। ওই বিবৃতিতে আরও বলা হয়, বিবৃতিতে দাবি করা হয়, কয়েকটি দেশ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কেমন আগ্রহী। আবার ইইউ-তুরস্ক সম্পর্ককে গ্রিস ও সাইপ্রাস কীভাবে জিম্মি করছে তারও একটি উদাহরণ বলেও তুর্কি বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইসরাইলকে পরমাণু অস্ত্র ধ্বংসে বাধ্য করতে হবে: ইরান

0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইসরাইলকে তার পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ইসরাইল যাতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

জারিফ শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে পরমাণু অস্ত্র নিমূল বিষয়ক একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান।বিশ্বের প্রথম ও একমাত্র পরমাণু অস্ত্র ব্যবহারকারী দেশ আমেরিকার তীব্র সমালোচনা করে জারিফ বলেন, জাতিসংঘের এই ফোরামের মাধ্যমে গোটা বিশ্ব পরমাণু অস্ত্রের দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে বলে ইরান আশা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের পরমাণু অস্ত্রধর সবগুলো দেশকে এনপিটি চুক্তির আওতায় এনে তাদের এসব গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।

জারিফ মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আমেরিকা একদিকে নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করছে এবং অন্যদিকে যেসব দেশ শান্তিপূর্ণ কাজে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় তাদেরকে বাধা দিচ্ছে। ইরানের পরমাণু সমঝোতা ও রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে তিনি এনপিটি চুক্তির প্রতি বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেন।

উখিয়ার গহিন অরণ্যে অস্ত্র কারখানা : আটক ২

0

কক্সবাজারের উখিয়া উপজেলার মধুরছড়ার গহিন অরণ্যে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাবের একটি দল। এ সময় সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকরা হলেন মহেশখালী উপজেলার বাসিন্দা আনোয়ার ও এখলাস।

মেজর মেহেদী জানান, পালংখালীর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন সংরক্ষিত গহিন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। একপর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় দলটি। এসময় সেখান থেকে দুজনকে আটক করা হয়।

মেজর মেহেদী বলেন, ‘পরে তাদের অবস্থান নেওয়া একটি কুড়েঘর থেকে দুইট দেশি বন্দুক, দুই রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।’

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘আটকরা মহেশখালী থেকে এসে পালংখালীর গহিন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করতেন। এর পর তা সরবরাহ করতেন রোহিঙ্গাদের কাছে। তারা দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে আসছিলেন।’

করোনায় আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা নমুনা পরীক্ষায় স্যারের করোনা শনাক্ত হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে বর্তমানে তিনি শারীরিকভাবে ভাল আছেন।

বিপ্লব জানান, করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য দুই দফায় অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের করোনা টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসায় অংশ নিতে পারছেন না তিনি।

ট্রাম্প হাসপাতালে

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

এর আগে স্থানীয় সময় বিকেলে হাসপাতালের উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগ করেন তিনি।

হোয়াইট হাউস ত্যাগ করার আগে স্যুট ও মাস্ক পরে প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান-এ উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়লেও কারও সঙ্গে কথা বলেননি।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে। শরীরে হালকা জ্বর রয়েছে। তবে তিনি বেশ চাঙা রয়েছেন। তাকে কিছু ওষুধও দেয়া হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর আলিসা ফারাহ।

তিনি বলেছেন, ট্রাম্প এখনো প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত সতকর্তার অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার থেকে দায়িত্ব পালন করে যাবেন তিনি।

এর আগে শুক্রবার সকালে টুইট করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আজ রাতে মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টিন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করব।’

পরে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) মৃদু উপসর্গ দেখা দিয়েছে।

বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ।

চিকিৎসকদের মতে, বয়স এবং অতিরিক্ত ওজনের কারণে কোভিড-১৯ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকি তৈরি করতে পারে।

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল

0

ভারতে করোনাভাইরাসে (কোভিড১৯) মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। সে সঙ্গে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যাও ৬৪ লাখ অতিক্রম করেছে। এ ছাড়া দেশটিতে ৫৪ লাখের ওপর বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৮৭৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৫ হাজার ৭৭ জন।

ভারতের মধ্যে এখনো করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, এর পর কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি। আর দিল্লির ঠিক পরেই সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। এই সাতটি রাজ্যেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে।

মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯২২ জন। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬ হাজার ৭৯০ জন, কর্নাটকে মোট আক্রান্ত ৬ লাখ ২০ হাজার ৬৩০, তামিলনাড়ুতে ৬ লাখ ৮ হাজার ৮৮৫, উত্তরপ্রদেশ ৪ লাখ ৬ হাজার ৯৯৫, দিল্লিতে আক্রান্ত ২ লাখ ৮৫ হাজার ৬৭২ ও পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ২ লাখ ৬৩ হাজার ৩৬৪ জন।
খবর টাইমস অব ইন্ডিয়া

কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু

0

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শুক্রবার ঢাকায় কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এ সময় তিনি বলেন, কুয়েতের সদ্যপ্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ সাবাহ দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা ছিলেন। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারাল।

তিনি আরো বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সে দেশের এ আমিরের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

শোক বইয়ে স্বাক্ষরকালে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ এইচ হায়াত উপস্থিত ছিলেন।

কার্যকর টিকা নির্বাচন: বাংলাদেশকে নিয়ে বৈশ্বিক নেটওয়ার্কের উদ্যোগ

0

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে করোনা প্রতিরোধের আশায় যতগুলো টিকা তৈরি হচ্ছে সেগুলো থেকে ‘একটির সঙ্গে আরেকটির’ তুলনা করে ‘সবচেয়ে কার্যকর ভ্যাকসিনটি’ নির্বাচন করতে গ্লোবাল ল্যাবরেটরি নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় অলাভজনক স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই)। প্রাথমিকভাবে যে ছয়টি দেশের ল্যাবের সঙ্গে সিইপিআই কাজ করবে তার একটি থাকবে বাংলাদেশে।

শুক্রবার (২ অক্টোবর) রয়টার্সের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি কানাডা, ব্রিটেন, ইতালি, নেদারল্যান্ডস এবং ভারতের ল্যাবের সঙ্গে যুক্ত হবে সিইপিআই।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই নেটওয়ার্ক থেকে বিজ্ঞানী এবং ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো হেড-টু-হেড মূল্যায়ন করে সবচেয়ে ভালো ভ্যাকসিনটি বেছে নিতে পারবে।

ল্যাবের ঘোষণা দেয়ার আগে সিইপিআই-এর ভ্যাকসিন আর & ডি বিভাগের ডিরেক্টর মেলানিয়া সাবিল রয়টার্সকে বলেছেন, ‘একটি ভ্যাকসিনের সঙ্গে আরেকটি ভ্যাকসিনের কীভাবে তুলনা করা যায়, সেই চিন্তা থেকে এই আইডিয়া এসেছে।’

‘ল্যাবগুলো কভিড-১৯ রোগের সম্ভাব্য টিকার প্রাথমিক ট্রায়ালের নমুনা বিশ্লেষণ করে এক জায়গায় আনবে। যেন সব ট্রায়াল একই ছাদের নিচ্ছে হচ্ছে।’

সাবিল বলছেন, ‘যখন কোনো নতুন রোগের টিকা তৈরি শুরু হয় প্রত্যেকে নিজেদের মতো করে তৈরির চেষ্টায় থাকে। তারা আলাদা-আলাদা প্রটোকলে কাজ করে।’

‘কেন্দ্রীয়ভাবে ল্যাব থাকলে আমরা সহজে ভ্যাকসিনগুলো মূল্যায়ন করতে পারব। বুঝতে পারব কোন শট সবচেয়ে ভালো’

ভ্যাকসিন তৈরির সময় সাধারণত ল্যাবগুলো নিজেদের মতো করে হিউম্যান ট্রায়ালের ডেটা সংগ্রহ এবং সংরক্ষণ করে। কতটুকু অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কতটুকু নিরাপদ সেটি অন্যরা প্রাথমিকভাবে জানতে পারে না।

সিইপিআই বলছে, সাধারণ একটি প্রটোকলের অধীনে সব ডেভেলপার বিনা মূল্যে তাদের এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এই মুহূর্তে নেটওয়ার্কের অধীনে বিভিন্ন ট্রায়ালের প্রথম দুই ধাপের ডেটা মূল্যায়ন করা হবে। সামনের কয়েক মাসে চূড়ান্ত অর্থাৎ তৃতীয় ধাপের ডেটা মূল্যায়নেরও ব্যবস্থা করা হবে।

নেটওয়ার্ক থেকে যে ফলাফল পাওয়া যাবে তা ডেভেলপারদের কাছে পাঠানো হবে।

মহামারীর মধ্যে ‘টিকা জাতীয়তাবাদ’ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার সমবণ্টনে কোভ্যাক্স নামের যে উদ্যোগ গ্রহণ করেছে তার সঙ্গেও যুক্ত আছে এই সিইপিআই। তারা নিজেরা ৯টি সম্ভাব্য ভ্যাকসিনের সহ-বিনিয়োগকারী।

