Home Blog Page 2653

বাবরি মসজিদ মামলায় সব আসামি বেকসুর খালাস

0

২৮ বছর আগে করসেবকরা ধ্বংস করেন বাবরি মসজিদ। দীর্ঘ প্রায় তিন দশক পর বুধবার (৩০ সেপ্টেম্বর) আলোচিত সেই মামলার রায় ঘোষণা হলো লখ্নৌয়ের বিশেষ সিবিআই আদালতে। রায়ে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য এলকে আদভানিসহ ৩২ আসামিই বেকসুর খালাস পেয়েছেন।

সকাল থেকে এ রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা ভারত। সকালে মামলায় অভিযুক্ত মোট ৩২ জনের মধ্যে ২৬ জন আদালতে উপস্থিত ছিলেন। আসেননি সাবেক উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেত্রী উমা ভারতী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর যোশী, বিনয় কাটিহারসহ দুজন। তবে ইন্টারনেটের মাধ্যমে রায় দেওয়ার সময় আদালতে যুক্ত ছিলেন তারা।

রায়ে জানানো হয়, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত ছিল না। আচমকা ঘটেছে এ ঘটনা। সেখানে যে হাজারও করসেবক ছিলেন, তাদের মধ্যেই কেউ উসকেছে। এর সঙ্গে উচ্চস্থানীয় নেতারা জড়িত ছিলেন না। বরং নেতারা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ঘটনা আচমকা ঘটায়, কেউ কোনোভাবে আটকাতে পারেননি।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর নানা নথি এবং লখ্নৌতে ২৫০ জন ও রায়বেলিতে ৫০ জন, সব মিলিয়ে ৩০০ জনের বয়ান রেকর্ড করা হয়েছিল। তাতে কেউ বলেনি এ মসজিদ ভাঙার পেছনে কোনো নেতার হাত ছিল।

পাশাপাশি সে সময় লালকৃষ্ণ আদভানির মতো প্রথম সারির নেতা বলেছিলেন, তারা বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত না। মসজিদের অনেক দূরে মঞ্চ বানিয়ে শুধু দলীয় কার্যক্রম চালাচ্ছিলেন। ফলে আদালতের রায়ে ৩২ জন বেকসুর খালাস পান।

‘বিএনপির আন্দোলন এখন পত্রিকা আর ফেসবুকে সীমাবদ্ধ’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের রং কী, বর্ণ কেমন এরইমধ্যে তাদের নেতাকর্মীরা তো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। আন্দোলনের কোনো ইস্যু নেই, নেই বস্তগত পরিস্থিতি, এ নিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত, তারা একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, কখনও নির্বাচন কমিশন, কখনও আগাম নির্বাচন আবার কখনও সরকার পরিবর্তন। আন্দোলন-সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ, আর আন্দোলন তো সুদূর পরাহত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ দায়িত্বহীন এবং লক্ষ্যহীন দলের উদাহরণ একমাত্র বিএনপিই।

বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন জণগনকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তারা নিজেরাই কেন্দ্রে যায় না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। জণগণ এখন বুঝে গেছে।

উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে কাদের বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ঢাকা ১৮ আসনে মোহাম্মদ হাবিব হাছান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

এ সময় ওবায়দুল কাদের ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে কি না জানা যাবে কাল

0

করোনাভাইরাস মহামারীর মধ্যে আগামী ৩ অক্টোবরের পর শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ আরও বাড়বে কি না আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সেই সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা বিষয়ক প্রতিবেদকদের সঙ্গে আজ বুধবার এক ভার্চুয়াল মতবিনিময়সভায় শুরুতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা আছে। এর পর কী হবে বৃহস্পতিবারের মধ্যে সেই সিদ্ধান্ত মিডিয়াকে জানাতে হবে।’

বৃহস্পতিবারের মধ্যে এ সিদ্ধান্ত জানানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান সচিব মাহবুব।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

মহামারীর কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে তোলার কথা রয়েছে।

তবে চারটি শর্ত দিয়ে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এ সভায় যুক্ত আছেন।

স্কুলছাত্র বাপ্পী হত্যা : একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

