Home Blog Page 2712

উপসচিব হলেন ২২০ কর্মকর্তা

0

সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২২০ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এসব কর্মকর্তা বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হয়েছিলেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

২০০৬, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সাল থেকে উপসচিব হিসেবে এই কর্মকর্তাদের পদোন্নতি ধরা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব উপসচিবকে পদায়ন করা হয়নি, তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বাংলাদেশ দূতাবাসের তিনজন কর্মকর্তা রয়েছেন। তাঁরা হলেন- থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মোহাম্মদ খায়রুল হাসান, ইতালিতে ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র এবং দক্ষিণ কোরিয়ার কমার্শিয়াল কাউন্সিলর ড. মো. মিজানুর রহমান।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত শাহ মোহাম্মদ মাহবুবও পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে প্রধান, সিনিয়র সহকারী প্রধান, উপপ্রধান, যুগ্ম প্রধান পদে কর্মরত আছেন।

গেজেটে বলা হয়, সরকারি কর্মকমিশনের সমন্বিত মেধাতালিকা অনুসারে পুলে যোগদানকারী ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা এবং ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের জ্যেষ্ঠতা স্ব-স্ব ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত হবে। আন্ত মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী একীভূত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের সমপদে পদায়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ এবং একীভূতকরণের সব প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, পদোন্নতির পর এখন উপসচিবের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৭৮০ জন। পদোন্নতিপ্রাপ্তদের অনলাইনে যোগদান করতে বলা হয়েছে এবং তাদের sa1@mopa.gov.bd ই-মেইলে যোগদানপত্র পাঠাতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করতে অনুশাসন দেন।

চীনা ফিশিং ট্রলার আগমনের প্রতিবাদ করবে পাকিস্তানের জেলেরা

0

পাকিস্তানের সমুদ্রসীমায় ২০টি চীনা ফিশিং ট্রলারের আগমনের প্রতিবাদ করবে বলে জানিয়েছে দেশটির জেলেরা। ফিশিং ট্রলারগুলো সিন্ধু ও বালুচিস্তান প্রদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে মাছ ধরবে বলে জানা গেছে।

পাকিস্তান মৎসজীবী ফোরাম (পিএফএফ) করাচিতে চীনা ফিশিং ট্রলারের আগমনের বিরুদ্ধে একটি প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে। পিএফএফ’র মতে, অনিয়ন্ত্রিত মৎস আহরণের ফলে উপকূলীয় অঞ্চলে মাছের মজুদ এরই মধ্যে গত বছরের তুলনায় ৭২ শতাংশেরও বেশি কমেছে। এখন তারা আশঙ্কা করছে যে চীনা বিশাল আকারের ট্রলারগুলো পাকিস্তানের আর্থনৈতিক অঞ্চলে মৎস আহরণ করলে সামুদ্রিক সম্পদ আরো কমে যাবে।

চীনা ট্রলারগুলো আগস্টের প্রথম সপ্তাহে সিন্ধু এবং বালুচিস্তানের উপকূলে পৌঁছেছে। তবে তারা এখনো মাছ ধরা শুরু করেনি। তারা চীনের কোন অংশ থেকে এসেছে তা জানা যায়নি।

পিএফএফ’র চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘এই ট্রলারগুলো মাছ ধরা শুরু করলে স্থানীয় জেলেরা বঞ্চিত হবে এবং ভবিষ্যতে পরিবেশগতভাবে সমুদ্রকে ধ্বংস করবে। ফলে স্থানীয় জেলেদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।’

পিএফএফ’র কেন্দ্রীয় নেতৃত্ব অনুসরণ করে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াদরের জেলেরাও চীনা ট্রলারগুলোর বিরুদ্ধে প্রতিবাদ অভিযানের ঘোষণা দিয়েছে। গোয়াদর হল ৫০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি অংশ। যা চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ। অতীতে গোয়াদরের জেলেরা বেল্ট এবং রোড অবকাঠামোগত প্রকল্পগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কারণ এটা তাদের সমুদ্রে যেতে বাধা দেয়।

