Home Blog Page 2683

তুরস্ক, মিসর থেকে পেঁয়াজ আমদানি করবে সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

0

দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে একাধিক দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্তের আলোকে ইতোমধ্যে তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আমদানি করা পেঁয়াজের চালান আগামী মাসের শুরুর দিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি নিরবচ্ছিন্ন রাখতে যত তাড়াতাড়ি সম্ভব পেঁয়াজ রপ্তানিতে ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা।

এ বিষয়ে শিগগিরই বাংলাদেশ ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বলে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানিয়েছেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে জানার পরপরই নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে।

শাহরিয়ার বলেন, এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভারত বাংলাদেশকে অবহিত করবে এমন একটি অলিখিত সমঝোতা আছে।

একই বিষয়ে ভারত আগে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে এরকমই কথা হয়েছিল বলে জানান তিনি। সোমবার থেকে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে পার্শ্ববর্তী দেশ ভারত।

অর্থনৈতিকভাবে মোটামুটি ভালো অবস্থায় আছি আমরা : প্রধানমন্ত্রী

0

করোনার কারণে শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা করে দেশের অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা করে যাচ্ছে। অনেকে ধারণা করছিলেন আমাদের রেমিট্যান্স কমে যাবে। রেমিট্যান্স কিন্তু কমেনি। আমরা দুই শতাংশ বিশেষ প্রণোদনা দিয়েছি, যার কারণে বেড়েছে। অনেকেই ভাবতেই পারনি রেমিট্যান্স এত বাড়বে। আমাদের রিজার্ভ ৩৯ দশমিক ৪০ মার্কিন ডলার। রিজার্ভও ভালো অবস্থানে। অর্থনৈতিকভাবে মোটামুটি ভালো অবস্থায় আছি আমরা।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দীর্ঘ বিরতির পর এ সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণের কারণে এতদিন আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত ছিল।
সভায় শেখ হাসিনা বলেন, আমরা করোনাভাইরাসের কারণে এতদিন মিটিং করতে পারিনি। এখন আস্তে আস্তে কিছু মিটিং শুরু করছি। সেই জন্য এ সভাটার আয়োজন করছি। দুঃখের বিষয় হলো করোনাভাইরাসে আমরা অনেক মানুষকে হারিয়েছি।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে একমাত্র আওয়ামী লীগেরই ইকোনমিক পলিসি আছে। সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই। এখন আমরা সরকারে আছি এজন্য আমাদের দায়িত্ব হলো শুধু বর্তমান নয়, আগামী দিনে নতুন প্রজন্মের জন্য দেশটা কীভাবে এগিয়ে যাবে, দেশ কীভাবে চলবে, এখন থেকে সেই প্রস্তুতি আমরা নিয়ে রাখব। নির্দেশনা দিয়ে দেব। এখন আমরা যেটা করছি সময়ের বিবর্তনে হয়তো তা সংশোধন করতে হবে। পরিবর্তন করতে হবে। পরিশোধন করতে হবে। এটা করতেই হবে। এটা নিয়ম।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তন করতে হবে তা আমরা জানি। কিন্তু তার পরও একটা ফ্রেমওয়ার্ক, একটা ধারণাপত্র অথবা একটা দিকনির্দেশনা; সেটা যদি সামনে থাকে তাহলে যেকোনও কাজ খুব সহজে হয়। যারাই আসুক ভবিষ্যতে তারাই করতে পারবে। কারণ আমাদের তো বয়স হয়ে গেছে। আমার তো ৭৪ বছর বয়স। কাজেই সেটাও মাথায় রাখতে হবে। আর কতদিন! কাজেই তারপরে যারা আসবে তারা যেন দিকহারা না হয়ে যায়। তারা যেন একটা দিকনির্দেশনা থাকে, একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। সে জন্য আমরা প্রথম প্রেক্ষিত পরিকল্পনা করলাম। এর পর দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা করে দিলাম। ২০৪১ সাল পর্যন্ত কী হবে।
