Home Blog Page 2650

সৃজিতের ‘ফেলুদা ফেরত’ নিয়ে আড্ডা টাইমসের সাথে জটিলতা

0

সৃজিত মুখার্জি নতুন ফেলুদার হাল ধরেছেন শুনে নড়েচড়ে বসে গোয়েন্দা চরিত্রটির ভক্তরা। ‘ফেলুদা ফেরত’ শিরোনামের সিরিজের দুটি গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ ট্রেলারসহ মোট ১২টি পর্ব মুক্তি পাওয়ার কথা ছিল ওয়েব প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে।

এখন সিরিজটি মুক্তি নিয়ে বুধবার সোশ্যাল মিডিয়ায় অবাক করা পোস্ট দিয়েছেন সৃজিত। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সৃজিত ফেইসবুকে লেখেন, “এটা সেপ্টেম্বরের শেষ, প্রতিশ্রুতি মতোই দুটো ট্রেলার ও ১২ পর্ব তৈরি হয়ে রয়েছে। তবে আমি আড্ডা টাইমসের কাছ থেকে জেনেছি, প্রযুক্তিগত কিছু কারণে তারা অ্যাপটিকে নতুন করে ঢেলে সাজতে চাইছে। পাশাপাশি গ্রাহকদের আর্থিক প্যাকেজ সংক্রান্ত কিছু বিষয়ও রয়েছে। তাই ‘ফেলুদা ফেরত’ কবে দেখা যাবে তা জানতে আড্ডা টাইমসে ফেইসবুক, টুইটার মাধ্যম চোখ রাখুন, কিংবা তাদের প্রিন্স আনোয়ার শাহর অফিসেও যোগাযোগ করতে পারেন।”

পরিচালকের পোস্ট থেকে মনে হচ্ছে, নিজের তৈরি ওয়েব সিরিজ থেকে দূরত্ব তৈরি করে নিলেন। এত দিন তিনি বিভিন্ন আপডেট দিচ্ছিলেন। এবার পুরো বিষয়টি আড্ডা টাইমসের হাতেই ছেড়ে দিলেন। এ কারণে যত জল্পনা।

কলকাতার ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। আড্ডা টাইমসের সঙ্গে সুরিন্দর ফিল্মসের সঙ্গে আর্থিক চুক্তি নিয়ে মতবিরোধের কারণেই ‘ফেলুদা ফেরত’ পিছিয়ে গেছে। যদিও ঠিক কী ঘটেছে সে বিষয়ে আড্ডা টাইমস, সুরিন্দর ফিল্মস কিংবা পরিচালক সৃজিত কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন : তথ্যমন্ত্রী

0

বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করে এই সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৌদ্ধধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সভা ও ফানুস উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় মন্ত্রী বৌদ্ধ ধর্মের সকলকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানান ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরোর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে। সেই লক্ষ্যেই আমরা মুক্তিযুদ্ধ করেছি। সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।

‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতা ও উন্নয়ন-সমৃদ্ধির প্রতীক এবং তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে আন্ত:ধর্ম সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত’ উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগে কোনো বৌদ্ধ ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সেটি করেছেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে তার বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক -দুই পদেই রেখেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু দেশ-বিদেশ থেকে এখনো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে। এ সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।’

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার বক্তব্যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ প্রার্থনার কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেভাবে সকল ধর্মের কল্যাণে কাজ করেছেন, তা এক বিরল দৃষ্টান্ত। আন্তঃধর্ম মৈত্রীর বন্ধন সকল সময় বজায় রাখতে হবে, বলেন তিনি।

আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া, বাংলাদেশের বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ইঞ্জি: দিব্যেন্দু বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুপ্তবসন বড়ুয়া, বাড্ডা ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি তাপস, বাড্ডা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

সভাশেষে ড. হাছান মাহমুদ অতিথিদের নিয়ে বিহার প্রাঙ্গণে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস ওড়ানোতে অংশ নেন।

বৌদ্ধমতে শুভ প্রবারণা পূর্ণিমা তিথিতে মহান গৌতম বুদ্ধ দেবলোক হতে সাংকশ্য নগরে অবতরণ করেছিলেন। প্রবারণা শব্দের একাধিক অর্থের মধ্যে রয়েছে আশাপূরণ, ধ্যান বা শিক্ষা সমাপ্তি ও আত্মশুদ্ধি।

বাংলাদেশ পুলিশ এখন সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর জনতার পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

0

যেকোনো দুর্যোগ, যেকোনো পরিস্থিতিতে মানুষ যখনই কোনো অসহায় অবস্থায় পড়েছে তখনই বাংলাদেশ পুলিশ পা‌শে দাঁড়ি‌য়ে‌ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমন থেকে শুরু করে কভিড পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রাগ্রসর ভূমিকা আমাদের মনে করিয়ে দেয়, বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশের’ কথা।’

