Home Blog Page 2691

অনেকে পার্ককে নিজের সম্পত্তি মনে করেন: মেয়র আতিক

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অনেকে পার্ককে নিজেদের সম্পত্তি মনে করেন। পার্ক অন্য কারো সম্পত্তি না। এটি সিটি করপোরেশনের সম্পত্তি সুতরাং এখানে অন্য কেউ দখল করে থাকতে পারবে না। কেউ কেউ পার্কগুলো দখল করে রেখেছেন, তাদের বলছি আপনারা ভালোয় ভালোয় চলে যান, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা পার্ক উদ্ধার করবই।

শনিবার (১২ সেপ্টেম্বর) গুলশান-২ এর ৮৩ নং রোডে স্থাপিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র একথা বলেন। ডিএনসিসির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য নাহিদ ইজহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মমকর্তা মো. সেলিম রেজা, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রায় ১৭০০টি গাছ আছে। এই গাছগুলো অক্ষুন্ন রেখেই পার্কের কাজ করা হয়েছে। পার্কে ইনডোর জিমনেসিয়াম রয়েছে। নির্ধারিত পেমেন্টের মাধ্যমে ইনডোর জিমনেসিয়াম ব্যবহার করা যাবে, যাদের সামর্থ্য নেই তারা আউটডোর জিম ব্যবহার করবেন। পার্কের ভেতর কফি হাউজ আছে। সেই কলকাতার কফি হাউজের গানের মতো করে কেউ যদি বলেন গুলশানের কফি হাউজে আসব, চলে আসবেন। এখানে বার বি কিউ পার্টি করার ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, পার্কের ভেতরে মিউজিক্যাল ফাউনটেইন (ঝরনা) আছে। কারো মন ভালো না লাগলে চলে আসবেন, ফাউনটেইন চলবে মন ভালো হয়ে যাবে। রাগ নিবারণের জন্য ঘরে থাকতে হবে না। এই পার্কের আসলে রাগ থাকবে না।

মেয়র বলেন, অনেকে পার্ককে নিজের সম্পত্তি মনে করেন। পার্ক অন্য কারো সম্পত্তি না। এটি সিটি করপোরেশনের সম্পত্তি সুতরাং এখানে অন্য কেউ দখল করে থাকতে পারবে না। আমরা ২৭টি পার্কের ডিজাইন করেছি, কাজ করছি, কিছু খেলার মাঠও থাকবে। এই পার্ককে অনেকে মনে করেন নিজস্ব সম্পত্তি। ওনারা দখল করে রেখে দিয়েছেন। বিভিন্ন জায়গায় প্রায় ৫টি পার্ক নির্মাণ কাজ করতে গিয়ে আমাদের ঠিকাদারদের বাধা দেওয়া হয়েছে। তারা কাজ করতে দিচ্ছে না। যেই পার্কগুলো কেউ দখল করে রেখেছেন, আপনারা ভালোই ভালোয় চলে যান, না হলে অবশ্যই ব্যবস্থা নেবো। পার্কের ডিজাইন যখন হয়েছে, পার্কের অর্থ বরাদ্দ যখন দিয়েছি এই পার্ক হবেই, এর কোনো বিকল্প নেই।

পার্ক রক্ষণাবেক্ষণ সম্পর্কে মেয়র বলেন, পার্কটা আমার না, আপনার না, এই পার্ক সকলের। এই পার্ক আমাদের। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। পার্ককে মেইনটেইন করতে হবে। সেজন্য আমাদের একটি কমিটি করা আছে। যারা পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে আগ্রহী তারা ওই কমিটির কাছে নিজেদের বিষয়গুলো উপস্থাপন করবেন সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে।

রীভা গাঙ্গুলী দাশ বলেন, খুবই ভালো লাগছে পার্কটি দেখে। সব সময় এই রাস্তা দিয়ে যাই-আসি। এরকম এলাকায় একটি গ্রিন স্পেস হওয়াটা খুব দরকার। কোভিড-১৯ এর কারণে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে কোভিড-১৯ আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করতে হবে। সুস্বাস্থ্যের জন্য পার্ক খুবই দরকার। পার্ক থাকলে কেউ ঘরে বসে থাকবে না। পার্কে আসলে নিজেদের মধ্যে সম্পর্কটা বাড়ে। সবাই পারিবারিকভাবে উপভোগ করা যায়।

ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব: ফারিয়া

0

‘নুসরাত ফারিয়া বিয়ে করেছেন!’ এমন গুঞ্জন ছিল বছরখানেক। এরপর নানা নাটকীয়তা শেষে চলতি বছরের ২১ মার্চ ঘরোয়া আয়োজনে বাগদান হয়েছে নুসরাত ফারিয়ার। হবু বরের নাম রনি রিয়াদ রশিদ।

কিন্তু নায়িকার বিবাহ অভিযান হবে কবে? সেই প্রশ্ন ঘুরছে ভক্তদের মনে।

এদিকে এমন প্রশ্নের মাঝে সামনে এলো আরো এক তথ্য, অস্ট্রেলিয়াতে স্থায়ী হচ্ছেন এই নায়িকা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ফারিয়া বলেন, আমরা ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব, আশা করি সেই সময়ের মধ্যে পরিস্থিতি আরো ভালো হয়ে উঠবে। আমরা তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছি।

এদিকে, এবারের ডিসেম্বরেই নিজের বিবাহ অভিযানে নামবেন বলে জানান নুসরাত ফারিয়া।

বর্তমানে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এগুলো হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘যদি কিন্তু তবুও’ ইত্যাদি। এছাড়া কলকাতার নির্মাতা রাজা চন্দের পরিচালনায় ‘ভয়’ নামের একটি সিনেমাতেও কাজ করছেন ফারিয়া।

0

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ড. মার্ক টি এসপার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফোন দিয়ে এ আশ্বাস দেন বলে বাসসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রেস সচিব বলেন, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদারতা প্রদর্শনের প্রশংসা করেন এবং এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রতিরক্ষামন্ত্রী এসপার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে উচ্চপর্যায়ে সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসপার একমত হন।’

ইহসানুল করিম জানান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন প্রদানের জন্য ধন্যবাদ জানান।

ইহসানুল করিম বলেন, ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুদেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসপার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া তিনি গত মাসে বৈরুত বন্দরে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন।’

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ তার ‘প্রোডাক্টিভ রোল’ অব্যাহত রাখবে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সমর্থন দিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কথা বলেন এবং নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

প্রতিরক্ষামন্ত্রী এসপার বলেন, তার সরকার বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি অথবা ভবিষ্যতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যর্পণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সহযোগিতা কামনা করেন। প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসপার এ ব্যাপারে সহযোগিতা করার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।’

আজ থেকে কাউন্টারে পাওয়া যাবে ট্রেনের টিকিট

0

বর্তমান নিয়মে বিক্রি হওয়া ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যাবে কাউন্টারে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে এই ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কাউন্টারে টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রি করা মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ছয়টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা ছয়টির কম হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে।

এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

তা ছাড়া, কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় বিক্রি না হওয়া টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যে কোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে।

এদিকে, সকাল ৮টা থেকে কাউন্টারের মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্মত বাহরাইন

0

সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি বলয়ের আরেক দেশ বাহরাইন। ১১ সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইনের এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এ সমঝোতার নেপথ্য কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এত দ্রুত এ ঘটনা ঘটবে; এটা ছিল অকল্পনীয়।

টুইটারে দেওয়া এক পোস্টে ওই বিবৃতি তুলে ধরেছেন ট্রাম্প। এ ঘটনাকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ও বাহরাইনের রাজার সঙ্গে ট্রাম্পের আলোচনার পরই এ বিষয়ে একমত হয় সংশ্লিষ্ট পক্ষগুলো।

বিবৃতিতে এ ঘটনাকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়।

এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে জন্য সৌদি আরবকে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েল-আমিরাতের মধ্যকার ফ্লাইট চলাচলের জন্য সৌদি আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।

আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হচ্ছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, এখন বাহরাইনও একই অনুষ্ঠানে অংশ নেবে।

এর মধ্য দিয়ে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক তৈরির প্রতিশ্রুতি দেবে মধ্যপ্রাচ্যে সৌদি বলয়ের দেশ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এর আগে গত ৯ সেপ্টেম্বর আরব লিগের বৈঠকে দৃশ্যত ফিলিস্তিনকে প্রত্যাখ্যান করে সংস্থাটির সদস্য দেশগুলো। বৈঠকে ইসরায়েল-আমিরাত চুক্তির বিরোধিতা করতে ফিলিস্তিনের প্রস্তাব নাকচ করে দেওয়া হয়।

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ লাখের বেশি

0

এক সপ্তাহের ব্যবধানে বিশ্বে আবারও ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ লাখের বেশি। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত ২ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪৬ জনসহ মোট মারা গেছে ৯ লাখ ১৯ হাজারের বেশি।

বাংলাদেশ সময় শনিবার সকাল আটটায় জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৩ লাখ ৩১ হাজার ৮৭৭ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৬ হাজার ২৯১ জনের। এ নিয়ে প্রাণহানি ৯ লাখ ১৯ হাজার ৫৭৫ জনে ঠেকেছে। গত এক দিনে ২ লাখ ৪২ হাজার ২৫৪ জন রোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ২৫৬ জন।

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও করোনার উৎপত্তিস্থল চীনে ভাইরাসটি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিন কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬৬ লাখ ৩৬ হাজার ২৪৭ জন মানুষ ভাইরাসটির আক্রমনের শিকার হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৪২১ জন।

সংক্রমণের ক্রমধারায় দুই নম্বরে থাকা ভারতে গত এক দিনে ১ লাখের কাছাকাছি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ প্রায় ৫৭ হাজার ৩৭৯ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ৭৭ হাজার ৫০৬ জনে ঠেকেছে।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৮ জন। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে ঠেকেছে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৫১ হাজার ৮৭৪ জন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৩৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে।

পেরুতে আক্রান্ত ৭ লাখ ১০ হাজার ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যেখানে মৃতের সংখ্যা ৩০ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে। কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৭ লাখ ২ হাজার ৮৮ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ৫১৮ জনের। মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৫৮ হাজার ২৯৯ জন। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৭০ হাজার ১৮৩ জন মানুষের। আর্জেন্টিনায় আক্রান্ত ৫ লাখ ৩৫ হাজার ৭০৫ জন। প্রাণ হারিয়েছেন ১১ হাজার ১৪৮ জন। চিলিতে সংক্রমিত ৪ লাখ ৩০ হাজার ৫৩৫ জন। এর মধ্যে ১১ হাজার ৮৫০ জনের প্রাণ কেড়েছে করোনা।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৩৯৬ জন। আর মারা গেছেন ১৫ হাজার ৩৭৮ জন।

স্পেনে আক্রান্ত ৫ লাখ ৭৬ হাজার ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৪৭ জনের। যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৬৭৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬১৪ জন মানুষের। ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৩ লাখ ৬৩ হাজার ৩৫০ জন মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩০ হাজার ৮৯৩ জনের।

ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৯৭ হাজার ৮০১ জন মানুষ। প্রাণহানি ঘটেছে ২২ হাজার ৯১৩ জনের।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৬৬৮ জনের।

‘বিজিবি-বিএসএফের আলোচনায় সীমান্ত হত্যা প্রাধান্য পাবে’

0

কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ প্রধানের মধ্যে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৬ দিনব্যাপী বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি প্রাধান্য পাবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক কর্মকর্তা বলেন, সীমান্ত হত্যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এ বছর আগস্ট পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে ৩৩ বাংলাদেশি নিহত হয়েছেন।

বিজিবির অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, সীমান্তে হত্যার যে কোনো ঘটনার পরে ‘আমরা সর্বস্তরে আলোচনা শুরু করি’ এর পরে বাংলাদেশ বরাবরই সীমান্তে সহিংসতায় বেশি গুরুত্ব দেয়।

তিনি বলেন, সীমান্তে শিবির পর্যায়ে বর্ডার সিকিউরিটি ফোর্সেস (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকে প্রতিবাদ করা হয় এবং হত্যা বন্ধে কূটনৈতিক উদ্যোগের জন্য বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উত্থাপন করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রসহ মানবাধিকার সংগঠনগুলোর মতে, ২০১৮ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে ১৫ জন নিহত হয়েছেন। গত বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩। এ বছরের প্রথম সাত মাসে ২৯ জন নিহত হয়েছে।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এম শাফিনুল ইসলাম এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীতে (বিএসএফ) সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান রকেশ আস্থানা বিজিবির পিলখানা সদর দফতরে দুই পক্ষের আলোচনার নেতৃত্ব দেবেন।

বিজিবির অপারেশন ডিরেক্টর জানান, বৈঠকে আন্তঃসীমান্ত বিশেষত মাদক চোরাচালান, কাঁটাতারের বেড়া ও অন্যান্য স্থাপনার মতো বিভিন্ন কাঠামো নির্মাণ ও অন্যান্য আলোচনার বিষয় রয়েছে।

তবে তিনি এই বৈঠক একটি রুটিন হিসেবে বর্ণনা করেন, যেখানে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থের পাশাপাশি দুই সীমান্ত বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করবে।

নয়াদিল্লি থেকে প্রাপ্ত প্রতিবেদনে দেখা গেছে, বিএসএফের পক্ষ হতে আলোচনায় গবাদি পশু পাচার, মুদ্রা ও মানব পাচার বিষয়ে আলোচনা হতে পারে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিএসএফ সেক্টর কমান্ডার, ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তা এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা ঢাকায় যাবেন।

দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ

0

দেশের ৯টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, খুলনা, কুমিল্লা, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজধবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়াল

0

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনার দাপট। যেখানে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ ঝরেছে ভাইরাসটিতে। নতুন করে ৪৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হওয়ার সঙ্গে সুস্থতা লাভ করেছেন আরও ৩৩ হাজার ভুক্তভোগী।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় আজ শনিবার সকালে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ২১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৮৯৯ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে ঠেকেছে। সুস্থতা লাভ করেছেন আরও সাড়ে ৩৩ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৩৫ লাখ ৩০ হাজার ৬৫৫ জনে পৌঁছেছে।

গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন।

মেসিকে পেয়ে উচ্ছ্বসিত রোনাল্ড কোম্যান

0

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত থেকে শুরু করে পরে মত বদলানো। কোনো ব্যাপারেই এত দিন মন্তব্য করেননি কাতালান ক্লাবটির নতুন কোচ রোনাল্ড কোম্যান। নেদারল্যান্ডসের সাবেক এই ফুটবলার ও কোচ শনিবার প্রথমবার তার প্রতিক্রিয়া জানালেন। তার কথায় ফুটে উঠল উচ্ছ্বাস।

মেসিকে নিয়ে কোম্যান বলেছেন, ‘সকলেই জানে লিও (মেসি) বিশ্বের সেরা ফুটবলার। এ রকম একজন ফুটবলার থাকলে যে কোনো দলই অন্যদের চেয়ে আলাদা হয়।’

‘এই মুহূর্তে আমাদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল, লিও যাতে সেরা খেলাটা খেলতে পারে, তা দেখা। ওর দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই নেই। লিও অনবদ্য। সকলেই খুশি ও বার্সেলোনা না ছাড়ায়।’

ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েও অনেক নাটকের পর আর্জেন্টাইন কিংবদন্তি মেসি আরো এক মৌসুম ক্যাম্প ন্যু-তেই থাকার কথা ঘোষণা করেন। প্রাক-মৌসুম প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বার্সেলোনার সর্বকালের সর্বাধিক গোলদাতা।

শনিবার জিমন্যাস্টিকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সেলোনা। তার আগে গত বৃহস্পতিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন নতুন ম্যানেজার কোম্যান। কিন্তু মেসি বিশ্রাম না নিয়ে একাই অনুশীলনে নেমে পড়েছিলেন।

এদিকে শনিবার থেকে লা লিগা শুরু হলেও বার্সেলোনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে। আগস্টে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্যই প্রথম দুই সপ্তাহে লা লিগায় মেসিদের কোনো ম্যাচ রাখা হয়নি। তাই এখন প্রস্তুতি ম্যাচকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন নতুন বার্সা ম্যানেজার।