Home Blog Page 2673

স্বপ্নের নায়িকার সঙ্গে অভিনয়

0

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ‘কুলি’ শিলোনামের সিনেমাটি ছিলো তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। আর এই সিনেমায় অভিনয় করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। এরপরে সাফল্য যেন তার সঙ্গী।

পপির অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেরই স্বপ্নের নায়িকায় পরিনত হন তিনি। আর সেই তালিকা থেকে বাদ যায়নি চিত্রনায়ক শিপনও। স্বপ্নের নায়িকার সঙ্গে অভিনয় করার শখ ছিলো অনেকদিনের। অবশেষে ‘ভালোবাসার প্রজাপতি’র শিরোনামের সিনেমা দিয়ে শিপনের সেই স্বপ্নপূরণ হলো।

উচ্ছ্বাস প্রকাশ করে শিপন বলেন, সিনেমায় কাজ করার আগে থেকেই আমি পপি আপার কাজের ভক্ত। মনে মনে ইচ্ছে ছিল পপি আপার সঙ্গে কাজ করার। এবার সেই সুযোগটি ধরা দিয়েছে। আশা করছি, দারুণ একটি কাজ উপহার দিতে পারবো।

রাজু আলীম-মাসুমা তানির পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ১২ নম্বর সেক্টরে দৃশ্যধারণের কাজ শুরু হয়। এতে পপির বিপরীতে রাজু আলীমকেও দেখা যাবে। রোমান্টিক গল্পের এই সিনেমায় পপি অভিনয় করছেন পূর্বা চরিত্রে, শিপন অভিনয় করছেন গৌরব চরিত্রে এবং রাজু আলীম অভিনয় করছেন সৌরভ চরিত্রে।

৪০ পার করলেন কারিনা

0

টেবিলের ওপরে কেক। ৪০ বছর বয়স উদ্‌যাপনের স্মৃতি। তার ওপরে ছোট একটা পুতুল। পেছনে যে মানুষটা তার মুখে বয়সের ছাপ খুঁজতে যাবেন না, আপনার অনুমানকে ভুল প্রমাণ করবে চোখ! কারণ নামটা তার কারিনা। কারিনা কাপুর খান।

কাপুর পরিবারের এই যোগ্য প্রতিনিধি এখন খান বাড়ির সদস্য। এই করোনাকালে সেখানে বসেই কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেছেন। পরে তার মেকাপহীন ছবিটি শেয়ার করেছেন ৪৬ বছর বয়সী বড় বোন কারিশমা কাপুর।

কারিনার জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হাইপ তৈরি হয়েছে। এই বয়সে তার এমন জৌলসে ২১’র নায়িকারাও যেন হিংসায় মরছেন! দীপিকা থেকে শুরু করে আলিয়া ভাটরা শুভেচ্ছা বার্তায় বলছেন, ‘এ তো চির তরুণী।‘

ফিটনেস রক্ষায় কারিনার যেমন নামডাক আছে, তেমনি তিনি পোশাকের ব্যবহারেও সবার চেয়ে এগিয়ে। বলিউডে একমাত্র অভিনেত্রী হিসেবে এক ছবিতে ১৩৪টি পোশাক পরার রেকর্ড আছে তার!

যখনই সময় পান, ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়েন। কারণ ইউরোপিয়ান দেশগুলোর প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে।

পাঞ্জাবিদের মতো খেতে খুব ভালোবাসেন। ঘিয়ে ভাজা পরোটার সঙ্গে দই এই অভিনেত্রীর প্রিয় খাবার। তার খাবারের মেন্যুতে মাঝে মাঝে চাইনিজ, মোমো, পাস্তাও থাকে।

করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭০৫

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনের।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন। মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৭ জন, বাড়িতে ২ জন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১, রংপুরে ২ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে শূন‌্য থেকে ১০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬০ বছরের ওপরে ২০ জন রয়েছেন।

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। একুশ বছর দুদেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। দুদেশের সরকার এবং জনগণের মাঝে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত উদার এবং ভবিষ্যতমুখী।

আজ সোমবার সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের বিদায়ী সৌজন্য সাক্ষাত শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে যে কোনো সমস্যার সমাধান সহজতর হয়। সীমান্ত সমস্যা ও ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যার সমাধান তারই উদাহরণ।

তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের ।

সাক্ষাৎকালে দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় গৃহিত প্রকল্পগুলো এগিয়ে নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য হাইকমিশনার মন্ত্রীকে ধন্যবাদ জানান।

ভিপি নুরের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলা

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)’র সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ঢাবির এক ছাত্রী।

গতকাল রোববার রাতে ওই ছাত্রী রাজধানীর লালবাগ থানায় মামলাটি করেন। মামলায় নুরসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন।

