Home Blog Page 2704

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী আর নেই

0

করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মারা যান তিনি।
তার ব্যক্তিগত সহকারী আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন এ বীর মুক্তিযোদ্ধা।
শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৩০ আগস্ট দুপুরে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
১৯৩৬ সালের ১ জানুয়ারি আবু ওসমান চৌধুরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনেরগাঁও গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর পদে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন।
১৯৭১ সালের ৬ মার্চ আবু ওসমান চৌধুরী পদ্মা-মেঘনার ওপারে কুষ্টিয়া থেকে বরিশাল জেলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাকে দক্ষিণ-পশ্চিম রণাঙ্গণ নামকরণ করে সে রণাঙ্গণের অধিনায়কত্ব গ্রহণ করেন। পরে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশ সরকার তাকে দক্ষিণ-পশ্চিমাংশের আঞ্চলিক কমান্ডার হিসেবে নিযুক্ত করে।
একাত্তরের মে মাসের শেষার্ধে প্রধান সেনাপতি এম এ জি ওসমানী দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনকে দুই ভাগ করে ৮ নং ও ৯ নং সেক্টর গঠন করেন এবং ৮ নং সেক্টরের দায়িত্বে আবু ওসমান চৌধুরীকে নিয়োগ করা হয়।

দগ্ধদের সর্বাত্মক চিকিৎসা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

0

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ঘটনার সবশেষ অবস্থা সাংবাদিকদের জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
সামন্ত লাল সেন বলেন, আপনারা জানেন ২৬ জন দগ্ধ এখান ভর্তি রয়েছে। এখন যারা আছে সবারই মেজর বার্ন হয়েছে। কারোরই বার্ন ৫০ শতাংশের নিচে না।
তিনি আরও বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়েছিলেন। তিনি দগ্ধদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা করেছি। এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
ইনস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। সবার অবস্থাই খারাপ। বেশিরভাগেরই ৮০-৯০ শতাংশ বার্ন। অনেকের শ্বাসনালী পুড়ে গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
মারা যাওয়া ১১ জন হলো- ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫) সাব্বির (২১), জুয়েল (৭) জুবায়ের (১৮), হুমায়ূন কবির (৭০), জুনায়েদ (১৭), রিফাত (১৮) কুদ্দুস ব্যাপারী (৭০), জামাল (৪০)।

