Home Blog Page 2711

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি শুরু

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি শুরু হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে শুরু হয় এ চার্জ শুনানি।

গত ২২ মার্চ একই আদালত অভিযোগ গঠন শুনানির তারিখ ৬ এপ্রিল ঠিক করেন। কিন্তু করোনার কারণে শুনানি হয়নি। গত ৯ আগস্ট আদালত গঠন শুনানির নতুন তারিখ ধার্য করেন।

মামলার আসামিরা হলেন ছাত্রলীগের বুয়েট শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, এএসএম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মন্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ।

আসামিদের মধ্যে প্রথম ২২ জন কারাগারে ও তিনজন পলাতক। এছাড়া তাদের মধ্যে আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

করোনার মধ্যেও আগস্টে রেমিট্যান্স ১৯৬ কোটি ডলার

0

করোনাভাইরাস মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসী আয়ের ধারা অব্যাহত রয়েছে।

চলতি মাসের মাত্র ১৬ দিনেই ১৩৬ কোটি ডলারের রেকর্ড প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের আগস্টের তুলনায় এবার রেমিট্যান্সে ২৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের জুন ও জুলাইয়েও অতীতের সব রেকর্ড ভেঙে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে আগস্টে এসে কিছুটা কমেছে রেমিট্যান্সের গতি।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ১৯৬ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ হাজার ৪৯৭ কোটি টাকা (প্রতি ডলার ৮৪ টাকা ধরে), যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫১ কোটি ৯২ লাখ ডলার বা ২৬ দশমিক ৪৪ শতাংশ বেশি। আগের বছরের আগস্ট মাসে ১৪৪ কোটি ৪৮ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে চলতি বছরের জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। একক মাস হিসাবে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল চলতি বছরের জুনে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

গত অর্থবছরে রেমিট্যান্সের ওপর ঘোষিত ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্সপ্রবাহ বাড়তে থাকে। চলতি (২০২০-২১) অর্থবছরেও রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে। এরপর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্সপ্রবাহ বাড়তে থাকে।

এদিকে রেমিট্যান্সের ওপর ভর করেই একের পরে এক রেকর্ড গড়ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ)। প্রথমবারের মতো ৩৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

সবশেষ তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর দিন শেষে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩৯ দশমিক ১৫ বিলিয়ন বা তিন হাজার ৯১৫ কোটি ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত (২০১৯-২০) অর্থবছরে প্রবাসীরা মোট এক হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৫৪ হাজার ৭৪২ কোটি টাকা (পরিমাণ প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। এর আগে কোনো অর্থবছরে এত অর্থ দেশে আসেনি।

২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়। ওই সময়ে প্রবাসীরা এক হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। সেই হিসেবে আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭৮ কোটি ৫৩ লাখ ডলার বা ১৫ হাজার কোটি টাকা।

সাময়িক সনদের মেয়াদ পার ৭১ বিশ্ববিদ্যালয়ের, ৪১টির মেয়াদ বাড়ানোর সুযোগ নেই

0

রাজধানীর উত্তরায় ২৪ বছর আগে স্থাপিত হয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে সনদ নিয়েছেন। এত দিনে প্রতিষ্ঠানটি ঢাকা থেকে বেশ দূরে স্থায়ী ক্যাম্পাসের জন্য শুধু জায়গা কিনেছে। ধানমণ্ডিতে অবস্থিত আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ১৯ বছর পেরিয়ে এসেও জমিই কিনতে পারেনি। আবার অনেক বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে দূরে লোক-দেখানো স্থায়ী ক্যাম্পাস করলেও রাজধানীতে ভাড়া বাড়িতেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, দেশে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৬। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ৯৬টি। ৩৫টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে পুরোপুরি বা আংশিক শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। তবে স্থায়ী ক্যাম্পাসে যেতে এখনো গড়িমসি করছে ৩৫টি বিশ্ববিদ্যালয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী অনুমোদনের ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। প্রথমে সাত বছরের জন্য সাময়িক সনদ পায়। এরপর তা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত নবায়নের সুযোগ আছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ন্যূনতম এক একর এবং অন্যান্য এলাকায় কমপক্ষে দুই একর অখণ্ড জমি থাকতে হবে।

সূত্র জানায়, গত ৩১ জুলাই পর্যন্ত ৭১টি বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদের মেয়াদ পেরিয়ে গেছে। এর মধ্যে সাতটি মেয়াদ নবায়নের আবেদন করেছে। আর তিনটি তাদের শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করেছে। বাকি ২৬টির সাময়িক সনদের মেয়াদ বৃদ্ধির সুযোগ আছে। আর ৪১টির মেয়াদ বাড়ানোর সুযোগ নেই।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘নির্ধারিত সময় পার করেও অনেক বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। কিছু প্রতিষ্ঠান দূরে স্থায়ী ক্যাম্পাস করার পরও ভাড়া বাড়িতেই কার্যক্রম চালাচ্ছে। অনেকে ইচ্ছাকৃতভাবেও যাচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণের কারণে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারিনি। আশা করছি, আর দু-তিন মাস পর করোনার সমস্যা কেটে যাবে। এরপর আমরা অ্যাকশনে যাব। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা জানতে আমরা কাজ শুরু করেছি।’

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘করোনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও ক্ষতিগ্রস্ত। এখন শুরু হয়েছে অর্থনীতি পুনরুদ্ধারের যুদ্ধ। সেখানে বড় প্রয়োজন শিক্ষাব্যবস্থার উন্নয়ন। এ জন্য সব শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে সম্পৃক্ত করার ওপর ইউজিসির জোর দেওয়া উচিত।’

জানা যায়, আইনি বাধ্যবাধকতা ও ইউজিসির চাপে বেশ কিছু বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে বেশ দূরে গড়ে তুলেছে স্থায়ী ক্যাম্পাস। তবে ওই ক্যাম্পাসে তেমন কোনো শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯টি কাজ শুরু করেছে। দুটি বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশনের জমিতে নির্মিত স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তবে আইন অনুযায়ী সেটিও বৈধ নয়। আর তিনটি বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরিমাণের চেয়ে কম জমিতে স্থায়ী ক্যাম্পাস করেছে।

২০০০ সালে অনুমোদন পাওয়া একটি বিশ্ববিদ্যালয় বাড্ডায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেছে। এর পরও তারা বনানী ও গ্রিন রোডে ক্যাম্পাস পরিচালনা করছে। দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠার ২৩ বছরেও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিরুলিয়ায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাশাপাশি ঢাকায় একাধিক স্থানে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ অনুমোদন পায় ২০০১ সালে। এটি এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেনি।

প্রাইম ইউনিভার্সিটি মিরপুরে স্থায়ী ক্যাম্পাস গড়লেও নির্ধারিত পরিমাণের চেয়ে জমি কম রয়েছে। ১৯৯৬ সালে অনুমোদন পাওয়া এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এখনো চলছে ভাড়া বাড়িতে। রাজধানীর সোবহানবাগে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থাকলেও ভাড়া বাড়িতেই চলছে বেশির ভাগ শিক্ষা কার্যক্রম। চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো একাধিক ক্যাম্পাস পরিচালনা করছে। মহাখালীতে অবস্থিত একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাভারে স্থায়ী ক্যাম্পাস থাকলেও তারা সেখানে আংশিক কার্যক্রম চালাচ্ছে। বনানীতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় ঢাকার বেশ দূরে দুটি স্থায়ী ক্যাম্পাস করলেও একটিতেও তারা যাচ্ছে না।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ার বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অনেকটাই উদাসীন। প্রায় তিন বছর আগে মন্ত্রণালয়েরই এক সভায় এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, নতুন বিভাগ ও অনুষদ খোলা এবং সমাবর্তন আয়োজনের অনুমতি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছিল; কিন্তু রহস্যজনক কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

‘এই আমি রেণু’র সেটে করোনা, কোয়ারেন্টিনে সোহিনী

0

সোহিনী সরকারের মেক-আপ আর্টিস্ট কভিড পজিটিভ। এই খবর প্রকাশ্যে আসতেই শুটিং বাতিল করলেন অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি।

আনলক পর্যায়ে সিনেমার শুটিংয়ে ছাড়পত্র পাওয়ার পরই শুরু হয়েছিল ‘এই আমি রেণু’ ছবির কাজ। সেই ছবির শুটিংয়েই ব্যস্ত ছিলেন সোহিনী। মূল চরিত্র রেণুর ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার। পুরোদমে চলছিল শুটিং। তবে সদ্য তাঁর মেক-আপ আর্টিস্ট শানু সিংহ রায়ের শরীরে মারণ ভাইরাসে উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী।

শুটিং বাতিল করে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন সোহিনী সরকার। বয়ফ্রেন্ড তথা অভিনেতা রণজয় বিষ্ণুও সোহিনীর সঙ্গে একই বাড়িতে থাকায় তিনিও গৃহবন্দি। জানা গেছে, সোহিনীর মেক-আপ করার পরই কভিড টেস্ট করান শানু সিংহ রায়। শুটিংয়ের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল, তাই নিয়মমতো টেস্ট করাতে হয়। কোনওরকম উপসর্গ ছিল না তাঁর। আর তারপরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সোহিনী জানিয়েছেন, তাঁর এবং রণজয়ের শরীরে এখনও কোনওরকম উপসর্গদেখা দেয়নি। তবে ৭ দিন কোয়ারেন্টিনে থাকবেন। তারপর করোনা পরীক্ষা করাবেন। রিপোর্ট ঠিকঠাক এলে তবেই শুটিং সেটে ফিরবেন।

প্রসঙ্গত, এই ছবিতে সোহিনীর বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। রয়েছেন গৌরব চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়ও। খবর পাওয়া মাত্রই ছবির বাকি শিল্পীদের শুটিংও স্থগিত রাখা হয়েছে। সোহিনী ফিরলে তবেইফের ছবির শুটিং শুরু হবে আবার। সেক্ষেত্রে নতুন মেক-আপ শিল্পী নিয়ে কাজ করতে হবে অভিনেত্রীকে।

সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে এই ছবি। সোহম-সোহিনীর আগামী ছবির গল্পটা কীরকম? রোম্যান্টিক ড্রামা। গল্পের প্রেক্ষাপট আটের দশক। সুন্দরী যুবতী রেণু। কলেজে পড়াকালীন প্রেমে পড়ে সুমিত নামে একটি ছেলের। সম্পর্ক গড়ে ওঠে সুমিত এবং রেণুর। তবে ঘটনাচক্রে রেণুর বিয়ে হয়ে যায়।

পরিস্থিতির শিকার হয়ে সরকারি চাকুরে বীরেনের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়ে রেণু। কিন্তু পুরনো প্রেমিক সুমিত? তাঁর সঙ্গে কি রেণুর সম্পর্কের ইতি এখানেই ঘটে নাকি অন্য মোড় নেয় বীরেন-রেণুর বৈবাহিক সম্পর্ক? উত্তর মিলবে সৌমেন শূরের ‘এই আমি রেণু’ ছবিতে। একই সিনেমায় যখন কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সোহিনী সরকার, সেই ছবি নিয়ে যে দর্শকের মধ্যে কৌতূহল থাকবেই তা বলাই বাহুল্য।

সিনেমা হল বাঁচাতে সরকারের কাছে আকুতি দেবের

0

বিগত কয়েক দিনে করোনা আবহের জন্য বেশকিছু ফিচার ফিল্ম মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। কারণ মহামারীর কথা মাথায় রেখে সিনেমা হল খোলা যাচ্ছে না। তাই সমস্ত ছবি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম বা হইচইয়ের মতো জায়গায়। সেপ্টেম্বর মাস থেকে বেশ কিছু আগের ছন্দে ফিরতে চলেছে। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেপ্টেম্বর মাসে ও খুলবে না সিনেমা হল।

ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সারাদেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমাহলের এবং মাল্টিপ্লেক্স মালিকদের কপালে ভাঁজ ফেলেছে। চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেতাই এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। এবার অভিনেতা তথা টিএমসি সাংসদ দেব এই বিষয়ে মুখ খুললেন। সেপ্টেম্বর মাসের সিনেমা হল না খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করলেন দেব। কারণ বহু পরিবারের রোজগার নির্ভর করে সিনেমা হলের উপর। তাদের জীবন একেবারেই থমকে আছে।

তথ্য সম্প্রচারণ মন্ত্রী প্রকাশ জাভড়েকর কে এই বিষয়ে আরো একবার ভাবার জন্য অনুরোধ করেছেন দেব। রবিবার দেব টুইট করেন, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি সিনেমা হল খোলার বিষয়টিকে নিয়ে পুনর্বিবেচনা করার। সিনেমা হল এর উপর বেশ কয়েকটি পরিবার নির্ভর করে। হাতজোড় করে প্রকাশ জাভড়েকর কে অনুরোধ করছি বিষয়টিকে নিয়ে দ্বিতীয়বার ভাবার। সিনেমা হলের পাশে দাঁড়ান এবং বাঁচান।

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টেলিভিশন ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর জন্য ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছেন। যেমন আইসোলেটেড জায়গায় ৪০ জন কে নিয়ে আউটডোর শুটিং এর অনুমতি দেওয়া হয়েছে। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েশন এর সঙ্গে একটি মিটিং করার পরে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচারস আর্টিস্ট ফোরাম এবং আরো কয়েকটি চ্যানেলে নবান্নে এই সিদ্ধান্ত নিয়েছিল। কলকাতা ২৪

জলাশয় রক্ষায় কিছু দূর পরপর কালভার্ট তৈরি করতে হবে : প্রধানমন্ত্রী

0

জলাশয় রক্ষায় কিছু দূর পরপর কালভার্ট তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে দুপুরে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রদানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, জলাশয় বা জলমগ্ন এলাকায় যেসব সড়কের কাজ করা হবে, সেখানে অনেক বেশি কালভার্ট রাখতে হবে। প্রাকৃতিক কিছু খাল আছে, সেসব খালতো রাখবোই, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আরো বাড়তি বা কিছু দূর পরপর একটা করে কালভার্ট করবেন। যাতে পানি ও মাছ অবাদে চলতে পারে।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ওই এলাকায় (হাওর অঞ্চলের) যেসব আদিম গাছগাছালি আছে সেগুলো রক্ষা করতে হবে। প্রাকৃতিক বৈচিত্র যা আছে, প্রাণিজ জলজ বৃক্ষ রক্ষা করতে হবে। জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে বলেও জানান তিনি।

এনু-রুপনের বিরুদ্ধে অর্থপাচার মামলার প্রতিবেদন ৪ অক্টোবর

0

‘ক্যাসিনো ব্রাদার’ পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৪ অক্টোবর সিআইডিকে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসেনের আদালত এই নির্দেশ দেন।

জানা যায়, মানি লন্ডারিং (অর্থপাচার) মামলার তদন্ত করতে গিয়ে ‘ক্যাসিনো ব্রাদার’ পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার নামে ১২১টি ফ্ল্যাট ও ব্যাংকে ১৯ কোটি টাকা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ ছাড়া ঢাকার বাইরে দুই ভাইয়ের আরো ছয়টি জমির সন্ধান পাওয়া গেছে।

দেশে বিপুল সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি বিদেশেও অর্থ পাচার করেছেন দুই ভাই। পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে বিদেশে অর্থপাচারের তথ্য-প্রমাণ মিলেছে।

গত সোমবার রাজধানীর বংশাল থানায় তাঁদের বিরুদ্ধে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) মানি লন্ডারিং (অর্থপাচার) প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াদের পুরান ঢাকার বানিয়ানগরের বাসায় এবং তাঁদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাঁদের নামে ছয়টি মামলা হয়। পরে গত ২৫ ফেব্রুয়ারি এনু-রুপনের লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা, পাঁচ কোটি ১৫ লাখ টাকার এফডিআরের কাগজ এবং এক কেজি সোনা জব্দ করে র‌্যাব। এ ঘটনায় দুই ভাইয়ের নামে আরো দুটি মামলা দায়ের করা হয়।

দেশের প্রথম ‘হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার’ স্থাপন

0

দেশে প্রথমবারের মতো ‘হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার’ সল্যুশন স্থাপন করলো সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা কম্পানি ‘ইডটকো বাংলাদেশ’। ৭৫ মিটার লম্বা এই টাওয়ারটি স্থাপন করা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপ হাতিয়ায়। প্রত্যন্ত এই দ্বীপটিতে কোনো বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ নেই। ঘন ঘন ঘূর্ণিঝড় এবং তীব্র জোয়ারের ঝুঁকির কারণে এই এলাকার সাথে সংযোগ রক্ষা করাও খুব কঠিন।

ইডটকো বাংলাদেশ-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের যেসব এলাকা জাতীয় বিদ্যুৎ গ্রিডের অন্তর্ভুক্ত নয়, সেসব এলাকায় প্রয়োজনীয় নেটওয়ার্ক সংযোগ স্থাপনের বিষয়টিকে গুরুত্ব দিয়েই এটি তৈরি করা হয়েছে।

উদ্ভাবনী, টেকসই এবং বিদ্যুৎ-সাশ্রয়ী সল্যুশন স্থাপনের মাধ্যমে টেলিকম টাওয়ারগুলোতে বিকল্প শক্তি ব্যবহার করে দেশজুড়ে নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে যে প্রচেষ্টা ইডটকো চালিয়ে যাচ্ছে, এই উদ্যোগটি তারই অংশ।

উদ্ভাবনীমূলক এই টাওয়ারটি একটি স্থায়ী গ্রিন হাইব্রিড এনার্জি সল্যুশন দিয়ে গঠিত, যার সর্বোচ্চ ১২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার থেকে দৈনিক প্রতি ঘণ্টায় ৪২ কিলোওয়াট এবং টাওয়ারের মাথায় বসানো ৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বায়ু ঘূর্ণিযন্ত্র থেকে দৈনিক ঘণ্টায় ৬ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এভাবেই পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করার মাধ্যমে হাইব্রিড পাওয়ার প্ল্যান্টটি টেলিকম সিস্টেমকে সারা বছর সক্রিয় রাখবে।

নবায়নযোগ্য এই এনার্জি সল্যুশনটি ডিজেলের ব্যবহার কমানোসহ সার্বিকভাবে টাওয়ার রক্ষণা-বেক্ষণের খরচ কমানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রকৃতিবান্ধব এই সল্যুশনটি শতকরা ৮০ ভাগ পর্যন্ত কম কার্বন নিঃসরণ করবে।

এই হাইব্রিড সিস্টেমটির কিছু বিশেষত্ব হচ্ছে- এতে আছে ৩৬০ ডিগ্রি কোণ থেকে বাতাস ধরার জন্য উল্লম্ব অক্ষের উইন্ড টারবাইন; এতে চাহিদা অনুযায়ী শক্তি পরিমাপ করা যায়। যন্ত্রাংশ লাগানোসহ সার্বিক রক্ষণাবেক্ষণ তুলনামূলক সহজ। পরিচালন ও রক্ষণাবেক্ষণে কম খরচ হয় এবং এটি পরিবেশবান্ধব এবং নিঃশব্দে চলে।

এ বিষয়ে ইডটকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন বলেন, সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসাবে যেকোনো দূরবর্তী অবস্থান কিংবা অর্থনৈতিক অবস্থার সব জনগোষ্ঠীর মানুষের জন্য ইডটকো কাজ করে। কম্পানির নিজস্ব বিশ্বাসের জায়গা থেকেই আমরা এটা করে থাকি। আর এ ধরণের সল্যুশন আমাদেরকে ওইসব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সংযোগের আওতায় আনার সুযোগ করে দেয়, সামাজিক ক্ষমতায়নের জন্য যাদের এটি ভীষণ প্রয়োজন। এসব জনগোষ্ঠীর চাহিদার কথা মাথায় রেখে আমরা এমন সব সল্যুশন দেওয়ার চেষ্টা করি, যেগুলো গুণমানে টেকসই এবং তাদের জীবন-জীবিকার মানোন্নয়নে সাহায্য করে।

ইডটকো গ্রুপর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র ডিরেক্টর আইআর কুমারী নলিনী বলেন, পরিবেশের উপর আমাদের প্রভাব কমানোর করার পাশাপাশি পরিবেশ বান্ধব টেকসই অবকাঠামো তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

0

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল তিনজন। আগের দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।

অ্যাডভোকেট এস এম মুনীরের নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সলিসিটর রুনা নাহিদ আকতার এই নিয়োগের তথ্য আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন।

এস এম মুনীর ১৯৮১ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। ২০১৫ সালের ২০ ডিসেম্বর তাকে সিনিয়র আইনজীবী করা হয়। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অনলাইন প্ল্যাটফর্ম ‘উত্তরণ’

0

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম প্রকল্পের উদ্যোগে অনলাইন প্ল্যাটফরম ‘উত্তরণ’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এর উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ১৯৯৫ সালে বেইজিং ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০০০ সাল হতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।

এ প্রকল্পের সহযোগী হিসেবে ১১টি মন্ত্রণালয় ও বিভাগ তথা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালযয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। এই অ্যাপস নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ফরিদা পারভীন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থাসমূহের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা কমানোর পাশাপশি সেবা কার্যক্রম জোরদার করা। এই প্রকল্পের আওতায় ১৩টি মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৪৭টি জেলা সদর হাসপাতাল এবং ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান-স্টপ ক্রাইসিস সেল, ঢাকায় ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার (ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন ১০৯), জয় মোবাইল অ্যাপস ও ন্যাশনাল সেন্টার অন জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিষ্ঠা করা হয়েছে। রোহিঙ্গা নারী ও শিশুদের মনোসামাজিক কাউন্সেলিং প্রদানের জন্য কক্সবাজারের উখিয়ায় ১১টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার স্থাপন করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের ধারাবাহিকতায় ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠার কাজ চলমান আছে।

অনলাইন প্লাটফর্মে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন বলেন, ডেনমার্ক সরকার ২০০০ সাল থেকে বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব ফরিদা পারভীন বলেন, এই অনলাইনের প্ল্যাটফরম এর মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের জন্য একটা বিশেষ সুযোগ সম্ভাবনা তৈরি হলো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধকল্পের মাল্টিসেক্টরাল প্রোগ্রাম এর প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন। অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত হয়ে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম এর অনলাইন প্ল্যাটফরমের শুভ উদ্বোধন করেন।