তিনি বলেন, ২০০৮ সালে সরকার গঠন করে ২০১০ সালে আমরা পরিপ্রেক্ষিত পরিকল্পনা নিয়েছিলাম ২০১০ থেকে ২০২০। সেখানে এখন আমরা ২০২১ থেকে ২০৪১ সেই প্রেক্ষিত পরিকল্পনাও প্রণয়ন করেছি। বাংলাদেশ হচ্ছে একটা ডেল্টা। আমাদের বদ্বীপ।
এই বদ্বীপের ভবিষ্যৎ চিন্তা করে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের নদীগুলোর ভাঙন হচ্ছে, নদীগুলোর ক্ষতি হচ্ছে। নদীগুলোকে বাঁচানোর জন্য এটা দরকার। আমরা ডেল্টা প্ল্যান যেটা করেছি। ডেল্টা প্ল্যানের লক্ষ্য, আমাদের যতগুলি বড় নদী এবং যা আছে, আমরা নদী ড্রেজিং করে নদীর নাব্য বজায় রেখে এই বদ্বীপটা রক্ষা করা এবং সুরক্ষিত করা। আমাদের দেশের মানুষকে কীভাবে সুন্দরভাবে একটা জীবন দেওয়া যায়, অর্থনৈতিক উন্নয়নটা ত্বরান্বিত করা যায় সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করেছি, বাস্তবায়ন করছি। জাতিসংঘ ঘোষণা দিয়েছে-এসডিজি-২০৩০। সাসটেইনবেল ডেভলপমেন্ট গোল। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নটা একটা স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন হবে। সেখানে যে ধারাগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য সেগুলি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা এমডিজি বাস্তবায়নে সাফল্য অর্জন করেছিলাম। এসডিজি বাস্তবায়নেও আমাদের সাফল্য আসবে, এ জন্য আমরা ঠিক আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য ধারাগুলো সেগুলো নিয়ে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, ২০২০ সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। ২০২১ সাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। ২০২০ থেকে ২০২১ এটাই আমরা মুজিববর্ষ ঘোষণা দিয়েছি। কাজেই ২০২১ সালের মধ্যে আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশে দারিদ্র্যের হার আমরা কমিয়ে ১৬-১৭’র মধ্যে নামিয়ে নিয়ে আসব। ইতোমধ্যে ২০ভাগ নামিয়ে এনেছি, যেখানে ৪০ভাগ ছিল। সেটা আমরা ২০ দশমিক ৫ ভাগে নামিয়ে এনেছিলাম। করোনার কারণে আমাদের এসবকাজ একটু শ্লথ হয়ে গেছে এটা ঠিক। কিন্তু আমরা মনে করি যে, এই দারিদ্র্য যেন আবার মানুষকে গ্রাস করতে না পারে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রণোদনা প্যাকেজ দিচ্ছি। পাশাপাশি একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আর্থিকভাবে মানুষ চলতে পারে তার ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। এই কারণে কোনোভাবে সাধারণ মানুষের যেন কষ্ট না হয়।
নিম্ন আয়ের সাধারণ মানুষকে নগদ অর্থ প্রণোদনার কথা তুলে ধরে বিভিন্ন প্রণোদনা কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার মনে হয়, একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলে এইভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করেছে এবং মানুষকে সহযোগিতা করেছে। অন্য কোনও দল হলে এটা মোটেই করতো না। বরং তারা দেখতে যে, কীভাবে এখান থেকে ফায়দা লুটতে পারে। কিন্তু আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। এটা আমাদের নীতি, এটা আমাদের লক্ষ্য। এটা জাতির পিতা আমাদের শিখিয়েছেন। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি।
করোনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহায়তার প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, আপনারা শুনলে অবাক হবেন, এমনকি রিকশার পেছনে যারা পেইন্টিং করে তাদের খোঁজ করে তাদের সাহায্য দেওয়া। এমনকি আমাদের আর্টিস্ট; যারা যন্ত্র সংগীতের সঙ্গে আছে যাদের কোনো স্থায়ী চাকরি নেই তাদেরও আমরা সাহায্য করেছি। বিভিন্নভাবে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। কাজেই এভাবে কাজ করে যাচ্ছি।

