Home Blog Page 2707

ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

0

দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জানান, হামলকারীরা ইউএনও’র পরিচিত নন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে গিয়ে জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানান।

এদিকে, দুর্বৃত্তদের হামলায় আহত ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন। তার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় এখনই অস্ত্রোপচার বা বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. জাহিদ।

এর আগে, ওয়াহিদা খানমকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার বাম পাশে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাত ও পা কোনো রকম সাড়া দিচ্ছে না।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে পিটিয়ে আহত করে দুষ্কৃতকারীরা। গুরুতর অবস্থায় তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। তার বাবা ওমর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওয়াহিদা খানমের বাবার নাম ওমর আলী। নওগাঁ থেকে মাঝে মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। তাদের তিন বছরের ছেলে সন্তান রয়েছে। হামলার সময় শিশুটি ঘুমন্ত ছিল। বর্তমানে সে ভালো আছে।

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম জানান, আনুমানিক রাত ৩টার দিকে ঘরের ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করে। প্রথমে তার বাবাকে আহত করে পাশের ঘরে বাথরুমে আটকে রাখে। পরে ওয়াহিদা খানমের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি তাকেও পিটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মূলত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা জেলা প্রশাসকের। ঘটনার পর জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

0

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এর আগে গতকাল হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

বিচারপতি তারিক উল হাকিম

১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই বিচারপতির বাবাও ছিলেন বিচারপতি। নাম বিচারপতি মাকসুম উল হাকিম। বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তার স্ত্রী নাসিমা কে.হাকিম ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত আছেন। মেয়ে রাইসা ফাবিয়া তানিশা হাকিম ও ছেলে আসওয়াদ ওয়ারিস হাকিম ইংল্যান্ডে আইন নিয়ে পড়ালেখা করছেন।

বিচারপতি ওবায়দুল হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালেজেলা আদালত, ১৯৮৮ সলে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এরও চেয়ারম্যান ছিলেন।

এই দুজন বিচারপতি নিয়োগের ফলে এখন আপিল বিভাগের বিচারপতি হলো মোট আটজন।

নীলফামারীতে জেলা পরিষদের ৫৬টি নলকূপ বিতরণ

0

নীলফামারীতে জেলা পরিষদের অর্থায়নে ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৫৬টি নলকূপ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, সংরক্ষিত মহিলা সদস্য ইসরাত জাহান পল্লবী, শিউলি আক্তার প্রমূখ।

নিবন্ধন ছাড়া স্পিডবোট চলতে দেয়া যাবেনা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

স্পিডবোট নিবন্ধনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তরকে ‘নিবন্ধন সপ্তাহ’ পালনের নির্দেশ দিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নিবন্ধন ছাড়া স্পিডবোট চলতে দেয়া যাবেনা। এ বিষয়ে সরকার শক্ত অবস্থানে রয়েছে।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন অধিদপ্তরের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী নৌপরিবহন অধিদপ্তরের সেবার মানে আরো গতিশীলতা আনয়নে জনবল নিয়োগে বিশেষ করে সার্ভেয়ার নিয়োগ কার্যক্রম দ্রুত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি নৌদুর্ঘটনা হ্রাসে নৌযানে ‘রিভার্সিবল গিয়ার’ সংযোজন কার্যক্রম অব্যাহত রাখারও নির্দেশ দেন।
বাংলাদেশের নৌযানের প্রকৃত সংখ্যা নির্ণয়ের জন্য নৌশুমারি সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে শীঘ্রই পাঠানো হবে বলে বৈঠকে জানানো হয়।
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর আবু জাফর মোঃ জালালউদ্দিন, সরকারি শিপিং অফিসের শিপিং মাস্টার মোঃ জাকির হোসেন চৌধুরী এবং নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে (ভার্চুয়াল) বাংলাদেশ মেরিন একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন।

পুঁজিবাজারে লেনদেনে সূচক আজও উর্ধ্বমুখী

0

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪০ ও ১৭১৬ পয়েন্টে রয়েছে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৯২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এইসময় লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কম্পানির শেয়ার।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো বেক্সিমকো ফার্মা, অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বিডি ফাইন্যান্স, ফাইন ফুড, হাক্কানী পাল্প, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল পলিমার ও লংকাবাংলা ফাইন্যান্স।

লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২২ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৬ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করে।

এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে দুই কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৪৯টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ১৭টি কম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১০টি কম্পানির শেয়ারের দর।

শেয়ার নিয়ে গুজব ছড়ালে ডিজিটাল আইনে ব্যবস্থা

0

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানির শেয়ারের দাম নিয়ে পূর্বাভাস, দামের ভবিষ্যদ্বাণী ও গুজব ছড়ালে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো পেজ বা গ্রুপে কমিশন ও স্টক এক্সচেঞ্জের লোগো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

বিএসইসি, ডিএসই ও সিএসইর নাম, লোগো ব্যক্তি ও দলীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল বা পেজে ব্যবহার করা যাবে না। অন্যথায় বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবে কমিশন।

ই-ফার্মেসি ব্যবসা শুরু করল মুকেশ আম্বানির রিলায়েন্স

0

ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি নতুন এক ব্যবসা শুরু করলেন। ৬২০ কোটি টাকার বিনিময়ে ভাইটালিক হেলথকেয়ার সংস্থার ৬০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে তারা।

এবার অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে এবার ই-ফার্মেসি ব্যবসায় পা রাখল মুকেশ আম্বানির রিলায়েন্স। গত সপ্তাহেই ই-ফার্মেসির দুনিয়ায় প্রবেশ করে অ্যামাজন।

এই বিনিয়োগের কথা ঘোষণা করেন মুকেশ কন্যা ইশা আম্বানি। তার দাবি, এর ফলে দেশবাসীকে সাধ্যের মধ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারব।

অনলাইনে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

0

অনলাইনে গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, এটি নিশ্চিত করতে না পারলে উচ্চশিক্ষায় কাঙ্ক্ষিত লক্ষ্য ও জাতীয় দাবি পূরণ হবে না।

তিনি আরও বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইনে শিক্ষা কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীতা বৃদ্ধি পেয়েছে। অনলাইনে পাঠদান এখন একটি বাস্তবতা। শিক্ষার্থীদের ইন্টারনেট ও ডিভাইস সমস্যা সমাধানের পাশাপাশি অনলাইনে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে মনোযোগ দিতে হবে। করোনার টিকা আবিষ্কার হলে শিক্ষায় সরাসরি ও নিয়মিত পাঠদানে ফিরে গেলেও অনলাইন শিক্ষার গুরুত্ব কোন অংশে কমবে না। এজন্য বিশ্ববিদ্যালয়সমূহকে সরাসরি পাঠদানের পাশাপাশি অনলাইনে কোর্স চালু রাখার পরামর্শ দেন তিনি।

করোনা সময়ে আইকিউএসি’র ভূমিকা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আজ (০৩ সেপ্টেম্বর) জুম প্লাটফর্মে আয়োজিত এক সভায় তিনি এসব কথা জানান। সভায় ১৪১টি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর- এর সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, কমিশনের সচিব ড. ফেরদৌস জামান ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি’র এসপিকিউএ বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া।

প্রধান অতিথির ভাষণে ইউজিসি চেয়ারম্যান বলেন, করোনা পরবর্তী অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে হবে। এক্ষেত্রে আইকিউএসি’র দায়িত্ব হবে অনলাইন এডুকেশনের ওপর একটি নীতিমালা তৈরি করা, যাতে এর মান নিশ্চিত করা যায়। এসময় তিনি দেশের উচ্চশিক্ষার সাথে যুক্তদেরকে অনলাইন শিক্ষায় অভ্যস্ত হয়ে ওঠার পরামর্শ দেন। শিক্ষক সম্প্রদায়কে বিদ্যমান রিসোর্স ব্যবহার করে অনলাইন শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। মহামারীকালীন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের তিনি ইতিবাচক মনোভাব বজায় রাখার জন্য অনুরোধ জানান। দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে তিনি গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।

প্রফেসর শহীদুল্লাহ জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে টেলিটকের ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তুতি চলছে। টেলিটকের নেটওয়ার্কের সমস্যার কথা অনেকেই জানিয়েছে। আশা করি, অচিরেই নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়ে যাবে।

সভাপতির ভাষণে প্রফেসর আলমগীর বলেন, করোনার সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ক্ষতি পোষাতে অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করোনার শুরুতেই কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে শিক্ষার্থীরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পতিত হয়নি। এক্ষেত্রে আইকিউএসি’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি জানান।

সভায় আইকিউএসি’র পরিচালকরা জানান, তাঁরা বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন শিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করে গুণগত শিক্ষা নিশ্চিত করায় বদ্ধপরিকর।

র‌্যাগ-ডে নিয়ে ঢাবির বিজ্ঞপ্তিতে ভুল ছিল : উপাচার্য

0

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে র‌্যাগ-ডে নিষিদ্ধের সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার পর আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন করে আরো একটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া গতকাল পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অসাবধানবশত ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো আজকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের বিজ্ঞপ্তিটি অসাবধানতাবশত পাঠানো হয়েছিল। তথ্যটি ভিন্নভাবে উত্থাপিত হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল র‌্যাগ-ডে পালন নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অনাকাঙ্খিত, অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলা-পরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখতে বলা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান, উৎসব, বর্ণাঢ্য র‌্যালি ইত্যাদি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ণে একটি কমিটি গঠন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে পাঁছ সদস্যের কমিটিতে আছেন কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ- এর ডিন। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে অসাবধানবশত ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। এজন্য জনসংযোগ কর্মকর্তা ক্ষমা চেয়েছেন। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় র‌্যাগ-ডে বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনরায় সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে।’

গুরুতর আহত ইউএনও ওয়াহিদাকে ঢাকায় আনা হয়েছে

0

দুর্বৃত্তদের ধারারো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্তকর্তা ওয়াহিদা খানমকে (৩৫) রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

তাঁকে রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গতকাল রাত আনুমানিক আড়াইটায় একদল দুর্বৃত্ত উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার আবাসিক ভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় তার চিৎকারে সঙ্গে থাকা পিতা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও জখম করে। পরে অন্য কোয়ার্টারের বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।