Home Blog Page 2703

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৯৫০

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ১০ জন। এদের মধ্যে হাসপাতালে ৩৪ জন এবং বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৪৪৭ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৫০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৩ হাজার ৫৬৫ জনে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৩১৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮ জনে।

একাদশ সংসদের ৯ম অধিবেশন শুরু কাল

0

একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশন আগামীকাল রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শুরু হবে।
গত ১৯ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে এখন পর্যন্ত অধিবশন ৬,৭,৮,৯ এ ৪ কার্যদিবস চলার কথা। তবে প্রয়োজনে তা দুই-তিন দিন বাড়তে পারে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের এ সময় এবারো গণমাধ্যম কর্মীদের সরসরি সংবাদ সংগ্রহের জন্য সংসদ কার্ড ইস্যূ করা হয়নি। গত দুটি (৭ম ও ৮ম) অধিবেশনের মতো নবম অধিবেশনও সংবাদ কর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে সংবাদ সংগ্রহ করতে হবে।
এ ছাড়া অধিবেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণ সীমিত রাখা হচ্ছে। আগের দুটি অধিবেশনের মতো প্রতিদিন ৭০ থেকে ৯০ জন সদস্য অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। অসুস্থ্য এবং বয়স্ক সদস্যদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে। আর যারা অংশ নিবেন তারা করোনাকলীন সব স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন। অধিবেশন কক্ষের আসন বিন্যাসও আগের দুটি অধিবেশনের মতো দুরত্ব বজায় রেখে করা হয়েছে।
এর আগে গত ১০ জুন একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়ে গত ৯ জুলাই শেষ হয়। মোট ৯ কার্যদিবসের ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হয়। সে অধিবেশনে বাজেট পাসসহ ১৬টি সরকারি বিলের মধ্যে ৫টি সরকারি বিল পাস হয়।

মসজিদে বিস্ফোরণ নাকি নাশকতা তা তদন্ত করা হবে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাকি নাশকতা হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ ও সহায়তার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ইউরোপ, আমেরিকাসহ যে সব দেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল, আবারও তারা বাধ্য হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে। করোনা পরিস্থিতি বিবেচনা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
সেতুমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।

আরও ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু

0

নতুন করে আরও ১৯ জোড়া আন্তঃনগর, লোকাল, কমিউটার ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে এসব ট্রেন চলাচল শুরু করেছে।
বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) স্বাক্ষরিত এক অফিস আদেশে ৫ সেপ্টেম্বর থেকে ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু করবে বলে আগেই জানানো হয়েছিল।
করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। গত ১৬ আগস্ট নতুন করে আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেন মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। এর পরই আজ ৫ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর, কমিউটার ও লোকালসহ আরও ১৯টি ট্রেন চলাচল শুরু হচ্ছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে চলাচল শুরু করা ট্রেনগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম- ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর গোধুলী/প্রভাতী, ঢাকা-সিলেট-ঢাকা জয়ন্তীকা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা উপবন এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা চট্টগ্রাম তুর্ণা এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মোহনগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-জামালপুর-ঢাকা জামালপুর এক্সপ্রেস, ঢাকা-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী ধুমকেতু এক্সপ্রেস, ঢাকা-রংপুর-ঢাকা রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা-চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল, রহনপুর-খুলনা মহানন্দা এক্সপ্রেস, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার পদ্মরাগ কমিউটার, খুলনা-গোয়ালন্দঘাট-খুলনা নকশিকাথাঁ এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম সাগরিকা কমিউটার, রাজশাহী-পার্বতীপুর-রাজশাহী উত্তরা এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মহুয়া এক্সপ্রেস এবং খুলনা-বেনাপোল-খুলনা বেতনা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।
এখন সব মিলিয়ে মোট ৬৭ জোড়া ট্রেন যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে।

সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওরা এগিয়ে আসলে স্বাস্থ্যখাতে বাংলাদেশ এগিয়ে যাবে : নৌ প্রতিমন্ত্রী

0

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপি ইশানিয়া ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ও নাফানগন ইউনিয়নে ২টি ২৪/৭ নিরাপদ প্রসূতী কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত (৪ই সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যায় ২৪/৭ নিরাপদ প্রসূতী কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রসূতী কেন্দ্র উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,এমপি ।
এসময় আরো বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আনন্দ কুমার দাস, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নাসের নুরুল ইসলাম, বোচাঁগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্পে ম্যানেজার, কর্নেলিউস দালবৎ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, এমওএমসিএইচ এফপি ডা: শাহ শামীমা আলম প্রমুখ।
প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই উদ্বোধনের সাথে নাফানগর ও ইশানিয়া ইউনিয়নের মোট ২টি নিরাপদ প্রসূতী কেন্দ্রের মাধ্যমে অত্র ২টি ইউনিয়নের পাশাপাশি সকল গরীব অসহায় গর্ভবতী ও শিশুদের সার্বক্ষনিক সেবা দেওয়া হবে, মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নতি সাধিত হবে এবং উপজেলা সরকারি পরিবার পরিকল্পনা বিভাগ ও প্রকল্পের মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য জনগনকে উৎসাহিত করা হবে,যাতে মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস পায়। সরকারের পাশাপাশি কোরিয়ার এই এনজিও প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও তারা এ ধরনের জনকল্যান মূলক কাজ অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা বিভাগে আমুল পরিবর্তন এসেছে। বর্তমান সরকারের সঠিক নেতৃত্বের কারনে দেশে বিগত দিনের তুলনায় জনসংখ্যার হার অনেক কমেছে।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এর যৌথ আর্থিক-সহযোগিতায় জিএনবি’র কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য দিনাজপুর জেলার বোচাঁগঞ্জ উপজেলায় কাজ করে যাচ্ছে।

মসজিদে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ১৪

0

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় দগ্ধ ২৩ জন এখন হাসপাতালে ভর্তি আছেন।
নিহতরা হলেন- ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫) সাব্বির (২১), জুয়েল (৭) জুবায়ের (১৮), হুমায়ূন কবির (৭০), জুনায়েদ (১৭), রিফাত (১৮) কুদ্দুস ব্যাপারী (৭০), জামাল (৪০), মো. রাশেদ (৩৪), জয়নাল আবেদীন (৪০) ও মঈনুদ্দীন।
এর আগে আজ সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এখনো যারা হাসপাতালে ভর্তি আছেন সবার মেজর বার্ন আছে। সবার অবস্থা খারাপ।’
তিনি আরও বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়েছিলেন। তিনি দগ্ধদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা করেছি। এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বিস্ফোরণের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‘বার্ন ইউনিটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নন’

0

নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে ১২ জনের মৃত্যুর পর বর্তমানে ২৫ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার গণমাধ্যমকে এ কথা তিনি বলেন।
সামন্ত লাল সেন বলেন, ‘নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোট ১২ জন মারা গেছে। এখন যারা হাসপাতালে ভর্তি আছে, সবার মেজর বার্ন আছে। সবার অবস্থা খারাপ।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সর্বাত্মক চেষ্টা করার জন্য।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমাদের যা যা সুযোগ-সুবিধা আছে, সব ব্যবহার করে আমরা চেষ্টা করছি; বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। সবাইকে বলব, আহতদের জন্য দোয়া করবেন।’
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ভয়াবহ বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৫ জন চিকিৎসাধীন।

মাদককাণ্ডে রিয়ার ভাই সৌভিক গ্রেপ্তার

0

অবশেষে মাদককাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে। গ্রেপ্তার করা হয়েছে স্যামুয়েল মিরান্ডাকেও। শনিবার ডাকা হতে পারে রিয়া চক্রবর্তীকেও। তবে রিয়াকে ফোন করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায় বলে জানা গেছে।
জানা যায়, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তাদের টানা জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েছেন সৌভিক চক্রবর্তী। তিনি স্বীকার করে নিয়েছেন, সুশান্তের বাড়িতে রিয়ার নির্দেশেই আনা হতো মাদক। স্যামুয়েল মিরান্ডার মাধ্যমেই ড্রাগ কেনা হতো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সৌভিক।
একবার নয়, রিয়ার নির্দেশে একাধিকবার ড্রাগ আনা হয়েছে বলে এনসিবি-কে জানান সৌভিক। আর সৌভিকের স্বীকারোক্তির বেশকিছুক্ষণের পরই সৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিবি কর্মকর্তারা। নিয়ম মেয়ে সৌভিক ও মিরান্ডাকে আদালতে পেশ করা হবে বলেও জানান তারা।
এদিকে মাদককাণ্ডে ইতোমধ্যেই সৌভিকের সঙ্গে যুক্ত বসিত, ভিলাত্রা, ফৈয়াজ ও কাইজান নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এনসিবি। তাঁরাও জিজ্ঞাসাবাদে সৌভিকের কথা স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে। খোঁজ চলছে মাদক ব্যবসায়ী ফারুক বাটাটার।
মুম্বাইয়ের ব্যান্দ্রার একটি ফুটবল ক্লাবে মাদকের কারবার শুরু করেন সৌভিক। এনসিবির তদন্তে উঠে আসছে এমনই বিস্ফোরক তথ্য। ব্যান্দ্রার ওই ফুটবল ক্লাবে আবদুল বসিতের সঙ্গে পরিচয়ের পর বন্ধুত্ব হয়ে যায় সৌভিক চক্রবর্তীর। এরপর বসিতের মাধ্যমেই মাদক পাচারকারী কাইজান আহমেদের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর ভাইয়ের।
মাদক সরবরাহকারী বসিত রিয়া-শৌমিকদের বাড়িতেও নিয়মিত আসতেন বলে জানা যাচ্ছে। এমনকি বসিতের সঙ্গে পরিচয় ছিল রিয়ার বাবা-মা ইন্দ্রজিত চক্রবর্তী ও সন্ধ্যা চক্রবর্তীর।

ভারতে একদিনেই ৮৬ হাজার করোনা রোগী শনাক্ত

0

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ৪৩২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ২৩ হাজার ১৭৯। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৯ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৯ হাজার ৫৬১ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭ হাজার ২২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২ জন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এর পরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৫ হাজার ৯৬৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ৬৮৭ জন, কর্ণাটকে ৬ হাজার ১৭০ জন এবং দিল্লিতে ৪ হাজার ৫১৩ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

ভাসানচর পরিদর্শনে ৪০ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দল

0

কক্সবাজারের শরণার্থী শিবির থেকে নোয়াখালীর হাতিয়া দ্বীপের পাশে বঙ্গোপসাগরে জেগে ওঠা ভাসানচরে পরিদর্শনে যাচ্ছে একদল রোহিঙ্গা। ৪০ সদস্য বিশিষ্ট এ রোহিঙ্গা প্রতিনিধি দলটি আজ শনিবার ভোরে কক্সবাজার থেকে রওনা দেয়। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে সড়কপথে চট্টগ্রামে এবং নৌবাহিনীর একটি জাহাজে ভাসানচরে তাদের নিয়ে যাওয়ার কথা রয়েছে।
ভাসানচরে কী ধরনের সুযোগ-সুবিধা গড়ে তোলা হয়েছে বা দ্বীপটি বসবাসের জন্য কেমন, তা নিজেদের চোখে দেখবে প্রতিনিধি দলটির রোহিঙ্গা নেতারা।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার জানিয়েছেন, প্রতিটি ক্যাম্প থেকে নির্বাচিত প্রায় ৪০ জন রোহিঙ্গা নেতা রয়েছেন প্রতিনিধি দলে। আগামী ৮ সেপ্টেম্বর ভাসানচর থেকে তাদের কক্সবাজার শরণার্থী ক্যাম্পে ফিরে আসার কথা রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন, ভাসানচর সম্পর্কে রোহিঙ্গাদের মাঝে ধারণা দিতে এই ‘গো এন্ড সি’ ভিজিট।
জানা গেছে, কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবির থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচর দ্বীপে অস্থায়ীভাবে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে সেখানকার ৪০ বর্গকিলোমিটার এলাকা রক্ষা করতে ১৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ এবং এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা তিন শতাধিক রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ইতোমধ্যে ভাসানচরে নিয়ে আশ্রয় দিয়েছে সরকার।
সফরকারী রোহিঙ্গা প্রতিনিধি দলটি ওইসব রোহিঙ্গাদের সাথেও কথা বলবেন এবং তাদের জীবনমান পর্যবেক্ষণ করবেন। ভাসানচর থেকে ফিরে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে ধারণা দেবেন রোহিঙ্গা নেতারা। প্রতিনিধি দলে ২ নারী সদস্যও রয়েছেন।