0

দীর্ঘ ১০ বছর পর খুলনা মহানগরীর খালিশপুরের প্লাটিনাম জুটমিল স্কুলের নবম শ্রেণির ছাত্র মফিজুল ইসলাম বাপ্পীকে (১৬) পিটিয়ে হত্যা মামলায় মো. রকি নামে এক আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ আসামিকে খালাস দেয়া হয়েছে।

খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান আজ বুধবার দুপুর পৌনে ১২টায় এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. নজরুল, রবিউল, আল আমিন, মিলন ও মুজিব হাওলাদার। এছাড়া খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- ইব্রাহিম ওরফে বাহাদুর ও মো. হাসান।

আইনজীবীরা জানান, ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় প্লাটিনাম স্কুল মাঠে বাপ্পী ও তার বন্ধু রাজু বসে গল্প করছিল। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা হকিস্টিক ও রড নিয়ে রাজুর ওপর হামলা চালায়। বাপ্পী রাজুকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও মারধর করে। এই সুযোগে রাজু পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাপ্পীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।

পরদিন নিহত বাপ্পীর বড় ভাই হাফিজুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১২ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য প্রদান করেছেন।

সিনহা হত্যা : কনস্টেবল রুবেল ৭ দিনের রিমান্ডে

0

আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সর্বশেষ গ্রেফতার হওয়া পুলিশের কনস্টেবল রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। শুনানি শেষে আদালতের বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল শর্মাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রিমান্ড মঞ্জুর হওয়ার পর দুপুর দেড়টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে কক্সবাজার কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের সহযোগী হিসেবে গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে র‌্যাব। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানিয়েছেন, আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় পূর্বে গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। এ কারণে গত ১৪ সেপ্টেম্বর র‌্যাবের একটি দল রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-১৫ কার্যালয়ে নিয়ে আসে।

তিনি বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার দেখানো হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেছেন। এখন সময় সুযোগমতো তাকে রিমান্ডে নেয়া হবে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটির তদন্তভার র‌্যাবকে দেয়া হয়।

৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের ৭ সদস্য। গত এক মাসে র‌্যাব এপিবিএনের ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষীসহ ১৩ জনকে আটক করে নানা মেয়াদে রিমান্ডে নেয়। ১৪তম আসামি হিসেবে গ্রেফতার হন কনস্টেবল রুবেল শর্মা।

এ মামলায় এখন পর্যন্ত ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ওসি প্রদীপ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় আজ

0

আজ ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করবে লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত। ঘটনার প্রায় তিন দশক বাদে এদিনের রায়েই ভাগ্য নির্ধারিত হবে লালকৃষ্ণ আডবানি, উমা ভারতী, মুরলী মনোহর যোশীদের। রায় দানের সময় অভিযুক্তদের এদিন এজলাসে হাজির থাকার নির্দেশ আগেই দিয়েছিলেন আদালত। তবে বয়সের কারণে আডাবানি, যোশীর উপস্থিতি ঘিরে সংশয় রয়েছে।

২৮ বছর আগে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয় বাবরি মসজিদ। মামলায় অভিযুক্ত ৩২ জনের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেত্রী উমা ভারতী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলিমনোহর যোশি, বিনয় কাটিহার, সাক্ষী মহারাজ প্রমুখ।

কী হয়েছিল
যেখানে বাবরি মসজিদের অবস্থান সেখানেই রামচন্দ্রের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করসেবকদের। যার দরুন করসেবকরা বাবরি মসজিদটি ভেঙে দেয়। এরপর দেশ জুড়ে দাঙ্গা শুরু হয়। সরকারি হিসাবমতো ওই দাঙ্গায় ১৮০০ মানুষের প্রাণহানি হয়েছে। বাবরি মসজিদ ভাঙার প্রত্যক্ষদর্শী ছিলেন ৩০ থেকে ৪০ হাজার মানুষ। তাদের মৌখিক সাক্ষ্য এই মামলায় বড় ভূমিকা পালন করেছে। সিবিআই মোট ১০২৬ জন সাক্ষীর তালিকা প্রস্তুত করেছিল।

কোন পথে মামলা
বাবরি মসজিদ ধ্বংসের পর পুলিশের পক্ষ থেকে যে দু’টি এইআইআর হয়েছিল তার প্রথমটি করা হয় লক্ষ লক্ষ করসেবকের বিরুদ্ধে। অভিযোগ, এরাই ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদের ওপরে উঠে গিয়ে হাতুড়ি-কুড়ুল দিয়ে সৌধ ভেঙে ফেলেছিলেন। দ্বিতীয় এফআইআরটি হয় আটজনের বিরুদ্ধে। তারা হলেন বিজেপির এল কে আডবানি, মুরলী মনোহর যোশি, উমা ভারতী এবং বিনয় কাটিহার এবং বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিঙ্ঘল, গিরিরাজ কিশোর, বিষ্ণুহরি ডালমিয়া এবং সাধ্বী ঋতাম্ভরা। তাদের মধ্যে বিষ্ণুহরি ডালমিয়া, গিরিরাজ কিশোর ও অশোক সিঙ্ঘল প্রয়াত।

করসেবকদের বিরুদ্ধে মামলাটির তদন্ত করে সিবিআই। অন্যদিকে, বিজেপি ও ভিএইচপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব পায় উত্তরপ্রদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।

মামলার গতিপ্রকৃতি
এই মামলায় সিবিআই প্রথমবার চার্জশিট দেয় ১৯৯৩ সালের ৫ অক্টোবর। তাতে আট নেতা-নেত্রী সহ ৪০ জনের নাম ছিল। পরে ১৯৯৬ সালের ১০ জানুয়ারি সিবিআই একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়। তাতে অভিযোগ করা হয়, বাবরি মসজিদ ধ্বংসের জন্য বড় আকারে ষড়যন্ত্র করা হয়েছিল। শিবসেনা প্রধান বাল ঠাকরে ও মোরেশ্বর সাভের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনে সিবিআই। ১৯৯৭ সালে লখনউয়ের এক বিচারক মোট ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করার নির্দেশ দেন। তাদের মধ্যে ৩৪ জন এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট নিম্ন আদালতের রায়ের ওপরে স্থগিতাদেশ দেয়।

২০০১ সালের ১২ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয়, আডবাণী, যোশি, উমা ভারতী, কল্যাণ সিং এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের চার্জ বাতিল করা হোক। ওই বছরই ৪ মে লখনউয়ের বিশেষ আদালত নির্দেশ দেয়, ২১ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা হবে রায়বেরেলি কোর্টে। অপর ২৭ জনের বিরুদ্ধে মামলা হবে লখনউতে। সিবিআই হাইকোর্টে আবেদন করে, নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চার্জ বাতিল করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। যদিও হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দেয়।

২০০৩ সালের জুলাই মাসে সিবিআই আডবাণীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জ তুলে নেয়। রায়বরেলি কোর্টে তার নামে নতুন করে চার্জশিট দাখিল করে। ২০১১ সালে সিবিআই সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালত রায়বরেলি কোর্টে চলা মামলাগুলি লখনউ আদালতে স্থানান্তরিত করতে নির্দেশ দেয়।

সুপ্রিম নির্দেশ
এই মামলার বিচার প্রক্রিয়া তিন দশক ধরে খুব শ্লথ গতিতে চলে। পরে, ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশে প্রত্যহ এই মামলার শুনানি চলে। শীর্ষ আদালতের নির্দেশ ছিল বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারককে বদলি করা চলবে না। সেই নির্দেশ মেনেই চলে বিচার প্রক্রিয়া। অভিযুক্ত শীর্ষ সব বিজেপি নেতারাই আদালতে বয়ান নেওয়া হয়। সশরীরে হাজিরা দিয়ে আদালতে বয়ান দিয়েছেন তাঁরা।

অযোধ্যা জমি মামলার রায়
২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় দিয়েছে। সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল, বাবরি মসজিদ ভেঙে অভিযুক্তরা আইন লংঘন করেছেন।

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ১২ হাজার ছাড়াল

0

সারাবিশ্বে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব আপন গতিতে বেড়েই চলছে। বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তুলনামূলকভাবে সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না হলেও আতঙ্ক ছাড়ছে না জনমনে। বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ১০ লাখ ১২ হাজার অতিক্রম করেছে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ৬৫৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৭২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৬৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১০ হাজার ৭৮৫ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৪ লাখ ৬ হাজার ১৪৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ২৩ হাজার ৫১৯ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭ হাজার ৫২৯ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৮০ হাজার ৩১৭ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ১০ জন।

করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ হাজার ১৬৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ১৬৩ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১ লাখ ৬৭ হাজার ৮০৫ জন। আর মৃতের সংখ্যা ২০ হাজার ৫৪৫ জন।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৫১ লাখ ৮৪ হাজার ৬৩৪ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৬ লাখ ৪৮ হাজার ৬৮৩ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪১ লাখ ৩৫ হাজার ৮৮ জন)।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ২১৯ জনের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : প্রথম বিতর্কে মুখোমুখি ট্রাম্প-বাইডেন

0

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রথম বিতর্কটি ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। ফক্স নিউজের সংবাদকর্মী ক্রিস ওয়ালেস এই বিতর্ক অনুষ্ঠান সঞ্চালন করেছেন।

তবে বর্তমানে করোনা মহামারির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য বেশি মানুষকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। সীমিত সংখ্যকই এতে অনুমতি পেয়েছেন। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখেই দর্শকদের আসন বিন্যাস করা হয়েছে।

এই বিতর্কে দর্শকদের মাস্ক পরে আসার নিয়ম থাকলেও ট্রাম্পের পরিবারের অনেক সদস্যই সেখানে মাস্ক ছাড়াই উপস্থিত হয়েছিলেন।

এই দুই প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে ক্রিস ওয়ালেস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি ট্রাম্প এবং বাইডেনের বিভিন্ন রেকর্ড, সুপ্রিম কোর্ট, মাইক কোভিড-১৯, অর্থনীতি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সহিংসতা এবং নির্বাচনের অখণ্ডতা নিয়ে কথা বলেছেন।

এদিকে, আগামী ৭ অক্টোবর কমলা হ্যারিস এবং মাইক পেন্স প্রথম বিতর্কে অংশ নেবেন। এই বিতর্কের কয়েক ঘণ্টা আগেই নিজেদের আয়কর রিটার্নের তথ্য প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং তার রানিংমেট কমলা হ্যারিস।

গত বছর বাইডেন তিন লাখ ৪৬ হাজার ডলার কর পরিশোধ করেছেন। অন্যদিকে, ১৫ বছরের মধ্যে ১০ বছরই আয়কর দেননি ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি তিনি কয়েক মিলিয়ন ডলার কর পরিশোধ করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইতোমধ্যেই ১০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। নির্বাচনের আর বেশি সময় হাতে নেই। ফলে উভয় প্রার্থীই নির্বাচনের প্রচারণায় ভোটারদের দলে টানতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিতর্কে কোনো প্রার্থী অপরজনকে ছাড় দেননি। বরং একে অন্যকে তীব্রভাবে আক্রমণ করে গেছেন। তবে ক্রিস ওয়ালেস বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প বেশি আক্রমণাত্মক ছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন অভিযোগ তুলেছেন যে, তার প্রশাসন করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। তবে ট্রাম্প বলছেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। তিনি বলছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন চলে আসবে।

এদিকে, ট্রাম্পের অভিযোগ বাইডেন করোনা মহামারির অযুহাতে দেশের অর্থনীতি এবং সব কার্যক্রম বন্ধ রাখতে চাইছেন। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের জনগণ জানে কিভাবে এই মহামারির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

তার মতে, লোকজন জানে তাদের কি করতে হবে। তারা সামাজিক দূরত্ব মেনে চলতে সক্ষম এবং মাস্ক পরে চলাফেরা করতে পারে। তার মতে, সব অঙ্গরাজ্যের কার্যক্রম চালু রাখা প্রয়োজন।

এদিকে, ট্রাম্পের কথার জবাবে বাইডেন বলছেন, যতক্ষণ করোনা পরিস্থিতি ঠিক করা না যাবে ততক্ষণ অর্থনীতিও সচল হবে না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন বাইডেন।

স্বাস্থ্য নীতিমালার বিষয়ে বাইডেন বলছেন, হেলথ কেয়ারের বিষয়ে ট্রাম্পের কোনো ভালো পরিকল্পনা নেই। তিনি দেশের ওষুধের মূল্য কমানোর কোনো পরিকল্পনাই নেননি। কিন্তু ট্রাম্প বলছেন, বাইডেন আসলে কি বলছেন তিনি নিজেই সেটা জানেন না।

রিফাত হত্যার রায় আজ, আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা

0

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা হচ্ছে আজ বুধবার। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করবেন। রায় ঘিরে বরগুনার আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালত পাড়াকে ঘিরে স‌ড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া আদাল‌ত চত্বরেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপা‌শি কয়েক স্তরে পোশাকধারী ও ডি‌বি পু‌লিশের সদস্যরা ‌জেলা কারাগার, আদালত চত্বরসহ আশপাশে নিরাত্তায় নিয়োজিত রয়েছে।

এদিকে জেলা ও দা‌য়রা জজ মো. আছাদুজ্জামান সকাল ৭ টা ২৩ মি‌নিটে আদালতে প্রবেশ করেছেন।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর দফতর) মহরম আলী জানান, রিফাত হত্যা মামলার রায়‌কে ঘি‌রে যেকোনো অ‌প্রীতিকর প‌রি‌স্থি‌তি রো‌ধে সব ধরনের প্রস্তু‌তি নেওয়া হ‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে আদালত প্রাঙ্গ‌ণে তিন স্ত‌রের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

সরেজমিনে দেখা গেছে, আদালত প্রাঙ্গণ, প্রবেশপথ ও আশপাশের এলাকায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের কয়েকজন আইনজীবীও হাজির হয়েছেন আদালতে। আদালতের ভেতরে সাদা পোশাক ও ইউনিফর্ম পরা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

রায় ঘিরে বরগুনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সজাগ দৃষ্টি রাখছে পুলিশ। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এছাড়া র্যাব সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশও টহল দিচ্ছে বরগুনায়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার্স) মহরম আলী বলেন, মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। জেলা করাগারে থাকা এই মামলার আট আসামিকে সকাল ১০টার মধ্যে আদালতে হাজির করা হবে।

মহরম আলী বলেন বলেন, রায় ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। বিশষ করে আদালত প্রাঙ্গণে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সরকারি গাড়ি ছাড়া কোনো যানবাহন আদালত প্রাঙ্গণে ঢুকতে পারবে না।

স্বল্পোন্নত দেশগুলোকে ২০৩০ পর্যন্ত সহায়তা দিতে হবে: প্রধানমন্ত্রী

0

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, সবার জন্য সুস্বাস্থ্য, মান সম্মত শিক্ষা নিশ্চিত করাসহ ২০৩০ সালের মধ্যে এমন ১৭টি লক্ষ্যপূরণে কাজ করছে উন্নয়নশীল দেশগুলো। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ও প্রণোদনা খাতে ব্যয় বেড়ে যাওয়ায় টেকসই উন্নয়ন খাতে অর্থায়নে সংকট দেখা দিচ্ছে। তাই জাতিসংঘ সদর দপ্তরে

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উন্নত ও উন্নয়নশীল দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। করোনাভাইরাসের সময়ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে অর্থায়নের বিষয়ে তাদের ভাবনার কথা জানান সরকার ও রাষ্ট্র প্রধানরা।

সেখানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে উন্নত দেশগুলোকে আর্থিক প্রণোদনা বাড়াতে হবে। স্বল্পোন্নত দেশগুলোকে ২০৩০ সাল পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা দেয়া অব্যাহত রাখতে হবে। এসময় আর্থিক সংকট মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদান, অভিবাসী শ্রমিকদের সহায়তা অব্যাহত রাখাসহ ৬টি সুপারিশ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়নশীল দেশের প্রতি উন্নত দেশগুলোর করা ওয়াদা পূরণ করতে হবে। সামাজিক উন্নয়নে যে দশমিক ৭ শতাংশ অর্থ দেয়ার ওয়াদা তারা করেছে সেটি পূরণ করতে হবে। একই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তিও বাস্তবায়ন করতে হবে। আর এজন্য জাতিসংঘকে চালকের ভূমিকা নিতে হবে।