তিনি বলেন, রবিবার রাতে ঢাবির এক ছাত্রী ভিপি নুরের নামে ধর্ষণের একটি অভিযোগ করেছেন। মামলায় নুরকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত ধর্ষক হিসেবে হাসান আল মামুনের নাম উল্লেখ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নুর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হন। সম্প্রতি তিনি একটি নতুন রাজনৈতিক দলও গঠন করেছেন।

স্বাস্থ্যের সেই গাড়িচালককের ১৪ দিনের রিমান্ড আবেদন

0

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল শেখ আবদুল মালেককে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন।

বিকেল ৩টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ‌্য, অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের কর্মচারী হলেও মালেক ছিলেন প্রভাবশালী। তিনি অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ, বদলি নিয়ন্ত্রণ করতেন। তার কথামতো কর্মকর্তারা কাজ না করলে তাদের নানাভাবে হয়রানি বা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলেও অভিযোগ রয়েছে। মালেক একজন তৃতীয় শ্রেণির কর্মচারী হলেও নিজে ব্যবহার করতেন পাজেরো গাড়ি। এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের যেসব চালকরা আছেন তাদের তেল চুরির টাকার বেশিরভাগই মালেকের পকেটে যেত। রাতারাতি বিপুল পরিমাণ টাকার মালিক বনে যান।

রাজধানীর তুরাগে গাড়িচালক আবদুল মালেকের রয়েছে ২৪টি ফ্ল্যাটবিশিষ্ট সাত তলার দুটি বিলাসবহুল বাড়ি। একই এলাকায় ১২ কাঠার প্লট। এছাড়া, হাতিরপুলে ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছে।

বিদেশফেরত ৮৩ শ্রমিককে মুক্তি দিতে হাইকোর্টের রুল

0

ভিয়েতনাম ও কাতারফেরত মোট ৮৩ জন শ্রমিককে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান ও অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ভিয়েতনাম থেকে আসা ৮১ জন ও কাতার থেকে আসা দুজনসহ মোট ৮৩ জন শ্রমিকের মুক্তি চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগ্যান।

গত ১ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে গ্রেপ্তার ৮৩ জন শ্রমিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই দিন সকালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে তাদের গ্রেফতার দেখায় পুলিশ। তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল মুস্তাকিম জানিয়েছিলেন, এসব প্রবাসী রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।

ওসি আরও জানান, প্রবাসে থাকার সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আছে। এ কারণে গত ১৮ আগস্ট তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মানব পাচার : নৃত্যশিল্পী ইভান ৭ দিনের রিমান্ডে

0

মানব পাচার আইনে করা মামলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে মানব পাচারের সঙ্গে আন্তর্জাতিক দালাল চক্রের কে বা কারা জড়িত তা জানার জন্য ইভানকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম ইভানের উপস্থিতিতে ৭ দিনের রিমান্ড শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ১১ সেপ্টেম্বর ইভান শাহরিয়ার সোহাগকে গুলশান নিকেতন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরের দিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা ভুক্তভোগীদের নাচ শিখিয়ে ভালো বেতনে বিদেশে পাঠানোর প্রস্তাব করেন। তাদের প্রস্তাবে ভুক্তভোগীরা রাজি হলে তাদের থাকা-খাওয়া নিশ্চিত করাসহ ক্লাবে নাচ-গান করার বিনিময় প্রতিমাসে ৫০ হাজার টাকা বেতন প্রদান করবে বলে মৌখিক চুক্তি করেন।

ভুক্তভোগীরা সরল বিশ্বাসে আসামিদের ওপর ভরসা করে দুবাইসহ অন্যান্য দেশে যেতে রাজি হন। আসামি আজম খান, তার ভাই নাজিম ও এরশাদের সহায়তায় ভুক্তভোগী ময়নার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাজগপত্র প্রস্তুত করে দেন। তার পর ২০১৯ সালের মে মাসে ময়নাকে দুবাইয়ের শারজা নিয়ে যান। পরবর্তী সময় আজম খান সেখানে নিয়ে ময়নাকে নিজেসহ বিভিন্ন লোক নিয়ে যৌন নির্যাতন চালান। কিন্তু দুবাই গমনের পর আসামিরা ময়নাকে কোনো বেতন দেননি।

আসামিরা পরস্পর যোগসাজশে বিবাদী নির্মল দান, আলমগীর, আমান ও শুভসহ অজ্ঞাতনামা এজেন্টের সহায়তায় ভুক্তভোগী আলেয়া ও মনি আক্তারদের ঢাকাসহ বিভিন্ন জায়গায় ড্যান্স ক্লাব থেকে প্রলোভনের মাধ্যমে নির্বাচন করেন। এভাবে বহু বাংলাদেশি নারীর সরলতার সুযোগ নিয়ে আসামিরা দুবাইসহ অন্যান্য দেশে পাচার করেন এবং জোরপূর্বক আটক রেখে যৌন নির্যাতন চালান।’

