Home Blog Page 2662

চাকরিচ্যুত হচ্ছেন মাদকাসক্ত ২৬ পুলিশ

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যকে ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যের পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আজ শনিবার মিরপুর ঢাকায় অবস্থিত ডিএমপির নবসৃস্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকে ছাড় দিবো না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এই রাস্তা থেকে ফিরে এসেছে। তিনি বলেন, পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কোনরকম শিথিলতা দেখানো হচ্ছে না।

একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক সেভাবে মাদকের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: মনিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার ( গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১০৬

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১১ জন। ৩৬ জনের মধ্যে হাসপাতালে ৩৫ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১২৯ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৬৫টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ১০৬ জন।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫৩ জন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৮ হাজার ৭৭৭ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ২৭ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৯৭৪ (৭৭ দশমিক ৪৮ শতাংশ) ও নারী এক হাজার ১৫৫ জন (২২ দশমিক ৫২ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৬ জনের ম‌ধ্যে চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ২১ জন।

বিভাগ অনুযায়ী, ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে আটজন, খুলনায় একজন, ব‌রিশাল একজন, সি‌লেট‌ দুইজন ও ময়মন‌সিং‌হে একজন র‌য়ে‌ছেন।

গতি ঘণ্টায় ১৮০ কিমি, ভারতে ছুটবে আরআরটিএস ট্রেন

0

ভারতে প্রথমবার ছুটবে আরআরটিএস ট্রেন। গতকাল শুক্রবার এই প্রথম লুক প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় সচিব দুর্গা শঙ্কর মিশ্র। প্রথম পর্যায়ে তিনটি রুট এই ট্রেনের জন্য বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম দিল্লি-গাজিয়াবাদ-মীরট।

ট্রেনের ছবি প্রকাশ করেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রণালয়ের দাবি, ৮২ কিলোমিটার লম্বা রুটে ১৮২ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলাচল করবে ট্রেনটি।

এনসিআরটিসি জানিয়েছে, ভারতে এ ধরনের ট্রেন এই প্রথম চলতে যাচ্ছে। এতে থাকবে আলো ও তাপমাত্রার কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ প্রয়োজনে আলো ও উত্তাপ কমানো বা বাড়ানো যাবে।

বর্তমানে সড়কপথে দিল্লি থেকে মীরট যেতে সময় লাগে তিন-চার ঘণ্টা। সেই রুটেই এই ট্রেনে করে এক ঘণ্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে।

এ ট্রেনের বাইরের দিকটি তৈরি স্টেইনলেস স্টিলে। এই ট্রেন ওজনে হালকা, পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত।

একটি কামরা থাকবে নারীদের জন্য সংরক্ষিত। প্রতি কামরায় থাকবে দু’পাশে তিনটি করে দরজা। বিজনেস ক্লাসের কামরায় দু’দিকে দুটি করে দরজা।

আরামদায়ক বসার জায়গার সঙ্গে মোবাইল ফোন, ল্যাপটপ চার্জ করার জায়গা, ওয়াইফাইসহ একাধিক সুবিধা থাকবে।২০২৫ সালে সর্ব-সাধারণের জন্য এই রুটে ট্রেনটি চালু হওয়ার কথা।

বাংলাদেশে গরু পাচার চক্রের সাথে বিএসএফের যোগসাজশ ফাঁস সিবিআই তদন্তে

0

ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচারকারী চক্রের সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা জড়িত বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই -এর তদন্তে। ওই পাচার চক্রে বিএসএফ বাহিনীর বেশ কয়েকজন পদস্থ প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কাস্টমস ও পুলিশের একাংশের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

গরু পাচার চক্রটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ-মালদা দিয়ে চালানো হলেও কলকাতায় বিএসএফের কয়েকজন প্রাক্তন কর্মকর্তাও জড়িত ছিলেন বলে ইঙ্গিত দিচ্ছেন তদন্তকারীরা।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইয়ের দেশব্যাপী তল্লাশি অভিযান দিয়ে ২৩শে সেপ্টেম্বর গরু পাচার চক্রের সঙ্গে বিএসএফ অফিসারদের যোগসাজশের যে তদন্ত শুরু হয়েছিল, তা থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

আবার পাচারের সময়ে যেসব গরু ধরা পড়ত, সেগুলোকে কখনও বাছুর বলে দেখিয়ে বা কখনও পশ্চিমবঙ্গের গরু বলে দেখানো হত – যার দাম পশ্চিম ভারতের গরুর থেকে বহুগুণ কম। ধরাপড়া গরু আবার কাস্টমসের মাধ্যমে নিলাম করা হত যেগুলো কম দামে কিনে নিতো পাচারকারীরাই বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

একদিকে যেমন পাচার চক্রের মাথা বলে পরিচিত এনামুল শেখের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা, অন্যদিকে বিএসএফের যে কমান্ডান্টের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি হয়েছে, তারও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে।

২০১৮ সালে কেরালায় বিএসএফের একজন কমান্ডান্ট নগদে প্রায় ৪৭ লক্ষ টাকা সহ ধরা পড়ার পরেই ওই চক্রটির কথা সামনে আসে। তখন গ্রেপ্তার হয়েছিলেন এনামুল শেখও। যদিও এখন তিনি জামিনে আছেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ কর্মকর্তারা বলছেন এরা চুনোপুটি। এই গরু পাচার চক্রের পিছনে বিএসএসফ-এর আরও কয়েকজন সিনিয়ার অফিসার জড়িত ছিলেন। এদের কেউ চাকরি ছেড়ে দিয়ে বিদেশে চলে গেছেন, কেউ অন্য নিরাপত্তা বাহিনীতে আছেন।

তদন্তকারীরা বলছেন শুধু বিএসএফ নয়, পাচার চক্রে জড়িয়ে ছিলেন কাস্টমস, পুলিশ এবং রাজনৈতিক নেতারাও।

ভারতের গরু পাচার চক্রের শেকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বাহিনীগুলোর খবরাখবর দীর্ঘদিন ধরেই রাখছেন দিল্লির প্রবীণ সাংবাদিক চন্দন নন্দী। তিনি বলেন, পাচার চক্রের শিকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত।

তাঁর ভাষ্য, ‘অত্যন্ত সুসংগঠিত একটা চক্র চলছিল। এর পেছনে রাজনৈতিক হাতও ছিল। শুধু যে পশ্চিমবঙ্গের কিছু নেতা জড়িত ছিলেন তা নয়। কেন্দ্রের নেতাদের পরিবারও এর সঙ্গে জড়িত ছিলেন। অনেকদূর পর্যন্ত জাল বিস্তৃত ছিল এই চক্রটার।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফ কর্মকর্তারা বলছেন এই পাচার চক্রটা কাজ শুরু করেছিল ২০১৫ সালে। আর ২০১৮ সালে কেরালায় বাহিনীর এক কমান্ডান্ট ধরা পড়ার পরে চক্রটির ব্যাপারে জানা যায়।

গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সালেই বাহিনীর এক অফিসার বিএসএফের মহাপরিচালককে চিঠি লিখে এই পাচার চক্র সম্বন্ধে সতর্ক করেছিলেন। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের কয়েকজন পদস্থ কর্মকর্তা যে এই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন, সেটাও জানিয়েছিলেন তিনি।

ওই চিঠিটিতে লেখা হয়েছিল: “ফারাক্কায় অবস্থিত ২০ নম্বর ব্যাটালিয়নের অফিসারদের কলকাতায় দক্ষিণবঙ্গ সীমান্তের সদর দপ্তর থেকে নির্দেশ পাঠানো হচ্ছে যাতে পাচারকারীদের কথা শুনে চলা হয়। চোরাচালান করতে দিতে নির্দেশ আসছে। আবার বাহিনী সরিয়ে নিয়ে পাচারের কাজে সুবিধা করিয়ে দেওয়া হচ্ছে।”

সীমান্তে অবস্থিত অফিসারাও যেমন ছিলেন ওই চক্রে, তেমনই এমন বেশ কয়েকজন জড়িত থাকার কথা জানা যাচ্ছে, যাদের দায়িত্বে ছিল ভিজিল্যান্স, অর্থাৎ কর্মীরা কেউ ঘুষ নিচ্ছেন কি না, তার ওপরে নজর রাখা।

‘বিএসএফ কর্মকর্তারা গরু পাচার চক্রে জড়িয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক’

বিএসএফের পূর্বাঞ্চলীয় সীমান্তের অবসরপ্রাপ্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সমীর কুমার মিত্র বলেন, পদস্থ কর্মকর্তারা গরু পাচার চক্রে জড়িয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি বলেন, “রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন আর সুরক্ষা বলে কিছু থাকে না। যে বাহিনী জন্মলগ্ন থেকে দেশের জন্য আর বাংলাদেশের জন্য লড়াই করেছে, বিশ্বের বৃহত্তম সীমান্ত রক্ষী বাহিনী, তার কিছু অফিসার পাচারের সঙ্গে জড়িয়ে পড়বেন, এটা অকল্পনীয়। বিএসএফের জন্য কলঙ্কজনক একটা ঘটনা।”

তিনি আরও বলছিলেন, “যেভাবে গরু পাচারের গোটা প্রক্রিয়াটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এটাই বেশি চিন্তার। কিন্তু আমি বলব বিএসএফ তো শুধু সীমান্তে বলবৎ থাকে। পশ্চিম ভারত থেকে বেশ কয়েকটা রাজ্য পেরিয়ে যে গরুগুলো আসছে, সেটা সেখানকার পুলিশ বা শুল্ক বিভাগ কেন আটকাচ্ছে না।”

যে তিন বছর পাচার চক্রটি কাজ করেছে, তার মধ্যেই কোনও সিনিয়ার অফিসার প্রায় ২০০ কোটি টাকা, কেউ ৩০০ কোটি টাকা রোজগার করেছেন চক্রের মাধ্যমে – এমনটাই জানাচ্ছেন তদন্তকারীরা। তারা কে কোথায় জমি-বাড়ি বা সম্পত্তি কিনেছেন, সেই তথ্যও যোগাড় করেছেন তদন্তকারীরা।

এছাড়াও পাচারের রোজগারের ভাগ নিয়মিত গেছে কাস্টমস, পুলিশের একাংশ আর রাজনৈতিক নেতাদের কাছে এবং মূলত মুর্শিদাবাদ আর কলকাতা থেকেই চক্রটি কাজ চালাত বলে বিএসএফ-এর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন।

গণমাধ্যমের তথ্যে দেখা যাচ্ছে গরু প্রতি প্রায় ৪০ হাজার টাকা করে লাভ ঘরে তুলত পাচারচক্র। যে প্রাথমিক হিসাব তদন্তকারীরা করেছেন, তাতে শুধু দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চল দিয়েই প্রতিরাতে ১৩-১৪ কোটি টাকা মূল্যের গরু পাচার চলত বছর তিনেক ধরে।

ঘটনাচক্রে ২০১৮ সালে একজন কমান্ডান্ট এবং পাচার চক্রের মাথা ধরা পড়ার পরে কয়েকজন অফিসারকে সরিয়ে দেওয়া হয় আর তারপরেই সীমান্তে গরু পাচার অনেকটা কমে যায়।

সমীর কুমার মিত্র বলছিলেন সীমান্তের দায়িত্বে বিএসএফ আছে ঠিকই, কিন্তু অন্যান্য রাজ্যের কর্তৃপক্ষ এবং সরকারি কর্মচারী নন এমন ব্যক্তিদের নামও হয়ত তদন্তে উঠে আসতে পারে।

তিনি বলেন, “সরকারি কর্মচারী বলে বিএসএফের অফিসারদের নাম উঠে এসেছে প্রথমে। কিন্তু যদি নিরপেক্ষভাবে এবং যথার্থ তদন্ত হয়, তাহলে এমন ব্যক্তিদের নামও বেরিয়ে আসতে পারে, যারা সরকারি কর্মী নন।”

