Home Blog Page 2678

ঢাকা ওয়াসার এমডি তাকসিমের মেয়াদ আরও ৩ বছর বাড়ছে

0

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ছে। শনিবার ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনলাইনে অনুষ্ঠিত ৯ জন সদস্যের মধ্যে ৬ জন চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেয়। এ কারণে বোর্ড প্রকৌশলী তাকসিমের মেয়াদ বাড়ানোর পক্ষে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ প্রসঙ্গে ঢাকা ওয়াসা বোর্ড সদস্য এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ যুগান্তরকে বলেন, ‘আজ (শনিবার) ওয়াসা বোর্ডের সভা ছিল। ওই সভায় সংস্থার বর্তমান এমডির চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ প্রস্তাব অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যথাযথ নিয়ম অনুসরণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

জানা যায়, ২০০৯ সালে প্রথম ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। এরপর চারবার চুক্তির মেয়াদ বাড়িয়েছে ওয়াসা বোর্ড। পঞ্চমদফা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৪ অক্টোবর। নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়। ওই সভার এটা আলোচ্য সূচীতে না থাকায় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয় না।

ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যান ড. এম এ রশিদ সরকার গত ১০ সেপ্টেম্বর মারা যাওয়ার পর নতুন চেয়ারম্যান নিয়োগের আগেই তড়িঘড়ি করে এমডি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা বোর্ড।

এদিকে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গণমাধ্যম ও নির্ভরযোগ্য প্রত্যক্ষ তথ্যসূত্র অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের বিশেষ সভায় শুধুমাত্র বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নাম উল্লেখ করে তাকে আবারো তিন বছর মেয়াদে পুননিয়োগের সুপারিশ চূড়ান্তের কথা বলা হয়েছে।

নিয়ম অনুযায়ী এ পদে দরখাস্ত আহবান করা হয়েছিল কিনা, কারা আবেদন করেছিলেন, কেন তারা যোগ্য বিবেচিত হলেন না বা কেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালকই একমাত্র উপযুক্ত প্রার্থী। কেন সংশ্লিষ্ট বিধি অবমাননা করে মেয়াদের পর মেয়াদ একই ব্যক্তিকে অপরিহার্য, এসব প্রক্রিয়াগত প্রশ্নের উত্তর যাচাই করা হয়েছে কিনা, তার কোনো উল্লেখ নেই।

তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে, ঢাকা ওয়াসা বোর্ড তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বা করতে দেয়া হচ্ছে না। প্রাতিষ্ঠানিক সুশাসন, বিশেষ করে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে অপারগতার কারণে ঢাকা ওয়াসা বোর্ডেরও অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাই।’

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি তারিক উল হাকিম

0

আপিল বিভাগের বিচারপতি হিসেবে মাত্র দশ কার্যদিবস মামলা পরিচালনার অভিজ্ঞতা নিয়ে অবসরে গেলেন বিচারপতি তারিক উল হাকিম। দুই সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া এই বিচারপতি আজ শনিবার অবসরে চলে গেলেন। তবে গত ১৬ সেপ্টেম্বর ছিল তার শেষ কর্মদিবস। একারণে ওইদিনই তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। বিচারপতি তারিক উল হাকিম অবসরে যাওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কমে দাঁড়ালো সাতজনে।

বিচারপতি তারিক উল হাকিমকে গত ২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন ৩ সেপ্টেম্বর তিনি শপথ নেন। এরপর ৬ সেপ্টেম্বর থেকে গত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চের একজন সদস্য হিসেবে বিচার কাজ পরিচালনা করেন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন দুই নম্বর বেঞ্চের সদস্য হিসেবে রাখা হয় বিচারপতি তারিক উল হাকিমকে।

সংবিধান অনুযায়ী, একজন বিচারপতি ৬৭ বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি পদে থাকতে পারেন। সেই হিসেবে শনিবার বিচারপতি তারিক উল হাকিমের বয়স ৬৭ বছর পূর্ণ হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর তারিক উল হাকিম জন্মগ্রহণ করেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী থাকাবস্থায় ২০০২ সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি ও ২০০৪ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তারিক উল হাকিমের পিতা মাকসুদুল হাকিম হাইকোর্ট বিভাগের এবং নানা আমিন আহমদ পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন।

রাজনীতিকদের কটুক্তি হজম করার ক্ষমতা চাই

0

সোহেল সানি

“কুকুর সোহরাওয়ার্দীর মুন্ডু চাই, সাদা চামড়ার রক্ত চাই। বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর স্ত্রীকে অপহরণ করে একজন হিন্দু মুচির সঙ্গে, গভর্নর স্যার ফ্রেডরিক বারোজের স্ত্রীকে অপহরণ করে একজন পাঠানের সঙ্গে আর ভাইসরয় মাউন্ট ব্যাটেনের স্ত্রীকে অপহরণ করে একজন মুসলিম লীগারের সঙ্গে বিয়ে দেয়া হোক। তারপর তাদের সবার স্ত্রীকে ধর্ষণ করা হোক।”
এটি ১৯৪৬ সালের ১৬ আগস্ট একটি পোস্টারের ভাষা। যা জয়া চট্টোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন তাঁর “বেঙ্গল ডিভাইডেড” গ্রন্থে। মহাত্মা গান্ধীর সামনে এরকম ভাষা ব্যবহার করেছিল দাঙ্গায় লিপ্ত চরমপন্থী হিন্দুরা।
১৬ আগস্ট ছিল মুসলিম লীগের “ডাইরেক্ট এ্যাকশন ডে।” বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওদিন সরকারি ছুটি ঘোষণা করেন। আর কি শুরু হয় দাঙ্গা। হাজার হাজার হিন্দু- মুসলমানের রক্তে স্রোত বয়ে চলে রাজধানী কোলকাতার অলিগলিতে।
সোহরাওয়ার্দী ও শরৎচন্দ্র বসুর স্বাধীন যুক্তবাংলার প্রস্তাবে মহাত্মা গান্ধী সমর্থন দিতে গিয়ে কংগ্রেস কর্তৃক চরমভাবে নাজেহাল হন।
কংগ্রেস এ জন্য সভা ডেকে “তিরস্কার প্রস্তাব” পাস করে। চরমপন্থী নথুরাম গডসে মুসলমান প্রীতির দায়ে বিশ্বাসঘাতক হিসেবে গান্ধীকে হত্যাও করে। তাই বলে কী গান্ধীজী ভারতের জাতির পিতা নন?
বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর নামনিশানা মুছে ফেলার চেষ্টা হয়। কিন্তু জাতির পিতার আসনে তিনিই তো।
রাজনীতিকরা ফেরেস্তা নন। রাজনীতি বা রাজতন্ত্র ঈশ্বরপ্রদত্ত ধর্মগ্রন্থ নয়। ইদানীং রাজনীতিবিদদের সম্পর্কে কটুক্তি করাকে কেন্দ্র করে অনেকের ওপর জেল-জুলুম নেমে এসেছে। তথ্যপ্রযুক্তি আইনের কতিপয় ধারা হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের পাশাপাশি সরকার দলের কাছ থেকে স্বীয় স্বার্থ হাসিলে এটাকে ব্যবহার করছে সুযোগসন্ধানীরা। ‘রাজ’ শব্দটির সঙ্গে ‘নীতি’র সংযুক্তি অধুনালুপ্ত রাজতন্ত্রেরই ঐতিহ্য ও উত্তরাধিকার ধারণ করছে।
রাজতন্ত্রের স্থলে গণতন্ত্র প্রতিস্থাপিত হয়েছে। রাজা নেই কিন্তু প্রজা আছে। দেশের পূর্ণাঙ্গ নামটিতে ‘প্রজা’ শব্দটি আরোপিত হয়েছে। “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” অর্থাৎ প্রজার তন্ত্রেই দেশ। এর সঙ্গে ‘গণ’ শব্দটির সংযোগে দাঁড়িয়েছে গণ+প্রজা+তন্ত্র = বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিকও জনগণ। পদ-পদবীতেও পরিবর্তন ঘটেছে। রাজা-বাদশা, সুলতান-নবাব-সুবেদার, উজীর-নাজির, লাট-বড়লাট,ভাইসরয়, গভর্নর-গভর্নর জেনারেল বলে কিছু নেই।
পাকিস্তান আমলে রাষ্ট্রপতিকে গভর্নর জেনারেল বলা হতো। জেনারেল ইস্কান্দার মির্জা গভর্নর জেনারেলের পদ রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট করেন।
প্রধানমন্ত্রীকে উজীরে আজম এবং মন্ত্রীদের উজীরে আলা বলা হলেও সরকারী নথিপত্রে এর বালাই ছিল না।
অতীতের কিছু কটুক্তি তুলে ধরছি।
পূর্ব পাকিস্তানের গভর্নর থাকাকালে মালিক ফিরোজ খান নুন বলেছিলেন, “পূর্ব বাংলার খাঁটি মুসলমান নেই, ওরা খাৎনা করায় না, ছেলে মেয়ে জন্মালে বামুন বাড়ি নিয়ে যায় নাম রাখার জন্য।”
পাকিস্তান অবজারভার পত্রিকায় তখন এক সম্পাদকীয়তে লেখা হয় যে,খাৎনা করানোর জন্য পশ্চিম পাকিস্তান থেকে হাজাম “আমদানী” করা হোক। খ্যাতিমান সাংবাদিক জহুর হোসেন চৌধুরী এক উপভোগ্য মন্তব্য করে লিখেছিলেন, “পূর্ব পাকিস্তানি ছেলেদের খাৎনা করা হয় না- এ কথাটি নাকি স্ত্রী ভিকারুননিসা নূন তাঁর অভিজ্ঞতা থেকে স্বামী মালিক ফিরোজ খান নুনকে জানিয়েছেন।”
এরকম বক্তব্যও হজম করেছিলেন ফিরোজ খান নুন। তাঁর স্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকার স্বনামধন্য ভিকারুননিসা নূন স্কুলটি।
আওয়ামী লীগ প্রধান হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বকালে এই ফিরোজ খান নুন তাঁর পররাষ্ট্রমন্ত্রী হন। পরে তিনি প্রধানমন্ত্রীও হন।
১৯৫০ সালের ১৪ আগস্ট ছিল পাকিস্তানের তৃতীয় স্বাধীনতা দিবস। ওদিন প্রধানমন্ত্রী নওয়াবজাদা লিয়াকত আলী খান নিখিল পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে “ভারতের লেলিয়ে দেয়া কুত্তা ও দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করেন। অথচ সোহরাওয়ার্দীই ছিলেন পাকিস্তান প্রস্তাবক। ভাসানীকে কারারুদ্ধ করে বলে
বিরুদ্ধাচারণ করবে তাদের মাথা ভেঙে ফেলবো-‘সের কুচল দেঙ্গে।’
পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী পূর্বপাকিস্তানের মুখ্যমন্ত্রী শেরেবাংলাকে পদচ্যুত করে দেশদ্রোহী বলেন। জিন্নাহর নির্দেশেই মুসলিম লীগ শেরেবাংলার “লাহোর প্রস্তাব” সংশোধন করে সোহরাওয়ার্দীকে দিয়ে “পাকিস্তান প্রস্তাব” পাস করে দিল্লি কনভেনশনে।
পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নূরুল আমিন বলেছিলেন, ‘মওলানা ভাসানী দেশে ফিরলে তাকে গুলি করে হত্যা করা হবে।’
জেনারেল আইউব খান ও জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কি ধরনের কটুক্তি করেছেন তা-তো ইতিহাসে চোখ রাখলেই দেখা যায়। বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানিদেরই শুধু নয়, এদেশীয় দালাল রাজাকারদের চোখেও ছিলেন বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রদোহী, ইসলামের শত্রু। কিন্তু তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন আর স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের মাধ্যমে বঙ্গবন্ধু হয়েছেন ইতিহাসের মহানায়ক জাতির পিতা।
বঙ্গবন্ধু জীবদ্দশায় বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতানেত্রীদের কাছ থেকে অনেক কটুক্তি শুনেছেন। ডাকসু ভবন থেকে তাঁর ছবি অপসারণ, আজীবন সদস্য পদ কেড়ে নেয়া, সনদে অগ্নিসংযোগ এসবই ঘটে তাঁর জীবদ্দশায়। ছাত্র ইউনিয়ন কর্তৃক “জাতির পিতা” “বঙ্গবন্ধু” উপাধি ব্যবহার করা হবে না এমন ঘোষণাও তাঁকে শুনতে হয়।
ন্যাপনেত্রী বেগম মতিয়া চৌধুরী প্রকাশ্য জনসভায় বলেন, “বঙ্গবন্ধুর গায়ের চামড়া দিয়ে ডুগডুগি বাজানো হবে।”
এমন ঔদ্ধত্য প্রদর্শনের পরেও শেখ মুজিব অবলীলায় তা হজম করেছিলেন। সেই মতিয়া চৌধুরী ‘৮৩ সাল থেকে আওয়ামী লীগে। মতিয়া চৌধুরী শেখ হাসিনার মন্ত্রীত্ব করেছেন।
জাসদ অস্ত্রের মুখে সরকার উৎখাতের ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর সম্পর্কে ন্যাক্কারজনক কতই না উক্তি করেছিল। আবার জাসদ নেতা আসম রব, হাসানুল ইনু শেখ হাসিনারই মন্ত্রীত্ব করেছেন।
লেখকঃ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।

আহমদ শফীর মরদেহ হাটহাজারী মাদ্রাসায়

0

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় এসে পৌঁছেছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় মরদেহ সেখানে নেওয়া হয়। বাদ জোহর তার জানাজা হবে।

মাদ্রাসার শূরা কমিটির সদস্য আল্লামা নোমান ফয়জী বলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে উনার (আহমদ শফী) মরদেহ হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে। কবর খোড়ার প্রস্তুতিও শেষ। বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে লাশ দাফন করা হবে।’

চট্টগ্রামে ‘বড় হুজুর’ নামে পরিচিত আহমদ শফীকে শেষবারের মতো দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে আসছেন তার অনুসারীরা।

যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। পুলিশ, র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের।

জেলা প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলায় নিয়োগ দেওয়া হয়েছে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

হাটহাজারীতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে ভালো আছে। বিভিন্ন স্থান থেকে তার অনুসারীরা হাটহাজারীতে সমাগম হচ্ছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় হাটহাজারীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন আছে।’

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মাদ্রাসার মজলিসে শূরার বৈঠকে শাহ আহমদ শফী স্বেচ্ছায় পদত্যাগ করেন। এর পর তিনি অসুস্থ হয়ে পড়লে ওই দিন রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তাকে ঢাকার আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

আহমদ শফী হাটহাজারীর ‘বড় মাদ্রাসা’ হিসেবে পরিচিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের (মুহতামিম) দায়িত্ব পালন করে আসছিলেন সেই ১৯৮৬ সাল থেকে।

দেওবন্দের পাঠ্যসূচিতে পরিচালিত দেশের অন্যতম পুরনো এ কওমি মাদ্রাসার শীর্ষ ব্যক্তি হিসেবে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতির দায়িত্বেও ছিলেন।

কওমি মাদ্রাসার নেতৃত্বের ওপর ভর করেই তিনি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসা হেফাজতে ইসলামের আমিরের দায়িত্ব পালন করছিলেন।

মসজিদে বিস্ফোরণ : আরেক মুসল্লির মৃত্যু

0

নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের ঘটনায় বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ও শিশুসহ মোট ৩২ জনের মৃত্যু হলো। এছাড়া চিকিৎসাধীন আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩২ জনের মৃত্যু হলো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন একজন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ৪ অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু

0

যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে শুক্রবার থেকে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে মিনেসোটার পাশাপাশি ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইয়োমিং রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জনমত জরিপে এখন অবধি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এ বছর অনেক ভোটারই আগাম ভোট ও ডাকযোগে ভোট দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

শুক্রবার আগাম ভোট শুরু হওয়া মিনেসোটায় মুখোমুখি প্রচার চালিয়েছেন দুই নেতা ট্রাম্প ও বাইডেন। ২০১৬ সালে ট্রাম্প তার তৎকালীন ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছে রাজ্যটিতে ১.৫ শতাংশ পয়েন্টে হেরেছিলেন। সম্প্রতি রাজ্যটির মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের নির্মম হত্যা ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। দেশজুড়েই ছড়িয়ে পড়ে সে বিক্ষোভ।

বিক্ষোভকারীদের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। বিক্ষুব্ধদের উগ্র বামপন্থী আখ্যা দিয়ে শহরটিতে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বলেছিলেন, বাইডেন জয়ী হলে ওইসব উগ্র-বামপন্থিরা আরও প্রশ্রয় পাবে। শুক্রবার হাজারো সমর্থকের সামনে ট্রাম্প বলেন, মিনেসোটায় তার অর্থনৈতিক রেকর্ডের কারণেই জয়ী হবেন তিনি।

বাইডেন শুক্রবারের নির্বাচনী প্রচারে করোনা মহামারিতে রাজ্যটির অর্থনৈতিক ধসের চিত্র তুলে ধরেন। এ জন্য তিনি ট্রাম্পকে দায়ী করেন। বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট করোনা মোকাবিলায় তেমন কিছুই করেননি। ট্রাম্প তার দায়িত্ব পালনের অভিনয় করাও বন্ধ করে দিয়েছেন। জয়ী হলে যুক্তরাষ্ট্রজুড়ে অবকাঠামো উন্নয়নে ২ লাখ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এছাড়া, জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মিনেসোটার মিনেয়াপোলিসে ভোটকেন্দ্র খোলার ৩০ মিনিটের মধ্যে ৪৪ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন ভোটার জানিয়েছেন, ভিড় এড়াতে সকাল সকাল ভোট দিতে চান তারা।

মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে আছেন বাইডেন। জরিপ বিষয়ক ওয়েবসাইট রিয়েলক্লিয়ারপলিটিকস অনুসারে, শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে গড়ে ১০.২ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তিনি। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে ঘিরে সৃষ্ট সহিংসতার তীব্র সমালোচনা করেছিলেন বাইডেন। বর্ণবৈষম্য ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি।

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ভোটার উপস্থিতি ব্যাপক। ভোটকেন্দ্রের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা।

৭ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

0

প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত ট্রেন সরিয়ে ফেলার পর আজ আজ শনিবার সকাল ৯টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

একই সঙ্গে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বিভিন্ন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে রেলের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত ট্রেন সরিয়ে ফেললে আবারও স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

জয়দেবপুর রেলওয়ে জংশন এর স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, গত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী তেলবাহী একটি মালগাড়ি মৌচাক এলাকায় পৌঁছানোর পর চাকা লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ধুমকেতু, সুন্দরবন, একতা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন। দুর্ভোগে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত হওয়া ট্রেন সরিয়ে নেয়ায় আজ সকাল ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

চট্টগ্রামের ৪ উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

0

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের ৪ উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া এবং ফটিকছড়িতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।

তিনি জানান, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শনিবার সকাল থেকে চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে হাটহাজারীতে ৪ প্লাটুন, পটিয়ায় ২, রাঙ্গুনিয়ায় ২ এবং ফটিকছড়িতে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাটহাজারী মাদরাসার শূরা কমিটি সিদ্ধান্ত অনুযায়ী, জোহরের নামাজের পর দুপুর ২টায় হাটহাজারী মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তার সন্তান আনাস মাদানী। আল্লামা শফীর মরদেহ ফজর নামাজের পর থেকে জোহর পর্যন্ত হাটহাজারী মাদরাসার কনযুদ্দাকায়েক শ্রেণিকক্ষে মরহুমের মরদেহ সকলের দেখার জন্য রাখার সিদ্ধান্ত রয়েছে। জানাজা শেষে মাদরাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