আসামি নির্মল চন্দ্র দাসকে গ্রেফতার করা হলে গত ১৩ আগস্ট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, ইভান বিদেশে পারফর্ম করার জন্য অধরা ও বিথী নামে দুজন আর্টিস্ট দেন। আসামি ইয়াছিনও ২০ আগস্ট আদালতে স্বীকোরোক্তিমূলক জবানবন্দিতে একই কথা বলেন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি তরুণীদের দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করছেন। তাদের বিরুদ্ধে তিনজন ভুক্তভোগী ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামিরা আন্তর্জাতিক মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। মামলার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের গ্রেফতার ও আসামিদের সঙ্গে আন্তর্জাতিক দালাল চক্রের অন্যকে বা কারা জড়িত তা বের করার জন্য ইভানকে ৭ দিনের পুলিশ রিমান্ডে নেয়া প্রয়োজন বলে আবদনে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা।

বহু বাংলাদেশি নারীর সরলতার সুযোগ নিয়ে দুবাইসহ অন্যান্য দেশে পাচার এবং জোরপূর্বক আটক রেখে যৌন নির্যাতন করার অভিযোগে গত ২ জুলাই মূলহোতা আজম খানসহ ৯ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ।

আজিজ হত্যা : একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন

0

রাজধানীর লালবাগের কাঁচ ব্যবসায়ী আব্দুল আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ হত্যা মামলায় একজনের ফাঁসি ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলায় আসামি জয়নাল সরকারের মৃত্যুদণ্ড ও রুস্তম আলীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মৃত্যুদণ্ডের পাশাপাশি জয়নালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রুস্তমকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই দুই আসামিই পলাতক।

এ মামলায় জামাই ফারুক ও ইদ্রিস জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। এ দুজন কারাগারে ছিলেন। রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়।

গত ১৪ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১৯ ফেব্রুয়ারি ঠিক করেন। কিন্তু ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় আদালত ১ এপ্রিল ধার্য করেন। এর পর করোনাভাইরাসের কারণে আদালত সাধারণ ছুটিতে থাকায় রায় ঘোষণা হয়নি।

১৯৯৮ সালের ৫ মার্চ সকাল ৭টায় আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ লালবাগ রোডের বাসা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ হন। আজিজকে খুঁজে না পেয়ে ছোট ভাই মো. বাচ্চু মিয়া লালবাগ থানায় একটি জিডি করেন। এর ১২ দিন পর একই বছর ১৭ মার্চ মাকসুদ ও আমানুল্লাহ নামে দুজনের বিরুদ্ধে লালবাগ থানায় অপহরণ মামলা করেন বাচ্চু মিয়া।

মামলায় বলা হয়, মাকসুদ ও আমানুল্লাহর সঙ্গে ভাঙা কাচের ব্যবসা করতেন আব্দুল আজিজ চাকলাদার। তারা দুজন আজিজের কাছে ব্যবসায়িক কারণে ২৫ হাজার টাকা পেতেন। টাকা লেনদেনের কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ কারণে মাকসুদ ও আমানুল্লাহ তাকে অপহরণ করে নিয়ে যায়। তদন্ত চলাকালে রূপসা নদী থেকে আজিজের মাথার খুলি ও হাড্ডি উদ্ধার করা হয়।

মামলাটিতে ২০০০ সালের ৪ এপ্রিল লালবাগ থানার তৎকালীন এসআই মো. আব্দুর রাকিব খান সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। তারা হলেন খুলনার শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদার, লস্কর মোহাম্মদ লিয়াকত, মো. নূরে আলম, ইদ্রিস জামাই, জয়নাল, জামাই ফারুক ও মো. রুস্তম আলী।

চার্জশিটভূক্ত সাত আসামির মধ্যে কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্য মামলায় ২০০৪ সালের ১০ মে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপর আসামি লস্কর মো. লিয়াকত বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

২০০০ সালেই এই মামলার চার্জগঠন করা হয়। এর পর হাইকোর্টের আদেশে মামলাটি দীর্ঘদিন স্থগিত ছিল। স্থগিতাদেশ উঠে গেলে ২০১৭ সালে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ১৯ জন সাক্ষীর মধ্যে ছয়জন ও রাজসাক্ষী হিসেবে নূরে আলমের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

0

করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিমান জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর রিয়াদ থেকে ও ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে উড়ে আসবে বিমান। আগে নিবন্ধনকৃত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে পারবেন।

২৪ সেপ্টেম্বরের রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাস ২১৫০ সৌদি রিয়াল। আর ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার একমুখী ফ্লাইট যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২২০ সৌদি রিয়াল।

উভয় ফ্লাইটের যাত্রীরা ৪৫ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন। এ ছাড়া ৭ কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন।