Home Blog Page 2674

ট্রাম্পকে বিষাক্ত চিঠি পাঠানোর অভিযোগে কানাডীয় নারী গ্রেফতার

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাইসিন নামক মারাত্মক বিষাক্ত পদার্থযুক্ত চিঠি পাঠানোর অভিযোগে কানাডার এক নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সিএনএনের খবরে বলা হয়েছে, গ্রেফতার কানাডার ওই নারী নিউইয়র্ক শহরে প্রবেশের চেষ্টা করছিলেন। ওই নারীর সঙ্গে বন্দুকও ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে। ধারণা করা হচ্ছে, তাকে বিষ মেশানো চিঠি পাঠানোর অভিযোগে অভিযুক্ত করা হতে পারে।

এদিকে, ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ব্যাপারে বিশ্ববাসীর চিন্তার বিষয়ে একটি জরিপ চালানো হয়েছে। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ব্যাপারে মানুষের ধারণা ব্যাপক বদলে গেছে। এতটা অবমূল্যায়ন এর আগে ঘটেনি।

যুক্তরাজ্যের ৪১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে পছন্দ করে। যুক্তরাষ্ট্রকে ভালো চোখে দেখে ফ্রান্সের ৩১ শতাংশ মানুষ এবং জার্মানির ২৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে পছন্দ করে।

অথচ, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে আরো সম্মানের জায়গায় নিয়ে যাবেন। ঘটনা ঘটেছে তার ঠিক উল্টো। ২০০৩ সালের জরিপে যে ফল এসেছিল, বর্তমানে যুক্তরাষ্ট্র সেই সম্মান অনেকটাই হারিয়েছে।

‘ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আগের মতোই স্থগিত থাকবে’

0

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে।

বোরেল রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে কথা বলারই অধিকার ওয়াশিংটনের নেই। কাজেই এই সমঝোতার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের যে ম্যাকানিজম আছে তাও ব্যবহার করার অধিকার রাখে না ওয়াশিংটন।

বোরেল তার বিবৃতিতে আরও বলেন, সব পক্ষের উচিত ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করে এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা।

ই্ইউর পাশাপাশি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশের বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শনিবার দাবি করেন, অস্ত্র নিষেধাজ্ঞাসহ ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে। কিন্তু তার এ বক্তব্যের বিরোধিতা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব দেশ।

বিশ্বে করোনা থেকে সুস্থ ২ কোটি ২৮ লাখের বেশি মানুষ

0

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ১২ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৪ লাখ ৪২ হাজার ১৪৩ চিকিৎসাধীন এবং ৬১ হাজার ২৪৬ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩১১ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে ভারতে সেরে উঠেছে ৪৩ লাখ ৯২ হাজার ৬৫০, যুক্তরাষ্ট্রে ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন, ব্রাজিলে ৩৮ লাখ ৫১ হাজার ২২৭, রাশিয়ায় ৯ লাখ ৯ হাজার ৩৫৭, কলোম্বিয়ায় ছয় লাখ ৩৩ হাজার ১৯৯, পেরুতে ছয় লাখ সাত হাজার ৮৩৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৯০ হাজার ৭১ জন, মেক্সিকোতে চার লাখ ৯৯ হাজার ৩০২, চিলিতে চার লাখ ১৯ হাজার ৭৪৬, ইরানে তিন লাখ ৫৯ হাজার ৫৭০, সৌদি আরবে তিন লাখ ১০ হাজার ৪৩৯, পাকিস্তানে দুই লাখ ৯২ হাজার ৩০৩, তুরস্কে দুই লাখ ৬৭ হাজার ২৩৩, বাংলাদেশে দুই লাখ ৫৬ হাজার ৫৬৫, জার্মানিতে দুই লাখ ৪৪ হাজার, ইতালিতে দুই লাখ ১৮ হাজার ৩৫১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কানাডায় এক লাখ ২৪ হাজার ৬৯১, কাতারে এক লাখ ২০ হাজার ৩০৩, ফ্রান্সে ৯১ হাজার ৫৭৪ জন, ওমানে ৮৫ হাজার ৪১৮ এবং কুয়েতে ৮৯ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪৮৪ জন, কুয়েতে ৯০ হাজার ১৬৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭৪ হাজার ২৭৩, সিঙ্গাপুরে ৫৭ হাজার ১৮১, সুইজারল্যান্ডে ৪০ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ২০ হাজার ২৪৮, অস্ট্রেলিয়ায় ২৪ হাজার ৬৩ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৩৫৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ৬৫ হাজার ৩৬ জন রোগী মারা গেছে।

