Home Blog Page 2666

স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে: তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি অনুসরণে অনেক বেশি সর্তকতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, ‘কোভিড-১৯ এর এ সময়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণে অনেক বেশি সর্তকতা অবলম্বন করতে হবে এবং ক্যাম্পেইনকালীন পরিচালিত কেন্দ্রসমূহে আগত বাচ্চাদেরকে সরাসরি স্বাস্থ্যকর্মীদের ক্যাপসুল খাওয়ানোর বদলে শিশুর সাথে উপস্থিত তার মা কিংবা অভিভাবককে স্বাস্থ্যবিধি সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে এই ক্যাপসুল খাওয়াতে পারলে, অধিকতর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। সেজন্য অবশ্যই আমাদের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সকলকে শিশুদের ও তার পিতা-মাতার প্রতি অনেক বেশি সংবেদনশীল ও আন্তরিক আচরণ করতে হবে।’

আজ বৃহস্পতিবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত কেন্দ্রীয় অবহিতকরণ, পরিকল্পনা ও সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, আতঙ্ক নয়, সচেতনতাই কোভিড-১৯ মহামারি প্রতিরোধে মুখ্য ভূমিকা রাখতে পারে।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, শিশুদের মধ্যে এখনো অনেকেরই শারীরিক প্রয়োজনীয়তা অনুসারে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণের হার সন্তোষজনক নয়। এটা শুধু তাদের খাবারের ঘাটতির জন্য নয়, এর মূল কারণ হলো খাবারে সুষম পুষ্টি গ্রহণের ব্যাপারে আমাদের প্রয়োজনীয় সচেতনতার অভাব। সেজন্যই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব অনেক বেশি।

ডিএসসিসি মেয়র শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, ভিটামিন এ দিয়ে দেয়া মানেই মায়েদের দুধ খাওয়ানো লাগবে না এ কথা যেন কেউ মনে না করেন। বাচ্চাদের ক্যাপসুল দেয়ার সময় এই বার্তাটাও দেবেন যে, মায়ের দুধ খাওয়াতে হবে। কারণ শিশুদের রোগ প্রতিরোধের ওষুধ হিসেবে কাজ করে মায়ের বুকের দুধ। সেটা যেন অন্তত দুই বছর পর্যন্ত খাওয়ানো হয়, সেজন্য মায়েদেরকেও উৎসাহিত করতে হবে।

ছোট মাছের মাথা যেন বাচ্চাদের খাওয়ানো হয়, সে বিষয়েও অভিভাবকদের সচেতন করার কথা স্মরণ করিয়ে দিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে মেয়র তাপস বলেন, অনেকেই ছোট মাছ, বিশেষ করে মলা-ঢেলার মাথা কেটে ফেলে রান্না করেন। ছোট মাছের মাথায় যে ভিটামিন থাকে, সে বিষয়েও সচেতন থাকতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদসহ কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এতে বক্তব্য রাখেন।

জাতীয় পুষ্টি সেবার লাইন ডাইরেক্টর, ঢাকার সিভিল সার্জন, কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধিবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউপিএইচসিএসডিপি ও এনএইচএসডিপি প্রতিনিধিবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমওরা ওরিয়েন্টশন সভায় উপস্থিত ছিলেন।

আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ২ হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে কর্পোরেশন এলাকায় ১ হাজার ৪২৭টি কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫২ হাজার ১৭৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৪৬০ শিশুকে একটি করে লাল রঙের ‘এ’ ক্যোপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।- বাসস

জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই-পোস্টার

0

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রথম বাংলায় ভাষণ প্রদান স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

বিশেষ ডিজাইনের এই পোস্টারের শিরোনাম করা হয়েছে, ‘২৫ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেওয়ার এই অনন্য দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়’।

