Home Blog Page 2648

ছয় মাসে দেশে ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার প্রবাসী

0

গত ৬ মাসে দেশে ফিরে এসেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৫৮ জন প্রবাসী বাংলাদেশি। গত ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের ২৯টি দেশ থেকে এসব প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে।

ডেস্কের সহকারী পরিচালক মো. ফখরুল আলম জানান, গত ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে যারা ফেরত এসেছে তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ১৮ জন পুরুষ এবং ১৬ হাজার ৬৪০ জন নারী রয়েছেন। তিনি জানান, বিদেশ ফেরত কর্মীদের মধ্যে বৈশ্বিক মহামারী করোনার কারণে কাজ না থাকা, কাজের বা চুক্তির মেয়াদ শেষ হওয়া, আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। অনেকে আবার বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউট পাশ নিয়েও দেশে ফেরত এসেছেন। ফেরত আসা কর্মীদের অনেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট দেশে ফিরে যেতে পারবেন বলে সূত্র জানায়।

দেশে ফেরা কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ না থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন ৪৪ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ কর্মী ৪১ হাজার ৪৬০ জন। আর নারী কর্মী ফিরেছেন ৩ হাজার ১৫৬ জন।

সৌদি আরব থেকে ৩৯ হাজার ১৮৮ জন প্রবাসী কর্মী ফেরত এসেছেন। এর মধ্যে পুরুষ ৩৩ হাজার ৪১২ জন, আর নারী কর্মী রয়েছেন ৫ হাজার ৭৭৬ জন। সৌদি ফেরত কর্মীদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাস নিয়ে এবং কাজ না থাকায় ছুটি নিয়ে দেশে ফিরেছেন।

বিভিন্ন মেয়াদে কারা ভোগ করে আউটপাস নিয়ে ওমান থেকে দেশে ফেরত আসেন ১০ হাজার ৭১৩ জন। করোনা ভাইরাসের প্রেক্ষিতে কাজ না থাকায় টুরিস্ট নির্ভর দেশ মালদ্বীপ থেকে ফিরেছেন ১০ হাজার ৪৮৩ জন প্রবাসী কর্মী। আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ায় কুয়েত থেকে দেশে ফিরেছেন ৯ হাজার ৯৯৭ জন। কাজের মেয়াদ শেষ হওয়ায় সিঙ্গাপুর থেকে ফিরেছেন ২ হাজার ৭৯৪ জন। বাহরাইন থেকে ফিরেছেন ৯২১ জন।

কাজ না থাকায় দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছেন ৭১ জন প্রবাসী। কাতার থেকে ফিরেছেন ১৪ হাজার ৯১১ জন। মালয়েশিয়া থেকে ফিরেছেন ৭ হাজার ৫৬৮ জন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দক্ষিণ কোরিয়া থেকে ফিরেছেন ১০০ জন। কাজ না থাকায় থাইল্যান্ড থেকে ফিরেছেন ৩২ জন, মিয়ানমার থেকে ৩৯ জন, জর্ডান থেকে ২ হাজার ১৯৭ জন এবং ইরাক থেকে ফিরেছেন ৮ হাজার ৩২ জন।
কাজের মেয়াদ শেষ হওয়ায় ভিয়েতনাম থেকে ফিরেছেন ১২১ জন এবং শ্রীলংকা থেকে ৫৪৮ জন।

অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি থেকে ফেরত পাঠানো হয়েছে ১৫১ জন প্রবাসী বাংলাদেশিকে। এই ১৫১ জন প্রবাসী গত ৬ জুলাই বাংলাদেশ থেকে ইতালি গেলে তাদের ফেরত পাঠানো হয়। পরে দেশে ফিরলে সবাইকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।

