Home Blog Page 2701

ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে

0

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি আসাদুল ইসলামের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।
আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৭) মনিরুজ্জামান সরকারের আদালতে আসাদুল ইসলামকে হাজির করা হয়। শুনানি শেষে তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় আসাদুলকে ঘোড়াঘাট থানা পুলিশে হস্তান্তর করে র‌্যাব। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আসাদুলকে দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে ঘোড়াঘাট থানা পুলিশ।
দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর বলেন, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসাদুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
ইমাম জাফর বলেন, এটি চুরির মামলার রিমান্ড নয়; যাবতীয় বিষয়গুলো জানার জন্য তাকে রিমান্ড নেয়া হয়েছে। আশা করছি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দেবে আসাদুল ইসলাম।
শনিবার একই মামলার অপর আসামি রঙমিস্ত্রি নবিরুল ইসলাম ও সান্টু রায়ের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু। রোববার সকাল থেকে নবিরুল ও সান্টু রিমান্ড শুরু হয়েছে।
গত বুধবার রাতে সরকারি ভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
পরে ইউএনওকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

বর্তমান সরকার সার ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করেছে : কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান কৃষিবান্ধব সরকার সার ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করেছে। ফলে, দেশে সার নিয়ে কোনো সংকট নেই।
মন্ত্রী আজ কৃষি মন্ত্রণালয় আয়োজিত ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি’র সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শিল্পসচিব কে এম আলী আজম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ-সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান।
কৃষিমন্ত্রী বলেন, শুরু থেকেই বর্তমান সরকার কৃষি উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে। প্রথমেই সারের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এটি ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সারের দাম কমানোর সিদ্ধান্ত এবং কৃষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশে কৃষি উৎপাদন বেড়েছে এবং দেশ আজ দানাদার জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
সভায় নিবিড় ও সম্প্রসারিত চাষাবাদের প্রয়োজনে চলমান ২০২০-২১ অর্থবছরে রাসায়নিক সারের চাহিদা পুনর্র্নিধারণ করা হয়েছে। এতে অতিরিক্ত ১ লাখ মেট্রিক টন ইউরিয়া ও ২ লাখ মেট্রিক টন ডিএপি সার সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। চলমান অর্থবছরে ইউরিয়া ২৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন, ডিএপি ১৫ লাখ মেট্রিক টন, টিএসপি, এমওপি, জিপসাম প্রভৃতিসহ সকল রাসায়নিক সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬০ লাখ মেট্রিক টন।

তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা উচিৎ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণ-তরুণীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা উচিৎ। তখন নিজেরাই অন্যকে চাকরি দিতে পারবে। আমাদের তরুণ-তরুণীরা খুবই মেধাবী। সঠিক নির্দেশনা পেলে তারা দ্রুতই এগিয়ে যাবে।

প্রতিমন্ত্রী গতকাল অনলাইনে ‘করোনা পরবর্তী সম্ভাব্য মন্দা মোকাবিলায় করণীয়ঃ তরুণদের ভাবনা’ শীর্ষক জাতীয় লেখা প্রতিযোগিতার ভার্চুয়াল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাতের ব্যাপক পরিবর্তন ও স্থানান্তর হচ্ছে। এখানে কৌশলগত ভাবেই তরুণদের সম্পৃক্ত হতে হবে। এজন্য গবেষণায় ও সৃজনশীল কাজে বেশি করে মনোনিবেশ করা প্রয়োজন। গবেষণা ও প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিশেষ প্রণোদনা প্রদান করে। প্রায় ৩৫০০ ইউনিয়নে ব্রড ব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। তৃণমূলের তরুণরা এই দ্রুত গতির ইন্টারনেটের সুবিধা নিয়ে নিজেদের সমৃদ্ধি আনতে পারে।

তিনি আরো বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) সহায়তা, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা ও স্বাস্থ্যখাতকে শক্তিশালীকরণে তরুণদের ভাবনা খুবই সদূরপ্রসারী। তাঁদের এই বাস্তবধর্মী চিন্তা-ভাবনা বাস্তবে প্রয়োগ করা যায় কিনা ভেবে দেখা উচিৎ।
বাংলাদেশের তরুণ প্রজন্মকে কোভিড-১৯ মহামারির সুদূরপ্রসারী প্রভাব থেকে উত্তরণ প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করতে হবে। কারণ এই পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব তরুণ প্রজন্মের ওপরই পড়বে। তাই তাঁদের ভাবনা নিয়ে লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও রেমিট্যান্সের ধারাবাহিকতা রক্ষা, তরুণদের চাকরির ব্যবস্থা এবং নতুন কর্মক্ষেত্র তৈরি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) সহায়তা, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা, টেকসই কৃষিব্যবস্থার নিশ্চয়তা, শিক্ষা ও ডিজিটাল শিখন পদ্ধতিকে উৎসাহিতকরণ, স্বাস্থ্যখাতকে শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা প্রোগ্রামসমূহকে এগিয়ে নেওয়া, রপ্তানি খাতকে পুনরুজ্জীবিতকরণ-এই দশটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল গ্রুপের চ্যাম্পিয়ন আইপিডিসির পক্ষ থেকে দশ হাজার টাকা রিসার্চ গ্রান্ট পাবে এবং সকল গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে।

ইয়ুথ অপরচুনিটিস-এর উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আইপিডিসি ফাইনান্স-এর ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিল-এর পরিচালক টম মিশসিওসসিয়া ও ইয়ুথ অপরচুনিটিস-এর সহপ্রতিষ্ঠাতা ওসামা বিন নূর সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সুইজারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক অংশিদার। উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে, এগুলোর প্রায় অর্ধেকের কাজ সমাপ্তির পথে। এগুলোতে জাপান, ভারত, চীন, কোরিয়াসহ বিভিন্ন দেশ বড় ধরনের বিনিয়োগ করতে এগিয়ে এসেছে। বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করছে। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সুইজারলান্ডের জন্য লাভজনক বিনিয়োগস্থল হতে পারে। সুইজারল্যান্ডের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদল বাংলাদেশ সফর করলে ইতিবাচক ফল পাওয়া যাবে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এর সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধীকার দেয়। বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সুইজারল্যান্ড প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে এবং বাণিজ্য সম্পর্কের উন্নতি হয়েছে। ফার্মিাসিউটিকেল এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বাণিজ্য বৃদ্ধির প্রচুর সুযোগ সৃষ্টি হয়েছে। উভয় দেশের মধ্যে একটি বৈঠক করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, এতে করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা সহজ হবে। করোনা মোকাবিলা এবং করোনাকালে রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখার প্রশংসা করে তিনি বলেন, বৈদেশিক বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশ অনেক সক্ষমতা অর্জন করেছে।
টিপু মুনশি বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮৩ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। সরকার রপ্তানিখাতের পণ্য সংখ্যা বৃদ্ধি করতে কৃষিজাত পণ্য, ফার্মিাসিউটিকেল, চামড়াজাত পণ্য, আইসিটি, পাটজাত পণ্য সেক্টরকে বিশেষ গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। এছাড়া, সেবা খাতেও বাংলাদেশের প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। সুইজারল্যান্ড চাইলে তা ব্যবহার করতে পারে। বাণিজ্যমন্ত্রী বলেন, জাপানের বিখ্যাত মিটশুবিসি এবং ভারতের টাটা কোম্পানি বাংলাদেশে গাড়ি তৈরি কারখানা স্থাপনের চিন্তা করছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই আকৃষ্ট করতে বাংলাদেশ কোম্পানি আইন সময়োপযোগী করাসহ ব্যবসা সহজীকরণের অন্যান্য সূচকেও প্রয়োজনীয় সংস্কার সাধন করেছে।
বাংলাদেশ ২০১৮-২০১৯ অর্থবছরে সুইজারল্যান্ডে রপ্তানি করেছে ১০৬ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করেছে ২৭০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ ১০৬ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং জুলাই-মার্চ সময়ে আমদানি করেছে ২৪৫ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। আগামী নভেম্বরে বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের উদ্দেশ্যে একটি বৈঠক অনুষ্ঠানের বিষয়ে উভয়ে একমত পোষণ করেন।

ঢাকার খালসমূহ সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তরের পরামর্শ শিল্প প্রতিমন্ত্রীর

0

ঢাকা মহানগরীর খাল উদ্ধার করে সেগুলো খনন এবং দু’পাশে ওয়াকওয়ে ও সবুজ বেষ্টনী নির্মাণ করে সমঝোতা চুক্তির মাধ্যমে সিটি কর্পোরেশনসমূহের নিকট হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, খালে কোনো ময়লা ফেলা হবে না সিটি কর্পোরেশনকে সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। ময়লা একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং স্থানটি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

শিল্প প্রতিমন্ত্রী আজ দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতি প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় এসব কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় শিল্প প্রতিমন্ত্রী অনলাইনে সংযুক্ত হন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দপ্তর-সংস্থা রাস্তাঘাট বারবার খননের ফলে মিরপুরসহ সারা ঢাকা মহানগরীতে নাগরিকদের ভোগান্তি শেষ হচ্ছে না। তিনি বলেন, নাগরিক সেবার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মাঝে সমন্বয় জোরদার করতে হবে।

শিল্প প্রতিমন্ত্রী এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীর খাল উদ্ধার কার্যক্রমের প্রশংসা করে একে গতিশীল করার পরামর্শ দেন। তিনি খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাল দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে হবে : আইনমন্ত্রী

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগ অবশ্যই স্বাধীন। বিচারকার্যে বিচারকগণ সংবিধান অনুযায়ী স্বাধীন। বিচার বিভাগের মর্যাদা বজায় রেখে ন্যায়বিচার করা এবং জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা বিচারকদের নৈতিক দায়িত্ব। তিনি বিশ্বাস করেন, বিচার বিভাগের সকল কর্মকর্তা এই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত এবং দক্ষ।

আজ রবিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নতুন বিচারকদের জন্য ভার্চুয়ালি আয়োজিত পঞ্চম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। পাঁচদিন মেয়াদী এ প্রশিক্ষণে জেলা জজ পদমর্যাদার ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
মন্ত্রী বলেন, আমাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ সামনে আসবে। আজকে করোনা ভাইরাসের চ্যালেঞ্জ এসেছে। ভবিষ্যতে কি চ্যালেঞ্জ আসবে জানিনা। তবে ভবিষ্যতেও চ্যালেঞ্জ আসবে। অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রশিক্ষিত হতে হবে। এ বিষয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, নতুন প্রযুক্তি ব্যবহার করার জন্য যে সক্ষমতা প্রয়োজন, যে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন সেটা বর্তমান সরকার করবে। কারণ সরকারের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে জনগণের কাছে তাদের সকল সেবা পৌঁছে দেওয়া। তাই জনগণের কাছে বিচার সেবা পৌঁছে দেওয়ার জন্য যা যা করা দরকার তা সরকার করবে।
প্রশিক্ষণগ্রহণ করে বিচার বিভাগকে নতুন পথ দেখানোর আহ্বান জানিয়ে বিচারকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জনগণ বিচারকদের দিকে তাকিয়ে আছে। তারা সুষ্ঠু বিচার চায়। তিনি বিচারকদের সুষ্ঠু ও ন্যায়বিচার প্রদান করতে পরামর্শ দেন।
আনিসুল হক বলেন, চলতি বছরে অন্তত ছয় লাখ মামলা কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের মহামারির কারণে সে পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করে কীভাবে মামলাজট কমানো যায় তা নিয়ে চিন্তা করতে হবে। তিনি বলেন, বছরের এখনও প্রায় চার মাস সময় আছে, এই সময়ে দেড় লাখ মামলাজট কমাতে পারলেও কিছু একটা অর্জন হয়েছে বলে মনে হবে। এ বিষয়ে তিনি বিচারকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও ইনস্টিটিউটের পরিচালক মো. গোলাম কিবরিয়া বক্তৃতা করেন।

ভারতের সঙ্গে এ পর্যন্ত ৭ হাজার ৫৫৫ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি : অর্থমন্ত্রী

0

স্বাধীনতার পর থেকে ঋণ সহায়তা দিতে ভারতের সঙ্গে বাংলাদেশের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৭ হাজার ৫শ’ ৫৫ দশমিক ৭৩৭ মিলিয়ন মার্কিন ডলার। আর এ পর্যন্ত ৯০৪ দশমিক ৭৫৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ছাড় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সদস্য হারুনুর রশীদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
এসময় অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সাত হাজার ৫৫৫ দশমিক ৭৩৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদানে ভারত ও বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৩০ জুন ২০২০ পর্যন্ত ৯০৪ দশমিক ৭৫৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ ছাড় হয়েছে। তবে এই অর্থনৈতিক গতি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের মেয়াদেই গতি লাভ করেছে। বর্তমান সরকারের সময়ে তিনটি এলওসি চুক্তির আওতায় সাত দশমিক ৫৪৮ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সকল ঋণের আওতায় অবকাঠামো উন্নয়ন খাতে একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যক্তিখাতের দেশি-বিদেশি বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ তৈরি করেছে।
বগুড়া-৫ আসনের সদস্য হাবিবর রহমানের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, বর্তমানে আমদানি পর্যায়ে ১৬ হাজার ১টি শুল্ক মামলার বিপরীতে অনাদায়ী রাজস্বের পরিমাণ সাত হাজার ৫৮৯ কোটি ১৮ লাখ টাকা।

রাষ্ট্রায়ত্ব ব্যাংকের খেলাপি ঋণ সাড়ে ৪১ হাজার কোটি টাকা

0

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে।

চলতি ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ব ব্যাংক ঋণ দিয়েছে এক লাখ ৮২ হাজার ৪০৫ কোটি টাকা। যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিরোধীদলীয় প্রধান হুইপ মো. মশিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদকে এতথ্য জানান অর্থমন্ত্রী।

সংসদে দেওয়া তথ্যমতে রাষ্ট্রায়ত্ব ছয় ব্যাংকের খেলাপি ঋণের মধ্যে সোনালী ব্যাংকের আট হাজার ৪৬৭ কোটি, জনতা ব্যাংকের খেলাপি ঋণ ১৫ হাজার ৯৭৪ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ পাঁচ হাজার ৩৩৮ কোটি টাকা, রূপালী ব্যাংকের খেলাপি ঋণ চার হাজার ৯০ কোটি টাকা, বেসিক ব্যাংকের খেলাপি ঋণ সাত হাজার ১৫৬ কোটি টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ ৫৫৮ কোটি টাকা।

মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে বিকল্প বিরোধী নিষ্পত্তি অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর আওতায় মামলা করা হচ্ছে। তিনি বলেন, ব্যাংকসমূহ ত্রৈমাসিক রিপোর্টের আলোকে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ আদায়ে পিছিয়ে পড়া ব্যাংকসমূহকে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে এবং ব্যাংকার্স সভায় ঋণ আদায় কার্যক্রম জোরদার করতে সময়ে সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের পরামর্শ প্রদান করে।

অর্থমন্ত্রী আরো বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত খেলাপি গ্রাহকের নিকট হতে ঋণ আদায় বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালের ১৬ মে বিআরপিডি সার্কুলার নম্বর ৫ ইস্যু করা হয়েছে। ওই সার্কুলারে সহজ শর্তে ঋণ পুনঃতফসিল এবং এককালীন এক্সিটের সুযোগ প্রদান করা হয়েছে।

‘ওয়াহিদাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই, দেশেই ব্যবস্থা রয়েছে’

0

ইউএনও ওয়াহিদাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজন নেই, কেননা দেশেই চিকিৎসার ভালো ব্যবস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার খোঁজ নিতে এলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাঁকে (ইউএনও ওয়াহিদা খানম) দেশের বাইরে পাঠানোর কোনো প্রয়োজন নেই। দেশের এই উন্নত বিশেষায়িত হাসপাতালে তাঁর ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তবে সে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘ওয়াহিদার ডান দিকের অংশটা এখনো অবশ আছে। আশা করছি, চিকিৎসায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা গর্বিত যে, নিউরোসায়েন্সেস অত্যন্ত সফলতার সঙ্গে অপারেশন ও চিকিৎসাটা করেছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন। হাসপাতালের পরিচালক প্রফেসর দীন মোহাম্মদ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।’

অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। অপারেশন-পরবর্তী ৭২ ঘণ্টা আগামীকাল শেষ হবে। এখনো ইনফেকশন দেখা যায়নি। আশা করা যায়, পুরোপুরি তিনি ভালো হবেন, ইনফেক্টেড (সংক্রমিত) হবেন না।’

মসজিদে বিস্ফোরণে আরেকজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ২৪

0

নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী মাস্টার (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁকে নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। চিকিৎসাধীন দগ্ধ ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল গণমাধ্যমকে জানিয়েছেন।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ২৪ জনের মৃত্যু হলো।