Home Blog Page 2687

স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলীর সাক্ষাৎ

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি ও জীবনযাত্রার পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর দুর্যোগকালীন সময়ে ঝুঁকি থাকা সত্বেও অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজেট অধিবেশনসহ দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে চিকিৎসা পদ্ধতিতে অনলাইন প্রক্রিয়ার সংযোজন হয়েছে, যা মানুষের জীবনকে সহজ করেছে।

হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ করোনাভাইরাসের এই ক্রান্তিকালে সকলে গৃহবন্দী থাকা সত্ত্বেও ভার্চুয়াল পদ্ধতি অনুসরণ করে সকল কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতকে বন্ধুপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশকে আন্তরিক ধন্যবাদ জানান স্পিকার।

করোনায় আরও ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮১২

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনের।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২১৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।
মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।

শুল্কমুক্ত বাজার সুবিধায় ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি হচ্ছে

0

শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরের জন্য একটি অগ্রাধিকার বাণিজ্য চুক্তি খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘এটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল। ২০১০ সাল থেকে বাংলাদেশ ভুটানকে ১৮টি পণ্যে শুল্কমুক্ত বাজার দিচ্ছে। বাংলাদেশের ৯০টি পণ্য ভুটানে ‍শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে। পরে ভুটান আরও কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা চাওয়ায় দুই দেশের দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০১৯ সালের ১২ থেকে ১৫ এপ্রিল ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে দুই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ২১ থেকে ২৩ আগস্ট ভুটানের থিম্পুতে বাংলাদেশ-ভুটানের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং হয়। গত ১৯ জুন দ্বিতীয় সভা হয়। এর মাধ্যমে একটা দিকনির্দেশনা সাপেক্ষে পিটিএ ড্রাফট করে তা আজ মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা এটি অনুমোদন দেয়।’

সিনহা হত্যা : আরও এক আসামি গ্রেফতার

0

আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে রুবেল শর্মা নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত রুবেল টেকনাফ থানার পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিক কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় পূর্বে গ্রেফতারকৃত অন্য আসামিরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। এ কারণে রবিবার রাতে র‌্যাবের একটি দল রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নিয়ে আসে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার দেখানো হয়।

তিনি জানান, আজ সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। তবে তাকে এখনো কোনো রিমান্ড চাওয়া হয়নি। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে পরবর্তী সময় তাকে রিমান্ড নেয়া যেতে পারে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এর পর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি র‌্যাবকে তদন্তভার দেয়া হয়।

৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের ৭ সদস্য। গত এক মাসে র‌্যাব এপিবিএনের ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। ১২ জন আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর মধ্যেই আজ আদালতে নতুন আবেদনটি করল মামলার বাদী।

অভিনেতা সাদেক বাচ্চু আর নেই

0

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহ… রাজিউন)।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল থেকেই তার হার্টবিট বন্ধ হয়েছে বেশ কয়েকবার। অবশেষে ১২টা ৫ মিনিটে সাদেক বাচ্চু মৃত্যুবরণ করেন।

সম্প্রতি জ্বরে আক্রান্ত হন সাদেক বাচ্চু। পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে গেল ৬ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। গত শনিবার (১২ সেপ্টেম্বর) তার পরিবার সূত্রে জানা যায় এ অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর পর শ্বাসকষ্ট বেড়ে গিয়ে সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার অবনতি ঘটায় শনিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে ইউনিভার্সেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালটির কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন এই অভিনেতা। তার শরীরের আর উন্নতি হয়নি। রবিবার থেকেই তার হার্ট ও ফুসফুস ৮৫ শতাংশ অকেজো ছিল। আজ সোমবার সকাল থেকেই কয়েকদফায় তার হার্টবিট বন্ধ হয়ে আবার চালু হয়েছে। ভেন্টিলেটরে থাকা অবস্থাতেই অবশেষে চলে গেলেন আজ না ফেরার দেশে।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরেণ্য এ অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও অনুরাগীরা।

সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও জন্ম তার ঢাকাতেই। সিনেমার কিংবদন্তি মানুষ এহতেশাম ‘চাঁদনী’ চলচ্চিত্রে তার নাম বদলে সাদেক বাচ্চু করে দেন। সেই থেকেই তিনি এ নামে পরিচিত।

টিএন্ডটি নাইট কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন সাদেক বাচ্চু। কর্মজীবনে তিনি ডাক বিভাগে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অভিনয় শুরু তার ১৯৬৩ সালে, খেলাঘরের মাধ্যমে রেডিও দিয়ে। একই সঙ্গে মঞ্চেও বিচরণ করেন। প্রথম থিয়েটার ‘গণনাট্য পরিষদ।’ ১৯৭২-৭৩ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল, তখন যোগ দেন গ্রুপ থিয়েটারের সাথে। দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭৪ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন।

প্রথম নাটক ছিল ‘প্রথম অঙ্গীকার নাটকটি পরিচালনা করেন আবুল্লাহ ইউসুফ ইমাম। সোজন বাদিয়ার ঘাট, নকশী কাঁথার মাঠ সহ অসংখ্য নাটকে মূল চরিত্রে অভিনয় করেন। ঝুলিতে যুক্ত হয় প্রচুর সুপারহিট নাটক।

প্রথম চলচ্চিত্র শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রামের সুমতি’ অবলম্বনে একই নামের ছবি, নায়ক হিসেবে অভিনয় করেন। শহীদুল আমিন ছিলেন পরিচালক। আরও একটি চলচ্চিত্রেও সুনেত্রার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন কিন্তু ছবিটি মুক্তি পায়নি। খল চরিত্রে প্রথম অভিনয় করেন ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে। শহীদুল হক খানের এই ছবিতে ইলিয়াস কাঞ্চন নায়ক ছিলেন।

মৌসুমী চলচ্চিত্রে ‘চাচা ঢাকা কতদূর?’ সাদেক বাচ্চুর এই সংলাপটি ছড়িয়ে পড়ে মুখে মুখে। এরপর বহু সিনেমায় তাকে দেখা গেছে দুর্দান্ত অভিনয়ে। ২০১৮ সালে ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন সাদেক বাচ্চু।

ডা. সাবরিনার আইনজীবীকে মামলার নথি দেয়ার নির্দেশ

0

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলার নথি তার আইনজীবীকে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নথি চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি শেষে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাইফুজ্জামান তুহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

এ মামলায় নিম্ন আদালতে জেকেজির ডা. সাবরিনা, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। গত ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা। সাক্ষ্যগ্রহণের জন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আইনজীবী সাইফুজ্জামান তুহিন বলেন, এ মামলার মূল অভিযোগ হলো করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট। আমরা ভুয়া রিপোর্টের সেই নথিগুলো চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু নিম্ন আদালত সেটি খারিজ করে দিয়েছেন। পরে নথি দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়। আদালত চার্জশিটে যুক্ত থাকা নথি দেখতে দিতে এবং সরবরাহের নির্দেশ দিয়েছেন।

গত ৫ আগস্ট তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক লিয়াকত আলী। অভিযোগপত্রটি দেখার পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াত তা বিচারের জন্য বদলির আদেশ দেন। এরপর বিচারের জন্য মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারীর আদালতে আসে।

মামলার অভিযোগপত্রে সাবরিনা ও আরিফুলকে জালিয়াতি, প্রতারণার মূল হোতা এবং বাকি ছয়জনকে অপরাধে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়।

করোনার ভুয়া রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন চিকিৎসক।

গত ১২ জুলাই সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা ও ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি সদুত্তর দিতে না পারায় তাকে তেজগাঁও থানায় আগেই আরিফুলের বিরুদ্ধে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়।

পরদিন গত ১৩ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠান আদালত। সাবরিনার রিমান্ড চলাকালেই গত ১৫ জুলাই কারাগারে থাকা তার স্বামী আরিফুলকে চারদিনের রিমান্ডে পাঠানো হয়। এর মধ্যে গত ১৭ জুলাই সাবরিনাকে ফের দু’দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ডে নিয়ে দু’জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদও করা হয়।

গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুলসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারের পর থানা হাজতে থাকা অবস্থায় আরিফুলের ক্যাডার বাহিনী ভাঙচুর ও হামলা করে থানায়। মারধর করে পুলিশকে।

শাবির পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

0

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দান তথা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ একাডেমিক সিলেবাসে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‘স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্সের অংশ হিসেবে এ ভাষণ পড়ানো হবে।

গতকাল রবিবার (১৩ সেপ্টেম্ব)র অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ১৬০তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

উপাচার্য এ বিষয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ও হাইকোর্টের নির্দেশনায় বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে বলা হয়। এর আলোকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ ‘স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস’ শিরোনামে একটি কোর্স ডিজাইনের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোর্সটিতে কি কি অন্তর্ভুক্ত হবে, কত ক্রেডিটের হবে, কীভাবে পড়ানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এ কোর্সের আউটলেট ডিজাইন করতে একটি কমিটি করে দিয়েছি। তারা কাজ সম্পন্ন করার পর একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফয়সল আহম্মদকে সভাপতি করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আশফাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু দেলোয়ার হোসেন, শাবির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আশ্রাফুল করিম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. লাইলা আশারাফুন, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সদস্য ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আশ্রাফুল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণ এখন শুধু একটা বক্তব্য না। এটি একটি গল্প, একটি কবিতা, একটি ঐতিহাসিক দলিল। এ ছাড়া এটা বিশ্ব ঐতিহ্যেরও অংশ। যা ২০১৭ সালে এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। এমনকি বিশ্বের ৪১টি ঐতিহাসিক ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্যতম। আমাদের সম্পদ হিসেবে এ ভাষণ প্রত্যেক শিক্ষার্থীর জানা উচিত। এ জন্য আলোচনার ভিত্তিতে এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ইতোমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। ৯ মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।

স্বাস্থ্যের সেই আবজালকে দুদকে জিজ্ঞাসাবাদ

0

অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আলোচিত সেই আবজাল হোসেনকে রিমান্ডে নিয়ে আজ জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদ করছেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ পৃথক দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৬ আগস্ট সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আবজাল আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে বিকেলে আবজালকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করে দুদক।

২০১৯ সালের ২৭ জুন দুদক বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করে। মামলা দুটিতে আবজাল ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩৬ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। মামলায় দীর্ঘ সময় ধরে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ২৮৪ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২০৭ টাকার মানি লন্ডারিং অপরাধের অভিযোগও করা হয়েছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। চলাচলের জন্য চ্যানেলে বিপর্যয়ের কারণে দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা আসে। সবাইকে বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফেরি চালু হচ্ছে না বলে জানান তিনি।

একাদশের অনলাইন ক্লাস অক্টোবর থেকে

0

করোনা মহামারি পরিস্থিতিতে দেশের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি শেষে অক্টোবর মাসের শুরু থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।

রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি মু. জিয়াউল হক এই তথ্য জানিয়ে বলেন, অক্টোবর মাসের শুরুর দিকে একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে শুরু করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর স্বাভাবিক ক্লাস হবে।

এদিকে রবিবার থেকে কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়া যাবে।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হারুন অর রশিদ জানিয়েছেন, কোনো কোনো প্রতিষ্ঠান বেশি ফি নিচ্ছে হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। যেসব প্রতিষ্ঠান বেশি ফি নিচ্ছে বলে অভিযোগ পেয়েছি আমরা তাদের সঙ্গে কথা বলব। সরকার নির্ধারিত ফি’র বেশি নেওয়া যাবে না।”

এবার মহামারির কারণে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনো সনদপত্র জমা না নিয়েই শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি করাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

অবস্থার উন্নতি হলে সুবিধামতো সময়ে সত্যায়িত এসব সনদপত্রের কপি কলেজে জমা দিতে হবে। তবে কোটার শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত সনদ দাখিল করে কলেজে ভর্তি হতে হচ্ছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তি হতে আবেদন করেছেন।

গত ৯ অগাস্ট থেকে কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়ার সবগুলো ধাপ শেষ হওয়ার পর আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।

অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।