এছাড়া লেবানন থেকে ৫ হাজার ৮০১ জন, রাশিয়া থেকে ১০০ জন, মরিশাস থেকে ৪৫২ জন, তুরস্ক থেকে ৬ হাজার ১৪২ জন, নেপাল থেকে ৫৫ জন, হংকং থেকে ১৬ জন, কম্বোডিয়া থেকে ১০৬ জন, জাপান থেকে ৮ জন, লন্ডন থেকে ৫৩ জন, লিবিয়া থেকে ৩১৫ জন এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে ১২৮ জন প্রবাসীকর্মী দেশে ফেরত এসেছেন।

বিদেশ প্রত্যাগত এসব কর্মীদের পুনর্বাসন প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনে সরকার ৭০০ কোটি টাকার তহবিল গঠন এবং তাদেরকে পুনঃ প্রশিক্ষণের মাধ্যমে আবারো বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। করোনা পরিস্থিতিতে বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসন ও প্রবাসে কর্মরতদের নিরাপদ অভিবাসনসহ তাদের সার্বিক কল্যাণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে।

মন্ত্রণালয় গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, বিপদগ্রস্থ প্রবাসী বাংলাদেশিদের জরুরি খাদ্য ও অন্যান্য সহায়তার জন্য প্রায় ১০ (দশ) কোটি টাকার আর্থিক সাহায্য প্রদান, কোভিড-১৯ এ মৃত প্রত্যেক প্রবাসী বাংলাদেশির পরিবারকে দ্রুততম সময়ের মধ্যে ৩ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান; করোনা ভাইরাসের প্রভাবে বিদেশ ফেরৎ কর্মীদেরকে কোয়ারেন্টিন পালন শেষে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা; বিদেশ প্রত্যাগত অভিজ্ঞ কর্মীদের যথাযথ স্বীকৃতি ও সনদায়নের উদ্যোগ; বিদেশ ফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত, দরিদ্র কর্মী ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীর পরিবারের সদস্যদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ দেশে চলমান সহায়তা কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের জন্য ৭০০ কোটি টাকার তহবিল গঠনসহ বিভিন্ন ধরণের প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের ৪ শতাংশ সরল সুদে বিনিয়োগ ঋণ প্রদান করা হচ্ছে। এ জন্য ২শ’ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের পুনর্বাসনে সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দেয়া হচ্ছে। ঋণ প্রদানের বিষয়ে গত ১২ জুলাই প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, বিদেশ ফেরত কর্মীরা অভিজ্ঞতার বিবেচনায় দেশে-বিদেশে কর্মসংস্থানের অগ্রাধিকার পাওয়ার যোগ্য। তিনি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা প্রবাসী কর্মীদের নিয়মিত খোঁজখবর রাখছি। তাদের সামগ্রিক সুরক্ষায় সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।’

কারিগরি শিক্ষায় সাড়ে ১২ হাজার পদে নিয়োগ দিবে সরকার

0

দেশে কর্মমুখী কারিগরি শিক্ষার প্রসারে টেকনিক্যাল কলেজ এবং পলিটেকনিকগুলোতে প্রায় ১২ হাজার ৬০০ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিন অর্থবছরে তাদের নিয়োগ দেয়া হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক বলেছেন, চলতি অর্থবছর থেকে তিন অর্থবছরে ১২ হাজারেরও বেশি পদে নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে বর্তমানে এক তৃতীয়াংশ কর্মচারী দ্বারা পরিচালিত তীব্র জনবল সংকটের সমাধানের জন্য সরকার এই পদ সৃষ্টি করছে। নিয়োগের পরে শিক্ষার মান ও তালিকাভুক্তির হার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. ওমর ফারুক এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপটি দেশে ও বিদেশে বর্তমান চাকরির বাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার উন্নয়নের জন্য সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে রয়েছে।

কারিগরি শিক্ষা খাতে ১ হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন-ক্যাডার পদসহ মোট ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টির সরকারি আদেশ জারির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

কর্মকর্তারা জানান, এর লক্ষ্য হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে ১১৩টি সরকারি প্রতিষ্ঠান-৪৯টি পলিটেকনিক এবং ৬৪টি টেকনিক্যাল কলেজের জনবলের ঘাটতি সমাধান করা।

