Home Blog Page 2679

জরুরি ভিত্তিতে ২৫ হাজার টন পেঁয়াজ দিচ্ছে ভারত

0

বাংলাদেশে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিচ্ছে ভারত। গত সোমবার থেকে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে ২৫০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের বিভিন্ন সড়কে আটকা পড়েছে।

লোডিং থেকে শুরু করে এ পর্যন্ত ৯-১০ দিন পার হয়ে যাওয়ায় অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে এসব পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে। এমন অবস্থায় এসব পেঁয়াজ রফতানি না করলে, আমদানিকারকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এই নিয়ে দু’দেশের পেঁয়াজ ব্যবসায়ী ও আমদানি রপ্তানি সংস্থাগুলোর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্থলবন্দরে কত ট্রাক রয়েছে এবং তাতে পেঁয়াজের পরিমাণ কত তা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সত্ত্বর জানাতে বলা হয়। সেই কারণে তাদের ধারণা বুধবার যে কোনো সময় ট্রাক ও ওয়াগনগুলো বাংলাদেশে ঢোকার আনুমতি দিতে পারে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রাণালয় জানিয়েছেন কার্তিক চক্রবর্তী।

হিলি স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, বিভিন্নস্থল বন্দরে এখন যে সব পেঁয়াজ ভর্তি ট্রাক ওয়াগন দাঁড়িয়ে আছে এগুলো বাংলাদেশে ঢোকার অনুমতি দেওয়া না হলে আচিরেই বেশিরভাগ পেঁয়াজ পচে নষ্ট হবে, এতে দুদেশের পেঁয়াজ ব্যবসায়ীরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

হারুন-উর রশিদ জানান, বিভিন্ন স্থল বন্দরে আনুমানিক ২০ হাজার মেট্রিকটন পেঁয়াজ ভর্তি ট্রাক অপেক্ষা করছে, যেগুলো গত রবিবার এলসির বিপরীতে সঠিকভবে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েই এসেছে এবং তা নিষেধাজ্ঞার আওতায় পড়ার কথা নয়, তার পরেও কেন এই বিপুল পরিমাণ পেযাঁজ বাংলাদেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না? এই পচনশীল পণ্যটি বাংলাদেশে না গেলে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সন্মুখীন হতে হবে দু’দেশের পেঁয়াজ ব্যসায়ীদেরকে।

মিয়ানমার থেকে ৩০ মেট্রিক টন এলো পেঁয়াজ

0

কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে ভিড়েছে ৩০ মেট্রিক টন পেঁয়াজ বোঝাই মিয়ানমারের একটি ট্রলার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ট্রলারটি বন্দরে ভেড়ে। এরপর থেকে এসব পেঁয়াজ ট্রলার থেকে খালাস করা হচ্ছে।

টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানান, প্রায় ৩ মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সেভেন স্টার এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে কানিজ এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করেন। কাগজপত্র বুঝে পেলে শনিবার(১৯ সেপ্টেম্বর) খালাস করা হবে।

আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উসমান গণি জানান, প্রথম ধাপে দুই হাজার বস্তা পেঁয়াজ টেকনাফ বন্দরে এসে পৌঁছেছে। আরও পেঁয়াজ আসার পথে রয়েছে। রোববারের দিকে পেঁয়াজগুলো দেশীয় বাজারে সরবরাহ করা হবে।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বলেন, ফের মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। শুক্রবার ৩০ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে এসে পৌঁছায়। এসব পেঁয়াজ যত দ্রুত সম্ভব খালাস করে বাজারো পৌঁছানো হবে।

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩৫৭৩ দশমিক ১৪১ মেট্রিক টন পেঁয়াজ এবং আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন।

শনিবার দুপুর ২টায় হাটহাজারীতে আল্লামা শফীর জানাজা

0

হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা শনিবার দুপুর দুইটায় চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। তিনি ওই মাদ্রাসার মহাপরিচালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে ও হেফজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

হেফাজত আমিরকে ঢাকার জামিয়া ফরিদাবাদ মাদ্রাসায় গোসল ও কাফন পরিয়ে শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টায় হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেয়া হবে। হেফাজত আমিরের সাবেক প্রেস সচিব মাওলানা মুনির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার তিনি স্বেচ্ছায় পদত্যাগের পরে হাটহাজারী মাদ্রাসার পরিচালনা পর্ষদ (মজলিসে শুরা কমিটি) তাকে মহাপরিচালক পদ থেকে অব্যাহতি দিয়ে মাদ্রাসার উপদেষ্টা (সদরে মুহতামিম) হিসেবে নিয়োগ দিয়েছেন।

ওই দিনই ছাত্র বিক্ষোভের মুখে অবরুদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আল্লামা শাহ আহমদ শফী। মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম হাসপাতালে নেয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ২৪ সেপ্টেম্বর

0

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে ও কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে বৈঠকে বসবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এ সভা হবে।

বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও একটি ইউনিক সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলে আসছেন, যেদিন থেকেই পরীক্ষা নেওয়া হোক না কেন অন্তত ১৫ দিন আগে পরীক্ষার দিন-তারিখ শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক স্তরের অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে বিশেষজ্ঞ মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

করোনা মোকাবিলায় ১১.২ বিলিয়ন আর্থিক সহায়তা এডিবি’র

0

করোনা মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রায় ১১ দশমিক ২ বিলিয়ন ডলার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।

এছাড়া উন্নয়ন অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ৭ দশমিক ২ বিলিয়ন ডলারের কো-ফাইন্যান্সিং করেছে এডিবি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এডিবি’র ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার প্রভাব থেকে রক্ষা পেতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরের উন্নয়নশীল অর্থনীতির সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ এডিবি।

এডিবি’র প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমাদের অঞ্চল অনিশ্চিত সময়ের মুখোমুখি হয়েছে। একটি টেকসই, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পুনরুদ্ধারে আমরা কাজ করছি। আমাদের সদস্যদের সঙ্গে কয়েক দশক ধরে সহযোগিতা নিয়ে পারস্পরিক বিশ্বাসের ভিত্তির উপর দাঁড়িয়েছি।’

এডিবি প্রেসিডেন্ট কোভিড-১৯ মহামারিজনিত কারণে ভার্চুয়াল এবং সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত এডিবি’র গভর্নর বোর্ডের ৫৩তম বার্ষিক সভার দ্বিতীয় অংশের ব্যবসায় অধিবেশন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

অঞ্চলটির উন্নয়ন পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে আসাকাওয়া বলেছেন, এডিবি এজন্য তাদের সদস্যদের সঙ্গে ছয়টি মূল খাতে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

প্রথম. এডিবির আঞ্চলিক সহযোগিতাকে আরও শক্ত করবে। যাতে সদস্যরা সেই সুযোগটি কাজে লাগিয়ে যেকোনো নতুন মহামারি সহজে মোকাবিলা করতে পারে।

দ্বিতীয়. যেহেতু কোভিড-১৯ আয়ের বৈষম্য এবং দারিদ্র্য বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। তাই এডিবি স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষায় বিনিয়োগ জোরদার করবে, যা সবার জন্য সুরক্ষা এবং সুযোগগুলো আরও নিশ্চিত করবে।

তৃতীয়. এডিবি জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টাকে আরও জোরদার করবে। দীর্ঘমেয়াদি কৌশল হিসেবে ২০৩০-এর মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ুখাতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করবে।

চতুর্থ. এডিবি স্বাস্থ্যের জন্য তথ্যপ্রযুক্তি এবং ডেটায় বিনিয়োগ করবে; শিক্ষা, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগের জন্য অর্থায়ন করবে। পাশাপাশি ডিজিটাল এবং সাইবার সুরক্ষায় কাজ করবে।

পঞ্চম. এডিবি তার সদস্যদের আন্তর্জাতিক কর সহযোগিতার মাধ্যমে অভ্যন্তরীণ সংস্থান জোরদার করতে সহায়তা করবে।

সবশেষে, এডিবি তার উন্নয়নশীল সদস্যদের নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিনগুলো সুরক্ষিত করতে ন্যায়সঙ্গত বিতরণের জন্য কৌশল গঠনের প্রচেষ্টাকে কাজে লাগাবে। এলক্ষ্যে এডিবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করতে থাকবে।

তিতাস কর্তৃপক্ষের প্রতিবেদন প্রত্যাখান মসজিদ কমিটির

0

বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় তিতাস কর্তৃপক্ষের প্রতিবেদনকে মিথ্যা বলে তা প্রত্যাখান করেছে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা জামে মসজিদ কর্তৃপক্ষ। এলাকাটিতে গ্যাসের সংযোগ নেয়ার আগেই মসজিদের কাঠামোর স্থাপনা করা হয়েছে বলে তাদের দাবি।

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে দুর্ঘটনার পর অনুসন্ধান করতে মসজিদের পাশের রাস্তা খুঁড়ে গ্যাসের পাইপে লিকেজের সন্ধান পায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গেল রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো এবারও কর্তৃপক্ষের মৌখিক অনুমতিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়া হয়েছিলো বলে দাবি মসজিদ কর্তৃপক্ষের। আর এলাকায় গ্যাস সংযোগ যাওয়ার আগে মসজিদটির বর্তমান স্থাপনা তৈরির দাবি করে পুরনো সংযোগ না সরিয়ে নতুন সরবরাহ লাইন দেয়ার কারণেই দুর্ঘটনায় এতো প্রাণহানি ঘটেছে বলেও দাবি তাদের।

এলাকাবাসীর অভিযোগ, গ্যাসের লিকেজ সারাতে ঘুষের টাকা তুলতে মুসল্লিদের কাছ থেকে আগস্টের ২৮ তারিখে চাঁদা তোলা হয়েছিলো।

