Home Blog Page 2697

মাদক যোগ প্রমাণ করতে পারলে মুম্বাই ছেড়ে চলে যাব : কঙ্গনা

0

কঙ্গনার বিরুদ্ধে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে সরব হয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। মুম্বই পুলিস কঙ্গনার বিরুদ্ধে তদন্ত করবে বলেও স্পষ্ট জানান অনিল দেশমুখ। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের পর পালটা উত্তর দিলেন কঙ্গনা।
তিনি বলেন, অনিল দেশমুখকে স্বাগত। তাঁর মাদক পরীক্ষা করানো হোক। তাঁর সঙ্গে মাদকের কারবারী এবং পাচারকারীদের যদি কোনও সম্পর্ক প্রকাশ করা যায়, তাহলে চিরকালের মতো মুম্বই ছেড়ে চলে যাবেন তিনি। মাদক কারবারীদের সঙ্গে তাঁর যোগ পাওয়া গেলে, নিজের সমস্ত ভুল তিনি স্বীকার করে নেবেন বলেও জানান কঙ্গনা।

অভিনেতা কে এস ফিরোজ আর নেই

0

দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ আর নেই। আজ বুধবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহ… রাজিউন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিনেতা কে এস ফিরোজ বেশ কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। সম্প্রতি তিনি নিউমোনিয়ার ইঞ্জেকশন নিতে আইসিডিডিআরবিতে যান। সেখান থেকে ফিরেই জ্বরে আক্রান্ত হন। জ্বর নিয়ে একটি হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিমএইচে ভর্তি করা হয়। সেখানে ভর্তি হয়েই লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। শেষ রক্ষা হয়নি। আজ সকালে পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান কে এস ফিরোজ।
এ অভিনেতার স্ত্রী মাধবী ফিরোজ জানান, কে এস ফিরোজকে কখন কোথায় দাফন করা হবে সে বিষয়ে এখনো পারিবারিক সিদ্ধান্ত নেয়া হয়নি।
বাংলা নাটকের পাশাপাশি সিনেমাতেও ফিরোজের উপস্থিতি উল্লেখযোগ্য। তবে তার শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নাট্যদল ‘থিয়েটার’-এর সাথে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, কিংলিয়ার’ ও ‘রাক্ষসী’ মঞ্চনাটকে।
কে এস ফিরোজ টেলিভিশনে প্রথম অভিনয় করেন ‘দীপ তবুও জ্বলে’ নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহীম।
বরিশালে জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। কে এস ফিরোজের প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। আরও অভিনয় করেছেন ‘শঙ্খনাদ’, ‘ বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’তে।

আবরার হত্যা মামলার চার্জ শুনানি আজ

0

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার ৯ আসামির চার্জ শুনানি আজ ধার্য রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত চার্জ শুনানি হবে।
এর আগে গত ২ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের প্রার্থনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, এহেসানুল হক সমাজী ও অ্যাডভোকেট মো. আবু আব্দুল্লাহ ভূঁইয়া।
এর পর ১৩ আসামির পক্ষে তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। ৯ আসামির পক্ষে চার্জ শুনানি হয়নি। অপর তিন আসামি পলাতক থাকায় তাদের পক্ষে চার্জ শুনানি হচ্ছে না।
মামলায় আসামিরা হলেন- ছাত্রলীগের বুয়েট শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, এএসএম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ।
আসামিদের মধ্যে প্রথম ২২ জন কারাগারে ও তিনজন পলাতক। আর ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয়তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে এক হতে হবে: শেখ হাসিনা

0

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ঢাকায় স্থাপিত ‘গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন-জিসিএ বাংলাদেশ’ এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষ্যে ভার্চুয়াল অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে একসাথে কাজ করতে হবে।’ সীমাবদ্ধতা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করে শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, ভূমিধস, তুষাধসের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে ঝুঁকিতে আছে দক্ষিণ এশিয়া। এমনকি তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়তে থাকলেও বাংলাদেশসহ এ অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলবে। দুর্যোগে শিশু, নারী, বয়স্ক এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ঝুঁকির বিষয়টিও আমাদের ভুলে গেলে চলবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষ একটি প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতে আরেকটি এসে আঘাত হানে। ফলে যেকোনো অগ্রগতি উল্টে যায়। এই চক্র ভাঙতে দক্ষিণ এশিয়াকে দুর্যোগে টিকে থাকার সক্ষমতা আরও বাড়াতে হবে।‘
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ অনন্য নজির স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় এখানকার জনগণ বারবার সক্ষমতার প্রমাণ দিয়েছে। তারপরও পরিবর্তন করার মতো এখনও অনেককিছু আছে।’
কোভিড-১৯ মহামারি সব দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং একসঙ্গে কাজ করার মতো পরিস্থিতি তৈরি করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বর্তমান এবং ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় আমাদের একে অপরকে ছেড়ে যাওয়া উচিত নয়।’

প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দেশনা দেয়া হয়নি: সচিব

0

প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার নির্দেশনা নয়, বরং খোলার প্রস্তুতি হিসেবে যে নির্দেশিকার অনুমোদন দেয়া হয়েছে, সেটা বিদ্যালয়গুলোতে সরবরাহ করতে বলা হয়েছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মঙ্গলবার বিকেলে এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হাসান।

তিনি বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগের মতো আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে হবে না। বিদ্যালয় খোলার ১৫ দিন আগে থেকে স্বাস্থ্য সুরক্ষার প্রস্তুতি শুরু করা হবে। ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় ও প্রতিদিন কীভাবে ক্লাস পরিচালনা করা হবে সেসব বিষয়ে নির্দেশনা দেয়া হবে। সচেতনতা তৈরির জন্য পোস্টার ও লিফলেটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

সচিব আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান পরিচালনা করতে তারা এই পরিকল্পনা তৈরি করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে করোনা পরিস্থিতিতে বিদ্যালয় পরিচালনায় দিকনিদের্শনা তৈরি করা হয়েছে। সবাইকে সেসব বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।

তিনি বলেন, ‘যখনই খুলে দেওয়া হোক না কেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর শর্ত প্রতিপালন করে বিদ্যালয় খুলে দেওয়ার জন্য একটি নির্দেশিকা (স্কুল রি-ওপেনিং প্ল্যান) তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে পরিকল্পনা নেওয়া হয়েছে, আগের মত আর প্রতিদিন প্রতিটি বিষয়ের ক্লাস নেওয়া হবে না। রুটিন সংকুচিত করা হবে। স্কুলে ঢুকেই সব শিশুকে হাত ধুতে হবে। স্কুল মাঠে খেলাধুলা সীমিত করা হবে।

এ পরিকল্পনায় বিদ্যালয় খুলে দেওয়ার পর পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম চালানোর জন্য মাঠ পর্যায়ের শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও শিক্ষকদের জন্য নানা নির্দেশাবলীও রয়েছে। এতে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিশুস্বাস্থ্য ও করোনা প্রতিরোধমূলক নানা নির্দেশনা দেওয়া হয়েছে।’

রোহিঙ্গাদের দেখামাত্র গুলির নির্দেশ ছিল: মিয়ানমার সৈনিকের স্বীকারোক্তি

0

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর অভিযানের সময় সৈনিকদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্দেশ ছিল, ‘যাকে দেখবে তাকে গুলি করবে’।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর বিষয়ে স্বীকারোক্তিতে মিয়ানমারের দুজন সৈনিক এ কথা বলে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ করেছে।

দুই সেনা সদস্যের ভিডিও স্বীকারোক্তিতে উঠেছে এসে যে, দেশটির সামরিক বাহিনী রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার চেষ্টা করেছিল।

আইসিসিতে স্বীকারোক্তি দেওয়া দুই সৈনিক হলেন, মিও উইন তুন (৩৩) এবং জ নায়েং তুন (৩০)। আন্তর্জাতিক আদালতটিতে রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অপরাধের তদন্ত প্রক্রিয়া চলছে।

২০১৭ সালে মিয়ানমার সামরিক বাহিনীর ক্লিয়ারেন্স অপারেশনের সময়ে নারী, শিশুসহ নিরীহ রোহিঙ্গাদের হত্যা, গণকবরে মাটি চাপা দেওয়া, ধর্ষণসহ অন্যান্য অপরাধের কথা আদালতের কাছে স্বীকার করেন তারা।

ফরটিফাই রাইটসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্বীকারোক্তির ফলে ওই দুই সৈনিক আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে ভবিষ্যতে মামলার কাজে সহযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

ওই দুই সৈনিক ১৯ জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন যারা রাখাইনে সরাসরি নৃশংসতা চালিয়েছে। এ ছাড়া ছয়জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এসবের নির্দেশ দিয়েছিলেন বলে তারা স্বীকারোক্তি দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বীকারোক্তি অনুযায়ী শুধু এই দুজন কমপক্ষে ১৮০ জন রোহিঙ্গা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

মিও উইন তুন স্বীকারোক্তিতে বলেন, ‘রোহিঙ্গাদের সমূলে হত্যার নির্দেশ দেন কর্নেল থান থাকি নামে এক সেনা কর্মকর্তা। এরপর সৈনিকেরা মুসলিমদের কপালে গুলি করে এবং লাথি মেরে কবরে ফেলে দেয়।’

বুথিডং অঞ্চলে কয়েকটি গ্রাম ধ্বংস করায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন মিও। ৩০ জন রোহিঙ্গাকে হত্যায় সরাসরি জড়িত থাকা, আরও ৬০ থেকে ৭০ জন রোহিঙ্গা হত্যার সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তিনি স্বীকার করেন।

আরেক সৈনিক জ নায়েং তুন বলেন, ‘মংদু টাউনশিপে ২০টি গ্রাম ধ্বংস এবং অন্তত ৮০ জন রোহিঙ্গাকে হত্যার সঙ্গে জড়িত ছিলাম। এ ছাড়া, সার্জেন্ট পায়ে ফোয়ে অং এবং কিয়েত ইয়ু পিন তিন জন রোহিঙ্গা নারীকে ধর্ষণ করেছে, যার সাক্ষী আমি নিজেই।’

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে ওই অভিযান থেকে বাঁচতে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। শতাব্দীর অন্যতম মানবিক বিপর্যয়ের মুখে পড়ে সংখ্যালঘু জাতিগোষ্ঠীটি।

রোহিঙ্গাদের ওপরে গণহত্যা, গণধর্ষণ, নিপীড়ন, অগ্নিসংযোগ চালানোর অভিযোগ উঠে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা একটি মামলার শুনানি হয় ডিসেম্বরে।

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

0

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিক্ষাই জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ। কোভিড-১৯ এর সংক্রমণে পুরো পৃথিবী আজ স্থবির হয়ে পড়েছে, উন্নয়নের চাকা অনেকটা থমকে গেছে। প্রায় ৫ মাস হলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীরা অনিশ্চিত অবস্থায় গৃহবন্দি হয়ে ক্লাসে যাবার অপেক্ষায় রয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দিবসটি সীমিত আকারে উদযাপিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২০’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ বছর কোভিড-১৯ কে বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তৃতা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষসহ বিভিন্ন সহযোগী দাতা সংস্থা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ। পরে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ এর দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন।

আমি ভিক্ষা করে চলতে চাই না : মেয়র তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে কর কর্মকর্তাদের উদ্দেশে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সংস্থাটি আগে কীভাবে চলেছে, সেদিকে আমি ফিরে যেতে চাই না। আমি ভিক্ষা করে চলতে চাই না। সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে করপোরেশনকে স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির আওতাধীন সকল কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তা, ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, বাজার সুপারভাইজার, রাজস্ব সহকারীসহ রাজস্ব বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আপনারা জনবল সংকটসহ অনেক সমস্যার কথা বলেছেন, অনেক সংকটের কথা বলেছেন। কিন্তু আমি খুব খুশি হতাম, যদি আপনারা বলতেন, ডিএসসিসির মর্যাদা ফিরিয়ে আনতে আপনারা নিরলসভাবে পরিশ্রম করবেন। আপনাদের কর্মক্ষেত্র তথা আপনাদের পেশার সম্মান ফিরিয়ে আনতে কাজ করে যাবেন। আপনারা কেউ সেটা বলেননি। আপনাদেরকে মনে রাখতে হবে, প্রতিকূলতা ছাড়া কোনও যাত্রা পথ নেই। সেটা যেমন জীবন সংগ্রামে আছে, তেমনি সব যাত্রাপথেই থাকবে। কিন্তু সে প্রতিকূলতার কারণে কেউ কোনো কিছু অর্জন করতে চেয়ে তা পারেনি, সেরকম নজির নেই। সকল প্রতিকূলতা অতিক্রম করেই অর্জন হয়ে থাকে।
ডিএসসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দেওয়ার পরে সেই যুদ্ধবিধ্বস্ত অবস্থাতেই বলেছিলেন, আমি ভিক্ষুকের জাতি চাই না। আমি চাই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হোক। আমার লক্ষ্য থাকবে, জাতির পিতার সেই স্বপ্ন ও প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে আমি ডিএসসিসিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তোলা।
কর্মকর্তা-কর্মচারীদের কাজের সুবিধার্থে ও রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে পর্যায়ক্রমে সব সমস্যা ও সংকটের যথাযথ সমাধান করা হবে জানিয়ে মেয়র তাপস বলেন, দুষ্টের দমন আর শিষ্টের লালন অব্যাহত থাকবে। যারা ভালো কাজ করবেন, যারা আন্তরিকতা-নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, আমরা তাদের অবশ্যই মূল্যায়ন করব। আর যারা দুর্নীতি করবেন, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনওরকম ছাড় দেওয়ার প্রশ্ন তো নেই-ই, এ ব্যাপারে কোনো অলসতাও বরদাস্ত করা হবে না।
রাজস্ব আদায় তদারকির লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর সকল কর্মকর্তাদেরকে নিয়ে পর্যালোচনা সভা করা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, এখন থেকে সকল উপ-কর কর্মকর্তারা প্রতিদিন কর কর্মকর্তাদের কাছে দৈনন্দিন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন। কে কোথায় কী কাজ করেছে, কত আদায় হয়েছে, আদায়ের লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হয়েছে ও কতটুকু হয়নি এসব তথ্য প্রতিবেদনে থাকতে হবে। এরপর সকল কর কর্মকর্তারা সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্রধান রাজস্ব কর্মকর্তার কাছে তাদের কাজের পরিপূর্ণ প্রতিবেদন দাখিল করবেন। কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হলে তা প্রধান রাজস্ব কর্মকর্তার মাধ্যমে আমাদের অবহিত করবেন। আমরা চেষ্টা করব তাৎক্ষণিক সমাধান দিতে।
রাজস্ব আদায়ের চিত্র দেখতে যেকোনও সময় যেকোনও বাড়ি, স্থাপনা বা প্রতিষ্ঠান পরিদর্শনে যেতে পারেন জানিয়ে তাপস বলেন, কোথাও গিয়ে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, গাফিলতি পরিলক্ষিত হলে, সে সময় কোনও অজুহাত চলবে না। তখন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।
প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিএসসিসির নবনিযুক্ত প্রধান নিবার্হী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, করপোরেশনের সচিব আকরামুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেফতার

0

সুশান্ত ইস্যুতে মাদক কাণ্ডে দুদিন আগেই গ্রেপ্তার হয়েছে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক। এবার সেই ইস্যুতে গ্রেপ্তার হলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। রবিবার থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবি, সোম পর পর দু’দিন জেরার পর, আজ মঙ্গলবারও ডাকা হয় রিয়াকে। কিছুক্ষণ জেরার পরই আজ দুপুরে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর ডাক্তারি পরীক্ষা হবে বলে জানা যায়।
মাদককাণ্ড নিয়ে রবিবার থেকে রিয়াকে টানা জেরা করছিল এনসিবি। বার বার প্রশ্নের মুখে পড়ে সোমবার এনসিবির সামনে রিয়া জানান, ‘‘আমি যা করেছি, তা সবই সুশান্তের জন্য।’’ তারপরেও এদিন ফের রিয়াকে জেরার জন্য এনসিবির সদর দফতরে ডাকা হয়। দুপুরের দিকে সেখানেই গ্রেপ্তার করা হয় তাঁকে।

মসজিদে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় ভারতের শোক প্রকাশ

0

নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. ড একে আব্দুল মোমেনকে চিঠি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে দুর্ঘটনায় নিহতদের প্রতি আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জানিয়ে বাংলাদশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে চিঠি লিখেছেন।
চিঠিতে নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে প্রাণহানির ঘটনায় ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন জয়শঙ্কর। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।