১ হাজার ৬১টি স্থায়ী ক্যাডার পদের মধ্যে ২০ জন উপাধ্যক্ষ (জাতীয় বেতন-স্কেল, ২০১৫-এ গ্রেড -৫), ১৬৯ জন চিফ ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড-৬), ৫৭ জন চিফ ইনস্ট্রাক্টর (নন- টেকনিক্যাল, গ্রেড-৬), ৫১০ জন ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড -৯) এবং ৩০৫ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল, গ্রেড-৯)।

বিশেষজ্ঞরা জানান, বিদেশে দক্ষ শ্রমিকদের উচ্চ চাহিদা থাকায় চাকরিমুখী শিক্ষার এই উদ্যোগটি বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ হাজার ৭২টি পদ তৈরির প্রস্তাব অনুমোদন করে। পরে, অর্থ বিভাগ রাজস্ব খাতে ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টিতে সম্মত হয়। অর্থ বিভাগ পদগুলোর বেতন স্কেল নির্ধারণ করেছে।

ভারতে ফিরলেন বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ

0

সদ্য বিদায়ী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে ফিরেছেন।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে তিনি বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। জানা গেছে- বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলে যোগদান করবেন বিক্রম দোরাই স্বামী।

এর আগে রীভা গাঙ্গুলি দাশ বেনাপোল চেকপোস্ট পৌঁছালে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও ইমিগ্রেশন ওসি আহসান হাবিব তাকে ফুল দিয়ে বিদায় জানান।

গত বছরের পহেলা মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার স্থলে রীভা গাঙ্গুলি দাশ হাইকমিশনার হিসেবে যোগদান করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন। তার দায়িত্বের স্বল্পকালীন সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বাণিজ্যসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব রীভা গাঙ্গুলি দাশের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধুর সমাধিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নব নিযুক্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

আজ শুক্রবার (২রা অক্টোবর) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলগণ, গোপালগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম জুলকদর এবং ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট জেলার আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, করোনাকালীন সময়ে মামলার জট যাতে আরও গভীর না হয় তার জন্য ভার্চুয়াল কোর্ট করা হয়েছে। সব মামলা হাইকোর্টে চলে আসার প্রবণতা ঠিক না।

এটা নিম্ন আদালতেই সমাধান করা উচিত। আমরা প্রধান বিচারপ্রতির সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো এবং এটা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করবো।

সেনাবাহিনীকে দুর্বল করতে নওয়াজকে সাহায্য করছে ভারত : ইমরান খান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, তার দেশের সামরিক বাহিনীতে দুর্বল করার ক্ষেত্রে বিরোধী নেতা নওয়াজ শরিফকে সাহায্য করছে প্রতিবেশী ভারত। ইমরান বলেন, নওয়াজ শরীফ খুবই বিপজ্জনক খেলায় মেতেছেন।

সামা টেলিভিশনের সাংবাদিক নাদিম মালিককে দেয়া সাক্ষাৎকারে গতকাল বৃহস্পতিবার ইমরান খান এসব কথা বলেন।

তিনি বলেন, তার সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সেরা সম্পর্ক কারণ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠান যার যার অঙ্গনে থেকে কাজ করছে।

ইমরান খান বলেন, মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রধান আলতাফ হোসেন যে খেলা খেলেছিলেন নওয়াজ শরীফ সেই একই খেলা শুরু করেছেন।

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তিনি ১০০ ভাগ নিশ্চিত যে, নওয়াজ শরীফকে সাহায্য করছে ভারত।

তিনি আরো বলেন- লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন- মুসলিম বিশ্বের প্রতিটি দেশ জ্বলছে। এর মধ্যেও আমরা কেন নিরাপদ? যদি আমাদের সামরিক বাহিনী না থাকতো তাহলে আমাদের দেশকে তিন টুকরা করা হতো। ভারতের গবেষণা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানকে ভাঙতে চায়।”

ইমরান খান বলেন, “মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ সেনাবাহিনীকে আক্রমণ করে মারাত্মক রকমের গোলমাল সৃষ্টি করেছেন। তিনি পরবর্তী আলতাফ হোসেন হতে যাচ্ছেন এবং আমি নিশ্চিত যে, তার এই কর্মকাণ্ডের পেছনে ভারতের সমর্থন রয়েছে।”

ইমরান খান আরো বলেন, তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি পাঁচটি আসন থেকে একসাথে নির্বাচিত হয়েছেন এবং তিনি নওয়াজ শরীফ কিংবা জুলফিকার আলী ভুট্টোর মতো সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রাজনীতিতে আসেননি। পার্সটুডে

বিএনপি ১০ বছর ক্ষমতায় থেকেও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি : তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৯১ ও ’৯২ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে যেসব রোহিঙ্গা এসেছিল তাদের অনেকেই এখনো আছে। তাদের সবাই ফেরত যায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো, ১৯৯১ সালের পর বিএনপি দু’দফায় ১০ বছর ক্ষমতায় ছিল, তাদের সময়ে যে রোহিঙ্গারা এসেছিল তাদেরকে তারা (বিএনপি) ফেরত পাঠাতে পারেননি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিলেন। সেখানে (মিয়ানমার) যে বর্বরতা চলছিল ওই বর্বরতার হাত থেকে লাখ লাখ রোহিঙ্গা রক্ষা পেয়েছে। এতে সমগ্র পৃথিবী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে। আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যম প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিমিউনিটি’ হিসেবে আখ্যায়িত করেছে। যেখানে সমগ্র পৃথিবী প্রশংসা করছে সেখানে বিএনপি প্রশংসা করতে পারেনি।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষ তলায় সামাজিক সংগঠন ‘তিলোত্তমা চট্টগ্রাম’ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে রোহিঙ্গা প্রত্যাবাসন ঠিকমতো হচ্ছে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক সাহেলা আবেদীন রীমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, সিএমপি’র উপ পুলিশ কমিশনার বিজয় বসাক, সাংবাদিক ওসমান গণি মনসুর, সিপিডিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার সোহাগ, চট্টগ্রামের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, এলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রইস উদ্দিন সৈকত, শিল্পপতি এসএম আবু তৈয়ব, লায়ন শামসুদ্দিন সিদ্দিকী, দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক রাশেদ রউফ, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার কারণেই ওআইসি’র পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকার কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে নয় কূটনৈতিক চাপ প্রয়োগ করে এবং আন্তর্জাতিক মহল থেকে চাপের মাধ্যমে, কূটনীতি ও আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চায় এবং আমরা সেই পথেই হাঁটছি। এতে ইতোমধ্যে অনেক সফলতা এসেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক আদালত থেকে মায়ানমারকে সমন দেয়া হয়েছে, পাশাপাশি কিছু নির্দেশনাও দেয়া হয়েছে। রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবার জন্য বলা হয়েছে। অনেককে বিচারের আওতায় আনতে বলা হয়েছে। প্রকৃতপক্ষে মায়ানমারকে আন্তর্জাতিক আদালত থেকে তিরস্কারের মতোই করা হয়েছে। এটি বাংলাদেশেরই কূটনৈতিক তৎপরতার সফলতা।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরো বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশে আসার পর ১৯৮৩ সাল থেকে তিনি বৃক্ষরোপণকে আন্দোলনে রূপান্তর করার উদ্দেশ্যে কৃষক লীগের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন। ’৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব পাবার পর বৃক্ষরোপণকে পরিপূর্ণভাবে একটি আন্দোলনে রূপান্তর করতে তিনি সক্ষম হয়েছেন। মানুষ এখন হাটবাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি গাছের চারাও কিনে আনেন। বিভিন্ন হাটবাজারে অন্যান্য দোকানের পাশাপাশি এখন গাছের চারার দোকানও রয়েছে। এতে করে দেশে আজকে বৃক্ষরোপণ একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই আন্দোলনের পেছনে তিলোত্তমা চট্টগ্রামের মতো সামাজিক সংগঠনগুলোর বিরাট অবদান রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে বৃক্ষাচ্ছাদিত এলাকার পরিমাণ হচ্ছে ভূ-ভাগের ২২ দশমিক ৪ শতাংশ, বনভূমির পরিমাণ ১৩ দশমিক ৭ শতাংশ। এই ছোট্ট দেশে বৃক্ষাচ্ছাদিত এলাকার পরিমাণ ভারতের চেয়েও বেশি। তবে আমাদের দেশ আরো সুন্দর ও পুষ্পপল্লবে সুশোভিত হতে পারতো যদি আমরা আরেকটু সচেতন হতাম। বৃক্ষরোপণের ক্ষেত্রে আমরা যদি আরেকটু যতœবান হই তাহলে আমরা দেশকে আরো সুন্দর করতে পারি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, দুঃখজনক হলেও সত্য, নগর উন্নয়নের ক্ষেত্রে গাছ কাটা ও পাহাড় কাটার বিষয়টা খেয়াল রাখা হয় না। চট্টগ্রাম অপরূপ সৌন্দর্য্যের নগর, কিন্তু চট্টগ্রামে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে, পাহাড় কেটে সৌন্দর্যহানি ঘটানো হয়েছে। চট্টগ্রামকে শ্রীহীন করা হয়েছে। নগর উন্নয়নের সাথে যুক্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও এ বিষয়টি অনেক সময় খেয়াল রাখেনি।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে রাস্তা করতে গিয়ে পাহাড় কেটে সমান করে ফেলা হয়েছে। রাতের অন্ধকারেও পাহাড় কাটা হয়। পরিবেশ অধিদফতর থেকে চেষ্টা করা হয়, কিন্তু অনেকসময় রক্ষা করা যায় না। আবার অনেকক্ষেত্রে সর্ষের মধ্যে ভূত আছে। নগর উন্নয়ন করার ক্ষেত্রে বৃক্ষকর্তন ও পাহাড় না কাটার ওপর যদি গুরুত্ব দেয়া না হয় চট্টগ্রাম নগরের সৌন্দর্য গত পঞ্চাশ-ষাট বছরে যেটুকু কমেছে আগামি পঞ্চাশ বছর পর চট্টগ্রাম শহর আর এরকম থাকবে না।

তথ্যমন্ত্রী বলেন, যেদিকে চট্টগ্রাম শহর বৃদ্ধি পাচ্ছে সেখানে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। অন্যদিকে কর্ণফুলি নদীর দু’পাড়ে অনেকক্ষেত্রে দখল ও দূষণ করা হচ্ছে। বিভিন্ন সংস্থার নামে সেখানেও দখল করা হচ্ছে। এগুলোর ব্যাপারে যদি সামাজিক প্রতিরোধ গড়ে উঠে এটি করা সম্ভবপর হবে না।

তিনি বলেন, আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ১০ বছর পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমি এখনো বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান পড়ানোর চেষ্টা করি এবং সপ্তাহে অন্তত একটি ক্লাস নেয়ার চেষ্টা করি। সুতরাং যখন দেখি মাঠের মধ্যে অট্টালিকা নির্মাণ করা হয়, সেটি মনে হয় আমার বুকের মধ্যে কেউ একটা পেরেক বিঁধে দিল। এভাবেই সবুজ ও প্রকৃতি নষ্ট করা হচ্ছে। আমাদের সরকার ল্যান্ড জোনিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটি সম্পন্ন হলে গ্রামেও যার যেখানে ইচ্ছা বাড়ি করা যাবে না। কোনো জায়গায় কি ধরণের বাড়ি করা যাবে সেখানে সরকার নির্ধারণ করে দিবে।

শ্রীলঙ্কা সফর স্থগিত করা সঠিক সিদ্ধান্ত : ডমিঙ্গো

0

শ্রীলঙ্কা সফর স্থগিত করার সিদ্ধান্ত সঠিক ছিলো বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। কোয়ারেন্টিন ইস্যুতে কয়েক দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজটি স্থগিত হয়ে যায়। সফরকারী দলের ১৪ দিনের কোয়ারেন্টিনে অনড় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাশাপাশি ছিল আরও কিছু শর্ত।

লঙ্কা সফর করলে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে তো হতোই, সাথে অনুশীলনের সুবিধা পেত না টাইগাররা। তবে বাংলাদেশ চেয়েছিল ৭ দিনের কোয়ারেন্টিন ও অনুশীলনের সুবিধা। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘শ্রীলঙ্কা সফর হচ্ছে না বলে আমি খুব হতাশ। তবে আমি মনে করি, দলের ওপর যেসব শর্ত দেয়া হয়েছিল তাতে বিসিবির না যাবার সিদ্ধান্তটি সঠিক ছিল। প্রস্তুতি ছাড়া ঘরের মধ্যে আটকে সময় নষ্ট করা এবং দশ দিনের মধ্যে একটি টেস্ট ম্যাচ খেলা আমাদের পক্ষে খুব কঠিন হতো। আমি এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছি।’

বিসিবির সিদ্ধান্তকে সমর্থন করে ডমিঙ্গো আরও জানান, খেলোয়াড়রা যদি শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতো তবে তারা মানসিকভাবে ভেঙে পড়তো। তিনি বলেন, ‘আমাদের দু’জন খেলোয়াড় পাঁচ-ছয় দিন ধরে আইসোলেশনে আছেন। তারা জানিয়েছেন, মানসিক দিক বিবেচনায় এটি অত্যন্ত কঠিন। আমরা একটি হোটেলের ছোট রুমে ১৪ দিন আটকে থাকব, এটি অনেক বেশি চ্যালেঞ্জিং। বিষয়টি নিয়ে কিছু খেলোয়াড়ের মধ্যে আলোচনা হয়েছে, তবে এটি পুরোপুরিভাবে বোর্ডের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘সিরিজ না খেলতে না পারার হতাশা আছে। তবে খেলোয়াড়রা বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা করেছে। তারা আরও বুঝতে পারছে, ১৪ দিনের জন্য একটি ঘরে আটকে থাকলে মানসিকভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কয়েকজন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হতে পারে, তবে অনেকের জন্য এটি কষ্টদায়ক ব্যাপার। এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় প্রত্যেকের অনুভূতির বিবেচনা করতে হবে এবং বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায়, এ বছর বাংলাদেশের কোন আন্তচর্জাতিক ম্যাচ নেই, এতে ক্রিকেটারদের ঘাটতি থেকে যায়। তবে এটি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ডমিঙ্গো। খেলোয়াড়দের সাথে কিছু সময় কাটাতে পারবেন বলে তিনি খুশি। পাশাপাশি পুরোপুরি প্রস্তুত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার সুযোগ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘দীর্ঘ দিন যাবত আমরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি। অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিজেদের ম্যাচ ও ঘরোয়া আসর খেলোয়াড়দের ক্রিকেটের সাথে মানিয়ে নিতে সহায়তা করবে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তারা দারুনভাবে ফিরে আসতে পারবে।’

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন শিল্প ও রেলপথ মন্ত্রী

0

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, শিল্প মন্ত্রনালয়ে সম্ভাবনাময় এলাকায় শিল্পায়নে সংকল্পবদ্ধ। তাই কর্মসংস্থান ও বিকল্প কর্মসংস্থানের সম্ভাবতা যাচাই করে সরকার শিল্প স্থাপন করে যাচ্ছে।

আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে স্থল বন্দরের স্টেক হোল্ডার দের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়ামনিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি, মো. মজাহারুল হক প্রধান এমপি, পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রার্ট।

সভায় রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নুুরুল ইসলাম সুজন এমপি বলেন চতুর্রদেশীয় ব্যবসা বানিজ্যের একমাত্র স্থল বন্দর বাংলাবান্ধার গুরুত্ব বিবেচনা করে সরকার ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের জন্য পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর আগে মন্ত্রীদ্বয় স্থলবন্ধরের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন।

রিয়ার বাড়ি থেকে দেড় কেজি চরস উদ্ধার! হতে পারে ১০ বছরের জেল

0

সুশান্ত মৃত্যুর তদন্তের পরিপ্রেক্ষিতে উঠে এসেছে বলিউডের সঙ্গে মাদকযোগের কথা। মাদক মামালার তদন্তে এনসিবি রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছে। এবার এই মামালায় উঠে এল নয়া তথ্য। সূত্রের খবর, রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার করেছে এনসিবি।

বাড়ি থেকে চরস উদ্ধারের ঘটনায় বিপদ বাড়তে পারে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। এক্ষেত্রে রিয়া ও শৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে এর আগে এনসিবি-র তরফে জানানো হয়, আমরা সুশান্ত মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি। এখনও পর্যন্ত এই মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলের কাছ থেকেই মাদক উদ্ধার হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালেই বি টাউনের সঙ্গে মাদক যোগ একটি বড় খবর প্রকাশ্যে আসে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বলিউডের সঙ্গে মাদকযোগের যে জাল এনসিবি কাটতে শুরু করেছে, তাতেই উঠে এসেছে আরও একটি বড় নাম। কেন্দ্রীয় সংস্থার তরফে খবর মিলেছে, বলিউডের এই মাদক চক্রের মূল মাথা হলেন প্রাক্তন এক সুপার মডেল তথা অভিনেতা। তাঁর অঙ্গুলিহেলনেই নাকি বলিউডে মাদক চক্র চলে।

দীপিকা, সারা, শ্রদ্ধাদের জোরদার জিজ্ঞাসাবাদের পর এবার বলিউডের আরও বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন বলে খবর। তবে তাঁরা কারা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বলিউডের ওই প্রাক্তন সুপার মডেল তথা অভিনেতাই মাদক চক্রের মূল মাথা বলে খবর প্রকাশ হওয়ার পর ফের আলোচনা শুরু হয়েছে।

দীপিকাদের পর বলিউডের ৬ অভিনেতাকে তলব এনসিবির!

0

বলিউডের সঙ্গে মাদক চক্রের যোগ নিয়ে ফের বড় খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার বলিউডের ৬ অভিনেতা রয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে। যে ৬ জনের মধ্যে ৩ জন বি টাউনের এক্কেবারে প্রথম সারির অভিনেতা। বাকি ৩ জন প্রায় নবাগত। বলিউডের ৬ অভিনেতার পাশাপাশি কয়েকজন প্রযোজক, পরিচালক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন। শিগগিরই তাঁদের সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

প্রসঙ্গত, বলিউডের সঙ্গে যে মাদক চক্রের যোগ রয়েছে, তার মূল মাথা একজন প্রাক্তন সুপার মডেল তথা অভিনেতা। এনসিবি সূত্রে ওই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় গুঞ্জন। বলিউডের ওই সুপার মডেল তথা অভিনেতা বলতে এনসিবি কাকে ইঙ্গিত করছে, তা নিয়ে গুঞ্জনও শুরু হয়ে যায়। তবে কেন্দ্রীয় সংস্থার তরফে এখনও পর্যন্ত কারও নাম প্রকাশ্যে আনা হয়নি।

এদিকে মাদক চক্রের সঙ্গে যোগের অভিযোগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে এখনও ক্লিনচিট দেওয়া হয়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। জিজ্ঞাসাবাদের পর ওই ৪ অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই ৪ অভিনেত্রী কোনও মাদক পাচারকারী বা কারবারীর সঙ্গে আর্থিক লেনদেন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে দীপিকাদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।