Home Blog Page 2693

করোনার ভ্যাকসিন স্থগিতের ঘটনা সতর্কবার্তা : ডব্লিউএইচও

0

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল বন্ধকে ‘ওয়েক আপ কল’ বা সতর্কবার্তা হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে একই সঙ্গে গবেষকদের হতাশ না হওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জেনেভায় ডব্লিউএইচওর প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনা ভ্যাকসিনের ট্রায়াল আপাতত স্থগিত রেখেছে অ্যাস্ট্রাজেনেকা। এটা একটা ওয়েক আপ কল। আমাদের বুঝতে হবে যে ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা থাকবেই; এবং এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

এদিকে ভারতেও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাসের অক্সফোর্ডের ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর ট্রায়াল।

এক স্বেচ্ছাসেবক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল স্থগিত রেখেছে অ্যাস্ট্রাজেনেকা। এ ঘটনাকে সতর্কবাতা বলে ব্যাখ্যা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এর জন্য গবেষকরা যাতে হতাশ হয়ে না পড়েন, সে বার্তাও দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন গতকাল জেনেভায় প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটবেই। আমাদের হতাশ হলে চলবে না।’

এদিকে সরকারি নোটিশের পর ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখার কথা ঘোষণা করে ‘কোভিশিল্ড’ তৈরিতে ভারতীয় পার্টনার সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। অ্যাস্ট্রাজেনেকা পুনরায় টিকার ট্রায়াল শুরু না করা পর্যন্ত ভারতেও তা বন্ধ থাকবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ডের ট্রায়াল বন্ধ করার পরও পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ট্রায়াল চালিয়ে যাওয়ায় গতকাল তাদের নোটিশ পাঠায় দেশের সেন্ট্রাল ড্রাগ রেগুলেটর বা ঔষধ নিয়ন্ত্রক সংস্থা।

স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ডের কোভিড-১৯ ভ্যাকসিনের মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগ আপাতত বন্ধ রেখেছে অ্যাস্ট্রাজেনেকা। কিন্তু, ভারতের ১৭টি স্থানে তারপরও ট্রায়াল চালিয়ে যায় পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এ বিষয়ে নোটিশ পাঠিয়ে তাদের কাছে জবাবদিহি চায় সেন্ট্রাল ড্রাগ রেগুলেটর।

ভ্যাকসিনের বিষয়ে ডব্লিউএইচওর আপদ‍কালীন পরিস্থিতির প্রধান মাইক রায়ান জানিয়েছেন, এ প্রতিযোগিতা ভাইরাসের বিরুদ্ধে। এ প্রতিযোগিতা জীবন বাঁচানোর জন্য। কে আগে ভ্যাকসিন বাজারে আনতে পারবে, তার জন্য এটা কয়েকটি কোম্পানি বা কয়েকটি দেশের মধ্যে প্রতিযোগিতা নয়।

এর আগে অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র বলেছিলেন, অক্সফোর্ড করোনাভাইরাস টিকার বিশ্বব্যাপী ট্রায়ালের পর্যালোচনা প্রক্রিয়া চলাকালীন সুরক্ষার কারণে এক স্বাধীন কমিটি আপাতত ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ট্রায়ালের সময় একজনের মধ্যে ব্যাখ্যা করা যায় না এমন অসুস্থতা দেখা দেওয়ায় রুটিন প্রক্রিয়া হিসেবে সবদিক খতিয়ে দেখার জন্য আপাতত ট্রায়াল বন্ধ রাখা হয়েছে।

বড় ট্রায়ালগুলোর ক্ষেত্রে অনেক সময় এমন অসুস্থতা আসতে পারে, তবে তা অবশ্যই খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র। তবে যে স্বেচ্ছাসেবী অসুস্থ হয়েছেন, তিনি এখন কোথায় আছেন এবং তার অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিশ্বে এখন পর্যন্ত মোট শনাক্ত ২কোটি ৮৩ লাখের বেশি। মৃত্যু ৯ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে।

আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক হলেন সিদ্দিকুর রহমান

0

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১তম সম্মেলনে কাউন্সিলের ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন। সিদ্দিকুর রহমান বর্তমানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি।

যুক্তরাষ্ট্রে দাবানলে ১৫ জনের মৃত্যু

0

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ১২ রাজ্যে প্রায় দুই শতাধিক দাবানলে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আগুনের হাত থেকে বাঁচতে ঘর ছাড়ছেন লাখ লাখ মানুষ।

দাবানলের কারণে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বেশ কয়েকটি শহর প্রায় ধ্বংস হয়ে গেছে। দাবানলে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে সেখানকার ৪৪ লাখ একর জমি। অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে বড় ও দীর্ঘ দাবানল সামাল দিতে হিমশিম খাচ্ছে দমকলবাহিনীর কর্মীরা।

বিপর্যস্ত ওয়েস্ট কোস্ট থেকে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাদের। কিছু কিছু এলাকায় এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা।

দাবানল ছড়িয়ে পড়ায় ওরেগন রাজ্য থেকে ৫ লাখের বেশি মানুষ পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ওয়াশিংটনেও দাবানলের বিস্তৃতি বাড়ছে। রাজ্যটিতে তিন বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শ্রীলঙ্কায় ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে চায়না বিসিবি

0

শ্রীলঙ্কায় গিয়ে টাইগারদের সাত দিনের বেশি কোয়ারেন্টিনে রাখতে চায়না বিসিবি। ক্রিকেট শ্রীলঙ্কার সাথে চলছে দেনদবার। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি লঙ্কান বোর্ড। জৈব সুরক্ষা নিয়েও ক্রিকেট শ্রীলঙ্কার ফাইনাল কোন মেডিক্যাল প্ল্যান হাতে পায়নি বিসিবি। কবে থেকে টাইগারদের দলীয় অনুশীলন? নির্দিষ্ট কোন তারিখ বলতে পারেননি বিসিবি সিইও।

প্রায় দুই মাস হতে চললো বিসিবির ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনে টাইগাররা। শুরুতে একক থাকলেও গেল সপ্তাহ থেকে ছোট ছোট দলে ভাগে হয়ে সেন্টার উইকেটে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

ক্রিকেটারদের সাথে কাজ করা একজন ট্রেইনার করোনা পজিটিভ হওয়ার পর, গেল সোম ও মঙ্গলবার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরিক্ষা করিয়েছে বিসিবি। ওপেনার সাইফ হাসান আর ট্রেইনার নিক লি করোনা ধরা পড়েছে। পাঁচ দিন বন্ধ থাকার পর বাকি ক্রিকেটাররা আবারো শুরু করেছেন অনুশীলন। চলতি মাসের একুশ তারিখে দলীয় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুর সুজন বলেন, ১৮ বা ১৯ তারিখে আমাদের সব প্লেয়ারদের টেস্ট করানো হবে তারপরই তারা হোটেলে উঠে যাবে।এই মূহুর্তে কোন ডেট বলতে পারছি না আমরা। টেস্ট এর পরই সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

দলীয় অনুশীলনের মত টাইগারদের লঙ্কার বিমানে উঠার দিনা তারিখও এখনো চূড়ান্ত নয় বলেই জানালেন বিসিবির প্রধান নির্বাহী। শ্রীলঙ্কায় যাওয়ার আগে আরো কয়েকবার করোনা টেস্ট হবে টাইগারদের। তবে ওখানে গিয়ে ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখতে চায়না বোর্ড।

নিজামউদ্দিন চৌধুর সুজন বলেন, আমাদের একটা অনুরোধ ছিল যে কোয়ারেন্টিন সময়টা কমানো যায় কিনা। শ্রীলঙ্কা বোর্ড থেকে এখনো আমাদের কোন সিদ্ধান্ত জানায়নি।

বিসিবির কাছে নিজেদের প্রথমিক জৈব সুরক্ষা আর মেডিক্যাল প্ল্যান পাঠিয়েছে বিসিবি। তবে এখনো ক্রিকেট শ্রীলঙ্কার চূড়ান্ত পরিকল্পনা হাতে পায়নি।

লঙ্কা সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটা ম্যাচ খেলবে টিম টাইগার্স। বেশ কিছু দিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে দুই বোর্ড। কিন্তু এখনো তিন টেস্টের সূচি নির্ধারণ করা যায়নি।

কোম্যানের পরিকল্পনায় বার্সার দল যেমন

0

লিওনেল মেসি বার্সেলোনায় থেকে যেতে বাধ্য হয়েছেন। মেসির ক্লাব ছাড়তে চাওয়ার অন্যতম কারণ ছিল বার্সার ভালো ভবিষ্যত না দেখা। প্রকেক্ট না থাকা। মেসি থেকে গেলেও বার্সা সেই প্রজেক্ট তৈরির পথে খুব একটা এগোতে পারিনি। এখনও বার্সা কিনতে পারেনি কার্যকর কোন ফুটবলার।

অথচ তাদের অন্তত একটা সেন্ট্রাল ডিফেন্ডার এবং একজন স্ট্রাইকার খুবই দরকার। রাইট ব্যাক নিয়েও আছে দুশ্চিন্তা। আলোচনায় থাকা এরিক গার্সিয়াকে এখনও আনতে পারেনি বার্সা। চুক্তির বিষয়ে এগোতে পারেনি উইজনালডমের ক্ষেত্রে। লউতারো মার্টিনেজ কিংবা মেপিস ডিপের ব্যাপারটাও হয়নি সুরহা। কোম্যানকে তাই হাতে থাকা দল নিয়েই শুরু করতে হচ্ছে পরিকল্পনা।

গোলরক্ষক হিসেবে বার্সায় মার্ক টের স্টেগানকে নিয়ে প্রশ্ন নেই। সেন্ট্রাল ডিফেন্সে জেরার্ড পিকে এবং ক্লাইমেন্ট লিংলেটই এখন পর্যন্ত ভরসা। যদিও তাদের দু’জনেই অনাস্থা বার্সার। লেফট উইঙ্গে নেলসন সেমেদো। যাকে বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বার্সা। আর রাইট ব্যাকে থাকবেন জর্ডি আলবা। যার বিকল্প খুঁজে হয়রান কাতালানরা।

মিডফিল্ডে কোম্যানের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেন ডি জং। তাকে জায়গা করে দিতে বেঞ্চে বসতে হবে সার্জিও বুসকেটসকে। অন্য পাশে পিয়ানিচকে খেলাতে পারে বার্সা। অথবা কুতিনহো হতে পারেন শুরুর একাদশের ফুটবলার। তবে উইজনালডম শেষ পর্যন্ত বার্সায় আসলে বদলে যেতে পারে ছক। মেসিকে সেন্ট্রাল মিডফিল্ডে রেখে দল সাজানোর পরিকল্পনা কোম্যানের।

দুই উইঙ্গ দিয়ে কোম্যান খেলাতে পারেন উসমান ডেম্বেলে এবং আনসু ফাতিকে। শুরুর একাদশে খেলার জন্য ফাতি প্রস্তুত। কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ১৭ বছরের তরুণ ‍শুরুর একাদশে খেলার চাপ সামলে ইনজুরি ঝুঁকি মুক্ত থাকতে পারবেন কিনা প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্য প্রান্তে ইনজুরিতে সারা বছর পার করে দেওয়া ডেম্বেলে ভরসা রাখতে হবে কোম্যানকে। আর সেন্ট্রাল ফরোয়ার্ড বা স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে অ্যান্তোনিও গ্রিজম্যানকে। তবে হাতে ভালো বিকল্প না থাকলে কোম্যানের ৪-৩-৩ এই ছক দাঁড়াবে কি-না তা নিয়ে থাকছে সংশয়।

অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান যুবরাজ

0

গত বছর জুনে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং। দীর্ঘ ১৫ মাস পর ফের ক্রিকেটে ফিরতে চান তিনি। অবসর ভেঙে ভারতের ঘরোয়া ক্রিকেটে ফিরতে বিসিসিআইয়ের কাছে অনুমতি চেয়েছেন সাবেক এই অলরাউন্ডার।

সম্প্রতি ভারতের ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন যুবরাজ। সেখানে অন্তত দুই মৌসুম খেলার আশ্বাস পেয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহকে মেইল করেছেন যুবরাজ। তবে বোর্ড এখনো তাঁর চিঠির উত্তর দেয়নি।

অবসরের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও আবুধাবিতে টি-টেন লিগ খেলেছেন যুবরাজ। এবার ভারতের ঘরোয়া লিগেও ফিরতে চান, যার কারণে বোর্ডের কাছে অনুমতি চেয়েছেন তিনি। দেশীয় লিগে খেলার অনুমতি পেলে বাইরের দেশের টুর্নামেন্টে খেলবেন না বলে বোর্ডকে জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার বিকেলে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ফেরার কথা জানান যুবরাজ।

পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগেই মোহালি স্টেডিয়ামে গত কয়েক মাস অনুশীলন করেন ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ। সেখানকার তরুণদের সঙ্গে মেলামেশার পর ফেরার তাড়না জেগেছে তাঁর।

ক্রিকবাজকে যুবরাজ বলেন, ‘তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। খেলার বিভিন্ন দিক নিয়ে তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, তাদের যা বলছি সেগুলোর অনেক কিছুই তারা বুঝতে পারছে। তাদের আরো কিছু বিষয় দেখানোর জন্য আমাকে নেটে ব্যাটিং করতে হয়েছিল। খুব খুশি হয়ে বিস্ময় নিয়ে আমি দেখেছি, দীর্ঘদিন ব্যাট না ধরলেও আমি কতটা ভালোভাবে বল মারতে পেরেছি।’

পাঞ্জাবের অনুশীলন ক্যাম্পেই খেলার প্রস্তাব পান যুবরাজ। এরপর ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, ‘মাস দুয়েক ট্রেনিং করার পর আমি পাঞ্জাবের ওই ক্যাম্পে ব্যাটিং শুরু করলাম। কয়েকটি প্র্যাকটিস ম্যাচে রানও করলাম। এ রকমই একটা সেশনের পর পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পুনিত বালি জিজ্ঞেস করলেন, অবসর ভেঙে ফেরার কথা আমি বিবেচনা করব কিনা। প্রথম দিকে প্রস্তাবটি গ্রহণ করা নিয়ে নিশ্চিত ছিলাম না। ঘরোয়া ক্রিকেটে আমার অধ্যায় শেষই হয়ে গিয়েছিল। যদিও বিসিসিআইয়ের অনুমতি পেলে বিশ্বজুড়ে অন্যান্য ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যেতে চাইছিলাম। তবে বালির অনুরোধও ফেলতে পারছিলাম না। তিন-চার সপ্তাহ ধরে ভেবেছি অনেক। একপর্যায়ে ব্যাপারটি এমন হয়ে গিয়েছিল যে, শেষ পর্যন্ত সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ারও প্রয়োজন পড়েনি।’

যুবরাজ আরো বলেন, ‘এখন যা ভাবনা, যদি অনুমতি পাই, তাহলে কেবল টি-টোয়েন্টি খেলব। তবে কে জানে, দেখা যাক।

চীনের সাথে বিরোধে ভারতে উঠতি বহু ব্যবসার চোখে অন্ধকার

0

কোভিড মহামারির ধাক্কা না কাটতেই, সীমান্তে চীনের সাথে বিরোধের জেরে ভারতের এক দঙ্গল নতুন প্রযুক্তি কোম্পানি চোখে অন্ধকার দেখছে।

জুনের মাঝামাঝি লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রতিশোধ নিতে প্রায় সাথে সাথেই ভারত সরকার চীনের সাথে ব্যবসার ওপর হাত দিয়েছে।

চীন থেকে বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। দুশরও বেশি চীনা সফটওয়ার অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এবং সেই সাথে চীনা বিনিয়োগের ওপর নানা বিধিনিষেধ দেয়া হচ্ছে। আর এই সব বিধিনিষেধের বলি হচ্ছে ভারতের অনেকগুলো উঠতি প্রযুক্তি কোম্পানি যাদের ব্যবসা তরতর করে বাড়ছিল।

ভারতে ৩০ টি নতুন ‘ইউনিকর্ন‘ প্রযুক্তি কোম্পানির (যেগুলোর প্রতিটির বাজার মূল্য কমপক্ষে ১০০ কোটি ডলার) ১৮টিতেই চীন বিনিয়োগ করেছে।

এগুলোর মধ্যে রয়েছে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার বেশ কটি অ্যাপ-ভিত্তিক কোম্পানি, অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি কোম্পানি, একটি হোটেল চেইন এবং একটি ই-লার্নিং অর্থাৎ অনলাইন-ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান।

এসব কোম্পানির ব্যবসার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আরো যেসব উঠতি কোম্পানি চীনা পুঁজির অপেক্ষায় ছিল, তারা এখন হতাশ।

“কোনো সন্দেহ নেই পুঁজির বড় একটি সূত্র রাতারাতি উধাও হয়ে গেছে,“ বিবিসিকে বলছিলেন হরেশ চাওলা যিনি ট্রু-নর্থ নামে একটি বেসরকারি ইকুইটি প্রতিষ্ঠানের একজন অংশীদার ।

তিনি আশঙ্কা করছেন, ভারতের উঠতি এসব কোম্পানির ব্যবসা এবং তাদের বাজার মূল্য পোড় খাবে, কারণ “তারা (চীনারা ) বিশেষ করে মোবাইল এবং ভোগ্যপণ্য খাতে খুবই তৎপর ছিল।“

ভারত ইতিমধ্যেই দুইশরও বেশি চীনা সফটওয়ার অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে, যেগুলার মধ্যে রয়েছে টিকটক এবং পিইউবিজি‘র মত অত্যন্ত জনপ্রিয় অ্যাপ। এছাড়া, মহাসড়ক নির্মাণ এবং ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানে চীনা বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে চীনা পণ্য বর্জনের প্রচারণা।

তবে ভারতে বিদেশী বিনিয়োগের ওপর কম-বেশি বিধিনিষেধ শুরু হয়েছে জুন মাসেরও আগে। কোভিড প্যানডেমিকের কারণে সংকটে পড়া কোনো ভারতীয় কোম্পানি যেন সহজে বিদেশী পুঁজির হস্তগত না হতে পারে তার জন্য এপ্রিল মাসে সরকার বিদেশী বিনিয়োগের ওপর নতুন অনেক শর্ত আরোপ করা হয়।

ফলে, উঠতি যেসব ব্যবসা পুঁজির জন্য হাঁসফাঁস করছিল তাদের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে।

কিন্তু চিত্র আমূল বদলে গেছে। ট্রাক্সন নামে যে গবেষণা প্রতিষ্ঠানটি ভারতে স্টার্ট-আপ বা উঠতি কোম্পানির ওপর গবেষণা করে তাদের সূত্রে পাওয়া পরিসংখ্যান বলছে, ৩৫টি চীনা কোম্পানি এবং চীনের ৮৫টি পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভারতের অনেকগুলো উঠতি ব্যবসায় ৪০০ কোটির ডলারেরও বেশি বিনিয়োগ করেছে।

এসব কোম্পানির মধ্যে রয়েছে পেটিএম, স্ন্যাপডিল এবং সুইগির মত প্রযুক্তি কোম্পানি।

২০১০ সাল থেকে গত দশ বছরে ভারতে মোট বিদেশী বিনিয়োগে চীনা বিনিয়োগের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে ১১ শতাংশে দাঁড়িয়েছে।

ভারত চীনের ‘নতুন সিল্ক রুট‘ নামে পরিচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশীদার হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ঠিকই কিন্তু চীনের সাথে ব্যবসা বা বিনিয়োগের রাস্তায় কোনো বাধা দেয়নি।

সে কারণে গেটওয়ে হাউজ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি তাদের এক রিপোর্টে মন্তব্য করেছে – ভারত বিআরআইতে যোগ না দিলেও অজান্তেই দেশটি সেই সিল্ক রুটের “একটি করিডোরে“ পরিণত হয়েছে।

হরেশ চাওলা বলছেন, যেসব ভারতীয় স্টার্ট-আপ ইতোমধ্যেই আলিবাবা, টেনসেন্ট এবং বাইডুর মত চীনা জায়ান্টদের কাছ থেকে পয়সা নিয়ে ব্যবসা করছে এবং আরো বিনিয়োগের জন্য অপেক্ষা করছিল, তারা নির্ঘাত বিপদে পড়েছে।

জানা গেছে, আলিবাবা ভারতে তাদের বিনিয়োগের ভবিষ্যৎ সব পরিকল্পনা স্থগিত করেছে।

“তারা (আলিবাবা) ভারতের সিদ্ধান্তে বিস্মিত, কিন্তু তাদের করার তেমন কিছু নেই, “ নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলছিলেন ভারতীয় একটি স্টার্ট-আপ কোম্পানির মালিক যিনি আলিবাবার কাছ থেকে বিনিয়োগ পেয়েছেন।

পেটিএম এবং স্ন্যাপডিলের মত স্টার্ট-আপ কোম্পানির সাথে বিবিসি যোগাযোগ করলেও বিষয়টির রাজনৈতিক স্পর্শকাতরতার বিবেচনায় তারা কেউই প্রকাশ্যে কথা বলতে রাজি হয়নি।

অনেক ভারতীয় কোম্পানি অবশ্য মনে করছে চীনা বিনিয়োগ চিরতরে বন্ধ করে দেওয়ার চিন্তা এখনও হয়ত সরকার করছে না। বরঞ্চ সরকার যেটা চাইছে তা হলো ভারতের প্রযুক্তি খাতে চীনারা যেন গেড়ে বসতে না পারে।

“ভারত চীনা বিনিয়োগ পুরোপুরি নিষিদ্ধ হয়ত করবে না। বদলে সরকার রীতি-নীতির ব্যাপারে এমন একটি অনিশ্চয়তা এবং জটিলতার বাতাবরণ তৈরি করবে যাতে স্টার্ট আপ কোম্পানিগুলো একটি মাত্রার বাইরে চীনা বিনিয়োগ নিতে ভয় পায়,“ বিবিসিকে বলছিলেন শিব নাদার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. জাবিন টি জেকব।

অনেক পর্যবেক্ষক মনে করছেন, ইতিমধ্যেই যে বিনিয়োগ চীন থেকে এসেছে সেগুলোর পিছনে না লেগে সরকার মূলত চাইছে যে হুয়াওয়ের মত চীনা টেলিকম জায়ান্ট যেন ভারতে ফাইভ-জি নেটওয়ার্কে ঢুকতে না পারে।

চীনা বিনিয়োগের ওপর বিধিনিষেধের মাত্রা কতটুক হবে তা এখনও অস্বচ্ছ, তবে ধারণা করা হচ্ছে সরকারি বিশেষ অনুমোদন ছাড়া চীনা কোনো কোম্পানি ভারতের কোনো কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবে না। চীনা বিনিয়োগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই মালিকানার মাত্রা হয়ত বড়জোর ২৫ শতাংশ করা হবে।

চীনা পুঁজির বিকল্প কী

প্রশ্ন হচ্ছে, চীনা বিনিয়োগ শুকিয়ে গেলে ভারতের উঠতি কোম্পানির পুঁজির যোগান বিকল্প কোনো সূত্র থেকে আসবে?

ভারতে চীনা বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করে মুম্বাই-ভিত্তি তেমন একটি ল চেম্বারের অংশীদার অতুল পান্ডে বলেন, “নতুন কোম্পানিতে চীনা বিনিয়োগের যে পরিমাণ, তা হঠাৎ করে বিকল্প সূত্র থেকে আসা কঠিন।“

তিনি বলেন, চীনা যেসব বিনিয়োগের প্রস্তাবে আগে সরকারের অনুমোদনই লাগতো না, এখন তেমন ১২ থেকে ১৪টি বিনিয়োগ প্রস্তাব সরকারি অনুমোদনের জন্য পড়ে আছে।

“এসব প্রস্তাব নিয়ে সরকার শেষ পর্যন্ত কী করে, তা থেকে চীনা বিনিয়োগ নিয়ে তাদের চিন্তাভাবনার কিছুটা আঁচ করা যাবে,“ বলেন মি পান্ডে।

বিদেশ থেকে বিনিয়োগ আনার ক্ষেত্রে যারা মধ্যস্থতা করেন তারা বলছেন পশ্চিমা কোম্পানির চেয়ে চীনা কোম্পানিগুলো দ্রুত চুক্তি করে ফেলে।

তার চেয়ে যেটি গুরুত্বপূর্ণ তা হলো, চীনা বাজারে ব্যবসায় মোবাইল ফোনের যে বৈপ্লবিক ব্যবহার হচ্ছে, তা অনুসরণের জন্য মুখিয়ে ছিল ভারতীয় উঠতি কোম্পানিগুলো।

কিন্তু হঠাৎ করে রাতারাতি চীনা প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, তাতে ভারতীয় এসব কোম্পানি উদ্বিগ্ন।

তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, কোভিড সংকট কেটে গেলে বিশ্বের অন্যান্য দেশ থেকেও বিনিয়োগ এবং প্রযুক্তি ভারতে আসবে, কারণ ইন্টারনেট ব্যবসার জন্য চীনের পর ভারত বিশ্বের সবচেয়ে বড় বাজার।

সে কারণেই, করোনাভাইরাস লক-ডাউনের মধ্যেই গুগল, ফেসবুকের মত সিলিকন ভ্যালি জায়ান্ট এবং এআইডিএ বা জেনারেল আটলান্টিকের মত আন্তর্জাতিক পুঁজি প্রতিষ্ঠানের কাছ থেকে ভারতে ২০০০ কোটি ডলার বিনিয়োগ এসেছে।

কিন্তু সমস্যা হচ্ছে এসব বিনিয়োগের সিংহভাগই গেছে বিলিওনেয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানির টেলিকম প্রতিষ্ঠান জিও-তে। অচেনা-অজানা বা নতুন কোম্পানি তার কোনো হিস্যা পায়নি।

অনেকে তাই বলছেন, উঠতি কোম্পানিতে চীনা পুঁজি আটকে দিলে এসব উঠতি কোম্পানির জন্য ভারতের ভেতর থেকে বিকল্প পুঁজির ব্যবস্থা করতে হবে।

কিন্তু বাস্তবতা হলো, ভারতে যেসব পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে, তারা নিজেরাই বিদেশী পুঁজির ওপর ভীষণভাবে নির্ভরশীল।

একটি বেসরকারি ইকুইটি প্রতিষ্ঠানের অংশীদার গোপাল জৈন সম্প্রতি একটি টিভি চ্যানেলকে বলেছেন, তারা যে বিনিয়োগ করেন তার মাত্র পাঁচ শতাংশের মত যোগান আসে ভারতের ভেতর থেকে। তিনি বলেন, কোভিড পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে পুঁজির প্রাপ্যতা কঠিন হবে, ফলে দেশের ভেতর থেকে জোগান আসতে হবে কমপক্ষে ৩০ শতাংশ।

এবং তার ওপরই নির্ভর করবে, ভবিষ্যতে ভারতে চীনা বিনিয়োগ ছাড়াই আরো ৩০টি উঠতি নতুন কোম্পানি জন্ম নেবে কিনা।

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ জন ছাত্রীকে প্রধানমন্ত্রীর উপহার

0

শ্রীমঙ্গলে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪০ জন নৃ-গোষ্ঠীর ছাত্রীকে বাই-সাইকেল প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় শ্রীমঙ্গলে অবস্হিত জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনু্ষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব বাই-সাইকেল বিতরন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সহকারি কমিশনার ( ভুমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মলেই থাকছে

0

বন্ধ হচ্ছে না রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্স। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, বসুন্ধরা শপিংমলে তাদের প্রথম শাখাটি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার জানানো হলো বন্ধ হচ্ছে না ১৬ বছর আগে পথচলার শুরুর এই সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটি শপিংমলেই থাকছে জনপ্রিয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হল।

এর আগে বসুন্ধরার সঙ্গে ভাড়ার চুক্তি শেষ, তাই স্টার সিনেপ্লেক্স আর সেখানে থাকছে না, এমন সংবাদ প্রকাশের পর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। দেশের সিনেমাপ্রেমী দর্শকের প্রিয় স্থান বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স বন্ধ হয়ে যাবে, এটা মানতে পারছিলেন না অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন অনেকেই।

বসুন্ধরা সিটি আর স্টার সিনেপ্লেক্স দুটিই নগরীর মানুষের অন্যতম প্রিয় স্থান হয়ে উঠেছে। তাই একটির সঙ্গে আরেকটির বিচ্ছেদ রীতিমতো গভীর বিরহ সৃষ্টি করেছে। অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালকসহ সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানান।

কয়েক দিন ধরে এ নিয়ে নানা আলোচনার পর অবশেষে যে সংবাদ এলো, তাতে স্বস্তি প্রকাশ করবেন সবাই। বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্টার সিনেপ্লেক্স আগের মতোই থাকছে এখানে। আমরা চুক্তি নবায়ন করতে যাচ্ছি।’

চাটাইয়ে শুয়ে জেলে প্রথম রাত কাটল রিয়ার

0

এনসিবি হেড কোয়ার্টার থেকে বাইকুলা জেলে বুধবার (৯ সেপ্টেম্বর) নিয়ে আসা হয় রিয়া চক্রবর্তীকে। জামিন না হলে এখানেই ১৪ দিন থাকতে হবে তাকে। মঙ্গলবার রাতে তার বেলের আবেদন খারিজ করে আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফের জামিনের শুনানি হবে। গতকালই রিয়াকে স্থানান্তরিত করা হয় মহিলা সেলে। সম্ভবত তাঁর সঙ্গেই থাকার কথা ছিল শিনা হত্যা কাণ্ডে গ্রেফতার ইন্দ্রাণীর। এর আগের দিন রাতে রিয়া ছিলেন এনসিবি হেড কোয়াটারে। তিনি সারা রাত পায়চারী করে কাটিয়েছেন বাইকুলা জেলে।

রিয়াকে ১ নম্বর সেলে রাখা হয়েছে। যার তিন দিকে দেওয়াল। একদিকে গ্রিল থাকে। এখানেই দুপুরে ও রাতের সবজি, ডাল রুটি খান। কয়েদিদের শোয়ার জন্য চাটাই আর চাদর দেওয়া হয়। সেই চাটাই মাটিতে পেতে শুয়ে রাত কাটালেন রিয়া।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিন দিন টানা জেরার পর গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তীকে। ১৪ দিনের জেল হেফাজতে অভিনেত্রী। গ্রেফতারের পরে এবার রিয়ার মেডিক্যাল টেস্ট করা হয়। জানা গিয়েছে, অন্য তিন গ্রেফতার অভিযুক্তদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে। খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি। এদিকে রিয়ার করোনা টেস্ট নেগেটিভ এসেছে।

রিয়ার আইনজীবীর চেষ্টা কোনও কাজে আসেনি। জামিনের আবেদন করা হলে, তা খারিজ করে দেওয়া হয় বুধবার (৯সেপ্টেম্বর) । আপাতত ১৪ দিন হেফাজতেই কাটাতে হবে রিয়াকে। অন্যদিকে, জেরার মুখে রিয়ার ভাই ও সুশান্তের পরিচারক দীপেশ আগেই জানিয়ে ছিলেন, রিয়ার সঙ্গে মাদকচক্রের সংযোগ থাকার কথা। এই সবের ওপর নির্ভর করেই নানা অভিযোগে রিয়াকে গ্রেফতার করা হয় ৷

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্ত শুরু হওয়ার পর থেকেই একের পর এক তথ্য সামনে উঠে আসতে শুরু করে। বলিউডের মাদকচক্র নিয়েও নানা তথ্য উঠে আসতে থাকে। সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়ার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করা হয়। সুশান্তের পরিবার রিয়াকেই দায়ী করেছেন অভিনেতার মৃত্যুর জন্য।

এর পর রিয়াকে জেরা শুরু হতেই রিয়া জানান সুশান্ত মাদক নিতেন। কিন্তু তার কোনও যোগ নেই মাদকচক্রের সঙ্গে। তবে এনসিবির জেরার মুখে পড়ে রিয়া জানান তিনিও ড্রাগ নিতেন। মাদক সেবন করতেন নিয়মিত। সূত্রের এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। গ্রেফতার করা হয় রিয়াকে। রিয়ার গ্রেফতারের পর সুশান্তের দিদি শ্বেতা ট্যুইটারে লেখেন, এবার সব সত্যি সামনে আসবে। আজ ফের আদালত জানাবেন রিয়াকে জামানত দেওয়া হবে কিনা।