‘রোহিঙ্গা ইস্যুর শুরু থেকেই বিএনপি মিথ্যা-বিভ্রান্তকর ও ষড়যন্ত্রমূলক’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সকল প্রকার স্বার্থ অক্ষুণ্ণ ও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেয়া হয়।

বিএনপি মহাসচিবের বক্তব্যকে রাজনৈতিক মিথ্যাচার হিসেবে অভিহিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে মির্জা ফখরুল সত্যকে আড়াল করে মনগড়া বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেছেন। বাংলাদেশ সরকার রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান খোঁজার জন্য দ্বিপাক্ষিক-ত্রিপাক্ষিকসহ বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। জাতিসঙ্ঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি তোলা হয়েছে এবং তা বলবৎ রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার কারণেই বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে মিয়ানমারের উপর ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশের কূটনৈতিক সফলতার কারণেই করোনা প্রাদুর্ভাবের আগে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উস্কানিমূলক ও দূরভিসন্ধিমূলক, অসত্য বক্তব্য রোহিঙ্গা সমস্যা সমাধানের অগ্রযাত্রাকে ব্যাহত করবে এবং শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের মানবিক উদ্যোগ এবং কূটনৈতিক তৎপরতা জাতিসঙ্ঘসহ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এই সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিশ্ব গণমাধ্যম শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ অভিধায় ভূষিত করেছে। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ সফর করে রোহিঙ্গা সমস্যার সমাধানে শেখ হাসিনার পদক্ষেপের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।’

তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কূটনৈতিক সফলতা যখন দৃশ্যমান তখন বিএনপি মহাসচিবের এই ধরনের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রেরই ইঙ্গিত দেয়। রোহিঙ্গা ইস্যুর শুরু থেকেই বিএনপি মিথ্যা-বিভ্রান্তকর ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে আসছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘জাতি জানে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতা দখলসহ বিএনপি যতবার ক্ষমতায় এসেছে তাদের সময় বাংলাদেশে ‘দুর্নীতি ও নতজানু পররাষ্ট্র নীতি’ ছাড়া স্বরাষ্ট্র বা পররাষ্ট্রনীতি বলতে আদৌ কিছু ছিল না। অবশ্য, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদের কাছে রাজনৈতিক বা কূটনৈতিক শিষ্ঠাচার আশা করা যায় না।’

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতার সাথে সরকার পরিচালনার প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং বিশ্বসভায় বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরীতা নয়’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। যার কারণে বাংলাদেশ আজ অপরাপর রাষ্ট্রের সাথে সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজ বিশ্বের নন্দিত নেত্রী। বিশ্বের বিভিন্ন সংস্থা ও বিশ্বখ্যাত সাময়িকী করোনাকালে জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ বিশ্ব নেতাদের শ্রদ্ধার পাত্র। তাই তার ৭৪তম শুভ জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা কমিউনিস্ট পার্টিসহ বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ উষ্ণ শুভেচ্ছা-অভিনন্দন পাঠান। অপরদিকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে চীনা দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েও তা প্রত্যাখ্যান করা হয়। বিএনপির রাজনীতি খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের মতোই মিথ্যা, শঠতা আর ষড়যন্ত্রে ভরপুর।’

তিনি বলেন, বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অতীতের যেকোনো সময়ের চেয়ে বন্ধু রাষ্ট্রসমূহের সাথে সুসম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশের বিদ্যমান সুসম্পর্কই বিএনপির গাত্রদাহের কারণ। কূটনৈতিক শিষ্টাচারবর্হিভূত ও দূরভিসন্ধিমূলক বক্তব্যের মাধ্যমে বিএনপি মহাসচিব পুনরায় বিএনপি’র রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের মিথ্যাচারপূর্ণ বক্তব্যে জাতি হতাশ হয়েছে। তাদের কথা শুনে মনে হয়েছে বিএনপি রোহিঙ্গা সংকটের কোনো প্রকার সমাধান চায় না। জাতি জানতে চায়, রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপি কী কী ভূমিকা রেখেছে? নিজেদের দুর্নীতিবাজ নেতাদের রক্ষার চেষ্টা ছাড়া আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের স্বার্থরক্ষা ও মর্যাদা বৃদ্ধিতে তাদের ভূমিকা কী?