Home Blog Page 2652

বৃহস্পতিবার হাসপাতাল ছাড়ছেন ইউএনও ওয়াহিদা

0

ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে বৃহস্পতিবার (০১ অক্টোবর) রিলিজ দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা এখন অনেক ভালো। তিনি এখন একা একাই চলাফেরা করতে পারছেন। তেমন রিস্ক ফ্যাক্টর নেই।

হাসপাতালটির নিউরো ট্রমা বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন জানান, আশা করছি আগামীকাল তাকে আমরা ছাড়পত্র দেব। তবে তাকে পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতাল থেকে সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড) যাওয়ার জন্য লিখে দেব। ইউএনও ওয়াহিদা কতটা সুস্থ হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, কোনও ধরনের সাপোর্ট ছাড়াই তিনি নিজে নিজেই হাটতে পারছেন।

গত ২ সেপ্টেম্বর রাতে নিজ বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত ওয়াহিদাকে পরে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়। সেখানে গত ৩ সেপ্টেম্বর রাতে মস্তিষ্কে জটিল অপারেশন পরিচালনা করেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন ও তার টিম।

চিকিৎসকরা জানান, তার মাথায় ৯টি আঘাতের চিহ্ন ছিল। আঘাতগুলো হ্যামার (হাতুড়ি) জাতীয় কিছু দিয়ে হয়েছে বলে মনে করছিলেন তারা। মাথার খুলি ভেঙে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল।

অক্টোবর থেকে সিঙ্গাপুরে ফ্লাইট চালু

0

করোনাভাইরাসের কারণে ছয় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সিঙ্গাপুরে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

বিমান সূত্র জানা যায়, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে নিয়মিত সিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েব সাইট http://www.biman-airlines.com ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

মুজিবনগরে স্বাধীনতা সড়ক উন্মুক্ত করতে ভারতের প্রতি অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি বিদায়ী সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ জানান।

ড. মোমেন উল্লেখ করেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে। এ সময় তিনি ভারতীয় ‘লাইন অভ্ ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। করোনা মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সাথে ভারতের স্থলবন্দর খুলে দেওয়ার অনুরোধ জানান পররাষ্টমন্ত্রী।

ড. মোমেন এ সময় ৬ষ্ঠ Joint Consultative Commission-JCC এর মন্ত্রী পর্যায়ের সভা সফলভাবে শেষ হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।

কুয়েতের আমিরের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

0

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরইমধ্যে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে ১লা অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

শোক উপলক্ষ্যে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগামীকাল দেশের সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।

গতকাল মঙ্গলবার ৯১ বছর বয়সে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ’র মৃত্যু হয়। এরপরই দেশটির মন্ত্রিসভা প্রয়াত আমিরের সৎভাই ৮৩ বছর বয়স্ক শেখ নওয়াফ আল আহমেদকে নতুন আমির বলে ঘোষণা করেছে।

রাজনীতিকে নষ্ট করেছিল বিএনপি : তথ্যমন্ত্রী

0

‘বিএনপি রাজনীতিকে নষ্ট করেছিল, রাজনীতিতে কালো টাকা এবং ‘মাসলম্যান’ (পেশীশক্তি) আমদানি করেছিল’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।

আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন-ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও স্বাধীনতা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী এ সময় গত ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকন্যার ৭৪তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান এবং বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আজ পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি একজন জীবন্ত কিংবদন্তী, তাঁর জীবনগাথা একটি সংগ্রামী জীবনের উপাখ্যান, পৃথিবীর সামনে তিনি এক অনুকরণীয় নেতৃত্বের দৃষ্টান্ত।

‘আজকে যখন দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, যখন বিশ্ব সম্প্রদায় দেশের উন্নয়ন অগ্রগতি ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছেন, তখন একটি দল বিএনপি আর তার মিত্ররা প্রশংসা করতে পারে না, তারা শুধু সমালোচনা আর নানা ধরণের বিষোদগারেই ব্যস্ত’ বলেন মন্ত্রী।

বিএনপি’র সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ বিএনপির অন্য নেতারা গতকাল তাদের বক্তব্যে বলেছেন, আজকে না কি নষ্ট সময় যাচ্ছে। অথচ প্রকৃতপক্ষে তারাই রাজনীতিকে নষ্ট করেছিল। জিয়াউর রহমান দম্ভ করেই বলতেন যে, ‘মানি ইজ নো প্রবলেম’। বিএনপিই রাজনীতিতে কেনা-বেচার হাট বসিয়েছিল। বিএনপির বড় বড় নেতা যারা আজকে বড় বড় কথা বলে তারা অনেকেই রাজনীতির হাটে বিক্রি হওয়া রাজনীতিবিদ। তারা যখন সময় নিয়ে প্রশ্ন রাখে, তখন মনে করতে হবে সময়টা ভালো যাচ্ছে।’

‘বাংলাদেশে গুম-খুনের রাজনীতি চালু করেছিল বিএনপি, খুনের রাজনীতির মাধ্যমেই বিএনপির প্রতিষ্ঠা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শুধু খুন নয়, বঙ্গবন্ধুহত্যার পর যাতে হত্যার বিচার না হয়, সেজন্য তারা সংসদে আইন পাস করেছিল। বিএনপি’র আমলে ২০০২ সালে অপারেশন ক্লিনহার্ট পরিচালনায় প্রায় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। আর এই সমস্ত হত্যাকাণ্ডের কোনো বিচার না হওয়ার জন্য তারা আবার ইমডেমনেটি দিয়ে হত্যাকাণ্ডকে আইনগত বৈধতা দিয়েছে । যারা এই ধরণের কাজ করে তারা যখন এ নিয়ে কথা বলে, তখন এটি হাস্যকর হয়ে দাঁড়ায়।’

‘বিএনপি নারী ধর্ষণকারীরও দল’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘২০০১ সালে নির্বাচনের পরে ৮বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। নৌকায় ভোট দেয়ার অপরাধে পুরো গ্রাম অবরুদ্ধ করে অন্তসত্ত্বা মহিলা-সহ শতশত নারীকে ধর্ষণ-নির্যাতন করা হয়েছে। সুতরাং বিএনপি শুধু খুনীর দল নয়, তারা ধর্ষণকারীরও দল। কারণ এই নারী ধর্ষণের কোনো বিচার তারা করেনি বরং দলগতভাবে তাদেরকে বাহবা দেয়া হয়েছে।’

আওয়ামী লীগ অপরাধীদের বিষয়ে শূন্যসহিষ্ণুতার নীতিতে অটল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই ধরণের অপকর্মের সাথে যারা যুক্ত, তারা কোনো দলের নয়, তারা দুষ্কৃতিকারী। এদের কেউ দলীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করলে, সরকার এবং আমাদের দল এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যারাই এই অপকর্মের সাথে যুক্ত থাকবে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।’

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন টয়েল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অরুণা বিশ্বাস, আওয়ামী লীগ নেতা এম এ করিম, কুয়েত আওয়ামী লীগ সভাপতি সাদেক হোসেন, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

‘সৌদির চাকরিদাতারা কর্মী ছাটাই করলে সরকারের কিছু করার নেই’

0

সৌদী আরবের চাকরিদাতা বা কফিলরা বিদেশি কর্মী ছাঁটাই করলে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধিদের ব্রিফ করার পর একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দেশে ফেরার পর করোনা পরিস্থিতির কারণে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তা দূর করতে সাত দেশের দূতাবাসের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের কথা ছিল। তবে, কুয়েতের আমীর মারা যাওয়ায় দেশটির কোনও প্রতিনিধি বা রাষ্ট্রদূত যোগ দেননি সভায়।

সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ইরাক এবং মালয়শিয়ার রাষ্ট্রদূত এবং লেবার কনস্যুলারদের দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, কফিল বা প্রতিষ্ঠানের মালিকরা কর্মী ছাটাই করলে সরকারের কিছু করার নেই। এছাড়া, বৃহস্পতিবার থেকেই সৌদিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ১০টি করে ফ্লাইট পরিচালনা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আর সৌদি দূতাবাস ২৫ হাজার ভিসা নবায়ন করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী। যারা প্রবাসে চাকরি হারাচ্ছেন তাদের জন্য সরকার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করছে বলেও জানান দুই মন্ত্রী।

আগামী সপ্তাহে এইচএসসি-সমমান পরীক্ষার রুটিন প্রকাশ

0

আগামী সপ্তাহে এইচএসসি-সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে। তবে কেউ বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করছেন অনেকে। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি তৈরি না করতে আমরা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘কবে থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু হবে তা আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। পরীক্ষা আয়োজনে প্রশ্ন, উত্তরপত্র তৈরিসহ সব প্রস্তুতি আমাদের রয়েছে। এখন শুধু পরীক্ষা শেষ করা বাকি রয়েছে। পরীক্ষা দিতে গিয়ে যাতে কারও ক্ষতি না হয় সে বিষয়টি আমরা গুরুত্ব দেব। বিশেষ কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে আমরা দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষা নেব।’

তবে এবার সব বিষয়ের পরীক্ষা না নিয়ে মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। কোন কোন বিষয়ের পরীক্ষা নেয়া হবে সেটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কেউ যদি বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তবে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। সব কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

0

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এ মামলায় ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভূবন চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। ১০ আসামির মধ্যে মুসা পলাতক এবং মিন্নি জামিনে রয়েছেন। মুসা ব্যতীত বাকিরা রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের ভিড়ে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। ওই বছরের ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এতে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে অভিযুক্ত করা হয়।

১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। এ মামলায় মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

১৬ সেপ্টেম্বর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান রায়ের জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৩৬

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২৫১ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।

১০৮টি পরীক্ষাগারে এ পর্যন্ত ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ পর্যন্ত শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

সপ্তাহে ২০টি ফ্লাইট যাবে সৌদি আরব : পররাষ্ট্রমন্ত্রী

0

এখন থেকে বাংলাদেশ-সৌদি আরব রুটে ২০টি করে ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেই এ ফ্লাইট চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) গালফ অঞ্চলের ছয়টি দেশ এবং মালয়েশিয়ার ঢাকাস্থ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বৈঠককে ‘ফলপ্রসূ’ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে বৃহস্পতিবার থেকে সপ্তাহে ২০টি করে ফ্লাইট যাবে। এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের ১০টি এবং বিমান বাংলাদেশের ১০টি। এর মাধ্যমে দ্রুতই অধিক সংখ্যক প্রবাসী সৌদি ফিরতে পারবেন বলে আমরা আশা করছি। সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশে শ্রমিক পাঠানো নিয়ে সমস্যা নেই। সংযুক্ত আরব আমিরাত এরসঙ্গে এখন সপ্তাহে ১৭টি ফ্লাইট চলাচল করে। তারা এটাকে আরও বাড়াতে চান।

যারা সৌদি আরব থেকে দেশে চলে এসেছিলেন কিন্তু ভিসার মেয়াদ আছে তাদেরকে পর্যায়ক্রমে ফেরত নেওয়া হবে বলে সৌদি কর্তৃপক্ষের বরাতে জানিয়েছেন দুই মন্ত্রী। আর যারা গত মার্চ মাসে ভিসা পেয়েছিলেন কিন্তু মেয়াদ শেষ তাদের ভিসা রি-ইস্যু করতে হবে বলেও জানান তারা। তবে যাদের ভিসার মেয়াদ শেষ এবং কফিল (চাকরিদাতা) আর নিয়োগ দেবেন না তাদের বিষয়ে ‘কিছু করার নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এমন শ্রমিকদের সংখ্যা এখন পর্যন্ত ৫৩ জন উল্লেখ করে তাদেরকে ভিন্ন কফিল বা বিকল্প কর্মসংস্থান অথবা দেশেই কোনো কর্মকংস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেন এ কে মোমেন।

এ জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৭শ কোটি টাকার ফান্ড থেকে সহায়তা নেওয়ারও পরমার্শ দেন তিনি।

এদিকে শ্রমিক ইস্যুতে দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ইতিবাচক না হলে বিকল্প পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

আলোচনা সভায় সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং মালয়েশিয়ার প্রতিনিধিরা অংশ নেন।