Home Blog Page 2682

অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ

0

রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করে এ দাবি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু।
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে সাহেদের আইনজীবী যুক্তি উপস্থাপন শুরু করেন। এদিন সাহেদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় রবিবার পরবর্তী দিন ধার্য করেন আদালত।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ। এসময় আদালত তাকে সাফাই সাক্ষী দিবেন কি-না প্রশ্ন করলে সাহেদ সাফাই সাক্ষী দেবেন না বলে জানান। এর পর আদালত রাষ্ট্রপক্ষের যুক্তিউপস্থাপনের জন্য এদিন ধার্য করেন।
আত্মপক্ষ সমর্থনে সাহেদ বলেন, আমার কাছে থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি।
মামলায় ১৪ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
করোনায় নানা প্রতারণার অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে করা মামলায় পরদিন সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর পর তাকে নিয়ে উত্তরায় অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক এস এম গাফফারুল আলম তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করে।
৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল।
২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল

0

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩০ হাজার ৮৩৯। এর মধ্যে ৯ লাখ ৪৫ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ১৭ লাখ ৯৭ হাজার ৯১৮ জন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ২৮ হাজার ৩০১। মৃত্যু হয়েছে দুই লাখ এক হাজার ৩৪৮ জনের।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১৫ হাজার ৮৯৩। এর মধ্যে ৮৩ হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২১ হাজার ৬৮৬। এর মধ্যে এক লাখ ৩৪ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২২৩। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক আর নেই

0

সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুক আর নেই। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি … রাজিউন)।
২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিন দিনের বেসরকারি টেস্ট ম্যাচে শামীম কবিরের নেতৃত্বে খেলেছিলেন এ এস এম ফারুক । এ ছাড়া ফারুকের নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা জয় করে ঐতিহ্যবাহী মোহামেডান।
খেলোয়াড়ী জীবন শেষে বিভিন্ন সময় দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদেও দায়িত্ব পালন করেন প্রয়াত সাবেক এই ক্রিকেটার। ২০০৭ সালে গেম ডেভলোপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাজমুল হাসান পাপনের নেতৃত্বধীন টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার। ২০১৬ সালে অনঝর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া ২০০৭ সালে আফ্রো এশিয়া কাপে নির্বাচকের ভূমিকাতে ছিলেন প্রয়াত এই ক্রিকেটার।

গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় থেকে ফের কম্পিউটার চুরি

0

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফের কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এবার বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দুটি কম্পিউটার চুরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি তছলিম আহম্মদ।
তিনি বলেন, চুরির ঘটনাটি ঠিক কবে কীভাবে ঘটেছে এ বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে রেজাল্ট সংক্রান্ত কাজে গতকাল (১৫ সেপ্টেম্বর) বিভাগ খুললে ছাউনি ভাঙাসহ দুটি কম্পিউটার ও ওয়াইফাই রাউটারের খোঁজ পাইনি। বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি।
এদিকে চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো আমরা কিছু জানতে পারিনি। তবে শুনেছি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দুটি কম্পিউটার চুরি হয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদালয়ের এক শিক্ষার্থীসহ সাতজনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া ২০১৭ এবং ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শতাধিক কম্পিউটার চুরির ঘটনা ঘটেছিল।

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানোর চিন্তা : অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা হবে। যদি রাজস্ব খাতে কোনো কিছু করার থাকে অবশ্যই ছাড় দেওয়া হবে। অতীতেও বিবেচনা করা হয়েছে, এখনও করা হবে।

আজ বুধবার অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের জনগণের দুর্দশা বাড়ুক এটা আমরা চাই না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা কেউই এ প্রত্যাশা করি না। যদি রাজস্ব খাতে কোনো কিছু করার থাকে অবশ্যই ছাড় দেওয়া হবে। অতিতেও বিবেচনা করা হয়েছে এখনও বিবেচনা করা হবে।

ব্যবসায়ীদের অসৎ উদ্দেশ্যে তিনি বলেন, যদি কোনো কারণে রাজস্ব বাড়িয়ে দেই, সে কারণে যদি দাম বাড়ে সেটার জন্য অর্থ মন্ত্রণালয় দায়ী। বাকি অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে দেখাশোনা করছে। অতীতেও সমস্যা হয়েছিল পড়ে তা সমাধান হয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার কিছু বলা লাগবে না। এখন যে আলোচনা হয়েছে তাই পরিষ্কার মেসেজ।

এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) জিডিপি নিয়ে পূর্বাভাসের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এডিবি তো সারা বছরই কাজ করে। আমরা করি বছরে একবার। তারা বছরে একাধিকবার করে। তারা আমাদের সম্পর্কে খারাপ বলেনি। আমরা কাজ শুরু করেছি। তারা বলেছে আমাদের জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ হবে।

তিনি বলেন, আমরা ছয় দশমিক আট শতাংশ জিডিপির প্রবৃদ্ধি যদি করতে পারি তাহলে আমরা সাউথ এশিয়া না সাউথ ইস্ট এশিয়ার সব দেশের মধ্যে আমরা তিন নম্বরে থাকবো। আর গত বছর যেটা ছিল পাঁচ দশমিক ২৪ সেটাও এ অঞ্চলের মধ্যে সবার উপরে। এখন এবছরও ছয় দশমিক আট সেটা বিবেচনা করেন তাহলে আমাদের উপরে থাকে মাত্র ভারত আর চীন। আমি মনে করি আমরা ভালোভাবে এগুচ্ছি। এটি আমাদের জন্য কম অর্জন নয়।

৩০ দিনের মধ্যে তিতাসের লাইনের উপর যেকোনো স্থাপনা সরাতে নির্দেশ

0

বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনের উপর যেকোনো ধরনের স্থাপনা সাময়িক বা স্থায়ীভাবে নির্মাণ করা আইনত দ-নীয় অপরাধ। এই অবস্থায় তিতাস গ্যাসের স্থাপিত সঞ্চালন ও বিতরণ লাইনের উপর কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করা হলে তা নিজ নিজ দায়িত্বে আগামী ৩০ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটিডের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে না ফেললে এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্যাস পাইপলাইনের উপর স্থাপনা নির্মাণ করার ফলে পাইপলাইনের মারাত্মক ক্ষতি হয় এবং এর থেকে গ্যাস লিকেজ, বিস্ফোরণ, অগ্নিকা-ের মত দুর্ঘটনা ঘটে। তাই গ্যাস পাইপলাইনের উপর কোনো অবৈধ স্থাপনা থাকলে তা দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে পাইপলাইনের উপর কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা-৫ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে ইসি

0

ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জানানো হবে প্রার্থীদের।

বুধবার ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের রির্টানিং কর্মকর্তা জি এম মোতাহার উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

ইসির তফসিল অনুযায়ী, ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর (রোববার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ আগামী ২৮ সেপ্টেম্বর।

গত ৬ মে বার্ধক্যজনিত কারণে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ফলে এ আসনটিও শূন্য হয়।

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ৩০শে সেপ্টেম্বর

0

অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেয়ার মামলার রায় ঘোষণা হবে ৩০শে সেপ্টেম্বর। প্রায় ২৮ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার দিন অভিযুক্ত বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানিসহ সবাইকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি৷ বর্তমানে যেখানে রাম মন্দির তৈরির কাজ চলছে সেখানেই ছিল বাবরি মসজিদ। কিন্তু একাধিক বিতর্ক, ধর্মান্ধতা ও রাজনৈতিক অস্থিরতার শিকার হয় বাবরি।

১৯৯২ সালের ডিসেম্বরে গুঁড়িয়ে দেয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। বিজেপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোসি, উমা ভারতী, প্রাক্তন রাজ্যপাল ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ার সহ একাধিক ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত।

এই মামলায় ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই, যার মধ্যে ১৭ জনই বিচার চলাকালে মারা গেছেন।

বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত

0

বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার করোনা টেস্টে তার পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বাহাউদ্দিন নাছিমের ছোট ভাই মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন ইয়াদ। হালকা জ্বর, ঠান্ডাজনিত কারণে মঙ্গলবার তিনি করোনার টেস্ট দেন। বুধবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান খালিদ হোসেন ইয়াদ।

অর্থবহ জীবন সম্পর্কে যুবসমাজের সম্যক ধারণা থাকতে হবে: শিক্ষা উপ-মন্ত্রী

0

শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমান বাস্তবতায় যুবসমাজকে জানতে হবে অর্থবহ জীবন বলতে কী বুঝায় এবং জীবনের অত্যাবশ্যকীয় উপাদান কী কী। যুবসমাজকে জানতে হবে সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষ কীভাবে সুখ, শান্তি ও টেকসই জীবনযাপন করতে সক্ষম হবে।
উপ-মন্ত্রী অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভস এবং সেইভ ইয়ুথ বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী ইয়ুথ প্রমিজ লিডারশিপ সামিটের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপ-মন্ত্রী সমতা, ন্যায্যতা ও অন্তর্ভুক্তির ভিত্তিতে ধর্মনিরপেক্ষ একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে যুবসমাজের প্রতি আহ্বান জানান। গ্রাজুয়েশন সম্পন্ন করে চাকরি খোঁজার গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।
করোনা মহামারীতে যুবসমাজের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যুবসমাজ করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার তৈরি করেছে, করোনা রোগীদেরকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, তাদেরকে খাদ্য সহায়তা দিয়েছে।