জনগণের হাতের চেয়ে লম্বা হাত আর কারো নেই: আতিকুল

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, জনগণের হাতের চেয়ে লম্বা হাত আর কারো নেই। খাল দখলদারদের হুশিয়ার করে তিনি বলেন, আপনাদের হাত যতই লম্বা হোক না কেন, জনগণের হাতের চেয়ে লম্বা নয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তরখানের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মেয়র আতিকুল ইসলাম বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ৪৫ নম্বর ওয়ার্ডের উত্তরখান কলেজিয়েট স্কুল মাঠে, দুপুর সাড়ে ১২টায় ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসের সামনে এবং দুপুর আড়াইটায় ৪৪ নম্বর ওয়ার্ডের বাথাইড় মাঠে তিনটি পৃথক জনসভায় অংশ গ্রহণ করেন।

জনসভায় মেয়র বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ৪ হাজার ২৫ কোটি টাকার প্রকল্প পাশ করে দিয়েছেন। এখানকার রাস্তাগুলো চওড়া হবে, ১৩টি খাল আছে, এগুলোর অনেক জায়গায় দখল হয়ে আছে। এই ১৩টি খাল পুনরুদ্ধার করে উন্নয়ন করা হলে জলাবদ্ধতা নিরসন হবে। তিনি আরো বলেন, যাদের ক্ষমতা আছে, যারা শুধু নিজের চিন্তা করে, জনগণের কী হবে তা চিন্তা করেনা। এই খালগুলো জনগণকে নিয়ে আমরা উদ্ধার করবো। জনগণ পাশে থাকলে খাল উদ্ধার হবেই। এই ঢাকা শহরের গার্ডিয়ান আছে। আপনারাই তাদেরকে নির্বাচিত করেছেন ভোটের মাধ্যমে। কেউ চাইলেই অবৈধভাবে কিছু করতে পারে না।

মেয়র আরও বলেন, রাস্তা প্রশস্ত করতে গেলে অনেক স্থাপনা ভাঙ্গা পড়তে পারে। ডিএনসিসির ম্যাপিং অনুযায়ী রাস্তার দুই পাশে যার স্থাপনাই থাকুক না কেন, সেগুলো ভেঙ্গে আমাদের রাস্তা করতে হবে। দখলকৃত রাস্তা, খাল উদ্ধারে তিনি জনগণের সহায়তা চান। তিনি আরো বলেন, আমরা খাল উন্নয়নের যে ডিজাইন করেছি, সেখানে খালের দুই পাশে হাটার রাস্তা থাকবে, সেখানে গাছ লাগানো হবে, সাইকেল লেন থাকবে। এটি ব্যক্তিগত কারো জন্য নয়, বরং জনগণের জন্য।

নতুন ওয়ার্ডগুলোর হোল্ডিং ট্যাক্স আদায় সম্পর্কে মেয়র বলেন, এই এলাকার জন্য হোল্ডিং ট্যাক্সের রেট চার্ট করেছি, তবে কোন ঘর-বাড়ি থেকে এখনই ট্যাক্স নেব না; রাস্তা, ফুটপাত ইত্যাদি নির্মাণ করার পরে ট্যাক্স নিব। কিন্তু বাণিজ্যিক প্লট, কারখানা ইত্যাদি থেকে অবিলম্বে ট্যাক্স নেওয়া হবে। ব্যবসা করবেন, ট্যাক্স দিবেন না এটা হতে পারে না। তিনি আরো বলেন, খাস জমিতে কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, পার্ক, মার্কেট ইত্যাদি নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জনগণই আমাদের শক্তি। মেহনতি ও খেটে খাওয়া মানুষসহ সকলের জন্য আমরা একটি সুন্দর ঢাকা শহর দেব। মেয়র আরো বলেন, টেকসই উন্নয়নের জন্য আগে ড্রেন তৈরি করে তারপরে রাস্তা নির্মাণ করবো। ঝুলন্ত তারের জন্য প্রথম বারের মতো ডাক্টিং সিস্টেমের মাধ্যমে মাটির নিচ দিয়ে চলে যাবে। উত্তরখানের এই তিনটি ওয়ার্ডে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মেয়রের পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো: সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নুল আবেদীন, ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা, ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার পর্যন্ত চলবে একাদশ শ্রেণিতে ভর্তি

0

আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। গত রোববার এ শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি হচ্ছেন। ভর্তি শেষে আগামী অক্টোবর থেকেই অনলাইন ক্লাস শুরু হতে পারে বলে জানা যায়।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে পারে। তবে করোনা পরিস্থিতির কারণে শুধু অনলাইনে এই ক্লাস চলবে। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিলে সরাসরি ক্লাস নেয়া যাবে।’

এর আগে এ ভর্তির কার্যক্রম ১৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও তা পরে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। ভর্তির ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা ইতোমধ্যে সরকার প্রকাশ করেছে। এরপরও ৮ সেপ্টেম্বর পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। তাদের মধ্যে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তির আবেদন করেন। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, প্রশংসাপত্রসহ কোন প্রকার প্রামাণ্যপত্র গ্রহণ না করতে বলা হয়েছে।

এই স্তরে স্বাভাবিক ভর্তি কার্যক্রম হয়ে থাকে জুনের শেষের দিকে। আর ক্লাস শুরু হয় ১ জুলাই। সেই হিসাবে ভর্তিতেই বিলম্ব হয়েছে প্রায় তিন মাস। করোনা পরিস্থিতির উন্নতি না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে ক্লাস শুরুর চিন্তা করছে সংশ্লিষ্ট্র কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ১ অক্টোবর বাজারে বিক্রির জন্য ছাড়া হবে পাঠ্যবই।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। গত ৯ আগস্ট সকাল সাতটা থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়।

কক্সবাজারের এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

0

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিদের মধ্যে রয়েছেন কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। কক্সবাজার থেকে তাকে রাজশাহী জেলার পুলিশ এসপি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যান্যদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদরদফতরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কক্সবাজারে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই লিয়াকতসহ সাতজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় ঘুরেফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে।
সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়।

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৬১৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮২৩ জনে।
একই সময়ে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ২৫৮টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও নারী পাঁচ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী ও সিলেট বিভাগে এক জন করে দুই জন। এছাড়া খুলনা বিভাগে চার জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২০ জন, বাড়িতে এক জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩১২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৭ হাজার ৮০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬০ হাজার ৪৮৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩২০ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

0

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই প্রজ্ঞাপন বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অবসরপ্রাপ্ত সিনিয়র জনাব মো: সোহরাব হোসাইনকে তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ার‌ম্যান পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

এছাড়া, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর মেয়াদে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন বলেও ওই প্রজ্ঞাপন উল্লেখ্য করা হয়।

দেশে পেঁয়াজের যথেষ্ট মজুদ রয়েছে : বাণিজ্যমন্ত্রী

0

দেশে দুই থেকে তিন মাস চলার মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আতঙ্কিত হয়ে বেশি না কেনার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে দুই কারণে পেঁয়াজের দাম বাড়ছে। প্রথমত, ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশের বাজারে চাপ বেড়েছে। দ্বিতীয়ত, ‘পেনিক বায়িং’ তথা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণ কিনছেন ক্রেতারা।
এছাড়া ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে এ খবরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরাও পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলে মনে করেন তিনি।
টিপু মুনশি বলেন, আতঙ্কিত হয়ে যেন বেশি পেঁয়াজ না কেনেন ক্রেতারা। দুই তিন মাস চলার মতো পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে। এক মাসের মধ্যে অবস্থা স্বাভাবিক করে ফেলবো।
পেঁয়াজ আমদানির প্রস্তুতি নেওয়া ছিল জানিয়ে তিনি বলেন, বিকল্প বাজার তথা মিয়ানমার, তুরস্ক, মিশর ও চীন থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তুরস্ক থেকে আমদানি করতে এলসি খোলা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে টিসিবির মাধ্যমে এক লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে। সময় পেলে একমাসের মধ্যেই বাজার স্বাভাবিক করতে পারবো।
প্রসঙ্গত, কোনো ধরনের ঘোষণা ছাড়াই সোমবার থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ খবর ছড়িয়ে পড়তেই দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। মঙ্গলবার বিকেল নাগাদ কেজিপ্রতি পেঁয়াজের দাম দ্বিগুণের বেশি ছাড়িয়ে যায়।

খিচুড়ি নিয়ে হৈচৈ এর কিছু নেই : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

0

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবার অর্থাৎ খিচুড়ি ব্যবস্থাপনা দেখতে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে হৈ চৈ করার মতো অবস্থা নেই।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের কেরালায় স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাপনা দেখতে আমি নিজেও গিয়েছি। যেকোনো বিষয়েই অভিজ্ঞতা নিতে হয়। অভিজ্ঞতা নিয়ে কাজ করলে তার ফলও ভালো পাওয়া যায়।
তিনি বলেন, বেশকিছু দিন আগে মিডডে মিল নীতিটা পাস হয়েছে। এটি প্রাথমিক পর্যায়ে আছে, ডিপিপি প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে নিউজটি (খিচুড়ি রান্না শিখতে কর্মকর্তাদের বিদেশ সফর) একদিকে মন্ত্রণালয় এবং অন্যদিকে ভাবমূর্তি ক্ষুণ্নের মতো মনে হয়।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের লোকজন সাংবাদিকতা পেশা নিয়ে এখানে আসছে। তাদের কোনো জ্ঞান-গরিমা নেই। হুট করে একটা লিখে দিলেই মনে হয় হয়ে গেল! সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না।
জাকির হোসেন বলেন, আমরা এলাকায় দেখেছি সব বিএনপির, ছাত্রদলের, যুবদলের ছেলেরা এখন সাংবাদিকতা করে, ভ্রান্ত রিপোর্ট করে। এদিকে থেকে আপনারা একটু নজর রাখবেন। সরকারের যে বদনাম না হয়।
এ সময় রান্না করা খাবার হিসেবে বাচ্চাদের খিচুড়ি দেওয়ার জন্য কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে গণমাধ্যমে পরিবেশিত সংবাদের সমালোচনা করেন প্রতিমন্ত্রী।

রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর

0

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায়ের তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায়ের তারিখ ঘোষণা করেন।
রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর এ রায় ঘোষণা করা হয়।
জানা গেছে, রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামির পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এরপর সকল আসামির পক্ষে বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আজ বুধবার নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায়ের দিন ধার্য করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হালদার বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ এই মামলার যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন করা হয়। যুক্তিতর্ক শেষ হলে আদালত আগামী ৩০ সেপ্টেম্বর এ মামলার রায়ের দিন ধার্য করেন।
এদিকে মামলার ধার্য তারিখ থাকায় সকাল ৯টার দিকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে আদালতে উপস্থিত হন আয়েশা সিদ্দিকা মিন্নি। কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকেও। পুলিশি কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় আদালত প্রাঙ্গণজুড়ে। আদালতে আসা সকল বিচারপ্রার্থীদের তল্লাশি করে ঢোকানো হয় আদালতে।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক।
গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এ মামলায়।
রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সাইমুন।