Home Blog Page 2700

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি

0

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই তাকে স্টেপ-ডাউন করে হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে ওয়াহিদার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও নিউরো ট্রমা বিভাগের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন সংবাদ মাধ্যমকে এ কথা বলেন।
তিনি বলেন, ইউএনও ওয়াহিদার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এ জন্য তাকে আইসিইউ থেকে স্টেপ-ডাউন করে এইচডিইউতে নিয়ে যাব। সেখানেও নিবিড় পরিচর্যায় থাকবেন। তার শারীরিক অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে।
ওয়াহিদার ডান অংশ অবশ বিষয়ে তিনি বলেন, তার ডান পাশে যেটা অবশ ছিল সেটির অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। কবে হবে বা কতদিন লাগবে সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না। সেটির জন্য যে প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেটা আমরা শুরু করে দিয়েছি। এখন বাকিটা সময়ের সঙ্গে জবাব দেবে।
ডা. জাহেদ বলেন, ওয়াহিদা কথা বলতে পারছেন। স্মৃতিশক্তি ফিরে এসেছে, পরিবারের খোঁজ নিচ্ছেন, সন্তানের খোঁজখবর নিচ্ছেন। স্বামীর সঙ্গে কথা বলছেন। তার মানে আমরা বুঝতে পারি, জ্ঞানের দিক থেকে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরছেন। যেহেতু তার মাথায় অনেক আঘাত লেগেছে, তাই হালকা ব্যথা আছে। বাকি জিনিসগুলোর অনেক উন্নতি হয়েছে। ওয়াহিদার ৭২ ঘণ্টার অবজারভেশন রবিবার রাতেই শেষ হয়েছে। তাই সকালে মেডিক্যাল বোর্ডের সব সদস্য বসে সমন্বিত সিদ্ধান্তে তাকে আমরা স্টেপ-ডাউন করে এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
পরে সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অনতি হলে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব। এ হামলার ঘটনায় ইউএনও ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় শুক্রবার দিনভর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিনহা হত্যা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা

0

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এসএম সাজ্জাদ হোসেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রতিবেদন জমা দিতে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান কমিটির প্রধান।
তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে, তাই এ মুহূর্তে আমরা বিস্তারিত কিছু বলতে পারব না। আদালত চাইলে আমরা এ প্রতিবেদন সেখানে হস্তান্তর করব।’
তিনি বলেন, ‘রিপোর্টের ভেতরে কী আছে আমরা এখনো দেখিনি। এখন আমাদের সচিব এটা বিশ্লেষণ করে দেখবেন। আপনারা জানেন আদালতের নির্দেশনা অনুযায়ী একটি তদন্ত চলছে। সে জন্য আমরা প্রকাশ্যে কিছু জানাতে পারব না। আমরা আদালতকে জানিয়ে দেব এ বিষয়ে। আদালত মনে করলে আমাদের কাছ থেকে অফিসিয়ালি নিয়ে যাবেন। এটা আদালতের এখতিয়ার।’
এ ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ড একটি দুঃখজনক ঘটনা। আমরা চাই, এমন ঘটনা যাতে আর না ঘটে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে চমৎকার পরিবেশ ও সম্পর্ক রয়েছে। ঘটনার পর দুই বাহিনীর প্রধান একসঙ্গে সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য দিয়েছেন।’
তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন, ‘আমরা অক্লান্ত পরিশ্রম করে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৬৮ জনকে জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি নিয়েছি।’
তিনি বলেন, ‘পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম করে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এই ঘটনাটি কোনোভাবেই তাদের কাজকে ম্লান করে দেবে না।’
গত ৩১ জুলাই রাতে সিনহা মোহাম্মদ রাশেদ খান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর ঘটনা তদন্তে গত ১ আগস্ট চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওই কমিটির প্রধান করা হয় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে। সিনহার নিহতের ঘটনাটি সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ, উৎস, ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে করণীয়সহ সার্বিক বিষয় বিশ্লেষণ করে সুস্পষ্ট মতামতসহ চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সাত কার্যদিবস শেষ হওয়ার আগেই গত ১০ আগস্ট কমিটি আরও সাত কার্যদিবসের সময়ের আবেদন করে। এর পর সেই তারিখ পিছিয়ে ২৩ আগস্ট করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে কঠোর নজরদারিতে চীনা ছাত্রছাত্রীরা

0

চীন-মার্কিন ক্রমবর্ধমান বৈরিতার পরিণতি ভোগ করতে হচ্ছে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পড়তে যাওয়া লাখ লাখ চীনা ছাত্রছাত্রকে। আমেরিকার বিমানবন্দরগুলোতে এখন চীন থেকে পড়তে আসা শিক্ষার্থীদের সন্দেহভাজন প্রযুক্তি পাচারকারী হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দেশে ফেরার সময় তাদের ওপর শ্যেন দৃষ্টি রাখা হচ্ছে।
চীনা সরকারি বৃত্তি নিয়ে গবেষণা করতে আসা ১৫ শিক্ষার্থীর সঙ্গে চুক্তি গত সপ্তাহে মাঝপথে বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়, যে ঘটনা নজিরবিহীন।
ওয়াশিংটনে বিবিসি চীনা সার্ভিসের সংবাদদাতা ঝাও ইন ফেংয়ের কাছে ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেছেন চীনা ছাত্র কিথ ঝাং (ছদ্মনাম), যিনি সম্প্রতি পড়া শেষ করে দেশে ফিরে গেছেন।
বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিলেন ঝাং। তাকে হঠাৎ বোর্ডিং ডেস্কে তলব করা হলে তিনি ভেবেছিলেন রুটিন নিরাপত্তার জন্যেই ডাকা হচ্ছে তাকে। কিন্তু গিয়ে দেখলেন দুজন সশস্ত্র সীমান্ত এজেন্ট পুলিশ তার জন্য অপেক্ষা করছে। দেখে ভয় পেয়ে যান তিনি।
‘তারা আমাকে এমনভাবে জেরা শুরু করলো যেন আমি যেন আমি প্রযুক্তি চুরি করতেই আমেরিকাতে পড়তে এসেছিলাম।’
২৬ বছরের পিএইচডি ছাত্র ঝাং যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে এক বছরের জন্য একটি গবেষণা প্রকল্পে কাজ করতে এসেছিলেন। দেশে ফেরার আগে দুই ঘণ্টা ধরে তাকে যেভাবে জেরার মুখোমুখি হতে হয় তা স্বপ্নেও ভাবেননি তিনি।
মার্কিন পুলিশ বের করার চেষ্টা করছিল তার সাথে চীনা কম্যুনিস্ট পার্টির কোনো সম্পর্ক রয়েছে কিনা।
শুধু ঝাং নয়, যুক্তরাষ্ট্রে যে প্রায় চার লাখের মত চীনা শিক্ষার্থী বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাদের অস্বস্তি দিনকে দিন বাড়ছে। দুদেশের মধ্যে শত্রুতার পারদ যত চড়ছে, তারা মনে করছেন তাদের প্রত্যেককেই এখন সন্দেহভাজন চর হিসাবে বিবেচনা করা হচ্ছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে এ অবস্থা তৈরি হলো কেন?
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে সম্প্রতি এক সেমিনারে বলেছেন, তারা এখন প্রতি ১০ ঘণ্টায় এমন অন্তত একটি সম্ভাব্য গুপ্তচরবৃত্তির ঘটনা খুঁজে পাচ্ছেন যার সাথে চীনের সংশ্লিষ্টতা রয়েছে।
জুলাইতে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনসুলেট বন্ধ করার নির্দেশ দেয়ার সময় মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ওই কনসুলেটটি একটি ‘গুপ্তচরবৃত্তির সেন্টারে’ পরিণত হয়েছে।
বিবিসির ঝাউ ইন ফেং বলছেন, যুক্তরাষ্ট্রে চীনা নাগরিকদের ওপর হালে নজরদারী বহুগুণে বেড়ে গেছে, এবং বিশেষ নজরে পড়েছেন চীন থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা।
বহু চীনা শিক্ষার্থীর ব্যক্তিগত ব্যবহারের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গিয়ে গোয়েন্দারা পরীক্ষা করে দেখছেন। অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ ধরে তা ফেরত দেওয়া হচ্ছেনা।
‘ইচ্ছাকৃত হয়রানি’
তার সাথে যে আচরণ করা হয়েছে, যেসব প্রশ্ন তাকে করা হয়েছে, কিথ ঝাং তাকে ‘ইচ্ছাকৃত হয়রানি’ হিসেবে বর্ণনা করেছেন।
‘আমি যদি সত্যিই কোনো ডেটা বা প্রযুক্তি চুরি করতাম তাহলে ক্লাউডের মাধ্যমে অনলাইনে পাচার করে দিতাম। আমার ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করে নিয়ে যাওয়া হয়রানি ছাড়া আর কি হতে পারে?’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র সরকার তাদের আইনের অপব্যবহার করে ‘মনগড়া সব অভিযোগে চীনা ছাত্রদের জেরা করছে, গ্রেফতার করছে।’
তবে চীনা গবেষকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সাম্প্রতিক কিছু অভিযোগের তদন্তে সন্দেহের পেছনে সুনির্দিষ্ট কিছু প্রমাণ পাওয়ার কথা বলেছেন মার্কিন গোয়েন্দারা।
আগস্ট মাসে, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের চীনা ভিজিটিং গবেষক হাই ঝাও উকে শিকাগোর বিমানবন্দরে ফ্লাইটে ওঠার আগে গ্রেফতার করা হয়।
মার্কিন বিচার বিভাগ জানায়, বিমানবন্দরে রুটিন নিরাপত্তা পরীক্ষার সময় ওই চীনা গবেষকের ল্যাপটপে কিছু ‘সফটওয়্যার কোড’ পাওয়া যায় যেটা রাখার বৈধতা তার ছিল না। তার বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, ওই সফটওয়্যার কোড গোপন সামরিক বিষয়ক।
মার্কিন কর্মকর্তারা বলছেন, সম্প্রতি তারা বেশ ক’জন চীনা গবেষককে আটক করেছেন যাদের সাথে চীনা সেনাবাহিনীর সম্পর্ক রয়েছে কিন্তু সেই পরিচয় তারা ভিসার আবেদনপত্রে চেপে গেছেন।
গত মাসে এমন একজন অভিযুক্ত চীনা গবেষক গ্রেফতার এড়াতে সানফ্রানসিসকোতে চীনা কনসুলেটে গিয়ে আশ্রয় নেন। পরে তাকে গ্রেফতার করা হয়। আরেক ঘটনায়, একজন চীনা গবেষকের বিরুদ্ধে কম্পিউটারের হার্ড ড্রাইভ নষ্ট করার অভিযোগে ওঠে। তদন্ত চলার সময় প্রমাণ নষ্ট করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ডেভিড স্টিলওয়েল বিবিসিকে বলেন, যারা সত্যিকার লেখাপড়া করতে আসেন তাদের জন্য আমেরিকার ‘দরজা এখনো খোলা’। ‘কিন্তু আপনি যদি ছাত্রের ছদ্মবেশে আসেন তাহলে তো আমাদের নিজেদের রক্ষা করতেই হবে।’
ইউনিভার্সিটি অব টেক্সাসের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের অধ্যাপক শিনা গেইটেনস বিবিসিকে বলেন, অ্যাকাডেমিক চ্যানেলের মাধ্যমে চীনে ‘প্রযুক্তি চুরি’ নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
তিনি বলেন, ‘যেহেতু এসব তদন্ত চলছে গুপ্তচরবৃত্তির অভিযোগে, সুতরাং প্রতিটি অভিযোগের বিস্তারিত আমরা হয়তো কখনই জানতে পারবো না। ফলে কিছু ঘটনা যা মানুষকে জানানো হয়েছে সেগুলোর ভিত্তিতে বলা কঠিন আসলেই চীনা শিক্ষার্থীরা জাতীয় নিরাপত্তার প্রতি কতটা হুমকি তৈরি করেছে।’
গবেষক হাই উর মত, ঝাংকেও শেষ মুহূর্তে বিমানে উঠতে দেওয়া, কিন্তু তার আগে তাকে প্রচণ্ড মানসিক চাপে ভুগতে হয়েছে। দু’জন পুলিশ সদস্য তাকে বার বার বলতে থাকে যে তিনি মিথ্যা কথা বলছেন। ‘মানসিকভাবে ভেঙে পড়ছিলাম আমি।’
তার পরও সে সময় তিনি চীনা দূতাবাস, ব্রাউন বিশ্ববিদ্যালয় বা কোনো আইনজীবীর সাথে কথা বলতে চাননি।
‘আমি জানতাম এসব অধিকার আমার রয়েছে, কিন্তু আমি ফ্লাইট মিস করতে চাইনি।’ তিনি বলেন, তার প্রধান লক্ষ্য ছিল দেশে স্ত্রীর সাথে দেখা হওয়া। মাত্র এক বছর আগে তার বিয়ে হয়েছে, কিন্তু বিদেশে পড়াশোনার জন্য স্ত্রীর সাথে দেখা হয়েছে সামান্যই।
করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্র থেকে চীনে যাতায়াত কঠিন হয়ে পড়েছে, কারণ দুই দেশের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা খুবই কমে গেছে। ফলে চাপের মধ্যে পড়লেও, হাজার হাজার চীনা ছাত্র-ছাত্রী দেশে ফিরতে পারছেন না।
যেমন, দেশে ফিরতে ঝাংকে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে। পরে অ্যামস্টারডাম হয়ে সাংহাইতে একটি ওয়ান-ওয়ে টিকেটের জন্য তাকে ৫ হাজার ডলার গুনতে হয়েছে।
প্রধান টার্গেট বিজ্ঞানের শিক্ষার্থী
সাধারণ নিয়মে, কারো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার জন্য মার্কিন নিরাপত্তা কর্মীদের আদালত থেকে সমন আনতে হয়, কিন্তু বিমানবন্দর ব্যতিক্রম।
সীমান্ত রক্ষীদের মনে ‘যথেষ্ট সন্দেহের’ উদ্রেক হলেই তারা যে কোনো যাত্রীর ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করতে পারে।
হংকংভিত্তিক দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে আমেরিকার বিমানবন্দরগুলোতে ১,১০০-এরও বেশি চীনা নাগরিকের ইলেকট্রনিক ডিভাইস (ল্যাপটপ, মোবাইল ফোন, ক্যামেরা, ঘড়ি) নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৬৬ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস অবশ্য দাবি করেন, বিমানবন্দরে যে নজরদারী করা হচ্ছে তা ‘র‌্যানডম‘ নয়, বরং আগে থেকে নজরে রাখা চীনাদেরই টার্গেট করা হচ্ছে।
তিনি বলেন, চীনে কোন স্কুলে সে পড়তো, কী নিয়ে তার লেখাপড়া – এমন কিছু বিষয়ের ভিত্তিতে কাউকে কাউকে বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা তল্লাশির মুখোমুখি করা হচ্ছে। উচ্চতর বিজ্ঞান বিষয়ে যারা গবেষণার জন্য আসেন এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে চীনা সেনাবাহিনী এবং চীনা কম্যুনিস্ট পার্টির যোগাযোগ রয়েছে তারাই এ ধরণের বাড়তি নজরদারীতে পড়ছেন।
উ এবং ঝাং দুজনেই চীনা শিক্ষা মন্ত্রণালয়ের চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে গবেষণা করতে এসেছিলেন।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা বলছে, সিএসসি প্রায় ৬৫,০০০ চীনা শিক্ষার্থীকে বিদেশে পড়তে যাওয়ার জন্য বৃত্তি দিয়েছে। এই সংখ্যা বিদেশে মোট চীনা শিক্ষার্থীর সাত শতাংশ। অবশ্য চীনে পড়তে যায় এমন হাজার হাজার বিদেশি শিক্ষার্থীকেও সিএসসি বৃত্তি দেয়।
বিবিসির ঝাও ইন ফেং বলছেন, চীনে উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর সিংহভাগই সরকারি। যদিও সব গবেষকই চীনা কম্যুনিস্ট পারটির (সিসিপি) সদস্য নয়, কিন্তু গবেষণার ওপর দলের প্রভাব রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে প্রকাশ্যে এবং ছদ্মবেশে সিসিপির প্রতিনিধি কাজ করে। অনেক বিশ্ববিদ্যালয়ের চার্টারে সিসিপির প্রতি আনুগত্যের কথা প্রকাশ্যে লেখা রয়েছে।
বিমানবন্দরে ঝাং মার্কিন সীমান্ত এজেন্টদের বার বার বলেন, মনোবিজ্ঞান নিয়ে তার গবেষণার সাথে চীনা কম্যুনিস্ট পার্টির কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু যেহেতু তিনি সরকারি বৃত্তি নিয়ে পড়তে এসেছিলেন, তার ব্যাখ্যা মার্কিন এজেন্টরা কানে নিচ্ছিলেন না।
‘বিশ্বের সব দেশের সরকারই বৈজ্ঞানিক গবেষণায় তহবিল জোগায়। আমেরিকার সরকারও অনেক বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে তহবিল দেয়, তাদের মাথায় যদি এটা ঢুকে বসে থাকে যে সরকারি তহবিল মানেই প্রতিটি গবেষণায় চীনা কম্যুনিস্ট পার্টির প্রভাব রয়েছে, তাহলে কোনোভাবেই আমি তাদের বোঝাতে পারবো না।’
চায়না স্কলারশিপ কাউন্সিল (সিএসসি)-র বৃত্তি নিয়ে কেউ পড়তে গেলেই এখন আমেরিকাতে তাদের গভীর সন্দেহের মুখে পড়েতে হচ্ছে।
গত ৩১ আগস্ট, ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস সিএসসির তহবিলে পড়েতে আসা ১৫ জন চীনা গবেষকের সাথে তাদের চুক্তি মাঝপথে বাতিল করে দিয়েছে। তার অর্থ, এই ১৫ জনের ভিসা বাতিল হয়ে গেছে। এই প্রথম আমেরিকাতে সিএসসি বৃত্তি নিয়ে পড়তে আসা শিক্ষার্থীদের বের করে দেওয়া হলো।
ভবিষ্যৎ আরো খারাপ
অধ্যাপক গ্রেইটেনস মনে করেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমেরিকাতে সরকারি বৃত্তি নিয়ে বিশেষ করে বিজ্ঞান বিষয়ে পড়তে বা গবেষণা করতে আসা চীনা শিক্ষার্থীদের ওপর নজারদারী বাড়তেই থাকবে।
‘ট্রাম্প এবং বাইডেন দু’জনেই অবৈধভাবে চীনে মার্কিন প্রযুক্তি চুরির হুমকিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।’
তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে এবং চীন-মার্কিন সম্পর্ক যেভাবে দিনদিন তলানিতে গিয়ে ঠেকছে তা ভেবে ঝাং ইতিমধ্যেই আমেরিকা থেকে চীনা ছাত্র-ছাত্রীদের দেশে ফিরে আসতে বলছেন।
‘নতুন এক শীতল যুদ্ধ শুরু হয়েছে,’ তিনি বলেন, ‘এর থেকে মুক্তি নেই, কে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন তার জন্য এই পরিস্থিতি বদলাবে না।’

ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী নিলামে দিলেন মেয়র আতিক

0

অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় স্পট নিলামে তা বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে বেশ কয়েকটি দোকানের মালামাল বিক্রি করে দেওয়া হয়।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়। সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে কাউকে না পেয়ে প্রথমে নিলামের ডাক দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া। এর পর একজন সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তাকে ভর্ৎসনা করা হয় এবং ২০ টন রড রাখার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্পট নিলামে তুললে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। এর মধ্যে মাহমুদ মোল্লা নামে এক ব্যক্তি সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে ট্যাক্স-ভ্যাট বাবদ আরও ৭ হাজার টাকা দেন তিনি।
এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা ব্যবসা করেন কোনো সমস্যা নেই। কিন্তু সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না।
প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, আমরা বারবার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এসব মাল নিলামে দেওয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।

১৬৯ দিন পর দিল্লি মেট্রো ট্রেন চালু

0

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ থাকার ১৬৯ দিন পর চালু হয়েছে ভারতের মেট্রো ট্রেন।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।
করোনা ভাইরাসের জেরে ৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারতের কয়েকটি শহরে মেট্রো ট্রেন আবারও চালু হয়েছে। তবে যেসব অঞ্চলে ভাইরাসের সংক্রমণ বেশি, সেসব অঞ্চলের স্টেশন বন্ধ থাকবে।
যাত্রীদের স্মার্টফোনে ‘আরোগ্য সেতু’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে। স্টেশনে তাপমাত্রা পরিমাপ করে তাদের ট্রেনে ওঠার সুযোগ দেওয়া হবে।
সোমবার বহুল ব্যবহৃত দিল্লি মেট্রোও চালু হয়েছে। দিল্লি মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার উপদেশ দিয়েছে। যাত্রীদের সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে, তবে নিরাপত্তার জন্য তা ৩০ মিলিলিটারের বেশি হতে পারবে না। এ ছাড়া ভ্রমণের সময় সঙ্গে খুব বেশি জিনিসপত্র বা ধাতব পাত্র রাখতে অনুৎসাহিত করা হয়েছে। এমনকি সংক্রমণ এড়াতে যাত্রীদের ‘কথা কম’ বলার উপদেশও দেওয়া হয়েছে।
যাত্রীদের সহযোগিতা করতে মেট্রো স্টেশনগুলোয় অতিরিক্ত এক হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ট্রেনে আগের চেয়ে ২০ শতাংশ কম যাত্রী নেওয়া হবে।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেন, ‘আজ দিল্লি মেট্রো সেবা চালু হওয়ায় আমি খুশি হয়েছি। মেট্রো ভালো ব্যবস্থা নিয়েছে। সাবধানতা অবলম্বনে গাফিলতা করা আমাদের উচিত হবে না। ’

ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ ৬-এ হেলাল আ.লীগের প্রার্থী

0

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন হেলাল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার (৭ সেপ্টেম্বর) অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩০ আগস্ট আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও মনোনয়ন বোর্ডের সভাপতির নির্দেশে আমি ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর দলীয় মনোনয়ন ঘোষণা করছি। ঢাকা-৫ এ প্রয়াত হাবিবুর রহমান মোল্লার স্থলে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ এ ইসরাফিল আলমের আসনে আনোয়ার হোসেন হেলাল দলীয় মনোনয়ন পেয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
গত ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার প্রয়াণে এ নির্বাচনী আসনটি খালি হয়। পরে গত ২০ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানান, আগস্ট মাসের শেষ সপ্তাহে ঢাকা-৫ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ ছাড়া করোনাকালে অনুষ্ঠিত অন্যান্য উপনির্বাচনের মতো সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচনও পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে বলেও জানান আলমগীর। কিন্তু এখনো এর তফসিল ঘোষণা করা হয়নি।
আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে। সে অনুযায়ী, ৯০ দিনের হিসাবে ২৪ অক্টোবরের মধ্যে এ আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় লরার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৫

0

যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে হারিকেন লরার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। লুজিয়ানার স্বাস্থ্য বিভাগ নতুন করে আরও দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করার পর এ সংখ্যা বেড়ে ২৫-এ দাঁড়ায়।
নতুন নিহত দুই ব্যক্তির একজন মারা গেছেন আঘাতজনিত কারণে আর অন্যজন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে। স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে, দুই ব্যক্তি ঘূর্ণিঝড় সংক্রান্ত ঘটনায় মারা গেছে। গত ২৭ আগস্ট চার ক্যাটাগরির ঘূর্ণিঝড় লরা লুজিয়ানার দক্ষিণ-পশ্চিম উপকূলে ভয়াবহ আঘাত হানে। এই ঝড়ে টেক্সাস উপকূলেও মারা গেছে ৫ জন।
মার্কিন উপকূল থেকে যাওয়ার পথে ঘুর্ণিঝড় লরা হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে আঘাত হানে। ঝড়ের আঘাতে হাইতিতে মারা গেছে অন্তত দুই ডজন মানুষ।
খবর পার্স টুডে

ইউএস ওপেন থেকে বহিষ্কার জকোভিচ

0

বিশ্বের এক নম্বর টেনিস তারকা তিনি। মাঝে মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতেও চলে আসেন তিনি। কিছুদিন আগেই আদ্রিয়া ট্যুর আয়োজন করে বেশ কয়েক টেনিস তারকাকে করোনা আক্রান্ত করানোর জন্য বেশ সমালোচিত হতে হয়েছে তাকে। নিজেও সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।
তবে, এবার যেটি করলেন, সেটি রীতিমতো বিস্ময়কর। তার মতো বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকার পক্ষে এমন কাজ করা মোটেও শোভা পায় না। যে কারণে বড় ধরনের শাস্তিও পেতে হলো তাকে।
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিপক্ষে খেলছিলেন নোভাক জকোভিচ। খেলা চলাকালেই একটি পয়েন্ট হারানোর ক্ষোভেই হয়তো বল দিয়ে আঘাত করে বসেন একজন নারী লাইন জাজের গলায়। ইচ্ছাকৃত ভুল। যে কারণে শাস্তিটাও হলো কড়া।
সঙ্গে সঙ্গে জকোভিচকে ঘোষণা করা হলো ডিসকোয়ালিফায়েড। স্রেফ বহিষ্কার। সুতরাং, তল্পিতল্পা ঘুচিয়ে আর্থার অ্যাশ স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে হলো জোকারকে। এবারের মত ইউএস ওপেন শেষ বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকার।
পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রথম সেটের ১১তম গেমে ৫-৬ পিছিয়ে গিয়ে জোকোভিচ হতাশায় বলে আঘাত করেন, যা গিয়ে লাগে ওই নারী লাইন জাজের গলায়। প্রচন্ড ব্যথায় মাটিতেই লুটিয়ে পড়েন সেই জাজ। সঙ্গে সঙ্গে দৌড়ে তার দিকে চলে যান জোকোভিচ। গিয়ে স্বান্তনা দেয়ার চেষ্টা করেন এবং দুঃখও প্রকাশ করেন।
এর পর টুর্নামেন্ট সুপারভাইজারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় সার্বিয়ান তারকার। টুর্নামেন্ট রেফারি সোয়েরেন ফ্রিয়েমেল এসে কথা বলেন চেয়ার আম্পায়ার অরলি টোর্টে এবং আন্দ্রেস এগলির সঙ্গে। একই সঙ্গে সুপারভাইজারের সঙ্গে কথা বলে ১২ মিনিট পর জানিয়ে দিলেন, এবারের যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কার করা হচ্ছে জোকোভিচকে।
২০০৪ এর পরে এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামে রজার ফেদেরার, রাফায়েল নাদাল কিংবা জোকোভিচকে সেমিফাইনালে দেখা যাবে না। পাশাপাশি একই দিনে পঞ্চম বাছাই আলেকজান্ডার জেরেভ অবাছাই স্পেনের আলেজান্দ্রো ডেভিডোভিচ ফকিনাকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন।

জাপানের উপকূলে আঘাত হেনেছে টাইফুন হেইশেন

0

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে আঘাত হেনেছে সামুদ্রিক ঝড় (টাইফুন) হেইশেন। এটি দেশটির দক্ষিণ কায়সু দ্বীপে আছড়ে পড়েছে। এর প্রভাবে অত্র অঞ্চলে তীব্র বাতাস বয়ে যাচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে ৭০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, টাইফুন হেইশেনকে ‘বৃহৎ ঝড়’ এবং ‘ব্যাপক শক্তিশালী’ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এই ঝড়ের কারণে প্রবল গতিতে হাওয়া বইবে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। হেইশেনর কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। এর হাওয়ার শক্তি প্রতি ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।
সামুদ্রিক ঘূর্ণিঝড়টি আঘাত হানার আশঙ্কায় জাপানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারখানা, বিদ্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিমান পরিষেবা ও ট্রেন বন্ধ। হেইশেনের হামলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং উপকূল এলাকায় সামুদ্রিক বন্যার আশঙ্কা প্রবল।
অকিনাওয়া ও কাগোশিমা এলাকার একজন করে ব্যক্তি এ টাইফুনে আহত হয়েছে বলে জানিয়েছে জাপানের অগ্নি ও দুর্যোগ প্রতিরোধ কর্তৃপক্ষ। ইতিমধ্যে ঝড়ের কারণে ৫২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন, জাপানের আশেপাশে ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। অঞ্চলভেদে ঘূর্ণিঝড়ের নাম বদলে কখনও সাইক্লোন ও হারিকেন হয়ে থাকে। এর আগে মেসাক নামে আরও একটি ঘূর্ণিঝড় জাপানে তাণ্ডব চালিয়েছিল।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

0

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট করেন।
রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার বলেন, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিটটি আজ শুনানির জন্য উপস্থাপন করা হবে। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটের পক্ষে আদালতে শুনানি করবেন।
নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন।
এখিন পর্যন্ত মারা গেছেন- ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১) ও মনির ফরাজি (৩০)।
গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।