Home Blog Page 2669

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৬৬

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৪৪ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৬৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জনে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৭৩ জন (৭৭ দশমিক ৭৯ শতাংশ) ও নারী এক হাজার ১০৬ জন (২২ দশমিক ২১ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৭ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব দুজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ্ব ২০ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশাল একজন ও রংপুরে দুজন রয়েছেন।

দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) শুরু হয়ে গেছে। জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। তবে সেকেন্ড ওয়েভ মোকাবিলায় চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।

এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

‘কৃষি যান্ত্রিকীকরণে মাঠ পর্যায়ে প্রকৌশলী নিয়োগ হবে’: কৃষিমন্ত্রী

0

কৃষি যান্ত্রিকীকরণে মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলী নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলী নিয়োগের জন্য কৃষি সম্প্রসারণ অধিদফতরে কৃষি প্রকৌশল উইং স্থাপনে কাজ করছে মন্ত্রণালয়।

বুধবার ‘লাগসই কৃষি যন্ত্রপাতি: বাংলাদেশে টেকসই খাদ্য নিরাপত্তার চাবিকাঠি’ শীর্ষক বার্ষিক কর্মশালা অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন এ অনুষ্ঠানের আয়োজন করে ‘অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব-বাংলাদেশ (আসমি) প্রকল্প।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিবান্ধব সরকার কৃষিকে আধুনিকীকরণ ও অধিকতর লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। দেশে লাগসই কৃষি যন্ত্রপাতি জনপ্রিয় করার লক্ষ্যে কৃষির যান্ত্রিকীকরণে সম্প্রতি ৩ হাজার ২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এছাড়া এরইমধ্যে ‘জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা ২০২০’ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের কৃষিকাজের প্রতিটি ধাপে লাগসই কৃষিযন্ত্রের প্রয়োগ খুবই জরুরি হয়ে পড়েছে। ধানের চারা রোপণের সময় শ্রমিক সংকটসহ শ্রমিকের বাড়তি মজুরি ও প্রাকৃতিক দুর্যোগ একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ায়, অপরদিকে উৎপাদন ব্যাহত করে।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে কৃষিযন্ত্রপাতি তৈরিতে গুরুত্বারোপ করা হচ্ছে। যাতে বাংলাদেশ আগামী দিনে শুধু আমদানি করা কৃষি যন্ত্রপাতির উপর নির্ভর না করে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সব ধরনের সুযোগ-সুবিধা ও পরিবেশ রয়েছে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, কৃষি যন্ত্রপাতি তৈরিতে বিদেশি বিনিয়োগ দরকার। সেজন্য দেশি-বিদেশি যৌথ উদ্যোগকে আমরা উৎসাহ দেই।

আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনয়ের অধ্যাপক ও অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন কনসর্টিয়ামের পরিচালক প্রশান্ত কুমার কলিতার সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ও আসমি-বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মো. মঞ্জুরুল আলম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, আমেরিকার কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর কলাবোরেটিভ রিসার্চ অন সাসটেইনেবল ইনটেনসিফিকেশনের পরিচালক পিভি ভারা প্রসাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর এম এ সাত্তার মন্ডল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সাবেক চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

করোনামুক্ত হলেন সাইফ হাসান

0

করোনাভাইরাস মুক্ত হলেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। তৃতীয় দফা পরীক্ষার পর নেগেটিভ হয়েছেন তিনি। নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এ খবর জানিয়েছেন সাইফ।

শ্রীলঙ্কা সফর সামনে রেখে ক্যাম্পের আগে ১৭ জন ক্রিকেটারসহ ২৪ জনের করোনা টেস্ট হয়েছিলো। সে পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন সাইফ ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লি। এরপর দ্বিতীয় দফা পরীক্ষাতেও পজিটিভ হয়েছিলেন সাইফ। তবে লি নেগেটিভ হয়ে যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে।

স্কিল ক্যাম্পে মোট ২৭ জন ক্রিকেটারের প্রাথমিক স্কোয়াড দিয়ে শুরু হয়েছে ক্যাম্প। এই ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে আছেন সাইফও। শিগগিরই মাঠে ফিরবেন বলে আশা করছেন তিনি।

মেট্রোরেলের সবকিছু ওলটপালট করে দিয়েছে করোনা : সেতুমন্ত্রী

0

মানুষের জীবনের মতো করোনাভাইরাস মেট্রোরেলেরও সবকিছু ওলটপালট করে দিয়েছে বলে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনায় নতুন নতুন সংকট শুরু হয় মেট্রোরেল প্রকল্পে, সমাধানের জন্যও খোঁজা হয় পথ। এই মহামারীতে মেট্রোরেলের সঙ্গে সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ বুধবার সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেট্রোরেল প্রকল্পের উদ্যোগে নির্মিত ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল প্রকল্পে অধিকাংশ জাপান ও থাইল্যান্ডের প্রকৌশলী পরামর্শকরাই কাজ করছেন। সংশ্লিষ্টদের করোনা শনাক্ত হলে কিংবা উপসর্গ থাকলে প্রকল্প এলাকায় কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। পাশাপাশি করোনাকালে সংশ্লিষ্ট কর্মীদের প্রকল্প এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, করোনা দীর্ঘায়িত হতে পারে এমন বিবেচনায় মেট্রোরেল কর্তৃপক্ষ কর্মীদের জন্য দুটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করেছে। উত্তরার পঞ্চবটী কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৪ শয্যাবিশিষ্ট এবং গাবতলীর কনস্ট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সেখানে আইসিইউ সুবিধাসহ সব সুবিধাই রাখা হয়েছে। দেশে কোন উন্নয়ন প্রকল্পের জন্য হাসপাতাল নির্মাণের নজির এই প্রথম। এটি মেট্রোরেল প্রকল্পে কর্মীদের জন্য ফিল্ড হাসপাতাল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং গণপরিবহনের সক্ষমতা বাড়াতে ছয়টি মেট্রোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এর আওতায় নির্মাণ করা হবে ১২৮ কিলোমিটার রুট, যার ৬৭ কিলোমিটার হবে উড়াল পথে এবং ৬১ কিলোমিটার হবে পাতাল পথে।

উত্তরা ও গাবতলী ইয়ার্ডে নির্মিত হাসপাতাল ২টির সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার ও তত্ত্বাবধায়করা বলেন, করোনাকালে চলমান কাজে কিছুটা ধীরগতি থাকলেও এখন আর সেই সমস্যা হবে না। তারা বলেন এই হাসপাতালে আধুনিক মানসম্মত চিকিৎসা সেবা দিতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে আরও উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ও প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিক্ষোভকারীদের ভিসা বাতিল করতে পারে সৌদি : পররাষ্ট্রমন্ত্রী

0

বিক্ষোভরত সৌদি প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, তিন মাস ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। সরকার কাজ করছে। বিমান প্রস্তুত আছে। ল্যান্ডিং পারমিশন দিলে যাদের আগে ডেট আছে তাদের আগে নেয়া হবে। ধৈর্য ধরেন আপনারা। কারণ সৌদি বিশৃঙ্খলা পছন্দ করে না। আন্দোলনকারীদের ভিসা বাতিল করতে পারে। আগেও বাতিল করার ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুরে বিমানমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ের নিজ দপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্তের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব যত ফ্লাইট চাইবে বেবিচক তত ফ্লাইট চালানোর অনুমতি দেবে। অপরদিকে সৌদ আরব বাংলাদেশ বিমানকে অনুমতি দিলে তারা নিয়মিত ফ্লাইট চালু করবে।

এ সময় বাংলাদেশি সৌদি প্রবাসীদের সেখানে না যেতে পারার ব্যাপারে সৃষ্ট সমস্যা সমাধানে দুই থেকে তিন দিন সময় চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি আরও বলেন, সৌদিতে শ্রমিক যাওয়া ৬-৭ বছর বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সেটা চালু করেছেন। তাই বাজে ধারণা যেন সৃষ্টি না হয়। প্রবাসীদের পক্ষ থেকে দরখাস্ত এসেছে। সেটি এক রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে। প্রবাসীরা তৃতীয় পক্ষ নেবেন না। সরাসরি আসবেন। যাদের যাওয়া অসুবিধা হয়েছে তাদের বিমান ভাড়ার বিষয়ে বিবেচনা করা হবে।

ড. এ কে আবদুল মোমেন বলেন, সৌদি সরকার ৫৪ হাজার রোহিঙ্গাদের নিয়েছিল। প্রথম বলেছিল ৪৬২ জন জেলে আছে নিয়ে যাও। আমরা যাচাই-বাছাই করবো। যদি বাংলাদেশের নাগরিক হয় নিয়ে আসবো। রোহিঙ্গাদের ব্যাপারে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি নিয়োগ দেয়া হয়েছে। আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। রোহিঙ্গাদের না আনলে এ দেশ থেকে আর শ্রমিক না নেয়ার কথা বলেছে সৌদি আরব। তবে এটাকে আমরা হুমকি মনে করি না।

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান চেমন আরা তৈয়ব

0

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব। তাকে দুই বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে।

‘জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ অনুসারে তাকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম গত ১৬ মে মারা যান।

নিয়োগ অবৈতনিক উল্লেখ করে আদেশে বলা হয়, মেয়াদ শেষ হওয়ার আগে সরকার ইচ্ছা করলে যেকোনো সময়ে এ মনোনয়ন বাতিল করতে পারবে। তিনিও নিজে পদত্যাগ করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

চেমন আরা তৈয়ব ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

রিজেন্টকাণ্ডে সাহেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

0

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক আমিনুল ইসলামসহ ৫ জনকে আসামি করে মামলার অনুমোদন দিয়েছেন দুদক।

আজ বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অনুমোদন দেয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি।

গেল ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র‌্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।

১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে শাহেদকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের পর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

৪ অক্টোবর থেকে চার ধাপে চালু হচ্ছে পবিত্র ওমরাহ

0

করোনাভাইরাস মহামারিতে দীর্ঘদিন ধরে পবিত্র ওমরাহ পালন বন্ধ থাকার পর অবশেষে তা চালু হতে যাচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, ৪ অক্টোবর থেকে সৌদি আরবের স্থানীয়দের জন্য ওমরাহ হজ চালু করা হবে। তিনটি ধাপে এটি চালু হতে যাচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ১ নভেম্বর থেকে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সব মুসলমানের জন্য ওমরাহ হজ উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থান করা সৌদি নাগরিক ও অধিবাসীরা ৪ অক্টোবর (১৭ সফর) থেকে ওমরাহ হজে অংশ নিতে পারবেন। প্রথম অবস্থায় ওমরাহ হজের মোট ধারণক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ৬ হাজার জনকে পবিত্র মসজিদুল হারামে ঢোকার সুযোগ দেওয়া হবে। ওমরাহ হজের সম্পূর্ণ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক থাকবে।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবে। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন, যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ।

তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে। সে সময় প্রতিদিন ২০ হাজার জন ওমরাহ হাজি এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান।

সৌদি আরবে অবস্থানকারীরা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ওমরাহ হজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

ভারতে করোনায় মৃত্যু ৯০ হাজার ছাড়াল

0

ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেল। ওয়ার্ল্ডওমিটারসের হিসাব অনুযায়ী, আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত ভারতে ৯০ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।

দেশটিতে এ পর্যন্ত ৫৬ লাখ ৪০ হাজার ৪৯৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮১ হাজার ৮২০ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ৯৭ হাজার ৯৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫ হাজার ৪৭১ জন। সুস্থ ৪৩ লাখ ৪৬ হাজার ১১০ জন।

ব্রাজিলে ১ লাখ ৩৮ হাজার ১৫৯ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ১৫ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৬৪৯ জন।

সারা বিশ্বে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭১ হাজার ৪৪১ জনে। সুস্থ ২ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭১৪ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৭৫ হাজার ৩১৫ জন।