মসজিদে বিস্ফোরণ : মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু

0

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিশু ও মুয়াজ্জিনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন। যারা মারা গেছেন তাদের ৯০ থেকে শতভাগ পর্যন্ত বার্ন ছিলো। যারা এখন হাসপাতালে ভর্তি আছেন তারা কেউ শঙ্কামুক্ত নন।
নিহতরা হলেন, ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫) সাব্বির (২১), জুয়েল (৭) জুবায়ের (১৮), হুমায়ূন কবির (৭০), জুনায়েদ (১৭), রিফাত (১৮) কুদ্দুস ব‌্যাপারী (৭০), জামাল (৪০)।
গতকাল এশার ফরজ নামাজ শেষে মুসল্লিদের অনেকে যখন সুন্নত নামাজ পড়ছিলেন সে সময়েই হঠাৎ একযোগে বিস্ফোরণ ঘটে মসজিদের ছয়টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-এসিতে। এর আগে থেকেই মসজিদে গ্যাসের পাইপ থেকে ছিদ্র দিয়ে গ্যাস লিক করে আসার অভিযোগ ছিল। গন্ধ পাওয়া যেত গ্যাসের।
অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে অনেকে বের হওয়ার চেষ্টা করেন। তাঁদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। ততক্ষণে বেশির ভাগ মুসল্লি দগ্ধ হন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দগ্ধ মুসল্লিদের বেশির ভাগেরই অবস্থা আশঙ্কাজনক। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৮ জনকে ভর্তি করা হয়। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। পরে তাদের মধ্যে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দগ্ধদের শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে।
জানা গেছে, মসজিদে ৪০ থেকে ৫০ জনের মতো মুসল্লি ছিলেন। ওই সময় মসজিদে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসার পরপরই এসিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই মসজিদে বিদ্যুৎ চলে যায়।
স্থানীয় লোকজন জানায়, মুসল্লিরা আর্তচিৎকার করতে করতে মসজিদের বাইরে বের হন। মসজিদের আশপাশে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে তাঁরা গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরেফিন জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর আগে স্থানীয় লোকজন বেশির ভাগ দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। দগ্ধদের অবস্থা এত খারাপ ছিল যে তাঁদের শরীরে হাত দেওয়া যাচ্ছিল না।
নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন জানান, রাত ৯টা থেকে একের পর এক দগ্ধ মুসল্লি আসছিলেন। তাঁদের সবার নাম লিপিবদ্ধ করা হয়নি। যাঁরা এসেছেন তাঁদের শরীরের ৭০ থেকে ৭৫ ভাগ দগ্ধ হয়েছে। তাঁদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরো জানান, যে ২০ থেকে ২৫ জন এসেছিলেন, তাঁদের কয়েকজনের শরীরে ৯৯ ভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে।
মসজিদটি চারতলা। তিনতলা পর্যন্ত জামাত হয়। চারতলার কিছু অংশ মেস। ঘটনার পর সেখানে গিয়ে দেখা যায়, বিস্ফোরণে সিলিং ফ্যানগুলো বেঁকে গেছে। জানালার কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়েছে। মসজিদের মেসের ভাড়াটিয়া শাওন জানান, প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আগুন ও কালো ধোঁয়া চারতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
মসজিদের মেঝের নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটানোর কারণে গ্যাসের বুদ্বুদ্ বের হচ্ছিল। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, গ্যাসের লিকেজের কারণে সম্ভবত এই বিস্ফোরণ। মসজিদটির নিচ দিয়ে তিতাস গ্যাসের লাইন আছে। আর পুরো মসজিদটি থাই গ্লাসে বদ্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পরে ঢাকা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশর অ্যান্ড মেইনট্যানেন্স) লে. ক. জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, মসজিদটি থাই গ্লাসে আবদ্ধ ছিল। নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপের লিকেজ থেকে গ্যাস জমছিল। এই কারণে সম্ভবত বিস্ফোরণ ঘটেছে। সম্ভাব্য অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নতুন ১০ জনসহ গাইবান্ধায় কোভিড রোগী ১০৩৪

0

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৩৪ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭১২ জন। বিভিন্ন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩০৮ জন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।

করোনা পরিস্থিতি নিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। সংখ্যাধিক্য অনুযায়ি শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত গাইবান্ধা সদরে সবচেয়ে বেশি ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর পরের অবস্থানে গোবিন্দগঞ্জ উপজেলায় পাওয়া গেছে ৩০১ জন, পলাশবাড়ী উপজেলায় ৯১ জন, সাদুল্লাপুর উপজেলায় ৮৮ জন, সুন্দরগঞ্জ উপজেলায় ৭৪ জন, সাঘাটা উপজেলায় ৭১ জন ও ফুলছড়ি উপজেলায় ৬১ জন।

তবে করোনার সংক্রমণের মধ্যেই আশার আলো এর সুস্থতার সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৯ জন সুস্থ হয়ে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত জেলায় ৭১২ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন ওই রোগ থেকে। এরমধ্যে গোবিন্দগঞ্জে ২৪৪ জন, গাইবান্ধা সদরে ১৯৬ জন, পলাশবড়ীতে ৭২ জন, সাদুল্লাপুরে ৫৮ জন, সুন্দরগঞ্জে ৫৬ জন, সাঘাটায় ৫১ জন ও ফুলছড়িতে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গাইবান্ধায় বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন ৩০৮ জনের মধ্যে ১৪৯ জন গাইবান্ধা সদরে, গোবিন্দগঞ্জে ৫৩ জন, সাদুল্লাপুরে ২৮ জন, ফুলছড়িতে ২৬ জন, সাঘাটায় ২০ জন, সুন্দরগঞ্জে ১৭ জন ও পলাশবাড়ীতে ১৫ জন রয়েছেন।

জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১৪ জন করোনা আক্রান্তরোগী মারা গেছেন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ৪ জন, সদরে ৩ জন, সাদুল্লাপুরে ২ জন, পলাশবাড়ীতে ৪ জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।

তবে করোনা সংক্রমণ নিয়ে স্থানীয়রা অনেকটাই অসচেতন। চলাচলে অসতর্কতা এবং সামাজিক দূরত্ব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি কেউ সঠিকভাবে মেনে চলছেন না। সাধারণ মানুষ হাঁটবাজার, দোকানপাট ও রাস্তাঘাটে অবাধে চলাচল করছেন। চলছে চায়ের দোকানে আড্ডা। স্বাস্থ্যবিধি প্রতিপালনে কমেছে প্রশাসনের নজরদারিও। এতে করোনার ভয়াবহ সংক্রমণের আশঙ্কা করছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা।

আইপিএল থেকে এবার সরে দাঁড়ালেন হরভজন

0

সুরেশ রায়না, লাসিথ মালিঙ্গার পর আইপিএল থেকে এবার সরে দাঁড়ালেন হরভজন সিং। ব্যক্তিগত কারণেই এবারের আইপিএল থেকে সরে দাঁড়ালেন টার্বুনেটর। খবর সংবাদ প্রতিদিন।

দীর্ঘদিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর গতবছরই চেন্নাইয়ে আসে ভাজ্জি। দুবাইয়ে দলের সঙ্গে যোগ না দেওয়ার পরই তাকে নিয়ে জল্পনা শুরু হয়। শুক্রবার সিএসকে ম্যানেজমেন্টকে ৪০ বছর বয়সি স্পিনার জানিয়ে দিলেন, তিনি এবারের আইপিএলে অংশ নেবেন না।

যদিও রায়না জানিয়েছিলেন, দুবাইয়ের করোনা পরিস্থিতি দেখে পরিবারের কথা ভেবেই দেশে ফিরেছেন তিনি। তবে হরভজন এখনও এই ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি।

করোনা ‘নেগেটিভ’ সাকিব

0

যুক্তরাষ্ট্র থেকে বুধবার (০২ সেপ্টেম্বর) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওঠেন বনানীর নিজ বাসায়। শনিবার (০৫ সেপ্টেম্বর) থেকে বিকেএসপিতে ৪ থেকে ৫ সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা আসার আগে তিনি করোনা টেস্ট দিয়েই বিমানে উঠেছেন। তবে বিকেএসপিতে অনুশীলনে যাবার আগে নতুন করে করোনা টেস্ট করার নিয়ম থাকায় তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফের করোনার পরীক্ষা করাতে দেন।

করোনার সেই রিপোর্টটি হাতে পেয়েছেন সাকিব আল হাসান। আজ (শুক্রবার) বিকেল পাঁচটার দিকে রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে বলে নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ এক সূত্র।

রিপোর্টে যেহেতু খারাপ কিছু আসেনি, তাই অনুশীলনে যোগ দিতে আর কোনো ঝামেলা নেই সাকিবের। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেএসপি যাবেন তিনি। সেখানে ৪ থেকে ৫ সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, সাকিবের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়। যেহেতু তিনি যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা এসেছেন, তাই তাকে করোনা টেস্ট দিয়েই বিমানে উঠতে হয়েছে।

সেক্ষেত্রে শুধু আইসোলেশনে থাকলেই যথেষ্ট ছিল। কিন্তু ঝামেলা আরেক জায়গায়। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে একান্তে নিবিড় অনুশীলন করবেন সাকিব। আর করোনা টেস্টে ‘নেগেটিভ’ রিপোর্ট নিয়ে তবেই বিকেএসপিতে প্রবেশের অনুমতি পাবেন তিনি।

আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন সাকিব। তাকে আবার শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলানোর কথা ভাবা হচ্ছে। বিকেএসপির একান্ত অনুশীলনটা মূলত সে লক্ষ্যেই।

এবার নিলামে উঠবে মাশরাফির জার্সি

0

এবার নিলামে উঠবে মাশরাফির জার্সি। মাশরাফির জার্সির নিলামলব্ধ অর্থ নড়াইলের স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যয়ের ঘোষণা দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা।

নড়াইলে মাশরাফির স্বেচ্ছাসেবী সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র ৩য় বর্ষপূর্তীর অলোচনায় অংশ নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তিনি এ ঘোষণা দেন।

আর আগামী বছর এ নিলাম হবার কথা রয়েছে জানিয়েন মাশরাফির বাবা, সব প্রতিকূলতাকে মোকাবিলা করে মাশরাফির উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান।

পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি রাশিয়ার ভ্যাকসিনে

0

করোনাভাইরাসের নিরাপদ ভ্যাকসিন উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তবে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণার পরই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ।

পর্যাপ্ত তথ্য প্রকাশ ছাড়াই ভ্যাকসিন অনুমোদন হয়েছে বলে দাবি উদ্বিগ্নদের। জার্মানি, ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। সোভিয়েত স্যাটেলাইটের নামে ভ্যাকসিনটির নামকরণ করা হয়েছে ‘স্পুটনিক ভি’।

তবে আজ শুক্রবার ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, ‘ভ্যাকসিনটি নিয়ে ৪২ দিন করে দুইটি ট্রায়াল চালানো হছে। প্রতিবারই অংশ নিয়েছেন ৩৮ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী। পরীক্ষায় তাঁদের মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বরং তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক মেডিকেল সাময়িকী রাশিয়ার তৈরি ওই ভ্যাকসিন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। একে যথাযথ জবাব বলে মনে করছে রাশিয়া।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ‘গত তিন সপ্তাহ ধরে পশ্চিমারা যেসব প্রশ্ন তুলছিলো, এ প্রকাশনার মধ্য দিয়ে তার সবগুলোরই উত্তর দিয়ে ফেলেছি আমরা। স্পষ্টতই তারা রুশ ভ্যাকসিনকে ধ্বংস করে দিতে চেয়েছিল।’

কিরিল আরো বলেন, ‘এখন আমরা কিছু পশ্চিমা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করব।’

চুরি করতে ইউএনওর ওপর হামলা: র‍্যাব

0

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দাবি করেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার ঘটনায় তিনজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর মধ্যে র‍্যাবের জিজ্ঞাসাবাদে উপজেলার যুবলীগের সদস্য আসাদুল হক দাবি করেছেন, ‘নিছক চুরির অভিপ্রায়’ থেকে ইউএনওর ওপর এই হামলা হয়েছে।

রংপুরে র‍্যাব-১৩-এর অধিনায়ক রেজা ফেরদৌস আহমদ আজ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘এ মামলার অভিযুক্ত মূল আসামি মো. আসাদুল হককে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে এই জঘন্যতম ঘটনার সঙ্গে তার নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এবং এই ঘটনায় সে দাবি করে যে, মো. নবিরুল ইসলাম ও শ্রী সান্টু কুমার বিশ্বাস এই দুজন তাঁর সঙ্গে সম্পৃক্ত ছিল।‘

র‍্যাব-১৩ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক আরো বলেন, ‘র‍্যাবের পক্ষ থেকে এই কার্যক্রমের সবচেয়ে বড় সফলতা হল, প্রধান সন্দেহভাজন আসামি আসাদুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সেখানে আসাদুলের দাবি অনুযায়ী, এটি একটি নিছক চুরির অভিপ্রায় থেকে সংগঠিত হওয়া ঘটনা।‘

‘আসাদুলের দাবি অনুযায়ী, মূল পরিকল্পনা ছিল নবিরুলের’- এমনটা উল্লেখ করে রেজা ফেরদৌস আহমদ বলেন, ‘প্রকৃত মোটিভ বা প্রকৃত উদ্দেশ্যটি বের করার জন্য আরো সুগভীর এবং সময়সাপেক্ষ তদন্ত করে মন্তব্য করতে হবে। তবে এ বিষয়ে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য আমাদের কাছে নেই।‘

এ সময় এক প্রশ্নের জবাবে র‍্যাব কর্মকর্তা আরো বলেন, ‘আসাদুলের দেওয়া তথ্য অনুযায়ী, ইউএনও মহোদয়ের বাসগৃহ থেকে অর্থ-সম্পদ লুট করা বা চুরির জন্য এই ঘটনা। তবে বিষয়টি সুনির্দিষ্ট করে জানার জন্য বিশদভাবে তদন্তের প্রয়োজন রয়েছে।‘

অপর এক প্রশ্নের জবাবে রেজা ফেরদৌস আহমদ বলেন, ‘এই বিষয়ে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো আসেনি। অথবা সেই কার্যক্রম পরিচালনা করার সময় হয়নি। আমরা ছায়া তদন্ত করছি।‘

গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত মই বেয়ে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। তারা বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় ইউএনওর চিৎকার শুনে পাশের কক্ষে থাকা তাঁর বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকেও আঘাতে জখম করে। পরে কোয়ার্টারের অন্য বাসিন্দারা তাদের চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হয়।

ওয়াহিদা খানমের অস্ত্রোপচার গতকাল বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে। সবশেষ তাঁর জ্ঞান ফিরেছে। তিনি তাঁর স্বামীর সঙ্গে কথাও বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত হননি। তবে, তাঁর সেরে ওঠার ব্যাপারে আশাবাদী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ও হাসপাতালের চিকিৎসকরা।

এ ঘটনার পর দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশ এবং র‍্যাব-১৩ এর একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে আজ শুক্রবার ভোরে হিলির কালীগঞ্জ এলাকায় বোনের বাড়ি থেকে আসাদুল ইসলামকে আটক করে।

আর রংমিস্ত্রি মো. নবিরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে আজ ঘোড়াঘাট থেকে আটক করা হয়। নবিরুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সামনে রংমিস্ত্রির কাজ করেন। আসাদুল, নবিরুল ও সান্টুকে এরই মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয়া আহসানের নতুন সিনেমা ‘ছেলেধরা’

0

জয়া আহসানের নতুন সিনেমার নাম ‘ছেলেধরা’। পরিচালনা করছেন কলকাতার শিলাদিত্য মল্লিক, শুটিং শুরু হবে অক্টোবরে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে শুক্রবার বলা হয়, এ ছবিতে আরও অভিনয় করছেন অনুরাধা মুখার্জি, প্রান্তিক ব্যানার্জি ও ইশান মজুমদার।

‘ছেলেধরা’ আবর্তিত হবে এক মদে আসক্ত মা’র গল্পে যার মেয়ে অপহরণের শিকার হয়। ঘটনাক্রমে অপহরণকারীর ছেলেকে দেখে ফেলেন তিনি। এক সময় সেই ছেলেকে জিম্মি করেন।

পরিচালক জানান, যখন নিজের ছেলেকে অপহরণ হতে দেখে কেমন লাগে অপহরণকারীর— তা দেখাবে ‘ছেলেধরা’। এই ছবি পিতৃত্ব ও শৈশব নিয়ে। অপহরণ ও মানবপাচার নিয়ে গল্প। কিন্তু পুরোপুরি অপরাধ নয়, বরং দেখানো হবে কীভাবে এ কাজের সঙ্গে মানুষ জড়ায় ও নিজেদের দুর্বলতাকে চিনতে শেখে।

শিলাদিত্যের আগের সিনেমা ‘হৃদপিণ্ড’ এখন মুক্তির অপেক্ষায়। অভিনয় করেছেন অর্পিতা, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক।

এ দিকে করোনার কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে আছেন জয়া। তিনি জানিয়েছেন, অভিনয়ে ফিরতে উদ্‌গ্রীব হয়ে আছেন। ‘ছেলেধরা’র ভাবনা তার মনে ধরেছে।

কিছুদিন আগে কলকাতার সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর একটি ছবিতে জয়া আহসানের যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ছবিটির নাম ‘অসতো মা সদগময়’। ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে দুই তারকা ‘রবিবার’ নামের একটি ছবি করেন।

মানবজীবন কীভাবে করোনা আবহের কঠিন সময়ের সঙ্গে যুঝে চলেছে, সেই গল্পই ইন্দ্রদীপের হাত ধরে ফুটে উঠবে পর্দায়। জয়া-প্রসেনজিতের সঙ্গে আরও অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়।

জয়াকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘রবিবার’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে অর্ধাঙ্গিনী, বিনি সুতোয়, ভূতপরী ও ঢাকার ‘অলাতচক্র’।