Home Blog Page 2710

অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে

0

মারণভাইরাস করোনার কারণে ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সর্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করার পর নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে নবম শ্রেণিতে তোলা হবে। তবে সে ক্ষেত্রে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, নাকি অন্য কোনো পন্থায় এই মূল্যায়ন করা হবে, তা এখনও ঠিক হয়নি।

জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মুল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মঙ্গলবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যাদের চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সেই চিঠির সূত্র ধরে ঢাকা বোর্ড বুধবার এক চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বলেছে, ‘করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণ না করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে।

এর আগে গত ২৭ আগস্ট চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। পরে করোনা সংক্রমণের কারণে এর আগে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করে স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত নেয় সরকার। এরও আগে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা না নিয়ে স্কুলে স্কুলে মূল্যায়নের জন্য প্রস্তাবে অনুমোদন চেয়ে গত ১৯ আগস্ট সার-সংক্ষেপ পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম। এটির সাথে অন্য কারোর সম্পর্কের তুলনা হয় না। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘এটা হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ ছিল এবং তিনি সচিব মর্যাদায় পদোন্নতি পেয়ে দিল্লী যাচ্ছেন। তার এ পদোন্নতিতে আমার আন্তরিক অভিনন্দন।’ তথ্যমন্ত্রী এ সময় সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন ও তাঁর প্রয়াণে আবারো গভীর শোক জানান। মন্ত্রী বলেন, ভারতের পাশাপাশি আজ বাংলাদেশেও প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে।

ড. হাছান বলেন, ‘হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের ঢাকা অবস্থানকালে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে বহু বছরের আলাপ আলোচনার পর গত বছর থেকে ভারতে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পুরো ভারতবর্ষে ফ্রি ডিসের মাধ্যমে দেখা যাচ্ছে। একইসাথে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার হচ্ছে। এগুলো বড় কাজ, বহু বছর ধরে যা নিয়ে আলাপ আলোচনা চললেও আগে জট খোলেনি। সমস্ত জট খুলে এগুলো করতে আমরা সক্ষম হয়েছি।’

‘প্রণব মুখার্জি এক-এগারোর সময় আমার মুক্তির জন্য কাজ করেছেন’

0

এক-এগারোর তথা তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তাঁর মুক্তির জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক-এগারোর সরকারের সময় যখন আমাকে গ্রেপ্তার করা হয়, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়— সেই সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমরা ভারতের প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করছি, ৩১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে বাংলাদেশে তার জন্য শোক দিবস ঘোষণা করেছি। তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। আর সবচেয়ে বড় কথা— আমাদের যেকোন দুঃসময়ে তিনি আমাদের পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন।

রেমিট্যান্স পাঠানোতে ঝামেলা কমায় অবিশ্বাস্য প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

0

করোনা মহামারির মধ্যেও চলতি বছরের জুলাই ও আগস্টে গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্সের এ প্রবৃদ্ধিকে অবিশ্বাস্য ঘটনা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, প্রণোদনা ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোতে ঝামেলা কমায় রেমিট্যান্সে অবিশ্বাস্য প্রবৃদ্ধি হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) জুম অ্যাপসের মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ৫০ শতাংশ। গত বছর ছিল রেমিট্যান্সের ক্ষেত্রে সবচেয়ে ‘হায়েস্ট আর্নিং’ বছর। গত বছর ১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের তুলনায় ৫০ ভাগ বৃদ্ধি—এটা অবিশ্বাস্য একটা ঘটনা। ছয় মাসে যেটা পেতাম দুই মাসেই সেটা এসে গেছে।

অর্থমন্ত্রী বলেন, আমরা চাই যে পরিমাণ রেমিট্যান্স আয় হয় তার পুরোটাই বৈধ পথে দেশে আসুক। আমি যখন পরিকল্পনা মন্ত্রী ছিলাম তখন নিজ উদ্যোগে একটা স্টাডি করেছিলাম। স্টাডিতে দেখা গেছে, ৫১ শতাংশ রেমিট্যান্স আসে বৈধ পথে, আর ৪৯ শতাংশ আসে অবৈধ বা হুন্ডির মাধ্যমে। আমি তখন থেকেই ভাবতে আরম্ভ করলাম যে, শতভাগ রেমিট্যান্স বৈধ পথে আনতে হবে। সেজন্য আমরা দুটি কাজ করি। একটি হচ্ছে, রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা প্রদান। রেমিট্যান্স বাড়ার বিষয়ে এ প্রণোদনা কাজ করেছে। আর দ্বিতীয়টি হচ্ছে, আগে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোটা ছিল অনেক জটিল। নানাবিধ প্রশ্ন করা হতো, এখন এগুলো সহজ করে দিয়েছি। গত এক বছর যাদের রেমিট্যান্স এসেছে কাউকে প্রশ্ন করা হয়নি। কারো রেমিট্যান্স মার যায়নি। সে জন্যই এত রেমিট্যান্স রেড়েছে।

মুস্তফা কামাল আরও বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা আয় করে আমাদের সার্পোট দিচ্ছেন। পাশাপাশি তারা নিজেরাও শক্তিশালী হচ্ছেন। প্রধানমন্ত্রীর পক্ষে তাদের আমি ধন্যবাদ জানাই। কারণ, তারা তাদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে পাঠানো শুরু করেছে। আপনারা বৈধ পথে রেমিট্যান্স পাঠান। কোন না কোনদিন এর সুফল আপনারা পাবেন।

১২৫৪৩টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নের আবেদন

0

সারা দেশে ১২ হাজার পাঁচশ ৪৩টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্স নবায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছে। তবে কতটি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নেই তার কোনো তথ্য অধিদপ্তরের কাছে নেই।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চকে বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. ফরিদ হোসেন মিয়ার দেওয়া এই তথ্য আদালতকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ইশরাত হাসানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানানো হয়।

এর আগে হাইকোর্ট গত ৩১ আগস্ট এক আদেশে সারা দেশে বেসরকারি হাসপাতালের মধ্যে কতটির লাইসেন্স আছে ও কতটির লাইসেন্স নেই তার তথ্য জানতে চেয়েছিলেন। এ কারণে সংশ্লিষ্ট আদালতে দায়িত্বরত রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত অধিদপ্তরের কাছে এসব তথ্য জানতে চান। এরপর অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. ফরিদ হোসেন মিয়ার স্বাক্ষরে সংশ্লিষ্ট তথ্য জানানো হয় রাষ্ট্রপক্ষকে। বুধবার এই তথ্য পাবার পর তা আদালতকে অবহিত করেন তিনি।

তিনি আদালতকে জানান, কভিড এবং নন-কভিড হাসপাতালের সংখ্যা, নাম স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে রয়েছে। লাইসেন্সধারী বেসরকারি হাসপাতালের তালিকা সরকারের কাছে আছে। কিন্তু কতগুলোর লাইসেন্স নেই, তার কোনো তালিকা নেই। লাইসেন্সবিহীন হাসপাতাগুলোর বিরুদ্ধে সরকার কর্তৃক অভিযান পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো অবহেলার ঘটনা ঘটলে সে সম্পর্কে প্রতিকার প্রার্থনা করে স্বাস্থ্য বাতায়নে অভিযোগ করা যায়। জনগণ যেকোনো সময় অভিযোগ করতে পারে।

এ সময় রিট আবেদনকারীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। এরপর আদালত রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন। ওই রিট আবেদনে করোনা পরীক্ষাকারী হাসপাতাল ও ডায়াগনিস্টক সেন্টারের তালিকা প্রকাশ, চিকিৎসাসেবা দেওয়ার জন্য সারা দেশে লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নাম ও সংখ্যা প্রকাশ, যেসব হাসপাতালে করোনার পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে সেসব হাসপাতাল মনিটরিংয়ে প্রত্যেক থানায় একটি করে কমিটি গঠন, রিজেন্ট থেকে ভুয়া করোনার সনদ দেওয়া ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ, রিজেন্টের প্রতারণার শিকার প্রত্যেক রোগী থেকে নেওয়া ফি ক্ষতিপূরণসহ (২৫ হাজার টাকা করে) ফেরত প্রদান, করোনার সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো প্রতি সপ্তাহে তাদের সেবা নিয়ে পরিপূর্ণ একটি প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠায় সে জন্য একটি নীতিমালা করার নির্দেশনা চাওয়া হয়।

করোনার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে গত ৭ জুলাই রিজেন্ট হাসপাতালের দুটি শাখা (উত্তরা ও মিরপুর) বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ১৯ জুলাই এসব বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করা হয়।

স্বল্পমূল্যে টেলিটকের ইন্টারনেট পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

0

দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ দিবে সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। ইউজিসি পরিচালিত বিডিরেন প্লাটফর্ম ব্যবহারকারী দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।

বর্তমানে ৪২টি পাবলিক ও ৬৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিডিরেন প্লাটফর্ম ব্যবহার করছে। ছাত্রছাত্রীরা জুম অ্যাপলিকশনের মাধ্যমে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। এ জন্য শিক্ষার্র্থীদেরকে টেলিটকের নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। প্রতিমাসে ১০০ টাকা রিচার্জের বিনিময়ে এই সুবিধা পাওয়া যাবে। রিচার্জ করা টাকা তার মূল একাউন্টে জমা হবে। এই টাকা ভয়েস কল ও ডাটার জন্য ব্যয় করা যাবে। অব্যবহিৃত টাকা পরবর্তী রিচার্জে যোগ হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে এবং সিমে ন্যূনতম ডাটা না থাকলে এই সুবিধা ভোগ করা যাবে না।

শিক্ষার্থীরা যেন বিনামূল্যে অনলাইন এডুকেশন রিসোর্স ব্যবহার করতে পারে সে লক্ষ্যে বিডিরেন ২১ জুলাই ২০২০ তারিখে টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ সব মোবাইল অপারেটরকে পত্র প্রেরণ করে। বিডিরেনের এ আহ্বানে সাড়া দিয়ে টেলিটক গত ২৮ আগস্ট ২০২০ তারিখে একটি সম্মতি পত্র দিয়েছে। পত্রে টেলিটক জানায় জাতীয় এ সংকটে বিডিরেনের মহতী এ উদ্যোগে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছে। টেলিটক মনে করে এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিশাল একটি অংশ অনলাইন ক্লাসের সময় তাদের নেটওয়ার্কের আওতায় আসবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, করোনা মহামারির সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখার এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ প্রদানের উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানান।

দেশের উচ্চশিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ দেওয়ার উদ্যোগে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রতি ইউজিসি চেয়াম্যান কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছাত্র-ছাত্রীরা যাতে স্বল্প খরচে ডিজিটাল ডিভাইসের এক্সেস এবং ইন্টারনেট সুবিধা পেতে পারে এ বিষয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সম্প্রতি শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের গ্রন্থস্বত্ব জালিয়াতির অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টের

0

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নামের দুটি বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটির অপর দু’জন সদস্য হলেন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এই কমিটিকে একমাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে।

মেধাস্বত্ব ও গ্রন্থস্বত্ব রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জার্নি মাল্টিমিডিয়া লিমিটেডের স্বত্বাধিকারী সাংবাদিক নাজমুল হোসেনসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, মুজিববর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’র জন্য আটটি বই কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ এবং ‘৩০৫৩ দিন’ নামের দুটি বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির অভিযোগ। এই দুটি বইয়ের পাশাপাশি অধ্যাপক নাসরিন আহমদ সম্পাদিত ‘অমর শেখ রাসেল’ বইটিরও মেধাস্বত্ব চুরি করে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ‘জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড’ ও ‘স্বাধীকা পাবলিশার্স’ নামে দুটি প্রকাশনা সংস্থার মালিক সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে।

১১০ ভাগ ভোটও জিয়াউর রহমান পেয়েছিলেন’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু হত‌্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান সেনাবাহিনীতে থাকা খালেদ মোশাররফ, কর্নেল হুদা, হায়দারসহ অসংখ‌্য মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিককে নির্মমভাবে হত‌্যা করে। গণতান্ত্রিক সংস্কৃতির প্রাণ ভোমরাকে আবদ্ধ করে সামরিক ছায়ায় হ‌্যাঁ-না ভোটের ক‌্যানভাসে ১১০ ভাগ ভোটও জিয়াউর রহমান সেদিন পেয়েছিলেন। এটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের নমুনা।

বুধবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত‌্যাকাণ্ডে জড়িত থাকার কারণেই জিয়াউর রহমান খুনিদের দায়মুক্তির ব্যবস্থা করেছিলেন।জিয়াউর রহমানের জড়িত থাকার বিষয়টি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুক, রশিদ, মাজেদরা মিডিয়ায় নিজেদের সাক্ষাৎকারে বলেছে। জড়িত ছিল বলেই খুনিদের পুনর্বাসনের জন্য ও বিচারকার্য বাধাগ্রস্ত করতে জাতির পিতার হত‌্যাকাণ্ডের ইনডেমনিটি অধ‌্যাদেশ সংবিধানে পাশ কারে দায়মুক্তির বিধান করে। আমরা বুঝতে পারি না, ঐতিহাসিক প্রক্রিয়ার মধ‌্য দিয়ে পরীক্ষিত এই সত‌্যকে বিএনপি অস্বীকার করে কীভাবে?

আওয়ামী লীগের যে সকল জেলা, মহানগর এবং সহযোগী সংগঠগুলোর সম্মেলন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি, তাদের ১৫ সেপ্টেম্বরের মধ‌্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেোয়ার নির্দেশ দেন সাধারণ সম্পাদক। তিনি বলেন, এরপর যে সম্মেলনগুলো হবে সেগুলো সব আনুষ্ঠানিকতা শেষ করেই করব। উপজেলা সম্মেলন, ইউনিয়ন, ওয়ার্ড বাদ দিয়ে জেলা সম্মেলন করার কোনো মানে হয় না। কাজেই আমাদের একেবারেই তৃণমূল থেকে চিন্তা-ভাবনা করতে হবে। খুব শিগগিরই দলের সভাপতিমণ্ডলীর সভা হবে। এরপর কার্যনির্বাহী কমিটির মিটিং করার চিন্তা-ভাবনা আছে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগটনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এস এম কামল হোসেন, মির্জা আজম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

নাইমুলের মৃত্যু: আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ

0

কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন এ আদেশ দেন। ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

আনিসুল হক ছাড়া বাকি যাঁদের মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

গত বছরের ১ নভেম্বর রাজধানীর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম আলোর মাসিক সাময়িকী কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে ওই মাঠেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আবরার। ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ৬ নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন আবরার রাহাতের বাবা মজিবুর রহমান। মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক এবং কিশোর আলোর প্রকাশক মতিউর রহমানসহ অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত আবরারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন।

আবরারের মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা অপমৃত্যুর মামলার সঙ্গে বাদীর অভিযোগ তদন্তের নির্দেশ দেন। গত ১৬ জানুয়ারি মোহাম্মদপুর থানার পরিদর্শক আবদুল লতিফ আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, আসামিদের দায়িত্বে অবহেলায় আবরারের মৃত্যু হয়েছে। কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানের মঞ্চ ও প্যান্ডেলে যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল তা ছিল ১২০ কেভিএ ক্ষমতাসম্পন্ন জেনারেটর পরিচালিত। তদন্তের সময় সেখানে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তার জব্দ করা হয়। বিভিন্ন তার বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হয়। দেখা গেছে, অনুষ্ঠানস্থলের বিদ্যুতের তারের সংযোগ লাইন সঠিক ছিল না। তারের বিভিন্ন স্থান জোড়াতালি দেওয়া ছিল। কোনো কোনো স্থানে স্কচটেপ লাগোনো ছিল। বিভিন্ন স্থানে তারের ইনসুলেশন খোলা ছিল। মোট কথা বিদ্যুৎ সংযোগ ছিল অরিক্ষত।

তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়, আবরার রাহাত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আগে আরো কয়েকজন ওই সব তারে জড়িয়ে পড়ে। তারা অভিযোগ করার পরও বিদ্যুৎ লাইন ঠিক না করে অনুষ্ঠান চালিয়ে নেয় প্রথম আলো কর্তৃপক্ষ। আবরার রাহাত বিদ্যুৎস্পষ্ট হওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক জেনেও অনুষ্ঠান চালিয়ে যান আয়োজকরা। তার যথাযথ চিকিৎসাও দেওয়া হয়নি।

অপ্রয়োজনীয় ব্যয়, অপচয় না করার তাগিদ পরিকল্পনামন্ত্রীর

0

সরকারের বিভিন্ন কাজে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় না করার তাগিদ দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘পরিমিতিবোধ, মিতব্যয়িতা ইত্যাদি সাধারণ ব্যাপার আমাদেরকে স্কুল থেকে শিখিয়ে আসছে। সেটা আমরা চর্চা করবো। অপ্রয়োজনীয় ব্যয়, অপচয় আমরা ঠেকিয়ে দেব। সেই বিষয়ে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা-কর্মচারীদের) দৃষ্টি আকর্ষণ করছি।’

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভবনে দুই দিনব্যাপী ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর জেনারেটিং এসডিজিস ডাটা উইথ ফোকাস টু এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালায় অংশ নিয়ে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রশাসনের দু-একটি সাধারণ বিষয় আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই। করোনার কারণে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সারাবিশ্বই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং ভয়ের ব্যাপার নয়। সারাবিশ্ব যেভাবে অ্যাডজাস্টমেন্ট করছে, আমরাও তাই করবো। তাল মিলিয়ে চলবো। কিন্তু আমাদের ঘরের কিছু কাজ আছে, সেটা বিশ্বের সুইডেন করে দেবে না, নরওয়ে করে দেবে না। আমাদেরকেই করতে হবে। আর্থিক যে বিভিন্ন বিষয় আছে, আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যয় করবো, তবে জেনেশুনে করবো। যেখানে প্রয়োজন, সেই ব্যয়টা পুরোটাই করবো।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া সুযোগ-সুবিধার বিনিময়ে জনগণ তাদের কাছ থেকে সেবা আশা করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সেই সেবাটা, তাদের পুরো পাওনাটা মিটিয়ে দেব। সেই পাওয়া মিটিয়ে দেয়ার ব্যাপারে আমরা নিজেদের আত্মার সঙ্গে আপোস করবো না। এ বিষয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি।’