এদিকে, বার্ধক্যজনিত কারণে অনেক দিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন আল্লামা শাহ আহমদ শফী। গত কয়েক বছরে তিনি বেশ কয়েকবার দেশ ও দেশের বাইরের হাসপাতালে চিকিৎসা নেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অসুস্থ হয়ে পড়েন আল্লামা শাহ আহমদ শফী। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রায় ১০৫ বছর বয়সী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৯৫৮ জনের মৃত্যু

0

প্রাণঘাতী করোনার তাণ্ডব আরও বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত একদিনেও প্রায় হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। নতুন করে শনাক্ত হয়েছে অর্ধলক্ষাধিক মানব দেহে। পক্ষান্তরে সুস্থতা বাড়লেও আক্রান্তের তুলনায় তা অনেক কম।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৯ লাখ ২৫ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৫৮ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৩ হাজার ১৭১ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন প্রায় ৩৯ হাজার রোগী। এতে করে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪১ লাখ ৯১ হাজার ৮৯৪ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ প্রায় ৮০ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯১২ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৮ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৭৮ জনের।

ফ্লোরিডায় করোনার শিকার ৬ লাখ প্রায় ৭৮ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ১৩ হাজার ২৩০ জনের প্রাণহানি ঘটেছে। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৮২ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ১৭২ জন ভুক্তভোগী।

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬ হাজার ৫৩৭ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৭২ হাজারের অধিক মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৪৭ জন।

অ্যারিজোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ছুঁই ছুঁই। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৪৫১ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ২ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ১৮৪ জনের।

এ ছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: রেলমন্ত্রী

0

রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মো. নূরুল ইসলাম সুজন এম’পি বলেছেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আজ শুক্রবার বিকেলে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সবুজপাতা সফট্ওয়্যার ও মোবাইল এ্যাপস এর সুষম বন্টনের ডিজিটালাইজেশনের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্রের সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর তথ্য প্রযুক্তির ব্যবহার ও এর সুফল, নতুন নতুন তথ্য উদ্ভাবন জনগনের দ্বার প্রান্তে পৌছানোর জন্য দেশে সর্ব প্রথম পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় সবুজপাতা সফট্ওয়্যার ও মোবাইন এ্যাপস কার্যক্রম শুরু হয়েছে।

সবুজপাতা সফট্ওয়্যার ও মোবাইল এ্যাপস মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসুচি, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডি, বাইসাইকেল বিতরণ, মানবিক সহায়তা প্রকল্প কার্যক্রম ও সেবা এই এ্যাপসের মাধ্যমে দেয়া হবে। এই এ্যাপসের মাধ্যমে সকল সুবিধা ভোগী ও সেবা গ্রহনকারীদের ডাটাবেজ প্রস্তুত করা হলে সেবা প্রদান সহজ হবে এবং দুর্নীতি রোধ করা সম্ভব হবে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এর সভাপতিতে ভিডিও কমফারেন্স এর মাধ্যমে বিশেষ অতিথি বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, রেলপথ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার শাহাদাত স¤্রাট, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা।
সবুজপাত সফট্ওয়্যার ও মোবাইল এ্যাপস এর প্রধান উপদেষ্টা ও উদ্যোক্তা রেলপথ মন্ত্রীর পুত্র মোঃ কৌশিক নাহিয়ান নাবিদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষীরানী বর্মন, ১০টি ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে রেলপথমন্ত্রী সবুজপাত সফট্ওয়্যার ও মোবাইল এ্যাপস এর মাধ্যমে উপজেলা পরিষদের উন্নয়ন বাজেট হতে ৪৫টি বাইসাইকেল বিতরণ করেন।