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর ‘জনতার পুলিশ’ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ‘জনবান্ধব পুলিশে’ রূপান্তরিত হচ্ছে। আমাদের বর্তমান পুলিশ আর সেই আগের পুলিশ নয়। আমরা এখন তাদের নাগরিক সেবার প্রত্যয় দেখে গর্ববোধ করি।

সভায় নাগরিকসেবাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আইজিপির প্রায়োগিক বিট পুলিশিং কার্যক্রমকে অধিকতর ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। সেইসঙ্গে বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য যাতে বিকেন্দ্রিভূত হয়ে নিবিড় পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, সেজন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে ‘পুলিশ মেডিকেল সার্ভিসেস’ গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা আলোচনা করা হয়।

বাংলাদেশ পুলিশের সদস্যরা যাতে ঢাকামুখী না হয়ে, জেলা শহর কেন্দ্রিক চাকরির চিন্তা করেন সেজন্য বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের সন্তানদের জন্য উন্নত মানের বিদ্যাপীঠ প্রকল্প নেয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাসসহ পুলিশের এডিশনাল আইজিপিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সম্পর্ককে আরো জোরদার করতে পারে বাংলাদেশ-চীন : প্রধানমন্ত্রী

0

আর্থ-সামাজিক উন্নয়ন এবং চলমান কোভিড-১৯ মহামারিতে অব্যাহত সাহায্য-সহায়তার জন্য বাংলাদেশের অন্যতম মূল্যবান অংশীদার হিসেবে চীনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি গণচীনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এতে তিনি চীন সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান।

ঢাকার চীনা দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্রেসিডেন্ট শি’র বাংলাদেশ সফর এবং ২০১৯ সালে তার চীন সফরের স্মৃতিচারণা করেন।

চীন-বাংলাদেশ সম্পর্কের পুরো সম্ভাবনা কাজে লাগাতে আরো সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট শি’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখের পাশাপাশি চীনের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকেও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

বার্তায় তিনি দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মূল্যবোধ, জাতীয় স্বার্থ এবং পারস্পরিক সম্মানের বিষয়টিতে জোর দেন।

প্রধানমন্ত্রী দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির কথা উল্লেখ করে চীন ও বাংলাদেশের মধ্যকার ২০১৬ সালের সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের কথা তুলে ধরেন।

তিনি ২০১৯ সালে চীন সফরের কথা স্মরণ করে বলেন, উভয় দেশই বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল।

চলমান কোভিড-১৯ মহামারিতে বাংলাদেশের জন্য চীনের সহায়তার প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, উভয় দেশ সহযোগিতার নতুন ক্ষেত্র সন্ধানের মাধ্যমে সম্পর্ককে আরো দৃঢ় করতে পারে।

তিনি চীনা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখ এবং সে দেশের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

সূত্র : ইউএনবি

কৃষি নির্ভরশীল দেশে কৃষির বিপ্লব ঘটিয়েছে শেখ হাসিনা : শিল্প মন্ত্রী

0

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন বলেছেন,’ আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের কৃষি নির্ভরশীল এই দেশে কৃষির বিপ্লব ঘটিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যেখানে সারের জন্য এদেশের কৃষকদের প্রাণ দিতে হয়েছিল সেটা আপনারা নিশ্চয় জানেন।

আজকে সেই কৃষিকে প্রাধান্য দিয়ে আমরা এই কোভিট -১৯ কালীন সময়ে সারা দেশটাকে উন্নয়নে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দূদর্শী নেতৃত্রে আজকে করোনাকালীন সময়ে জীবন ও জীবিকা যুদ্ধ আমরা যাত্রা শুরু করে ছিলাম। সেখানে সহকর্মীসহ সবাই আমরা এই যুদ্ধ অতিক্রম করেছি।

আজ বৃহস্পতিবার (১অক্টোবর) দুপুরে জেলার বোদা উপজেলায় নবনির্মিত সারের বাফার গুদাম উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন,পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বিসিআইসি চেয়ারময়ান মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ।

জানা যায়, সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি নতুন বাফার গুদাম নির্মাণ প্রকল্পের ঘোষণা দেয় সরকার। দেশের ১৩টি সারের বাফার গুদামের মধ্যে পঞ্চগড়ে সাড়ে ২৭কোটি টাকা ব্যায়ে লসারের গুদামের কাজ প্রথমে শেষ হওয়ায় পঞ্চগরের সারের বাফার গুদামের শুভ উদ্বোধন করা হয় আর এই গুদামের উদ্বোধনের মধ্যে দিয়ে ১৩টি গুদামের সূচনা হলো।

রাহুলের পর প্রিয়াঙ্কা গান্ধীও গ্রেফতার

0

ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। ঠিক এরপরই একই জায়গা থেকে আটক করা হয়েছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। সরকারি বিধিমালা লঙ্ঘন করে বৃহৎ জনসমাবেশ করায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

