Home Blog Page 2663

বিশ্বের প্রতি ২৫০ জনের একজন করোনা আক্রান্ত

0

গত সাত দিনে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ২২ লাখ বেড়ে বিশ্বে মোট সংক্রমণ ৩ কোটি ২২ লাখ ছাড়িয়েছে, এই সংক্রমণ হার বিশ্বের মোট জনসংখ্যার ০.৪ শতাংশ।

সংক্রমিতদের মধ্যে গুরুতর রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, গত এক সপ্তাহে এদের সংখ্যা প্রায় ৫ লাখ হয়েছে। এই রোগীর সংখ্যা সংক্রমিতদের সার্বিক হিসাবের ২৩.৩ শতাংশ।

করোনামুক্ত হওয়ার হার প্রায় অপরিবর্তিত রয়েছে, গত ৭ দিনে এই হার ৬৮ শতাংশ থেকে সামান্য বেড়ে ৬৯ শতাংশ হয়েছে। এ সময়ে মোট করোনামুক্ত হয়েছে ১৭ লাখ রোগী।

গত ৭ দিনে করোনাজনিত কারণে প্রায় ৩৭ হাজার লোকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৯ লাখ ৮৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে।

আপেক্ষিক বিবেচনায় বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ নি¤œমুখী। কিন্তু গত ৭ দিনে সংক্রমণ বেড়েছে ৬.৮ শতাংশ, পূর্ববর্তী সপ্তাহে এই হার ছিল ৭.৪ শতাংশ।

তবে কিছু কিছু দেশে করোনা দ্রুত ছড়াচ্ছে। এ সময়ে চেক রিপাবলিকে সংক্রমণ ৩২ শতাংশ বেড়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার। কর্তৃপক্ষ সংক্রমণ রোধে বিধি নিষেধ আরোপ করেছে।

ইসরায়েলেও গত ৭ দিনে সংক্রমণ বেড়েছে, এ সময় নিবন্ধিত আক্রান্তের সংখ্যা ২১ শতাংশ বেড়েছে। দেশটির সরকার নতুন করে জরুরি সেবা ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ইসরায়েলে মোট ২ লাখ ১২ লোক আক্রান্ত, যা মোট জনসংখ্যার ২.৩ শতাংশ।

আর্জেন্টিনায় গত এক সপ্তাহে ৭৭ হাজার লোক আক্রান্ত হয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ৭৮ হাজার লোক আক্রান্ত হয়েছে।

সংক্রমণের দ্বিতীয় ধাপে ইউরোপ মহাদেশে বেশী ক্ষতিগ্রস্ত ফ্রান্সে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ এবং ইনসেনটিভ কেয়ারে ভর্তি বেড়েছে ৪০ শতাংশ।

গত এক সপ্তাহে যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েছে ৯.১ শতাংশ, আগের সপ্তাহে সংক্রমণের হার ছিল ৬.৬ শতাংশ।

বিদেশি গোয়েন্দাদের হাত-পা ধরে ক্ষমতায় আসা যাবে না: হানিফ

0

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। বিদেশের মাটিতে বসে অন্য দেশের গোয়েন্দাদের হাত-পা ধরে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের সমর্থন নিয়েই আসতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট ‘উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সংসদ সদস্য হানিফ বলেন, পত্রিকায় দেখলাম বিএনপির উচ্চপদস্থ কয়েকজন নেতা লন্ডনে বসে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার দ্বারস্থ হচ্ছেন। বিএনপির নিজের বলতে কিছু নেই। কারণ, তারা জানে তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। এ জন্যই ক্ষমতায় আসতে সবসময় ষড়যন্ত্রের পথ খোঁজে।

বিএনপি নেতাদের উদ্দেশে হানিফ বলেন, বিদেশে বসে গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করে লাভ নেই। গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন। আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্র প্রতিহত করেই এগিয়ে যাবেন।

তিনি বলেন, বিএনপি নেতারা চোখে উন্নয়ন দেখেন না। এই সরকারের উন্নয়ন যারা দেখেন না, তারা আসলে চোখ থাকতে অন্ধ। তাদের চোখে ছানি পড়েছে। দ্রুত তাদের চোখের চিকিৎসা করা দরকার।

সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক জয়ন্ত আচার্যের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, ইকবাল হোসেন অপু সবুজ এমপি, আবদুল ওয়াদুদ দারা এমপি, এম এ করিম, মনোরঞ্জন ঘোষাল, মনিরুজ্জামান, সাদেক হোসেন, শাহাদাত হোসেন টয়েল, ফয়েজ উল্লাহ, রোকন উদ্দিন পাঠান, মানিক লাল ঘোষ, খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রধানমন্ত্রী আগামীকাল জাতিসংঘে ভাষণ দেবেন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৫ তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় এবং স্থানীয় সময় সকাল ১০টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে তার পূর্ব নির্ধারিত রেকর্ডকৃত ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছরের মত এ বছরও বাংলায় এই ভাষণ দেবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ২১ সেপ্টেম্বর এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে কোভিড ১৯ সংক্রমণ, রোহিঙ্গা সংকট এবং জলবায়ুসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কোভিড ১৯ সংক্রমণ পরিস্থিতি, ভ্যাকসিনের সমবন্টন এবং প্রবাসী শ্রমিক ও রেমিটেন্সের ওপর এর প্রভাব তুলে ধরবেন। এছাড়া, তিনি জলবায়ু ভালনারেবল ফোরামের সভাপতি হিসাবে জলবায়ু ইস্যুটিও তুলে ধরবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী ভাষণে রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকতে এবং এই সমস্যা সমাধানে তাঁর দেয়া চার দফা প্রস্তাবের ভিত্তিতে সংকট নিরসনে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানাবেন। প্রধানমন্ত্রী এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে এই চার দফা প্রস্তাব পেশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, পাশাপাশি প্রধানমন্ত্রী কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সফলতা, এসডিজি বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, সন্ত্রাস দমন, মাদক চোরাচালান বন্ধ, অর্থনৈতিক অগ্রগতি, টেকসই গণতন্ত্র, সুশাসন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা তাঁর ভাষণে তুলে ধরবেন।

গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন ভার্চুয়াল পদ্ধতিতে শুরু হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘আমরা ভবিষ্যৎ চাই, জাতিসংঘ আমাদের প্রয়োজন : বহুমুখীতার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিতের মাধ্যমে।’

বিশ্বব্যাপী কোভিড-১৯ এর কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বের সর্বোচ্চ ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে অংশ নিচ্ছেন।- বাসস

আরও কমছে সোনার দাম

0

আবারও বড় ধরনের দরপতনের মুখে পড়েছে সোনার বাজার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হতে দেখা যায় ১৮৫৬.৬২ ডলারে; যা আগের দিনের চেয়ে ১১.৪২ ডলার কম।

গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) বড় ধরনের দরপতন ঘটে সোনার বাজারে। ওই দিন ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমে ৩৮.৬৮ ডলার। বুধবার দিন শেষে সোনার দাম দাঁড়ায় ১৮৬১.৯০ ডলার/আউন্স। এরপর দিন আবার কিছুটা ঘুরে দাঁড়ায়। বৃহস্পতিবার (গতকাল) প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৬.১৫ ডলার। গতকাল লেনদেন শেষ হয় ১৮৬৮.০৪ ডলারে।

গোল্ডপ্রাইসের তথ্যে দেখা যায়, গেল ৩০ দিনের ব্যবধানের প্রতি আউন্স সোনার দাম কমেছে ১৪.১২ শতাংশ। তবে, গেল ৬ মাসের ব্যবধানের প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৫৮.৪৯ শতাংশ।

বিদেশে বসে ষড়যন্ত্র করে সরকার পতন ঘটানো যাবে না —–মাহবুব উল অালম হানিফ

0

বিদেশে বসে বিএনপির অনেক শীর্ষনেতা সরকার পতনের ষড়যন্ত্র করছেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন তাতে কোনো লাভ হবে না। ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পতন ঘটানো
সম্ভব নয় । আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন জনভিত্তি নেই বলেই বিদেশী গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার বাঁকা পথ খুঁজছে বিএনপি। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ।

সংগঠনের সভাপতি ব্যারিষ্টার জাকির আহম্মদের সভাপতিত্বে সাংবাদিক জয়ন্ত আচার্য্যের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন , সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মনোরঞ্জন শীল গোপাল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, এম এ করিম, সাংবাদিক মানিক লাল ঘোষ, রোকন উদ্দিন পাঠান প্রমুখ।

