Home Blog Page 2664

করোনায় মারা গেলেন বর্ষীয়ান গায়ক এস পি বালসুব্রহ্মনিয়ম​​​​​​​

0

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের বর্ষীয়ান গায়ক এস পি বালসুব্রহ্মনিয়ম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। এস পির মৃত্যুর খবরে দেশটির সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এ শিল্পী। ফলে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার রাতে থেকে তার অবস্থা সঙ্কটজনক হতে শুরু করে। সে সময় হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, এস পি বালসুব্রহ্মনিয়মকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার রাত থেকে অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

অগাস্টের প্রথম দিকে নিজের ফেসবুক হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান বালসুব্রহ্মনিয়ম। ওই সময় তিনি বলেন, ‘তার শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। ফলে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তবে এস পি-র ওই ঘোষণার পর আচমকাই তার শরীর আরও খারাপ হতে শুরু করে। এরপর ১৩ অগাস্ট তাকে ভর্তি করা হয় চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে।

করোনায় আক্রান্ত হওয়ার পর বালসুব্রহ্মনিয়মের প্লাজমাথেরাপি শুরু করে হাসপাতাল। এরপর থেকেই ক্রমশ তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে।

ওই সময় বালসুব্রহ্মনিয়মের জন্য প্রত্যেকে প্রার্থনা করুন বলে আবেদন করেন গায়কের ছেলে এস পি চরণ।

পাশাপাশি বর্ষীয়ান গায়ক যাতে শিগগিরই সুস্থ হয়ে যান, সেই প্রার্থনা করেন বলিউড অভিনেতা সালমান খান। বালসুব্রহ্মনিয়মকে নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে টুইটও করেন ভাইজান।

পাবনা-৪ আসনের উপনির্বাচন শনিবার

0

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শেষ হয়েছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার (২৬ সেপ্টেম্বর)। এরই মধ্যে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল করিম ব্যস্ত সময় কাটান। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা শহর-গ্রামের অলিগলি চষে বেড়ান। তাদের পক্ষে নেতা-কর্মী-সমর্থকরাও প্রচারণা চালান।

এই আসনে ৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩টিকেই গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৭ জন করে সদস্য মোতায়েন করা হবে। সাধারণ কেন্দ্রগুলোতে থাকবেন ১৬ জন করে। এখানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় দুই হাজার পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এদিকে নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা প্রকাশ করছেন বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা। তারা নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন। গোয়েন্দা সংস্থাগুলোও একই কথা জানিয়েছে নির্বাচন কমিশনকে।

ঈশ্বরদীতে প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর দুজনই নির্বাচনী পথসভা করে অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছেন। এছাড়া গত বুধবার রাতে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের উপজেলার সাহাপুর ইউনিয়নের আজিজুল তলা ও সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামে নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, ফাঁকা গুলি বর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে।

ইসি সূত্র জানায়, পাবনা-৪ আসনটি ঈশ্বরদী ও আটঘরিয়া— এই দুই উপজেলা, দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটকেন্দ্র ৮৪টি, মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৯৭ জন, নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৪১৫ জন।

এর আগে গত ২৩ আগস্ট পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী উপনির্বাচনে মনোননয়পত্র দাখিলের শেষ তারিখ ছিল ২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই হয় ৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দাখিল ছিল ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়পত্র বাতিলের আপিল নিষ্পত্তি করা হয় গত ৭ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৮ সেপ্টেম্বর। এর পর থেকেই তিন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরও ৯০ দিনের মধ্যে এই নির্বাচন করতে পারবে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারে সেই পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত যাচ্ছে নির্বাচন।

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩৮৩

0

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জনের।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।
মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ১ জন, রাজশাহীতে ১ ও রংপুরে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।

করোনার সব ভ্যাকসিনে গ্যারান্টি দেওয়া সম্ভব নয়: ডব্লিউএইচও

0

মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মরিয়া সবাই। পৃথিবীর মানুষ অপেক্ষা করছে ভ্যাকসিন কবে আসবে, সেদিকে। আগামী বছরের শুরুতেই দেশে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন মিলবে, এমন আশা প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু এই পরিস্থিতিতে আশার কথা শোনাতে পারলেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলেছেন, ‘করোনার সব ভ্যাকসিনই যে কাজ করবে, এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।’

একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘আমরা কোন গ্যারান্টি দিতে পারব না যে পরীক্ষাধীন সব ভ্যাকসিনই কার্যকরী হবে। যত বেশি স্বেচ্ছাসেবকদের উপর আমরা পরীক্ষা করতে দেব, তত একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিনের খোঁজ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।’

