Home Blog Page 2695

মসজিদে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ২৯

0

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আব্দুস ছাত্তার (৪০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৯ জনের মৃত্যু হলো।
তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল।
মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও সাত জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছেন।
মৃতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), মুন্সীগঞ্জের কুদ্দুস বেপারি (৭২), চাঁদপুরের মোস্তফা কামাল (৩৪), পটুয়াখালীর গার্মেন্টস কর্মী রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), পটুয়াখালীর রাঙ্গাবালীর জামাল আবেদিন (৪০), গার্মেন্টস কর্মী ইব্রাহিম বিশ্বাস (৪৩), কলেজ শিক্ষার্থী রিফাত (১৮), চাঁদপুরের মাইনউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), লালমনিরহাটের গার্মেন্টস কর্মী নয়ন (২৭), নিজাম (৩৪), নারায়ণগঞ্জের রাসেল (৩৪), শরীয়তপুরের নড়িয়ায় ইমরান (৩৭), খুলনার কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুয়েল (৭), বাহার উদ্দিন (৫৫), নাদিম (৪৫), জুলহাস (৩৫), শামীম (৪৫), হান্নান (৫০)। মারা যাওয়া ব্যক্তিরা তল্লা এলাকার বাসিন্দা।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হচ্ছেন-তিতাসের ফতুল্লা অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মো. হানিফ মিয়া এবং প্রো-কর্মী মো. ইসমাইল প্রধান।

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের আগুন

0

একদিনের ব্যবধানে ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
অগ্নিকাণ্ডের পর থেকে ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
গেল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইলসহ পাঁচটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
৩৩ কেভি পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি করেছে পিডিবি। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর একদিনের মধ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

বিমানবন্দর রেলস্টেশনসহ ৩টি স্টেশন খুলে দেওয়া হল

0

করোনাভাইরাসের কারণে সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই এ তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি দিয়ে যথারীতি যাত্রী নেওয়া শুরু হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হবে। এসব স্টেশন থেকে যাত্রী উঠতে পারবে।
রেল কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বিমানবন্দর স্টেশনে বেলা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৭টি ট্রেন যাত্রাবিরতি দিয়েছে এবং যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে গেছে।
এতদিন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের মানোন্নয়ন ও একসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনেরও একসেস কন্ট্রোল সিস্টেম নির্মাণ কাজ চলছিল। একসেস কন্ট্রোলের ফলে স্টেশনে কোনো যাত্রী আর টিকিট ছাড়া প্রবেশ কর‍তে পারবে না।
স্টেশন চালু হওয়ার ফলে ওই সব স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়করা কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনের কোটা হতে বিক্রি করতে হবে।
এদিকে, কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে নতুন করে বিভিন্ন রুটে ১৪ জোড়া বা ২৮টি যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে।
ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী এক্সপ্রেস, আখাউড়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়া রুটে তিতাস কমিউটার, ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে তুরাগ কমিউটার, ঢাকা-হাইটেকসিটি-ঢাকা রুটে কালিয়াকৈর কমিউটার, নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন।
জানা গেছে, কমিউটার-মেইল-লোকাল ট্রেনের বেশিরভাগ টিকিট কাউন্টারে দেওয়া হচ্ছে। তবে আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট আগামী ১২ তারিখ থেকে স্টেশনের কাউন্টারগুলোতে দেওয়া হবে।
যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি অব্যাহত রয়েছে।

করোনাকালে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশের আহ্বান প্রধানমন্ত্রীর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে কোভিড-১৯ এর কারণে গভীরভাবে ক্ষতিগ্রস্ত অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করে চলমান করোনাভাইরাস সঙ্কটের সময় শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘শিক্ষা চলমান কোভিড-১৯ মহামারীর কারণে গভীরভাবে প্রভাবিত হওয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যা বিশ্বজুড়ে ব্যাপকভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সুতরাং, শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার জন্য একটি সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের প্রয়োজন।’