মুম্বাইয়ে ভবন ধসে নিহত অন্তত ১০

0

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি তিনতলা ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর পর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ভবন ধসের ঘটনায় আটজন নিহত ছাড়াও এ পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনডিআরএফ জানিয়েছে, স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনো ২০-২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করত।

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ৬৭ হাজার ছাড়াল

0

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তুলনামূলকভাবে সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না হলেও আতঙ্ক ছাড়ছে না জনমনে। বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৯ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৪৩ হাজার ১৯ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। এতে করে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ২৩ হাজার ৬৫০ জনে দাঁড়িয়েছে। অপরদিকে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৯ লাখ ৬৭ হাজার ৯১০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টার মারা গেছেন ৩ হাজার ৮৯১ জন। গত এক দিনে মোট সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৩৯ হাজার ৭৫৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৮১ হাজার ৫৪১ জন।

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এরপর পরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৪ হাজার ১১৮ জন। সংক্রমণের নিরিখে দুই নম্বরে অবস্থান নেওয়া ভারতে গত এক দিনে প্রায় এক লাখ করোনা রোগী পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৮৫ হাজার ৬১২ জন। মারা গেছেন ৮৭ হাজার ৯০৯ জন। মৃত্যুর তালিকায় ২ অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জনে ঠেকেছে। রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৩৯৯ জন। আয়াতনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪১৮ জন মানুষের মৃত্যু হয়েছে।

পেরুতে আক্রান্ত ৭ লাখ প্রায় ৬২ হাজার ৮৬৫ জন মানুষ। যেখানে মৃতের সংখ্যা ৩১ হাজার ৩৬৯ জনে দাঁড়িয়েছে। কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৭৬ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ২০৮ জনের। মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৯৪ হাজার অতিক্রম করেছে। সেখানে প্রাণ গেছে ৭৩ হাজার ২৫৮ জন মানুষের। আর্জেন্টিনায় আক্রান্ত ৬ লাখ ৩১ হাজার ৩৬৫ জন। প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৫৩ জন। চিলিতে ৪ লাখ সাড়ে ৪৬ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৬১ হাজার ২১১ জন। মৃত্যু হয়েছে ১৫ হাজার ৯৫৩ জনের।

স্পেনে আক্রান্ত ৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। প্রাণ গেছে ৩০ হাজার ৪৯৫ জনের। ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৪ লাখ ৫২ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ২৮৫ জনের। যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭৭৭ জন মানুষের। তুরস্কে আক্রান্ত ৩ লাখ ২ হাজার আর মৃত্যু হয়েছে ৭ হাজার ৫০৬ জনের।

ইরানে করোনার শিকার প্রায় ৪ লাখ ২২ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৪ হাজার ৩০১ জনের। সৌদিআরবে আক্রান্ত ৩ লাখ ২৯ হাজারের বেশি, মারা গেছেন ৪ হাজার ৪৮৫ জন। পাকিস্তানে আক্রান্ত ৩ লাখ ৫ হাজার আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৬১ জনের। ইরাকে আক্রান্ত ৩ লাখ ১৯ হাজার আর মারা গেছেন ৮ হাজার ৫৫৫ জন।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল রবিবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৪৩৯ জনের।

নচিকেতার গানের কথায় জীবন শাহাদাৎ এর ‘ছাদবাগান’

0

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা এর ‘একদিন ঝড় থেমে যাবে’ গানের কথা থেকে অনুপ্রাণিত হয়ে গল্প ভবানা মাথায় আসে, যেখানে করোনাকালীন দুঃসময় কেটে উঠবার জন্য মানসিক শক্তি সঞ্চারে ভূমিকা রাখে। এছাড়া প্রকৃতি তথা গাছের সাথে আমাদের মানবজীবনের নিবিড় সম্পর্কের কথা মনে উঠে আসে। আর সিনেমাটি নচিকেতা কে উৎসর্গ করা হয়েছে।

গল্প সংক্ষেপ. কোভিড ১৯ এর আঘাতে অর্থনৈতিক সংকটে পড়া আরিফ ও চৈতী দম্পতি শহর ছেড়ে গ্রামে চলে যাবার সময় নিজেদের সন্তানের মতন যত্ন করে গড়ে তোলা তাদের প্রিয় “ছাদবাগান” এর গাছগুলো ছেড়ে যাবার আকুতি দেখাবার চেষ্টা করা হয়েছে সিনেমায়।

এ প্রসঙ্গে নচিকেতা জানান তিনি অনেক খুশি ও সিনেমাটি দেখবার আগ্রহ রাখছেন, এবং সিনেমা সংশ্লিষ্ট সবাইকে আশীর্বাদ ও শুভকামনা জানান। অভিনয় করেছেন অরণ্য কুসুম, ফারহা আকাঙ্ক্ষা, মাহমুদ মাসুদ, সাজু ও সঞ্জীব কুমার সাহা।

ছাদবাগান সিনেমার দৈর্ঘ্য ১২ মিনিট, সিনেমাটোগ্রাফি করেছেন শাহারিয়ার চয়ন। কোলকাতার শিল্পী নচিকেতার কথা ও সুরে ‘একদিন ঝড় থেমে যাবে’ গানে কন্ঠ দিয়েছেন কোলকাতার শিল্পী সংঘমিত্রা। নির্বাহী প্রযোজক উদয় হাকিম মিডিয়া পার্টনার রাইজিং বিডি।

উল্লেখ্য, সিনেমাটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্মাণ করা হয়েছে।

অনুরাগের পাশে দাড়ালেন দুই অভিনেত্রী

0

যৌন হেনস্তার অভিযোগ ওঠা সত্ত্বেও দুই নায়িকাকে পাশে পেলেন অনুরাগ কাশ্যপ। কারণ তারাও মনে করেন, এই নির্মাতাকে চুপ করানোর চেষ্টা চলছে।

খোলাখুলিভাবে অনুরাগকে সমর্থন করেছেন তাপসী পান্নু। তিনি জানান, অনুরাগের চেয়ে বড় কোনো নারীবাদীকে চেনেন না।

দেব ডি, মনমর্জিয়াঁ, দ্য গার্ল ইন দ্য ইয়েলো বুটস-এর মতো ছবিতে নারীচরিত্রকে বরাবরই গুরুত্ব দিয়ে এসেছেন অনুরাগ। নারীর সমানাধিকার নিয়েও বরাবর সরব তিনি।

শনিবার বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ সামাজিক মাধ্যমে যৌন হেনস্তার অভিযোগ আনার পর থেকে অনুরাগের সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হতে বসেছে। তাকে নিয়ে নানারকমের ব্যঙ্গ-বিদ্রূপও শুরু হয়।

এমন পরিস্থিতিতে রবিবার সকালে ইনস্টাগ্রামে অনুরাগের সমর্থনে মুখ খোলেন তাপসী। অনুরাগের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘বন্ধু, আমি যাদের চিনি, তাদের মধ্যে তুমিই সবচেয়ে বড় নারীবাদী। খুব শিগগিরই সেটে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তোমার তৈরি দুনিয়ায় নারীরা কতটা শক্তিশালী, তাদের কী গুরুত্ব, তা তোমার শিল্পকর্মই বুঝিয়ে দেয়।’’

অনুরাগের সমর্থনে টুইটারে মুখ খোলেন স্বরা ভাস্করও। নির্মাতার একটি টুইট রিটুইট করেন তিনি। তাতে বলা হয়, ‘‘আরও আক্রমণ আসবে। এই তো সবে শুরু। ইতিমধ্যেই অনেক ফোন আসতে শুরু করেছে। চুপ করে যেতে বলছেন। কোত্থেকে তীর ছুটে আসবে, তা যে বুঝতেও পারব না, সে কথাও বিলক্ষণ জানি। অপেক্ষায় রয়েছি।’’

পরিণতির ভয়ে নিজের মতামত জানাবেন না, তা কখনো হতে পারে না বলে একবার একটি অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন অনুরাগ। সেটিও টুইটারে তুলে ধরেন স্বরা। তিনি লেখেন, ‘‘দেখো পরিণতি এসেই গেল।’’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অভিনেত্রী কঙ্গনা রনৌত যখন গোটা বলিউডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, সেই সময় অনুরাগ কশ্যপের পাশাপাশি তাপসী ও স্বরা, দুজনেই কঙ্গনার বিরুদ্ধে সরব হন। তার জন্য তাদেরও বিদ্রূপ করতে ছাড়েননি কঙ্গনা। যৌন হেনস্তার অভিযোগ নিয়ে গতকালই অনুরাগের গ্রেপ্তারের দাবি তোলেন তিনি।

প্রশ্ন উঠছিল, নিজেদের নারীবাদী বলে দাবি করেন অথচ অনুরাগের বিরুদ্ধে মুখ খুলছেন না তাপসী ও স্বরা। কেউ কেউ তাদের ‘মুখোশধারী’ বলেও কটাক্ষ করেন। কিন্তু তারা অনুরাগকেই সমর্থন করলেন।

পায়েল শনিবার রাতে টুইট করেন, “অনুরাগ কাশ্যপ খুব খারাপভাবে, জোর করে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছে। নরেন্দ্র মোদিজি, দয়া করে কিছু করুন। লোকে জানতে পারুক শিল্পী সত্তার আড়ালে কোন রাক্ষস লুকিয়ে। জানি আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তার ঝুঁকি আছে। প্লিজ সাহায্য করুন!”

সেই টুইট শেয়ার করে কঙ্গনা ‘মি টু’ হ্যাশট্যাগ ব্যবহার করে অনুরাগের গ্রেপ্তারের দাবি তুলেছেন।

পাল্টা টুইট করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপও। মুখ বন্ধ করাতেই পায়েল এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন বলেই দাবি তার।

অনুরাগ লেখেন, ‘‘দারুণ ব্যাপার যে আমাকে চুপ করানোর চেষ্টা করতে এত সময় লেগে গেল। সে না হয় ঠিক আছে। কিন্তু আমাকে চুপ করানোর জন্য এত মিথ্যা বলতে হচ্ছিল যে নারী হয়ে অন্য এক নারীকে সেই মিথ্যায় শামিল করতে হলো। ম্যাডাম, অন্তত একটু শালীনতা বজায় রাখুন। আমি শুধু এইটুকুই বলব যে, যা যা অভিযোগ আনা হয়েছে, সব ভিত্তিহীন। আমাকে কালিমালিপ্ত করতে গিয়ে আমার কলাকুশলী, এমনকি বচ্চন পরিবারকে টেনে আনাটা মোটেই বুদ্ধির কাজ হয়নি।’’

অনুরাগ আরও লেখেন, ‘‘হ্যাঁ, দুবার বিয়ে করেছি আমি। তা যদি অপরাধ হয়, তাহলে অপরাধ স্বীকার করছি। অনেকবার প্রেমেও পড়েছি, তাও মেনে নিচ্ছি। কিন্তু আমার প্রথম স্ত্রী হোন বা দ্বিতীয়, প্রেমিকা অথবা কোনো অভিনেত্রী, যে নারীদের নিয়ে কাজ করি তারা অথবা অন্য যে কোনো নারী, যার সঙ্গে নিভৃতে দেখা হয় বা জনসমক্ষে, কখনো কারো সঙ্গে অশালীন আচরণ করিনি এবং এই ধরনের আচরণ কোনোভাবে সমর্থনও করি না। এর পর যাই হোক না কেন, শেষ দেখে ছাড়ব।’’

এমনিতে অনুরাগ ঘোষিতভাবেই মোদি-বিরোধী। প্রকাশ্যেই তিনি মোদি সরকার ও বিজেপির নানাবিধ সমালোচনা করে থাকেন। সে কারণে পায়েল তার পোস্টে প্রধানমন্ত্রীকে ট্যাগ করায় কেউ কেউ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। অনুরাগের প্রতিষ্ঠান ‘ফ্যান্টম ফিল্ম’-এর এক সহযোগীর বিরুদ্ধে একটা সময়ে ‘মি টু’র অভিযোগ ওঠে। পরে সেই সংস্থা গুটিয়ে নিতে বাধ্য হন অনুরাগ। সেই বন্ধ হওয়ার পেছনে বলিউডের একাংশ ‘রাজনীতি’কেই ‘দায়ী’ করেছিল।

”নিয়মিত গাঁজা খেত রবি কিষাণ”, তোপ অনুরাগের

0

”সংসদে দাঁড়িয়ে বলিউডের সঙ্গে মাদকযোগের অভিযোগ করেছে রবি কিষাণ, অথছ ও তো নিজেই একসময় গাঁজা সেবন করত।” বলিউডের মাদকযোগ নিয়ে আলোচনার মাঝেই বিস্ফোরক পরিচালক অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোজপুরী অভিনেতা, সাংসদ রবি কিষাণকে নিয়ে মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ। অনুরাগ বলেন, ”রবি আমার সঙ্গে শেষ ছবি মুক্কাবাজ-এ কাজ করেছে। ও তো দিন শুরু করতই জয় শিবশঙ্কর, জয় বম ভোলে, জয় শিব শম্ভু.. বলে। দীর্ঘদিন মাদকও সেবন করেছে। কে না জানে সেকথা? এরকম কেউ নেই যিনি জানেন না যে রবি গাঁজা সেবন করত। হতে পারে ও এখন ওইসব ছেড়ে দিয়েছে। সম্ভবত রাজনীতির ময়দানে প্রবেশ করার পর সেই অভ্যেস ছেড়েছেন, শুদ্ধ হয়েছেন।”

অনুরাগ কাশ্যপ আরও বলেন, ”আমি যদিও রবির বিচার করছি না। কারণ, আমি গাঁজাকে মাদকের পর্যায়ে ফেলি না। ও ধূমপান করত, তবে কাজটাও ভালো করে করত। এটা এমনকিছু বিষয় নয়। গাঁজা সেবন ওকে খারাপ মানুষ বানায় নি কখনও। তবে ও যখন সংসদে দাঁড়িয়ে জনসমক্ষে বলিউডে মাদকযোগের অভিযোগ তুলছে, তাতে আমার ঘোর আপত্তি রয়েছে।”

এদিকে অনুরাগের কথার উত্তরে সংবাদ সংস্থা এএনআই-কে রবি কিষেণ বলেন, ”আমি অনুরাগের কাছ থেকে এধরনের কথা আশা করিনি। আমি শিবের ভক্ত, তাই শিবের ভক্ত, তাই মন্ত্র উচ্চারণ করি। আমার লড়াইটা মাদকের বিরুদ্ধে। আমার খারপ লাগছে ও আমায় সমর্থন করল না”। মাদক চীন, পাকিস্তান হয়ে আমাদের দেশে আসছে, আর যুব সমাজকে ধ্বংস করছে। বলিউডেও যার প্রভাব পড়েছে।

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজ আংশিক আমদানিনির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিছু দিন আগেও পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়েছিল। ২০১৯-২০২০ অর্থবছরে এই সংকট কঠিন আকার ধারণ করে। সম্প্রতি পেঁয়াজের দাম অনেক বেড়েছে। এছাড়া, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাজারে এই পণ‌্যের দাম ঊর্ধ্বমুখী।

পেঁয়াজচাষিদের ন‌্যায‌্য দাম নিশ্চিত করতে আমদানি-নির্ভরতা কমাতে ২০২০-২০২১ অর্থবছরে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়। তবে, বর্তমানে পরিস্থিতি বিবেচনায় পেঁয়াজের ওপর থেকে ওই শুল্ক প্রত্যাহারের করে সরকার।

এর আগে, বুধবার (১৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক অনলাইন সভায় পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন।

ভেন্যু মেলেনি, বার কাউন্সিলের লিখিত পরীক্ষা স্থগিত

0

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট পরীক্ষার জন্য ভেন্যু না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ২৬ জুলাই বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি ১৩ হাজার শিক্ষার্থীর আইনজীবী পরীক্ষার জন্য ২৬ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছিল।

দিন দিন শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকায় ২০১২ সাল থেকে আইনজীবীদের তালিকাভুক্তকরণ প্রক্রিয়ায় প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা হিসেবে এমসিকিউ পদ্ধতি চালু করা হয়। ওই সময় থেকে আইনজীবী হওয়ার জন্য নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নিয়ম চালু রয়েছে। তিন ধাপের যে কোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ পান। সেই হিসাবে, ২০১৭ সালে লিখিত পরীক্ষায় বাদ পড়া ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে এমসিকিউ উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ জন শিক্ষার্থীর এবার লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা।