Home Blog Page 2708

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য

0

অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে আরো দুজন আদালত সাক্ষ্য দিয়েছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তারা সাক্ষ্য দেন। এসময় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

সাক্ষীরা হলেন- জব্দ তালিকার সাক্ষী পুলিশের সহকারী উপ-পরিদর্শক জামাল ও জনৈক হাবিবুর রহমান। এ নিয়ে গত চারদিনে মোট ১২ সাক্ষীর মধ্যে মোট ৯ জনের সাক্ষ্য শেষ হলো।

এদিকে, তাদের সাক্ষ্যের আগে এ দিন মামলার জব্দ তালিকার সাক্ষী র্যাবের উপ-পরিদর্শক সাইফুল আলমকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী।

এর আগে গত ৩১ আগস্ট মামলার জব্দ তালিকার সাক্ষী র‌্যাবের উপপরির্দ্শক সাইফুল আলম আদালতে সাক্ষ্য দেন। পরের দিন ১ সেপ্টেম্বর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। একই দিন মামলার বাদী র‍্যাবের ডিএডি শফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ ও জেরার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষ হয়। এরপর সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিন ২ সেপ্টেম্বর আদালতে তাদের বিরুদ্ধে আরো পাঁচজন সাক্ষ্য দেন। তারা হলেন, এএসআই সুমন মিয়া, সিপাহি ফারুক হোসেন, সিপাহি আলেয়া খাতুন, সঙ্গীয় ফোর্স জীবন চন্দ্র ও বাড়ির ম্যানেজার দীপ্ত দাস।

গত ২৫ আগস্ট আদালত অভিযোগ গঠন করেন। পরে সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ আগস্ট, ১, ২ ও ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। গত ১৮ আগস্ট শুনানির জন্য আদালত এ দিন ধার্য করেন। গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। সেখানে ১২ জনকে সাক্ষী করা হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শেরেবাংলা নগর থানার অস্ত্র মামলায় তাদের দুজনকে পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১০ মার্চ একই মামলায় ফের দুজনকে পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, গত ২৩ ফেব্রুয়ারী ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেকের পাতা, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

নতুন দুই বিজ্ঞাপনে ফারিয়া

0

মালয়েশিয়া থেকে দেশে ফিরেই পুরোদমে কাজ শুরু করেছিলেন ফারিয়া শাহরিন, করোনার সময় সবকিছু স্তব্ধ হয়ে যায়। তবে দেশে ‘নিও নরমাল’ জীবনযাত্রায় কাজ শুরু হলে ফারিয়াও শুরু করেন কাজ। ঈদে বেশ ক’টি নাটকে কাজ করেছেন।

এবার একসঙ্গে দুই বিজ্ঞাপনে কাজ করলেন মডেল ও অভিনেত্রী ফারিয়া। বিজ্ঞাপন দুটি হচ্ছে- প্রাণ ফ্রুটো ড্রিঙ্কস এবং ভিশন স্মার্ট টিভির।

বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন নাফিজ রেজা ও মাসুদ জাকারিয়া সাবিন। এতে ফারিয়ার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া ও এফ এস নাঈম প্রমুখ।

গত মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন এ পণ্যটির উদ্বোধন অনুষ্ঠানে ছোট পর্দার এ তিন তারকা উপস্থিত থেকে পণ্যটির বিজ্ঞাপনে কাজ করার নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিজ্ঞাপন দুটি প্রাণ ফ্রুটোর ফেসবুক ও ইউটিউব পেজে দেখা যাচ্ছে।

হ্যারি-মেগান এবার নেটফ্লিক্সে

0

ব্রিটিশ যুবরাজ হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সিরিজ ও অনুষ্ঠানে। বেশ কয়েকটি অনুষ্ঠান তৈরির জন্য নেটফ্লিক্সের সাথে চুক্তি করেছেন তারা। বুধবার এই চুক্তির খবর জানান নেটফ্লিক্সের প্রধান টেড সারানডোস। খবর স্কাই নিউজের।

মেগান জানিয়েছেন, নেটফ্লিক্সের অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চান তারা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তথ্যচিত্র, ডকু-সিরিজ, ফিচার ফিল্ম ও শিশুদের অনুষ্ঠান।

ব্রিটিশ রাজপরিবারের পদবি ত্যাগের ছয় মাস পর বিনোদন জগতে আসার এ উদ্যোগ নিলেন হ্যারি-মেগান দম্পতি। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনেকটা লোকচক্ষুর আড়ালে বসবাস করছেন।
প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে হ্যারি (৩৫) ও মেগান মার্কেলের (৩৮) দেখা হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ সময় প্রেম করার পর ২০১৮ সালের মে মাসে উইন্সরের সেন্ট জর্জ চ্যাপেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন তারা।

ডায়ানাপুত্র হ্যারিকে বিয়ে করার আগে মেগান মার্কেলের পেশা ছিলে অভিনয়। যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করতেন তিনি।

করোনায় দুই ভাইকে হারালেন দীলিপ কুমার

0

করোনা কেড়ে নিল বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের দুই ভাইয়ের প্রাণ। ১৩ দিন আগে হারিয়েছিলেন ছোট ভাই আসলাম খানকে। এবার মারা গেলেন বড় ভাই এহসান খান। আইসোলেশনে রয়েছেন দিলীপ কুমার নিজেও।

বৃহস্পতিবার ৯০ বছরের এহসান খানের মৃত্যুর খবর জানান অভিনেতার পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি। আসলামের মৃত্যুর খবরও তিনিই দিয়েছিলেন। দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে তিনি বলেন, “দিলীপ সাবের বড় ভাই এহসান খান কয়েক ঘণ্টা আগে মারা গিয়েছেন। এর আগে তাঁর ছোট ভাই আসলাম খানেরও মৃত্যু হয়েছে। আল্লাহর কাছে তাঁদের আত্মার শান্তি প্রার্থনা করছি।”

গত ২১ অগস্ট করোনা আক্রান্ত হয়ে দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খানের মৃত্যু হয়। ৮৮ বছর বয়স হয়েছিল তাঁর। দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি টুইট করে বলেন, দিলীপ সাহেবের ছোট ভাই আসলাম খান এদিন সকালে লীলাবতী হাসপাতালে প্রয়াত হয়েছেন। আমরা ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করছি।

১৫ অগস্ট শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খান। পরে তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ছ’দিন পরেই মৃত্যু হয় আসলাম খানের। এবার ৯০ বছরের এহসান খানও মারা গেলেন।

চলতি বছর মার্চ মাস থেকেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা দিলীপ কুমার। ৯৭ বছর বয়স হওয়ায় কড়া সতর্কতায় রাখা হয়েছে তাঁকে। জনতা কার্ফুর কয়েক দিন আগে নিজেই টুইট করে অভিনেতা জানান, আমি সম্পূর্ণ আইসোলেশন ও কোয়ারেন্টিনে রয়েছি। সায়রা আমাকে নিয়ে কোনও রকমের সুযোগ নিতে চায়নি। আমার যাতে কোনওভাবেই সংক্রমণ না হয় তা নিশ্চিত করা হয়েছে।

আরও একটি টুইট করে নিজের ভক্তদেরও সতর্ক থাকতে অনুরোধ করেন বলিউডের এই কিংবদন্তি। তিনি বলেন, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, নিজেদের ও অন্যদের সুরক্ষিত রাখুন। যতটা পারবেন বাড়ির মধ্যে থাকুন। এই করোনাভাইরাস সব সীমান্ত ভেঙে দিয়েছে। তাই স্বাস্থ্যমন্ত্রক যে নির্দেশ দিচ্ছে তা মেনে চলুন। নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরও সুরক্ষিত রাখুন।

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা দিলীপ কুমারের আসল নাম অবশ্য ইউসুফ খান। বলিউডে তিনি দিলীপ কুমার নামেই পরিচিত। ক্যারিয়ারে ১০০-র বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কোহিনুর, মুঘল-এ-আজম, শক্তি, নয়া দউর, রাম অউর শ্যাম, জুগনুর মতো ছবি। পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কারেও ভূষিত করা হয় এই অভিনেতাকে।

মাটি-মানুষের দল হওয়ায় আ. লীগ মানুষের হৃদয়ের গভীরে’

0

‘মাটি ও মানুষের দল হিসেবে আওয়ামী লীগ জনমানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে। জনগণের স্বার্থ দেখে বলেই সংগঠনটির প্রতি মানুষের আস্থা।’

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগণ নয়; তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। তিনি বলেন, জনগণের স্বার্থ দেখে বলেই আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা আছে। তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর রাজনৈতিক দল। মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জনমানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থায় পরিণত হয়েছে। তিনি বলেন, বিএনপিই জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, বিপরীতে আওয়ামী লীগ জনআস্থার প্রতীক।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবার আগে দেশ ও জনগণের স্বার্থ। যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাসনির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক।

প্রথম আলোর আনিসুলসহ পাঁচজনের জামিন

0

প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় করা মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ পাঁচজন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

একইসঙ্গে পাঁচজনের মালপত্র ক্রোকের আদেশও প্রত্যাহার করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে আদালতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ ও মালপত্র ক্রোকের আদেশ প্রত্যাহার করেন।

আনিসুল হক ছাড়া জামিন পাওয়া বাকি আসামিরা হলেন হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

এদিকে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) আদালত তাদের পাঁচজনের মালপত্র ক্রোকের নির্দেশ দেন। এছাড়া ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিশোরদের মাসিক সাময়িকী কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে নাইমুল আবরার যান। অনুষ্ঠান চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনুষ্ঠানের জন্য যে বিদ্যুৎসংযোগ স্থাপন করা হয় তা অরক্ষিত ছিল। ঘটনাস্থলের খুব কাছে সোহরাওয়ার্দী হাসপাতাল থাকলেও আবরারকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগে বলা হয়, নাইমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয় বিকেল আনুমানিক সাড়ে ৩টায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৪টা ৫১ মিনিটে। আবরারের মৃত্যুর সংবাদ গোপন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যায় কিশোর আলো এবং স্কুল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আবরারের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানায়নি। আবরারের পরিবার এক সহপাঠীর মাধ্যমে তার মৃত্যুর খবর পায়। এটি পরিকল্পিত এবং গাফিলতি ও অবহেলাজনিত হত্যাকাণ্ড।

পরে আদালত আবরারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। আবরারের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু এবং আদালতে দাখিল করা অবহেলাজনিত মৃত্যুর মামলা তদন্ত করতে মোহাম্মদপু থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। ১০ জানুয়ারি মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল আলীম মামলাটি তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গত বছরের ৬ নভেম্বর আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে নাইমুলের পিতা মুজিবুর রহমান মামলাটি দায়ের করেন।

এনআইডি জালিয়াতিতে ডা.সাবরিনা দুই দিনের রিমান্ডে

0

প্রতারণা করে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক ডা. সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত এই রিমান্ড আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রণব কান্তি ভৌমিক তাঁর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল্লাহ আবু। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাবরিনার জামিন আবেদন খারিজ করে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয় ডা. সাবরিনাকে। এসময় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখান।

গত ১ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম সাবরিনাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। পরে আদালত ডা. সাবরিনার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোপূর্বক পাঁচ দিনের রিমান্ড শুনানির জন্য আজকে দিন ধার্য করেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে সাবরিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেন।

গত ৩০ আগস্ট বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। মামলায় ডা. সাবরিনাকে একমাত্র আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, বর্তমান সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় ডা. সাবরিনাসহ আটজনের বিচার শুরু হয়েছে।

কাল রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট

0

আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরব থেকে দেশে আসতে আগ্রহী প্রবাসীদের আনতে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন থেকে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এই ফ্লাইট পরিচালনা করছে বিমান।

এর আগে বিমানের ওয়েবসাইটে জানানো হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে ঢুকে নিবন্ধন করতে পারবেন। রিয়াদ থেকে ঢাকায় বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া তিন হাজার সৌদি রিয়াল ও ইকোনমি আসনে ভাড়া ২১৫০ সৌদি রিয়াল।

বিমানের রিয়াদ অফিস থেকে কেবল রেজিস্ট্রারকৃত যাত্রীরা মূল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট কিনতে পারবেন। ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে।

২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদার বিরুদ্ধে মামলার আবেদন

0

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় জড়িত অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মামলার আবেদন জমা দেন জননেত্রী পরিষদ সভাপতি এবি সিদ্দিকী।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানান। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ বিষয়ে শুনানি হবে বলে জানান তিনি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আর তাঁর পরিকল্পনাকারী ইন্ধনদাতা খালেদা জিয়া। আসামি মুক্তি হান্নানের জবানবন্দিতে তা প্রকাশ পেয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সৌদিতে প্রবেশের অনুমতি পেল বাংলাদেশসহ ২৫ দেশ

0

অবশেষে বাংলাদেশসহ ২৫ দেশ থেকে সৌদিতে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। মহামারি করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে তারা। তবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি।

যে ২৫টি দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে আসার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। তবে আপাতত এ সুযোগ পাচ্ছে না পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকারসহ আরো কয়েকটি দেশ।

কিছু শর্ত পূরণ করে ২৫টি দেশের নাগরিক সৌদি আরবে ফিরে যেতে পারবেন। শর্তগুলো হলোঃ

১. সৌদি আরব ভ্রমণ করতে হলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে সাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।

২. ভ্রমণ করার ৭ দিন পূর্ব থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে। মূলত পিসিআর দেওয়ার ৪ দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিন দিন পর পর্যন্ত।

৩. সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা অ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

৪. অবশ্যই আসার ৮ ঘণ্টার মধ্যে টাটামন (tatamman) অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।

৫. কভিড ১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

৬. আপনাকে টাটামন অ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং আপনি কোয়ারেন্টিন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

যে ২৫ দেশের আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে যেতে পারবেন দেশগুলো হলোঃ

সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রীস, বাংলাদেশ, ফিলিফাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথুপিয়া, কেনিয়া, নাইজেরিয়া।