এর আগে, উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী গত মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে উত্তরপ্রদেশ পুলিশ পরিবারের সদস্যদের বিনাউপস্থিতিতে রাতের আঁধারে ওই তরুণীর মরদেহ পুড়িয়ে দেয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, দিল্লি থেকে উত্তরপ্রদেশে ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় উত্তরপ্রদেশ পুলিশ গতিরোধ করে গাড়িবহর আটকে দেয়। এ ঘটনার প্রতিবাদে দলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে।

কংগ্রেসের এই নেতা এক টুইট বার্তায় পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে পুলিশ সদস্যরা তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুলিশের সঙ্গে তীব্র বাক-বিতণ্ডায় জড়িয়েছেন। ভিডিওতে পুলিশ সদস্যদের উদ্দেশে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, আমাকে কেন আটক করছেন? আমাকে আটকের কারণ কি? গণমাধ্যমের কাছে পরিষ্কার করুন।

তখন পুলিশের এক সদস্যকে বলতে শোনা যায়, সরকারি বিধির ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে আটক করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, পথরোধকারী পুলিশ সদস্যদের প্রতিরোধের চেষ্টা করছেন রাহুল গান্ধী। পরে ধাক্কাধাক্কির এক পর্যায়ে মাটিতে পড়ে যান কংগ্রেসের অন্যতম এই নেতা।

৪ অক্টোবর থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

0

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার (১লা অক্টোবর) দুপুরে সচিবালয়ে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, ৪ঠা অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

কোনও কুচক্রী মহল যেন ক্যাম্পেইন নিয়ে নেতিবাচক প্রচারণা না চালায়, সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আটক

0

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। ভারতের উত্তর প্রদেশে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দলিত সম্প্রদায়ের তরুণীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ চলছে। এরমধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর), নির্যাতিতার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হলেন কংগ্রেসের সাবেক সভাপতি। পদে পদে বাধার মুখে পড়েন রাহুল। যমুনা সেতুতে পুলিশের সঙ্গে প্রবল ধাক্কাধাক্কির মধ্যে পুলিশের গলাধাক্কায় পড়ে যান তিনি।

পুলিশ জানায়, পরিস্থিতি বেসামাল হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে হাতরাসে। রাহুল-প্রিয়াঙ্কারা সেই নির্দেশ অমান্য করতেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি।

রাহুল গান্ধী সংবাদমাধ্যমকে জানান, আমাদের গাড়ি আটকে দিয়েছে, তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম। এর মধ্যেই পুলিশ লাঠিচার্জ করে। আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়। এ দেশে কি শুধু নরেন্দ্র মোদীই হাঁটবেন? সাধারণ মানুষের হাঁটারও অধিকার নেই?”

এদিকে, ধর্ষণের এ ঘটনায় প্রতিবাদ করায় নয়াদিল্লির উত্তরপ্রদেশ ভবন ও ইন্ডিয়া গেটের সামনে থেকে ৩২ জন জন বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

‘শিক্ষাবর্ষ বাড়ানোর পরিকল্পনা নের্ই’

0

নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সচিবালয়ে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।

তিনি বলেন, যেহেতু করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি এখনও স্বাভাবিক হয়নি তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ানো হয়েছে। আর শিক্ষাবর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা এখনও নেই। নতুন বছরের শুরতেই বই উৎসব এবং বই বিতরণ শুরু হবে। এ কারণে নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। এছাড়া নভেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বরের ১৯ তারিখ পর্যন্ত সংশোধিত পাঠ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রাথমিকের সচিব।

পরিবেশ এবং বাস্তবতা অনুযায়ী ২০ তারিখের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান আকরাম আল হোসেন।

এর আগে, কোভিড পরিস্থিতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ফের বাড়ানো হয়েছে। এর ফলে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে। কোভিড-১৯-এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কলেজে চিঠি পাঠিয়ে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সে উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ঠা অক্টোবর থেকে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, গতকাল বুধবার করোনাকালীন শিক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। আজ সেই ঘোষণা এল।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।

সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন তথ্যভিত্তিক নয় : কাদের

0

সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে— টিআইবির দেওয়া প্রতিবেদনে এ ধরনের মন্তব্য সঠিক, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, তারা সব কার্যক্রমে অংশ নিচ্ছেন। জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়।

তিনি বলেন, এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সাথে জড়িত, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।

উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে— বিএনপি নেতাদের এ ধরনের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা বিএনপি নেতাদের চিরাচরিত অভিযোগ।

উপনির্বাচনে বিএনপির শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কিনা- তা জনগণ বিশ্বাস করতে পারছে না। তবে তাদের এ ঘোষণাকে স্বাগত জানাই। বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক তা আমরাও চাই। জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব।

প্রকল্পের ব্যয় কমানো এবং দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প না নিয়ে এবং নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুণগত মান বৃদ্ধি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।