Home Blog Page 2660

এমসি কলেজে ছাত্রাবাসে ধর্ষণ : প্রধান আসামি গ্রেফতার

0

স্বামীর সঙ্গে সিলেটের এমসি কলেজে বেড়াতে গিয়ে এক নববধূর ধর্ষণের শিকার হওয়ার মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোররাতে সুনামগঞ্জের ছাতক থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছিল। রবিবার ভোররাতে পুলিশের বিশেষ শাখার একটি দল ছাতক থেকে সাইফুরকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ওসি আনোয়ার হোসেন মৃধা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সিলেট পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে আসা ওই তরুণীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত শনিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাকি আসামিরা হলেন- এমসি কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর ও ‘বহিরাগত’ ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ।

পাপিয়া দম্পতির অস্ত্র মামলার রায় ১২ অক্টোবর

0

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণার জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিউপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি, রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে।

আসামি পক্ষের আইনজীবী বলছেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি। রায়ে তারা খালাস পাবে।

এ মামলায় ১২ সাক্ষীর মধ্যে ১২ জনই আদালতে সাক্ষ্য দিয়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাব।

গ্রেফতার অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)। তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। গ্রেফতারের পর ওইদিন রাতেই নরসিংদীর বাসায় এবং ২৩ ফেব্রুয়ারি ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়। এছাড়া ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র্যাব।

ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।

গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান আদালতে তাদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন।

ছাত্রাবাসে গণধর্ষণ : সাইফুরের পর এবার অর্জুন গ্রেফতার

0

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি এম. সাইফুর রহমানের পর এবার চার নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সকালে হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সাইফুর রহমানকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত অর্জুন জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে।

এ নিয়ে ধর্ষণ মামলার ৬ আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হলো।

এর আগে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়। সকাল ৮টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা নোয়ারাই খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলা ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে (২৫)

‘মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা’

0

বাবা-মা, পরিবার-পরিজন হারিয়েও নিজের কথা না ভেবে দেশের মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। জীবননাশের হুমকি হাতে নিয়েও তিনি সংগ্রাম করে আওয়ামী লীগ তথা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনকে সামনে রেখে এক বিশেষ ওয়েবিনারে বক্তারা এ কথা বলেন।

গত ২৬ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগ’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে।

রাত সাড়ে ৮টায় প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে জুমের মাধ্যমে যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগে সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।

আলোচনায় যুক্ত হয়ে বেগম মতিয়া চৌধুরী বলেন, ১৯৮১ সালে যেদিন শেখ হাসিনা এদেশে আসলেন সেদিন ছিল ঝঞ্ঝাবিক্ষুদ্ধ। আমরা এমন একজন ব্যক্তিকে বরণ করেছি সেদিন-আমাদের সব আছে কিন্তু তাঁর মা নেই বাবা নেই, ভাই নেই। তবুও তিনি এদেশের মানুষের গণতন্ত্র নিশ্চিত করেছেন, একই সাথে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি কথা বলার অধিকার দিয়েছেন। দিয়েছেন এই ডিজিটাল বাংলাদেশ।

সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন, দেশের বাইরে থেকে বঙ্গবন্ধু কন্যা তখন আওয়ামী লীগকে সংগঠিত করছেন। ১৯৮১ সালের পর দেশে এসে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আগলে রেখেছেন আওয়ামী লীগ।

দীপু মণি এমপি বলেন, সংগ্রাম মুখর জীবন শেখ হাসিনা একদম পরিবার থেকে দেখে এসেছেন। বাবা মায়ের সংগ্রামের যে মুল লক্ষ-মানুষের মধ্যে অগাধ ভালোবাসা তা শেখ হাসিনা পরিবার থেকে ধারন করেছেন। সকল ঝুঁকি জেনেও তিনি দেশে এসেছেন। বাংলার মানুষের অগাধ ভালোবাসা ও আস্থা নিয়েই তিনি ফিরে এসেছেন। বাঙালিও কিন্তু সেদিন বঙ্গবন্ধু কন্যাকে গ্রহণ করেছে ভালোবাসায়। সব রকম শঙ্কা নিয়েও তিনি নিজের ভাগ্যের কথা না ভেবে দেশের মানুষের কথা ভেবেছেন শেখ হাসিনা।

নুজহাত চৌধুরী বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করতে তিনি যুদ্ধ অপরাধীদের বিচারের আওতায় এনেছেন। এর কারণে নিজের জীবন তিনি বিপন্ন করেছেন। তিনি হয়েছেন অবিসংবাদিত নেতা। আমরা গর্বের সঙ্গে বলতে চাই, আমার বঙ্গবন্ধুকে মনে নেই, কিন্তু আমরা শেখ হাসিনাকে দেখিছি। তরুণদের কাছে বলতে চাই ইতিহাস জানো। যেই শিশুটি আজ জন্মাবে তাকে এই ঘুরে দাঁড়ানোর ইতিহাস জানতে হবে।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশকে নিয়ে এগিয়ে চলছেন না তিনি রয়েছেন মানব ধর্মে। তিনি নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আমাদের পৌঁছে দেবেন।

টোকেনের আশায় আজও সৌদি প্রবাসীদের ভিড়

0

আজ রোববারও (২৭ সেপ্টেম্বর) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় ভিড় করছেন সহস্রাধিক প্রবাসী।

হোটেল সোনারগাঁওয়ের গেটে সকাল থেকেই অবস্থান করছেন এসব প্রবাসী বাংলাদেশি।

যদিও গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল আগামী ৪ অক্টোবরের আগে নতুন কোনো টোকেন দেওয়া হবে না। ফ্লাইট বাতিলের তারিখ ধরে পরবর্তী টোকেন দেওয়া হবে বলেও জানায় সংস্থাটি। একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি-ইস্যু করছে এয়ারলাইন্সটি।

কিন্তু তারপরও প্রচুর প্রবাসী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করছেন। টোকেন-টিকিট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

সাতক্ষীরা থেকে আসা খোরশেদ আলম এই প্রতিনিধিকে বলেন, ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। কিন্তু এখনো টোকেন পাইনি।

যদিও সৌদি সরকার জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ঢাকাস্থ সৌদি দূতাবাসে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়াতে হবে।

জানা গেছে, ভিসার মেয়াদ বাড়ানোর পর টিকিটের জন্য টোকেন নিতে আসতে হবে।

সরকারের কূটনৈতিক তৎপরতায় সম্প্রতি বাংলাদেশিদের জন্য ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ায় সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ভিসার মেয়াদ পরবর্তী ২৪ দিন বাড়ানো হয়েছে।

এর আগে সৌদি সরকার সব বিদেশি কর্মীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দেয়। এরপরই টিকিটের জন্য সংকট তৈরি হয়। সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ায় এ সংকট দেখা দেয়।

কিন্তু ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর পরও দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

করোনাভাইরাসে কর্ম হারিয়েছে শহরের ৬৬ শতাংশ মানুষ

0

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে দেশের শহরাঞ্চলের ৬৬ শতাংশ মানুষ তাদের কর্ম হারিয়েছে। আর গ্রামাঞ্চলের ৪১ শতাংশ মানুষ তাদের কর্ম হারিয়েছে। শহরাঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ কর্মহীন হয়েছে ঢাকায়।

ঢাকা শহরের ৭৪ শতাংশ মানুষ কর্ম হারিয়েছে। আর গ্রামাঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর্মহীন হয়েছে বরিশাল বিভাগ, ৪৭ শতাংশ।

সম্প্রতি বিশ্ব ব্যাংক ‘লুজিং লাইভলিহুডস : দ্য লেবার মার্কেট ইম্প্যাক্টস অব কোভিড-১৯ ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

বাংলাদেশের শ্রমবাজারে করোনা কী ধরনের প্রভাব ফেলেছে, তার চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। এর মধ্যে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের দরিদ্র এলাকা এবং কক্সবাজার জেলাকে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের শহরের ৫৪ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৭ শতাংশ; চট্টগ্রাম বিভাগের শহরের ৬৩ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৪ শতাংশ; ঢাকা বিভাগের শহরের ৭৪ শতাংশ ও গ্রামাঞ্চলের ৪৫ শতাংশ; খুলনা বিভাগের শহরের ৫৯ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৯ শতাংশ; রাজশাহী বিভাগের শহরের ৬১ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৫ শতাংশ; রংপুর বিভাগের শহরের ৫৮ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৭ শতাংশ এবং সিলেট বিভাগের শহরের ৬৬ শতাংশ ও গ্রামাঞ্চলের ৩৯ শতাংশ মানুষ কর্মহীন হয়েছেন করোনায়।

ডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ

0

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রফিকুল আমিনের পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সাঈদ আহমদ রাজা এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

গত ২৪ সেপ্টেম্বর রফিকুল আমিনের জামিন শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এর আগে গত ২০ আগস্ট তার জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমিন।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে দু’টি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: জাতিসংঘে প্রধানমন্ত্রী

0

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ করেছেন।

বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেতা হিসেবে শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা বলেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যূত ১১ লাখেরও বেশি মানুষকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মিয়ানমার একজন রোহিঙ্গাকেও এখনও ফেরত নেয়নি।

তিনি বলেন, এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

কোভিড-১৯ মহামারীরা কারণে সরাসরি না গিয়ে ভার্চুয়ালি জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এবারের ভাষণে আগের মতোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন তুলে ধরেন শেখ হাসিনা।

বাংলাদেশের বন্ধুত্বের পররাষ্ট্র নীতি তুলে ধরে তিনি বলেন, “সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়- এই নীতিবাক্য আমাদের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র। এ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং শান্তির সংস্কৃতি বিনির্মাণে নিয়মিত অবদান রেখে চলেছে।”

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে ছিল। ২০১৭ সালের ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর দমন-পীড়নের মুখে আরও ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার তার দেশের এই নাগরিকদের ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও প্রত্যাবাসন শুরু হয়নি। রাখাইনে নিরাপদে বসবাসের নিশ্চয়তা না পেলে মিয়ানমার ফিরতে চাইছেন না তারা।

করোনার টিকা যেন সবাই একসঙ্গে পায় : জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী

0

মহামারীর মহাসঙ্কটে পৃথিবীর সব মানুষের ভাগ্য যে ‘একই সূত্রে গাঁথা’ সেই সত্যটি বিশ্ব নেতাদের মনে করিয়ে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের টিকা উদ্ভাবন সম্ভব হলে তা সব দেশের মানুষের হাতে তা পৌঁছে দেওয়ার দায়িত্বও এ বিশ্বকে নিতে হবে।

আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

বক্তৃতায় শেখ হাসিনা বলেন, আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-১৯ এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মত এবং একইসঙ্গে পায়, তা নিশ্চিত করতে হবে।

কারিগরি জ্ঞান ও মেধাস্বত্ব দেওয়া হলে, এই ভ্যাকসিন ‘বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা’ বাংলাদেশের রয়েছে বলেও টিকা তৈরির দৌড়ে এগিয়ে থাকা রাষ্ট্রগুলোকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে বিশ্ব সংস্থার জন্ম ইতিহাস এবং ঐক্যের গুরুত্ব মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন জাতিসংঘ সৃষ্টির মাধ্যমে বিশ্বের সকল দেশের ঐক্যবদ্ধ প্রয়াসের উপর গুরুত্ব আরোপের সুযোগ সৃষ্টি করেছিল, তেমনি এই মহামারী আমাদের ঐক্যবদ্ধ হয়ে সঠিক নেতৃত্ব প্রদানের প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে। কোভিড-১৯ মহামারীর কারণে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ আরও প্রকট হয়েছে। এ মহামারী আমাদের উপলব্ধি করতে বাধ্য করেছে যে, এ সঙ্কট উত্তরণে বহুপাক্ষিকতাবাদের বিকল্প নেই।

ছিটকে গেলেন জেসুস

0

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল। জেসুসের বদলে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচের দলে নেওয়া হয়েছে বার্লিনের ফরোয়ার্ড মাথেউস কুনিয়াকে।

গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যানসিটির হয়ে খেলেন জেসুস। সেই ম্যাচে চোট পান জেসুস। যার কারণে আপাতত কদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তারকাকে। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে জেসুসকে।

আগামী মাসে ২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে বলিভিয়া ও পেরুর বিপক্ষে লড়বে ব্রাজিল। যার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন তিতে।

প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি হবে ৮ অক্টোবর। এর পাঁচ দিন পর পেরুর বিপক্ষে লড়বেন নেইমাররা।

সূচি অনুযায়ী ম্যাচগুলো হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে। তবে করোনার প্রকোপে তখন আর হয়নি। দুই দফা পেছানোর পর ফিফার পক্ষ থেকে জানানো হয়, পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। এরপর দল ঘোষণা করেছে ব্রাজিল।