Home Blog Page 2690

বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলন স্থগিত

0

এয়ারক্রাফটে ত্রুটির কারণে বাংলাদেশে আসতে পারেনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। যাত্রা বাতিল করতে হয়েছে তাদের।

ফলে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আপাতত স্থগিত হয়েছে।

১৩ থেকে ১৮ সেপ্টেম্বর নাগাদ এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তাই বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ-এর এয়ারক্রাফটে কারিগরি সমস্যা দেখা দেয়। ফলে বিএসএফ প্রতিনিধিদল রোববার ঢাকায় আসতে পারছেন না।

তিনি জানান, এ প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর) অনুযায়ী সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। সম্মেলনের পরিবর্তিত সময়সূচি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

0

পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ রবিবার থেকে খোলাবাজারে ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে।

সারাদেশে ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকে করে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ পাচ্ছেন ক্রেতারা। একজন ক্রেতা সর্বাধিক দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন। পেঁয়াজের সঙ্গে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলও ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে। আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে টিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫০ টাকা কেজি দরে একজন ভোক্তা সর্বাধিক দুই কেজি করে কিনতে পারবেন। এ ছাড়া সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে একজন ভোক্তা দুই লিটার থেকে শুরু করে সর্বাধিক পাঁচ লিটার পর্যন্ত কিনতে পারবেন।

টিসিবি জানায়, চলমান করোনা পরিস্থিতি ও বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবি এসব পণ্য বিক্রি করছে। ঢাকায় ৪০টি ট্রাক, চট্টগ্রামে ১০টি, রংপুরে সাতটি, ময়মনসিংহে পাঁচটি, রাজশাহীতে পাঁচটি, খুলনায় পাঁচটি, বরিশালে পাঁচটি, সিলেটে পাঁচটি, বগুড়ায় পাঁচটি, কুমিল্লায় পাঁচটি, ঝিনাইদহে তিনটি ও মাদারীপুরে তিনটি, অবশিষ্ট জেলা ও উপজেলায় প্রতিটিতে দুটি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে।

টিসিবির আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলায় অতিরিক্ত পাঁচটি ট্রাক ও বন্যাকবলিত জেলা-উপজেলায় পরিস্থিতি বিবেচনায় ১৩টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম শুক্র ও শনিবার বাদে আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিটি ট্রাকে চিনি বরাদ্দ থাকবে ৫০০-৭০০ কেজি।

গত কয়েক দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কিছুদিন আগেও খুচরা বাজারে যে পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজিতে।

আজ থেকে একাদশে ভর্তি শুরু, ক্লাস হবে অনলাইনে

0

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষে আজ রবিবার থেকে শুরু হয়েছে ভর্তির কার্যক্রম। এ কার্যক্রম ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে অনলাইন ক্লাস। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। এ লক্ষ্যে ১ অক্টোবর বাজারে এ ক্লাসের পাঠ্যবই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে পারে। তবে করোনা পরিস্থিতির কারণে শুধু অনলাইনে এই ক্লাস চলবে। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিলে সরাসরি ক্লাস নেয়া যাবে।’

এবারো মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করে। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে মোট পাঠ্য বইয়ের সংখ্যা ৩৯টি। এগুলোর মধ্যে- বাংলা, ইংরেজি এবং বাংলা সহপাঠ বই সরকারিভাবে প্রকাশিত হয়।

এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বইটিও বেসরকারি প্রকাশকদের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বইও বাজারে থাকছে। এই বইটি নিয়ে মামলা হয়েছিল। ফলে বেসরকারি প্রকাশকদের প্রকাশিত বাকি ৩৫টি বই বাজারে থাকছে। ১ অক্টোবরই বাজারে বই বিক্রির ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করে আন্তঃশিক্ষা বোর্ড। এতে বলা হয়, পৌর (উপজেলা) এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সেশন ও ভর্তিফিসহ সাকুল্যে এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে পাঁচ হাজার টাকার বেশি অর্থ আদায় করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা এমপিওবহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন ও এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার জন্য শিক্ষার্থী ভর্তি ফি, সেশন চার্জ, উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা নিতে পারবে।

উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান এবার দেড় হাজার টাকার বেশি আদায় করতে পারবে না কোনো কলেজ। গত বছর এ খাতে ৩ হাজার টাকা ছিল। করোনা পরিস্থিতির কারণে এই ফি কমিয়েছে বোর্ড। এছাড়া রেড ক্রিসেন্ট ফি ৪০ শতাংশ কমিয়ে ১২ টাকা করা হয়েছে। কোনো শিক্ষার্থীর পাঠ বিরতি থাকলে ও বিলম্বে ভর্তি হলে যথাক্রমে ১৫০ টাকা এবং ১০০ টাকা আদায় করা যাবে। সরকারি কলেজগুলোকে সরকারি পরিপত্র অনুযায়ী ফি সংগ্রহ করতে হবে।

এর আগে চলমান করোনা পরিস্থিতির কারণে গত ৯ আগস্ট সকাল ৭টায় অনলাইনে শুরু হয় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। চলে ২০ আগস্ট পর্যন্ত।

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ১১১৪ জনের মৃত্যু

0

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেছেন ৭৮ হাজার ৫৮৬ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রবিবার সকালে এ খবর প্রকাশ করেছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড হলো ভারতে।

এ নিয়ে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৯৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এর পরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৯ হাজার ১১৫ জন। এর পর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৩০৭ জন, কর্ণাটকে ৭ হাজার ১৬১ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৮৪৬ জন এবং দিল্লিতে ৪ হাজার ৭১৫ জন।

করোনা ভাইরাস মহামারীতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।
সূত্র : এনডিটিভি

বাংলাদেশ-ভারত একে অপরের সহায়ক : সেতুমন্ত্রী

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সাথে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছেন আস্থার সম্পর্ক। বাংলাদেশ-ভারত পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দু দেশ একে অপরের সহায়ক। তারই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

এসময় অনলইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস,সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দাবি করেছে সরকার নাকি করোনা রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা এই বাদ দেওয়া ৮২ হাজারের তালিকা দিন।

তিনি বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোঁড়ার আহ্বান জানিয়ে বলেন, চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহেনার ৬৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, ৭৫ পরবর্তী দুঃসময় ও সংকটে শেখ রেহেনা পর্দার অন্তরালে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশে ছিলেন। তিনি বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা শেখ হাসিনার বাস্তব সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে কাজ করেছেন। শেখ রেহানা কখনো পাদপ্রদীপের আলোয় আসেন নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রেহেনার ৬৫তম জন্মদিনে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,২৮২

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। ৩৪ জনের ম‌ধ্যে হাসপাতালে ৩৩ জন ও বা‌ড়ি‌তে একজ‌নের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০২ জনে।

একই সময় নতুন করে ১ হাজার ২৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩৬ হাজার ২৭১ জনের।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১০ হাজার ৯৮টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭২৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৮ হাজার ২৭১ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ।

রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭০ দশমিক ৯০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৬৬১ (৭৭ দশমিক ৮৬ শতাংশ) এবং নারী এক হাজার ৪১ জন (২২ দশমিক শূন্য ১৪ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে শূন্য থে‌কে ১০ বছ‌রের একজন, ১১ থে‌কে ২০ বছ‌রের একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে পাঁচজন, খুলনায় চারজন এবং ময়মন‌সিং‌হে একজন রয়েছেন।

দেশে ভ্যাকসিন এলে কেউ বাদ যাবে না : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন এলে কেউ যেন বাদ না যায় সেই চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বের যেখানেই ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকেই সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আনা হবে।

শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করছেন। ব্যবসায়ী, পেশাজীবী, চাকরিজীবীদের পাশাপাশি খেলোয়াড়, সংস্কৃতিকর্মী, সমাজকর্মীসহ বিপদগ্রস্ত সব মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মন্ত্রী বলেন, দেশে করোনায় সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবিলায় ৬৮ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫৩ জন জনপ্রতিনিধি বিভিন্ন অনিয়ম ও কারচুপির সঙ্গে জড়িত হয়েছেন। যাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত করা হয়েছে, যা সুশাসনের অনন্য নজির।

একই সঙ্গে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে মহামারির প্রাদুর্ভাব অনেক কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে সরকার রপ্তানির বিষয়টিও স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

পরে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম অনুদানের এ চেক বিতরণ করেন।

অনুদানের এ পর্যায়ে জেলার ফুটবলার, ক্রিকেটার অ্যাথলেটিক, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫ জন খেলোয়াড়কে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

চুরি নয়, পূর্ব শত্রুতার জেরে ইউএনও’র ওপর হামলা

0

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলা চুরির জন্য নয়, পূর্ব শত্রুতার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

তিনি বলেন, ইউএনওর ওপর হামলার মূল পরিকল্পনাকারি ইউএনওর অফিসের কর্মচারি রবিউল গ্রেপ্তার হয়েছে। হামলায় ব্যবহার করা মই ও হাতুরি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেমর) তিনি এসব তথ্য জানান।

গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবার ওপর হামলা করে।

পরের দিন আশঙ্কাজনক অবস্থায় রংপুর কমিউনিটি হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হাসপাতালে এনে ভর্তি করা হয়।

এই ঘটনায় বোনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেছেন ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ।

‘আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলে পড়ে যাবে’

0

আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়। আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে গত ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ। তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তারা বোকার স্বর্গে বাস করছেন।

প্রকৌশলীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেয়ার পাশাপাশি যে কোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।

করোনাভাইরাস মোকাবিলায় ওবায়দুল কাদের জানান, বিশেষজ্ঞদের মতে করোনা আসন্ন শীতে বাংলাদেশে দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরিধান করতে হবে।

আইডিইবির সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ভারতের করোনা টিকা কাজ করছে বানরের শরীরে

0

ভারতের তৈরি করা করোনাভাইরাসের টিকা ‘কোভ্যাক্সিন’ আশার আলো দেখাচ্ছে। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই টিকা মানুষ ছাড়াও অন্যান্য স্তন্যপায়ীদের শরীরে কাজ করছে। টিকাটি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং পুণের ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের যৌথ ভাবে তৈরি করেছে।

মানুষের শরীরে ‘কোভ্যাক্সিন’-এর পরীক্ষা চলছে। এছাড়াও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের শরীরেও ওই টিকা কতটা কাজ করে সে জন্যও ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে। প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে বড়সড় সাফল্য পাওয়া গেছে।

ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল জানিয়েছে, চারটি দলে ভাগ করে ২০টি রিস্যাস ম্যাকাস প্রজাতির বানরের উপরেও ওই টিকা প্রয়োগ করা হয়েছিল। এতে আশাতীত ফলাফল পাওয়া গেছে। ওই গবেষণার সঙ্গে যুক্ত বিপিন এম বশিষ্ঠ নামে বিজনৌরের এক চিকিৎসক এমনটাই জানিয়েছেন। তিনি টুইট করেছেন, কোভ্যাক্সিন ম্যাকাসের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে।

কী ভাবে চালানো হয়েছিল পরীক্ষা? রিস্যাস ম্যাকাস শ্রেণীর ওই বানরের একটি দলকে প্ল্যাসিবো (আসল টিকা নয়) দেয়া হয়েছিল। বাকি তিনটি দলকে ১৪ দিনের মধ্যে তিনটি ভিন্ন ধরনের টিকা দেয়া হয়েছিল। তাতে যা ফল পাওয়া গেছে তা যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মনে করছেন গবেষকরা। কারণ টিকা দেয়ার পর রিস্যাস বানরগুলোর শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। পরীক্ষায় এটাও দেখে গেছে, ওই তিনটি দলে ভাগ করা বানরের শরীরে নিউমোনিয়ার লক্ষণ নেই।

এক গবেষকের মতে, কোভ্যাক্সিন ওই বানরদের শরীরে শক্তপোক্ত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। মানুষের শরীরেও কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ভারতজুড়ে ১২টি কেন্দ্রে চলছে ওই ট্রায়াল। দ্বিতীয় পর্যায়ে পা দিয়েছে মানব শরীরে টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল