Home Blog Page 2676

ইউএনওর ওপর হামলা : রিমান্ড শেষে আদালতে রবিউল

0

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় মূল আসামি রবিউলকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় তাকে।

জানা গেছে, রবিউলকে ঘোড়াঘাট আমলী আদালত-৭ এর বিচারক ইসমাইল হোসেনের আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার ৩ ঘণ্টা পর সে বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বলে পুলিশ জানিয়েছে। জবানবন্দির পর তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হতে পারে।

পুলিশের জিজ্ঞাসাবাদে রবিউল জানিয়েছে, এ ঘটনার একমাত্র পরিকল্পনাকারী এবং হামলাকারী সে নিজে। আক্রোশ থেকেই এই ঘটনা ঘটিয়েছে সে। তার দেওয়া তথ্য মতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে তার পরনের প্যান্ট, হাতের ছাপসহ মোবাইলের লোকেশন আলামত হিসেবে ঢাকায় পাঠানো হয়েছে। এসব আলামত বিচারকার্যে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সন্দেহভাজন ও প্রযুক্তির মাধ্যমে রবিউলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করেছে।

গত ১২ সেপ্টেম্বর এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, রবিউল দায় স্বীকার করে জানিয়েছে, এ ঘটনায় প্রধান পরিকল্পনাকারী এবং একমাত্র হামলাকারী সে নিজে। পরে তাকে ওই দিনই আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতের বিচারক তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন থেকেই রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে গত বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। ওই দিন তার সাত দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

নিউইয়র্কে পার্টিতে গোলাগুলি : নিহত ২

0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টারে ওই হামলার ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের জানান, ওই এলাকায় গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সদস্যরা।

মার্ক সিমন্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৬ জনের হতাহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। এর মধ্যে দুঃখজন খবর হলো দুজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ’

তিনি আরও বলেন, আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সংকটজনক নয় বলে জানানো হয়েছে। ওই গোলাগুলির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ছাড়া গোলাগুলির ঘটনায় একজন জড়িত ছিল নাকি আরও বেশি বন্দুকধারী ছিল তাও জানাতে পারেনি পুলিশ।

সিরিয়ায় আরও সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র

0

উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্র-রাশিয়ার সেনাদের মধ্যে সম্প্রতি মারামারির ঘটনা ঘটেছে। এতে চার মার্কিন সেনা আহত হয়েছেন। দুই দেশের সেনাদের মধ্যে সামরিক যানের সংঘর্ষের পর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনার পর সিরিয়ায় বাড়তি সেনা এবং সাজোয়া যান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন বিল আরবান জানান, সিরিয়ায় আমেরিকান এবং যৌথ বাহিনীকে বাড়তি সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড’র এক মুখপাত্র শুক্রবার বলেন, ‘সিরিয়ায় অন্য কোনো দেশের অবস্থান করা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র।’

সরাসরি রাশিয়ার নাম এ মার্কিন কর্মকর্তা উল্লেখ না করলেও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা বলেন, উত্তর-পূর্ব সিরিয়ায় সেনা মোতায়েন বৃদ্ধির মাধ্যমে আমরা মস্কোকে স্পষ্ট করে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সংঘাত কমিয়ে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা মেনে চলার কথা বলছি। সেখানে রাশিয়া এবং অন্যান্য দলগুলো অপেশাদার, অনিরাপদ এবং উসকানিমূলক কাজ থেকে বিরত থাকা উচিত।

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে এখনো প্রায় পাঁচশ’ মার্কিন সেনা অবস্থান করছেন। সেখানে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি বাহিনীকে সহায়তা করছে বলে দাবি তাদের। এর মধ্যে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের রুশ সেনাদের দমিয়ে রাখতে অতিরিক্ত সেনা এবং সাজোয়া যান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকার এ ধরনের পদক্ষেপের এখনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো।

পাকিস্তান সীমান্তে আরও ৩ হাজার সেনা পাঠাল ভারত

0

পাকিস্তানের সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে কাশ্মীর সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েনে করেছে ভারত। সরকারি সূত্রের বরাত দিয়ে শনিবার ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, সম্প্রতি কাশ্মীরের গারেজ সেক্টরে সেনারা সন্ত্রাসীদের অনুবেশের চেষ্টা ঠেকাতে সক্ষম হয়েছে। অতিরিক্ত সেনা সীমান্তে সন্ত্রাসীদের বড় ধরনের প্রায় সব অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করতে সক্ষম হবে।

সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কয়েক ব্যাটালিয়ান অতিরিক্তে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। চীনকে সমর্থন জানাতে ভারতের ওপর বাড়তি চাপপ্রয়োগের অংশ হিসেবে এই সেনাদের মোতায়েন করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

সম্প্রতি কাশ্মীরের শ্রীনগর সফর করেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে। তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতিও খতিয়ে দেখেন। এসময় সেনা কর্মকর্তারা তাকে নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি জানান। এরপরই পাক সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হলো।

ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে পাওয়া গেল মারাত্মক বিষ

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। তবে হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই সে চিঠি জব্দ করা হয়েছে।

হোয়াইট হাউসের ঠিকানায় পাঠানো যে কোনো চিঠি সেখানে পৌঁছানোর আগেই পরীক্ষা-নিরীক্ষার একটি আলাদা কার্যালয় রয়েছে। সেখানেই বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জানা গেছে, খামের ভেতরে চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল। ক্যাস্টর অয়েল তৈরি হয় যে বীজ থেকে, সেই একই বীজ থেকেই তৈরি করা হয় এই রাইসিন বিষ।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি বলছে, রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোঁটা লবণদানার সমপরিমাণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটাতে পারে।

রাইসিন কোনোভাবে খেয়ে ফেললে, নিঃশ্বাসের সঙ্গে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা, শরীরের ভেতরে রক্তক্ষরণ ও বমি শুরু হয়। এরপর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। কতটুকু পরিমাণ রাইসিন শরীরে প্রবেশ করেছে, তার ওপর নির্ভর করে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে। রাইসিনের বিষক্রিয়া প্রতিরোধে এখন পর্যন্ত কোনো প্রতিষেধক নেই।

এদিকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমন চিঠির ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই চিঠি কোথা থেকে পাঠানো হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এখন তা তদন্ত করে দেখছে। এ ছাড়া অন্য আরো কাউকে একই ধরনের চিঠি পাঠানো হয়েছে কিনা, সেটিও তদন্ত করছে সংস্থা দুটি।

মার্কিন টেলিভিশন সিএনএনকে এফবিআই জানিয়েছে, আপাতত কোনো ধরনের ঝুঁকি তারা দেখছে না।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে আরেক কর্মকর্তা জানিয়েছেন, চিঠিটি কানাডা থেকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কানাডার পুলিশ গতকাল শনিবার জানিয়েছে, বিষয়টি তদন্তে তারা এফবিআইয়ের সঙ্গে কাজ করছে।

সিডিসি বলছে, রাইসিন দিয়ে তৈরি গুঁড়া ও স্প্রে অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব।

যুক্তরাষ্ট্রে এর আগেও হোয়াইট হাউসকে উদ্দেশ করে রাইসিন মেশানো চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও অন্য কয়েকজন কর্মকর্তাকে রাইসিনের গুঁড়া মেশানো চিঠি পাঠানোর দায়ে ২০১৪ সালে মিসিসিপির এক ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

লন্ডনে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

0

যুক্তরাষ্ট্রের লন্ডনে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত বাধা নিষেধের বিরুদ্ধে জনগণ বিক্ষোভে অংশ নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। লন্ডনের মেয়রের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নুতন সংক্রমণ রোধে আরও কড়া নিষেধাজ্ঞা বলবদ করা হবে। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভ শুরু হয়।

ট্রাফালগার স্কয়ারে কয়েক শত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ চেষ্টা চালালে, জনতা ও পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়। প্রতিবাদকারীরা ‘এটা এখন অত্যাচার’ প্ল্যাকার্ড বহন করে ‘স্বাধীনতা, স্বাধীনতা’ স্লোগান তুলছিলেন।

ব্রিটেন সরকার করোনা মহামারীর ঊর্ধŸগতি থামাতে এ সপ্তাহে ৬ জনের অধিক লোকের সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

শ্রদ্ধা ও রণবীর নতুন জুটি

0

বিনোদন জগতে অনেক কিছুই ঘটে প্রতিনিয়ত। তারকাদের মাঝে প্রেম-ভালোভাসা নতুন কিছু নয়। এমন অনেক তারকা আছেন যারা নিজেরাই যুগলবন্ধি হয়েছেন। তেমনি এবার শ্রদ্ধা কাপুরের ‘বয়ফ্রেন্ড’ হতে যাচ্ছেন রণবীর কাপুর।

তবে বাস্তবে নয়, রূপালী পর্দায় এবার যুগলবন্ধি হতে চলেছেন তারা। পরিচালক লাভ রঞ্জনের সিনেমায় একসাথে অভিনয় করার কথা রয়েছে তাদের।

প্রায় দুই বছর আগে এই সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল অজয় দেবগন এবং রণবীর কাপুরের। আর সিনেমাটির নায়িকা চরিত্রে অভিনয় করবেন আরেক খ্যাতিনামা অভিনেত্রী দীপিকা পাডুকোন। তবে শেষ পর্যন্ত শুটিং সেট পর্যন্ত যায়নি সিনেমাটি।

এরপর বলিউড হাঙ্গামা গত বছর তাদের এক প্রতিবেদনে জানায়, মূলত অজয় দেবগন এবং দীপিকা পাডুকোন সিনেমাটির ছেড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায় সিনেমাটির কাজ।

অবশেষে বলিউড হাঙ্গামা নিশ্চিত করছে, রোমান্টিক গল্পের এ সিনেমাটি রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন। এমনটি হলে বলিউড আরো একটি নতুন জুটি উপহার পেতে যাচ্ছে।

সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের নভেম্বরে শুটিং শুরু হবে। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানায়, চলতি বছরের নভেম্বরে মুম্বাইয়ে শুটিং শুরু হওয়ার কথা সিনেমাটির। তবে মুম্বাইয়ের শুটিংয়ের আগেই সিনেমার আরো বেশ কিছু শট নেয়ার জন্য স্পেনে উড়াল দিতে পারে ছবির টিম।

যদিও যাওয়ার সময় এখনো ঠিক করা হয়নি তবে ধারণা করা হচ্ছে সামনের মাসেই শুটিং কাজে স্বাস্থ্যবিধি মেনে স্পেনের বিমানে উঠতে পারে রণবীর-শ্রদ্ধারা।

এদিকে বলিউডে নতুন প্রজন্মের সফল এ দুই তারকা জুটি হওয়ায় উচ্ছ্বসিত তাদের ভক্তরা। তাদের প্রথম ছবিটি বক্স অফিস মাতাবে বলে প্রত্যাশা করছেন তারা।

সালমান শাহর ৪৯তম জন্মদিন আজ

0

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার ৪৯তম জন্মদিন। সর্ব মহলের প্রিয় এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান।

সালমান ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন।

বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের এই কিংবদন্তি অভিনেতা খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন। অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে। তার সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক।

বিভিন্ন সময়ে দর্শকপ্রিয় এই নায়কের মৃত্যুর বিষয়ে আলোচনা সমালোচনা হলেও ভক্তরা আজও জানতে পারেনি কেন তাদের প্রিয় নায়ক জীবনকে ছুটি দিয়ে বিদায় নিয়েছিল।

দ্বিতীয় দফায় ক্রিকেটারদের করোনা টেস্টের ফলাফল

0

দ্বিতীয় দফায় জাতীয় দলের ১৮ ক্রিকেটারের সবার করোনার টেস্টের ফলাফলে নেগেটিভ এসেছে। সুস্থ থাকা ক্রিকেটাররা রোববার(২০ সেপ্টেম্বর) যোগ দেবেন টিম হোটেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

এর আগে, ক্রিকেটার ও টিম হোটেলের কর্মচারিসহ মোট ৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়। অবশ্য এ তালিকায় ছিলেন না কোন বিদেশি কোচিং স্টাফ।

এর আগে প্রথম দফায় করোনা টেস্টে পজিটিভ আসে কেবল ক্রিকেটার সাইফ হাসানের। দ্বিতীয় দফায়ও পজিটিভ হন তিনি। আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন সাইফ। ১৮ জনের তালিকায় নেই তার নাম। এছাড়া, প্রথম দফার টেস্টে পজিটিভ হওয়া ফিজিক্যাল পারফরম্যান্সের প্রধান নিকোলাস লি ইতোমধ্যে করোনা টেস্টে নেগেটিভ আসায় দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বাংলাদেশ দলের চাকরি ছাড়লেন ম্যাকমিলান

0

দায়িত্ব নেয়ার আগেই আকস্মিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের চাকরি ছাড়লেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান।

আজ শনিবার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে অপারগতার কথা জানিয়েছেন ম্যাকমিলান। তার বাবার মৃত্যুর কারণে এখন কোনো দায়িত্ব নিতে পারবেন না তিনি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ম্যাকমিলান আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, সম্প্রতি তার বাবা মারা গেছে। এই শোকাবহ সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়া সম্ভবপর নয় তার জন্য। আমরা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করছি। তার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে।’

উল্লেখ্য, গত ২১ আগস্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে নেইল ম্যাকেঞ্জি সরে দাঁড়ান। এতে অনেকটাই বিপদে পড়ে বিসিবি। আসন্ন শ্রীলক্ষা সফরকে সামনে রেখে ম্যাকেঞ্জির পদত্যাগের চারদিনের মধ্যেই ম্যাকমিলানতে নিয়োগ দিয়েছিল বিসিবি।

আসন্ন শ্রীলঙ্কা সফরে ম্যাকমিলান টাইগারদের সঙ্গী হতে সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তার আর হচ্ছে না।