Home Blog Page 2709

ইসরায়েলি বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব

0

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পরই ঐতিহাসিক এই সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন (জিএসিএ) এর বিবৃতি অনুসারে, রিয়াদ আমিরাতের অনুরোধে এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। উপসাগরীয় দেশগুলো থেকে ইসরায়েলে চলাচলকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে সৌদি আরবের কাছে অনুরোধ করেছিল আরব আমিরাত।

সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমি বহু বছর ধরে ইসরায়েলের আকাশকে পূর্ব দিকে উন্মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি।’

চলতি সপ্তাহে প্রথমবারের মতো ইসরায়েলি এবং মার্কিন প্রতিনিধিদের একটি বহর নিয়ে তেলআবিব থেকে আমিরাতে আসে ইসরায়েলি একটি বিমান। ইসরায়েলি এই বিশেষ বিমানটিও সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে দুবাইতে পৌঁছেছিল।

সূত্র : আনাদুল এজেন্সি।

পাবজি-সহ ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

0

চীনের সঙ্গে সংঘাত নতুন করে চরম আকার ধারণ করায় জনপ্রিয় গেম পাবজি-সহ শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এবার পাবজি-সহ মোট ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তরফ থকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এইসব অ্যাপ ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবজি ছাড়াও তালিকায় রয়েছে উইচ্যাট, বাইডুর মত একাধিক অ্যাপ।

আগে যে শতাধিক অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তার কারণ হিসেবে জাতীয় নিরাপত্তার কথা তুলে ধরা হয়েছিল। এবার পাবজি-সহ যে বিপুল পরিমাণ অ্যাপকে নিষিদ্ধে ঘোষণা করা হল, সে ক্ষেত্রেও সেই জাতীয় নিরাপত্তার কথাই তুলে ধরা হয়েছে।

এর আগে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার-সহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যেসব অ্যাপ আগে নিষিদ্ধ করা হয়েছিল, সেই অ্যাপ-নির্মাতাদের তালিকায় ছিল টেনসেন্ট, আলিবাবা, শাওমির মতো একাধিক চীনা সংস্থা।

কিন্তু পাবজি দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লু হোলের মালিকানাধীন। এই গেমটি ২০০০ সালের জাপানি ছবি ব্যাটেল রয়্যালের অনুপ্রেরণায় তৈরি। ব্লু হোল সংস্থার সঙ্গে অবশ্য চীনের শিল্পপতি মা হুয়াতেংয়ের টেনসেন্ট সংস্থার যোগ রয়েছে। টেনসেন্ট-এর মাধ্যমে পাবজি পাবলিশ হয়ে থাকে। চীন সরকারের অনুমোদনক্রমেই ওই দুই সংস্থার মধ্যে চুক্তি হয়েছিল। যদিও পাবজির মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে দক্ষিণ কোরিয়ারই কাকাও গেমস।

সূত্র : ইন্ডিয়া টাইমস।

লাদাখে ভারত-চীন সীমান্ত ফের উত্তপ্ত, রেড অ্যালার্ট সিকিম সীমান্তে

0

ভারত-চীন সীমান্ত পরিস্থিতি কোনোক্রমেই শান্ত হচ্ছে না। এবার উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের উত্তর-পূর্ব সীমান্তেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এক সপ্তাহে পর পর দুইবার মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভারত এবং চীনের সেনাদের মাঝে। প্রথম দিন উভয় পক্ষের সামান্য সংঘাত হলেও দ্বিতীয় দিন সংঘর্ষ এড়ানো গেছে বলেই জানা গেছে। তবে লাদাখে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে আছে যে, যে কোনও সময় ফের সংঘাতের জোর সম্ভাবনা রয়েছে।

সংঘাতের আশঙ্কায় চীন সীমান্তবর্তী প্রতিটি অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাঠানো হয়েছে অতিরিক্ত সেনা। ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে, পূর্ব লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ভারতীয় সেনাদের ব্যস্ত রেখে উত্তর-পূর্ব ভারতের চীন সীমান্তে বড়সড় আক্রমণ চালাতে পারে চীন।

২৯ আগস্ট রাত থেকে ৩০ আগস্ট ভোর পর্যন্ত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে সংঘাত হয়েছিল ভারত এবং চীনের সেনাদের। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ৩১ আগস্টও একই ঘটনা ঘটেছে। তবে এবারে হাতাহাতি হয়নি। ৩১ আগস্ট ভারতীয় সেনাদের প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে ঘিরে ধরেছিল চীনের সেনারা। উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলেও কমান্ডারদের নির্দেশে দুই পক্ষই সরে যায়।

ভারতের দাবি, চীন অন্যায্য ভাবে দক্ষিণ প্যাংগং এলাকায় ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করছে। কিন্তু দিল্লিতে চীনের দূতাবাস অত্যন্ত কড়া ভাষায় যে বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে, ভারতীয় সেনারা চীনের এলাকা দখল করে বসে আছে। যা ভারত এবং চীনের সীমান্ত চুক্তির বিরোধী। অবিলম্বে ভারতীয় সেনাদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি করেছে চীন।

প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে একটি পাহাড়ের দখল নিয়েছে ভারতীয় সেনারা। নতুন সংঘাতের উৎস এ পাহাড়। স্ট্র্যাটেজিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনারা ওই পাহাড়ের দখল নেওয়ার পর থেকেই চীনের সেনারা বারবার সেখান থেকে ভারতীয় সেনাদের সরানোর চেষ্টা করছে। কিন্তু উচ্চতার সুযোগ নিচ্ছে ভারতীয় সেনারা। এ নিয়েই আপাতত বিতর্ক চলছে। বস্তুত, ৩১ অগাস্ট চীনের সেনারা যখন ভারতীয় সেনাদের ঘিরে ফেলে, অদূরেই চুসুল সেক্টরে কম্যান্ডার স্তরের বৈঠক চলছিল দুই দেশের সেনাদের। তারই মধ্যে নতুন সংঘাতের খবর পৌঁছায়। কম্যান্ডাররা সেনাদের সরে যাওয়ার কথা বলেন। ফলে বড়সড় সংঘর্ষ হয়নি।

দক্ষিণ প্যাংগং নিয়ে বিতর্কের নেপথ্যে

প্যাংগংয়ের দক্ষিণ প্রান্ত এতদিন বিতর্কে ছিল না। প্যাংগংয়ের উত্তর প্রান্তের আটটি ফিঙ্গার পয়েন্ট নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক ছিল। ভারতীয় এনএসএ অজিত ডোভালের সঙ্গে গোয়েন্দা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইংয়ের প্রধানের সাম্প্রতিক বৈঠকে এনএসএ কে জানানো হয়েছে, উত্তর পূর্ব ভারতে চীন সীমান্তে প্রভূত পরিমাণ সৈন্য জমায়েত করেছে পিপলস লিবারেশন আর্মি। মনে করা হচ্ছে, অরুণাচল এবং সিকিম সীমান্তে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন। লাদাখ সীমান্তে সেনাদের ব্যস্ত রাখার জন্যই কার্যত অনালোচিত একটি জায়গায় বার বার সংঘাতের পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

৩১ অগাস্ট ডোভালের বৈঠকের পরেই সিকিম, উত্তরাখণ্ড এবং অরুণাচল সীমান্তে সেনা বাড়ানো হয়েছে। জারি হয়েছে হাই অ্যালার্ট। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ অফিসারদের ওই সব অঞ্চলে পাঠানো হচ্ছে।

লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি

লাদাখ সীমান্তেও আগের চেয়ে সেনাসংখ্যা অনেকটাই বাড়িয়েছে চীন। মাঝে সেনারা খানিকটা পিছিয়ে গেলেও ২৯ অগাস্টের ঘটনার পরে প্রকৃত সীমান্তরেখার খুব কাছে মর্টার, ট্যাঙ্ক নিয়ে এসেছে চীন। ভারতও সেনাসংখ্যা বাড়িয়েছে লাদাখে।

নেপালের ওলি সরকারকেও সঙ্গে রাখছে চীন। তাই উত্তরাখণ্ডেরকালাপানি অঞ্চলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। এই অঞ্চলকেই সম্প্রতি নিজেদের মানচিত্রে দেখিয়েছে নেপাল। কালাপানি অঞ্চলে ভারত, চীন এবং নেপালের ত্রিমুখী সীমান্ত আছে। অন্য দিকে সিকিমে ভারত, চীন এবং তিব্বতের সীমান্তেও অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র : ডয়চে ভেলে

মোদিকে ফেসবুকে অপমানের অভিযোগে জাকারবার্গকে চিঠি

0

ফেসবুকের ভারতীয় শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সিইও মার্ক জাকারবার্গকে চিঠি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ। তার অভিযোগ ফেসবুকের কর্মকর্তাদের আচরণ আপত্তিকর এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া ওই চিঠিতে দাবি করা হয়েছে, কয়েকজন ব্যক্তির পক্ষপাতমূলক আচরণ যদি সামগ্রিক আচরণ হয়ে ওঠে তাহলে তখন সমস্যা তৈরি হয়। যখন কয়েকজন ব্যক্তির আচরণ কোটি কোটি মানুষের বাক-স্বাধীনতার উপর আঘাত আনে তখন সেটা মানা যায় না। ‌ ভারতের সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারতের জন্য ফেসবুককে কমিউনিটি গাইডলাইন ঠিক করতে হবে বলে জানান তিনি।

রবি শংকর প্রসাদের বক্তব্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় ফেসবুক ইন্ডিয়া শুধু তাদের অনেক পেজ ডিলিট করে দেয়নি পাশাপাশি ইচ্ছাকৃতভাবে রিচ কমিয়ে দেওয়া হয়েছিল, যা প্রমাণ করে ফেসবুকের রাজনৈতিক পক্ষপাতিত্ব । তাছাড়া ফেসবুকের মাধ্যমে ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি মনে করেন।

এদিকে কয়েককদিন আগে বিদেশি সংবাদপত্রের প্রতিবেদনের জেরে জানা যায় ব্যবসায়িক স্বার্থে ফেসবুক ভারতে বিজেপি নেতাদের উস্কানিমূলক পোষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ওই খবর জানাজানি হওয়ার পর কংগ্রেস সহ বিরোধীরা এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হয়।

এর জের ধরে শশী থারুরের নেতৃত্বাধীন তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ফেসবুক প্রতিনিধিদের ২ সেপ্টেম্বর জবাবদিহির জন্য ডেকে পাঠিয়েছে। তার ঠিক আগেই রবি শংকর প্রসাদ এমন পাল্টা অভিযোগ তুলে জাকারবার্গকে চিঠি দেওয়ায় বিভিন্নমহলে এটাকে কৌশলী পদক্ষেপ বলে মনে করছেন।

করোনায় আক্রান্ত পিএসজি তারকা নেইমার

0

আশঙ্কা অবেশেষে সত্য হলো। ফুটবল বিশ্বের কাছে এলো আরেকটি দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। এ নিয়ে পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে ভাইরাসটিতে আক্রান্ত হলেন নেইমার।

তীরে এসে তরী ডুবানোর হতাশায় গত মৌসুম শেষ করতে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে। করোনাকালে দুর্দান্ত ফুটবল খেলে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন। কিন্তু শিরোপা স্বপ্ন পূরণ হয়নি। ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারতে হয়েছে ১-০ গোলের ব্যবধানে।

এদিকে, নতুন মৌসুমও শুরু হয়ে যাচ্ছে কদিন পর থেকে। সেই কারণেই কিনা পিএসজি বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে ইবজার সমুদ্রসৈকতে আয়েশ করতে গিয়েছিলেন নেইমার। ঝামেলাটা বেঁধেছে সেখানেই। নেইমারের সঙ্গে ইবিজারে থাকা পিএসজির অপর দুই ফুটবলার অ্যাঞ্জেলো ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের করোয়া আক্রান্ত হবার খবর পাওয়া গেছে আগেই।

উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলার কথা পিএসজির। নেইমার, ডি মারিয়াদের করেনায় আক্রান্ত হওয়াতে ম্যাচটার ভাগ্যে শেষ পর্যন্ত কী লেখা আছে সেটাই দেখা বিষয়।

বার্সেলোনা পৌঁছলেন মেসির বাবা, খুলতে পারে জট

0

আর্জেন্টিনা থেকে ব্যক্তিগত বিমানে উঠে স্পেনে পোঁছেছেন হোর্হে মেসি। লিও মেসির দেশের মিডিয়ায় ছবিও ছাপা হয়েছে মেসির বাবার, বিমানে উঠতে যাচ্ছেন। এরপর স্থানীয় সময় সকাল পৌঁনে ৭ টায় এলপ্রাত বিমানবন্দরে নামেন হোর্হে।

প্রায় এক সপ্তাহ ধরে পাকিয়ে থাকা জট হয়তো খুলতে চলেছে। মেসির বাবা-কাম-এজেন্ট হোর্খে বুধবার দুপুরে সভায় বসবেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে। একদিনেই মীমাংসা হবে বলে অবশ্য মনে করছে না স্পেনের মিডিয়া। বরং আদালতের দিকেই গড়াতে পারে বলে মনে করছেন অনেকে।

বার্তোমেউ নিজে অবশ্য খুব ভালো জায়গায় নেই। তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হতে চলেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী যারা তারা ইতোমধ্যেই বোর্ডে অনাস্থা প্রস্তাব এনেছেন বার্তোমেউয়ের বিরুদ্ধে।

স্পেনের এক মিডিয়ার হিসেব অনুযায়ী, যেভাবে বিরোধী পক্ষে ভোট পড়ছে, তাতে বার্তোমেউয়ের বিরুদ্ধে অনাস্থা আসতে পারে যে কোনও মুহূর্তে। মঙ্গলবার বার্সা বোর্ডের সভায় বর্তমান কর্তাদের কয়েকজন অবশ্য মেসিকে ছেড়ে দেয়ার পক্ষে ছিলেন।

বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছে। আর্জেন্টিনার প্রাক্তন তারকা হোর্খে বালদানো মঙ্গলবার দাবি করেছেন, ‘মেসি ইতিমধ্যে (মানসিকভাবে) বার্সেলোনা ছেড়ে গেছে। হয় ও ইউরোপে অন্য ক্লাবে যাবে, নয়তো নিজের দেশে। এই সত্যটা বার্সেলোনা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি ওরা নিজেদের টিম তৈরি করতে পারবে।’

এর মধ্যেই স্টুটগার্ট ক্লাবের সমর্থকরা তাদের ক্লাবের জন্য ক্রাউড ফান্ডিং করছেন মেসির ৭০ কোটি ইউরো ট্রান্সফার মূল্য তোলার জন্য। তা প্রায় অসম্ভব জেনেও। মেসিকে অনেকে তুলনা করছেন মাইকেল জর্ডনের সঙ্গে। শিকাগো ছাড়ার বছরে তিনিও সেই টিমের হয়ে ট্রফি জেতেননি। তার ছ’বার এনবিএ জেতার সঙ্গে মেলানো হচ্ছে মেসির ছ’টি ব্যালন ডি’ওর। সূত্র: এই সময়

আমার পরিবারে ভয়াবহ ঘটনা ঘটে গেছে : সুরেশ রায়না

0

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএল ছেড়ে নিজের দেশে ফিরে এসেছেন ভারতীয় তারকা সুরেশ রায়না। তাঁর আইপিএল ত্যাগের কারণ নিয়ে অনেক গুঞ্জন আছে। সবচেয়ে আলোচিত গুঞ্জন হলো, চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনায় আক্রান্ত হওয়ায় ভয়ে আইপিএল ছেড়েছেন এই ক্রিকেটার। কিন্তু আরো একটি কারণ আছে। সম্প্রতি ডাকাতদের হাতে খুন হয়েছেন রায়নার পিসেমশাই। এক পিসতুতো ভাই মৃত্যুর সঙ্গে লড়ে গত রাতে মারা গেছে।

ডাকাতরা রায়নার পিসেমশাইকে জবাই করে খুন করেছে! এই ভয়ানক ঘটনা নিয়ে এবার সোশ্যাল সাইটে মুখ খুলেছেন রায়না। টুইটারে তিনি লিখেছেন, ‘পাঞ্জাবে আমার পরিবারের সঙ্গে ভয়াবহ ঘটনা ঘটে গেছে! আমার পিসেমশাইকে জবাই করে মেরে ফেলা হয়েছে। আমার পিসি এবং দুই ভাই মারাত্মকভাবে আহত। দুর্ভাগ্যজনকভাবে এক ভাই মৃত্যুর সঙ্গে লড়ে গত রাতে মারা গেছে। পিসির অবস্থা এখনো ভীষণ খারাপ। কৃত্রিমভাবে তাঁর শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে।’

পাঞ্জাবের পাঠানকোট জেলার থারিয়াল গ্রামে ঘুমন্ত পরিবারের ওপর ওই ডাকাতদল হামলা চালায়। দ্বিতীয় একটি টুইটে রায়না হত্যাকারীদের বিচার চেয়েছেন, ‘এখন পর্যন্ত জানি না সেদিন রাতে কী ঘটেছিল এবং কে বা কারা এটা করেছে। পাঞ্জাব পুলিশকে ঘটনাটি তদন্ত করার অনুরোধ করেছি। এ জঘন্য কাজ কারা করল, অন্তত তা জানার অধিকার আমাদের আছে। তারা যেন আর কারো ক্ষতি করতে না পারে সে জন্য এই অপরাধীদের ছাড় দেওয়া ঠিক হবে না।’

চিত্রনায়ক ফারুক ফের হাসপাতালে

0

চিত্রনায়ক ও সাংসদ ফারুক আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন আগেই সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি। দ্বিতীয় দফায় ফারুকের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। কাল আবার অসুস্থ হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এর আগে ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে চিত্রনায়ক ফারুক করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন। সে সময় দুই দফায় তার করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসলে কয়েদিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরেন তিনি।

বাসায় ফেরার সপ্তাহখানেক পরই আবার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সোমবার রাতে অবস্থা ক্রমেই অবনতির দিকে গেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের পরামর্শে ভর্তিও করা হয়।

চিত্রনায়ক ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয় বড় পর্দায়। এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

সুশান্তের মৃত্যু, রহস্য সন্দীপকে নিয়ে; আছে শ্লীলতাহানির অভিযোগ

0

সুশান্তের মৃত্যুর পর থেকে রিয়া চক্রবর্তীর নাম সব ক্ষেত্রে উঠে এলেও তাঁর পাশাপাশি ক্রমাগত খবরের শিরোনামে রয়েছেন প্রয়াত অভিনেতার বন্ধু বলে দাবি করা প্রযোজক সন্দীপ সিং। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় সন্দীপের ম্যানেজার দীপক সাহু টুইট করেন, “সুশান্ত-মৃত্যুর তদন্ত বিষয়ে সন্দীপকে নিয়ে যিনি বা যাঁরা নানা রকম গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে সন্দীপ মানহানির মামলা করবেন।

মুম্বাই সংবাদমাধ্যম দীপককে সন্দীপ সম্পর্কে আরও কিছু প্রশ্ন করায় তিনি যদিও চুপ করে থাকেন। সন্দীপ নিজেও কেন চুপ করে আছেন? রিয়া চক্রবর্তী থেকে সুশান্তের পরিবারের কেউ তাঁকে চেনেন না বলে সরাসরি জানিয়েছেন, তবুও সুশান্তের মৃত্যুর দিন অর্থাৎ ১৪ জুন তাঁর মরদেহ অ্যাম্বুল্যান্সে করে নিয়ে কুপার হাসপাতালে সন্দীপ কেন হাজির হন? কে বা কারা সুশান্তের মৃত্যুসংবাদ দিলেন সন্দীপকে?

সূত্র থেকে জানা যাচ্ছে, ১৪ থেকে ১৬ জুনের মধ্যে চারবার অ্যাম্বুল্যান্স চালকের সঙ্গে কথা হয়েছে সন্দীপের। কেন এত বার চালককে ফোন করেন তিনি? সুশান্তের ব্যাগ থেকে তাঁর মৃত্যুর দিন সুশান্তের প্যান কার্ড,আধার কার্ড সব সন্দীপ নিজে হাতে বের করে দেন। এতখানি অধিকার ছিল তাঁর! তা হলে সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করলেন কেন তিনি? প্রশ্ন উঠছে সিবিআই তাঁকে ডাকছে না কেন?

ইতিহাস বলছে ২০১৮, মার্চ মরিশাসে বেড়াতে গিয়ে সন্দীপ একটি ছোট ছেলের শ্লীলতাহানি করেন। ওই কিশোরের অভিযোগ, সন্দীপ তাঁকে হোটেলের ঘরে এনে শ্লীলতাহানি করেন। কিশোরের বাবা হোটেল কর্তৃপক্ষকে জানালেও সন্দীপ তাঁর প্রভাব খাটিয়ে বিষয়টা মিটিয়ে দেন।

নিজের কোনও আচরণ প্রকাশ্যে না আনাই কী তাঁর স্বভাব? নয়তো সুশান্তের মরদেহ দেখে যখন তাঁর দিদি মিতু যখন জ্ঞান হারান তখন সেখানে নাকি একমাত্র সন্দীপ উপস্থিত ছিলেন। এ নিয়েও তিনি কোনও মন্তব্য করেননি। সুশান্তের কল রেকর্ড বলছে যে সন্দীপের সঙ্গে সুশান্তের এক বছর কথা নেই, সেই সন্দীপ তাঁর মৃত্যুর দিন মর্গ থেকে শ্মশান সব নিজে হাতে করলেন? কেন? এই প্রশ্নের উত্তর খুঁজছে সুশান্তের পরিবার। নিজে হাতে সব সামলে সুশান্তের মৃত্যুর কোনও বিশেষ প্রমাণ কী তিনি লুকিয়ে রাখলেন? এক সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত দু’মাসে বিজেপি মুম্বইয়ের অফিসে কমপক্ষে ৫৩ বার ফোন করেছেন তিনি। কিন্তু কেন?

সুশান্তের এই প্রযোজক বন্ধুর সঙ্গে সুশান্তের কাজ কর্মের নানা রকম খবর যদিও প্রকাশ পেয়েছে। সন্দীপের পরিচালনায় প্রথম ছবি ‘বন্দেমাতরম’-এ সুশান্ত শুধু অভিনয় করবেন বলে ভেবেছিলেন তা নয়, এই ছবির সহ-প্রযোজক হিসেবেও কাজ করতে চেয়েছিলেন। সুশান্ত-অঙ্কিতার সঙ্গেও সন্দীপের একাধিক ছবি দেখা যায়। এমনকি, সুশান্তের মৃত্যুর পর তাঁর পাটনার বাড়িতে যান বলিউডের এই প্রযোজক। যার বিরুদ্ধে ওই সময় সরব হন সুশান্তের পরিবারের সদস্যরা। সুশান্তের বন্ধু হিসেবে তাঁরা সন্দীপ সিংকে চেনেন না বলেও বার বার দাবি করেন।

সম্প্রতি দিল্লি থেকে মুম্বাইতে ফেরত আসতে দেখা যায় সন্দীপকে। বলিউডের এই প্রযোজক দিল্লিতে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন নিয়ে ছবি করেছেন সন্দীপ সিং। বিজেপির সঙ্গে তাঁর কী সম্পর্ক, তা খতিয়ে দেখুক সিবিআই। একই সঙ্গে বলিউডের মাদক যোগ নিয়েও তদন্ত হোক। এ ব্যাপারে অনেক অভিযোগ পেয়েছি আমরা। সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করব।

কয়েকদিন আগে করণী সেনার এক নেতা সুরজিৎ সিংহ রাঠৌর, যিনি সুশান্তের মৃত্যুর পর হাসপাতালে গিয়েছিলেন, তিনি সংবাদমাধ্যমের সামনে সন্দীপের ক্রিয়া কলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চক্রান্তে’ বড় ভূমিকা পালন করেছেন সন্দীপ। বিজেপির সঙ্গে ভাল সম্পর্কের জন্য আজও কি সকলের চোখ এড়িয়ে চলছেন সন্দীপ? আনন্দবাজার

অস্ট্রেলিয়ায় ‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশি প্রমি

0

সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়া’ ও ‘মিস ইন্টারকন্টিনেন্টাল অস্ট্রেলিয়া’র চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেয়ে শাবাব মেহজাবীন প্রমি।

মিস গ্লোবাল অস্ট্রেলিয়ায় প্রমিসহ ৪১ জন প্রতিযোগী মূল পর্বের জন্য লড়বে। চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবে মিস গ্লোবালের মূল আয়োজনে। প্রতিবছর সারা বিশ্বের ৭০ জনেরও বেশি প্রতিযোগী মিস গ্লোবাল খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রমির বাবা ডা.আব্দুল্লাহ আল হারুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমার কনিষ্ঠ কন্যা প্রমি এর আগে ২০১৯ সালের ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা’র অস্ট্রেলিয়া পর্যায়ের চূড়ান্ত পর্বেও অংশ নেন।

শাবাব মেহজাবীন প্রমি চট্টগ্রামের পাঁচলাইশের নিউজিল্যান্ড প্রবাসী ডা. আব্দুল্লাহ আল হারুনের ছোট মেয়ে। ডা. হারুন নিউজিল্যান্ড প্রবাসী হলেও স্থায়ী ভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তবে দেশে রয়েছে তার নিয়মিত আসা যাওয়া।

ও ‘মিস ইন্টারকন্টিনেন্টাল অস্ট্রেলিয়া’র চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেয়ে শাবাব মেহজাবীন প্রমি।

মিস গ্লোবাল অস্ট্রেলিয়ায় প্রমিসহ ৪১ জন প্রতিযোগী মূল পর্বের জন্য লড়বে। চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবে মিস গ্লোবালের মূল আয়োজনে। প্রতিবছর সারা বিশ্বের ৭০ জনেরও বেশি প্রতিযোগী মিস গ্লোবাল খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রমির বাবা ডা.আব্দুল্লাহ আল হারুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমার কনিষ্ঠ কন্যা প্রমি এর আগে ২০১৯ সালের ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা’র অস্ট্রেলিয়া পর্যায়ের চূড়ান্ত পর্বেও অংশ নেন।

শাবাব মেহজাবীন প্রমি চট্টগ্রামের পাঁচলাইশের নিউজিল্যান্ড প্রবাসী ডা. আব্দুল্লাহ আল হারুনের ছোট মেয়ে। ডা. হারুন নিউজিল্যান্ড প্রবাসী হলেও স্থায়ী ভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তবে দেশে রয়েছে তার নিয়মিত আসা যাওয়া।