Home Blog Page 2675

শীতে করোনা পরিস্থিতি অবনতির ইঙ্গিত, এখনই প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

0

সামনের শীতে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে এখন থেকে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান নেওয়ার সময় এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদান নেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। সবাই, আমি কাউকে বাদ দিতে পারবো না। সেজন্য হয়তো আমরা এটা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। তবে সামনে শীত, পরিস্থিতি আরেকটু হয়তো খারাপের দিকে যেতে পারে। তবুও আমাদের এখন থেকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, সবাই সুস্থ থাকেন এটাই আমরা চাই। দোয়া করেন দেশটা যাতে এই করোনা ভাইরাসের মহামারি থেকে মুক্তি পায়। সারাবিশ্বই যাতে মুক্তি পায়। মানুষের সত্যিই খুব কষ্ট হচ্ছে এই করোনা ভাইরাসের কারণে।তবুও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। তার জন্য যা যা দরকার সেটা আমরা দিয়ে যাচ্ছি। আমরা জনগণের জন্য কাজ করবো এটাই আমাদের লক্ষ্য।

প্রাইভেট ব্যাংক প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ব্যবসা-বাণিজ্য চালাতে হবে। আর আসলে প্রাইভেটে ব্যাংকটা দেওয়ার সিদ্ধান্ত আমরাই নিয়েছিলাম, আমরা দিয়েছি সব থেকে বেশি। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ যাতে ব্যাংকিং ব্যবহারে অভ্যস্ত হয় তার ব্যবস্থাও আমরা নিয়েছি। এমনকি কৃষকদের ১০ টাকায় অ্যাকাউন্ট খোলার ব্যবস্থাও করে দিয়েছি। অর্থাৎ মানুষকে অভ্যস্ত করা, যাতে ব্যাংকের মাধ্যমে তারা যেন তাদের আর্থিক লেনদেন করতে পারে সেই পদক্ষেপও আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যত বেশি প্রাইভেট ব্যাংক দিয়েছি, এতে ব্যাপক হারে কর্মসংস্থান হয়েছে। অনেক মানুষের চাকরি হয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর আমাদের ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হয়েছে। সেখানে ব্যাংকগুলো যাতে ভালোভাবে চলে আমরা সেটাই চাই। সেক্ষেত্রে ব্যাংকের আইন বা যা কিছুই আমরা করি, আপনারা যখন যে দাবিটাবি আনেন, যেটা যুক্তিসঙ্গত সেটা আমরা সবসময়ই বিবেচনা করি।

ব্যাংক সেক্টর নিয়ে বিএবি চেয়ারম্যানের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, বিএবি চেয়ারম্যান নজরুল সাহেব যে কথাগুলো বলেছেন- আমি সেটা দেখবো। যদি সেখানে সমস্যা থাকে তবে সেখানে যাতে সমস্যা না হয় তা আমরা অবশ্যই বিবেচনা করবো। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ব্যাংকটা যেন ভালোভাবে চলে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন।

তিনি বলেন, কিছু কিছু ব্যাংক আছে অতি দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় মার্জ করাতে হয়। সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। কোনটা ঠিকমতো চালাতে পারছে কিনা? সেগুলো বিবেচনা করেই করা হবে। অবিবেচনা করে কিছুই করা হবে না এইটুকু ভরসা রাখবেন।

সামাজিক ও মানবতার কাজে এগিয়ে আসায় ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যেকোনো সময় একটা কিছু হলেই কোনো দুযোগ, দুর্বিপাক যা কিছু হোক এমনকি মুজিববর্ষে সবসময় আপনারা এগিয়ে এসেছেন। নিজেরা এগিয়ে এসেছেন তাই আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর ৩৪টি ব্যাংক, ফরেইন অফিসার্স স্পাউজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, মিনিস্টার গ্রুপ, খাদ্য মন্ত্রণালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

মুক্তিযোদ্ধা কোটা : প্রমাণ করতে ব্যর্থ হলে কলেজে ভর্তি বাতিল

0

মুক্তিযোদ্ধা কোটায় কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। নির্দেশনায় বলা হয়েছে, কলেজে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রমাণে কাগজপত্র দেখাতে না পারলে ভর্তি বাতিল করা হবে। রোববার (২০ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি জারি করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিতে নিয়োগ, পিআরএল, ভর্তি সংক্রান্ত সব কার্যক্রমের ক্ষেত্রেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবাইটে (www.molwa.gov.bd) থাকা তালিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রতি কেজি পেঁয়াজ ৩৬ টাকা! পাওয়া যাবে ৫ অনলাইনশপে

0

বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ কর্মসূচির উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) অনলাইনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেনে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। এতে জানানো হয়, ৩৬ টাকায় পেঁয়াজ কিনতে পারবেন ভোক্তারা। প্রাথমিকভাবে দেশের পাঁচটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৬ টাকা মূল্যে ৩ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হবে একজন ক্রেতার কাছে। এছাড়া প্রতিটি অর্ডারের ডেলিভারি মূল্য ঠিক করে দেওয়া হয়েছে সর্বোচ্চ ৩০ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের ই-কমার্সে পেঁয়াজ পেতে এ কর্মসূচি নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা ও চট্টগ্রামে এ পেঁয়াজ বিক্রি শুরু করা হচ্ছে। পরে প্রতিষ্ঠানের সংখ্যা ও পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে। পর্যায়ক্রমে ই-কমার্সের আওতায় দেশের সব স্থানে টিসিবি সাশ্রয়ীমূল্যে পেঁয়াজ বিক্রি করবে।

ই-ক্যাব জানায়, আপাতত পাঁচটি অনলাইন প্রতিষ্ঠান ঢাকা ও চট্টগ্রামে অনলাইনে পেঁয়াজ বিক্রি করতে পারবে। প্রাথমিকভাবে নির্বাচিত টিসিবির অনলাইন ডিলারশিপ পেতে যাচ্ছে- চালডাল, স্বপ্ন অনলাইন, সিন্দাবাদ ডট কম, সবজিবাজার ডট কম এবং বিডিসোল কম। সোমবার থেকে যাচাই ডটকম, একশপ ও অন্য একটি প্রতিষ্ঠান এই ধারাবাহিকতায় যুক্ত হতে পারে। এছাড়া উইন্ডি নামে নারী উদ্যোক্তাদের একটি কমন প্ল্যাটফর্ম থেকেও টিসিবির পেঁয়াজ বিক্রি করা হবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে বড় ধরনের আমদানি ও সাশ্রয়ীমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে। যারা ট্রাকসেল থেকে কিনতে পাচ্ছেন না, তাদের জন্য টিসিবি ই-কমার্সের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যের পেঁয়াজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, অন্য পণ্যের মতো এখন সাশ্রয়ীমূল্যের পেঁয়াজও ক্রেতারা বাসায় বসে কিনতে পারবেন। ই-কমার্সের মাধ্যমে পেঁয়াজ বিক্রির ধারণাটি নতুন, এক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আমরা থেমে থাকবো না, সমস্যার সমাধান করে এগিয়ে যাবো।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, দেশের অভ্যন্তরে দেশি ও আমদানি করা পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। ভারত ইতোমধ্যে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে, এগুলো বাংলাদেশে প্রবেশ শুরু হয়েছে। আশা করা যায় আরও ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেবে ভারত। মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে। এছাড়াও অনেক দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। দেশে পেঁয়াজের কোনো সংকট হবে না। আমরা অস্থির না হয়ে শুধু প্রয়োজনীয় পেঁয়াজ কিনলে কোনো সমস্যা হবে না।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি প্রতিষ্ঠান আপাতত দৈনিক আধাটন করে পেঁয়াজ পাবে এবং তিনদিন পর পর টিসিবি থেকে পেঁয়াজ সংগ্রহ করবে। অনলাইন প্রতিষ্ঠানগুলো ১০ হাজার টন পেঁয়াজ বিক্রি প্রাথমিক লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এর পরিমাণ আরো বাড়তে পারে। প্রতিষ্ঠানগুলোর গুদামঘর, ডেলিভারি ক্যাপাসিটি, ই-কমার্স ওয়েবসাইট ও ই-ক্যাবের সুপারিশ বিবেচনায় টিসিবির ডিলারশিপ দেওয়া হচ্ছে। এছাড়া পুরো প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে বাণিজ্য মন্ত্রণালয়, টিসিবি ও ই-ক্যাব একটি অভিন্ন বিধিমালা বা এসওপি প্রণয়ন করেছে। যা মেনে চলতে প্রতিটি প্রতিষ্ঠান বাধ্য থাকবে। এসব পেঁয়াজ অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে বিক্রি করতে পারবে না।

মসজিদে বিস্ফোরণ : ২ দিনের রিমান্ডে বিদ্যুৎমিস্ত্রি

0

নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন নামে এক বিদ্যুৎমিস্ত্রির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে মোবারক হোসেনকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, বায়তুস সালাত জামে মসজিদে ২টি বৈদ্যুতিক সংযোগ রয়েছে। একটি সংযোগ অবৈধ। সেই সংযোগসহ মসজিদের বিভিন্ন ওয়ারিংয়ের কাজ করেছিলেন মোবারক হোসেন।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ফতুল্লা অঞ্চলের বহিস্কৃত ৪ কর্মকর্তাসহ ৮ জনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৮ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৪ জন।

বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

উজিরপুরে সাতলা ইউপি’র উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌঁড়ঝাপ

0

উজিরপুরে সাতলা ইউপি’র উপ-নির্বাচনে
দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের দৌঁড়ঝাপ..
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ ২০ অক্টোবর বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের লবিং-তদবির ও দৌঁড়ঝাপ শুরু হয়েছে। নৌকার টিকিট পেতে উপজেলা,জেলা ও কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ লাভে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে তারা মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক,বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ,বরিশাল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ও সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের আস্থা ও আশীর্বাদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। এদিকে প্রার্থীদের তৎপরতায় গোটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এখন পর্যন্ত শাসকদল আওয়ামীলীগের ৯জন সহ ডজন খানেক প্রার্থীর নাম আলোচিত হচ্ছে। প্রার্থী হিসেবে যাদের নামের গুঞ্জন রয়েছে তারা হলেন সাতলার সাবেক জননন্দিত ইউপি চেয়ারম্যান ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফজলুল হক হাওলাদারের ছেলে উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ শাহীন হাওলাদার,সাবেক সংসদ সদস্য প্রয়াত হরনাথ বাইনের বড় ছেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পরিমল কুমার বাইন অনু (৫৫),উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদ্য প্রয়াত সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক আজাদের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ মশিউর রহমান মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাশার লিটন,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বালী,আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মোঃ ফজলুল হক বালী (৫৫),উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মনিরুজ্জামান বিশ্বাস। এদের মধ্যে নৌকার টিকিট পাওয়ার বিষয়ে আলোচনা শীর্ষে রয়েছেন প্রয়াত সাবেক নন্দিত দুই ইউপি চেয়ারম্যান পুত্র শাহীন হাওলাদার ও মশিউর রহমান এবং যুবলীগ নেতা খায়রুল বাশার লিটন। এ ছাড়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাসদ ছাত্রলীগের বি.এম কলেজ শাখার সাবেক সভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল জিটিভির বরিশাল ব্যুরো চীফ সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ,ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) সম্ভাব্য প্রার্থী মোঃ মোজাম্মেল হক বালী ও বিএনপি থেকে এখন পর্যন্ত মেজবাহ উদ্দিনের নাম শোনা যাচ্ছে। এদিকে ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা তাদের বায়োডাটা জমা দিয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত চলতি বছর মে মাসে ইউপি চেয়ারম্যান আঃ খালেক আজাদের মৃত্যু হওয়ায় ওই পদটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। ১৪ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর শনিবার মনোনয়ন পত্র বাছাই, ৩ অক্টোবর শনিবার প্রার্থীতা প্রত্যাহার এবং ২০ অক্টোবর মঙ্গলবার ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঐতিহ্যবাহী এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫শত ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৯শত ৬১ জন এবং মহিলা ১০ হাজার ৫শত ৪৬ জন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া

কোভিড-১৯ মোকাবেলায় অনুদান গ্রহণ প্রধানমন্ত্রীর

0

কোভিড-১৯ এর প্রভাব মোকাবেলায় সরকারি প্রচেষ্টায় সহায়তা দানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য ৩৪টি বাণিজ্যিক ব্যাংকসহ কয়েকটি সংস্থার অনুদান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুদান গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন। করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ত্রাণ সহায়তার জন্য সংস্থাগুলোর প্রতি শেখ হাসিনা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএবি) নেতৃত্বে ব্যাংকগুলো সবচেয়ে বেশি অনুদান প্রদান করে। অনুদানদাতা ৩৪টি বাণিজ্যিক ব্যাংক হলো- এবি ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, ইসলামি ব্যাংক (বিডি) লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, এসবিএসি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড।

এ ছাড়া আরও ৮টি সংস্থা- ডাইরক্টরেট জেনারেল অব ফুড, এফওএসএ (ফরেন অফিসার্স স্পাউস এসোসিয়েশন), রাজশাহী মেডিক্যাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্কিটেক্ট ইনস্টিটিউট, বাংলাদেশ জুডিশিয়াল এমপ্লয়িজ এসোসিয়েশন এবং মিনিস্টার গ্রুপ।

দেশের প্রতিটি অর্জনের সাথে মিশে আছে আওয়ামী লীগ : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস, কলহ, মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ। তাদের আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতো। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা রক্ষা করা যাবে না, বিএনপি মহাসচিবের এমন কথা শুনলে জনগণ এখন হাসে। তারা কাদের নিয়ে আন্দোলন করবে? এ দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, দেশের প্রতিটি অর্জনের সাথে মিশে আছে আওয়ামী লীগ।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হাকডাক আর তর্জন-গর্জনই শুধু শোনা যায় কিন্তু বর্ষণ দেখা যায় না, যাবেও না। তারা আন্দোলন করে দলীয় অফিসের সামনে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতি বছর ঈদের পরে আন্দোলন শুরুর ঘোষণা দেয়। কিন্তু জনগণ কত ঈদ যে পার করলো, আন্দোলন আর দেখে না, রাজপথ শূন্যই থাকে। আন্দোলনের দ্বার রুদ্ধ করে তারা প্রেস ব্রিফিং এর মধ্যেই সীমাবদ্ধ।

ওবায়দুল কাদের বলেন, সরকার সেবা সহজীকরণে এবং গ্রাহকদের সুবিধার্থে দেশের যেকোনো সার্কেল অফিস হতে যানবাহনের ফিটনেস সনদ গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। বিআরটিএকে সত্যিকার অর্থে সেবামুখি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর

0

রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ সাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করে। এর পর আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানির জন্য রবিবার (২০ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়। এ মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

গত ২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে গত ৩০ জুলাই ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল আসামি সাহেদের বিরুদ্ধে এ চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

গত ২৬ জুলাই উত্তরা পশ্চিম থানার পৃথক তিন মামলায় এবং উত্তরা পূর্ব থানার এক মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত সংস্থা র‌্যাব। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় তার ৭ দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত ১৬ জুলাই উত্তরা পশ্চিম থানার প্রতারণা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৫ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পরই তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত করোনা পরীক্ষার অন্তত ছয় হাজার ভুয়া সনদের প্রমাণ পায়। একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

বনানীর আহমেদ টাওয়ারে আগুন

0

ঢাকার বনানীর কামাল আতাতুর্ক সড়কে ২২তলা আহমেদ টাওয়ারের একটি অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের ৮ ইউনিটি ঘটনাস্থলে যায়। বেলা সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ওই ভবনের ১৫তলায় একটি অফিসে আগুনের সূত্রপাত হয় জানিয়ে বনানী থানার ওসি নূরে আজম বলেন, ‘বাইরে থেকে শুধু ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিস এসে ওই ফ্লোরের জানালার গ্লাস ভেঙে দিয়েছে।’

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে ধোঁয়া বের হতে শুরু করলে ওই ভবন ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।

এই আহমেদ টাওয়ারের লাগোয়া এফআর টাওয়ারে গত বছর ২৮ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ নিহত হয়। পরে জানা যায়, ১৫ তলার অনুমতি নেওয়ার পর ইমারত বিধিমালা লঙ্ঘন করে এফআর টাওয়ারের ১৮ তলার নকশা অনুমোদন করা হয়। পরে সেই ভবন বাড়ানো হয় ২৩ তলা পর্যন্ত।

আবরার ফাহাদের বাবা অসুস্থ, সাক্ষ্য হয়নি আজ

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার বাদী আবরারের বাবা জন্ডিসে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেন।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এর পর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।

ওই ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারনামীয় ১৯ জন এবং তদন্তে প্রাপ্ত এজাহারবহির্ভূত ছয়জন রয়েছেন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।

গ্রেফতার ২২ জন হলেন- মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মো. মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মো. মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মো. মনিরুজ্জামান মনির, মো. আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মো. মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।

মামলার তিন আসামি এখনো পলাতক। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। তাদের মধ্যে প্রথম দু’জন এজাহারভুক্ত ও শেষের জন এজাহারবহির্ভূত আসামি।

১৫ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এ সময় কারাগারে থাকা ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।