Home Blog Page 2681

করোনা সঙ্কটে বাল্যবিবাহ বাড়ছে ভারতে

0

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে লকডাউনের ফলে বিরূপ প্রভাব পড়ছে ভারতের শিশুদের ওপর। শিশুশ্রম যেমন বাড়ছে, বাল্যবিবাহের হারও বৃদ্ধি পাচ্ছে সে দেশে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত ১৩ বছর বয়সী রানিকে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তবে রানি অন্যদের সহায়তায় নিজের বিয়ে থামাতে পেরেছে।

অষ্টম শ্রেণিতে পড়া রানির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় চলতি বছরের মার্চে লকডাউন শুরু হলে। তারপর পরিবার থেকে তার বিয়ের জন্য চাপ আসতে থাকে।

রানি এ ব্যাপারে জানায়, হুট করেই আমার বিয়ের তোড়জোর শুরু হয়ে যায়। আমি বুঝি না, কেন সবাই মেয়েদের বিয়ের জন্য এতো অল্প বয়সেই উঠেপড়ে লাগে।

অথচ, ভারতে মেয়েদের বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেওয়া অন্যায়। কিন্তু দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক বাল্যবিবাহ হয়। ইউনিসেফের তথ্যানুসারে প্রতি বছর ভারতে ১৫ লাখের বেশি মেয়ের বিয়ে ১৮ বছর বয়সের আগেই হয়ে যায়।

এ বছর অন্য বছরের তুলনায় এরই মধ্যে ১৭ শতাংশ বাল্যবিবাহ বেড়েছে। এক কোটির বেশি মানুষ ভারতের বিভিন্ন শহর ছেড়ে গ্রামে ফিরে গেছে। অনেকেই কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। ফলে মেয়েদের নিয়ে তারা শঙ্কায় পড়ে গিয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চরম সঙ্কটের মধ্যে অভিভাবকরা যখন মেয়ের বিয়ের প্রস্তাব পাচ্ছে, তখন আর না করতে পারছে না। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে।

সূত্র : বিবিসি

হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা

0

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ আগস্ট কওমি মাদ্রাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের জন্য কতিপয় শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হয়।

এতে বলা হয়, আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসাটি পুনরাদেশ না দেয়া পর্যন্ত নির্দেশক্রমে বন্ধ করা হলো।

বিভিন্ন দাবিতে বুধবার থেকে হাটহাজারী মাদ্রাসায় বিক্ষোভ করছে ছাত্ররা। এর আগে বুধবার রাতে ছাত্রদের আন্দোলনের মুখে হাটহাজারী মাদ্রাসা থেকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি দেওয়া হয়। তবে বৃহস্পতিবারও ছাত্রদের বিক্ষোভ অব্যাহত থাকে।

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ

0

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে এবার আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৎস্য অধিদফতরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুদও নিষিদ্ধ থাকবে

নারায়ণগঞ্জে মসজিদটি নির্মাণে কোন নিয়মই মানা হয়নি: তদন্ত কমিটি

0

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদটি নির্মানের সময় গ্যাসের পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দুই গ্রাহক গোপনে মাটির নীচ দিয়ে গ্যাসের রাইজার টেনে নেয়। এমনটিই তথ্য পাওয়া গেছে তিতাসের তদন্ত প্রতিবেদনে।

তদন্ত কমিটির প্রধান আব্দুল ওয়াহাদ বলেন, তিতাস গ্যাসের নিয়ম কানুন না মেনে, অবহিত না করে গ্রাহক তাদের নিজ উদ্যোগে স্থানীয়ভাবে তাদের রাইজারগুলো নরমালভাবে প্লাগ এবং সকেট দিয়ে স্থানান্তর করেছে। এটা ১৯৯৮ সালের ঘটনা। আর আমাদের এই লাইনগুলো ১৯৯৬ সালে দূর্ঘটনাস্থলে নিচে বসানো ছিল, তারা আমাদের নিয়ম না মেনে আমাদের লাইনের নিচে দিয়ে বেইজমেন্ট করেছে। এছাড়া ২০০০ সালে নিয়ম না মেনেই মসজিদের স্থাপন করে। মসজিদটি তৈরি করার সময়ই তারা লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের তদন্ত কমিটি বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে জ্বালানী প্রতিমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

গত ৪ঠা সেপ্টেম্বর এশার নামাজের সময় তল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩১ জন।

সমালোচনায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন : প্রধানমন্ত্রী

0

সমালোচনায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কে কী বলল, কে কী লিখলো ওইদিকে কান দিলে কোনো কাজ করতে পারবেন না। নিজের ওপর বিশ্বাস থাকতে হবে, নিজের ওপর আস্থা থাকতে হবে। আপনি সঠিক কাজটি করছেন কিনা। আস্থাটা থাকলে কাজের ফল দেশবাসী পাবে, দেশের মানুষ পাবে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সচিবালয়ে মন্ত্রিপরিষদ আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
সরকারি কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে আগামী এক বছর মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করবে, আজ সপ্তমবারের মতো সেই চুক্তি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় ২০১৮-১৯ অর্থবছরের চুক্তি বাস্তবায়ন ও শুদ্ধাচার চর্চায় শীর্ষস্থান অর্জন করা মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয়।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক সমালোচনা অনেকে অনেক কিছু করে। কিন্তু আমি মনে করি যে স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। এবং সেই সময় তাৎক্ষণিকভাবে যে কাজগুলো করার দরকার ছিল, সেটা কিন্তু যথাযথভাবে করা হয়েছে বলেই এই কোভিড-১৯ কে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এই মহামারীর মধ্যেও যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, আর তা করতে গিয়ে অনেকের যে মৃত্যুও হয়েছে, সে বিষয়টি সবাইকে ‘মাথায় রাখতে’ অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
সমালোচকদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আমাদের দেশে এক শ্রেণির লোক থাকে, তারা সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খসলে অনেক কথা বলবে, কিন্তু নিজেরা কিছু করবে না। আর আমি তো বেসরকারি টেলিভিশন অনেক দিয়ে দিয়েছি, তার পরে আছে বিদ্যুৎ। আর এখন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। এরা এক সময় সমালোচনা করেছিল, সেই ডিজিটাল বাংলাদেশেই আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার তারা চালাতে থাকবে সেটা বলুক।’
প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ আসবে, দুর্যোগের জায়গাই বাংলাদেশ। কিন্তু সেই দুর্যোগ মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অর্থনীতি যাতে কোনোরকম বাধাগ্রস্ত না হয় বা গতিশীল থাকে আমরা যে প্রণোদনা প্যাকেজগুলো দেওয়া শুরু করলাম এটা কিন্তু পৃথিবীর কোনো দেশ আমাদের আগে দিতে পারেনি। আমরাই প্রথম।
অর্থ মন্ত্রণালয় সাধারণত কিছু দিতে গেলে তো হাত টেনে রাখে, কিপটেমি করে। এবারে কিন্তু কিপটেমি করেনি। সবাইকে হাত খুলে যেখানে যেটা দরকার আমরা দিয়ে দিয়েছি। সেভাবে দেওয়া হয়েছে বলেই আজকে আমাদের প্রণোদনা প্যাকজে দিলাম, এ প্রণোদনা প্যাকেজ দেওয়ার ফলে আমাদের অর্থনীতির চাকাটা সচল থেকেছে। ডিজিপির প্রায় ৪ দশমিক শূন্য ৩ শতাংশ, আমরা প্রণোদনা প্যাকেজ হিসাবে দিয়েছি। নগদ টাকা দিয়েছি। সরকারি টাকার বাইরে আমি নিজে অর্থ সংগ্রহ করে সহায়তা দিয়েছি।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি দলীয়ভাবে বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষ আমরা পালন করবো এই কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে পারলাম না। কিন্তু সেই সঙ্গে সীমিত আকারে করলেও আমাদের লক্ষ্যটা হলো, আমরা আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এক কোটি বৃক্ষরোপণ করবো। আবার সরকারিভাবেও সিদ্ধান্ত দিয়েছি বৃক্ষরোপণের। পাশাপাশি প্রত্যেকটা গৃহহারা মানুষ ভূমিহীন মানুষদের গৃহ নির্মাণ করে দেবো। এ বিষয়ে অনুরোধ করবো যারা একেবারে ভূমিহীন, গৃহহীন তাদের আমাদের অগ্রাধিকার দিতে হবে। একটি মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না। সবাইকে আমরা অন্তত একটা মাথা গোঁজার ঠাঁই করে দেবো। এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। ঘরে ঘরে বিদ্যুৎ, আল্লাহর রহমতে সেটা আমরা এই বছরের মধ্যেই সম্পন্ন করতে পারবো, এই বিশ্বাস আমার আছে।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

0

নাব্য সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চলাচলের কথা থাকলেও ঘাট থেকে ছাড়েনি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় দুই দিন ফেরি বন্ধ থাকার পর গতকাল কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি রো রো ফেরি ছেড়ে যায়। প্রায় ৮ ঘণ্টায় শিমুলিয়া ঘাটে পৌঁছায় ফেরিটি।

বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক জানান, দুটি ফেরি পরীক্ষামূলক চলাচলের পর তাতে সময় বেশি লাগায় ফেরি চালাচল বন্ধ রাখছেন তারা। লৌহজং চ্যানেলের নাব্য সংকট নিরসন হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। এদিকে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৯৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৪ হাজার ৮৫৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫০ হাজার ৪১২ জনে।
আজ বৃহস্পতিববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবে কীভাবে? বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তার নিজ দফতরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এ কথা তিনি।
খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছর ধরে আন্দোলনের হাঁকডাক শুনছি। দেশের জণগণ তাদের আন্দোলনের সক্ষমতাও ইতোমধ্যে দেখে ফেলেছে। বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত বেগম জিয়ার জন্য করতে পারেনি। এ ব্যর্থতা ঢাকবে কী করে?
তিনি বলেন, দেশে এ মুহূর্তে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই। বিএনপির সাবজেক্টিভ কোনও প্রিপারেশন নেই। ক্ষমতার পালাবদল চাইলে অন্য কোনো অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।
খালেদা জিয়ার জামিন বিএনপি আন্দোলনের ফসল নয়, শেখ হাসিনার মহানুভবতা- উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে বেগম জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথেমে ছয় মাস, পরে আরও ছয় মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন। তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়। এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ।
ওবায়দুল কাদের করোনা প্রসঙ্গে বলেন, ‘বিশেষজ্ঞের মতে আসন্ন শীতে সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ আঘাত হানতে পারে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।’
তিনি বলেন, এরই মাঝে বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয় তরঙ্গ আঘাত এনেছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রতিদিন নব্বই হাজার থেকে এক লাখ রোগী শনাক্ত হচ্ছে। তাই এ প্রেক্ষাপটে কোনোভাবেই হেলাফেলার সুযোগ নেই। সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে জীবন ও জীবিকার চাকা এগিয়ে নিয়ে যেতে হবে। সামান্য অবহেলা আমাদের ঝুঁকিতে ফেলতে পারে।

‘আগাম ঘোষণা ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ করায় অনুতপ্ত ভারত’

0

আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করায় ভারত অনুতপ্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, পেঁয়াজ রফতানি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর ভারতের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তবে ভারত আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত বলে আমাদের জানিয়েছে।
চলতি বছর ১৪ সেপ্টেম্বর ভারত থেকে হঠাৎ করেই দেশে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়। তবে, ওই দিন রাতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের তিন ধারা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। তবে, পেঁয়াজের কুচি, পাউডার ও অন্যকোনো অবস্থায় পেঁয়াজ রফতানি অব্যাহত থাকবে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
এর আগে অস্থিতিশীল পেঁয়াজ বাজার বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, পেঁয়াজ আমদানির বিকল্প বাজার খুঁজছে সরকার। ভারত থেকে এলসির মাধ্যমে ক্রয়কৃত পেঁয়াজ যেগুলো সীমান্ত পার হওয়ার অপেক্ষায় আছে, সেগুলো দু-একদিনের মধ্যে দেশে আসবে। তুরস্ক ও মিসর থেকে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি করা হচ্ছে, অল্প কিছু দিনের মধ্যে এগুলোও দেশে পৌঁছবে।
তিনি বলেন, টিসিবি এবার বড় ধরনের পেঁয়াজের মজুদ গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। ভারত পেঁয়াজ রফতানি বন্ধের আগেই আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এগুলো ক্রয় করা হয়েছিল। আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরবে। ভোক্তারা পেঁয়াজ ব্যবহারে একটু সাশ্রয়ী হলে কোনো সমস্যা হবে না।
গত মঙ্গলবার হঠাৎ করে ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় একদিনেই অস্থির হয়ে ওঠে সারা দেশে পেঁয়াজের বাজার।
পেঁয়াজ আমদানির প্রধান উৎস ভারত হলেও, গত বছর দেশটিতে দাম বেড়ে যাওয়ার পর রফতানি বন্ধ করে দেয়। দাম বেড়ে যায় বাংলাদেশেও। বিকল্প একাধিক দেশ থেকে তখন পেঁয়াজ আমদানি করা হয়। এবারও দাম বাড়ায় হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। সে অজুহাতে দাম বাড়িয়ে দেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

ডিএনসিসির কাউন্সিলর সেন্টুকে দুদকে জিজ্ঞাসাবাদ

0

অবৈধ ক্যাসিনোর কারবারে মাধ্যমে ‘বিপুল সম্পদ’ অর্জন, বাড়ি দখলসহ বিভিন্ন অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ কথা জানান।
সরকারি কর্মকর্তাদের ‘ঘুষ দিয়ে’ বড় বড় কাজ বাড়িয়ে নেওয়া, বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনোর কারবারে ‘শত শত কোটি টাকা’ অর্জন করে বিদেশে পাচারের অভিযোগে আলোচিত ঠিকাদার জি কে শামীমসহ কয়েকজনের বিরুদ্ধে এক বছর ধরে অনুসন্ধান করছে দুদক। এর অংশ হিসেবেই শফিকুল ইসলাম সেন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন।
গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মতিঝিলের ক্লাবপাড়ায় অবৈধভাবে চালানো ক্যাসিনো বন্ধে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান শুরু হলে এ কারবারে যুবলীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সম্পৃক্ততার তথ্য উঠে আসে। ওই অভিযানের মধ্যেই নিজের অফিস থেকে বিপুল পরিমাণ অর্থসহ গ্রেফতার হন যুবলীগ নেতা পরিচয় দিয়ে ঠিকাদারি ব্যবসা চালিয়ে আসা জিকে শামীম।
ক্যাসিনোকাণ্ডে জড়িতদের অবৈধ সম্পদের খোঁজে গত বছরের ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানে নামে দুদক। প্রায় ২০০ জনের তালিকা ধরে ওই অনুসন্ধান চলছে।
দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এই অনুসন্ধান করছেন। দলের অপর সদস্যরা হলেন উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. সালাহউদ্দিন, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।