Home Blog Page 2654

সারাদেশে কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধ

0

করোনাকালে বন্ধ থাকা সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্রাবাসে এক নারীকে ধর্ষণের ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার।

সারা দেশে সরকারি-বেসরকারি কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধসহ ছাত্রাবাস বন্ধ এবং ক্যাম্পাসে পুলিশি টহল জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাউশির উপপরিচালক (কলেজ-১) প্রফেসর ড. শাহ মো. আমির আলী স্বাক্ষরিত ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি কলেজসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণসহ সরকারি নির্দেশনা’ বাস্তবায়ন সংক্রান্ত চিঠি দেশের সব সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিগত ১৮ মার্চ থেকে অদ্যাবধি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

‘প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সব সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানকে সচেষ্ট থাকতে হবে। ’

দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ও সম্পদ সুরক্ষাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে নয় দফা পদক্ষেপ জরুরি ভিত্তিতে নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

> অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে এবং আঞ্চলিক পরিচালককে ক্লাস নেওয়ার তথ্য দিতে হবে।

> প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়মিত পরিদর্শন প্রতিবেদন দাখিল করতে হবে।

> শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে অংশগ্রহণ মনিটরিং ও অভিভাবকের সঙ্গে সংযোগ করতে হবে।

>.শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিতে হবে।

>কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

>কলেজের বিজ্ঞানাগার ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

>ছাত্রাবাসগুলো বন্ধ রাখতে হবে এবং ছাত্রাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

>প্রতিষ্ঠানের মূল ফটকসহ সব প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়োজিত রাখতে হবে।

>স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করতে হবে।

চিঠিতে সরকারি ও বেসরকারি সব কলেজের প্রতিষ্ঠান প্রধানকে বর্তমানে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ সরকারি ও বেসরকারি কলেজে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

কুয়েতের আমির শেখ সাবাহ মারা গেছেন

0

মৃত্যুবরণ করেছেন কুয়েতের আমির সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহ। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর আল জাজিরার।

কুয়েতের আমির আল সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির জন্য তিনি অনেক আলোচিত হয়ে আছেন। ১৯৬৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৬ সালে তৎকালীন আমির শেখ জাবের আল সাবাহ’র মৃত্যুর পর তিনি কুয়েতের আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।

২০১৯ সালে সর্বপ্রথম তার অসুস্থতার কথা সরকারিভাবে জানানো হয়। তারপর চলতি বছরের জুলাইয়ে মার্কিন বিমান বাহিনীর সামরিক উড়ন্ত হাসপাতাল সি-১৭ এর মাধ্যমে তাকে যুক্তরাষ্ট্রের মিনিসোটার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

0

সম্প্রতি দেশে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ বেড়ে গেছে সাংবাদিকদের এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন? কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনও দেশ নেই ধর্ষণ হয় না! আমাদের দেশে ধর্ষণকারীকে কিন্তু আমরা গ্রেফতার করছি একের পর এক। যেই করছে, কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা উত্তর আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের এমসি কলেজে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, আমরা তা ঘৃণা করি। তাদেরকে সারা দেশের মানুষ ঘৃণা করে। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, যে ছয়জনকে ধরা হয়েছে তদন্তের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয় বিচার বিভাগ তাদের ধর্ষণের জন্য অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেবে।

আইনশৃঙ্খলা বাহিনীতে মাদকের ডোপ টেস্ট করা হবে কি না এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, পুলিশ বাহিনী এবং নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে; নিরাপত্তা বাহিনীর যেটা টেস্ট করা হয় চাকরির আগে এবং সারা বাংলাদেশ কম্পালসারি করার জন্যই নির্দেশনা হয়েছে, কিছুদিনের মধ্যে সেটা বাস্তবায়ন হয়ে যাবে।

আমাদের নিরাপত্তা বাহিনীতে আমরা কিন্তু এইটা মেনেই চলছি। রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমেই করা হচ্ছে। ডোপ টেস্ট কম্পালসারি করে দেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে ভালোবাসেন। সারা দেশের মানুষ বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী যা বলেন তাই পালন করেন। তিনি যা স্বপ্ন দেখেন তাই বাস্তবায়ন করেন। দেশের উন্নয়নের জন্য তিনি যা করেছেন আমরা সেই জন্যই আজকে মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তার আগে বাংলাদেশে কি ছিল? খাদ্য ঘাটতির দেশ, বিদ্যুৎ ঘাটতির দেশ, স্বাস্থ্যখাতে হ য ব র ল দশা ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ ততদিন সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে।

করোনা সংক্রমণ পরিস্থিতি ও আওয়ামী লীগ সভাপতির নির্দেশনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেবল প্রধান অতিথি বক্তব্য রাখেন। দোয়া মাহফিল পরিচালনা করেন সুফি সুলতান আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

চালের দাম ঠিক করে দিয়েছে সরকার

0

মিলগেটে চালের দাম ঠিক করে দিয়েছে সরকার। বুধবার থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দাম ঠিক করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায়, খাদ্য ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার। এ সিদ্ধান্ত না মানলে ১৫ দিনের মধ্যে চাল আমদানি করার হুঁশিয়ারিও দেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, মিল গেটে ৫০ কেজি মিনিকেট বস্তা বিক্রি হবে ২৫৭৫ টাকা। আঠাশ চালের দাম বিক্রি হবে ২২৫০ টাকা। এটা না মানলে ১৫ দিনের মধ্যে চাল আমদানি করা হবে। আগামীকাল পাইকারি ও খুচরো পর্যায়ে চালের দাম ঠিক করা হবে।

‘সীমান্ত ব্যবস্থাপনা ও হত্যা বন্ধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত’

0

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধে এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ এক হয়ে কাজ করবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন-জেসিসির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, বৈঠকে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক বিষয় এবং তিস্তাসহ অভিন্ন নদীর সমস্যা সমাধানে আলোচনা হয়েছে।

বাংলাদেশ – ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর। বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান বৈঠকে সীমান্ত হত্যা বন্ধকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সীমান্ত হত্যা বিষয়ে ভারতও উদ্বিগ্ন বলী জানান এ কে আব্দুল মোমেন।

তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়েও কথা হয়েছে বলে জানান মন্ত্রী। শিগগিরই এই সমস্যার সামধান হবে বলেন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতের বিষয়গুলোকেও অগ্রাধিকার দেয়া হয়েছে। ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠকেও এসব ইস্যু প্রাধান্য পাবে বলে জানান এ কে আব্দুল মোমেন।

বিশ্বে প্রায়ই ৬৯ কোটি মানুষ ক্ষুধার্ত থাকে: জাতিসংঘ মহাসচিব

0

খাদ্য ঘাটতি ও অপচয় রোধে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা কমিয়ে আনতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক খাদ্য ঘাটতি ও অপচয় রোধ সচেতনতা দিবস আজ। সেই উপলক্ষ্যে গুতেরেস এই বার্তা দেন।

গুতেরেস বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ক্ষুধার্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে হলে ২০৩০ সালের মধ্যে খাদ্য অপচয় ও খাদ্য ঘাটতি অর্ধেকে নামিয়ে আনতে হবে। যথেষ্ট খাবার থাকলেও বিশ্বে প্রায়ই ৬৯ কোটি মানুষ ক্ষুধার্ত থাকে। আর তিনশ কোটি মানুষ সুষম খাদ্য গ্রহণ করতে সক্ষম নয়।

করোনা মহামারির কারণে খাদ্য ব্যবস্থা আরো দুর্বল এবং খাদ্য ঘাটতি ও অপচয়ের অবস্থা আরো খারাপ হয়েছে। এরই মধ্যে খাদ্য অপচয় রোধে বিভিন্ন দেশ পদক্ষেপ নিয়েছে।

এমসি কলেজে ধর্ষণ: মামলার দুই নম্বর আসামি গ্রেপ্তার

0

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেপ্তার। সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় তারেকুল ইসলাম ওরফে তারেক আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে সুনানগঞ্জের দিরাই থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তারেক চাঞ্চল্যকর এ ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। এ নিয়ে ধর্ষণ মামলার ৯ আসামির মধ্যে ৮ জন এবং এজাহারভুক্ত ৬ আসামিকেই গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, সোমবার সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে মামলার ছয় নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ। আর সোমবার রাত ১টার দিকে সিলেটের ফেঞ্জুগঞ্জের কচুয়া নয়াটিলা এলাকা থেকে সন্দেহভাজন আসামি রাজন ও তার সহযোগী আইনুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

২৭ সেপ্টেম্বর মাহবুবুর রহমান রনি এবং রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রনিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে এবং রবিউলকে নবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, ২৭ সেপ্টেম্বর সকালে সুনামগঞ্জ থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও হবিগঞ্জ থেকে অর্জুন লস্কর নামে এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। এ সময় ছাত্রলীগ নামধারী ৫/৬ জন নেতাকর্মী তাদের জোরপূর্বক ছাত্রাবাসে ধরে নিয়ে আসে। সেখানে দু’জনকেই মারধর করে তারা। পরে, ছাত্রাবাসে তরুণীর স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘন্টাখানেক পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ছাত্রলীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষিতার স্বামী। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)। আসামিরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী হিসেবেই পরিচিত।

কৃষি ও বসতবাড়ির জমিতে শিল্পকারখানা নয় : প্রধানমন্ত্রী

0

কৃষি জমি ও বসতবাড়িতে নয়, শিল্প এলাকায় শিল্পকারখানা স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা ব্যবসা করতে চান বা শিল্প করতে চান, তাহলে শিল্প এলাকায় যান। বাড়ির পাশের ধানের জমি নষ্ট করে শিল্প স্থাপন করবেন কেন? আমরা উৎসাহ দেব, আপনারা শিল্প এলাকায় এসে শিল্পকারখানা স্থাপন করেন। সেখানে আপনারা অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। গ্যাস, রাস্তা, ব্যাংক সব পাবেন।’

প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘শুধু মেডিকেল বর্জ্যই নয়, সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বিশেষ গুরুত্ব দিতে হবে। বাস, নৌ, বিমানসহ যেকোনো স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। এ কাজে যেসব সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদেরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

নদীর পাড় দখলমুক্ত করতে হবে। কচুরিপানামুক্ত করে ড্রেজিং করতে হবে।’

বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে: সেতুমন্ত্রী

0

দেশ দুঃসময় পার করছে না, বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যেভাবে বিএনপি জনবিচ্ছিন্ন হচ্ছে, বিভিন্ন নির্বাচন ও উপনির্বাচনে ভরাডুবি হচ্ছে এবং জনগণ প্রত্যাখান করছে- তা তাদের জন্য চরম দুঃসময় বটে। দেশ দুঃসময় পার করছে না, বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে।’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা এবং শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

‘দেশ দুঃসময় পার করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, করোনা মহামারি বিশ্ব জুড়ে সংকট সৃষ্টি করছে। সমৃদ্ধ দেশগুলোকেও পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশ সীমিত সুযোগ নিয়ে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। সংকট মোকাবেলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত হলেও একটি দল অবিরাম সমালোচনা করে যাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা নিছক কোন সরকারপ্রধান নয়। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। যার ভাবনায় পরবর্তী নির্বাচন নয়, তার ভাবনার আকাশ জুড়ে পরবর্তী জেনারেশন। তাই গ্রহণ করেছেন শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা। তিনি নিছক কোনো শাসক নন, নিজেকে দেশের সেবক হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতিক, সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবনযাপন তাকে করে তুলেছে অসাধারণ একজন। তার সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি। সরকার প্রধানের সন্তান বলে কোন প্রশ্রয় পাননি, সৃষ্টি করেনি হাওয়া ভবন।

করোনায় আরও ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৮৮

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ২১৯ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৮৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬২৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৩ হাজার ৬৯৮ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে দুই হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ এবং নারী পাঁচজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৫ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে একজনের।

তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন। ঢাকা বিভাগের ছিলেন ১৬ জন, চট্টগ্রামের পাঁচজন, রাজশাহীর একজন, খুলনার দুজন এবং সিলেট বিভাগের দুজন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ৩৯ জন (৭৭ দশমিক ৩৯ শতাংশ) ও নারী এক হাজার ১৮০ জন (২২ দশমিক ২১ শতাংশ)।