গোয়াদর মৎস্যজীবী জোটের সভাপতি খুদুইদাদ ওয়াজু বলেছেন, ‘চীনা ট্রলারের আগমন স্থানীয় জেলেদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করবে। তিনি নিক্কেই এশিয়ান রিভিউকে বলেন, ‘সিন্ধু ও বালুচিস্তানের উপকূলীয় শহরগুলোতে ২৫ লাখেরও বেশি মানুষের রোজগারের অন্যতম উৎস সমুদ্রে মাছ ধরা। নতুন ট্রলারগুলো আমাদের জীবিকা থেকে বঞ্চিত করবে।’

চীনা ট্রলারের আগমন এই এলাকার জেলেদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। তাঁরা বলছেন, গভীর সমুদ্রের চীনা ট্রলারগুলোকে মাছ ধরার অনুমতি দেওয়া বালুচিস্তানের সমুদ্র তাদের কাছে বিক্রি করার সমান।

সূত্র : এশিয়ান রিভিউ।

জিনজিয়াংয়ে নারীদের জোরপূর্বক গর্ভপাত ও সদ্যোজাত শিশুকে হত্যা করা হচ্ছে!

0

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম নারীদের জোরপূর্বক গর্ভপাত ঘটানো হচ্ছে। সেই সঙ্গে সদ্যোজাত শিশুকেও মেরে ফেলা হচ্ছে। চীন সরকারের পরিবার পরিকল্পনা নীতিমালার বাইরে গর্ভধারণ করলে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবার পরিকল্পনার নীতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার বেশি কেউ সন্তান নিলে বা কোনো নারী তিন বছরের কম সময়ের মধ্যে দুইবার সন্তান জন্ম দিলে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই তথ্য প্রকাশ করেছেন উইঘুর মুসলিম চিকিৎসক হাসিয়েত আবদুল্লাহ।

রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়, প্রসূতিবিষয়ক চিকিৎসক ডা. আবদুল্লাহ চীনের জিনজিয়াংয়ের বেশ কিছু হাসপাতালে কাজ করেছেন। বর্তমানে তিনি তুরস্কে বসবাস করছেন।

তিনি জানান, উইঘুর বা সংখ্যালঘু অন্যান্য জাতিসত্তার শহরে বসবাসরত দম্পতির সন্তান থাকবে দুটি। গ্রামে বাস করলে সেই দম্পতির সন্তান থাকবে তিনটি। আরো বলা আছে, তিন বছর ফাঁক রেখে সন্তানের জন্ম দিতে হবে। এই সীমা লঙ্ঘন করে সন্তান ধারণ করলে সংশ্লিষ্ট নারীকে গর্ভপাত করাতেই হবে। নইলে ভূমিষ্ঠ হওয়া শিশুকে হত্যা করা হবে।

গত ২৯ জুন জার্মান গবেষক আড্রিয়ান জেনজ এক সমীক্ষায় জানান, চীনের জিনজিয়াং প্রদেশে জোরপূর্বক বন্ধ্যাকরণ ও গর্ভপাতের হার সাম্প্রতিক সময়গুলোতে নাটকীয়ভাবে বেড়ে গেছে। জেনজ বলেন, চীনা সরকারের নেতৃত্বে জবরদস্তিমূলক জন্মনিয়ন্ত্রণ অভিযানকে জাতিসংঘের সংজ্ঞা অনুসারে ‘গণহত্যা’ বলা চলে। এর পরই ডা. হাসিয়েত আব্দুল্লাহ এসব তথ্য সামনে আনলেন।

তিনি আরো বলেন, জিনজিয়াংয়ের প্রতিটি হাসপাতালে পরিবার পরিকল্পনা ইউনিট আছে। কোন নারীর কখন প্রসব সে বিষয়ে কড়া নজর রাখে এই ইউনিট। প্রয়োজনে তারা ৮-৯ মাসের গর্ভবতীরও গর্ভপাত ঘটায়। নিয়মের বাইরে জন্ম নেওয়া শিশুকে তারা বাবা-মার কাছে দেয় না। শিশুটি মেরে ফেলে এবং মৃতদেহ গুম করে। এসব কাজ তাদের করতেই হচ্ছে। কারণ ‘উপরের আদেশ’ আছে। হাসপাতালগুলো যদি তা মান্য না করে, তবে তাদের জরিমানা করা হয়।

উইঘুর জনগোষ্ঠীকে ডিটেনশন ক্যাম্পে আটক রাখা, নির্যাতন-নিপীড়ন করায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে রয়েছে চীন। ধারণা করা হয়, পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে প্রায় দশ লাখ উইঘুর ও অন্য সংখ্যালঘু মুসলিমকে এসব ক্যাম্পে আটক রেখেছে চীন। বেইজিং কর্তৃপক্ষ এগুলোকে ‘পুনঃশিক্ষা কেন্দ্র’ আখ্যা দিয়ে থাকে। সন্ত্রাস দমনে এগুলোর প্রয়োজন রয়েছে বলে দাবি তাদের। তবে এসব ক্যাম্পে নিপীড়নের বহু অভিযোগ রয়েছে। জিনজিয়াং প্রদেশে চীন যে অভিযান চালাচ্ছে, তাকে অনেক বিশেষজ্ঞই ‘জনতাত্ত্বিক গণহত্যার’ একটি ধরন বলে মনে করেন।

সূত্র : এএনআই।

আদিবাসীদের মঙ্গোলিয়ান ভাষায় পড়া বন্ধ করল চীন

0

চীনের উত্তরাঞ্চলে মঙ্গোলিয়া সীমান্তে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। মঙ্গোলিয়ান সম্প্রদায়ের এই আদিবাসীরা চীনেরই নাগরিক। এত দিন তারা নিজেদের মাতৃভাষায়ই পড়াশোনা করত। তবে মঙ্গোলিয়ান ভাষায় তাদের পড়াশোনা নিষিদ্ধ করেছে চীন সরকার।

বিদেশি মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গোলিয়ান ভাষা থেকে সরিয়ে নিয়ে আসার অংশ হিসেবে তাদের পাঠ্যতালিকায় মান্দারিয়ান ভাষার তিনটি বিষয় যোগ হচ্ছে।

পরের তিন বছর এভাবে চলবে। তারপর ধীরে ধীরে মঙ্গোলিয়ান ভাষায় পাঠদান বন্ধ করে শুধু মান্দারিয়ান ভাষায় পড়ানো হবে। চীন সরকারের এ সিদ্ধান্তের জেরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। মঙ্গোলিয়ানদের ওপর এটা সাংস্কৃতিক আগ্রাসন হিসেবেও উল্লেখ করা হচ্ছে।

নিউ ইয়র্কভিত্তিক দক্ষিণ মঙ্গোলিয়ান মানবাধিকারবিষয়ক তথ্যকেন্দ্র (এসএমএইচআরআইসি) এক প্রতিবেদনে জানিয়েছে, টংলিয়াও এবং উলানহাদ শহরের শত শত শিক্ষককে ডেকে চীন সরকার জানিয়েছে, চলতি মাস থেকেই চীনের মতো করে পাঠদান করতে হবে।

একজন শিক্ষক এ ব্যাপারে বলেন, মঙ্গোলিয়ান ভাষায় শিক্ষাদান বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা শুধু আইনবিরোধী নয়, মঙ্গোলিয়ানদের মানবাধিকারের চরম লঙ্ঘনও।

সূত্র : ইনটেলিনিউজ।

‘ভালো যেমন বাসতেন, চোখের জলও ফেলিয়েছেন

0

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল সোমবার মারা যাওয়ার ঘটনায় গতকাল থেকেই সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে সে দেশে। দল-মত-নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ শোক জানাচ্ছে প্রণব মুখার্জির বিদায়ে।

ভারতের সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আনন্দবাজার পত্রিকার অনলাইন থেকে তা এখানে হুবহু তুলে ধরা হলো-

মমতা লিখেছেন, তিনি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ভারতরত্নও। বঙ্গবাসী ও বঙ্গভাষী হিসেবে আমরা সবাই এ জন্য গর্ববোধ করি। তবে আমার মতে, প্রণবদা ছিলেন রাজনীতির রত্ন। তাঁর মতো রাজনীতি-অন্তপ্রাণ ব্যক্তির পক্ষে এটাই বোধ হয় সবচেয়ে বড় শিরোপা!

পেছনে তাকিয়ে ভাবছি, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কত দিনের পরিচয় আমার? ১৯৮৪-তে আমার প্রথম লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার পেছনে প্রণবদা ছিলেন। সেই কথা পরে বলব। মনে পড়ছে, তারও আগে ১৯৮৩ সালের কথা। সুব্রতদা, মানে সুব্রত মুখোপাধ্যায় তখন প্রণবদার টিম করেন। আমরা কাজ করতাম সুব্রতদার সঙ্গে।

কলকাতায় এআইসিসির অধিবেশন। প্রতিনিধিদের থাকার বন্দোবস্ত দেখাশোনার দায়িত্বে সুব্রতদা। সেই সংক্রান্ত কাজের সূত্রেই আমার প্রথম প্রণবদার কাছাকাছি যাওয়া। তিনি তখন কেন্দ্রে অর্থমন্ত্রী। কলকাতায় এলে উঠতেন আমির আলী এভিনিউয়ে সরকারি ভবন ‘কপার হাউস’-এ। ওটি তখন ছিল ছোট দোতলা বাংলো।

কী জানি, হয়তো আমার নামে আগেই কিছু ভালো কথা শুনেছিলেন প্রণবদা! তাই প্রথম আলাপেই তাঁর স্নেহের ছোঁয়া পেলাম। উৎসাহ দিলেন। প্রশংসাও করলেন। যোগাযোগের সেই শুরু। এর অল্পদিন পরেই আরেকটি ঘটনা। জম্মু-কাশ্মীরে কংগ্রেসকর্মীদের ওপর গুলি চলল। নিহত হলেন কয়েকজন। ফারুক আবদুল্লা তখন কলকাতায়। পরদিন খুব ভোরে ফিরে যাবেন। দিল্লি থেকে প্রণবদা নির্দেশ দিলেন, ‘কাল ফারুক আবদুল্লাকে বিমানবন্দরে তোরা বিক্ষোভ দেখাবি।’ সেইমতো শীতের ভোরে ৪টার সময় একটি গাড়ি জোগাড় করে বেরোলাম। সঙ্গে আমার ভাই অমিত, সুব্রত বক্সী। পথে জয়ন্ত ভট্টাচার্য এবং অশোক দেবকে তোলার কথা।

রাস্তায় কাঠের গুঁড়ি বোঝাই একটি লরিতে ধাক্কা মারল গাড়ি। তবু প্রাণে বাঁচলাম। ভাঙা গাড়িতেই বাকিদের তুলে বিমানবন্দরে বিক্ষোভ দেখিয়ে সব খবর দিলাম প্রণবদাকে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রণবদা বহু ঝড়-ঝঞ্ঝা, বর্ষা-বসন্ত, কঠিন পরিস্থিতি, সহজ সমাধানের অংশীদার ও সাক্ষী। আমরা জানি, ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় প্রণবদা ছিলেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইন্দিরাজি তাঁর ওপর নির্ভর করতেন চোখ বুজে। এভাবে অনেক কাজ তখন সমাধা হয়েছে। সেই বিশ্বস্ততা প্রণবদা অর্জন করেছিলেন।

তবে রাজীব গান্ধীর সঙ্গে প্রণবদার সম্পর্ক ভালো ছিল না। ইন্দিরাজি যেদিন নিহত হন, আমরা সেদিন রাজীবজির সঙ্গে সফর করছি। কাঁথির পথে কনভয় থামিয়ে আমাদের গাড়ির কাছে এসে রাজীবজি বললেন, ‘মাম্মি কো গোলি লাগা …।’

তৎক্ষণাৎ ফিরে যাওয়া। বিমানে বরকতদার সঙ্গে সেদিন প্রণবদার কটুবাক্য বিনিময় হয়েছিল। যা-ই হোক, রাজীবজি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন। তার পরে ১৯৮৪-র ভোট।

যাদবপুরে কংগ্রেস প্রার্থী হিসেবে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের নাম উঠছিল। কিন্তু প্রণবদা আমার নাম সুপারিশ করেন। সুব্রতদার কাছ থেকে নামটি গিয়েছিল প্রণবদার কাছে। প্রণবদা ফোন করে জানতে চান, ‘তুই লড়তে পারবি তো?’ তাঁকে বলেছিলাম, ‘সুযোগ পেলে লড়ে যাব। পালাব না।’ তিনি আমার জন্য প্রচারে এসেছিলেন। বারুইপুরে, বেহালায় সভা করেছিলেন।

আমি লোকসভায় যাওয়ার পর রাজীবজি আমাকে পছন্দ করেছিলেন। রাজ্যে সিপিএমের বিরুদ্ধে আন্দোলনে তাঁর কাছে অনেক সুযোগ ও প্রশ্রয় পেয়েছি। কিন্তু প্রণবদার সঙ্গে রাজীব গান্ধীর দূরত্ব বাড়ছিল। তাঁকে মন্ত্রী করা হয়নি। বরকতদাকেও নয়। দলেও প্রণবদা চাপে ছিলেন। মন স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত তখন।

একদিন আমাকে বললেন, ‘আমার সঙ্গে রাজীবের আলাদা কথা বলার ব্যবস্থা করে দিতে পারবি?’ রাজীবজিকে অনুরোধ করে রাজি করালাম। সম্ভবত ১৯৮৭। ত্রিপুরায় সেই বৈঠক এলো।

তবু কংগ্রেস ছেড়ে প্রণবদা রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস গড়লেন। রাজ্যে ১৯৮৭-এর বিধানসভা নির্বাচনে কয়েকটি আসনে লড়ে শোচনীয়ভাবে হারল তাঁর দল। তিনি আবার পরে কংগ্রেসে মিশে গিয়েছিলেন। শুধু এটুকুই বলব, ওই সময় দল গড়তে গিয়ে প্রণবদা হয়তো ঠিক করেননি। সেই সাংগঠনিক পরিকাঠামোই তাঁর ছিল না। ওপরতলার নেতা থেকে শিল্পপতি- সবার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। নিচুতলার নয়।

যখন প্রণবদা কংগ্রেসে থেকেও চাপে বা আমি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি, তখনো কোনো দিন তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিন্ন হয়নি। ১৯৮৯-তে লোকসভা নির্বাচনে আমি জিততে পারিনি। দিল্লিতে গিয়ে থাকব কোথায়? প্রণবদার বাড়ি ছিল আমার ঠিকানা।

সেই সময় একবার তাঁর বাড়িতে দেখি, দোতলার ড্রয়িংরুমে এক ভদ্রলোক এসেছেন। মুখটা চেনা লাগছে। কোথাও কোনো ছবিতে যেন দেখেছি। প্রণবদাকে আড়ালে ডেকে বললাম, ‘‘উনি কি ধীরুভাই আম্বানী? যদি তা-ই হন, তাহলে একটু বলুন না, আমাদের ওখানে ‘স্যাপ’ কারখানাটি যাতে খুলে দেন। অনেক লোক বিপন্ন।’’ প্রণবদা হেসে বলেছিলেন, ‘তুই তো সাংঘাতিক!’

প্রণবদা যেখানে যে পদেই থাকুন, মন্ত্রী বা রাষ্ট্রপতি, দিল্লি গেলে তাঁর সঙ্গে দেখা করা ছিল আমার বাঁধা রুটিন। তিনি কলকাতায় এলেও তাই। দিনের কাজ সেরে বেশি রাতে আড্ডা জমত।

কংগ্রেসের সঙ্গে সিপিএমের ঘনিষ্ঠতা নিয়ে তাঁর কাছে নালিশ করেছি অনেকবার। আমাকে মুখে তিনি এক রকম বলতেন। কিন্তু শুনতাম, তিনিও নাকি ভেতরে ভেতরে বিষয়টিকে মদদ দেন। এ নিয়ে কত ঝগড়া-লড়াই যে হয়েছে তাঁর সঙ্গে! আজ সেই স্মৃতিগুলোও মনে পড়ছে।

প্রণবদার আচরণে চোখের জলও ফেলতে হয়েছে আমাকে। ২০০৯-এর দ্বিতীয় ইউপিএ সরকারের শরিক ছিল তৃণমূল। মনমোহন সিংহের প্রধানমন্ত্রিত্বে আমি রেলমন্ত্রী, আমাদের আরো ছয়জন বিভিন্ন রাষ্ট্রমন্ত্রী। প্রণবদা ছিলেন ওই সরকারের অর্থমন্ত্রী। ঘটনাটি তখনকার।

প্রসংগত এটাও বলি, সোনিয়াজি না-চাইলে সে বার কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হতো না। হনুমন্ত রাও এসেছিলেন রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক হয়ে। প্রণবদার ভূমিকা তখনো খুব ইতিবাচক ছিল বলে মনে করি না।

কোনো নতুন প্রকল্পে বা চালু কাজের জন্য টাকা দিতে বরাবর ভীষণ কার্পণ্য করতেন অর্থমন্ত্রী প্রণবদা। সেই সময় একদিন মন্ত্রিসভার বৈঠকে হয়ে গেল চরম অশান্তি।

কলকাতায় মেট্রোর কয়েকটি নতুন প্রকল্প ও সম্প্রসারণের জন্য টাকা চেয়ে ফাইল পাঠিয়েছিলাম। কাজগুলো পরিকল্পনাবহির্ভূত নয়। তবু তিনি টাকা ছাড়বেন না। বৈঠকে আমি বললাম, কেন দেবেন না? উনি হঠাৎ বলে বসলেন, ‘তোর দলে তুই একা কেবিনেটে আছিস। কী ভাবিস নিজেকে? তোর এত বেশি কথা শুনব না। টাকা পাবি না।’

অপমানে চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কেঁদে বৈঠক ছেড়ে বেরিয়ে আসছি, ছুটে এলেন আমার এক সতীর্থ মন্ত্রী শেলজা। আমাকে হাত ধরে বসালেন। শান্ত করার চেষ্টা করলেন। প্রণবদা তখনো নিজের জেদে অটল। পরে অবশ্য মন্ত্রিসভার অনুমোদন আমি আদায় করতে পেরেছিলাম। প্রণবদাকে কাছের মানুষ ভাবতাম বলেই বোধ হয় তাঁর কাছে পাওয়া আঘাত ভুলিনি।

জানি, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে অবসর যাপনের দিনগুলো পর্যন্ত প্রণবদা মানসিকভাবে খুব ভালো ছিলেন না। কংগ্রেসের সঙ্গে, রাজনীতির সঙ্গে এমন দূরত্ব তিনি মানতে পারেননি। যদি তিনি কংগ্রেসে থাকতেন, তাঁর পরামর্শে তাদের হয়তো আজকের অবস্থায় পড়তে হতো না। আসলে প্রণবদার বৈদগ্ধ, অভিজ্ঞতা, কর্মকুশলতা— এসবের তো জুড়ি নেই।

হৃদয়ের উষ্ণতাই বা ভুলি কী করে! তাঁর রাষ্ট্রপতি পদে শপথে আমি যাতে থাকি, তাই বিশেষ বিমান পাঠিয়েছিলেন যাতায়াতের। সংসদের সেন্ট্রাল হলে একদম পেছনে বসেছিলাম। শপথ সেরে আনুষ্ঠানিক শোভাযাত্রা সহকারে বেরোচ্ছিলেন যখন, আবেগে ডেকে ফেললাম, ‘প্রণবদা…!’ মাননীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে হাত বাড়ালেন, ‘কোথায় ছিলি তুই? দেখতেই পেলাম না!’

মন বলছে, আর তো কোনো দিন আপনার সঙ্গে দেখা হবে না, প্রণবদা! অসুস্থ হওয়ার আগের সপ্তাহেও ফোন করেছিলাম। বললেন, ‘ভালো লাগে না রে! কোনো কাজ নেই।’ বলেছিলাম, ‘লিখুন, পড়ুন। আপনি তো লেখাপড়া করতে ভালোবাসেন।’ শুনে হেসেছিলেন শুধু।

সেটাই তাঁর সঙ্গে আমার শেষ কথা। ফোনে শোনা হাসিটুকু থাক স্মৃতি হয়ে।

সূত্র : আনন্দবাজার।

দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না : সেতুমন্ত্রী

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে সকল গণপরিবহনে সরকারি নির্দেশনা মানা হবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক পরিবহন নিয়ম মেনে গাড়ি চালায়। করোনাকালেও অনেকে নিয়ম মেনে চলেছে। কিন্তু কিছু কিছু পরিবহন নিয়ম মানছে না। যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভায় যুক্ত হন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রতিটি বাসে সরকার অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান কার্যকর করতে আমি বিআরটিএ ও মালিক সমিতিকে অনুরোধ করছি।

আগের ভাড়ায় ফেরা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আজ থেকে গণপরিবহন করোনা কালের জন্য সমন্বয় করা ভাড়ার পরিবর্তে আগের ভাড়ায় ফিরেছে। জনস্বার্থে এবং যাত্রীদের স্বার্থে আমি সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন মালিক-শ্রমিকসহ সব স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি। গণপরিবহনে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহনের সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।

তিনি বলেন, যত আসন তত যাত্রী। অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। সাবানের পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। এ ছাড়া ট্রিপের শুরু এবং শেষে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে।

জনস্বার্থে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মানার অনুরোধ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সারা দেশে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আমি জনস্বার্থে এ নিয়ম বা শর্ত মেনে বাস, মিনিবাস চালানোর অনুরোধ করছি। আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন সংশ্লিষ্টদের এ বিষয়ে সক্রিয় থাকার অনুরোধ জানাচ্ছি।

স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের শোকের মাস শেষ হয়েছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে শুরু করার আহবান জানাচ্ছি।

আগামীকাল দলের সম্পাদকমন্ডলীর সভায় কিছু নির্দেশনা আসবে জানিয়ে তিনি বলেন, এ মাসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদ্যুৎ খাতের স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানো প্রয়োজন। একই সাথে আধুনিক প্রযুক্তি সেবার মান বৃদ্ধি করে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করবে।

আজ মঙ্গলবার অনলাইনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির উদ্যোগে যশোরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন প্রথম যশোর শহরে হলো। এতে বিদ্যুতের ব্যবহার গ্রাহকদের নিয়ন্ত্রণে থাকবে। যশোরে ভূগর্ভস্থ তার স্থাপন, স্মার্ট গ্রিড স্থাপন কার্যক্রমের প্রস্তাব দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ ও বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহারের পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, যশোরে গ্রাহক সংখ্যা ৯০,৪৩০ জন। প্রস্তাবিত প্রি-পেইড মিটার ৪৬,৫০৯টি স্থাপনের প্রাথমিক লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রি-পেইড মিটার ব্যবহার করলে বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবে এবং গ্রাহকগণ নিট বিদ্যুৎ বিলের ওপর ১% হারে রিবেট সুবিধা প্রাপ্ত হবেন। নতুন সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা জামানত গ্রহণ করা হবে না। রিচার্জ প্রক্রিয়াও অত্যন্ত সহজ।

সরকারি কর্মচারী হাসপাতালে ক্যানোলা ও মাস্ক দিল বিদ্যুৎ বিভাগ

0

বিদ্যুৎ, বিভাগের সচিব ড. সুলতান আহমেদ জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের নিকট সরকারি কর্মচারী হাসপাতালের জন্য ছয় শতটি N-95 মাক্স ও ১ সেট HFNC (High Flow Nasal Cannula) প্রদান করেছেন।

আজ মঙ্গলবার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যকালে বিদ্যুৎ সচিব বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে ইতোপূর্বে আইইডিসিআর-এর কাছে ২৫,০০০ হাজার কিট এবং ৫০,০০০ হাজার পিপিই হস্তান্তর করা হয়েছে। আজ সরকারি কর্মচারী হাসপাতালের জন্য ৬০০টি N-95 মাক্স ও ক্যানোলা সেট হস্তান্তর করা হলো। বরিশাল বিভাগে ইতোপূর্বে ১৪ সেট HFNC হস্তান্তর করা হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের জন্যও ৫০০টি করে N-95 মাক্স রাখা আছে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ দিয়ে বলেন, ৭২ বেড কভিড সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করার প্রক্রিয়া চলমান। এটি শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, সকলের জন্য উন্মুক্ত। চিকিৎসার মান খুবই উন্নত এবং চিকিৎসা খরচ নেই বলেলেই চলে।

হস্তান্তরকালে, বিদ্যুৎ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‘নার্স পদে ৫০৫৪ জনের নিয়োগে পিএসসি সুপারিশ কেন অবৈধ নয়’

0

সিনিয়র স্টাফ নার্স পদে ৫০৫৪ জনকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুলে রিট আবেদনকারী ৫১ জনকে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পিএসসির চেয়ারম্যানসহ ৫ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত নিয়োগ বঞ্চিত ৫১ জনের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনিক আর হক ও ব্যারিস্টার বিভ‚তি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামসাদ।

রিট আবেদনে বলা হয়, ৪ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তির আলোকে ১৬ হাজারের বেশি আবেদনকারী পরীক্ষায় অংশ নেন। পিএসসি ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হয় ১১ হাজার ৩৫৭ জন।

এরপর সংশ্লিস্টদের সনদ যাচাই শেষে ২০১৮ সালের ১১ জুন একহাজার ১৭ জনের ফল বাতিল করে নোটিশ দেয় পিএসসি। ফলে চূড়ান্তভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয় ১০ হাজার ৩৪০ জন। এরপর এদের সকলের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে এদের মধ্যে মেধা তালিকা অনুসারে ৫ হাজার এক শ জনকে নিয়োগ দিতে পিএসসি ২০১৮ সালের ১৯ আগস্ট সরকারকে সুপারিশ করে। এই সুপারিশ অনুযায়ী সরকার তাদের নিয়োগ দেয়।

আবেদনে আরো বলা হয়, গত মার্চে করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সরকার ৬ হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়। এর আলোকে পিএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে ২০১৭ সালের ১০ আগস্ট জারি করা বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫০৫৪ জনকে নিয়োগের সুপারিশ করে। গত ৩০ এপ্রিল সরকারের কাছে এই সুপারিশ পাঠায় পিএসসি। এরপর সরকার তাদের সকলকে নিয়োগ দেয়। নিয়োগ পাওয়াদের মধ্যে অযোগ্যতার কারণে ৫ জনের আবেদনপত্র ২০১৮ সালের ১১ জুন বাতিল করেছিল পিএসসি। এ অবস্থায় ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নিয়োগ বঞ্চিত একশ ৫৮ জনের মধ্যে মো. জাবরুল ইসলাম, আকলিমা আক্তারসহ ৫১ জন রিট আবেদন করেন।

বিদেশফেরত ৮৩ বাংলাদেশি কারাগারে

0

ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ বাংলাদেশিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।