এদিকে, দুর্ঘটনায় এমন প্রাণহানি বন্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি স্বজনহারাদের। অন্যদিকে, দুর্ঘটনায় নিহত ২৬ অসচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে স্টুডেন্ট অব নোয়াখালী নামের একটি সংগঠন।

গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরদিন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় তিতাস ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে।

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকল শীঘ্রই চালু হবে : শ্রম প্রতিমন্ত্রী

0

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বন্ধ ঘোষিত ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল জিটুজি, পিপিপি এবং লিজিং ব্যবস্থাপনায় শীঘ্রই চালু হবে। চালু হলে এ সকল মিলের অবসানকৃত শ্রমিকরা অগ্রাধিকার পাবেন।

আজ ঢাকার ডেমরা এলাকায় করিম জুট মিল প্রাঙ্গণে সরকারি সিদ্ধান্তে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহের অবসরপ্রাপ্ত/অবসানকৃত শ্রমিকদের সকল পাওনা পরিশোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাট চাষে কৃষকরা যাতে নিরুৎসাহিত না হয় সেজন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে টিকিয়ে রাখা প্রয়োজন। পাটজাত পণ্যের বৈচিত্র্যতা আনয়ন এবং কাঁচাপাট বেইল আকারে রপ্তানির বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে আরো উদ্যোগী হতে হবে। সকলের সহযোগিতায় সোনালী আঁশের হারানো গৌরব ফিরে আসবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

এ সময় করিম জুট মিলের ৩০ জন শ্রমিকের হাতে সঞ্চয়পত্র তুলে দেয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বক্তৃতা করেন।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

0

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজের সকল শ্রেণির মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডের আওতায় নিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে।

মন্ত্রী আজ ভার্চুয়্যাল প্ল্যাটফর্মে খুলনা জেলা প্রশাসন আয়োজিত খুলনা জেলার দাকোপ উপজেলায় বানিশান্তার যৌনপল্লীর শিশুদের আবাসিক শিক্ষা ও পুনর্বাসনের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার।

মন্ত্রী বলেন, যৌনপল্লীর শিশুদের শিক্ষার মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের গৃহীত উদ্যোগটি পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর জীবনমানোন্নয়নে দৃষ্টান্ত হয়ে থাকবে। অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

প্রায় এক কোটি ষাট লাখ টাকা ব্যায়ে খুলনা জেলার দাকোপ উপজেলার শতাব্দি প্রাচীন বানিশান্তা যৌনপল্লীর শতাধিক পরিবারের শিশুদের শিক্ষা প্রদান নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মিত হচ্ছে। পরে মন্ত্রী প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন রেলপথ মন্ত্রী’র

0

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন নতুন রেললাইন নির্মাণ কাজ আজ পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী কক্সবাজারের কাছে নির্মাণাধীন আইকনিক স্টেশন বিল্ডিংয়ের কাজ পরিদর্শন করেন। এছাড়া বনাঞ্চলের মধ্যে হাতি পারাপারের জন্য ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ কার্যক্রম দেখেন। এখানে তিনি ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।

এ সময় মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ফাস্ট ট্রাক ভুক্ত এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের একটি হচ্ছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের জন্য খুবই সহজ হবে এবং অধিক সংখ্যক দেশি-বিদেশি পর্যটক কক্সবাজারে আগমন করবে । রেল লাইনটি এ অঞ্চলের তথা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে রেলওয়ে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে। নতুন রেললাইন নির্মাণ-সহ নতুন ইঞ্জিন, কোচ ক্রয় করা, ডাবল লাইন নির্মাণ করা-সহ যাত্রীদের সেবা বৃদ্ধিকরণের জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সরকার সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার চেষ্টা করছে।
প্রকল্পটি এডিবির অর্থায়নে নির্মিত হচ্ছে। ২০২২ সালের জুনে এটি চালু হবার সম্ভাবনা রয়েছে। আগস্ট পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪২ শতাংশ।

আজ থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

0

করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন কাউন্টার থেকে ট্রেন টিকিট বিক্রি বন্ধ থাকার পর আজ থেকে আবারও বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে ঢাকাসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হয়।

করোনা পরিস্থিতিতে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কাউন্টারে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে আজ কাউন্টার থেকে টিকিট বিক্রির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশিরা। কারণ, যাত্রীরা আজ কালের টিকিটের চাহিদা করলেও দেয়া হচ্ছে ২১ সেপ্টেম্বরের টিকিট।

কর্তৃপক্ষ বলছেন, অনলাইনে আগেই ২০ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই আগামী ২১ তারিখ পর্যন্ত শুধুমাত্র এই একদিনের টিকিটই দেয়া হবে। বর্তমান নিয়মে ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে। বাকি অর্ধেক মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে কাটা যাবে।