Home Blog Page 2667

পাপিয়া দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা রাষ্ট্রপক্ষের

0

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে রাষ্ট্রপক্ষ মামলার যুক্তি উপস্থাপন শেষ করেন। এ সময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি, রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে।

রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে পাপিয়ার স্বামী মফিজুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী। তিনি তার খালাস প্রত্যাশা করেন। এরপর পাপিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী। তবে তার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় রোববার (২৭ সেপ্টেম্বর) পরবর্তী দিন ধার্য করেন আদালত।

এ মামলায় ১২ সাক্ষীর মধ্যে ১২ জনই আদালতে সাক্ষ্য দিয়েছেন।

গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান আদালতে তাদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১২ জনকে।

বিএনপিতে ষড়যন্ত্রের রাজনীতি ও দ্বিচারিতা স্পষ্ট : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে। এতে তাঁদের দ্বিচারিতা ও ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়ে ওঠে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় এসব কথা বলেন তিনি।

‘ষড়যন্ত্র বিএনপির রাজনৈতিক দর্শন’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কখনো জেদ্দা, কখনও আবুধাবি আবার কখনও লন্ডনে বসে গোপন বৈঠক করুক না কেন, সব খবরই সরকারের কাছে আছে। গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে লাভ নেই, রাজনীতি করতে হবে জনগণের জন্য।

বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, সরকার পরিবর্তন করতে চাইলে জনমানুষের কাছে আসুন, বিদেশি শক্তি বা কোনো সংস্থার কাছে নয়।

ওবায়দুল কাদের বলেন, প্রায় ৭শ মিটার দীর্ঘ কালনা সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। মধুমতি নদীর দুপাড়ের মাঝে সেতুবন্ধ তৈরি ছাড়াও কালনা সেতুটি পদ্মা সেতুর সাথে সংযুক্ত। বিধায় পদ্মা সেতুর সুবিধা পেতে হলে কালনা সেতুর নির্মাণ কাজ শেষ করা জরুরি। ইতোমধ্যেই কালনা সেতুর শতকরা ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে।

করোনা ভাইরাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন আসছে ভেবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেকেরই গা-ছাড়া ভাব দেখা দিয়েছে, অবহেলা করছেন এবং মাস্ক পরিধান করছে না। সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, করোনার কার্যকর ভ্যাকসিন কবে আসবে তা এখনও সুনিশ্চিত নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরাই সবচেয়ে বড় প্রতিষেধক। করোনার সংক্রমণ রোধে সচেতনাই হচ্ছে উত্তম ভ্যাকসিন।

ভিডিও কনফারেন্সে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।

এনআইডি জালিয়াতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি : মহাপরিচালক

0

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সাইদুল ইসলাম বলেন, এনআইডি জালিয়াতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নিয়েছি। সম্প্রতি ঢাকায় এনআইডি জালিয়াতির সঙ্গে জড়িত আইডিইএ প্রকল্পের আউটসোর্সিং ডাটা এন্ট্রি অপারেটর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৮ বছরে মোট ৩৯ জনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয় এবং কালো তালিকাভুক্ত করা হয়।

তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ায় ডা. সাবরিনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডা. সাবরিনার দুটি এনআইডি লক করা হয়েছে। গুলশান থানা নির্বাচন অফিসারকে জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলা করার নির্দেশনা দেওয়া হয় এবং ৩০ আগস্ট বাড্ডা থানায় মামলা করা হয়। ডা. সাবরিনা কীভাবে দুইবার ভোটার হয়েছেন এবং তার সঙ্গে কেউ জড়িত আছে কিনা- তা তদন্তের জন্য বিসিসি ও বুয়েট প্রতিনিধিসহ আইটি বিশেষজ্ঞ নিয়ে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতে জড়িতদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে এনআইডির ডিজি বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মধ্যে এটি তদন্ত করা হয় এবং প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ছয়জনের জাতীয় পরিচয়পত্র ব্লক করা হয়। জেলা প্রশাসক (কুষ্টিয়া) তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেছেন। এর ক্রমধারায় অধিকতর তদন্তের জন্য নির্বাচন কমিশনেরে একজন যুগ্মসচিবের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট আরও একটি তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। সেই তদন্তসমূহের সুপারিশের উপর ভিত্তি করে কোন কর্মকর্তা/কর্মচারী অভিযুক্ত প্রমানিত হলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন নির্দেশনা দিয়েছেন।

এইচএসসি কীভাবে: সিদ্ধান্ত নিতে বৈঠকে বোর্ড চেয়ারম্যানরা

0

করোনার কারণে স্থগিত থাকা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এতে সভাপতিত্ব করছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনার জন‌্য বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।’

উল্লেখ‌্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দিলেও অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে।

১ অক্টোবর থেকে ফিরতে পারবেন সৌদি-ওমান প্রবাসীরা: পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরবগামী বাতিল হওয়া সব রুটের ফ্লাইট ১ অক্টোবর থেকে চালু হবে। ফ্লাইট অনুযায়ী সবাই দেশটিতে কাজে যোগ দিতে পারবেন। ওমানের প্রবাসীরাও একইদিন থেকে কাজে ফিরতে পারবেন। তবে পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে কাজে যোগদানের বিষয়ে যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল, আমরা আশা করছি তার সুষ্ঠু সমাধান হয়েছে। এরপরও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

প্রধানমন্ত্রী প্রবাসীদের সুযোগ-সুবিধা দেওয়া বিষয়ে আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীদের বিষয়ে বরাবরই আন্তরিক হয়ে কাজ করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে চতুর্থ দফায় আরও ২৪ দিন প্রবাসীদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশকে ল্যান্ডিং পারমিশনও দেওয়া হয়েছে। ফলে এরইমধ্যে যেসব প্রবাসী সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি, তাদেরকে সৌদি ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করবে।

আজই ৫০০ টিকিট দেবে সৌদি এয়ার

0

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫০০ জনকে টিকিট দেবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।

সৌদি যেতে ইচ্ছুক টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছেন বহু মানুষ।

আজ বৃহস্পতিবার ১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কার্যালয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ভিড় করা টিকিট প্রত্যাশীদের উদ্দেশে মাইকে এ কথা জানায় পুলিশ।

বলা হয়, আজ ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। শুক্রবার ৫০১ থেকে ৮৫০, শনিবার ৮৫১ থেকে ১২০০, রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে।

আজ সকাল থেকেই এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ও ভেতরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করছেন কয়েকশ’ প্রবাসী।

টিকিট প্রত্যাশীরা জানান, বৃহস্পতিবার ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডাকা হয়েছে। ৫০০ পর্যন্ত দেওয়ার পর সময় থাকলে পরবর্তী টোকেনধারীদের টিকিট দেওয়া হবে বলেও এয়ারলাইন্সের কর্মকর্তারা তাদের জানিয়েছেন। তবে এয়ারলাইন্সের পক্ষ থেকে কারো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, প্লেনের টিকিটের জন্য গত পাঁচদিন ধরেই হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি সরকার আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা। এছাড়া, সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোয় স্বস্তিতে রয়েছেন তারা।

ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, পানিবন্দি ১০ হাজার মানুষ

0

নীলফামারীতে ফের বিপৎসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি। অতিবৃষ্টি ও উজানের ঢলে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে ১৫টি গ্রামের প্রায় দশ হাজার পরিবারের বসতবাড়িতে পানি প্রবেশ করেছে।

আজ বুধবার সকাল থেকে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বাড়তে শুরু করলে সন্ধ্যা ৬টায় তা বিপৎসীমা অতিক্রম করে। রাত ৯টায় আরও বৃদ্ধি পেয়ে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সূত্র জানায়, অতিবৃষ্টি ও উজানের ঢলে গত বুধবার সকাল থেকে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বাড়তে শুরু করে। বেলা ৩টার দিকে সেখানে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা ৬টায় বিপৎসীমা অতিক্রম করে ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় যা রাত ৯টায় আরও ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ডিমলা উপজেলার নদীবেষ্টিত পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনা গাছচাপনী, পশ্চিম ছাতনাই ইউনিয়ন ও তিস্তার ভাটিতে জলঢাকার ৩টি ইউনিয়নসহ ১৫টি গ্রামের দশ হাজার পরিবারের বসতবাড়িতে পানি প্রবেশ করেছে।

ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ছাতুনামা ভেন্ডাবাড়ী ও ফরেস্টের চরের ৫ শতাধিক পরিবারের বসতবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে এসব পরিবারের বসতবিটা। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক জানান, তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় আমার ইউনিয়নের আটটি গ্রাম বন্যার ঝুঁকিতে রয়েছে। এসব গ্রামের পরিবারগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ

0

ভিসা সংগ্রহের সময় ঢাকায় সৌদি দূতাবাসে অথবা টিকিট সংগ্রহের সময় সৌদি এয়ারলাইন্সের সামনে বিশৃঙ্খলা না করতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে পুনরায় যাওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের ভিসা ঢাকার সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। রবিবার থেকে সৌদি দূতাবাস খুলবে।

