Home Blog Page 2706

ইউএনও ওয়াহিদার ওপরে হামলায় গ্রেফতার ২

0

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মামলার অন‌্যতম আসামি আসাদুল ইসলাম ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করে জানান, আজ ভোর সাড়ে ৪টায় র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হিলির কালীগঞ্জ এলাকা থেকে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বাড়ি ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রাম। বাবার নাম আমজাদ হোসেন।

তিনি আরও জানান, ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে যুবলীগ নেতা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র‌্যাব।

জাহাঙ্গীর হোসেন উপজেলার ওসমানপুর সাগরপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ঘোড়াঘাট থানায় ওয়াহিদা খানমের বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে হত‌্যা চেষ্টার মামলা করেন।

বুধবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘোড়াঘাট উপজেলার সরকারি বাংলোতে হামলার শিকার হন ওয়াহিদা খানম। এ সময় তার বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। ওয়াহিদা খানমকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে আনা হয়। রাতে অস্ত্রোপচার করে তার মাথার ভাঙ্গা হাড়ের টুকরাগুলো জোড়া দেওয়া হয়।

হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন মোহাম্মদ জাহিদ হোসেন অস্ত্রোপচার শেষে রাতে সাংবাদিকদের জানান, ছয় সদস্যের চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ইউএনও ওয়াহিদার মাথার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

করোনা: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৪ হাজার সংক্রমণ

0

করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণের বিধ্বংসী রূপ দেখছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। অনেক দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমতির দিকে, ঠিক তখন দৈনিক সংক্রমণে টানা রেকর্ড করে যাচ্ছে দেশটি।
আগের দিনের রেকর্ড ভেঙে সবশেষ ২৪ ঘণ্টায় ফের রেকর্ড আক্রান্ত দেখেছে দক্ষিণ এশিয়ার দেশটি।
ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে ৮৪ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৮৩ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী আগের দিন ৮৩ হাজার ২৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রে ১৬ জুলাই সর্বোচ্চ ৭৭ হাজার ২৫৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় ৭৯ হাজার আক্রান্ত নিয়ে সেই রেকর্ডটি ২৯ আগস্ট টপকে যায় ভারত।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৩৩ হাজারের বেশি। মোট মৃত দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫৬৯ জন। সংক্রমণ এবং মৃত্যুর বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৪ লাখ সাড়ে ৬৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রাজিল।

দেশে মাছ উৎপাদনে রেকর্ড

0

২০১৯ সালে মাছ উৎপাদন বৃদ্ধির হারে সর্বকালের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। এতদিন স্বাদু পানির মাছ উৎপাদনে তৃতীয় অবস্থানে থাকলেও অতীতের রেকর্ড ভেঙে এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশ।

চাষের মাছে বরাবরের মতো পঞ্চম স্থানে থাকলেও বেড়েছে পতিত পুকুরে মাছের চাষ।

বিশেষজ্ঞরা বলছেন, মাছের অভয়াশ্রম তৈরি, বছরের নির্দিষ্ট সময়ে মৎস শিকার বন্ধ ও জলাশয়াদিতে মাছ অবমুক্তকরণে এ সফলতা এসেছে।

এছাড়া প্রদর্শনী আর প্রশিক্ষণ, ইনসেনটিভ দেওয়ার ফলে বেকারত্বের সংখ্যা যেমন কমে এসেছে, তেমনি পতিত পুকুর সংখ্যাও এখন শূন্যের কোটায় নেমে এসেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বৈশ্বিক প্রতিবেদন ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার–২০২০’ এর মতে, ২০১৯ সালে বিশ্বে প্রায় ১৮ কোটি টন মাছ উৎপাদন হয়েছে। এসব মাছের অর্ধেকেরও বেশি অভ্যন্তরীণ উৎসের বা স্বাদু পানির মাছ। আর বাকি মাছ সামুদ্রিক।

প্রতিবেদন অনুযায়ী, স্বাদু পানির মাছ উৎপাদন বৃদ্ধির হারে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন ও ভারত। চাষের মাছে বাংলাদেশের অবস্থানটি পঞ্চম।

চাষের মাছে বাংলাদেশের চেয়ে এগিয়ে চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম। এর আগে ২০১৭ সালে স্বাদু পানির মাছ উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠেছিল। আর সামগ্রিকভাবে স্বাদু পানির মাছ উৎপাদন বাড়ার হারেও বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে।

বর্তমানে মাছ বাড়ার হার ৯ শতাংশ। আর ১২ শতাংশ নিয়ে প্রথম অবস্থান দখল ইন্দোনেশিয়ার।

প্রতিবেদন বলছে, বিশ্বে মাছ চাষের হার বেড়েছে ৫২৭ শতাংশ আর মাছ খাওয়ার হার বেড়েছে ১২২ শতাংশ।

বাংলাদেশ মৎস অধিদপ্তর বলছে, বাংলাদেশ বিশ্বে মাছ উৎপাদন বৃদ্ধির হারে তৃতীয় ছিল। অতীতের রেকর্ড ভেঙে এখন দ্বিতীয় অবস্থানে। এ সফলতা আসার বেশকিছু কারণ রয়েছে। মাছ উৎপাদন বৃদ্ধিতে চলমান প্রকল্প, প্রশিক্ষণ, প্রদর্শনী, ইনসেনটিভ দেওয়াই মূল কারণ। এছাড়া মুক্ত জলাশয়, হাওর, বিলে মাছের পোনা অবমুক্ত করাতো আছেই।

বিশেষজ্ঞদের মতে, মা ইলিশ রক্ষা, মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করা আর মাছের অভয়াশ্রম তৈরি করাতে বড় সাফল্য এসেছে। মাছ উৎপাদন বৃদ্ধিতে চলমান প্রকল্প হাতে নেওয়ায় আগামীতে আরও ভালো অবস্থানে আসবে দেশ।

মিরপুরে ট্রেনারের করোনা পজেটিভ হওয়ায় বন্ধ ক্রিকেটারদের অনুশীলন

0

করোনার থাবা মিরপুরের হোম অব ক্রিকেটে। একজন ট্রেনার করোনা পজেটিভ হওয়ায় হঠাৎ তিন দিনের জন্য বন্ধ হয়ে গেছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সমস্যা ধরা পড়ায় এই বিরতি চলছে বলে জানিয়েছে বিসিবি।
মাসখানেক সময় ধরে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন করছিলেন ক্রিকেটাররা। তবে সেই অনুশীলনে অংশ নেয়া বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়ায় এবং একজনের শরীরে করোনার উপস্থিতি ধরা পরায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, কোনো ধরণের সমস্যা চিহ্নিত হলে একটা বিরতি দিতে হবে; এটা আমাদের মেডিকেল পরিকল্পনার অংশ ছিল। তাই কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করা হবে।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা জাতীয় দলের অনুশীলন। বিসিবির বিশ্বাস মূল দলের অনুশীলনে এটি কোনো প্রভাব ফেলবে না।

ইউএনও ওয়াহিদার জ্ঞান ফিরেছে

0

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরে এসেছে। চিকিৎসকরা বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন। তবে তার স্বাস্থ্যগত সার্বিক পরিস্থিতির বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আসেনি। আরও পর্যবেক্ষণ শেষে মেডিক্যাল বোর্ড বসে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
তবে জানা গেছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম এ কথা জানান।
ডা. বদরুল আলম বলেন, ইউএনও ওয়াহিদার মাথায় অস্ত্রোপচার শেষে রাতেই অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতেই তার জ্ঞান ফিরে এসেছে। তিনি বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন।
তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ডা. বদরুল আলম বলেন, এখনই তার শারীরিক অবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। শনিবার (০৫ সেপ্টেম্বর) এ বিষয়ে আমাদের মেডিক্যাল বোর্ডের সদস্যরা বসবেন, এরপর এ বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। পরবর্তীকালে এ বিষয়ে আপনাদের জানানো হবে।
তবে বর্তমানে ইউএনও ওয়াহিদার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন মোহাম্মদ জাহিদ হোসেন জানান, আমরা আশা করছি শনিবার ইউএনও ওয়াহিদাকে আইসিইউ থেকে বের করতে পারব। তার শারীরিক অবস্থার বিষয়ে এখনই কিছু জানাব না। শনিবার এ বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে জানাব।
এর আগে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার করে মাথার ভাঙ্গা হাড়ের টুকরাগুলো জোড়া দেওয়া হয়।
অস্ত্রোপচারের পর রাতে হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, ছয় সদস্যের চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ইউএনও ওয়াহিদার মাথার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
বৃহস্পতিবার বিকেলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ইউএনওকে দেখতে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সে সময় তিনি ইউএনও ওয়াহিদা খানমের সুস্থতায় সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দেন।
এরপর রাতে ওয়াহিদা খানমের চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে বৃহস্পতিবার ঘোড়াঘাট থানায় ওয়াহিদা খানমের বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে হামলার ঘটনায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোরে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মামলার অন‌্যতম আসামি আসাদুল ইসলাম ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন।

অনলাইন সংস্করণের অনুমোদন পেল ৯২টি দৈনিক পত্রিকা

0

ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের জন্য নির্বাচিত করেছে তথ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এসব দৈনিক পত্রিকার পোর্টালগুলো নির্বাচিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এর আগে গত ৩০ জুলাই ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।

প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৯২টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়েছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভা ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত, ২০২০)’ এর খসড়া অনুমোদন দেয়। ওই দিন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সংশোধিত নীতিমালা অনুযায়ী, রেডিও, টেলিভিশন (টিভি) ও পত্রিকার অনলাইন পোর্টাল এবং আইপি টিভির জন্য নিবন্ধন নিতে হবে।

ঢাকা মহানগরের দৈনিক পত্রিকা বাংলা দৈনিকগুলো হলো- প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল, সংবাদ, ভোরের কাগজ, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আলোকিত বাংলাদেশ, আজকালের খবর, ঢাকা প্রতিদিন, বর্তমান, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, সময়ের আলো, যায় যায় দিন, লাখোকন্ঠ, বাংলাদেশের আলো, দেশ রূপান্তর, দৈনিক ঢাকাটাইমস, দৈনিক বাংলা, জাগরন, বাংলাদেশ জার্নাল, আমার সময়, আমাদের নতুন সময়, নয়াদিগন্ত, আমার বার্তা, দিনকাল, বাংলাদেশ কণ্ঠ, নবচেতনা, হাজারিকা প্রতিদিন, সংবাদ সারাবেলা, অগ্নিশিখা ও জবাবদিহি।

ইংরেজি দৈনিক ডেইলি সান, ডেইলি স্টার, এশিয়ান এইজ, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশ টুডে, ফাইনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, নিউ এইজ, অবজারভার, ডেইলি ট্রাইব্যুনাল ও ঢাকা ট্রিবিউন অনুমতি পেয়েছে।

বিভাগীয় শহরের নির্বাচিত দৈনিক পত্রিকা চট্টগ্রামের দৈনিক আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, আমাদের চট্টগ্রাম, নয়াবাংলা, সুপ্রভাত বাংলাদেশ, সাঙ্গু, পূর্বতারা, চট্টগ্রাম প্রতিদিন ও ডেইলি পিপলস ভিউ।

রাজশাহীর সোনার দেশ, সোনালী সংবাদ, সানশাইন, দৈনিক বার্তা। রংপুরের দৈনিক পরিবেশ, প্রথম খবর, যুগের আলো ও দাবানল।

খুলনার পূর্বাঞ্চল, প্রবাহ, সময়ের খবর ও প্রবর্তন। বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকের পরিবর্তন, শাহনামা ও কীর্তনখোলা।

সিলেটের দৈনিক সিলেটের ডাক, জালালাবাদ, সবুজ সিলেট, শ্যামল সিলেট, কাজিরবাজার, জৈন্তাবার্তা ও শুভ প্রতিদিন। ময়মনসিংহের স্বদেশ সংবাদ ও জাহান।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মূল্যায়নও নিজ বিদ্যালয়েই

0

এবার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তাদের নিজ নিজ বিদ্যালয়েই। সংশ্লিষ্ট প্রধান শিক্ষকই নির্ধারণ করবেন কীভাবে মূল্যায়ন করবেন। এই মূল্যায়নের ভিত্তিতেই শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হবে।

ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, এ বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হবে না। তবে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করতে তাদের যতটুকু পড়ানো হয়েছে, তার ওপর মূল্যায়ন করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্যোগ নেবেন। প্রয়োজনে বার্ষিক পরীক্ষা নেওয়া যেতে পারে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পাসের সার্টিফিকেট প্রদান করা হবে। করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ডিসেম্বরের আগে খোলা সম্ভব না হলে প্রাথমিক স্তরের সব শিশুকে অটো পাস দিয়ে সার্টিফিকেট দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

মহাপরিচালক বলেন, প্রাথমিকের নিজস্ব কোনো শিক্ষা বোর্ড না থাকায় সবকিছু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে করতে হয়। এ বছর যেহেতু অষ্টম শ্রেণিরও কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে না, তাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডগুলো কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে, সে বিষয়ে আমরা তাদের কাছে পরামর্শ নেব। আগামী সপ্তাহে অধিদপ্তরে এ সংক্রান্ত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, গত ২৫ আগস্ট পঞ্চম শ্রেণির সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা আয়োজন না করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। তাই এ বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রী এতে সম্মতি দেওয়ায় এবার এ স্তরে পরীক্ষা আয়োজন করা হবে না।

জাকির হোসেন আরও বলেন, এ বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা নেওয়া না হলেও শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে। তবে স্কুল খোলা সম্ভব হলে পঞ্চম শ্রেণি ছাড়া অন্যান্য ক্লাসের পরীক্ষাগুলো নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, পরীক্ষা বাতিল করা হলেও এ বছর কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মহামারি করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছে।

কাতার রুটে ফের বিমানের ফ্লাইট চালু ৭ সেপ্টেম্বর

0

আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী সময়ে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। তখন থেকে কিছু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। পরে পর্যায়ক্রমে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করে বিমান। এবার আন্তর্জাতিক রুটে বিমানের গন্তব্য হিসেবে যুক্ত হচ্ছে কাতারের নামও।

এদিকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন ঢাকা থেকে দোহার পথে সোমবার ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে এবং দোহা থেকে ঢাকার পথে একই দিন স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর থেকে এই রুটে একই সময়সূচিতে বুধবারও ফ্লাইট পরিচালিত হবে। দোহা ছাড়াও ইউএস-বাংলা ঢাকা থেকে গুয়াংজু ও কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ জুন থেকে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে যাত্রা করে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট। এতে যাত্রী ছিলেন মাত্র ১ জন! ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিএস৩১৩ ফ্লাইটের ওই যাত্রীর নাম রাফসান জামি। একমাত্র যাত্রী হওয়া সত্ত্বেও তাকে নিয়েই উড়ে যায় ফ্লাইটটি।

প্রসঙ্গত যে, বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন লন্ডন, দুবাই, আবুধাবি, চীন, দোহা ও কুয়ালালামপুরে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলছে।

করোনার প্রভাবে দেশে খাদ্য সংকট হবে না : কৃষিমন্ত্রী

0

কোভিড-১৯ ও জুনোটিক (প্রাণিবাহিত) রোগের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘এক স্বাস্থ্য অ্যাপ্রোচ’ নিতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সেখানে মানুষ, প্রাণি, উদ্ভিদ ও পরিবেশের মধ্যে আন্ত:সম্পর্ককে বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও’র) ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দীর্ঘমেয়াদী কী প্রভাব পড়বে তা বলা মুশকিল। তবে বাংলাদেশ সরকার কোভিড-১৯ মোকাবিলায় দ্রুততার সাথে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে কোভিড-১৯ পরিস্থিতিতেও খাদ্য উৎপাদনের ধারা বজায় আছে। আশা করছি, করোনার প্রভাবে দেশে খাদ্য নিয়ে কোন সংকট হবে না।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাপানে রপ্তানি সুযোগ কাজে লাগাতে চায়: বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈকিত সম্পর্ক দীর্ঘদিনের। জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। জাপানে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে চায়। তৈরী পোশাক রপ্তানির ক্ষেত্রে আরও বাণিজ্য সুবিধা প্রদান করলে জাপানে বাংলাদেশের রপ্তানি বাড়বে। বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

পাঁচ বছর চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহবান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। এগুলোতে জাপান বিনিয়োগ করলে লাভবান হবে। এখানে বিনিয়োগে বাংলাদেশ আকর্ষনীয় সুযোগ-সুবিধা প্রদানের প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশ জাপানের তৈরী গাড়ির বড় বাজার। বাংলাদেশে জাপান গাড়ি তৈরীর কারখানা স্থাপন করলে তা লাভজনক হবে।

এ সময় জাপানের রাষ্ট্রদূত বাণিজ্যমন্ত্রীকে জানান, জাপান বাংলাদেশে অটোমোবাইল কারখানা স্থাপনের চিন্তা করছে। বাংলাদেশের আড়াইহাজার স্পেশাল ইকোনমিক জোনে জাপান বড় ধরনের বিনিয়োগ করবে, এ বিনিয়োগ হবে এশিয়ার মধ্যে বৃহৎ ।

বাণিজ্যমন্ত্রী আজ (৩ সেপ্টেম্বর) ঢাকায় অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এর সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৪ সালে এলডিসি গ্রাজুয়েশনের পরও জাপান বাংলাদেশকে দেয়া বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার চিন্তা করছে। এজন্য এফটিএ অথবা পিটিএ করা যেতে পারে।

জাপানের ব্যবসায়ীগণ বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। উভয় দেশের বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি করতে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে। জাপানে দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা আছে। বাংলাদেশ এ সুযোগ গ্রহণ করতে পারে। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ২০১৮-২০১৯ অর্থ বছরে জাপানে ১৩৬৫ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৯-২০০ অর্থ বছরে ১২০০ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই ভাবে ২০১৮-২০১৯ অর্থ বছরে জাপান থেকে ১৮৫২ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৯-২০২০ অর্থ বছরের জুলাই-মে সময়ে ১২৯৪ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।

এ সময় বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম উপস্থিত ছিলেন।