সভায় বক্তারা উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান।

আবারো বার্সেলোনার ওপর ক্ষীপ্ত মেসি

0

গত মাসের শেষ দিকে মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে কত ঘটনাই না ঘটলো। রাগ, ক্ষোভ, অভিমান থেকে ছাড়তে চেয়েছিলেন দীর্ঘদিনের ক্লাব। আপাতত সব ঝামেলা শেষ। আরো এক বছর বার্সেলোনাতেই থাকবেন তিনি। তবে এরই মধ্যে নতুন কারণে বোর্ডের ওপর ক্ষেপেছেন আর্জেন্টাইন তারকা।

অবশ্য এবার নিজের কোনো কারণে নয়, সতীর্থ ও কাছের বন্ধু লুইস সুয়ারেজের ক্লাব ছাড়াকে কেন্দ্র করে ক্ষোচ ঝেড়েছেন মেসি। ছয় মৌসুম কাটিয়ে বার্সেলোনা ছেড়ে এবার অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন সুয়ারেজ। অবশ্য বলা যায় নাম লেখাতে বাধ্য হয়েছেন এ উরুগুইয়ান সুপারস্টার। যা মোটেও পছন্দ হয়নি বার্সা অধিনায়কের।

মেসির মতে, ক্লাব থেকে সুয়ারেজকে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে। ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তার আরো সম্মান প্রাপ্য ছিল বলে মনে করেন বার্সা অধিনায়ক।

সুয়ারেজের বিদায়ের ক্ষণে আবেগী এক বার্তায় এসব কথা লিখেছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সময়ের সেরা এই ফুটবলার লেখেন, আমি এরই মধ্যে সুয়ারেজকে ছাড়া সময় কেমন হবে তা কল্পনা করতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু আজ যখন আমি ড্রেসিংরুমে গেলাম, সত্যিই এটা আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে। মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে না থাকা আমার জন্য অনেক বেশি কঠিন হতে চলেছে।’

আর্জেন্টাইন তারকা আরো লেখেন, আমরা সবাই তোমাকে অনেক মিস করব। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি। অনেক লাঞ্চ ও ডিনারের সঙ্গী ছিলাম আমরা। দুজনের একসঙ্গে কাটানো অনেক মুহূর্ত রয়েছে যা কোনোদিনও ভুলব না। তোমাকে অন্য কোনো জার্সিতে দেখার অনুভূতি হয়তো বেশ অদ্ভুত হবে। এর চেয়েও কঠিন হবে মাঠে তোমার বিপক্ষে খেলা। সুয়ারেজ, এখানে যা অর্জন করেছ তাতে একটা বিদায়ী সংবর্ধনা তোমার প্রাপ্য।

ক্লাবের প্রতি ক্ষোভ প্রকাশ করে মেসি লেখেন, তুমি ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দলের পাশাপাশি ব্যক্তিগত ক্যারিয়ারে অনেক কিছু জিতেছ তুমি। তারা তোমার সঙ্গে করল, এভাবে ছুঁড়ে ফেলে দেয়া তোমার প্রাপ্য ছিল না। তবে সত্যি কথা বলতে, বর্তমানে ক্লাবের কোনোকিছুতেই আমি আর অবাক হই না।

বার্সেলোনার জার্সি গায়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেছেন সুয়ারেজ। এটি ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। ছয় মৌসুমে বার্সার হয়ে ১৩টি শিরোপা জিতেছেন তিনি।

কোয়ারেন্টাইন না মানলে টাইগারদের লঙ্কান সফর বাতিল স্থগিত

0

আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের খেলোয়াররা যদি ১৪ দিনের কোয়ারেন্টাই না মানে তাহলে টাইগারদের লঙ্কান সফর বাতিল হতে পারে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছে বোর্ডের দুই শীর্ষ কর্মকর্তা অ্যাশলে ডি-সিলভা ও মোহন ডি-সিলভা।

এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কায়, আর সেই উদ্দেশ্যেই মিরপুরে অনুশীলন চলছে ক্রিকেটারদের। জৈব সুরক্ষা নিশ্চিত করে হোটেলে কোয়ারেন্টাইনে আবদ্ধ ক্রিকেটাররা। করোনা কাঠিন্যে বন্দী ক্রিকেটারদের একটু ছাড় দিতে বিসিবি’র চাওয়া ছিল ১৪ দিনের কোয়ারেন্টাইনের অন্তত ৭ দিনের মুক্তি। কিন্তু, শ্রীলঙ্কা সরকারের টাস্কফোর্স কোন ছাড় দিতে রাজি নয়। দেশটির ক্রিকেট বোর্ড সচিব মোহন ডি-সিলভার কথাতেও সেটি স্পষ্ট।

মোহন ডি-সিলভা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কথা চলছে। তারা কিছু বিষয়ে ছাড় চেয়েছে। কিন্তু, মনে রাখতে হবে করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে দারুণ সফল হয়েছে শ্রীলঙ্কা। আমাদের স্বাস্থ্যবিভাগ সেখান থেকে কোন নড়চড় হতে দেবে না। সুতরাং বাংলাদেশকে আমাদের বাস্তবতা মেনে নিয়েই সিরিজে আসতে হবে।

মোহন ডি-সিলভার চেয়ে এককাঠি সরেস বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি-সিলভা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রয়োজনে সিরিজ বছরখানেক পিছিয়ে যেতে পারে, তবে স্বাস্থ্যবিধিতে কোন ছাড় নয়!

অ্যাশলে ডি-সিলভা বলেন, টাস্কফোর্সের স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ যদি সফরে রাজি না থাকে, তাহলে এই সিরিজ স্থগিত করতে হবে। আগামী বছরের এই সময়ে সিরিজটি হবে সেক্ষেত্রে। এটা ছাড়া আর বিকল্প নেই।

সবধরনের ক্রিকেট ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

0

আন্তর্জাতিক ক্রিকেটসহ সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানের পেসার উমর গুল। ক্রিকেট ছাড়লেও আগামীতে কোচিং পেশায় নিজেকে জড়াতে চান বলে জানিয়েছেন তিনি।

হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই মাঠের বাহিরে গুল। তবে খেলা চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে। আসন্ন ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ হবে খেলোয়াড় হিসেবে তার শেষ আসর। এরপরই অবসরে চলে যাবেন উমর গুল।

এর আগে ক্রিকেটার থাকাকালীনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় পিসিবিকে। এসব সমালোচনা এড়াতেই এবার পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

পাকিস্তানের হয়ে ১৩০টি ওয়ানডে, ৪৭টি টেস্ট এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর গুল। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণে দীর্ঘদিন আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ বোলার ছিলেন উমর গুল।

সরকারি অনুদানের চলচ্চিত্রে তিশা

0

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছোট পর্দায় নিজের অভিনয় দিয়ে জাত চিনিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি নাম লেখালেন চলচ্চিত্রে। এবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে নির্মাণাধীন সিনেমায় অভিনয় করবেন তিশা। এতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিককে দেখা যাবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে তিশার নাম ঘোষণা করা হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ভালোবাসা প্রীতিলতা উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।

মহরত অনুষ্ঠানে সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

অনুষ্ঠানে সিনেমা প্রসঙ্গে পরিচালক প্রদীপ বলেন, আমরা খুব শিগগির এর শুটিং শুরু করব। পরিকল্পনা আছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কাজে নামার।

এ চলচ্চিত্রে আরো অভিনয় করবেন- মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ।

মুজিববর্ষ উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমার বাবার নাম

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমার বাবার নাম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক (প্রামাণ্য) ও বিটিভির নির্বাহী প্রযোজক ফজলে আজিম জুয়েল।

এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনীকার ও বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ। মুজিববর্ষ উপলক্ষে এটি বিটিভিতে সম্প্রচারিত করা হবে।

আমার বাবার নাম এ অভিনয় করেছেন-আবুল হায়াত, দিলারা জামান, সমু চৌধুরী, নাইরুজ শিফাত, জয়রাজ, সাইফুল জার্নাল, বোরহান বাবু, শ্যামল জাকারিয়া প্রমুখ।

ফজলে আজিম জুয়েল বলেন, মুজিববর্ষ উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে পেরে আমি গর্বিত। জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই কাজটি করা।

বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। প্রিমিয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব কামরুন নাহার। এছাড়া চলচ্চিত্রটির কলাকুশলীরাও এতে অংশ নেন।