প্রকাশিত ই-পোস্টার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনায় তাদের আওতাধীন এলাকায় পরিচালিত ইলেক্ট্রনিক বা ডিজিটাল অথবা এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হবে। এছাড়া ইলেক্ট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় উক্ত ই-পোস্টার ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার জন্মদিন উদযাপনে শুরু আন্তর্জাতিক দাবা আসর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর। একে সামনে রেখে ঢাকায় শুরু হয়েছে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভেনিউয়ের কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্যাম্পাসে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশন ও দক্ষিণ এশিয়া দাবা কাউন্সিলের সভাপতি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় হলো, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টুর্নামেন্টটির উদ্বোধন করতে পেরেছি। এর পুরো কৃতিত্ব দিতে চাই চৌধুরী নাফিজ সরাফাতকে।’

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় এ ধরনের আরো প্রতিযোগিতার আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের অধীনে আমরা এ প্রচেষ্টা অব্যাহত রাখব।’

পুলিশ প্রধান বলেন, ‘একটা জায়গা নেওয়ার চেষ্টা চলছে, যেখানে একটা স্পোর্টস হল থাকবে। সেখানে যে কেউ যে কোনো সময় এসে দাবা খেলতে পারবে।’

দাবায় নিয়মিত প্রশিক্ষণের আয়োজন ও সার্বক্ষণিক কোচ নিয়োগের প্রতিশ্রুতিও দেন আইজিপি। তিনি বলেন, ‘একই সঙ্গে স্কুল দাবার আয়োজন করব, যেখান থেকে আগামী পাঁচ বছরে ৫০০ নতুন খেলোয়াড় পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।’

বিশেষ অতিথি চৌধুরী নাফিজ সরাফাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘সম্প্রতি আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর ঢলের কারণে নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছি। সংকটের সময়ে লাখ লাখ নির্যাতিত রোহিঙ্গাকে ফিরিয়ে না দিয়ে প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন। এভাবেই মহান চিন্তাবিদেরা নেতৃত্ব দেন। তাদের নেতৃত্বে থাকে মহানুভবতা, সহমর্মিতা এবং প্রজ্ঞা।’

চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো আমাদের স্বপ্ন দেখতে, নতুন কিছু শিখতে, নতুন কিছু করতে এবং নিজেদের ছাড়িয়ে যেতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন সামনে রেখে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত ও ভাগ্যবান মনে করছি।’

টুর্নামেন্ট আয়োজনে সর্বাত্মক সহযোগিতার জন্য পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদকেও ধন্যবাদ জানান চৌধুরী নাফিজ সরাফাত।

ক্রীড়া হিসেবে দাবার স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, ‘কথায় আছে- দাবা এমন এক খেলা যেটাকে আপনি যেমন ইচ্ছা রূপ দিতে পারেন। এটি ভাষা, বয়স, গোত্র, ধর্ম, রাজনীতি, লিঙ্গ এবং আর্থ সামাজিক অবস্থানের উর্ধ্বে।’

দাবার এই আন্তর্জাতিক আয়োজনটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বিশ্বসেরা ও মননশীলন মস্তিষ্কগুলোকে একসঙ্গে করার অন্যতম সেরা আন্তর্জাতিক মঞ্চ বলেও মন্তব্য করেন চৌধুরী নাফিজ সরাফাত।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে বাংলাদেশের তিনজন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব ও রিফাত বিন সাত্তার অংশ নিচ্ছেন। এ ছাড়া আছেন ভারতের পাঁচ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুজন করে গ্র্যান্ডমাস্টার। ইরান, রাশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টাররাও অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়।
পুরো আয়োজন হচ্ছে অনলাইনে। প্রতিযোগিতা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সুইস লিগ সিস্টেমে নয় রাউন্ডের এই টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ছয় হাজার ডলার।

২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

‘কোন চাপেই সৌদিতে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নয়’

0

কোন চাপের মুখেই সৌদি আরবে থাকা ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া উচিত হবে না বলে মনে করেন অভিবাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশি শ্রমিকদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার সৌদি হুমকি রাজনৈতিক চাপ বলে মনে করেন তারা। আর পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আনুষ্ঠানিকভাবে সৌদি আরব এ বিষয়ে এখনও কিছু জানায়নি- তাই উদ্বিগ্ন হবারও কিছু নেই।

আশির দশকে রোহিঙ্গাদের দুর্দশা দেখে তখনকার সৌদি বাদশা কিছু রোহিঙ্গাকে সেদেশে নিয়ে যান। সৌদি আরব বলছে, এই সংখ্যা ৫৪ হাজার। যেহেতু এরা বাংলাদেশ থেকে গেছে তাই তাদের পাসপোর্ট দিতে এখন চাপ দিচ্ছে দেশটি।

আন্তজার্তিক সম্পর্ক বিশ্লেষক এবং অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এদের কারো কারো কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। এর পেছনে কিছু অসাধু কর্মকর্তা এবং রিক্রুটিং এজেন্টের হাত রয়েছে। তবে সৌদি সরকারের কোন চাপের কাছেই নতি স্বীকার করে রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া উচিত হবে না।

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের সাথে আমাদের যা চলছে এ সময় রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট দেয়া খুবই ক্ষতিকর হবে। এ বিষয়টি আমাদের সৌদি আরবের সঙ্গে আলোচনা করে কূটনৈতিকভাবেই সমাধান করতে হবে। আমি মনে করি তাদের কোনভাবেই পাসপোর্ট দেয়া ঠিক হবে না।

অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান বলেন, কিভাবে রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট চলে যাচ্ছে। এ বিষয়ে আমাদের আরও নজরদারি দেয়া দরকার।

তবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া না হলে ২২ লাখ বাংলাদেশি শ্রমিকের উপর নেতিবাচক প্রভাব পড়বে এমন কোন কথা সৌদি আরব আনুষ্ঠানিকভাবে বলেনি। সৌদি আরব বিষয়টি যেন মিয়ানমারকে জানায় সে প্রস্তাব দেশটিকে দেয়া আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা সৌদি আরবকে জানিয়েছি কোনো রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট থেকে থাকলেই আমরা সেটা পুনরায় ইস্যু করতে পারি, অন্যথায় নয়। তবে সৌদি আরব জানিয়েছে, পাসপোর্ট ইস্যু না করা মানেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো নয়।

ড. মোমেন বলেন, সৌদি আরবের জেলে ৪৬২ জন রোহিঙ্গা আছেন। আমরা মিশন থেকে যাচাই-বাছাই করে দেখেছি, তাদের মধ্যে ৭০- ৮০ জনের বাংলাদেশের পাসপোর্ট আছে। তাই কেবল এই পাসপোর্টধারীদেরই ফেরত আনা যেতে পারে।

এখনই এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সম্ভব নয়

0

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। তিনি বলেছেন, এখনই পরীক্ষার তারিখ ঘোষণা সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বোর্ডের সম্মেলন কক্ষে ১১টি শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বৈঠক সম্পর্কে তিনি বলেন, এটা আমাদের নর্মাল মিটিং ছিল। কে বলেছে, এ সভায় পরীক্ষার তারিখ ঘোষণা করবো? আমরা এখানে পরীক্ষার তারিখ ঘোষণা করবো না।

তিনি বলেন, এ ধরনের সংবাদে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। একই সঙ্গে শিক্ষার্থীরাও বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। আমরা সিদ্ধান্ত নিলে সবার আগেই মিডিয়াকেই জানাই।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বোর্ড চেয়ারম্যান বলেন, আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। এখতিয়ারের বাইরের প্রশ্ন করলে আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। পরীক্ষার তারিখ ঘোষণা আমাদের এখতিয়ারে নয়।

এদিকে মূল্যায়ন ছাড়া ৮ম থেকে ৯ম শ্রেণিতে অটো প্রমোশন হবে না বলে জানি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেছেন, মূল্যায়নের ক্ষেত্রে ১৫ মার্চ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইন ক্লাসকে প্রধান্য দেয়া হবে।

চেয়ারম্যানের বক্তব্য, যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি সৃষ্টি হয়, তবে ক্লাসেই পরীক্ষা হবে। যদি সেই অবস্থা তৈরি না হয়, তবে অনলাইনে মূল্যায়ন হতে পারে। কারণ, অনেক প্রতিষ্ঠানেই এখন অনলাইনে ক্লাস চলছে।

এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষা কীভাবে আয়োজন করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এখানে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দিলেও অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে।

কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

0

কক্সবাজার জেলায় কর্মরত ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বদলিকৃতদের ২৯শে সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত মহাপরিদর্শক ড. মাইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৪ জনকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়। কোনো জেলার সকল ইন্সপেক্টরকে একযোগে বদলির নজির এবারই প্রথম। গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ নিয়ে পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

এ ঘটনায় করা মামলায় ওসি প্রদীপ দাশ এবং ইন্সপেক্টর লিয়াকতসহ ১১ পুলিশ সদস্য কারাগারে রয়েছেন।

২০২১ এর ডিসেম্বরে পদ্মাসেতুতে ট্রেন চলবে : রেলমন্ত্রী

0

২০২১ সালের ডিসেম্বরে পদ্মাসেতুতে ট্রেন চলবে বলে আশা প্রকাশ করে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের ডিসেম্বর মাসেই পদ্মাসেতুর সঙ্গে সংযুক্ত রেললাইন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সে লক্ষ্যেই কাজ চলছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে পদ্মাসেতুর রেলসংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন সুবিধবার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, পদ্মাসেতুর রেলসংযোগ বরিশাল-কুয়াকাটা-পায়রাবন্দর পর্যন্ত নেওয়া হবে। পদ্মাসেতুর ফলে এ অঞ্চলের মানুষের জন্য যোগাযোগের এক অভূতপূর্ব দিগন্ত উন্মোচন হবে। রাজধানীর সঙ্গে অতিদ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব হবে।

পদ্মাসেতুর এ রেলসংযোগ ও সড়ক পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অত্যাধুনিক রেলস্টেশন হবে ফরিদপুরের ভাঙ্গায়। এর মধ্য দিয়ে এ এলাকার মানুষের আর্থ সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। একমাত্র তার কারণেই এত বড় বড় কাজ বাস্তবায়ন সম্ভব হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ক্ষতিগ্রস্ত ২৮ জন ব্যক্তির মধ্যে এক কোটি ১২ লাখ টাকার পুনর্বাসন সুবিধার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান।

অনুষ্ঠান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২.৩৫ কিলোমিটার রেলপথে ৩৫৮.৪১ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। পুনর্বাসন প্রকল্পটি ২০১৭ সাল থেকে শুরু হয়ে ২০২১ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডরপ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে (ফেইজ-২) ভাঙ্গা থেকে যশোর ৮২ কিলোমিটার রেলপথে ৫১১৮টি পরিবারের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। ‘ডরপ’ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের আর্থ-সামাজিক অবস্থা জরিপসহ জেলা প্রশাসনের দেওয়া নগদ ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং জীবিকায়ন প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে।

আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে যৌথ সমন্বয় সভা আগামীকাল

0

আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের এক সমন্বয় সভা আগামীকাল।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ডিআইজি মিজানের আরেক মামলার চার্জ গঠন ৩০ সেপ্টেম্বর

0

বৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আসিফুজ্জামান আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

আজ মামলার চার্জ গঠন শুনানির দিন ধার্য ছিল। ডিআইজি মিজানের আইনজীবী চার্জ গঠন শুনানি পেছানোর আবেদন জানান। বিচারক আবেদন মঞ্জুর করেন।

এরআগে ২ সেপ্টেম্বর মামলাটি প্রস্তুত হওয়ায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এটি ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলির আদেশ দেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য এদিন ধার্য করেন আদালত।

গত ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে মিজানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দাখিল করেন। মিজান ছাড়া চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন, ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান রাজধানীর কোতোয়ালি থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

গত ১ জুলাই হাইকোর্টে আগাম জামিনের জন্য গেলে ডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় মিজানকে তাৎক্ষণিক পুলিশের হাতে তুলে দেন আদালত। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়।

পরদিন ডিআইজি মিজানের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীকে গ্রেফতার করানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
নারী নির্যাতনের অভিযোগে গত বছরের জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

এরপর দুদক কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেনের বিষয়টি সামনে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্তের একটি প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। ২৫ জুন মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাবে অনুমোদন দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অপরদিকে ১৮ মার্চ অবৈধভাবে তথ্যপাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য রয়েছে।

উদ্যোক্তাদের ‘ব্লু-ইকোনমি’ নিয়ে কাজ করার আহবান নৌ প্রতিমন্ত্রীর

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি নিরাপদ ও সাশ্রয়ী নৌপথ নিশ্চিত করতে নৌ-সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘নৌযান মালিক ও শ্রমিকদের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, দক্ষ ও চৌকস নাবিক তৈরি করতে নৌ-শিক্ষার আধুনিকায়ন, নদী দূষণ ও দখল করা থেকে বিরত থাকা ও রাখা নিশ্চিত করতে হবে। নৌপথকে আরো জনপ্রিয়, আরামপ্রদ ও সাশ্রয়ী করতে পারলে সড়ক ব্যবস্থার উত্তম বিকল্প হিসাবে নৌপথ বিশেষ গুরুত্ব পাবে। নৌপথে আইনের যথাযথ প্রয়োগ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থা হিসাবে নৌপরিবহন অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

প্রতিমন্ত্রী আজ বৃহষ্পতিবার ঢাকায় মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ ভবনে ‘বিশ্ব নৌদিবস- ২০২০’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অনলাইনে বক্তৃতায় এসব কথা বলেন।

‘বিশ্ব নৌদিবস-২০২০’ উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।

‘টেকসই নৌপরিবহন টেকসই বিশ্ব’ শ্লোগানকে প্রতিপাদ্য করে এবছর বিশ্ব নৌদিবস পালিত হচ্ছে। বিশ্ব নৌ সংস্থা কর্তৃক ঘোষিত ২৪ সেপ্টেম্বর ‘বিশ্ব নৌদিবস’ পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মোবাইলে ফোনে বক্তব্য রাখেন। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বক্তব্য রাখেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের আলোকে নৌখাতের উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। যার ধারাবাহিকতা এখনও চলমান রয়েছে। নদী খননের উদ্দেশ্যে গত ১০ বছরে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের জন্য আমদানি করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ড্রেজার এবং সহায়ক জলযানসহ প্রয়োজনীয় সরঞ্জাম। এসব ড্রেজারের সাহায্যে নদী খনন ও পলি অপসারণ কাজ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার অব্যবহিত পরেই নদীমাতৃক বাংলাদেশের উন্নয়নে নৌপথকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌপরিবহন পরিদপ্তর গঠন করেন যা বর্তমানে অধিদপ্তরে রূপলাভ করেছে। অধিদপ্তরের কার্যক্রম আরো গতিশীল করতে নতুন নতুন পদ সৃজন করে নতুন নিয়োগবিধি প্রণয়নের কাজ চলমান আছে। সরকারি সেবা আরো সহজ ও স্বচ্ছতা নিশ্চিতে অনলাইন কার্যক্রমের বিস্তার ঘটানো হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি সরকারি সেবাদাতা প্রতিষ্ঠান তাদের সেবাকে আরো সহজ ও জনমুখি করবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধি অর্থাৎ জীবনযাত্রার মানোন্নয়নে আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে। ২০১৯-২০ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ২০৬৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা বিশ্বব্যাংকের হিসাবে ১৯৭৩ সালে ছিল মাত্র ১২০ মার্কিন ডলার। তিনি বলেন, আমাদের উন্নয়নের গতিকে বার বার বাধাগ্রস্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা তা কাটিয়ে উঠছি যা দেশবাসীর কাছে দৃশ্যমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বপ্নপুরুষ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার বহুমাত্রিক নেতৃত্বে ওপর ভর করে আমরা আমাদের রুপকল্পগুলো বাস্তবায়নে জোর কদমে অগ্রসর হচ্ছি।