Home Blog Page 2705

ভোলাসহ উপকূলীয় এলাকাকে রক্ষার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে: প্রতিমন্ত্রী

0

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক বলেছেন, বন্যা ও জলোচ্ছ্বাসহ প্রকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে সমীক্ষা চলছে। সমীক্ষা শেষে হলে বাঁধের উচ্চতা ১৮ ফুট করা হবে। আজ শুক্রবার ভোলা সদেরর ইলিশাসহ দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাসন উপজেলায় চলমান বাঁধনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও নদী ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, উপকূলের উপর দিয়ে বয়ে যাওয়ায় ফনী, আম্ফানসহ বিভিন্ন ঝড়ের সময় বাঁধের উপর দিয়ে জলোচ্ছ্বাস হয়েছে। বন্যা ও জলোচ্ছ্বাসসহ প্রকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা খুব দ্রুতই বাস্তবায়ন হবে।
মন্ত্রী বলেন, ষাটের দশকে নির্মিত বাঁধের উচ্চতা ১২ ফুট। কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে পানির উচ্চতা বেড়েছে তাই সমীক্ষার আলোকে আগামীতে ১৮ফুট উচু করে বাঁধ নির্মাণ করা হবে।

ভোলা জেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অনেক প্রকল্প চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোলা শহরকে রক্ষার জন্য ইলিশা এলাকার ৩৪০ কোটি টাকার ব্লক বাঁধের কাজ চলছে। এছাড়া শিবপুর এলাকায় আরও একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব চলমান প্রকল্প বাস্তবায়ন হলে ভোলা শহরকে রক্ষা করা যাবে। মন্ত্রী বাঁধের কাজ পরিদর্শন কালে সাংবাদিকদের জানান, কিছু ভুলত্রুটি চিহ্নিত করা হয়েছে। যেগুলো সংশোধন করার নির্দেশ দেয়া হয়েছে। এসময় তিনি সাংবাদিকদেরকে নেতিবাচক সংবাদ পরিবেশন না করে ইতিবাচক সংবাদ করার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে শুরু করে দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন তজুমদ্দিন ও চরফ্যাসন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী এলাকায় চলমান বাঁধ নির্মাণ কাজ এবং নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিভিন্ন স্পটে পথসভায় বক্তব্য রাখেন।
এসময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসা ব্যয় বহন করবেন স্বাস্থ্যমন্ত্রী

0

হাতুড়ির আঘাতে গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘আমি এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।’ ওয়াহিদা খানম পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর চিকিৎসার সমুদয় ব্যয়ভার স্বাস্থ্যমন্ত্রী বহন করবেন বলেও জানান।

গত বুধবার রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত মই বেয়ে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। তারা বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় ইউএনওর চিৎকার শুনে পাশের কক্ষে থাকা তাঁর বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকেও আঘাতে জখম করে। পরে কোয়ার্টারের অন্য বাসিন্দারা তাদের চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হয়।

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানমের অস্ত্রোপচার গতকাল বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে। তাঁকে বর্তমানে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত হননি। তবে, তাঁর সেরে ওঠার ব্যাপারে আশাবাদী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকরা।

ইউএনও ওয়াহিদা খানমের বাসভবনের নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ ও উপজেলার সিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। ঘোড়াঘাট থেকে আজ শুক্রবার সকালে তাঁদের আটক করা হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

আটক দুজনের মধ্যে নাহিদ হোসেন পলাশকে তাঁর কর্মস্থল ইউএনওর বাসভবন থেকে আর মাসুদ রানাকে সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীহাটায় তাঁর বাড়ি থেকে আটক করা হয় বলে জানান ওসি।

এর আগে আজ শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে হিলির কালিগঞ্জ এলাকা থেকে এ ঘটনার প্রধান আসামি আসাদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাবের যৌথ দল। তাঁর বাড়ি ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে। এ ঘটনায় অপর একজনসহ সন্দেহভাজন হিসেবে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

সাত কলেজের পরীক্ষার বিষয়ে শিগগিরই জানানো হবে: ঢাবি

0

মহামারি করোনাভাইরাসের মধ্যে পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে সেটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ-অনুষদ ও ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘করোনার মধ্যে অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষা নেওয়ার বিষয়ে শিগগিরই জানানো হবে’।

জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের যে সব বিভাগ-অনুষদ ও ইনস্টিটিউটে স্বল্প সংখ্যক পরীক্ষা নেওয়া বাকি আছে, তাতে অবশিষ্ট পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নিতে পারবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে সেই সভায় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী জানান, সাত কলেজের পরীক্ষা নেওয়ার বিষয়ে বুধবারের সভায় কোন আলোচনা হয়নি। এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়েই সিদ্ধান্ত হয়েছে। সাত কলেজের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

সাত কলেজের পরীক্ষার বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আসলে কিছু বিভাগের শিক্ষার্থী ভাইভার জন্যে আটকে আছে। তাদের ভাইভা হয়ে গেলে যেকোনো সময় রেজাল্ট পেতে পারে। আমরা এ বিষয়ে অবগত আছি। তাদের আটকে রেখে তো আমাদের কোন লাভ নেই।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ঢাবি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে; তারা যথেষ্ট আন্তরিক। তারা বলেছে, শিক্ষার্থীদের এসব সমস্যা নিয়ে আমাদের লিখিত আবেদন দিতে। পরে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। খুব শিগগিরই লিখিতভাবে আমরা তাদের কাছে আবেদন জমা দেবো।

ঢাবির ব্যবসায় অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও সাত কলেজের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের সব কাজেই স্থবিরতা চলে এসেছে। শিক্ষাব্যবস্থায় এর প্রভাবটা তুলনামূলক বেশি। এটাকে কিছুটা কাটিয়ে উঠতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আমাদের সাত কলেজ শিক্ষার্থীদেরও কিছু কিছু বিভাগে পরীক্ষা শুরু হয়ে করোনার কারণে আবার বন্ধ হয়ে গেছে। কিছু বিভাগে ভাইভা বাকি আছে, যার কারণে তারা রেজাল্ট পাচ্ছে না। আমরা এসব বিষয়ে অবগত আছি। পর্যায়ক্রমে ঢাবির সঙ্গে সাত কলেজ শিক্ষার্থীদের এসব সমস্যা কাটিয়ে উঠতে আমরা কাজ করছি।

ইউএনও’র ওপর হামলায় জড়িত কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ, র‌্যাব, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে নেমেছে। তদন্তের অংশ হিসেবে ইউএনওর বাসার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কী কারণে তার ওপর হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা এ কাজ করেছে তারা যে দলের বা গোষ্ঠীর কিংবা যতো প্রভাবশালীই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের মুখোমুখি হতে হবে।’
ওয়াহিদা খানম প্রজাতন্ত্রের কর্মকর্তা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন ইউএনওরা। কিন্তু তার ওপরে এ ধরনের হামলা জঘন্যই নয়, বর্বরোচিত। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কারণে সরকার প্রথম থেকেই বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। তার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী পর্যন্ত খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য সরকারের পক্ষ থেকে চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে। তার উন্নত চিকিৎসা দিতে যা যা করণীয় চিকিৎসকদের পরামর্শে তা করা হবে।’
প্রসঙ্গত, বুধবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘোড়াঘাট উপজেলার সরকারি বাংলোতে হামলার শিকার হন ওয়াহিদা খানম। এ সময় তার বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে।

করোনায় আরও ২৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৯২৯

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪১২ জনে।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন করোনা রোগী।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৬ হাজার ১৯১ জনে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭শতাংশ।
এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী চার হাজার ৪১২ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৪৫৪ (৭৮ দশমিক ২৯ শতাংশ) জন এবং নারী ৯৫৮ জন (২১ দশমিক ৭১ শতাংশ)।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ৪ জন, খুলনা ২ জন, বরিশালে ৩ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ২ জন।

পদোন্নতি পেলেন তথ্য ক্যাডারের ১৪ জন কর্মকর্তা

0

তথ্য ক্যাডারের ১৪ জন কর্মকর্তাকে সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার, উপ-প্রধান তথ্য অফিসার ও সিনিয়র তথ্য অফিসার বা সমমানের পদে পদোন্নতি দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই পদোন্নতি দিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে তিনটি আদেশ জারি করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের ২৭ আগস্টের বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটির সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে এই পদোন্নতি দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার/ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি পেয়েছেন তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারের চলতি দায়িত্বে থাকা মো. শাহেনুর মিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মো. জসীম উদ্দিন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স ম গোলাম কিবরিয়া, তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মুহ. সাইফুল্লাহ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সিনিয়র সম্পাদক মো. কামরুজ্জামান।
গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান, উপ-প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের, সিনিয়র তথ্য অফিসার এবং তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী সরকার, সিনিয়র তথ্য অফিসার মো. হুমায়ুন কবিরকে উপ-প্রধান তথ্য অফিসার/পরিচালক/সিনিয়র সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়েছে।
এছাড়া সিনিয়র তথ্য অফিসার/চিফ ফিচার রাইটার/উপ-পরিচালক/সচিব পদে পদোন্নতি পেয়েছেন তথ্য অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক, গণযোগাযোগ অধিদফতরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) চৌধুরী সাহেলা পারভীন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ইসরাত জাহান, সিনিয়র তথ্য অফিসার (চলতি দায়িত্ব) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী, সিনিয়র তথ্য অফিসার (চলতি দায়িত্ব) লায়লা আরজুমান্দ বানু।

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে : সেতুমন্ত্রী

0

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি কর্তৃক করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এ সময় তার সুচিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।
কাদের বলেন, ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। এটি অনাকাঙ্কিত ঘটনা। এ ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না। তাদের শাস্তি পেতে হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যর কথা বিবেচনা করে নির্বাহী আদেশে ৬ মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। করোনাভাইরাস মহামারীর কারণে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। এটা কোনো রাজনৈতিক চাপে নয়। এটা সরকারের মহানুভবতা।
করোনা মহামারি তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতার দিক থেকে গাছাড়াভাব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ করা হয়েছে। আর ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়াসহ অন্যান্য ডাক্তারগণ।

শেখ মুজিব দিলেন স্বাধীনতা আর শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন : পরিকল্পনামন্ত্রী

0

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামীলীগ সরকার এদেশের গণমানুষের উন্নয়নের সরকার। তার মাঝে বাহাদুরী নেই, পান্ডিত্য নেই।
তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেন। রুটি মাখন খেয়ে পান্থা ভাত খাওয়ার কথা ভুলেন নাই। ফু দিয়ে চুলায় আগুন ধরিয়ে ভাত খাবার গল্প এখনও বলেন। সংগ্রামী জীবনের অধিকারী প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শেখ মুজিব এদেশের মানুষকে যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করে যাচ্ছেন। মন্ত্রী বলেন, সারা দেশের সঙ্গে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে সুনামগঞ্জ জেলা।আমরা সুনামগঞ্জের সাথে নেত্রকোণা হয়ে সড়ক পথে যাওয়ার জন্য উড়াল সেতু নির্মাণ করা হবে।
শিগগিরই দিরাই-শাল্লা-আজমিরিগঞ্জ মহাসড়কের কাজ শুরু হবে। কুশিয়ারা নদীতে নির্মিত সেতুর কাজও শেষ হবে। মধ্যনগর উপজেলার বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী হাওড়ের মানুষের প্রতি আন্তরিক। আমি প্রধানমন্ত্রীর টেবিলে হাওরের অসহায় মানুষের কথা তুলে ধরি। আমি নিজ চোখে দেখেছি চৈত্র মাসের নিদানে কিভাবে মানুষ অনাহারে থাকে। এবং এক কলস পানির জন্য মাইলের পর মাইল হেঁটেছে। অনেকে নদীর পানি পান করে কলেরায় আক্রান্ত হত। আমি এসব থেকে উত্তরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র ও ডিবিসি টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ছাতক দোয়ারার এমপি মহিবুর রহমান মানিক, দিরাই শাল্লার এমপি ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সদর আসনের এমপি এড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এড. শামিমা শাহরিয়ার, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পৌর মেয়র নাদের বখত ।এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজ ও বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অ্যামেরিকায় ফের কৃষ্ণাঙ্গ হত্যা, বরখাস্ত ৭ পুলিশ

0

অ্যামেরিকায় আবার বর্ণবাদী পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ-হত্যার ঘটনা সামনে এল। এ বার রচেস্টারে। ঘটনাটি ঘটেছিল মার্চে। এতদিন পরে তাঁকে নির্যাতনের ভিডিও সামনে এসেছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের মেয়র সাতজন পুলিশকে বরখাস্ত করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, নগ্ন হয়ে প্রুড রাস্তায় দৌড়চ্ছেন। তখন পুলিশ অফিসাররা তাঁকে ধরেন। তাঁর মুখে ঠুলি পরিয়ে দেয়া হয়। তাঁর মাথা ফুটপাথে দুই মিনিট ধরে চেপে রাখা হয়। পুলিশের দাবি, তিনি যাতে থুথু ফেলতে না পারেন, তার জন্য তারা এই কাজ করেছিল। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাতদিন পর তাঁর পরিবার জীবনদায়ী ব্যবস্থা খুলে নেয়ার সিদ্ধান্ত নেয়ায় তাঁর মৃত্যু হয়।
যে সময় ঘটনাটি ঘটে, তখন বিষয়টি নিয়ে কোনও হইচই হয়নি। ভিডিও প্রকাশের পর শুরু হয়েছে। কারণ, ইতিমধ্যে ফ্লয়েড ও ব্লেকের ঘটনা ঘটে গেছে। অথচ, প্রুড মারা গেছেন ফ্লয়েডকে হত্যার দুই মাস আগে। তাঁর দেহ যিনি পরীক্ষা করেছেন সেই চিকিৎসক জানিয়েছেন, এটা খুন। শারীরিক নির্যাতনের প্রতিক্রিয়ায় প্রুড মারা গেছেন।
প্রুড ছিলেন মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছিল। তাঁকে মানসিক হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নগ্ন হয়ে রাস্তা দিয়ে দৌড়তে থাকেন। তাঁর মাসী লেটোরিয়া মুর জানিয়েছেন, ”তাঁর কী মনে হয়েছিল, কেন তিনি দৌড়চ্ছিলেন, কোন পরিস্থিতিতে দৌড়চ্ছিলেন, সে সব আমি জানি না। আমি শুধু জানি, এভাবে পুলিশি অত্যাচার অন্যায়। পুলিশ কেন এ ভাবে তাঁকে হত্যা করবে?”
আর রচেস্টারের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র লাভলি ওয়ারেন বলেছেন, ”ড্যানিয়েল প্রুডের ঘটনা হলো পুলিশ, স্বাস্থ্য ব্যবস্থা, সমাজ এবং আমার নিজের ব্যর্থতা। আমরা কালো মানুষদের জীবন রক্ষা করতে পারছি না।”
কিন্তু ভিডিও প্রকাশে এত দেরি হলো কেন? পুলিশ কর্তারা কি অপরাধীদের বাঁচাতে চাইছিলেন? এই সব প্রশ্ন উঠছে। পুলিশ প্রধান বলেছেন, আমি মানুষের রাগের কারণ বুঝতে পারছি। কিন্তু পুলিশ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেনি।
বুধবার ভিডিও সামনে আসার পরই বিক্ষোভকারীরা পুলিশ সদরদফতরের সামনে জড়ো হয়। তাঁরা অবিলম্বে দোষী পুলিশের শাস্তি দাবি করে। বিক্ষোভ চলবে বলে তাঁরা জানিয়েছেন।

করোনায় আক্রান্ত রবার্ট প্যাটিসন

0

‘টোয়াইলাইট’ সিনেমাখ্যাত অভিনেতা রবার্ট প্যাটিসন করোনায় আক্রান্ত হয়েছেন।
ভ্যানিটি ফেয়ার জানিয়েছে, ছয় মাস বন্ধ থাকার পর লন্ডনে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার শুটিং শুরু করেন প্যাটিনসন। কিন্তু শুটিং শুরুর একদিন পরেই তার কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এসেছে। এই অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোসের পক্ষ থেকে একজন মূখপাত্র বলেন, ‘দ্য ব্যাটম্যান প্রোডাকশনের একজন সদস্য কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। নির্দিষ্ট নিয়ম মেনে তিনি আইসোলেশনে আছেন। শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।’
ক্রিশ্চিয়ান বেল, বেন অ্যাফ্লেক, মাইকেল কীটন, জর্জ ক্লুনির মতো তারকাদের পর এবার প্রথম ব্যাটম্যান হিসেবে পর্দায় হাজির হচ্ছেন রবার্ট প্যাটিনসন। ম্যাট রীভস পরিচালিত সিনেমাটি আগামী বছর জুনে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে অক্টোবরে মুক্তি পাবে।