তিনি আরও বলেন, ‘প্রায় দু’শ ভ্যাকসিন নিয়ে কাজ চলছে গোটা বিশ্বে। ভ্যাকসিন তৈরির ইতিহাস আমাদের বলে দিচ্ছে, কেউ কেউ ব্যর্থ হবে, আবার কেউ সফল হবে।’

করোনার ভ্যাকসিন আবিষ্কার যে কোন প্রতিযোগিতা নয়, সেই কথা আবারও মনে করিয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পরামর্শ, দেশগুলিকে একে অপরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। সমস্ত দেশকে এ বিষয়ে একযোগে কাজ করার পরামর্শ দিয়ে তিনি জানান, করোনা প্রতিষেধক আবিষ্কার করা সব দেশেরই মূল লক্ষ্য। তবে যে দেশগুলি গবেষণায় এগিয়ে আছে, তাদের উচিত বাকিদের সাহায্য করা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘এটা কোন চ্যারিটির বিষয় নয়। একসঙ্গেই আমাদের ডুবতে হবে বা ভাসতে হবে। এই মহামারিকে খতম করতে এবং গোটা বিশ্বের অর্থনীতিকে চাঙ্গা করার দ্রুততম পথ হল, সব দেশেরই কিছু কিছু মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা। কিছু কিছু দেশের সব মানুষের শরীরে তা প্রয়োগ নয়।’

এর আগে তিনি বলেছিলেন, বিশ্ববাসীকে এখনই পরবর্তী মহামারির জন্য প্রস্তুত হতে হবে। যাতে পরবর্তী মহামারি এলে আমরা আরও ভালভাবে তার মোকাবিলা করতে পারি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছিলেন, ‘এটাই শেষ মহামারি নয়। ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে বারবার মহামারির আগমন খুবই স্বাভাবিক ঘটনা। তাই আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যাতে এরপর যখন মহামারি আসবে, তখন আমরা এর চেয়ে বেশি প্রস্তুত থাকতে পারি।’

বঙ্গবন্ধুর নীতিতেই সরকার কূটনীতি পরিচালনা করছে : প্রধানমন্ত্রী

0

বঙ্গবন্ধুর দেখানো পথেই সরকার কূটনীতি পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘ অধিবেশনে ঐতিহাসিক বাংলা ভাষণের ৪৬ বছর পূর্তি এবং ফরেন সার্ভিস একাডেমি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সরকারপ্রধান বলেন, ‘বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি দিয়ে গেছেন ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’-এই নীতিতেই চলছে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী জানান, এখন কূটনীতির ধরন বদলে গেছে। শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এখন সময় অর্থনৈতিক কূটনীতির। সেভাবেই বাংলাদেশের কূটনীতিকদের নির্দেশ দেয়া হয়েছে।

‘দেশকে এগিয়ে নিতে অনেকগুলো পরিকল্পনা নেয়া হয়েছে’ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সরকারের মূল লক্ষ্য দেশ ও মানুষের উন্নয়ন। দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারণেই আজ মানুষ সুফল পাচ্ছে। দেশে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।’

‘করোনায় যাতে কম ক্ষতি হয় সে লক্ষে সরকার কাজ করছে’ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘দেশে যেনো কোনোভাবেই খাদ্যের সংকট না হয় সে লক্ষে সরকার খাদ্য উৎপাদন, মজুদ ও সরবরাহের যথাসাধ্য চেষ্টা করছে।’

শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক এবং মানুষের তৈরি নানা দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে চলছে বাংলাদেশ। করোনাভাইরাসে সারা বিশ্বই ক্ষতির শিকার হচ্ছে। আগের চেয়ে প্রবৃদ্ধি আরো বৃদ্ধি করার কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী আক্ষেপ নিয়ে বলেন, ‘আমি ১৬ বার জাতিসংঘে গিয়ে ভাষণ দিয়েছি। সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। কিন্তু এবার মহামারি ভাইরাস করোনার কারণে যেতে পারিনি।’

‘আ.লীগকে মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে বিএনপি’

0

বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে, চট্টগ্রাম সার্কিট হাউজে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি আয়োজিত দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের মৃত্যুবার্ষিকীর সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের উপর প্রতিষ্ঠিত। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে তাদের সম্পর্কও বহু পুরনো। করোনাভাইরাসের সময় মানুষ যখন ভবিষ্যত নিয়ে শংকিত, বিএনপি তখন দেশ বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচনকে ঘিরে নয় বরং দেশকে অস্থিতিশীল করতে মধ্যপ্রাচ্যে বিএনপির এই ষড়যন্ত্র বলেও জানান মন্ত্রী।

কক্সবাজারের ১ হাজার ৩৪৭ পুলিশকে বদলি

0

কক্সবাজার জেলা পুলিশকে নতুন করে সাজানো হচ্ছে। আর এর জন্য কক্সবাজারে দায়িত্ব থাকা কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সকলকে বদলি করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত এই বদলির সংখ্যা দাঁড়িয়ে ১ হাজার ৩৪৭ জনে।

কক্সবাজারের নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই ), ৯২ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই ), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার নতুন করে কক্সবাজারের ৮ থানাসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ১৩৯ জন এসআই , ৯২ জন এএসআই , ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবলকে ভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বদলি করা হয়েছে ৫৩ জন পরিদর্শককে।

পুলিশ সূত্র জানিয়েছে, বদলি হওয়া শূন্য পদ পূরণে শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই -এএসআই ও ৭৩৪ জন কনস্টেবল।

এরমধ্যে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারে পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়। নবাগত এসপি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার এসপি মাসুদ হোসেন কক্সবাজার থেকে বিদায় গ্রহণ করেন।

গত ২১ সেপ্টেম্বর বদলি করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারসহ অপর ৭ শীর্ষ কর্মকর্তাকে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এটা নিয়মিত বদলির অংশ। কক্সবাজার জেলার পুরোটার পুলিশে পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে বদলি হওয়া সদস্য ছাড়পত্র নেবেন এবং নতুনরা যোগদান করবেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার হাসানুজ্জামান।

করোনা মোকাবিলায় সার্কের সহযোগিতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

0

করোনা পরবর্তী সংকট মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একসঙ্গে কাজের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতাকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়ালি অনুষ্ঠিত সার্কভুক্ত দেশগুলোর ১৭তম অনানুষ্ঠানিক কাউন্সিল অব মিনিস্টার্সের এক সভায় তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই সভা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন তথা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর একসঙ্গে কাজ করার মাধ্যমে সম্মিলিত কল্যাণ সাধনের বিষয়টিও উল্লেখ করেন। পাশাপাশি তিনি মার্চে অনুষ্ঠিত সার্কের নেতাদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় একটি সার্ক জনস্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবনারও পুনরুল্লেখ করেন। যা পরে করোনার মতো যেকোনো জনস্বাস্থ্য দুর্যোগ মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোকে সাহায্য করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের এই বছরে তিনি দক্ষিণ এশিয়ায় কার্যকরী আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠার মাধ্যমে সার্ক ফোরামকে শক্তিশালী করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিওয়ালির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সার্কভুক্ত ৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সভায় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা করোনা মোকাবিলায় আঞ্চলিক প্রচেষ্টাগুলোকে পর্যালোচনা করেন ও করোনাকালে এ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সার্কে নবশক্তি সঞ্চারণ করতে কর্মপরিকল্পনা (প্ল্যান অব অ্যাকশন) পর্যালোচনা ও তার যথাযথ বাস্তবায়নের ওপর ড. মোমেন আলোকপাত করেন। তিনি বলেন, করোনা সহযোগিতার আরও নতুন নতুন ক্ষেত্র ও সুযোগ যেমন তৈরি করবে, তেমনি বর্তমান সময়ের অনেক ক্ষেত্রকেও আংশিকভাবে বা পুরোপুরি অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলবে। বক্তব্যে তিনি করোনা পরবর্তী সময়ে খাদ্য ও কৃষি, জনস্বাস্থ্য, আইসিটি, বাণিজ্য ও বিনিয়োগ-এসব খাতে আলাদা গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন।

অর্থনীতির চাকা সচল করতে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

0

করোনা মোকাবিলা করে অর্থনীতির চাকা সচল করতে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব করোনা থেকে মুক্তি পাবো, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আবার অর্থনীতির চাকা সচল হোক। সব মানুষ সাধারণভাবে জীবন-যাপন করুক এটাই আমরা চাই। এজন‌্য বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে।’

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘মাঝে মাঝে দুর্যোগ আসে। বাংলাদেশের অবস্থানের কারণে প্রাকৃতিক এসব দুর্যোগ আমাদের মোকাবিলা করতে হয়। মাঝে মাঝে মানবসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে হয়। এ দেশে স্থিতিশীল সরকার থাকবে তা অনেকে চায় না। আমাদের সব অবস্থা মোকাবিলা করতে হয় এবং সেটা আমরা করতে পেরেছি। কারণ আমরা জনগণের আস্থা অর্জন করতে পেরেছি।’

করোনার কারণে জাতিসংঘে যেতে পারেননি জানিয়ে তিনি বলেন, ‘আমার এই সময় জাতিসংঘে থাকার কথা। করোনার কারণে যেতে পারিনি। আমি ১৬বার জাতিসংঘে ভাষণ দিয়েছি। এবার ১৭তম ভাষণ দেওয়ার কথা ছিল। সেখানে বিশ্বের অন‌্যান‌্য দেশের নেতাদের সঙ্গে দেখা হয়, মতবিনিময় হয়। সেই সুযোগটা এবার করোনার জন‌্য হলো না। তবু আশা করি করোনা দেশে বিশ্ব মুক্ত পাক।’

বঙ্গবন্ধুর জাতিসংঘে ঐতিহাসিক ভাষণের দিন আজ

0

আজ এক ঐতিহাসিক দিন। ১৯৭৪ সালের আজকের দিনে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

বিশেষ ডিজাইনের এই পোস্টারের শিরোনাম দেয়া হয়েছে ‘২৫ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেওয়ার এই অনন্য দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়’।

প্রকাশিত ই-পোস্টারটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতাধীন এলাকায় তাদের ব্যবস্থাপনায় পরিচালিত ইলেকট্রনিক/ডিজিটাল/এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হবে।

এছাড়া ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ওই ই-পোস্টার ব্যাপকভাবে প্রচারের জন্যও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষণটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক।

৭ মার্চের ভাষণটি ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম, স্বাধিকার আন্দোলনের প্রস্তুতি ও দিকনির্দেশনামূলক ভাষণ। কিন্তু ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে দেয়া ভাষণটি ছিল সমগ্র বিশ্বের অধিকারবঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও বিশ্বশান্তি, ন্যায়নীতি প্রতিষ্ঠার বলিষ্ঠ উচ্চারণ ও সাহসী পদক্ষেপ।

জাতিসংঘে বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রনায়ক, যিনি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করেন। বঙ্গবন্ধুকে প্রথমেই অনুরোধ করা হয়েছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইংরেজিতে বক্তৃতা করবেন।’ কিন্তু প্রিয় মাতৃভাষা বাংলার প্রতি সুগভীর দরদ ও মমত্ববোধ থেকে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করতে চাই।’

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের আট দিনের মাথায় বঙ্গবন্ধু সাধু বাংলায় জাতিসংঘে দেওয়া ভাষণের শুরুতেই বলেন, ‘মাননীয় সভাপতি, আজ এই মহামহিমান্বিত সমাবেশে দাঁড়াইয়া আপনাদের সাথে আমি এই জন্য পরিপূর্ণ সন্তুষ্টির ভাগীদার যে, বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আজ এই পরিষদে প্রতিনিধিত্ব করিতেছেন। আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পূর্ণতা চিহ্নিত করিয়া বাঙালি জাতির জন্য ইহা একটি ঐতিহাসিক মুহূর্ত।’

তিনি বলেন, ‘স্বাধীনভাবে বাঁচার অধিকার অর্জনের জন্য এবং একটি স্বাধীন দেশে মুক্ত নাগরিকের মর্যাদা নিয়া বাঁচার জন্য বাঙালি জনগণ শতাব্দীর পর শতাব্দীব্যাপী সংগ্রাম করিয়াছেন, তাহারা বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্য নিয়া বাস করিবার জন্য আকাক্সিক্ষত ছিলেন।

যে মহান আদর্শ জাতিসংঘ সনদে রক্ষিত রহিয়াছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ সেই আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করিয়াছেন। আমি জানি, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে সকল মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপযোগী একটি বিশ্ব গড়িয়া তুলিবার জন্য বাঙালি জাতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই অঙ্গীকারের সহিত শহীদানের বিদেহী আত্মাও মিলিত হইবেন।’

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও মুক্তিসংগ্রামে সমর্থনদানকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বঙ্গবন্ধু বলেন, ‘যাহাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ বিশ্বসমাজে স্থান লাভ করিয়াছে, এই সুযোগে আমি তাহাদেরকে অভিনন্দন জানাই।

বাংলাদেশের সংগ্রামে সমর্থনকারী সকল দেশ ও জনগণের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ছিল শান্তি ও ন্যায়ের মিলিত সংগ্রাম। জাতিসংঘ গত ২৫ বছর ধরিয়া এই শান্তি ও ন্যায়ের জন্যই সংগ্রাম করিয়া যাইতেছে।’

বঙ্গবন্ধু জনগণের অধিকার কেড়ে নেয়ার ক্ষেত্রে দেশে দেশে সেনাবাহিনী ব্যবহারের তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশসহ চারটি দেশ আলজেরিয়া, গিনি বিসাউ এবং ভিয়েতনামের নামোল্লেখ করে বলেন, ‘এই দেশগুলো অপশক্তির বিরুদ্ধে বিরাট বিজয় অর্জন করিতে সক্ষম হইয়াছে।’

‘চূড়ান্ত বিজয়ের ইতিহাস জনগণের পক্ষেই থাকে’ উল্লেখ করে বঙ্গবন্ধু ফিলিস্তিন, জাম্বিয়া এবং নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার জাতীয় মুক্তিসংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।