পাচার চক্র যেভাবে কাজ চালাত, তারও আভাস পাওয়া যাচ্ছে তদন্তের প্রাথমিক স্তরেই। উত্তর বা পশ্চিম ভারত থেকে গরু এনে প্রথমে বীরভূমের একটি জায়গায় রাখা হতো। সেখান থেকে মুর্শিদাবাদ সীমান্তে নিয়ে যাওয়া হতো গরুগুলিকে। বি এস এফের কর্মকর্তাদের সঙ্গে আগে থেকেই ঠিক করা থাকত যে কোন জায়গা দিয়ে কত গরু পাচার হবে। নিখুঁত হিসাব রাখা হতো প্রতিটা গরুর। সূত্র : বিবিসি বাংলা।

করোনায় ২০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করছে ডাব্লিউএইচও

0

করোনাভাইরাসের কার্যকর টিকা সহজলভ্য হওয়ার আগেই বিশ্বব্যাপী ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। শুক্রবার এমন হুঁশিয়ারি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া না হলে এ সংখ্যা আরও বেশি হতে পারে।

মাইক রায়ান বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশাল অঞ্চলজুড়ে উদ্বেগজনক মাত্রায় সংক্রমণ বাড়ছে। গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আমেরিকার ,দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। ইউরোপের দেশগুলোতে ভয়াবহ রুপ নিচ্ছে করোনার দ্বিতীয় ওয়েভ। তবে আশার বিষয় হলো আক্রান্তের সাথে সাথে সুস্থতার হার ও বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ২৭৪ জন। মারা গেছেন ৯ লাখ ৯৩ হাজার ৪৬৪ জন।

তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে চান গ্রিসের প্রধানমন্ত্রী

0

জাতিসংঘে কথা বলার সময় গ্রিসের প্রধানমন্ত্রী পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস ইস্যুতে আঙ্কারার সঙ্গে সমাধান চেয়েছেন।

তুরস্কের সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যা মিটিয়ে নিতে চান গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিটসোটাকিস। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তিনি বেশ আশাবাদী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে কাইরিয়াকোস বলেন, পানিবিদ্যুৎ উৎপাদনের জন্য তুরস্ক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তার পরেও আমি আশাবাদী।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন দেখা করি, কথা বলি এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করি। কূটনৈতিকভাবে সমাধানের সুযোগ দেন।

তিনি আরো বলেন, আমরা যদি সবকিছুর পরে একমত হতে না পারি, সে ক্ষেত্রে হেগ এর আন্তর্জাতিক আদালতে যাওয়া যেতে পারে।

সূত : আল-জাজিরা

প্রধানমন্ত্রী দেশের মান অনেক উঁচুতে নিয়েছেন : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জীবিত আছেন বলেই দুর্দিনেও জনগণ সহযোগিতা পাচ্ছেন। করোনা ভাইরাসের সময় আমরা যখন পিপিই, ভেন্টিলেটর নিয়ে ভাবছিলাম, শেখ হাসিনা তখন জনগণের কথা ভাবছিলেন। শহর থেকে তৃনমূল পর্যন্ত বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি বিশ্বের কাছে দেশের মান-ইজ্জত অনেক উঁচুতে নিয়েছেন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক সময় দেশ দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে। এর হাত থেকে দেশকে বাঁচিয়ে একটা উন্নয়নের পথে এনেছেন আজকের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ও তার কন্যার প্রতিটি সিদ্ধান্ত, চিন্তা একই ছিল। তাদের উভয়েরই লক্ষ্য জনগণের উন্নয়ন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুবই সৌভাগ্যবান যে শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন তিনি। শেখ হাসিনা জীবিত আছেন বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারছেন। পরীক্ষায় আর সেশনজট হয় না, গণমাধ্যমের স্বাধীনতা এসেছে, গণমাধ্যমের প্রসার ঘটেছে।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু বলেন, জাতির পিতার খুনের সময় অনেকেই উল্লাস করেছেন, তারা এখন আমাদের শরিক দল। জাতির পিতার কন্যাকে ১৯ বার হত্যা করার চক্রান্ত করা হয়েছে। শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলেই আজ দেশের সব সেক্টরের উন্নতি হয়েছে। তার বেঁচে থাকা খুবই জরুরি, তিনি না থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

কক্সবাজারের ৮ থানায় নতুুন ওসি নিয়োগ

0

কক্সবাজার জেলার ৮টি থানায় নতুুন ওসিরা নিয়োগ পেয়েছেন। তাদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। তবে নিয়োগপ্রাপ্ত অন্য পুলিশ সদস্যরা আগামীকালের মধ্যেই কক্সবাজার এসে পৌঁছাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর থানায় শেখ মনিরুল গিয়াস, টেকনাফ থানায় মোহাম্মদ হাফিজুর রহমান, উখিয়া থানায় আহম্মদ মঞ্জুর মোরশেদ, মহেশখালী থানায় মো. আব্দুল হাই, চকরিয়া থানায় শাকের মোহাম্মদ জুবায়ের, রামু থানায় কে এম আমিরুজ্জামান, পেকুয়া থানায় সাইফুর রহমান ও কুতুবদিয়া থানায় মো. জালাল উদ্দিন।

অন্যদিকে বদলি হওয়া কর্মকর্তা, এসআই-এএসআই ও কনস্টেবলসহ অধিকাংশরাই এখনো কক্সবাজার অবস্থান করছেন। তবে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যেই তারা কক্সবাজার ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

কক্সবাজার জেলা পুলিশকে নতুন আঙ্গিকে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে বদলি করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত এই বদলির সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৩৪৭ জনে। এর মধ্যে রয়েছে ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারি উপ-পরিদর্শক (এএসআই), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে।

পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বদলির আদেশ পাওয়াদের নতুন কর্মস্থলের উদ্দ্যেশে রওনা এবং নিয়োগপ্রাপ্তদের যোগদানের বিষয়টি চলমান প্রক্রিয়া রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। শুক্রবারই জেলার ৮টি থানায় নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।

অতিরিক্ত সচিব হলেন ৯৮ কর্মকর্তা

0

এবার প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৯৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।

এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৬১১ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি

সৌদি প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট আজ

0

বিশেষ ফ্লাইটে আজ ঢাকা ছাড়ছেন সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের একাংশ। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে গত ১৬ ও ১৭ মার্চের জেদ্দার রিটার্ন টিকিটধারী যাত্রীরা আসন নিশ্চিত করা সাপেক্ষে সৌদিতে যেতে পারবেন।

জানা গেছে, ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে যাত্রীদের স্মার্ট ফোনসহ বিমানবন্দরে উপস্থিত হতে হবে। যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্ট ফলাফলের ৬ কপি বহন করতে হবে এবং সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে। যাত্রীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ এবং পদক্ষেপগুলো মেনে সৌদি আরবে প্রবেশ করতে হবে। বিমানে বোর্ডিং এর আগে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসক্লেইমার ফর্ম পূরণ এবং স্বাক্ষর করতে হবে। সৌদি বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পূরণকৃত ও স্বাক্ষরকৃত ফর্মটি জমা দিতে হবে।

সব যাত্রীকে ৭ দিন নিজ গৃহে কোয়ারেন্টাইনে থাকতে হবে। নেগেটিভ টেস্ট ফলাফলধারী চিকিৎসকদের সেল্ফ কোয়ারেন্টাই সময় শেষ করার পর আরও ৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সৌদি আরবে পৌচ্ছানোর ৮ ঘণ্টার মধ্যে তাতামান অ্যাপের মাধ্যমে তাদের আবাসস্থলের অবস্থান অবহিত করতে হবে। এই অ্যাপে যাত্রীদের অবশ্যই প্রতিদিনের স্বাস্থ্য মূল্যায়ন করতে হবে।

এদিকে গত ১৮ থেকে ২০ মার্চের জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চের রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে।