Home Blog Page 2702

প্রতারণার দুই মামলায় সাহেদের ১৪ দিনের রিমান্ড শুরু

0

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা দু’টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ রবিবার থেকে এ রিমান্ড শুরু হয়েছে।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেক্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা নয়টি মামলার মধ্যে দু’টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড আবেদন করে সিআইডি। সেই পরিপ্রেক্ষিতে দু’টি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড দেন আদালত।

যুক্তরাষ্ট্র থেকে ফিরতে হলো ১০১ বাংলাদেশিকে

0

অবৈধ অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেপ্তার হওয়া ১০১ বাংলাদেশিকে একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার দুপুরের পর ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে বিকালে তারা বের হন।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফেরত আসা বেশিরভাগ বয়সে তরুণ। এসব বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর বিভিন্ন মেয়াদে ডির্পোটেশন ক্যাম্পে থাকার পর শনিবার একটি বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়।

গতকাল বিকাল ৪টার পর একে একে বিমানবন্দর থেকে বের হতে থাকেন তারা। তাঁদের হাতে প্লাস্টিকের বস্তার ভেতরে কিছু ব্যবহারিক জিনিসপত্র ছিল। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাশ নম্বর লেখা ছিল।

জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট ১১ সেপ্টেম্বর

0

আগামী ১১ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরব থেকে দেশে আসতে আগ্রহী প্রবাসীদের আনতে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় সংস্থাটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এই ফ্লাইট পরিচালনা করছে বিমান।

বিমানের ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে ঢুকে নিবন্ধন করতে পারবেন। জেদ্দা থেকে ঢাকায় ইকোনমি আসনে ভাড়া নিচ্ছে দুই হাজার ২০০ রিয়াল। একইসঙ্গে বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে।

রাষ্ট্রীয় মর্যাদায় ওসমান চৌধুরীর দাফন সম্পন্ন

0

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বাদ আসর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সেনানিবাসে সেনাকুঞ্জের পাশে সেন্ট্রাল মসজিদে আবু ওসমান চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়।

দাফনের আগে এই জাতীয় বীরের প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক কায়দায় গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকেও তার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্ণেল আব্দুল্লাহ ইবনে জায়েদ জানান।

আজ সকাল পৌনে ৮টার দিকে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩০ আগস্ট থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। আবু ওসমান চৌধুরীর মেয়ে নাসিমা তারিক বাসসকে একথা জানান।

গত ৩০ আগস্ট শারীরিক অসুস্থতাজনিত কারণে কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরীকে সিএমএইচ ভর্তি করা হয়। সেখানে তার করোনা শনাক্ত হয় বলে সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব জানান।

হারুন হাবীব জানান, ‘গত শনিবার থেকে তিনি খাবার গ্রহণ করছিলেন না, ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাই জরুরি ভিত্তিতে রোববার দুপুরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে তার করোনা শনাক্ত হয়।’ তিনি জানান, আবু ওসমান চৌধুরী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।। স্মৃতিশক্তিও ক্রমে লোপ পাচ্ছিল তার। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও করোনাকালের আগে তিনি সেক্টর কমান্ডারস ফোরামের বৈঠকে উপস্থিত থাকতেন। যদিও সেসময় তার কথা বলতে কষ্ট হতো।

আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পৃথক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

আবু ওসমান চৌধুরীর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৩৬ সালের ১ জানুয়ারি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামে জন্ম হয় আবু ওসমান চৌধুরীর। স্বপরিবারে তিনি রাজধানীর ধানমন্ডিতে থাকতেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আবু ওসমান চৌধুরীকে বিজেএমসির চেয়ারম্যান করা হয়। পরে তাকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়। স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ২০১৪ সালে আবু ওসমান চৌধুরীকে স্বাধীনতা পদকে ভূষিত করে সরকার। ১৯৬০ সালে কুমিল্লার মৌলভী পাড়ার মনসুর আহম্মেদের বড় মেয়ে নাজিয়া খানমের সঙ্গে আবু ওসমানের বিয়ে হয়। নাসিমা ওসমান ও ফাওজিয়া ওসমান তাদের দুই মেয়ে।

মুক্তিযুদ্ধ চলাকালে আবু ওসমান চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর হিসেবে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। অপারেশন সার্চলাইট-এর সংবাদ পেয়ে ২৬ মার্চ সকালে বেলা ১১টায় তিনি চুয়াডাঙার ঘাঁটিতে পৌঁছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন।

এর আগে ১৯৭১ সালের ৬ মার্চ আবু ওসমান চৌধুরী পদ্মা মেঘনার ওপারে কুষ্টিয়া থেকে বরিশাল জেলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাকে দক্ষিণ-পশ্চিম রণাঙ্গণ নামকরণ করে সে রণাঙ্গণের অধিনায়কত্ব গ্রহণ করেন। পরে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশ সরকার তাকে দক্ষিণ পশ্চিমাংশের আঞ্চলিক কমান্ডার হিসেবে নিযুক্ত করেন।

মে মাসের শেষার্ধে মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি এম এ জি ওসমানী দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনকে দুই ভাগ করে ৮ নম্বর ও ৯ নম্বর সেক্টরদ্বয় গঠন করেন এবং ৮ নম্বর সেক্টরের দায়িত্বে আবু ওসমানকে নিয়োগ করা হয়। প্রাথমিকভাবে সে সময় ওই সেক্টরের অপারেশন এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা। মে মাসের শেষে অপারেশন এলাকা সংকুচিত করে কুষ্টিয়া ও যশোর, খুলনা জেলা সদর, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এই এলাকা পুনর্গঠন করা হয়। এই সেক্টরের প্রধান ছিলেন আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম এ মঞ্জুর।

ইউএনওর ওপর হামলার ঘটনায় আরো তিনজন আটক

0

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীকে সরকারি বাসভবনে ঢুকে হামলার ঘটনায় আরো তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘আজ শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ঘোড়াঘাট থেকে এ ঘটনায় আরো তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ আটক তিনজন হলেন- শাওন, সুলতান ও শ্যামল কুমার।

এ ছাড়া ইউএনও ওয়াহিদা খানমের গৃহপরিচারিকা জবেদা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত মই বেয়ে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। তারা বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় ইউএনওর চিৎকার শুনে পাশের কক্ষে থাকা তাঁর বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকেও আঘাতে জখম করে। পরে কোয়ার্টারের অন্য বাসিন্দারা তাঁদের চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হয়।

ওয়াহিদা খানমের অস্ত্রোপচার গত বৃহস্পতিবার রাতে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে সম্পন্ন হয়। সবশেষ জানা গেছে, তাঁর সেরে ওঠার ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা।

এই ঘটনায় ইউএনও ওয়াহিদা খানমের বড় ভাই শেখ আরিফ হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)-১৩ পক্ষ থেকে জানানো হয়, এই মামলায় মো. নবিরুল ইসলাম (৩৫) ও সান্টু কুমার বিশ্বাস (২৮) ছাড়াও ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সদস্য আসাদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শাখায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

আজ শনিবার নবিরুল ও সান্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন দিনাজপুরের একটি আদালত। তবে প্রধান আসামি আসাদুল হককে আজ আদালতে হাজির করা হয়নি। অসুস্থ থাকায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার পর দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশ এবং র‍্যাব-১৩ এর একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোরে হিলির কালীগঞ্জ এলাকায় বোনের বাড়ি থেকে আসাদুল ইসলামকে আটক করে। আর রংমিস্ত্রি মো. নবিরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে শুক্রবার ঘোড়াঘাট থেকে আটক করা হয়। নবিরুল ইসলাম ও সান্টু কুমার ঘোড়াঘাট উপজেলার সামনে রংমিস্ত্রির কাজ করেন।

এ ছাড়া এই ঘটনায় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকেও গতকাল শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানায় র‍্যাব।

রাশিয়ার টিকায় করোনাভাইরাস প্রতিরোধ ক্ষমতার লক্ষণ

0

শিয়ার করোনাভাইরাস টিকার পরীক্ষা শুরুর পর প্রথম প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন, প্রাথমিকভাবে টিকায় ভাইরাস প্রতিরোধের সক্ষমতা তৈরির লক্ষণ দেখা যাচ্ছে।

চিকিৎসা বিষয়ক সাময়িকী দা ল্যান্সেটে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হচ্ছে, যারা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের সবার শরীরে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার মতো অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং বড় কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

বিশ্বের প্রথম দেশ হিসাবে এবং কোনরকম তথ্য প্রকাশ না করেই অগাস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য টিকার লাইসেন্স দেয় রাশিয়া।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এর সক্ষমতা এবং নিরাপত্তা প্রমাণ করার জন্য এই পরীক্ষাটি খুবই ছোট আকারের। রাশিয়ার কাজের ধরণ নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, তারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাচ্ছেন। তবে সমালোচনার বিপক্ষে পরীক্ষার ফলাফলকে স্বাগত জানিয়েছে মস্কো।

গত মাসে প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন বলেছেন, প্রয়োজনীয় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে টিকাটি। তার এক কন্যাকেও টিকা দেয়া হয়েছে।

প্রতিবেদনে কী বলা হয়েছে?

স্পুটনিক-ফাইভ নামের টিকাটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে গত জুন থেকে জুলাই মাসের মধ্যে।

দা ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীর ওপর টিকার প্রয়োগ করা হয়েছে এবং তিন সপ্তাহ পরে তাদের আবার বুস্টার ডোজ দেয়া হয়েছে।

অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮-৬০ বছরের মধ্যে। তাদের পরবর্তী ৪২ দিন ধরে নজরদারিতে রাখা হয়।

তাদের সবার শরীরে পরবর্তী তিন সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বেশিরভাগের ক্ষেত্রে সাধারণ যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, তা হলো মাথা ব্যথা এবং হাড়ের সন্ধিস্থলে ব্যথা।

তৃতীয় দফায় বিভিন্ন বয়সের ও ঝুঁকি শ্রেণীর ৪০,০০০ স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হবে।

সাধারণ সর্দিকাশি তৈরি করে, সেই অ্যাডেনোভাইরাসের উপাদান ব্যবহার করে রাশিয়ার এই টিকা তৈরি করা হয়েছে।

তবে বিবিসির স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক ফিলিপ্পা রক্সি বলছেন, যদিও যুক্তরাজ্যের বিজ্ঞানীদের কাছ থেকে ‘উৎসাহব্যঞ্জক, যথেষ্ট ভালো’ বলে মন্তব্য পেয়েছে, কিন্তু এখনো এই টিকার সফলতার জন্য পরিষ্কারভাবে অনেকদূর যেতে হবে। যদিও দ্বিতীয় দফায় সব অংশগ্রহণকারীদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হওয়ার লক্ষণ দেখা গেছে কিন্তু তার মানে এই নয় যে, এটি করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে সক্ষম। সেই ক্ষমতার ব্যাপারটি এখনো প্রতিষ্ঠিত হয়নি।

তিনি প্রশ্ন তুলে বলছেন, প্রাথমিক ফলাফল থেকে বলা যায় যে, স্বাস্থ্যবান মানুষজনের ভেতর টিকাটি ভালো কাজ করছে, যাদের বয়স ১৮-৬০ বছরের মধ্যে। কিন্তু বয়স্ক মানুষজন, যাদের বিশেষ স্বাস্থ্য ঝুঁকি আছে, তাদের জন্য এই টিকাটি কতটা কার্যকর?

”এটা শুধুমাত্র তখনি জানা যাবে যখন অনেক বেশি মানুষের ওপর, গণহারে মানুষের ওপর পরীক্ষা করা হবে এবং তাদের জানানো হবে না যে, তাদের আসল টিকা দেয়া হয়েছে নাকি ডামি টিকা দেয়া হয়েছে। তখন শুধুমাত্র বিজ্ঞানীরা বুঝতে পারছেন যে, ব্যাপক জনগোষ্ঠীর ওপর টিকাটি কতটা কার্যকর,” বলছেন বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা।

সেই সঙ্গে এখানে আরও স্বচ্ছতার প্রয়োজন রয়েছে বলেও তিনি বলেন। টিকা তৈরিতে বহু গবেষণা চলছে সারা বিশ্বে।

”বিশ্ব জুড়ে এখন অনেক টিকার পরীক্ষা চলছে। কোন কোন স্থানে একটার চেয়ে আরেকটা ভালো কাজ করে, কোন কোন টিকা বিশেষ পরিস্থিতিতে এবং নির্দিষ্ট মানুষজনের ভেতর ভালো করছে। সুতরাং সবার জন্য কোনটা ভালো হবে, সেটা জানা জরুরি।”

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, নভেম্বর ডিসেম্বর মাস থেকে দেশটি আরও বেশি মানুষকে টিকা দেয়া শুরু করবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, বাজারে পুরোপুরি চালু করার আগে আরও পরীক্ষানিরীক্ষা করা উচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১৭৬টি টিকা আবিষ্কারের কাজ চলছে। এর মধ্যে মানব পর্যায়ের ট্রায়ালে রয়েছে ৩৪টি টিকা। তার মধ্যে আটটি রয়েছে তৃতীয় পর্যায়ের পরীক্ষার ধাপে।

বাংলাদেশসহ ১২ দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

0

বাংলাদেশসহ ১২টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ার সরকার। আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম একটি ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার মালয়েশিয়া এই নিষেধাজ্ঞা দিয়েছে। ৭ই সেপ্টেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তিনি লিখেছেন, ১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিলো ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর।

”বৃহস্পতিবার আরও যে নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।”

তিনি পরামর্শ দিয়ে বলছেন, যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই নিষেধাজ্ঞা বহাল থাকার সময় দালালদের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে মালয়েশিয়ায় যাবার চেষ্টা না করার পরামর্শ দেন তিনি। তাহলে চিরদিনের জন্য কালো তালিকাভুক্ত হয়ে যেতে পারেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম জানিয়েছেন, এই বিষয়ে বাংলাদেশের সরকার সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাবে এবং সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেয়া হবে।

মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, যেসব দেশে দেড় লক্ষের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে, সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মালয়েশিয়ার জ্যেষ্ঠ মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি জানিয়েছেন।

মালয়েশিয়ায় বৈধ-অবৈধ মিলিয়ে পাঁচ লক্ষেরও বেশি বাংলাদেশি কাজ করেন বলে ধারণা করা হয়।

সিনহা নিহতের ঘটনায় ৭ই সেপ্টেম্বর প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

0

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আগামী ৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেবে। ১২টি সুপারিশসহ ৮০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান আজ শনিবার কক্সবাজারে এই তথ্য জানান।
গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে। এরপর সিনহার বোন নয় পুলিশ সদস্যকে আসামি করে কক্সবাজার আদালতে একট হত্যা মামলা করেন। ওই মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সিনহার মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ তদন্ত কমিটি গঠন করে। গত ৪ আগস্ট তদন্ত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। পরে ৩১ আগস্ট পর্যন্ত তিন দফা সময় বৃদ্ধি করা হয়।
তদন্ত কমিটির প্রধান বলেন, সিনহা নিহতের ঘটনায় তদন্তে কমিটি এ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির ৬৮ জনের জবানবন্দি নিতে পেরেছে।
সর্বশেষ ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময় বৃদ্ধির আবেদন করে তদন্ত কমিটি। আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো সাত দিন সময় বৃদ্ধি করে।

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

0

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আমেরিকার একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয় তাদের।

বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভিতরে কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাশ নম্বর লেখা ছিল। ফেরত আসা বেশিরভাগ বয়সে তরুণ।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, আমরা কথা বলে জেনেছি এই কর্মীরা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হন তারা।

এরপর বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর আজ একটি বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে এভাবে কর্মীরা ফেরত এসেছেন।

তথ্য প্রযুক্তি খাতকে আরো গুরুত্ব দিতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তির ওপর আরো গুরুত্ব প্রদান করতে হবে। তিনি বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের অন্যতম চালিকাশক্তি তথ্য-প্রযুক্তি। তাই আমাদেরকে তথ্য-প্রযুক্তিতে আরো গুরুত্ব প্রদান করতে হবে। এই খাতে বিনিয়োগ আরো বৃদ্ধি করতে হবে।

আজ এটুআই প্রোগ্রামের আওতায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের ‘ই-নথি বিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, করোনাকালীন সময় তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়েছে। এতো প্রতিকূলতার মাঝেও কাজ থেমে থাকেনি। এই করোনার সময়ে আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুফল ভোগ করতে পারছি। তিনি সরকারি কর্মচারীদের তথ্য প্রযুক্তি জ্ঞানে আরো প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বক্তব্য রাখেন।