Home Blog Page 2698

‘অফিসারদের নিরাপত্তায় পাহারা বসছে পুরো উপজেলা কমপ্লেক্সে’

0

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পেছনের রহস্য ও এর সঙ্গে জড়িত গডফাদারদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
মোজাম্মেল হক বলেন, ‘আপনারা শুনেছেন ইতিমধ্যে ইউএনওদের বাসভবনে পুলিশ মোতায়েন করেছি যাতে তাদের রাত্রীকালীন নিরাপত্তা থাকে। আজকে আমরা সংশোধন করে বলেছি, পুরো উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা দিতে, কারণ সেখানে আরও অফিসার থাকেন। সেখানে অনেক অফিসারই পরিবার নিয়ে বাস করেন, তাদেরও নিরাপত্তার প্রশ্ন রয়েছে।’
তিনি বলেন, ‘একই সঙ্গে ইউএনওর বাসায় চুরির ঘটনা, এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। কী কারণে তার ওপর হামলা হয়েছে? আমরা এর নিন্দা তো করেছি, আরও ইনভেস্টিগেশনের জন্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছি, পেছনে আর কী রহস্য রয়েছে। এটার গডফাদার কোথায় বা কারা সেগুলো দেখার জন্য।’
কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যা ও ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়ে বৈঠকে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, ‘কক্সবাজারে মেজর (অব.) হত্যার তদন্ত যৌথভাবে হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুসারে যাতে আইন কঠোরভাবে প্রয়োগ হয়, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।’
মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রচলিত আইনে কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিকার চাওয়ার জায়গা আছে। কারও যদি অভিযোগ থাকে রাতে হামলা করা…এতে সরকারি কর্মচারীরা কাজে উৎসাহ হারিয়ে ফেলবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কাজেই আমরা তাদের নিরাপত্তার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
ওয়াহিদার ওপর হামলায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করলেও স্থানীয় একজন সংসদ সদস্য প্রভাব খাটিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছেন বলে একজন সাংবাদিক মন্ত্রীকে জানান।
এর জবাবে মোজাম্মেল হক বলেন, কেউ আমরা আইনের ঊর্ধ্বে নই। যাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তার সম্পৃক্ততা গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে। তার যদি সম্পৃক্ততা থাকে এবং তাকে প্রভাব খাটিয়ে ছাড় করিয়ে নেওয়ার জন্য যদি এমপির সম্পৃক্ততা থাকে তবে তিনিও আইনের ঊর্ধ্বে থাকবেন না।

মসজিদে বিস্ফোরণ : ক্ষতিপূরণ চেয়ে করা রিটের আদেশ বুধবার

0

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিস্ফোরণে হতাহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে এ রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার এ রিট দায়ের করেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন অন্তত ৫০ জন মুসল্লি। ওই দিন রাতেই তাদের মধ্যে গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসাধীন দগ্ধ ৯ জনের অবস্থাও আশঙ্কাজনক।
রবিবার (৬ সেপ্টেম্বর) এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চের নজরে আনেন আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বপ্রণোদিত নির্দেশনা জারির জন্য আবেদন জানান।
রিট আবেদনে বলা হয়, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় বাসিন্দারা গ্যাসলাইন লিকেজের বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে আনেন। কিন্তু তিতাস গ্যাসের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তারা ৫০ হাজার টাকা দাবি করেন লাইন মেরামতের জন্য। সংশ্লিষ্টদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

মসজিদে বিস্ফোরণে দগ্ধ বাকি ৯ জনই আইসিইউতে

0

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন বাকি নয়জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
আজ মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি এসব তথ্য নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নয়জন রোগী এখানে ভর্তি আছেন। তাদের মধ্যে আটজন আইসিইউতে ও একজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সকালে পোস্ট অপারেটিভ থেকে ওই রোগীকেও আইসিইউতে নেওয়া হয়েছে। যেহেতু আইসিইউতে নেওয়া হয়েছে সবাইকে, তার মানে বুঝতে হবে সবার অবস্থাই ক্রিটিক্যাল। তাদের শরীরে ৩৫ শতাংশ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত দগ্ধ রয়েছে। শ্বাসনালিও পোড়া রয়েছে।
গত শুক্রবারের ওই ঘটনায় দগ্ধ হয়েছিলেন ৩৭ জন। তাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গতকাল মামুন নামে এক রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখন নয়জন চিকিৎসাধীন আছেন।
বর্তমানে চিকিৎসাধীন নয়জন হচ্ছেন-ফরিদ (শ্বাসনালীসহ ৫০% পোড়া), শেখ ফরিদ (শ্বাসনালীসহ ৯৩% পোড়া), মো. কেনান (শ্বাসনালীসহ ৩০% পোড়া), নজরুল ইসলাম (শ্বাসনালীসহ ৯৪% পোড়া), সিফাত (শ্বাসনালীসহ ২২% পোড়া), আবদুল আজিজ (শ্বাসনালীসহ ৪৭% পোড়া), হান্নান (শ্বাসনালীসহ ৮৫% পোড়া এবং ডায়াবেটিসের রোগী), আবদুল সাত্তার (শ্বাসনালীসহ ৭০% পোড়া) এবং আমজাদ (শ্বাসনালীসহ ২৫% পোড়া)।

অস্ত্র মামলায় পাপিয়া-সুমনের আত্মপক্ষ সমর্থন কাল

0

অস্ত্র আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের আত্মপক্ষ সমর্থনের শুনানি হবে আগামীকাল বুধবার।
এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার ঢাকা মহানগরের এক নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এই দিন ঠিক করে দেন।
এ মামলার তৃতীয় তদন্ত কর্মকর্তা র‌্যাব সদরদপ্তরে দায়িত্বরত এসআই আরিফুজ্জামান এদিন আদালতে সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু এবং তাপস পাল।
অন্যদিকে দুই আসামির পক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী আবু ফাতেহ মো. গোলাম ফাত্তাহ ও সাখাওয়াতউল্লাহ ভূঁইয়া।
আইনজীবী গোলাম ফাত্তাহ পরে বলেন, ‘তিনজন আইওসহ রাষ্ট্রপক্ষে মোট ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল। মামলাটি খুব দ্রুত সময়ে শেষ হচ্ছে। আগামীকাল আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ রাখা হয়েছে।’
এই বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ গত ২৩ অগাস্ট পাপিয়া-সুমন দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরুর আদেশ দেন। সে অনুযায়ী, ৩১ অগাস্ট থেকে শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ।
নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামী সুমনকে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা এবং দুটি ডেবিট কার্ড জব্দ করা হয়।
পরে পাপিয়ার ফার্মগেইটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০টি গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধারের কথা জানায় র‌্যাব। অভিযান চালানো হয় পাপিয়ার নরসিংদীর বাড়িতেও ।
র‌্যাবের পক্ষ থেকে সে সময় বলা হয়, পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেল ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটির টাকার উপরে।
গ্রেফতারের পর পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব। বিমানবন্দর থানায়ও তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়। আর মুদ্রা পাচার প্রতিরোধ আইনে সিআইডি আরেকটি মামলা করে। এরপর দুদকও পাপিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে।
এর মধ্যে শেরেবাংলা নগর থানার অস্ত্র ও মাদক আইনের মামলায় গত ২৯ জুন আদালতে অভিযোগপত্র দেন র‌্যাবের দায়িত্বরত উপ-পরিদর্শক আরিফুজ্জামান। এর মধ্যে অস্ত্র আইনের মামলাটি বিচারের শেষ দিকে চলে এলো।

চীনের সাথে বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু ভারতের

0

ভারতের প্রধানমন্ত্রীর একজন অর্থনৈতিক উপদেষ্টা ড. অসীমা গয়াল বলেছেন সীমান্ত পরিস্থিতির প্রেক্ষাপটে চীনের সাথে বাণিজ্যে ভারতকে শক্ত পদক্ষেপ নিতে হবে।
দিল্লিতে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীনের সাথে বাণিজ্যে ভারত লাভবান হচ্ছে ঠিকই, কিন্তু এই সম্পর্কে অবস্থান কঠোর করতে হবে ভারতকে, চীনের বাজারে ঢোকার সমান সুযোগ আদায় করতে হবে।
‘এখনই সময় চীনকে বলার যে তোমরা আচরণ ঠিক করো,’ বলেন ড. গয়াল যিনি মুম্বাইতে ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট রিসার্চের একজন অধ্যাপক।
নরেন্দ্র মোদির এই উপদেষ্টার বক্তব্যে চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারের বক্তব্যের প্রতিধ্বনি স্পষ্ট। কিন্তু চীনের ওপর চাপ প্রয়োগের সেই ক্ষমতা কি ভারতের রয়েছে?
জুনের মাঝামাঝি লাদাখ সীমান্তে চীনের সাথে সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্যের মৃত্যুর পর ভারতে চীন বিরোধী মনোভাব তুঙ্গে।
ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। জনরোষের মাঝে, নরেন্দ্র মোদীর সরকার দুই দফায় দেড়শরও বেশি চীনা সফটওয়্যার অ্যাপ নিষিদ্ধ করেছে। চীনা বিনিয়োগের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে। চীন থেকে রঙিন টিভি আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
এসব পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. গয়াল বলেন, ‘ভারতকে এই পদক্ষেপ নিতে হবে। কারণ তথ্যের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্রেতাদের আবেগকে প্রাধান্য দিতে হবে।’
চীন এখন ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ, কিন্তু বছরে বর্তমানে যে প্রায় ১০,০০০ কোটি ডলারের বাণিজ্য হয় তার ভারসাম্যের দুই-তৃতীয়াংশই চীনের পক্ষে।
২০১৮ সালে ভারত ও চীনের বাণিজ্যের পরিমাণ ছিল ৯৬০০ কোটি ডলার। কিন্তু ভারসাম্য একচেটিয়া ভারতের বিপক্ষে। সে বছরই বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৫৮০০ কোটি ডলার।
এই ঘাটতি নিয়ে ভারতের সরকারের ভেতর অস্বস্তি রয়েছে, অভিযোগ রয়েছে। সীমান্ত নিয়ে চরম বৈরিতা শুরু হওয়ার পর সেই অসন্তোষ এখন মাথা চাড়া দিয়েছে।
শর্ত আরোপর ক্ষমতা কতটুকু ভারতের
কিন্তু চীনের সাথে বাণিজ্যে সরকারের অবস্থান কঠোর করার যে কথা ড. গয়াল বলেছেন, বাস্তবে সেই ক্ষমতা ভারতের এখন কতটা রয়েছে? চীনের ওপর নিজের পছন্দমত শর্ত আরোপ কি সম্ভব?
দিল্লির জওয়াহারলাল ইউনিভারসিটির (জেএনইউ) অর্থনীতির অধ্যাপক জয়তী ঘোষ বিবিসি বাংলাকে বলেন, তিনি মনে করেন না চীনের ওপর কোনো শর্ত দেওয়ার ক্ষমতা এখন ভারতের রয়েছে।
জয়তী ঘোষ বলেন, ‘চীন এখন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার, কিন্তু চীনের কাছে ভারত আদৌ তা নয়। চীনের সাথে বাণিজ্য ভারতের কাছে যতটা গুরুত্বপূর্ণ, সেই বাণিজ্যের ওপর তাদের যে নির্ভরতা, চীনের কাছে ভারতের বাজারের গুরুত্ব আদৌ ততটা নয়।’
চীনা রপ্তানির সর্বশেষ পরিসংখ্যান সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ২০১৮ সালে ভারতে চীনের রপ্তানির পরিমাণ ছিল ৬৫০০ কোটি ডলার, কিন্তু ঐ একই বছরের ভিয়েতনামের মত ছোট একটি দেশে চীন ৮,৫০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। জাপানে তাদের রপ্তানি ছিল ১৪,৮০০ কোটি ডলার, এবং যুক্তরাষ্ট্র থেকে চীনের রপ্তানি আয় ছিল ৫৫, ৮০০ কোটি ডলার।
তাছাড়া, বিদ্যুৎ কেন্দ্রের বয়লার, কারখানার ভারী যন্ত্র, শিল্পের কাঁচামাল, মোবাইল ফোন থেকে শুরু করে পাড়ার দোকানে বৈদ্যুতিক ফ্যান এবং বাচ্চাদের খেলনা এর সবকিছুর যোগানের জন্য চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে ভারত।
ড. জয়তী ঘোষ বলেন, ‘ওষুধ শিল্পের মত জরুরি খাতের ৯০ শতাংশ কাঁচামাল আসছে চীন থেকে। সেটা হঠাৎ বন্ধ করে দেওয়া অসম্ভব। খেলনা আমদানি বন্ধ করতে পারবেন, কিন্তু কলকারখানার যন্ত্রের হঠাৎ বিকল্প কী? চীন থেকে টিভি আমদানি না হয় বন্ধ করলেন, কিন্তু দাম তো অনেক বেড়ে যাবে।’
তার মতে, চীনের ওপর ব্যাপক ভিত্তিক এই নির্ভরতা হয়তো কমানো সম্ভব, কিন্তু ‘সময় লাগবে’।
বাণিজ্য কমার লক্ষণ নেই
আর সে কারণেই তীব্র চীন-বিরোধী মনোভাব, চীনা অ্যাপ নিষিদ্ধ এবং নরেন্দ্র মোদির ‘আত্ম-নির্ভরতার’ স্লোগান সত্ত্বেও দুই দেশের বাণিজ্যে বড় কোনো হুমকি তৈরির কোনো লক্ষণ এখনও নেই। বরং গত তিন মাসে চীনের সাথে বাণিজ্য গত বছর একই সময়ের তুলনায় বেড়েছে, এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার যেটা তা হলো চীনের তুলনায় ভারতের রপ্তানি বেশি বেড়েছে।
চীনা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুনের ভেতর চীন থেকে ভারতের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ২৪.৭ শতাংশ, কিন্তু চীনে ভারতের রপ্তানি বেড়েছে ৬.৭ শতাংশ। এপ্রিলে চীনে ভারতের রপ্তানি ছিল ২০০ কোটি ডলার, যা জুলাইতে বেড়ে দাঁড়ায় ৪৫০ কোটি ডলার।
বিশেষ করে গত তিন মাসে চীনে ভারতের রপ্তানি বাড়ার প্রধান কারণ ভারত থেকে কাস্ট আয়রনের রপ্তানি কয়েকগুণ বেড়ে গেছে। চীনের কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুনের মধ্যে ভারত থেকে কাস্ট আয়রন আমদানি হয়েছে ২ কোটি টন, যেখানে ২০১৯ সালের পুরো বছরে আমদানি হয়েছে ৮০ লাখ টন।
বিষফোঁড়া এবং ওষুধ- দুটোই চীন
অর্থনীতিবিদরা মনে করেন, ভারতে সরকারের পক্ষ থেকে যে হম্বিতম্বি করা হচ্ছে তা মূলত সীমান্ত পরিস্থিতি নিয়ে ক্রোধের বহিঃপ্রকাশ। বাস্তবে ভারত সরকার জানে প্রতিবেশি চীনের বাজার কতটা লোভনীয় এবং বহু চীনা পণ্যের কোনো বিকল্প তাদের সামনে নেই।
দিল্লিতে এফওআরই স্কুল অব ম্যানেজমেন্টের চীন বিশেষজ্ঞ ড ফয়সল আহমেদ বিবিসি হিন্দি ভাষা বিভাগকে বলেন, ‘চীনা পণ্য এবং বিনিয়োগের ওপর ভারতের চাপানো এসব বিধিনিষেধ প্রধানত সীমান্ত নিয়ে অসন্তোষ এবং ক্রোধের বহিঃপ্রকাশ।’
তার মতে, চীন যদি ভারতের ‘বিষফোঁড়া‘ হয়, তাহলে তার ‘ওষুধও‘ আবার চীনই।
ভারতে অর্থনীতিবিদ বিবেক কাউল বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের সাম্প্রতিক সব পরিসংখ্যান দেখলে মনে হয়, রাজনীতিক এবং ব্যবসায়ীরা মানুষের সামনে যত কথাই বলুন না কেন, তলে তলে তাদের স্বার্থের অনুকূলেই তারা কাজ করে যাচ্ছেন।
কাউল মনে করেন, ভারতীয় ব্যবসায়ীরা এবং শিল্প মালিকরা মনে করছেন চীনের সাথে ব্যবসা এখন তাদের কাছে সবচেয়ে ভালো বিকল্প।
কিন্তু প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে এই বাণিজ্য সম্পর্ক কোনদিকে মোড় নেবে। ভারত কি আমেরিকার দেখানো পথে চীন থেকে অনেক আমদানির পণ্যের ওপর শুল্ক বাড়াবে যাতে চীন থেকে আমদানি আর লোভনীয় না থাকে?
সে সম্ভাবনার অনেকটাই নির্ভর করবে সীমান্তে ঘটনাবলী কোনে দিকে গড়ায় তার ওপর।
খবর বিবিসি বাংলা

জাপানে অ্যাবের উত্তরসূরির জন্য ক্ষমতাসীন দলে প্রতিযোগিতা শুরু

0

জাপানের ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচনে প্রার্থী রেজিষ্ট্রেশনের কাজ শুরু করেছে।
মঙ্গলবার সকালে শিনজো অ্যাবের ডান হাত বলে বিবেচিত ইউশিহাইদে সুগা, তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরো ইশিবা এবং পার্টি পলিসি প্রধান ফুমিও কিশিদার পক্ষে তাদের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা রেজিস্টেশন করে।
মঙ্গলবার দিনের শেষে এসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাষণ দেবেন এবং যৌথ সংবাদ সম্মেলন করবেন।
আগামী ১৪ সেপ্টেম্বর ভোটাভুটির মাধ্যমে প্রার্থী চূড়ান্ত হবে। পার্লামেন্টে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সংখ্যাগরিষ্ঠতা থাকায় চূড়ান্ত প্রার্থীই নিশ্চিতভাবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
আগামী ১৬ সেপ্টেম্বর পার্লামেন্টের ভোট অনুষ্ঠিত হবে। আগস্টের শেষ দিকে আধুনিক জাপানে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শারিরীক কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নতুন নেতা জনসমর্থনের জন্যে আগাম নির্বাচন দিতে পারেন বলেও জল্পনা কল্পনা চলছে।

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়। আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছাবে বলে ভাবে, তা হলে তারা বোকার স্বর্গে বাস করছেন।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সব প্যারামিটারেই ওয়াহিদার উন্নতি, খাচ্ছেন তরল খাবার

0

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সব প্যারামিটারই ভালো। স্বাভাবিক সেন্স ফিরেছে। মুখে খাচ্ছেন তরল খাবার।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইনস্টিটিউটের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন।
তিনি বলেন, গতকালই ওয়াহিদাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের এইচডিউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে ইউএনও ওয়াহিদাকে। সেখানে তিনি মুখে লিক্যুইড খাবার খাচ্ছেন।
তিনি বলেন, ওনার জ্ঞানের মাত্রা সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে। অন্যান্য অবস্থারও উন্নতি হয়েছে। শুধু ডান হাতটা আগের মতোই আছে, ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি চলার পরে কতটুকু উন্নতি হয় সেটা সময় হলে বোঝা যাবে।
তাকে এইচডিইউ থেকে কবে বেডে স্থানান্তর করা হবে জানতে চাইলে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, আমরা তাকে বেডে দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছি। যেহেতু এখানে কিছু নিরাপত্তার প্রশ্ন আছে সেজন্য আমরা তাকে এখনো এইচডিইউতেই রেখেছি। তবে কেবিনে নেওয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত হবে। মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিবে তাকে কেবিনে দেওয়া হবে কি-না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ওনার একটা মানসিক ট্রমা আছে। সরকারি দায়িত্ব পালন অবস্থায় এতোবড় একটা আঘাত তিনি পেয়েছেন। মানসিক আঘাত কিছুটা আছে।
তিনি শঙ্কামুক্ত কি-না জানতে চাইলে জাহেদ হোসেন বলেন, শঙ্কামুক্ত বলাটা কঠিন ব্যাপার। তবে যেই কন্ডিশনের জন্য তিনি খারাপ ছিলেন সেই কন্ডিশনটা ইমপ্রুভ হয়েছে। মোটামুটি সব প্যারামিটারেই তার উন্নতি হয়েছে। ওনার পালস-ব্লাড প্রেসার, মানসিক কন্ডিশন, জ্ঞানের মাত্রা, খাওয়া-দাওয়ার ব্যাপার সবকিছু চিন্তা করলে যথেষ্ট উন্নতি হয়েছে।
ডান হাত অবশের বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি ফিজিওথেরাপিতে তার উন্নতি হবে, তবে কবে কতটুকু হবে সেটা বলা কঠিন। হাতে ওনার শক্তি নাই কিন্তু বোধ আছে। চিমটি কেটে ব্যথা দিলে বুঝতে পারেন, টাচ করলে বুঝতে পারেন। কিন্তু হাতের কোনো শক্তি নেই, হাত নাড়াতে পারেন না।

সাইবার হামলার আশঙ্কা, রাতে ব্যাংকের বুথ বন্ধের নির্দেশ

0

সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে বন্ধ রয়েছে দেশের সব ব্যাংকের এটিএম বুথের সার্ভিস। কোন কোন ব্যাংক রাত দশটা আবার কোন ব্যাংক রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত তাদের এটিএম সেবা বন্ধ রেখেছে। হঠাৎ করে বুথ বন্ধের সিদ্ধান্তে ভোগান্তি পড়েছেন গ্রাহকরা।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে বলেও ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
অনেক ব্যাংকের বুথের সামনে ঝুলছে নির্দেশনা সম্বলিত নোটিশ। আবার কিছু ব্যাংকের স্ক্রিনে রয়েছে বন্ধ থাকার বার্তা।
কর্মস্থল থেকে মধ্যরাতে নাইমুল হাসান নামের এক যুবক অনলাইন রাইডসে ফিরছিলেন বাসায়। চালককে ভাড়া পরিশোধ করার জন্য ব্যাংকের বুথে গিয়ে জানতে পারেন মধ্যরাত থেকে বন্ধ থাকবে বুথ। ভাড়া পরিশোধ করা নিয়ে বিপাকে পড়েন তিনি। হঠাৎ করে মধ্যরাতে এটিএম বুথের সেবা বন্ধ থাকায় তার মতো অনেকেকেই বিপাকে পড়তে হয়েছে।
বুথের নৈশপ্রহরীরা জানান, নিরাপত্তাজনিত কারণে বুথ বন্ধ থাকার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার “বিগল বয়েজ” নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এমন তথ্য আসে। তারপরই ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার নিদের্শনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। হ্যাক হওয়ার আশঙ্কায় দেশের সবকটি ব্যাংকের এটিএম সার্ভিস মধ্যরাত থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১৬ সেপ্টেম্বরের মধ্যে তিন ধাপে সব ট্রেন চালুর সিদ্ধান্ত

0

১৬ সেপ্টেম্বরের মধ্যে তিন ধাপে দেশের বিভিন্ন রুটে পর্যায়ক্রমে সব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে আগামী ১০ সেপ্টেম্বর থেকে চলবে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী এক্সপ্রেস, আখাউড়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়া রুটে তিতাস কমিউটার, ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে তুরাগ কমিউটার, নারায়ণগঞ্জ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন।
দ্বিতীয় ধাপে ১৩ সেপ্টেম্বর থেকে চলবে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে সুরমা মেইল, নোয়াখালী-ঢাকা-নোয়াখালী রুটে ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে ভাওয়াল এক্সপ্রেস, ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতুপূর্ব-ময়মনসিংহ রুটে ধলেশ্বরী এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম-চাঁদপুর রুটে চাঁদপুর কমিউটার, নোয়াখালী-লাকসাম-নোয়াখালীর রুটে নোয়াখালী কমিউটার।
তৃতীয় ধাপে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চলবে চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-দোহাজারী-চট্টগ্রাম রুটে লোকাল ট্রেন, মোহনগঞ্জ-ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন, ঝারিয়া ঝাঞ্জাইল-ময়মনসিংহ-ঝারিয়া ঝাঞ্জাইল রুটে লোকাল ট্রেন, সান্তাহার-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার রুটে উত্তরবঙ্গ মেইল, পার্বতীপুর-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পার্বতীপুর রুটে কাঞ্চন কমিউটার, লালমনিরহাট-বিরল-লালমনিরহাট রুটে দিনাজপুর কমিউটার, লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটে বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম-লালমনিরহাট-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম মেইল, রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে রাজবাড়ী এক্সপ্রেস, রাজবাড়ী-ভাটিয়াপাড়া-রাজবাড়ী রুটে ভাটিয়াপাড়া এক্সপ্রেস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতে কোচের ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত নির্দেশনাসমূহ ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করতে হবে।
করোনাভাইরাস মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর ৩১ মে ট্রেন চলাচল শুরু হয়। করোনা সংক্রমণ এড়াতে অর্ধেক যাত্রী নিয়ে প্রথমে আট জোড়া এবং পরে ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন যাত্রী পরিবহন শুরু করে।
১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ আগস্ট ১৩ জোড়া এবং ২৭ আগস্ট থেকে আরও ১৯ জোড়া ট্রেন চালু হয়। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সর্বশেষ ৫ সেপ্টেম্বর আরও ১৯ জোড়া ট্রেন যুক্ত হয় ট্রেনের বহরে। এছাড়া ৫ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ সংক্রান্ত বিধি-নিষেধের কিছু বিষয় শিথিল করার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়।