এছাড়া ইকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরব গমনের জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকিট ইস্যু করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় সৌদি দূতাবাসের ভিসা প্রার্থীরা এবং সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে টিকিট করতে ইচ্ছুক ব্যক্তিদের বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিকভাবে এসব কাজ সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

এতে ভিসা সংগ্রহের সময় ঢাকার সৌদি দূতাবাসে অথবা টিকিট সংগ্রহের সময় সৌদি এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমানের সম্মুখে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে কোনো ধরনের হট্টগোল না করে শৃঙ্খলাবদ্ধ হয়ে টিকিট ক্রয় ও ভিসার আবেদন জমা দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া মন্ত্রণালয় থেকে বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের তৃতীয় পক্ষের প্ররোচনায় কোনো ধরনের বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হয়।

প্রাথমিক বিদ্যালয় খোলার পূর্বপ্রস্তুতিতে ৯ নির্দেশনা

0

সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয় খোলার পূর্বপ্রস্তুতি নিতে পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর ক্ষেত্রে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করতে স্কুলগুলোকে নয় দফা নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাপী বিদ্যালয়গুলোর ন্যায় বাংলাদেশেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এর ফলে শ্রেণি কার্যক্রমে ব্যাঘাতসহ শিশুর শিখন যোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে প্রান্তিক শিক্ষার্থীরা যত বেশি সময় বিদ্যালয়ের বাইরে থাকবে, তাদের বিদ্যালয়ে ফেরার সম্ভাবনা ততই কমে যাবে। তাই জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে যথা-শিগগিরই বিদ্যালয় পুনরায় চালু করা অতীব জরুরি। বিদ্যালয় পুনরায় চালু করার পূর্বে পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা আবশ্যক। এ লক্ষ্যে গত ৩ সেপ্টেম্বর কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয় এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) প্রণয়ন ও বাস্তবায়ন গাইডলাইনের আলোকে স্ব স্ব বিদ্যালয় নিজস্ব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে ওই গাইডলাইনের আলোকে বিদ্যালয় পুনরায় চালু করার পূর্বে পূর্বপ্রস্তুতিমূলক বিবিধ কার্যক্রম গ্রহণ করতে হবে। এ পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে স্লিপ বরাদ্দ ফান্ড দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা যাবে।

প্রতিষ্ঠানকে যা করতে হবে

১. ক্লাসরুমসহ বিদ্যালয়ের পুরো আঙ্গিনা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুমুক্ত করা।

২. বিদ্যালয়ের সমস্ত আসবাবপত্র সার্বক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুমুক্ত করা।

৩. শরীরের তাপমাত্রা পরিমাপক যন্ত্র ইনফ্রারেড থার্মোমিটার স্থানীয়ভাবে ক্রয়।

৪. সাবান, ব্লিচিং পাউডার ইত্যাদি ক্রয়।

৫. ওয়াশব্লক ও টয়লেট সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

৬. মগ, জগ, বালতি ক্রয়।

৭. অস্থায়ীভাবে হাত ধোয়ার স্থান নির্ধারণ করে হাত ধোয়ার পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।

৮. পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য শ্রমিকের যৌক্তিক সেবা ক্রয় (প্রযোজ্য ক্ষেত্রে)।

৯. কোভিড-১৯ মেয়াদকালে ইন্টারনেট ডাটা ক্রয় (এ খাতে বরাদ্দ না থাকলে)।

পরিপত্রে বলা হয়, বিদ্যালয়ে বরাদ্দ স্লিপ ফান্ড থেকে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যে সামগ্রী/সেবা ক্রয়/সংগ্রহ করা যাবে। কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকার আলোকে স্ব স্ব বিদ্যালয় স্থানীয়ভাবে প্ল্যান গ্রহণ করে তা যথাযথভাবে বাস্তবায়ন করবে। উপযুক্ত ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান অবশ্যই প্রতিপালন করতে হবে।

স্বর্ণের দাম কমল ভরিতে ২৪৪৯ টাকা

0

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৪৪৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরির দাম কমে ৭৪ হাজার ৮ টাকায় দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক ২৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২৪ সেপ্টেম্বর) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি ৬২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম আগের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর প্রতি ভরিতে দুই হাজার ৪৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস। তার আগে গত ১৩ ও ২১ আগস্ট স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।

১৮ সেপ্টেম্বর নির্ধারিত দাম অনুযায়ী বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৫৬০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ২৩৮ টাকায় বিক্রি হয়েছে।