প্রধানমন্ত্রী আজ এই প্রথমবারের মত ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘শিক্ষাকে আক্রমণের হাত থেকে রক্ষা করার আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে একটি ভিডিওবার্তায় একথা বলেন।

এই দিবসটি শিক্ষার ওপর হামলার ইস্যুতে আলোকপাত এবং সংঘাত-আক্রান্ত দেশগুলোতে আরো প্রান্তিক শিশু ও যুবকদের মানসম্পন্ন শিক্ষার সুযোগ পেতে সহায়তা করার লক্ষ্যে পালিত হচ্ছে।

শেখ হাসিনা তার রেকর্ডকৃত বার্তায় একই সঙ্গে প্রতিটি পরিস্থিতিতে শিক্ষা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা পুনর্র্নিমাণের ওপর জোর দিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই বিভিন্ন দেশকে কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, ‘এই শুভ উপলক্ষে, আসুন প্রত্যেক পরিস্থিতিতে শিক্ষাকে রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা নতুন করে জোরদারের অঙ্গীকার করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই আমাদের কাক্সিক্ষত ভবিষ্যতের দিকে পরিচালিত করবে।’

প্রধানমন্ত্রী বলেন, যদিও কোভিড-১৯ সঙ্কট বিদ্যমান শিক্ষাব্যবস্থার দুর্বলতা দেখিয়েছে, তবু বাংলাদেশ শিক্ষা খাতে মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা বসে থাকিনি। আমরা শিক্ষার্থীদের জন্য টেলিভিশনে সম্প্রচারিত এবং অনলাইন পাঠদান চালু করেছি।’

শেখ হাসিনা বলেন, সরকার শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে এবং অন্যদিকে শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় নিযুক্ত থাকে সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শিক্ষাব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করায় এই ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে দেশের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে অগ্রাধিকার দিয়েছিলেন। তার দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হয়ে আমরা শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করেছি।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা শিক্ষার উন্নতি এবং বিশেষ প্রয়োজন-সম্পন্ন শিশুসহ প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, সরকার ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে এবং উচ্চশিক্ষার স্তর পর্যন্ত ২০.৩ মিলিয়ন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, ‘এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ২৬ হাজার ১৯৩টিরও বেশি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৮৫টি উচ্চবিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, এবং ৪ হাজার ৩৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে মাসিক বেতন আদেশের (এমপিও) আওতায় আনা হয়েছে।

শেখ হাসিনা বলেন, লিঙ্গ-সংবেদনশীল পন্থা, স্কুলে খাওয়ানো কর্মসূচি, প্রায় প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, আইসিটি শিক্ষার মতো অন্যান্য কার্যক্রমের পাশাপাশি এই সমস্ত পদক্ষেপের সুস্পষ্ট সুফল দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘ফলস্বরূপ, ২০১৯ সালে প্রকৃত শিক্ষার্থী ভর্তির হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং সাক্ষরতার হার ৭৪ শতাংশে উন্নীত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণেও পদক্ষেপ নিয়েছে।

বক্তৃতার শুরুতে, তিনি আক্রমণ থেকে শিক্ষাকে রক্ষা করতে আন্তর্জাতিক দিবসের প্রথমবার্ষিকী উপলক্ষে সকলকে অভিনন্দন জানান এবং এডুকেশন এভাব অল ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) অ্যাডভোকেট শেখা মোজা বিনতে নাসেরের প্রশংসা করেন। বাসস

আরও বাড়লো সোনার দাম

0

ফের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা। অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে মার্কির ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় স্বর্ণের মূল্য কমানো হলেও বর্তমানে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করেছে।

২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৯ হাজার ১০৯ টাকা। দাম বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা।

একই ভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ১১০ টাকা। বর্তমান দাম রয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। ভরিতে বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম স্বর্ণের দাম বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৩৮ টাকা। দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

মসজিদের বাইরে গ্যাসলাইনে ৬টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি

0

নারায়ণগঞ্জের তল্লায় বিস্ফোরণের ঘটনায় মসজিদের বাইরে গ্যাসলাইনের ছয়টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি।

এছাড়া মসজিদ নির্মাণে কোনও অনুমোদন ছিল না বলেও জানানো হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) এসব গণমাধ্যমকে এসব তথ্য জানান তিতাসের তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার। তদন্ত কমিটির প্রধান আরও জানান, আজই খননকাজ শেষ করে ভিডিও ধারণ করা হবে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় তদন্তের অগ্রগতি সন্তোষজনক বলেও জানান তিনি। আগামীকাল যেকোনও সময় তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস, ডিপিডিসি, রাজউক, মসজিদ কমিটি এই চার সংগঠনেরই দায় রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, ক্ষতিগ্রস্ত ৩৭ জনের পরিবারকে ৫ লাখ করে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিতাস গ্যাস ক্ষতিপূরণের এই টাকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেবে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এছাড়া নিহত ও আহতদের পরিবারকে কেনো ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ আহত হয়। দগ্ধ হয়ে ৩৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর মধ্যে ২৮ জন মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন

সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার নির্দেশ আইজিপি’র

0

সর্বোত্তম পন্থায় সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় বার্ষিক প্রকিউরমেন্ট প্ল্যান (এপিপি) সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ প্রদান করেন।

পুলিশ প্রধান বলেন, জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবহার উপযোগী আধুনিক প্রযুক্তির, উন্নত মা‌নের লজিস্টিকস ক্রয় করতে হবে। তিনি ক্রয়কৃত ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জামাদির হালনাগাদ ইনভেন্টরি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

ড. আহমেদ বলেন, প্রত্যেকটি ইকুইপমেন্টে বারকোড থাকবে, যাতে এগুলো সহজে চিহ্নিত করা যায় এবং ব্যবস্থাপনা সহজ হয়। সরকারি সম্পদ ব্যবহারকারীর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ, এসবি প্রধান, সিআইডি প্রধান, ডিএমপি কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাদশে ভর্তির সময় বাড়ল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

0

দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দুইদিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রধানদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র জমা বা গ্রহণের প্রয়োজন নেই। মহামারির উন্নতি হলে সুবিধামত সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে হবে।

তবে কোটার শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত সনদ দাখিল সাপেক্ষে কলেজে ভর্তি হতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন।

কেউ অপরাধীদের আশ্রয় দেবেন না: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের আশ্রয় দেয়া বা রক্ষা না করার জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, ‘যারা অপরাধ করে ও যারা অপরাধীদের রক্ষা করে, উভয়ে সমান অপরাধী। কেউ অপরাধীদের আশ্রয় দেবেন না।’

ইউএনও ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত ও জঘন্য হামলার কারণ ও এর পেছনের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার সাথে যারা জড়িত, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে প্রধানমন্ত্রী’র প্রশ্ন-উত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের (সংসদ সদস্যদের) বলতে পারি যে এই হামলার সঙ্গে যারা জড়িত, সেই সব অপরাধীদের অবশ্যই শাস্তি হবে এবং আমি এর নিশ্চয়তা দিচ্ছি। এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং এর পেছনে মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এই ঘটনার তদন্তে কোন ধরনের ত্রুটি নেই। এর সুষ্ঠু তদন্ত হবে।’

এ সময় হারুন ইউএনও ওয়াহিদার উপর হামলার ঘটনা তদন্তের জন্য ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত উচ্চ-ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির মতো একটি কমিটি গঠন করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। কারণ স্থানীয় তদন্ত কর্মকর্তারা যথাযথ তদন্ত করতে পারবে না বলে তার সন্দেহ।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি আগেও বলেছি, আমার দৃষ্টিতে অপরাধীর একমাত্র পরিচয় সে একজন অপরাধী। আমি কখনোই অপরাধী কোন দলের তা দেখব না। এমনকি তারা যদি আমার দলের সদস্যও হয়, তবুও আমি তাদের রেহাই দেব না এবং আমি এই আদর্শ নিয়েই চলছি। আপনারা (সংসদ সদস্য) ইতোমধ্যেই এটা বুঝেছেন।’ ইউএনও ওয়াহিদার উপর হামলার ঘটনাকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্তের পর আরো অপরাধীকে গ্রেফতার করা হবে। প্রধানমন্ত্রীর আরো বলেন, ‘অনেকে ধারণা করছেন যে এটি একটি চুরির ঘটনা। এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি বিষয়ে যথাযথভাবে তদন্ত করা হচ্ছে।’

সংসদ নেতা বলেন, ইউএনও ওয়াহিদাকে হেলিকপ্টারযোগে ঢাকা নিয়ে আসা হয় এবং তার যথাযথ চিকিৎসা নিশ্চিতে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত ইউএনও ওয়াহিদার সরকারি বাসস্থানে এই হামলায় ওয়াহিদা ও তার বাবা ওমর আলী গুরুতর আহত হন।
ওয়াহিদা এখন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরদিন (শুক্রবার) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এই মামলার প্রধান অভিযুক্ত আসাদুল হক ও তার দুই সাথী নাবিউল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। দিনাজপুরের একটি আদালত তাদের সকলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন ইউএনও ওয়াহিদার উপর হামলার ঘটনার সাথে আওয়ামী লীগের লোকদের সম্পৃক্ততার কথা উল্লেখ করলে প্রধানমন্ত্রী বলেন, তাঁর দলের নেতাকর্মীদের দোষ দেয়া ঠিক না। করোনা ভাইরাস, সাইক্লোন আমফান ও বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে তারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে। বিএনপি সরকার ১৯৯১ সালের সাইক্লোনের পর দুর্গত মানুষের জন্য কিছুই করেনি।

পিছনের ঘটনা টেনে না আনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি হারুনের আবেদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষতের পথ বেছে নিতে হবে।’

বগুড়া- ৬ আসনের বিএনপি দলীয় এমপি গোলাম মোহম্মদ সিরাজের এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, কোথাও কোন ঘটনা ঘটলে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ওয়াহিদার উপর হামলার ঘটনায়ও এর ব্যতিক্রম হবে না। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাঁকে ও তাঁর ছোট বোন শেখ রেহানাকে ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় এবং দুর্ভাগ্যজনকভাবে এই বর্বরোচিত হত্যাযজ্ঞে জড়িতদের দায়মুক্তি দিয়ে পুরস্কৃত করা হয় উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।

এ প্রসঙ্গে তিনি দেশের ৫০০টি স্থানে একই সাথে বোমা হামলা এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবাদ-বিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার কথা উল্লেখ করেন।- বাসস

শিক্ষার্থী সংখ্যা বেশি হলে ক্লাস হবে পালাক্রমে : সচিব

0

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেছেন, করোনার প্রকোপ কমলে প্রাথমিক বিদ্যালয় খুললে ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি অনুসরণসহ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পালাক্রমে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ কথা জানান।
তিনি বলেন, খোলার আগে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক কোন কোন গাইডলাইন অনুসরণ করবে আমরা সেটি জানিয়ে দিয়েছি। সেখানে আমরা বলেছি, স্কুলগুলো পরিষ্কার করতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। নিরাপত্তার জন্য মাস্ক নিশ্চিত করতে হবে।
সচিব বলেন, এখন পর্যন্ত স্কুল খোলার পরিবেশ তৈরি তৈরি হয়নি। গ্রামে, রুট লেভেলে যে স্কুলগুলো আছে সেখানে আমরা মনে করছি এখনও পরিবেশ তৈরি হয়নি।
গণশিক্ষা সচিব বলেন, গাইডলাইন অনুযায়ী যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে শিফটিং করতে হবে। একদিন এক শ্রেণিকে আনলে পরের দিন আরেক শ্রেণিকে আনতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্কুল খোলার পরিকল্পনা করবে। এই পরিকল্পনা প্রত্যেকটি স্কুলের জন্য এবং এতে সহায়তা করবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরিকল্পনা অনুযায়ী স্কুলগুলো পরিচালিত হচ্ছে কি না, সেটি তারা তদারকি করবেন।
তিনি বলেন, যখন আমরা মনে করব যে কভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, স্কুলগুলো খোলার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে, তার আগেই আমাদের প্রধান শিক্ষকদের, কর্মকর্তাদের নির্দেশ দেব আপনারা এখন গাইডলাইন অনুসরণ করে স্কুলগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুতি গ্রহণ করুন। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সব সিদ্ধান্ত গ্রহণ করব।
বিদ্যালয় পুনরায় চালু করার সিদ্ধান্ত গৃহীত হলে ছয়টি মাত্রা যথা, নীতিনির্ধারণ, অর্থ সংস্থান, নিরাপদে কার্যক্রম পরিচালনা, শিখন, সার্বাধিক প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছানো নিশ্চিতকরণ এবং সুস্থতা/সুরক্ষা ব্যবস্থা বিবেচনা করে এই নির্দেশনা প্রণয়ন করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
এবিএন/মমিন/জসিমশিক্ষার্থী সংখ্যা বেশি হলে ক্লাস হবে পালাক্রমে : সচিব
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেছেন, করোনার প্রকোপ কমলে প্রাথমিক বিদ্যালয় খুললে ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি অনুসরণসহ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পালাক্রমে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ কথা জানান।
তিনি বলেন, খোলার আগে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক কোন কোন গাইডলাইন অনুসরণ করবে আমরা সেটি জানিয়ে দিয়েছি। সেখানে আমরা বলেছি, স্কুলগুলো পরিষ্কার করতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। নিরাপত্তার জন্য মাস্ক নিশ্চিত করতে হবে।
সচিব বলেন, এখন পর্যন্ত স্কুল খোলার পরিবেশ তৈরি তৈরি হয়নি। গ্রামে, রুট লেভেলে যে স্কুলগুলো আছে সেখানে আমরা মনে করছি এখনও পরিবেশ তৈরি হয়নি।
গণশিক্ষা সচিব বলেন, গাইডলাইন অনুযায়ী যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে শিফটিং করতে হবে। একদিন এক শ্রেণিকে আনলে পরের দিন আরেক শ্রেণিকে আনতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্কুল খোলার পরিকল্পনা করবে। এই পরিকল্পনা প্রত্যেকটি স্কুলের জন্য এবং এতে সহায়তা করবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরিকল্পনা অনুযায়ী স্কুলগুলো পরিচালিত হচ্ছে কি না, সেটি তারা তদারকি করবেন।
তিনি বলেন, যখন আমরা মনে করব যে কভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, স্কুলগুলো খোলার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে, তার আগেই আমাদের প্রধান শিক্ষকদের, কর্মকর্তাদের নির্দেশ দেব আপনারা এখন গাইডলাইন অনুসরণ করে স্কুলগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুতি গ্রহণ করুন। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে সব সিদ্ধান্ত গ্রহণ করব।
বিদ্যালয় পুনরায় চালু করার সিদ্ধান্ত গৃহীত হলে ছয়টি মাত্রা যথা, নীতিনির্ধারণ, অর্থ সংস্থান, নিরাপদে কার্যক্রম পরিচালনা, শিখন, সার্বাধিক প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছানো নিশ্চিতকরণ এবং সুস্থতা/সুরক্ষা ব্যবস্থা বিবেচনা করে এই নির্দেশনা প্রণয়ন করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।